২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রত‍্যাশিত জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

হংকংয়ের বিপক্ষে সহজে জিতলেও রান রেট খুব একটা বাড়িয়ে নিতে পারেনি লিটন দাসের দল।

12 Sep 2025, 12:14 AM

৭ উইকেটের জয়

দলকে জয়ের দুয়ারে নিয়ে ফেরেন লিটন দাস। তবে জাকের আলিকে নিয়ে সেই ওভারে বাকিটা সারেন তাওহিদ হৃদয়।

প্রত‍্যাশিত বড় জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে রান রেট বাড়িয়ে নিতে পারেনি লিটনের দল।

হংকংয়ের ১৪৩ রান তাড়া পেরিয়ে গেছে ১৪ বল বাকি থাকতে। এশিয়া কাপে নিজেদের প্রথম ম‍্যাচে পেয়েছে ৭ উইকেটের জয়। আবু ধাবিতে টি-টোয়েন্টিতে এটাই তাদের প্রথম জয়।

আতিক ইকবালের বলে বোল্ড হয়ে থামেন লিটন। ভাঙে ৭০ বল স্থায়ী ৯৫ রানের জুটি। ৩৯ বলে এক ছক্কা ও ছয় চারে ৫৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

তার বিদায়ের তিন বলের মধ‍্যে দলকে জয়ের বন্দরে নিয়ে যান হৃদয়। ৩৬ বলে এক চারে তিনি অপরাজিত থাকেন ৩৫ রানে।

এই জয়ে দুই নম্বরে উঠে এসেছে বাংলাদেশ (১.০০১)। নেট রান রেটে বেশ এগিয়ে শীর্ষে আফগানিস্তান (৪.৭০০)।  

সংক্ষিপ্ত স্কোর:

হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (জিশান ৩০, আনশুমান ৪, বাবর ১৪, নিজাকাত ৪২, মুর্তাজা ২৮, আইজাজ ৫, কিঞ্চিত ০, কালহান ৪*, এহসান ২*; মেহেদি ৪-০-২৮-০, তাসকিন ৪-০-৩৮-২, তানজিম ৪-১-২১-২, মুস্তাফিজ ৪-০-২২-০, রিশাদ ৪-০-৩১-২)

বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১৪৪/৩ (পারভেজ ১৯, তানজিদ ১৪, লিটন ৫৯, হৃদয় ৩৫* জাকের ০*; আয়ুশ ৩-০-৩২-১, আতিক ৩.৪-০-১৪-২, এহসান ৩-০-২৮-০, মুর্তাজা ৪-০-৩৯-০, আইজাজ ৩-০-১৪-০, কিঞ্চিত ১-০-১১-০)

12 Sep 2025, 12:00 AM

লিটনের পঞ্চাশ

সাবধানী শুরুর পর নিজের শট খেলতে শুরু করেছেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক পঞ্চাশ ছুঁয়েছেন ৩৩ বলে।

ইয়াসিম মুর্তাজাকে ছক্কায় ওড়ানোর পর ডাবলস নিয়ে পঞ্চাশে যান লিটন, ক‍্যারিয়ারের পঞ্চদশ ও শেষ চার ম‍্যাচে তৃতীয়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ এখন তারই।

পরের বলে ডাবল নিয়ে মারেন আরেকটি বাউন্ডারি।

১৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৩৮। ৩৬ বলে ৫৭ রানে খেলছেন লিটন। ৩০ বলে হৃদয়ের রান ৩২।

11 Sep 2025, 11:50 PM

৪৭ বলে লিটন-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

দীর্ঘ সময় ধরে কোনো বাউন্ডারি আসছিল না, কিঞ্চিত শাহর বলে চার মেরে খরা কাটালেন লিটন দাস। সেই ওভারেই তাওহিদ হৃদয়ের ডাবলসে জুটির রান স্পর্শ করল পঞ্চাশ, ৪৭ বলে।

মূলত এক-দুই নিয়ে খেলছেন দুই ব‍্যাটসম‍্যান। কোনো ঝুঁকি নিচ্ছেন না তারা। এই মূহূর্তে নেট রান রেটের ভাবনা নেই তাদের।

