১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে জিতে এশিয়া কাপ চ‍্যাম্পিয়ন ভারত

পাকিস্তানকে টুর্নামেন্টে তৃতীয়বার হারিয়ে নবমবারের মতো এশিয় কাপ শিরোপা জিতল ভারত।

29 Sep 2025, 12:40 AM

তিলাকের ব‍্যাটে দুর্দান্ত জয়

জয়ের জন‍্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। হারিস রউফের ওভারে এই রান করতে কেবল ৪ বল লাগল ভারতের।

প্রথম বলে দুই রান নেন তিলাক ভার্মা। পরের বল ছক্কায় উড়িয়ে সমীকরণ একদম সহজ করে দেন তিনি।

তিলাক সিঙ্গেল নিয়ে দুই দলের স্কোর সমতায় নিলে স্ট্রাইক পান রিঙ্কু সিং। আসরে প্রথমবার খেলতে নেমে প্রথম বলেই বাউন্ডারিতে ম‍্যাচ শেষ করে দেন তিনি।

বোলিংয়ে দারুণ অবদান রাখের কুলদিপ ইয়াদাভ। ব‍্যাটিংয়ে তিলাকের ভূমিকা কোনো অংশে কম নয়। ৫৩ বলে চারটি ছক্কা ও তিনটি চারে তিনি অপরাজিত থাকেন ৬৯ রানে।

এশিয়া কাপের সফলতম দলটির এটি নবম শিরোপা। আর কোনো দলের নেই ছয়টির বেশি। এবার সুরিয়াকুমার ইয়াদাভের দল শিরোপা জিতল টুর্নামেন্টে অপরাজিত থেকে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফাখার ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, ভারুন ৪-০-৩০-২, আকসার ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলাক ১-০-৯-০)

ভারত: ১৯.৪ ওভারে ১৫০/৫ (অভিশেক ৫, গিল ১২, সুরিয়াকুমার ১, তিলাক ৬৯*, স্যামসন ২৪, দুবে ৩৩, রিঙ্কু ৪*; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সাইম ৩-০-১৬-০)

ফল: ভারত ৫ উইকেটে জয়ী

29 Sep 2025, 12:32 AM

ছক্কার চেষ্টায় অক্কা দুবে

চার মেরে সমীকরণ কিছুটা সহজ করেছিলেন শিভাম দুবে। ৮ বলে প্রয়োজন ছিল ১০ রান।

কিন্তু ফাহিম আশরাফের এক বল ডট খেলে পরের বলে সীমানায় ধরা পড়লেন দুবে। ভাঙল ৪০ বলে ৬০ রানের জুটি।

২২ বলে দুটচি করে ছক্কা ও চারে ৩৩ রান করে ফেরলেন দুবে।

১৯ ওভারে ভারতের রান ৫ উইকেটে ১৩৭। ক্রিজে তিলাক ভার্মার সঙ্গী রিঙ্কু সিং।

29 Sep 2025, 12:21 AM

তিলাক-দুবের জুটিতে পঞ্চাশ

ভীষণ চাপের সময় নেমে নিজের শট খেলছেন শিভাম দুবে। তিলাক ভার্মা দারুণ ব‍্যাটিংয়ে সঙ্গ দিচ্ছেন তাকে।

দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ৩৪ বলে।

১৮ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১৩০। ৪৮ বলে ৫৮ রানে খেলছেন তিলাক। ১৮ বলে ২৮ রানে ব‍্যাট করছেন দুবে।

জয়ের জন‍্য শেষ ২ ওভারে ১৭ রান চাই ভারতের।

29 Sep 2025, 12:06 AM

৪১ বলে তিলাকের পঞ্চাশ

এক প্রান্ত আগলে রেখে ভারতকে টানছেন তিলাক ভার্মা। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান পঞ্চাশ ছুঁয়েছেন ৪১ বলে।

তাবে বিদায় করার একটা সুযোগ এসেছিল। কিন্তু রান আউটের সেই সুযোগটি নিতে পারেননি উইকেটরক্ষক মোহাম্মদ হারিস।

১৬ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১১১। ১৩ বলে একটি করে ছক্কা ও চারে ১৮ রানে খেলছেন শিভাম দুবে। ২১ বলে তিনটি করে ছক্কা ও চারে ৫০ রানে ব‍্যাট করছেন তিলাক।

