২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালানের দারুণ সেঞ্চুরিতে বাংলাদেশকে হারাল ইংল্যান্ড

01 Mar 2023, 12:09 PM

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ৪৮.৪ ওভারে ২১২/৭ (বাংলাদেশ ২০৯)

01 Mar 2023, 11:27 AM

তিন বিভাগেই আগ্রাসনের বার্তা

আগ্রাসী ক্রিকেট-ই এখন ইংলিশদের শেষ কথা। তিন সংস্করণেই আগ্রাসনের পথ ধরে ছুটে চলছে তারা। ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একই ঘরানার ক্রিকেট খেলার বার্তা দিলেন বাংলাদেশ দলের নবনিযুক্ত কোচ চান্দিকা হাথুরুসিংহে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১২ শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

ইংলিশদের বিপক্ষে তিন বিভাগেই যে আগ্রাসী ক্রিকেট খেলবে বাংলাদেশ, শুরু সংবাদ সম্মেলনেই বলেননি হাথুরুসিংহে। দলের অনুশীলনেও ছিল এর ছাপ। নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচসহ, ম্যাচের আবহে ব্যাটিং-বোলিং অনুশীলনে আক্রমণাত্মক মানসিকতায়ই নিজেদের ঝালিয়ে নিতে দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটার।

২০১৯ বিশ্বকাপের পর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সবশেষ খেলেছিল তারা ২০১৬ সালে। ওই সিরিজে একটি ম্যাচ জিতেছিল স্বাগতিকরা।

ওয়ানডেতে সমীহ করার মতো দল বাংলাদেশ গত বেশ কয়েক বছর ধরেই। আর নিজ আঙিনায় তো তারা আছে দুর্দান্ত ছন্দে। সবশেষ দশ ম্যাচে তারা জিতেছে ৭টিতে, পরাজয় ৩টি।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ঘরের মাঠে ৭টি দ্বিপাক্ষিক সিরিজের সবকয়টিই জিতেছে বাংলাদেশ। ২০১৪ সালের জুনের পর নিজ দেশে ওই একটি সিরিজই হেরেছে তারা।

01 Mar 2023, 11:27 AM

বাংলাদেশের চূড়ান্ত পরীক্ষা

গত ৯ বছরে ঘরের মাঠে কাকে হারায়নি বাংলাদেশ? তিন সংস্করণের কথা বিবেচনায় নিলে কেবল একটি দলই এখানে হারেনি কোনো সিরিজ। সেই ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের শক্তির পরীক্ষায় নামছে তামিম ইকবালের দল।

কেবল ওয়ানডের কথা বিবেচনায় নিলে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তো খেলার সুযোগই মেলে না। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে হেরেছিল বাংলাদেশ। দেশের মাটিতেও আলো ঝলমলে পরিসংখ্যানে আঁধার হয়ে আছে সেই হার।

২০১৪ সালের জুন থেকে ঘরের মাঠে হার কেবল ওই একটি সিরিজেই। সব মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের রেকর্ড উজ্জ্বল করার পাশাপাশি শক্তি-সামর্থ্যের চূড়ান্ত একটা পরীক্ষাও তামিম-সাকিবদের সামনে।

01 Mar 2023, 11:40 AM

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ইংলিশ অধিনায়ক জস বাটলার বললেন, টস জিতলে তারাও নিতেন ব্যাটিং।

01 Mar 2023, 11:42 AM

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সবশেষ খেলা ওয়ানডের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।

অনুমিতভাবেই ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। তার সঙ্গে একাদশে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

বাদ পড়েছেন এনামুল হক, ইয়াসির আলি চৌধুরি ও ইবাদত হোসেন।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম।

01 Mar 2023, 11:49 AM

ইংল্যান্ড একাদশে ৪ পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে জায়গা হয়নি অলরাউন্ডার স্যাম কারানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে থেকে নেই হ্যারি ব্রুক, বেন ডাকেট, রিস টপলি। ব্রুক ও ডাকেট মঙ্গলবার শেষ হওয়া টেস্ট সিরিজে খেলার কারণে বাংলাদেশ সফরের দলে নেই।

দলে ফিরেছেন ফিল সল্ট, জেমস ভিন্স ও মার্ক উড। অভিষেক হচ্ছে উইল জ্যাকসের।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, দাভিদ মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফ্রা আর্চার, মার্ক উড।

