সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯) ১১৩.৩ ওভারে ২৯১
23 Nov 2025, 02:10 PM
প্রাপ্তির এক টেস্ট
নিজের শততম টেস্ট শতক ও পঞ্চাশে রাঙালেন মুশফিকুর রহিম। ম্যাচে ৮ উইকেট নিলেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানকে (২৪৬) পেছনে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট এখন তার। পাশাপাশি গড়লেন বাঁহাতি স্পিনারদের মধ্যে দ্রুততম ২৫০ উইকেটের কীর্তি।
হাসান মুরাদ দুই ইনিংসেই দেখিয়েছেন নিজের সামর্থ্য। সেঞ্চুরি করেছেন লিটন দাস। দুই ইনিংসেও ফিফটি করেছেন মুমিনুল হক।
২১৭ রানে ম্যাচ জিতেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দল সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে।
23 Nov 2025, 02:04 PM
মুরাদের জোড়া আঘাতে দীর্ঘ অপেক্ষার সমাপ্তি
কার্টিস ক্যাম্ফারের সঙ্গে গ্যাভিন হোয়ের দারুণ জুটিতে দ্বিতীয় সেশনও কাটিয়ে দেওয়ার আশা জাগিয়েছিল আয়ারল্যান্ড। কিন্তু পরপর দুই বলে গ্যাভিন হোয়ে ও ম্যাথু হামফ্রিজকে ফিরিয়ে মিরপুর টেস্টের সমাপ্তি টানলেন হাসান মুরাদ।
পিচ করার পর সোজা যাওয়া ডেলিভারিতে হোয়েকে এলবিডব্লিউ করে ১৯১ বল স্থায়ী ৫৪ রানের জুটি ভাঙেন মুরাদ।
আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন ব্যাটসম্যান। তাতে কাজ হয়নি, বল লাগত লেগ স্টাম্পে।
১০৪ বলে চারটি চারে ৩৭ রান করেন হোয়ে।
পরের বলে হামফ্রিজকে বোল্ড করে দেন মুরাদ। আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৯১ রানে থামিয়ে ২১৭ রানের বড় জয় পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯, আগের দিন ১৭৬/৬) ১১৩.৩ ওভারে ২৯১ (ক্যাম্ফার ৭১*, ম্যাকব্রাইন ২১, নিল ৩০, হোয়ে ৩৭, হামফ্রিজ ০; ইবাদত ১১-৩-২৯-০, তাইজুল ৪০-৭-১০৪-৪, খালেদ ১২-০-৪৫-১, মিরাজ ২৭-১১-৪৯-১, মুরাদ ২২.৩-১১-৪৪-৪, মুমিনুল ১-০-২-০)
23 Nov 2025, 01:47 PM
মিরপুরে সাকিবকে ছাড়িয়ে ক্যাম্ফার
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ বল খেলার কীর্তি গড়েছেন কার্টিস ক্যাম্ফার।
২০০৮ সালে রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে ৯৬ রান করার পথে ২১২ বল খেলেছিলেন বাঁহাতি এই অলরাউন্ডার।
এর পাশপাশি আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ বল রেখার নিজের রেকর্ডও নতুন করে লিখছেন ক্যাম্ফার। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট ১১১ রান করার পথে ২২৯ বল খেলেন তিনি।
১১২ ওভারে আয়ারল্যান্ডের রান ৮ উইকেটে ২৮৯। ২৫৫ বলে ৭০ রানে ব্যাট করছেন ক্যাম্ফার। ১০০ বলে ৩৬ রানে খেলছেন গ্যাভিন হোয়ে।
23 Nov 2025, 01:38 PM
ক্যাম্ফার-হোয়ের জুটিতে পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখেছেন কার্টিস ক্যাম্ফার। আরেক প্রান্তে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন গ্যাভিন হোয়ে। তাদের জুটিতে লড়াই চালিয়ে যাচ্ছে আয়ারল্যান্ড।
ক্যাম্ফার ও হোয়ের জুটিতে পঞ্চাশ এসেছে ১৬৫ বলে।
১০৯ ওভারে আয়ারল্যান্ডের রান ৮ উইকেটে ২৮৮। ২৪৮ বলে ৭০ রানে খেলছেন ক্যাম্ফার। ৮৯ বলে ৩৫ রানে ব্যাট করছেন হোয়ে।
23 Nov 2025, 12:02 PM
প্রলম্বিত প্রথম সেশনে কেবল ২ উইকেট