29 Sep 2025, 12:01 AM

খরুচে রউফ

লম্বা সময় পর আক্রমণে এলেন হারিস রফউ। এতক্ষণ স্পিনাররা যে চাপ তৈরি করেছিলেন সেটা সরিয়ে দিলেন এই পেসার। দুই চার ও এক ছক্কায় তিনি দিলেন ১৭ রান।

28 Sep 2025, 11:51 PM

স‍্যামসনের বিদায়ে ভাঙল জুটি

আগের ওভারে সাইম আইয়ুবকে ছক্কা হাঁকানো সাঞ্জু স‍্যামসন একই চেষ্টা করলেন আবরার আহমেদের বলে। লেগ স্পিনারের বলে টাইমিং করতে পারলেন না তিনি।

অফ স্টাম্পের বাইরের বলে ইনসাইড আউটের চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি স‍্যামসন। ক‍্যাচ যায় ব‍্যাকওয়ার্ড পয়েন্টে। সেখানে কোনো ভুল করেননি সাহিবজাদা ফারহান। ভাঙে ৫০ বল স্থায়ী ৫৭ রানের জুটি।

২১ বলে এক ছক্কা ও দুই চারে ২৪ রান করেন স‍্যামসন।

১৩ ওভারে ভারতের রান ৪ উইকেটে ৭৮। ক্রিজে তিলাক ভার্মার সঙ্গী শিভাম দুবে।

28 Sep 2025, 11:44 PM

তিলাক-স‍্যামসনের জুটিতে পঞ্চাশ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে টানছেন তিলাক ভার্মা ও সাঞ্জু স‍্যামসন। চতুর্থ উইকেটে দায়িত্বশীল ব‍্যাটিংয়ে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৪৩ বলে।

সাইম আইয়ুবের বলে তিলাকের সিঙ্গেলে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ। সেই ওভারের পরের ৫ বল খেলে একটি ছক্কা মারেন স‍্যামসন।

১২ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৭৬। ৩১ বলে তিলাকের রান ৩৪। ২০ বলে স‍্যামসন খেলছেন ২৪ রানে।

28 Sep 2025, 11:30 PM

স‍্যামসনের ক‍্যাচ ছাড়লেন তালাত

আক্রমণে এসেই সাফল‍্য পেতে পারতেন আবরার আহমেদ। এই লেগ স্পিনারের বলে সাঞ্জু স‍্যামসনের ক‍্যাচ ছাড়লেন হুসাইন তালাত।

শর্ট বলে ঠিকঠাক পুল করতে পারেননি ভারতের কিপার-ব‍্যাটসম‍্যান। ডিপ মিড উইকেট থেকে সামনের দিকে এগিয়ে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি তালাত। সে সময় ১২ রানে ছিলেন স‍্যামসন।

৯ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৫৬। ২৩ বলে ২২ রানে খেলছেন তিলাক ভার্মা। ১০ বলে স‍্যামসনের রান ১৪।

28 Sep 2025, 11:17 PM

পাওয়ার প্লেতে চাপে ভারত

রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ভারতের। পাওয়ার প্লেতে দ্রুত রান তুলতে পারেনি তারা। উল্টো হারিয়েছে তিন উইকেট।

পাওয়ার প্লের শেষ ওভারে ফাহিম আশরাফকে চার ও ছক্কা মেরে চাপ কিছুটা কমিয়েছেন তিলাক ভার্মা।

৬ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৩৬। এবারের আসরে পাওয়ার প্লেতে যা তাদের সর্বনিম্ন। ৩ বলে ৪ রানে খেলছেন সাঞ্জু স‍্যামসন। ১২ বলে তিলাকের রান ১৪।

28 Sep 2025, 11:09 PM

ব‍্যর্থতার মিছিলে গিলও

রান আউটের হাত থেকে বেঁচে গেলেও বেশি দূর যেতে পারলেন না শুবমান গিল। ফাহিম আশরাফের অফ স্টাম্পের অনেক বাইরের বল টেনে মারতে গিয়ে ক‍্যাচ দিলেন ভারতীয় ওপেনার।