১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০০। ২৪ বলে এক চারে হৃদয়ের রান ২৫। সমান বলে দুই চারে লিটনের রান ২৬। জয়ের জন‍্য শেষ ৭ ওভারে ৪৪ রান চাই বাংলাদেশের।

11 Sep 2025, 11:28 PM

মাঝপথে বাংলাদেশ ৭৪/২

দ্রুত রান তুলতে পারছেন না লিটন দাস ও তাওহিদ হৃদয়। দুই জনেরই স্ট্রাইক রেট একশর নিচে।

১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭৪। শেষ ১০ ওভারে ৭০ রান চাই তাদের।

দুই ব‍্যাটসম‍্যানেরই রান ১৪, খেলেছেন ১৫ বল, মেরেছেন একটি করে চার।

11 Sep 2025, 11:11 PM

টিকলেন না তানজিদ

পাওয়ার প্লের ভেতরে টানা তৃতীয় ওভার করা আতিক ইকবাল পেলেন সাফল‍্য। তাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক‍্যাচ দিয়ে ফিরলেন তানজিদ হাসান।

বলে পেস একেবারেই দিচ্ছেন না আতিক। একের পর এক মন্থর গতির ডেলিভারিতে দিয়ে যাচ্ছেন তিনি। তেমন এক ডেলিভারিতে বোলারের মাথার উপর দিয়ে খেলার চেষ্টায় বল আকাশে তুলে দিলেন তানজিদ। কাঁধের উপর আসা ক‍্যাচ নিলেন নিজাকাত খান।

১৮ কলে এক চারে ১৪ রান করেন তানজিদ।

ক্রিজে গিয়ে এক বল পরেই বাউন্ডারি মেরে শুরু করেছেন তাওহিদ হৃদয়।

৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫১।

11 Sep 2025, 10:58 PM

শুরুতেই ফিরলেন পারভেজ

বেশিক্ষণ টিকল না বাংলাদেশের উদ্বোধনী জুটি। ঝড়ের আভাস দিলেও তৃতীয় ওভারে ফিরলেন পারভেজ হোসেন।

আয়ুশ শুক্লার অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারি গায়ের জোরে খেলার চেষ্টায় খুব একটা সফল হননি পারভেজ। স্লোয়ারে আগেভাগেই শট খেলে ফেলায় ছুটে যায় এক হাত, বল উঠে যায় অনেক উপরে। ডিপ মিডউইকেট ফিল্ডারের জায়গা থেকে একটুও নড়তে হয়নি। ভাঙে ২৪ রানের উদ্বোধনী জুটি।

১৪ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করেন পারভেজ।

৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৪। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী লিটন দাস।

11 Sep 2025, 10:26 PM

১৪৩ রানে থামল হংকং

আফগানিস্তানের বিপক্ষে ৯৪ রানে গুটিয়ে যাওয়া হংকং ব‍্যাটিংয়ে অনেক উন্নতি করে ৭ উইকেটে থেমেছে ১৪৩ রানে।

সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান। ওপেনার জিশান আলি করেছেন ৩০ রান। ১৯ বলে ২৮ রানের ক‍্যামিও ইনিংস খেলেছেন অধিনায়ক ইয়াসিম মুর্তাজা।

দুটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। ভালো বোলিং করলেও উইকেট পাননি মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (জিশান ৩০, আনশুমান ৪, বাবর ১৪, নিজাকাত ৪২, মুর্তাজা ২৮, আইজাজ ৫, কিঞ্চিত ০, কালহান ৪, এহসান ২; মেহেদি ৪-০-২৮-০, তাসকিন ৪-০-৩৮-২, তানজিম ৪-১-২১-২, মুস্তাফিজ ৪-০-২২-০, রিশাদ ৪-০-৩১-২)

11 Sep 2025, 10:21 PM

এজাজকে ফেরালেন তাসকিন

ইনিংসের শেষ ওভার করতে এসে আরেকটি উইকেট পেলেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ পেসারের বলে বড় শটের চেষ্টায় জাকির আলির হাতে ধরা পড়লেন আইজাজ খান।

৬ বলে আইজাজ করেন ৫ রান।

১৯.২ ওভারে হংকংয়ের রান ৭ উইকেটে ১৩৬।

11 Sep 2025, 10:21 PM

রিশাদের জোড়া আঘাত

নিজের শেষ ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিলেন রিশাদ হোসেন। নিজাকাত খানের পর কিঞ্চিত শাহর উইকেট পেলেন এই লেগ স্পিনার।