নাজমুল হোসেন শান্ত আরও চার ওভার চেয়ে নেওয়ায় লাঞ্চ পিছিয়ে দিলেন দুই আম্পায়ার। কিন্তু সেই সময়েও উইকেট নেওয়ার তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারল না বাংলাদেশ।
লাঞ্চে যাওয়ার সময় আয়ারল্যান্ডের রান ৮ উইকেটে ২৬৩। ২০৩ বলে ৬৩ রানে খেলছেন কার্টিস ক্যাম্ফার। ৩৮ বলে ১৮ রানে খেলছেন গ্যাভিন হোয়ে। তাদের জুটিতে ৬৯ বলে এসেছে ২৬ রান।
উইকেটে বেশ সহায়তা আছে বোলারদের জন্য। কিন্তু চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় লড়াই চালিয়ে যাচ্ছেন আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। ম্যাচ বাঁচানোর লড়াই পরের সেশনে নিয়ে গেছেন তারা।
প্রথম সেশনে অ্যান্ডি ম্যাকব্রাইনের প্রতিরোধ ভাঙেন তাইজুল ইসলাম। দ্বিতীয় নতুন বলে জর্ডান নিলকে বোল্ড করে দেন মেহেদী হাসান মিরাজ। এরপর হোয়েকে নিয়ে ফের প্রতিরোধ গড়েছেন ক্যাম্ফার।
23 Nov 2025, 11:14 AM
মিরাজের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড নিল
দ্বিতীয় নতুন বলের দ্বিতীয় ওভারেই মিলল উইকেট। মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন জর্ডান নিল।
স্টাম্পে থাকা ডেলিভারির লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান। ব্যাটের কানা এড়িয়ে বল আঘাত হানে স্টাম্পে! ভাঙে ৮৫ বল স্থায়ী ৪৮ রানের জুটি।
নিল ৪৬ বলে পাঁচ চার ও এক ছক্কায় করেন ৩০ রান।
৮২ ওভারে আয়ারল্যান্ডের রান ৮ উইকেটে ২৩৭।
23 Nov 2025, 11:10 AM
দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ
৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিলেন নাজমুল হোসেন শান্ত। সঙ্গে তাইজুল ইসলামকে আক্রমণে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক।
তৃতীয় বলে ছক্কার চেষ্টায় আকাশে তুলে দিয়েছিলেন জর্ডান নিল। বল পড়ে লং অফ ও লং অনের মাঝে।
৮১ ওভারে আয়ারল্যান্ডের রান ৭ উইকেটে ২৩৭।
23 Nov 2025, 10:59 AM
ছক্কায় ক্যাম্ফারের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে আয়ারল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন কার্টস ক্যাম্ফার। বেরিয়ে এসে মেহেদী হাসান মিরাজকে ছক্কায় ওড়িয়ে তিনি ছুঁয়েছেন পঞ্চাশ, ১৫৭ বলে।
অষ্টম উইকেটে জর্ডান নিলের সঙ্গে প্রতিরোধ গড়েছেন ক্যাম্ফার।
৭৮ ওভারে আয়ারল্যান্ডের রান ৭ উইকেটে ২৩০। ১৬০ বলে ৫১ রানে ব্যাট করছেন ক্যাম্ফার। ৩৭ বলে ২৭ রানে খেলছেন নিল।
23 Nov 2025, 10:44 AM
নিলের ক্যাচ ছাড়লেন লিটন
প্রথম ঘণ্টার পর বোলিংয়ে বদল আনলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সফলও হয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু হাসান মুরাদের বলে ক্যাচ নিতে পারলেন না লিটন দাস।
আগের বল ছক্কায় ওড়ান নিল। পরের বলেও ব্যাট চালিয়ে দিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। লিটনের গ্লাভসে বল ঢুকেও বেরিয়ে যায়! সে সময় ২৩ রানে ছিলেন নিল।
৭৩ ওভারে আয়ারল্যান্ডের রান ৭ উইকেটে ২১৬।
23 Nov 2025, 10:35 AM
প্রথম ঘণ্টায় ম্যাকব্রাইনের উইকেট
পঞ্চম দিন সকালে প্রতিরোধ গড়েছে আয়ারল্যান্ড। ১৮ ওভারে ৩৩ রান করা সফরকারীরা হারিয়েছে কেবল অ্যান্ডি ম্যাকব্রাইনের উইকেট।
একমাত্র উইকেটটি নিয়েছেন তাইজুল ইসলাম।
প্রথম ঘণ্টায় টানা বোলিং করেছেন তাইজুল ও মেহেদী হাসান মিরাজ। এদিন উইকেটে স্পিনারদের জন্য সহায়তা আরও বেড়েছে।