ফাহিমের আগের বলেই বাউন্ডারি মেরেছিলেন গিল। পরের বলে বেরিয়ে এসে আরেকটি চারের চেষ্টায় সফল হননি তিনি। মিড অনে লাফ দিয়ে দুই হাতে ক‍্যাচ নেন হারিস রউফ।

১০ বলে এক চারে ১২ রান করেন গিল।

৪ ওভারে ভারতের রান ৩ উইকেটে ২০। ক্রিজে তিলাক ভার্মার সঙ্গী সাঞ্জু স‍্যামসন।

28 Sep 2025, 11:01 PM

টিকলেন না সুরিয়াকুমার

রান তাড়ায় শুরুতেই চাপে পড়ে গেল ভারত। ৩ ওভারের মধ‍্যে হারাল দুই উইকেট। আভিশেক শার্মার পর বিদায় নিলেন সুরিয়াকুমার ইয়াদাভ।

শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইরের বল ঠিক মতো খেলতে পারেননি ভারত অধিনায়ক। মিড অফে সামনের দিতে ঝাঁপিয়ে ক‍্যাচ নেন সালমান আলি আগা। ক‍্যাচ ধরতে গিয়ে অবশ‍্য তালগোল পাকিয়েছিলেন। ডাইভ দিয়ে বলের নিচে হাত রাখতে পারলেও বল মুঠোয় নিতে পারেননি তিনি। কিন্তু বুকের উপর দিয়ে গড়িয়ে পড়ার সময় হাতে জমান তিনি।

তৃতীয় আম্পায়ার বেশ কয়েকবার রিপ্লেতে দেখার পর আউট দেন।

৫ বলে ১ রান করে ফিরে যান সুরিয়াকুমার।

ওভারের শেষ বলে রান আউট হয়ে যেতে পারতেন শুবমান গিল। কিন্তু পাকিস্তানের ফিল্ডার থ্রো স্টাম্পে রাখতে না পারায় বেঁচে যান ভারতীয় ওপেনার।

৩ ওভারে ভারতের রান ২ উইকেটে ১২। ক্রিজে গিলের সঙ্গী তিলাক ভার্মা।

28 Sep 2025, 10:45 PM

শুরুতেই ফিরলেন আভিশেক

টুর্নামেন্ট জুড়ে দারুণ ব‍্যাটিং করা আভিশেক শার্মাকে টিকতে দিলেন না ফাহিম আশরাফ। তার স্লোয়ারে ছক্কার চেষ্টায় আকাশে তুলে দিলেন বাঁহাতি ওপেনার।

অনেকগুলো রেকর্ড আর কীর্তি হাতছানি দিচ্ছিল আভিশেককে। এর কোনোটাই করা হলো না তার। ফাহিমের বলে মিড অনে হারিস রউফের হাতে ধরা পড়লেন তিনি।

৬ বলে এক চারে ৫ রান করে ফিরলেন আভিশেক। টুর্নামেন্টে প্রথমবার দুই অঙ্ক ছুঁতে ব‍্যর্থ হলেন তিনি।

28 Sep 2025, 10:18 PM

৩৩ রানে শেষ ৯ উইকেট হারাল পাকিস্তান

১ উইকেটে ১১৩ রানের দৃঢ় ভিত কাজে লাগাতে পারল না পাকিস্তান। দুইশ রানের কাছাকাছি যাওয়ার আশা জাগানো দলটে ছুঁতে পারল না দেড়শ। পুরো ২০ ওভার ব‍্যাটিংও করতে পারল না তারা। 

২০তম ওভারে প্রথম বলে পাকিস্তানের ইনিংসের ইতি টানেন জাসপ্রিত বুমরাহ। তার বলে মোহাম্মদ নাওয়াজের ক‍্যাচ নেন রিঙ্কু সিং। 

৯ বলে নাওয়াজ করেন ৬ রান। পাকিস্তানের প্রথম তিন ব‍্যাটসম‍্যান ছাড়া আর কেউ যেতে পারেননি দুই অঙ্ক পর্যন্ত। 

৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার কুলদিপ ইয়াদাভ। দুটি করে উইকেট নেন বুমরাহ, আকসার প‍্যাটেল ও ভারুন চক্রবর্তী।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফাখার ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, ভারুন ৪-০-৩০-২, আকসার ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলাক ১-০-৯-০)