বড় শটের চেষ্টায় তানজিদ হাসানের হাতে ধরা পড়ে শেষ হয় নিজাকাতের লড়াই। ৪০ বলে এক ছক্কা ও দুই চারে ৪২ রান করেন নিজাকাত।

পরের বলে স্লগ করার চেষ্টায় এলবিডব্লিউ হয়ে যান কিঞ্চিত। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি।

১৯ ওভারে হংকংয়ের রান ৬ উইকেটে ১৩৪। ক্রিজে আইজাজ খানের সঙ্গী এহসান খান।

11 Sep 2025, 10:05 PM

মুর্তাজার রান আউটে ভাঙল জুটি

ফিল্ডারের হাতে বল রেখে রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে গেলেন ইয়াসিম মুর্তাজা। ভাঙল ৩৪ বল স্থায়ী ৪৬ রানের জুটি।

মুস্তাফিজুর রহমানের বল বল এক্সট্রা-কাভারে খেলেন নিজাকাত খান। সরাসরি রিশাদ হোসেনের হাতে যাওয়ায় রানের কোনো সুযোগ ছিল না। তবুও ছুটেন মুর্তাজা।

রিশাদের থ্রো ধরে অনায়াসে বেলস ফেলে দেন বোলার মুস্তাফিজ। ১৯ বলে দুটি করে ছক্কা ও চারে ২৮ রান করেন মুর্তাজা।

১৮ ওভারে হংকংয়ের রান ৪ উইকেটে ১২৫।

11 Sep 2025, 09:43 PM

মুর্তাজার ক‍্যাচ ছাড়লেন রিশাদ

আক্রমণে ফিরে উইকেট পেতে পারতেন রিশাদ হোসেন। কিন্তু ইয়াসিম মুর্তাজার গতিময় ফিরতি ক‍্যাচ নিতে পারেননি এই লেগ স্পিনার।

আগের বলে বোলারের মাথার উপর দিয়ে বাউন্ডারি মারেন হংকং অধিনায়ক। পরের বলে একই চেষ্টায় দেন ক‍্যাচ। লাফিয়ে হাত ছোঁয়ালেও বল মুঠোয় নিতে পারেননি রিশাদ। বেঁচে যান মুর্তাজা।

সে সময় ৪ রানে ছিলেন হংকং অধিনায়ক।

১৩ ওভারে হংকংয়ের রান ৩ উইকেটে ৭৮।

11 Sep 2025, 09:37 PM

জিশানকে ফিরিয়ে জুটি ভাঙলেন তানজিম

আক্রমণে ফিরেই সাফল‍্য পেলেন তানজিম হাসান। জিশান আলিকে ফিরিয়ে জুটি ভাঙলেন তরুণ এই অলরাউন্ডার।

গতিময় পেসারের বল তুলে মারতে চেয়েছিলেন জিশান। বাড়তি বাউন্স করা ডেলিভারিতে টাইমিং করতে পারেননি হংকং ওপেনার। মিড উইকেট থেকে দৌড়ে কাঁধের উপর দিয়ে যাওয়া ক‍্যাচ নেন মুস্তাফিজুর রহমান। ভাঙে ৪১ বল স্থায়ী ৪১ রানের জুটি।

৩৪ বলে এক ছক্কা ও তিন চারে ৩০ রান করেন জিশান।

১২ ওভারে হংকংয়ের রান ৩ উইকেটে ৭১। ক্রিজে নিজাকাত খানের সঙ্গী ইয়াসিম মুর্তাজা।

11 Sep 2025, 09:26 PM

মাঝপথে হংকং ৬৪/২

আঁটসাঁট বোলিং করলেও উইকেট নিতে পারছে না বাংলাদেশ। খুব বেশি রান না হংকং বেশি উইকেটও হারায়নি। শেষের ঝড় তোলার মতো ব‍্যাটসম‍্যান তাদের রয়েছে।

১০ ওভারে হংকংয়ের রান ২ উইকেটে ৬৪। ১৬ বলে ১২ রানে খেলছেন নিজাকাত খান। ২৮ বলে ওপেনার জিশান আলির রান ২৪। তার ব‍্যাট থেকে এসেছে একটি ছক্কা ও দুটি চার।

তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন একটু খরুচে বোলিং করেছেন। মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদি হাসান ও তানজিদ হাসান ব‍্যাটসম‍্যানদের খুব বেশি রানের সুযোগ দেননি।

11 Sep 2025, 09:08 PM

পাওয়ার প্লেতে ২ উইকেট

একটু খরুচে বোলিং করলেন তাসকিন আহমেদ, তবে অন‍্যদের আঁটসাঁট বোলিংয়ে পাওয়ার প্লেতে খুব বেশি রান করতে পারল না হংকং।

৬ ওভারে হংকংয়ের রান ২ উইকেটে ৩৪। ১৬ বলে ৫ রানে খেলছেন জিশান আলি। ৪ বলে ৪ রানে খেলছেন নিজাকাত খান।

একটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও তানজিম হাসান।

একবার আম্পায়ার্স কলে বাঁচার পর আরেকবার তাওহিদ হৃদয় থ্রো স্টাম্পে রাখতে না পারায় টিকে গেছেন জিশান।

11 Sep 2025, 09:03 PM

তানজিমের দারুণ ডেলিভারিতে বোল্ড বাবর

আগের বলে মিড অনের উপর দিয়ে ছক্কা মারলেন বাবর হায়াত। পরের বলে তাকে বোল্ড করে দিলেন তানজিম হাসান।

মিডল স্টাম্পে থাকা গতিময় ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন বাবর। সুইং করে অফ স্টাম্পে যাওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি। এলোমেলো হয়ে যায় স্টাম্প।

১২ বলে এক ছক্কায় ১৪ রান করেন বাবর।

৫ ওভারে হংকংয়ের রান ২ উইকেটে ৩১। ক্রিজে জিশান আলির সঙ্গী নিজাকাত খান।

11 Sep 2025, 08:55 PM

জিশানকে ফেরানোর সুযোগ হাতছাড়া

তাওহিদ হৃদয়ের ব‍্যর্থতায় বেঁচে গেলেন জিশান আলি। মিড অন থেকে আন্ডার আর্ম থ্রো ফিল্ডার স্টাম্পে রাখতে পারলেই রান আউট হয়ে যেতেন হংকং ওপেনার।

তানজিম হাসানের বল মিড অনের দিকে খেলেন বাবর হায়াত। রানের কোনো সুযোগ না থাকলেও অহেতুক এগিয়ে গিয়ে বিপদে পড়তে বসেছিলেন জিশান। তার ভাগ‍্য ভালো অনেক সময় পেলেও থ্রো স্টাম্পে রাখতে পারেননি তাওহিদ।

সে সময় ১ রানে ছিলেন জিশান।

৩ ওভারে হংকংয়ের রান ১ উইকেটে ১৬।

11 Sep 2025, 08:50 PM

প্রথম সাফল্য তাসকিনের বোলিংয়ে

ওভারের শুরুটা ভালো হয়নি তাসকিনের। প্রথম ডেলিভারিটিই করেন ফ্রন্ট ফুট 'নো।' ফ্রী হিটে হজম তাকে চার মারেন আনশুমান রাথ। প্রতিশোধ নিতে দেরি করেননি তাসকিন। এক বল পরই দলকে প্রথম সাফল্য এনে দেন অভিজ্ঞ পেসার। রিভিউ নিয়ে আনশুমানকে ফেরায় বাংলাদেশ।

হালকা সুইং করে বেরিয়ে যাওয়া বলে ব্যাট চালান আনশুমান। কিন্তু ব্যাটে খেলতে পারেননি তিনি। বল কিপারের গ্লাভসে জমা পড়লে আবেদন করেন বাংলাদেশের ফিল্ডাররা। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন লিটন কুমার দাস।

এবার রিভিউয়ে সফল হন তারা। রিপ্লেতে দেখা যায়, বল হালকা ছুঁয়ে গেছে আনশুমানের ব্যাট। সিদ্ধান্ত পাল্টান আম্পায়ার। আনশুমান ৫ বলে করেন ৪ রান। 