01 Mar 2023, 12:09 PM

বেঁচে গেলেন তামিম

প্রথম ওভারেই উইকেট হারাতে পারত বাংলাদেশ। ক্যাচ দিয়ে অল্পের জন্য বেঁচে গেলেন দলে ফেরা অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচের পঞ্চম বলটি ড্রাইভ করেন তামিম। খেলতে পারেননি ঠিকঠাক। বল সোজা যায় বোলার ক্রিস ওকসের দিকে। একটু নিচু হয়ে বল মুঠোয় জমানোর চেষ্টা করেন ওকস। কিন্তু নিতে পারেননি ক্যাচ।

২ রানে তখন খেলছিলেন তামিম।

১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩।

01 Mar 2023, 12:32 PM

লিটনকে হারাল বাংলাদেশ

আগের বলেই ক্রিস ওকসকে পুল করে স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে ফেলেন লিটন দাস। দারুণ কিছুর আভাস দেওয়া ওপেনারকে পরের বলেই ফিরিয়ে দেন ইংলিশ পেসার।

ওকসের লেংথ বলটি ডিফেন্স করতে চেয়েছিলেন লিটন। কিন্তু ব্যাটে খেলতে পারেননি তিনি। হালকা সুইং করে বল আঘাত হাতে তার পেছনের পায়ে। ইংল্যান্ডের আবেদনে সঙ্গে সঙ্গে আঙুল তুলে দেন আম্পায়ার।

রিভিউ নিয়েও বাঁচতে পারেননি লিটন। ১ ছক্কায় ১৫ বলে ৭ রান করে ফেরেন তিনি। ভাঙে ৩৩ রানের উদ্বোধনী জুটি।

৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৩। তামিম ইকবালের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান দলে ফেরা নাজমুল হোসেন শান্ত।

01 Mar 2023, 12:45 PM

শান্তর ক্যাচ ফেললেন রয়

ওভারের প্রথম বলে থার্ডম্যান দিয়ে জফ্রা আর্চারকে চার মার নাজমুল হোসেন শান্ত ফিরতে পারতেন শেষ বলে। জেসন রয় ক্যাচ লুফে নিতে না পারায় বেঁচে গেলেন তিনি।

আর্চারের অফ স্টাম্পের বাইরের শর্ট বল জোরের ওপর খেলেন শান্ত। ডানদিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ ধরার চেষ্টা করেন রয়। কিন্তু পয়েন্টে মুঠোয় জমাতে পারেননি তিনি।

01 Mar 2023, 12:58 PM

তামিমের স্টাম্প ভাঙলেন উড

ভালো শুরু কাজে লাগাতে পারলেন না তামিম ইকবাল। মার্ক উডের গতিতে পরাস্ত হয়ে স্টাম্প হারালেন বাংলাদেশ অধিনায়ক।

পাওয়ার প্লের শেষ ওভার আক্রমণে এসেই ইংল্যান্ডকে সাফল্য এনে দিলেন উড। এই পেসারের ১৪৭ কিলোমিটার গতির তৃতীয় বলটি হুট করে লাফিয়ে ভেতরে ঢোকে। তামিম যেন বুঝতেই পারলেন না বল।

তার কনুইয়ে লেগে আঘাত হানে স্টাম্পে। চারটি চারে ৩২ বলে ২৩ রান করে ফেরেন অভিজ্ঞ বাঁহাতি ওপেনার।

আরেক ওপেনার লিটন দাসকে আগেই হারায় বাংলাদেশ। ক্রিস ওকসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি।

পাওয়ার প্লেতে দুই উইকেট হারালেও ভালোই রান করেছে স্বাগতিকরা। প্রথম ১০ ওভার শেষে তাদের রান ৫৪।

উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম।

01 Mar 2023, 01:31 PM

সল্টের ব্যর্থতায় বাঁচলেন মুশফিক

সহজ ক্যাচ ছিল বাউন্ডারিতে। কিন্তু ফিল সল্ট তালগোল পাকিয়ে ফেললেন। তাতে জীবন পেলেন মুশফিকুর রহিম।

মইন আলিকে উড়িয়ে মারেন মুশফিক। মিডউইকেটে সল্টের হাতে যায় বল। বল মুঠোতেও নেন ফিল্ডার। কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। বাউন্ডারির বাইরে পা দেওয়ার আগে বল উপরে ছুঁড়ে মারার চেষ্টা করেও পারেননি সল্ট। যখন পা বাউন্ডারির বাইরে মাটি স্পর্শ করে, তখন বল তার হাতেই ছিল। উল্টো হয় ছক্কা!