28 Sep 2025, 10:08 PM

উইকেট শিকারে বুমরাহও

আক্রমণে ফিরে উইকেট পেলেন জাসপ্রিত বুমরাহও। তার দারুণ ডেলিভারিতে উপড়ে গেল হারিস রউফের অফ স্টাম্প।

ব‍্যাটের কানায় লেগে দ্বিতীয় বলে বাউন্ডারি পান রউফ। এক বল পর নেন দুই রান। তবে শেষ হাসি হাসেন বুমরাহই। পঞ্চম বলে রউফকে বোল্ড করে ম‍্যাচে নেন নিজের প্রথম উইকেট।

৪ বলে রউফ করেন ৬ রান।

১৮ ওভারে পাকিস্তানের রান ৯ উইকেটে ১৪১। ক্রিজে মোহাম্মদ নাওয়াজের সঙ্গী আবরার আহমেদ।

28 Sep 2025, 10:04 PM

দারুণ ওভারে কুলদিপের ৩ উইকেট

নিজের শেষ ওভারে ফিরে প্রথম বলে উইকেট পেলেন কুলদিপ ইয়াদাভ। তাকে গায়ের জোরে ওড়াতে গিয়ে আকাশে তুলে দিলেন সালমান আলি আগা। কিছুটা এগিয়ে গিয়ে ক‍্যাচ নিলেন কিপার সাঞ্জু স‍্যামসন।

৭ বলে ৮ রান করে ফিরলেন পাকিস্তান অধিনায়ক।

পরের বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার সঙ্গে সঙ্গে রিভিউ নেন শাহিন শাহ আফ্রিদি। বল লেগেছিল তার গ্লাভসে। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত।

সেই ওভারেই এলবিডব্লিউ হয়ে যান আফ্রিদি। আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হন ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। 

৩ বলে শূন‍্য রানে ফেরেন আফ্রিদি।

এক বল পর আরেকটি উইকেট পান কুলদিপ। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে লং অফে তিলাক ভার্মার হাতে ধরা পড়েন ফাহিম আশরাফ। ২ বল খেলে তিনিও ফেরেন শূন‍্য রানে।

28 Sep 2025, 09:56 PM

তালাতকে হারিয়ে চাপে পাকিস্তান

যেন আগে থেকেই ঠিক করে রেখেছিলেন হুসাইন তালাত, বল যাই হোক স্লগ সুইপ করবেন তিনি। আকসার প‍্যাটেলের স্লোয়ারে সেটাই করলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান।

স্টাম্পে থাকা ডেলিভারিতে টাইমিং করতে পারলেন না একেবারেই। অনেক উঁচুতে উঠে যাওয়া ক‍্যাচ গ্লাভসে নিলেন কিপার সাঞ্জু স‍্যামসন। ২ বল খেলে তালাত করেন ১ রান।

১৬ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৩৩। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী মোহাম্মদ নাওয়াজ।

28 Sep 2025, 09:48 PM

ছক্কার পর অক্কা ফাখার

পরপর তিন ওভারে তিনটি উইকেট হারাল পাকিস্তান। ভারুন চক্রবর্তী পেলেন নিজের দ্বিতীয় উইকেট।

আগের বল বেরিয়ে এসে লং অন দিয়ে ছক্কায় ওড়ান ফাখার জামান। পরের বলে গায়ের জোরে মেরে ব‍্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার।

অফ স্টাম্পের বাইরের শর্ট বলে একেবারেই টাইমিং করতে পারেননি। একটু পিছিয়ে গিয়ে ক‍্যাচ নেন কুলদিপ ইয়াদাভ।

৩৫ বলে দুটি করে ছক্কা ও চারে ৪৬ রান করেন ফাখার।

১৫ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ১২৮। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী হুসাইন তালাত।

28 Sep 2025, 09:43 PM

দ্রুত ফিরলেন হারিস

চারে নেমে তেমন কিছু করতে পারলেন না মোহাম্মদ হারিস। আকসার প‍্যাটেলের বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন এই উইকেটরক্ষক-ব‍্যাটসম‍্যান।