ওভারটি অবশ্য খরুচে করেন তাসকিন। দুই চারে ১১ রান দেন তিনি।

11 Sep 2025, 08:43 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন জিশান

ম্যাচের তৃতীয় বলেই রিভিউ নিল বাংলাদেশ। কিন্তু অল্পের জন্য সফল হলো না তারা। আম্পায়ার্স কলে বেঁচে গেলেন জিশান আলি।

শেখ মেহেদি হাসানের বলটি রিভার্স সুইপ করতে যান জিশান। কিন্তু ব্যাটে খেলতে পারেননি। বল ছোবল দেয় প্যাডে।

সঙ্গে সঙ্গে জোরাল আবেদন করে বাংলাদেশ। তাতে সাড়া দেননি আম্পায়ার। বোলারের সঙ্গে কিছুক্ষণ আলোচনার পর রিভিউ নেন লিটন কুমার দাস।

রিপ্লেতে দেখে যায়, বল ছোবল দিত স্টাম্পে। তবে ইমপ্যাক্ট আম্পায়ার্স কল হওয়ায় বহাল থাকে আম্পায়ারের পূর্বের সিদ্ধান্তই। তখন ১ রানে খেলছিলেন জিসান।

11 Sep 2025, 08:34 PM

অপরিবর্তিত হংকং

আফগানিস্তানের বিপক্ষে খেলা ক্রিকেটারদের ওপরই আস্থা রেখেছে হংকং। ওই ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে তারা।

আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানদের কাছে ৯৪ রানে হারে হংকং। ১৮৯ রানের লক্ষ্য তাড়ায় ৯৪ রানে থামে দলটির ইনিংস।

হংকং একাদশ: জিশান আলি, আনশুমান রাথ, বাবর হায়াত, নিজাকাত খান, কালহান চাল্লু, কিঞ্চিত শাহ, ইয়াসিম মুর্তাজা (অধিনায়ক), আইজাজ খান, এহসান খান, আয়ুশ শুক্লা, আতিক ইকবাল।

11 Sep 2025, 08:18 PM

পাঁচ পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ

ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজের শেষ ম্যাচে নিয়মিতদের অনেককে বসিয়ে অন্যদের সুযোগ দিয়েছিল বাংলাদেশ। জয়ে শুরু করার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে নিয়মিতদের ফিরিয়ে একাদশ সাজিয়েছে তারা।

সবশেষ ম্যাচে না খেলা টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদন, পারভেজ হোসেন, স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ফিরেছেন একাদশে।

তাদের জায়গা দিতে বাদ পড়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

11 Sep 2025, 08:07 PM

পিচের আচরণ বুঝতে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টুর্নামেন্টে প্রথম ম্যাচ। তাই পিচ কেমন আচরণ করে সেটি আগে বুঝার জন্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস।

হংকংয়ের অধিনায়ক ইয়াসিম মুর্তাজা অবশ্য আগে ব্যাটিংই করতে চেয়েছিলেন। তাই টস হারলেও লিটনের সিদ্ধান্তে তার চাওয়া পূরণ হলো। এই মাঠেই আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল তারা।

11 Sep 2025, 07:36 PM

জয়ে শুরুর লক্ষ্যে নামছে বাংলাদেশ

টানা তিনটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের লড়াইয়ের শুরুতে লিটন দাসদের প্রতিপক্ষ হংকং। 

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

হংকংয়ের বিপক্ষে হারের তেতো স্মৃতিও আছে বাংলাদেশের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের মাটিতে মাত্র ১০৮ রানে গুটিয়ে গিয়ে ২ উইকেটে হেরেছিল মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন দল। 

সেই বাংলাদেশ দলের কেউই নেই বর্তমান দলে। তবে হংকং দলে আছেন দুই জন বাবর হায়াত ও নিজাকাত খান। 

চলতি আসরে শুরুটা ভালো হয়নি হংকংয়ের। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৯৪ রানে গুটিয়ে গিয়ে দলটি হেরেছে ৯৪ রানে। 

তিন টেস্ট খেলুড়ে দেশের উপস্থিতিতে ‘বি’ গ্রুপে গুরুত্বপূর্ণ হতে পারে রান রেট। জয়ের পাশাপাশি রানে রেটেও হয়তো নজর রাখবেন তানজিদ হাসান-পারভেজ হোসেনরা।