৮ রানে তখন খেলেছিলেন মুশফিক।

01 Mar 2023, 01:48 PM

একটুর জন্য বাঁচলেন শান্ত

আদিল রশিদের ফুল টস বল লেগ সাইডে খেলে নাজমুল হোসেন শান্ত। ব্যাট-বলে ঠিকমতো হয়নি। বল উড়ে যায় মিডউইকেটে জেসন রয়ের কাছে। শুরুতে দেখে মনে হচ্ছিল ক্যাচ।

সফট সিগন্যাল আউট দিয়ে থার্ড আম্পায়ারের কাছে পাঠান মাঠের আম্পায়ার। কিন্তু রিপ্লেতে দেখা রয় ক্যাচ নেওয়ার আগে মাটিতে স্পর্শ করে বল। সাজঘরের দিকে হাঁটা ধরা শান্ত ফিরে আসেন ক্রিজে।

তখন ৩৪ রানে খেলছিলেন তিনি।

১৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৩।

01 Mar 2023, 01:48 PM

থিতু হয়ে ফিরলেন মুশফিক

৮ রানে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারলেন না মুশফিকুর রহিম। ছক্কার চেষ্টায় বিদায় নিলেন ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে।

আদিল রশিদকে হাঁটু গেড়ে বসে স্লগ করেন মুশফিক। বল উড়ে যায় মার্ক উডের কাছে, তেমন একটা নড়তেও হয়নি ফিল্ডারকে।

১ ছক্কায় ৩৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন মুশফিক। ভাঙে তার সঙ্গে নাজমুল হোসেন শান্ত ৪৪ রানের জুটি।

৩৭ রানে খেলছেন শান্ত। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।

২০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৫

01 Mar 2023, 01:54 PM

মইনকে সুইপ করে বোল্ড সাকিব

দুই ওভার আগেই মুশফিকুর রহিমকে হারানো বাংলাদেশ খেল আরেকটি বড় ধাক্কা। দলকে বিপদে ফেলে বিদায় নিলেন আরেক ভরসা সাকিব আল হাসান।

লেগ ও মিড স্টাম্পের ওপর করা মইন আলির বল জায়গা বানিয়ে সুইপ করেন সাকিব। কিন্তু পুরোপুরি ব্যর্থ হন তিনি। বল তার ব্যাট ফাঁকি দিয়ে ছোবল দেয় লেগ স্টাম্পে।

১ চারে ১২ বলে ৮ রান করে ফিরলেন সাকিব।

২৩ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০৭। নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।

01 Mar 2023, 02:26 PM

শান্তর ‘প্রথম’ ফিফটি

জফ্রা আর্চারের শরীর তাক করা শর্ট বল লেগ সাইড আলতো করে খেলেই দৌড় দিলেন নাজমুল হোসেন শান্ত। এই রানের সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পঞ্চাশের স্বাদ পেলেন তিনি।

৫ চারে ৬৭ বলে ফিফটি করলেন শান্ত।

ওয়ানডেতে ২০১৮ সালে অভিষেক হলেও দলে থিতু হতে পারেননি শান্ত। ফর্মহীনতায় আছেন আসা-যাওয়ার মাঝে। অবশেষে ১৬তম ম্যাচে এসে প্রথম পঞ্চাশের দেখা পেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই সংস্করণে তার আগে সেরা ছিল ৩৮।

সবশেষ বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন শান্ত। সেটাই যেন ধরে রাখলেন তিনি ওয়ানডে দলে ফিরে। রানার্স আপ সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএলের গত আসরে সর্বোচ্চ ৫১৬ রান করেন তিনি।

শান্ত ও মাহমুদউল্লাহর ব্যাটে প্রতিরোধ গড়ার চেষ্টায় আছে বাংলাদেশ। দুইজনের জুটিতে রান এসেছে ৩০।

৩২ ওভার শেষে স্বাগতিকদের রান ৪ উইকেটে ১৩৬। ১৫ রানে খেলছেন মাহমুদউল্লাহ।

01 Mar 2023, 02:47 PM

শান্ত-মাহমুদউল্লাহর জুটির পঞ্চাশ

তিন ওভারের মধ্যে দুই উইকেট হারানো বাংলাদেশকে পথে ফেরানোর চেষ্টা করছেন মাহমুদউল্লাহ ও নাজমুল হোসেন শান্ত। সেই পথচলায় পঞ্চাশ স্পর্শ করেছে তাদের জুটি।

আদিল রশিদকে স্লগ সুইপ করে মিডউইকেট দিয়ে বাউন্ডারি মারেন মাহমুদউল্লাহ। এরই সঙ্গে ৭৫ বলে ইনিংসে একমাত্র ফিফটি রানের জুটি পায় বাংলাদেশ। যেখানে শান্তর অবদান ১৭, মাহমুদউল্লাহর ২৮।

01 Mar 2023, 02:50 PM

ফিফটি করেই শান্তর বিদায়

ইনিংস বড় করার ভিত পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু উইকেটে থিতু হয়েও শেষ পর্যন্ত টিকতে পারলেন না তিনি। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটি করার কিছুক্ষণ পরই বিদায় নিলেন তিনি।

আদিল রশিদের গুগলি বল লেগ সাইড দিয়ে তুলে মারার চেষ্টা করেন শান্ত। কিন্তু যেমনটা চেয়েছিলেন ততটা তুলতে পারেননি তিনি। শর্ট মিডউইকেটে দারুণ ক্যাচ নেন জেসন রয়।

৬ চারে ৮২ বলে ৫৮ রান করে ফিরলেন শান্ত। এতে ভাঙল মাহমুদউল্লাহর সঙ্গে তার ৫৩ রানের জুটি।

৩৬ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৫৯। উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গী আফিফ হোসেন।

01 Mar 2023, 02:57 PM

শান্তর পর মাহমুদউল্লহর বিদায়

পরপর দুই ওভারে দুই থিতু ব্যাটসম্যানকে হারাল বাংলাদেশ। ফিফটি করা নাজমুল হোসেন শান্ত বিদায় নেওয়ার পর সাজঘরে ফিরলেন মাহমুদউল্লাহও।

মার্ক উডের করা পায়ের ওপরের বল লেগ সাইডে খেলতে ব্যাট চালান মাহমুদউল্লাহ। বল হালকা সুইং করে বেরিয়ে জমা পড়ে কিপার জস বাটলারের গ্লাভসে। আবেদন করে ইংলিশ ক্রিকেটাররা।

সফট সিগন্যাল নট-আউট দিয়ে থার্ড আম্পায়ারের কাছে পাঠান মাঠের আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় মাহমুদউল্লাহর ব্যাট সামান্য ছুঁয়েছে বল।

৩ চারে ৪৮ বলে ৩১ রান করে ফিরলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

৩৭ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬২। উইকেটে দুই নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজ।

01 Mar 2023, 03:09 PM

অভিষিক্ত জ্যাকস ফেরালেন আফিফকে

নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে বাংলাদেশ। সেই ধারায় এবার বিদায় নিলেন আফিফ হোসেনও। অভিষিক্ত উইল জ্যাকসকে উইকেট উপহার দিয়ে এলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

অফ স্টাম্পের ওপর করা জ্যাকসের ফুল লেংথ বলটি মিড-অন ফিল্ডারের মাথার ওপর দিয়ে মারার চেষ্টা করেন আফিফ। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো খেলতে পারেননি তিনি। মিড-অনে সহজ ক্যাচ নেন আদিল রশিদ।

আফিফকে ফিরিয়ে ওয়ানডে অভিষেকে উইকেটের স্বাদ পেলেন জ্যাকস। ১ চারে ১২ বলে ৯ রান করেন আফিফ।

৪০ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৭৫। উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাসকিন আহমেদ।

01 Mar 2023, 03:19 PM

মিরাজের বিদায়

বাকিদের মতো তেমন কিছু করতে পারলেন না মেহেদী হাসান মিরাজও। উইকেটের পেছনে সহজ ক্যাচ দিয়ে বিদায় নিলেন তিনি।

জফ্রা আর্চারের অফ স্টাম্পের বাইরের গতিময় বল থার্ড ম্যানে খেলার চেষ্টায় খোঁচা দেন মিরাজ। তার ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে জস বাটলারের গ্লাভসে।

১৯ বলে ৭ রান করেন মিরাজ। উইকেটে তাসকিন আহমেদের সঙ্গী তাইজুল ইসলাম।

৪৩ ওভার শেষে স্বাগতিকদের রান ৮ উইকেটে ১৮৩।

01 Mar 2023, 03:25 PM

রিভিউ নিয়ে বাঁচলেন তাসকিন

ইংলিশ ক্রিকেটারদের এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়ে আম্পায়ারের সিদ্ধান্তে বদল এনে জীবন পান তাসকিন আহমেদ।

আদিল রশিদের বল লেগ সাইডে খেলার চেষ্টায় লাইন মিস করেন তাসকিন। বল আঘাত হানে তার পেছনের পায়ে। রিপ্লেতে দেখা যায় বল চলে যেত স্টাম্পের ওপর দিয়ে।

তখন ৩ রানে খেলছিলেন তাসকিন। এক বল রশিদকে স্লগ সুইপে স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে ফেলেন তিনি। পরের বলে থার্ডম্যান দিয়ে মারেন চার।

01 Mar 2023, 03:31 PM

বাংলাদেশের দুইশ

ব্যাটিং ব্যর্থতায় শঙ্কা জেগেছিল দলীয় রান দুইশ ছোঁয়া নিয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশকে ওই সীমানায় পৌঁছে দিলেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

৪৬তম ওভারে এসে দুইশ ২৭৫ বলে ২০০ স্পর্শ করল স্বাগতিকদের রান।

01 Mar 2023, 03:42 PM

আর্চারের দ্বিতীয় শিকার তাসকিন

দলকে দুইশ রানে নিয়ে বিদায় নিলেন তাসকিন আহমেদও। জফ্রা আর্চারের বলে উইকেটের পেছনে ধরা পড়লেন তিনি।

আর্চারের ভেতরে ঢোকা বলে তেমন কিছু করার ছিল না তাসকিনের। বাঁহাতি এই ব্যাটসম্যানের ব্যাটের কানায় লেগে বল জমা পড়ে কিপারের গ্লাভসে। ডানদিকে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন জস বাটলার।

একটি করে ছক্কা-চারে ১৮ বলে ১৪ রান করেন তাসকিন। ৪৭ ওভার শেষে বাংলাদেশের রান ৯ উইকেটে ২০৯। উইকেটে তাইজুল ইসলামের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

01 Mar 2023, 03:46 PM

ব্যাটিং ব্যর্থতায় অল্পতেই শেষ বাংলাদেশ

পেসারদের ওভার বাকি ছিল তখনও। উইকেটে স্পিনারদের জন্য সহায়তা দেখে মইন আলিকে আক্রমণে আনলেন জস বাটলার। তাইজুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিলেন মইন।

এই স্পিনারকে ছক্কার চেষ্টায় উপরে তুলে দেন তাইজুল। নিজেই ক্যাচ ধরেন মইন। ১ চারে ১৩ বলে ১০ রান করেন তাইজুল।

৪৭.২ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় স্রেফ ২০৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২০৯ (তামিম ২৩, লিটন ৭, শান্ত ৫৮, মুশফিক ১৬, সাকিব ৮, মাহমুদউল্লাহ ৩১, আফিফ ৯, মিরাজ ৭, তাসকিন ১৪, তাইজুল ১০*, মুস্তাফিজ ০*; ওকস ৮-০-২৮-১, আর্চার ১০-০-৩৭-২, উড ৮-০-৩৪-২, মইন ৭.২-০-৩৫-২, রশিদ ৯-০-৪৭-২, জ্যাকস ৫-০-১৮-১)

01 Mar 2023, 03:58 PM

ইংল্যান্ডকে ২১০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

থিতু হয়ে ফিরলেন একের পর এক ব্যাটসম্যান। অনেকটা সময় উইকেটে টিকে থেকে নাজমুল হোসেন শান্ত উপহার দিলেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি। তিনি ছাড়া আর কেবল মাহমুদউল্লাহ পার করতে পারলেন ৩০ রান।

ব্যাটিং ব্যর্থতায় তাই বড় পুঁজি গড়তে পারল না বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে তারা লক্ষ্য দিতে পারল কেবল ২১০ রানের।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন শান্ত। ৮২ বলের ইনিংসে ৬ চার মারেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ মাহমুদউল্লাহর, ৩ চারে ৩১ রান।

ভালো শুরু পেয়ে ইনিংস বড় করতে পারেননি দলে ফেরা অধিনায়ক তামিম ইকবাল, অভিজ্ঞ মুশফিকুর রহিম। সাকিব আল হাসান যেতে পারেননি দুই অঙ্কে। আফিফ হোসেন, মেহেদী হাসানরাও ছিলেন ব্যর্থ।

ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন জফ্রা আর্চার, মার্ক উড, মইন আলি, আদিল রশিদ।