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে বেরিয়ে এসে ইনসাইডে আউটে ছক্কার চেষ্টা করেন হারিস। কিন্তু বল যায় সোজা ফিল্ডার রিঙ্কু সিংয়ের হাতে। ২ বলে শূন‍্য রানে ফেরেন হারিস।

১৪ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১১৮। ক্রিজে ওপেনার ফাখার জামানের সঙ্গী অধিনায়ক সালমান আলি আগা।

28 Sep 2025, 09:38 PM

টিকলেন না সাইম

রানের দেখা পেলেও বেশি দূর যেতে পারলেন না সাইম আইয়ুব। কুলদিপ ইয়াদাভের বলে ব‍্যকওয়ার্ড পয়েন্টে ধরা পড়লেন এই বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

অফ স্টাম্পের বাইরের বলে কাট করে বল নিচে রাখতে পারেননি। সহজ ক‍্যাচ নেন জাসপ্রিত বুমরাহ। ভাঙে ১৯ বল স্থায়ী ২৯ রানের জুটি।

১৩ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১১৩। ক্রিজে ফাখার জামানের সঙ্গী মোহাম্মদ হারিস।

28 Sep 2025, 09:22 PM

ফারহানের বিদায় ভাঙল জুটি

ভারুন চক্রবর্তীর তৃতীয় বল ছক্কায় ওড়ালেন সাহিবজাদা ফারহান। পরের বলে এর পুনরাবৃত্তির চেষ্টায় তিনি ধরা পড়লেন সীমানায়।

শর্ট বলে টাইমিং করতে পারেননি ফারহান। ডিপ মিড উইকেটে সহজেই মুঠোয় তিলাক ভার্মা। ভাঙে ৫৮ বল স্থায়ী ৮৪ রানের জুটি।

৩৮ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৫৭ রান করেন ফারহান।

১০ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৮৭। ২৫ রানে ব‍্যাট করছেন ফাখার জামান। টুর্নামেন্টে চারবার শূন‍্য রানে ফেরা সাইম আইয়ুব পেয়েছেন রানের দেখা। তিনি খেলছেন ১ রানে।

28 Sep 2025, 09:17 PM

৩৫ বলে ফারহানের পঞ্চাশ

পাওয়ার প্লের পর রানের গতি বাড়িয়েছে পাকিস্তান। পরের ৩ ওভারে দলটি যোগ করেছে ৩২ রান। এতে সবচেয়ে বড় ভূমিকা সাহিবজাদা ফারহানের।

নবম ওভারে বোলিংয়ে ফিরে আরেকটি ছক্কা হজম করেছেন কুলদিপ ইয়াদাভ, এবার ফাখার জামানের ব‍্যাটে। স্ট্রাইক পেয়ে দুই রান নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন ফারহান, ৩৫ বলে।

টি-টোয়েন্টিতে এটি ফারহানের পঞ্চম পঞ্চাশ, ভারতের বিপক্ষে দ্বিতীয়।

৯ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৭৭।

28 Sep 2025, 09:08 PM

শুরুর জুটিতে পাকিস্তানের পঞ্চাশ

দলকে ভালো শুরু এনে দিয়েছেন সাহিবজাদা ফারহান ও ফাখার জামান। তাদের উদ্বোধনী জুটিতে পঞ্চাশ এসেছে ৪১ বলে।

পাওয়ার প্লের পর আক্রমণে এসেছেন কুলদিপ ইয়াদাভ। তার পঞ্চম বলে দুই রান নিয়ে জুটির রান পঞ্চাশে নিয়ে যান ফারহান। পরের বল ওড়ান ছক্কায়।

৭ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৫৬। ১৩ বলে ১৪ রানে খেলছেন ফাখার। ২৯ বলে ফারহানের রান ৪০।

28 Sep 2025, 09:02 PM

পাওয়ার প্লেতে উইকেটশূন‍্য ভারত

প্রথম ৬ ওভারে খুব বেশি রান করতে দেননি ভারতের বোলাররা। তবে কোনো উইকেটও নিতে পারেননি তারা।

৬ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৪৫। ১১ বলে এক চারে ১২ রানে খেলছেন ফাখার জামান। ২৫ বলে এক ছক্কা ও চারটি চারে ৩১ রানে ব‍্যাট করছেন সাহিবজাদা ফারহান।