পানি বিরতির সময় আয়ারল্যান্ডের রান ৭ উইকেটে ২০৯। আরও ৩০০ রান চাই তাদের। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে আরও ৫ ঘণ্টা।
১৪৪ বলে ৪০ রানে ব্যাট করছেন কার্টিস ক্যাম্ফার। ১৭ বলে জর্ডান নিল খেলছেন ১৭ রানে।
23 Nov 2025, 10:22 AM
ম্যাকব্রাইনের প্রতিরোধ ভেঙে তাইজুলের আড়াইশ
তাইজুল ইসলামের দ্রুত গতির ডেলিভারি ব্যাটে খেলতে পারলেন না অ্যান্ডি ম্যাকব্রাইন। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে আড়াইশ উইকেটের সীমানা স্পর্শ করলেন তাইজুল।
বাঁহাতি স্পিনারের বলে ফ্লিক করেন ম্যাকব্রাইন। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন তিনি।
ইম্প্যাক্ট ছিল আম্পায়ার্স কল। তাই টিকে যায় রিভিউ। তবে আম্পায়ার আউট দেওয়ায় ফিরে যান ম্যাকব্রাইন। ভাঙে ১০৫ বল স্থায়ী ২৬ রানের জুটি।
৫৩ বলে তিন চারে ২১ রান করেন ম্যাকব্রাইন।
৬৮ ওভারে আয়ারল্যান্ডের রান ৭ উইকেটে ১৯৪। ক্রিজে কার্টিস ক্যাম্ফারের সঙ্গী জর্ডান নিল।
23 Nov 2025, 10:11 AM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
প্রথম আধ ঘণ্টা নিরাপদে কাটিয়ে দিয়েছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যান্ডি ম্যাকব্রাইন ও কার্টিস ক্যাম্ফার। অনেকটা মরিয়া হয়েই জুটি ভাঙার চেষ্টায় রিভিউ নিয়ে ব্যর্থ হলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পঞ্চম দিনে টার্ন আরও বেড়েছে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ বেশ ভোগাচ্ছেন ব্যাটসম্যানদের। তবে কোনো না কোনোভাবে বেঁচে যাচ্ছেন ব্যাটসম্যানরা।
৬৬তম ওভারে তাইজুলের বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে কাজ হয়নি। ব্যাটে খেলতে পারেননি ম্যাকব্রাইন। বিশাল টার্নের জন্য এলবিডব্লিউ হননি তিনি।
ওভারের শেষ বলে একটুর জন্য লেগ স্লিপে ধরা পড়েননি ম্যাকব্রাইন।
৬৬ ওভারে আয়ারল্যান্ডের রান ৬ উইকেটে ১৮৯।
23 Nov 2025, 09:07 AM
দ্রুত ম্যাচ শেষ করার লক্ষ্যে নামছে বাংলাদেশ
২-০ ব্যবধানে সিরিজ জয়ের বেশ কাছে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে বাকি চার উইকেট নিয়ে আনুষ্ঠানিকতা দ্রুতই শেষ করতে চায় নাজমুল হোসেন শান্তর দল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে দিন শুরু করবে আয়ারল্যান্ড। তাদের প্রয়োজন আরও ৩৩৩ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে পুরো একটি দিন। উইকেট থেকে যেমন সহায়তা মিলছে দুটিই প্রায় অসম্ভব।
৯৩ বলে ৩৪ রানে খেলছেন কার্টিস ক্যাম্ফার। ১৩ বলে দুই চারে ১১ রানে ব্যাট করছেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
নিজের শততম টেস্টে সেঞ্চুরির পর ফিফটি করেছেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসানকে ছাড়িয়ে এককভাবে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে তিনি নিয়েছেন ৩ উইকেট। আর একটি উইকেট হলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে আড়াইশ উইকেট নেবেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ৫০৯) ৫৪ ওভারে ১৭৬/৬ (বালবার্নি ১৩, স্টার্লিং ৯, কারমাইকেল ১৯, টেক্টর ৫০, ক্যাম্ফার ৩৪*, টাকার ৭, ডোহেনি ১৫, ম্যাকব্রাইন ১১*; ইবাদত ৭-১-২৪-০, তাইজুল ২০-২-৫৫-৩, খালেদ ৭-০-২৪-১, মিরাজ ৮-৩-২১-০, মুরাদ ১২-৪-৩৫-২)