01 Mar 2023, 04:23 PM

প্রথম ওভারেই উইকেট

স্পিন দিয়ে বোলিং শুরু করল বাংলাদেশ। চতুর্থ বলেই চার মেরে অভিপ্রায় পরিষ্কার করে দিলেন জেসন রয়। তবে ঝড় তোলার আগেই তাকে ফেরালেন সাকিব আল হাসান। 

বাঁহাতি স্পিনারের বল উড়িয়ে মারতে গিয়েছিলেন রয়। কিন্তু ব্যাটের কানায় লেগে লিডিং এজ হয়ে বল উঠে যায় আকাশে। মিড অন থেকে নিজের বাম দিকে কিছুটা সরে ক্যাচ নেন তামিম ইকবাল। 

প্রথম ওভারেই উল্লাসে মাতে বাংলাদেশ।

১ ওভারে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪।

01 Mar 2023, 04:57 PM

সল্টকে বোল্ড করলেন তাইজুল

নিজের প্রথম ওভারটা ভালো হয়নি তাইজুলের। এক ছক্কায় দেন ১১ রান। কিন্তু দ্বিতীয় ওভারে ঘুরে দাঁড়ালেন বাঁহাতি এই স্পিনার। প্রথম বলেই ফিল সল্টকে ফিরিয়ে দলকে এনে দিলেন সাফল্য।

তাইজুলের জোরের ওপর করা বলটি একটু সরে জায়গা বানিয়ে খেলতে চেয়েছিলেন সল্ট। গতির কারণে ব্যাট খেলতে পারেননি তিনি। তার প্যাডে লেগে বল ছোবল দেয় স্টাম্পে। উল্লাসে মাতেন তাইজুল।

১ চারে ১৯ বলে ১২ রান করেন সল্ট।

৯ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৩৭। দাভিদ মালানের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান জেমস ভিন্স।

01 Mar 2023, 05:10 PM

তাইজুলের দ্বিতীয় শিকার ভিন্স

অল্প পুঁজি নিয়ে লড়তে প্রয়োজন উইকেট। সেই পথে বাংলাদেশকে রাখছেন তাইজুল ইসলাম। ফিল সল্টের পর এবার জেমস ভিন্সকেও ফিরিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

তাইজুলকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলেন ভিন্স। কিন্তু স্পিন করে বেরিয়ে যাওয়া বলে ব্যাটেই লাগাতে পারেননি তিনি। বল গ্লাভসে জমিয়ে স্টাম্প ভেঙে দেন মুশফিকুর রহিম।

ভিন্স করেন ১ চারে ৬ রান।

১৩ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ৪৭। উইকেটে দাভিদ মালানের সঙ্গী অধিনায়ক জস বাটলার।

01 Mar 2023, 05:19 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন মালান

ইংলিশদের এক প্রান্ত আগলে রাখা দাভিদ মালানকে ফেরাতে মরিয়া বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে সুযোগও এসেছিল। কিন্তু আম্পায়ার্স কলে বেঁচে গেলেন টপ অর্ডার ব্যাটসম্যান।

তাইজুলকে আগের বলে স্লগ সুইপ করে ছক্কায় ওড়ান মালান। পরের বলটি টার্ন করে তার ব্যাট ফাঁকি দিয়ে আঘার করে প্যাডে। আবেদনে সাড়া দেননি আম্পায়ার। শেষ মুহূর্তে রিভিউ নেন অধিনায়ক তামিম ইকবাল।

রিপ্লেতে দেখা যায় বল লাগত লেগ স্টাম্পের বাইরের অংশে। তখন ৩২ রানে খেলছিলেন মালান।

01 Mar 2023, 05:27 PM

ভয়ঙ্কর বাটলারকে ফেরালেন তাসকিন

উইকেটের খোঁজে মরিয়া বাংলাদেশ বোলিংয়ে আরেকবার পরিবর্তন এনে পেল সাফল্য। দ্বিতীয় স্পেলে আক্রমণে এসেই দলকে জস বাটলারের উইকেটটি এনে দিলেন তাসকিন আহমেদ।

তাসকিনের লেংথ থেকে লাফিয়ে ওঠা বলটি পয়েন্ট দিয়ে খেলতে চেয়েছিলেন বাটলার। কিন্তু ব্যাটে ঠিকমতো হয়নি ইংলিশ অধিনায়কের। তার ব্যাটের কানায় লেগে বল সরাসরি যায় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে।

১ চারে ১০ বলে ৯ রান করে ফেরেন বাটলার।

১৬.১ ওভার শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৬৫। দাভিদ মালানের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান অভিষিক্ত উইল জ্যাকস।

01 Mar 2023, 05:46 PM

অবশেষে আক্রমণে মুস্তাফিজ

দলের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। মিরপুরের উইকেটে তিনি দারুণ কার্যকর। কিন্তু তাকে প্রথম ২০ ওভারের মধ্যে আক্রমণেই আনলেন না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ২১ তম ওভারে বাঁহাতি এই পেসারের হাতে বল তুলে দিলেন তিনি।

বোলিংয়ে এসে দারুণ এক ডেলিভারি দিয়ে শুরু করেন মুস্তাফিজ। ওভারের পঞ্চম বলে উইকেট নেওয়ার সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু উইল জ্যাকসের কঠিন ফিরতি ক্যাচ মুঠোয় জমাতে পারেননি বোলার। ওভারে কেবল ১ রান দেন তিনি।

তখন ১০ রানে খেলছিলেন জ্যাকস।

01 Mar 2023, 06:11 PM

জ্যাকসকে ফিরিয়ে জুটি ভাঙলেন মিরাজ

জমে গিয়েছিল দাভিদ মালান ও উইল জ্যাকসের জুটি। মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ানো এই জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। আক্রমণে ফিরেই বিদায় করে দিলেন জ্যাকসকে।

ব্যাকফুটে গিয়ে সামনে পা সরিয়ে মিরাজকে ছক্কার চেষ্টায় উড়িয়ে মারেন ইংলিশ ব্যাটসম্যান। কিন্তু তার শটে তেমন জোর ছিল না। ডিপ মিডউইকেট বাউন্ডারি থেকে অনেকটা সামনে এসে ক্যাচ মুঠোয় জমান আফিফ হোসেন।

এক ছক্কা ও ৩ চারে ৩১ বলে ২৬ রান করে ফেরেন জ্যাকস। এতে ভাঙে মালানের সঙ্গে তার ৩৮ রানের জুটি।

২৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ৫ উইকেটে ১০৪। ফিফটির দুয়ারে থাকা মালানের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান মইন আলি।

01 Mar 2023, 06:21 PM

অল্পের জন্য বাঁচলেন মইন

আরেকটি উইকেট নেওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু মইন আলিকে রান আউট করতে পারলেন না মেহেদী হাসান মিরাজ।

তাসকিন আহমেদের বল পয়েন্টে খেলেই দৌড় দেন দাভিদ মালান। বল সরাসরি যায় মিরাজের হাতে। রানের উদ্দেশে ছুট লাগানো মইন এক পর্যায়ে আশা ছেড়ে দেন। কিন্তু সরাসরি থ্রোতে স্টাম্পে লাগাতে পারেননি মিরাজ।

সে সময় ৫ রানে ছিলেন মইন।

01 Mar 2023, 06:47 PM

মালানের ফিফটি

বাংলাদেশের চমৎকার বোলিংয়ে চাপে থাকা ইংল্যান্ডকে টানছেন দাভিদ মালান। কঠিন উইকেটে দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি উপহার দিয়েছেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

৯২ বলে ২ ছক্কা ও ১ চারে পঞ্চাশ স্পর্শ করেন মালান।

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নেমেই অর্ধশতকের স্বাদ পেলেন তিনি। নিজের সবশেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন মালান।

মালানের ব্যাটেই লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। ৩২ ওভার শেষে তাদের রান ৫ উইকেটে ১২০। জয়ের জন্য আর প্রয়োজন ৯০ রান। তাকে সঙ্গ দেওয়া মইন আলি ২৫ বলে ১০ রানে খেলছেন।

01 Mar 2023, 06:55 PM

মইনকে সাজঘরে পাঠালেন মিরাজ

আগের ওভারে একটি করে ছক্কা-চারে ১২ রান দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তার ওপর আস্থা হারাননি অধিনায়ক তামিম ইকবাল। আবার বল হাতে পেয়ে মইন আলিকে ফিরিয়ে সেই মিরাজই এনে দিলেন সাফল্য।

অফ স্টাম্পের বাইরে পড়া বলটি পা বাড়িয়ে খেলেন মইন। বল পিচে পড়ে টার্ন করে পরাস্ত করে ব্যাটসম্যানকে। তার ব্যাট ও প্যাডের ফাঁক গলে ভেঙে দেয় স্টাম্প।

১ চারে ৩৩ বলে ১৪ রান করেন মইন।

৩৫ ওভারে ইংল্যান্ডের রান ৬ উইকেটে ১৪১। এখনও ৬৯ রান চাই তাদের। উইকেটে দাভিদ মালানের সঙ্গী ক্রিস ওকস।

01 Mar 2023, 07:14 PM

তাইজুলের তৃতীয়

বাংলাদেশকে আরেকটি সাফল্য এনে দিলেন তাইজুল ইসলাম। ক্রিস ওকসকে ফিরিয়ে ইংল্যান্ডকে আরও চেপে ধরল স্বাগতিকরা।

লেগ স্টাম্পের ওপর বল ব্যাকফুটে গিয়ে লেগ সাইডে খেলতে চেয়েছিলেন ওকস। কিন্তু ব্যাটের কানায় লেগে বল উঠে যায় আকাশে। মিড-অন থেকে অনেকটা সামনে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে বল মুঠোয় জমান তামিম ইকবাল।

১ চারে ১১ বলে ৭ রান করেন ওকস। ম্যাচে এটি তাইজুলের তৃতীয় শিকার।

৩৯ ওভার শেষে ইংল্যান্ডের রান ৭ উইকেটে ১৬১। জয়ের জন্য সফরকারীদের চাই ৪৯ রান। উইকেটে দাভিদ মালানের সঙ্গী আদিল রশিদ।

01 Mar 2023, 07:43 PM

মালানের টানা দ্বিতীয় সেঞ্চুরি

তাসকিন আহমেদের পায়ের ওপর করা বলটি লেগ সাইডে খেলেই দৌড় দিলেন দাভিদ মালান। বল পৌঁছে গেল বাউন্ডারিতে, আর মালান পা রাখলেন কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে।

১৩৪ বলে ৪ ছক্কা ও ৬ চারে শতক স্পর্শ করলেন মালান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

ওয়ানডে ক্যারিয়ারে এটি তার চতুর্থ সেঞ্চুরি। টানা দুই ম্যাচেই শতকের দেখা পেলেন তিনি। গত ১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

01 Mar 2023, 07:57 PM

মালানের মাস্টারক্লাস ইনিংস

কঠিন উইকেটে কীভাবে খেলতে হয়, যেন সেটাই দেখালেন দাভিদ মালান। সতীর্থদের ব্যর্থতার দিনে এক প্রান্ত আগলে রেখে দলকে লক্ষ্যের দিকে একাই টানলেন তিনি। উপহার দিলেন চমৎকার এক সেঞ্চুরি। তার এই ইনিংসেই বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড।

মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩ উইকেটে স্বাগতিকদের হারিয়েছে ইংলিশরা। ২১০ রানের লক্ষ্যে পৌঁছে গেছে তারা ৮ বল বাকি থাকতে।

ইংল্যান্ডের জয়ের নায়ক মালান তিনে নেমে খেলেন ১১৪ রানের অপরাজিত ইনিংস। ১৪৫ বলের ইনিংসটি সাজান তিনি ৪ ছক্কা ও ৮ চারে।

ইংল্যান্ডের জয়ে বড় অবদান রাখেন আদিল রশিদও। মালানের সঙ্গে অষ্টম উইকেটে ৫১ রানের জুটিতে ১৭ রান করেন তিনি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। দুটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২০৯ (তামিম ২৩, লিটন ৭, শান্ত ৫৮, মুশফিক ১৬, সাকিব ৮, মাহমুদউল্লাহ ৩১, আফিফ ৯, মিরাজ ৭, তাসকিন ১৪, তাইজুল ১০*, মুস্তাফিজ ০*; ওকস ৮-০-২৮-১, আর্চার ১০-০-৩৭-২, উড ৮-০-৩৪-২, মইন ৭.২-০-৩৫-২, রশিদ ৯-০-৪৭-২, জ্যাকস ৫-০-১৮-১)

ইংল্যান্ড: ৪৮.৪ ওভারে ২১২/৭ (রয় ৪, সল্ট ১২, মালান ১১৪*, ভিন্স ৬, বাটলার ৯, জ্যাকস ২৬, মইন ১৪, ওকস ৭, রশিদ ১৭*; সাকিব ১০-০-৪৫-১, তাসকিন ৯-১-২৬-১, তাইজুল ১০-০-৫৪-৩, মিরাজ ১০-২-৩৫-২, মুস্তাফিজ ৮-০-৪২-০, শান্ত ১.৪-০-৯-০)