প্রথম ৩ ওভারে ১৯ রান তুলেছিল পাকিস্তান, পরের ৩ ওভারে এসেছে ২৬ রান।

28 Sep 2025, 08:51 PM

ভারতের আঁটসাঁট বোলিং

প্রথম ৩ ওভারে খুব বেশি রান করতে পারেনি পাকিস্তান। তিনটি চারে করতে পেরেছে কেবল ১৯ রান।

প্রায় বলেই ব‍্যাট চালাচ্ছেন সাহিবজাদা ফারহাদ। কিন্তু টাইমিং করতে পারছেন না খুব একটা। ১৩ বলে দুই চারে তিনি খেলছেন ১২ রানে।

আরেক ওপেনার ফাখার জামান ৫ বলে এক চারে ব‍্যাট করছেন ৬ রানে।

২ ওভারে ১২ রান দিয়েছেন শিভাম দুবে। জাসপ্রিত বুমরাহর ওভার থেকে এসেছে ৭ রান।

28 Sep 2025, 08:27 PM

নেই হার্দিক, ফিরলেন বুমরাহ

শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় পাওয়া ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে ভারত। চোটের কারণে ফাইনালে খেলতে পারছেন না পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বাদ পড়েছেন দুই পেসার আর্শদিপ সিং ও হার্শিত রানা।

একাদশে ফিরেছেন দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ, পেস বোলিং অলরাউন্ডার শিভাম দুবে এবং বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং।

ভারত একাদশ: আভিশেক শার্মা, শুবমান গিল, সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), তিলাক ভার্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, আকসার প্যাটেল, শিভাম দুবে, কুলদিপ ইয়াদাভ, ভারুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

28 Sep 2025, 08:13 PM

অপরিবর্তিত পাকিস্তান

সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। বিশেষজ্ঞ দুই পেসার ও এক স্পিনার এবং দুই স্পিনিং অলরাউন্ডার ও এক পেস বোলিং অলরাউন্ডার নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নামছে তারা।

পাকিস্তান একাদশ: ফাখার জামান, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

28 Sep 2025, 08:06 PM

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

শিরোপার লড়াইয়ে টস জিতলেন সুরিয়াকুমার ইয়াদাভ। আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে আগের দুই ম্যাচেও রান তাড়া করেছিল ভারত। দুটি ম্যাচই জিতেছিল তারা।

28 Sep 2025, 07:39 PM

শিরোপা লড়াইয়ে মুখোমুখি ভারত-পাকিস্তান

৪১ বছরে ১৭ আসরে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। 

দুবাইয়ে শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।  

আসরে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে দল দুটি। আগের দুই লড়াইয়ে জিতেছিল ভারত, অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি প্রতিযোগিতার সফলতম দলটির সামনে। 

সর্বোচ্চ আটবার শিরোপা জিতেছে ভারত, ছয়বার শ্রীলঙ্কা। এর আগে পাঁচবার ফাইনাল খেলে মাত্র দুইবার জিতেছে পাকিস্তান।

ভারত ও পাকিস্তানের ম্যাচে ক্রিকেটের চেয়ে আলোচনা বেশি থাকছে বাইরের বিষয় নিয়ে। টসের সময় দুই ম্যাচের কোনোটিতেই পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। ম্যাচ শেষেও পাকিস্তান দলের কারো সঙ্গে করমর্দন করেনি তারা। 

পরপর দুইবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন বাতিল করে পাকিস্তান। গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে তারা টুর্নামেন্টে আর নাও খেলতে পারে, এমন শঙ্কাও জগে। 

করমর্দন ইস্যুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের তাৎক্ষণিক অপসারণ চায় পিসিবি। এ নিয়ে অনেক জল ঘোলা হলেও তাদের দাবি মানেনি আইসিসি। তবে পাইক্রফট ‘ক্ষমা চাওয়ায়’ এই বিষয়ে আর এগোয়নি পাকিস্তান। পাইক্রফটের সঙ্গে সেই মিটিংয়ের ভিডিও প্রকাশ করায় আবার পিসিবির কড়া সমালোচনা করে আইসিসি।    

এমন সব টানাপোড়েনের মাঝে এশিয়া কাপের সপ্তদশ আসরে আরও একবার মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ।