সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৮
29 Oct 2025, 09:45 PM
আরেকটি ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ
শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। আকিল হোসেন যেমন টার্ন পাচ্ছিলেন তাতে এই রান করার বাস্তবিক কোনো সম্ভাবনা ছিল না।
শেষ পর্যন্ত ধারে কাছেও যেতে পারেনি বাংলাদেশ। আরেকটি ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল লিটন দাসের দল।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৫০ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ থামল ১৩৫ রানে।
১৬ রানের পর এবার ১৪ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল শেই হোপের দল।
শেষ ওভারে ৬ রান দিয়ে দুটি উইকেট নেন আকিল হোসেন। ছক্কার চেষ্টায় সীমানায় ক্যাচ দেন রিশাদ হোসেন। ম্যাচের শেষ বলে বোল্ড হয়ে যান নাসুম।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (কিং ১, আথানেজ ৫২, হোপ ৫৫, রাদারফোর্ড ০, পাওয়েল ৩, হোল্ডার ৪, চেইস ১৭*, শেফার্ড ১৩, পিয়ের ০, আকিল ১; তানজিম ৪-০-২৩-০, তাসকিন ৩-০-২৮-১, মুস্তাফিজ ৪-০-২১-৩, নাসুম ৪-০-৩৫-২, সাইফ ১-০-৯-০, রিশাদ ৩-০-২০-২, শামীম ১-০-১১-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৫/৮ (সাইফ ৫, তানজিদ ৬১, লিটন ২৩, হৃদয় ১২, জাকের ১৭, শামীম ১, রিশাদ ০, তানজিম ৮*, নাসুম ২; সিলস ৪-০-৩০-০, হোল্ডার ৪-০-২০-২, শেফার্ড ৪-০-২৯-৩, চেইস ৩-০-২১-০, আকিল ৪-০-২২-৩, পিয়ের ১-০-১৩-০)
29 Oct 2025, 09:41 PM
ব্যর্থ শামীম, বাড়ল বিপদ
প্রয়োজনের সময়ে কিছুই করতে পারলেন না শামীম হোসেন। জেসন হোল্ডারের ফুল লেংথ ডেলিভারিতে বোল্ড হয়ে হয়ে গেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
শামীম ২ বলে করেন ১ রান।
হোল্ডারের সেই ওভার থেকে ৫ রান নেন তানজিম হাসান।
১৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২৯। শেষ ওভারে স্বাগতিকদের প্রয়োজন ২১ রান।
29 Oct 2025, 09:33 PM
মন্থর ইনিংস খেলে ফিরলেন জাকের
অফ স্টাম্পের বেশ বাইরে একের পর এক বল করে গেলেন ক্যারিবিয়ান বোলাররা, সেগুলো খেলার পথ খুঁজে পেলেন না জাকের আলি। শেষ পর্যন্ত বড় শটের চেষ্টায় তিনি ফিরলেন সীমানায় ক্যাচ দিয়ে।
রোমিও শেফার্ডের স্লোয়ার বাউন্সারে ডিপ মিডউইকেটে খ্যারি পিয়েরের হাতে ধরা পড়েন জাকের। ১৮ বলে তিনি করেন ১৭ রান।
১৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১২৪। ক্রিজে শামীম হোসেনের সঙ্গী রিশাদ হোসেন।
29 Oct 2025, 09:28 PM
ছক্কার চেষ্টায় ফিরলেন তানজিদ
১৮ বলে প্রয়োজন ৩৩ রান। এমন সময়ে বড় শটের চেষ্টায় ফিরলেন তানজিদ হাসান। বাংলাদেশ হারাল থিতু ব্যাটসম্যান।
রোমারিও শেফার্ডের অফ স্টাম্পের অনেক বাইরের স্লোয়ার বলে ঠিকঠাক শট খেলতে পারেননি তানজিদ। ডিপ পয়েন্টে সহজ ক্যাচ নেন ব্র্যান্ডন কিং।
৪৮ বলে তিনটি করে ছক্কা ও চারে ৬১ রান করেন তানজিদ।
১৭.১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১৭। ক্রিজে জাকের আলির সঙ্গী শামীম হোসেন।
29 Oct 2025, 09:10 PM
৩৮ বলে তানজিদের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে টানছেন তানজিদ হাসান। রোমারিও শেফার্ডকে চার মেরে তিনি ছুঁয়েছেন পঞ্চাশ, ৩৮ বলে।
১৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০০। শেষ ৫ ওভারে ৫০ রান চাই স্বাগতিকদের।
৩৯ বলে তিন ছক্কা ও দুই চারে তানজিদের রান ৫১। ১০ বলে জাকের আলির রান ৭।
29 Oct 2025, 09:04 PM
জীবন পেলেন তানজিদ
ইনিংসে চতুর্থ ক্যাচ ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে জীবন পেলেন তানজিদ হাসান।
আকিল হোসেনের বলে সীমানায় আলিক আথানেজকে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। বিস্ময়করভাবে সহজ ক্যাচ নিতে পারেননি আথানেজ।
সে সময় ৪৪ রানে ছিলেন তানজিদ।
১৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৮। সবশেষ ২ ওভারে এসেছে ৩ রান। শেষ ৬ ওভারে ৬২ রান চাই স্বাগতিকদের।
29 Oct 2025, 08:58 PM
হৃদয়ের বিদায়ে ভাঙল জুটি
দুই সতীর্থের মতো হৃদয়ও জীবন পেয়ে তেমন কিছু করতে পারলেন না। ৫ রানে জীবন পেয়ে ফিরলেন দুই অঙ্ক ছুঁয়ে।
রোমারিও শেফার্ডের বলে বাউন্ডারির সন্ধানে ছিলেন হৃদয়। টাইমিং করতে পারেননি তিনি। সীমানা থেকে ছুটে এসে চমৎকার ক্যাচ নেন জেডেন সিলস। এর আগে তিনিই ছেড়েছিলেন হৃদয়ের ক্যাচ।
১৪ বলে এক চারে ১২ রান করেন হৃদয়। তার বিদায়ে ভাঙে ২৮ বল স্থায়ী ৩৭ রানের জুটি।
১৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৬। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী জাকের আলি।
29 Oct 2025, 08:50 PM
জীবন পেলেন হৃদয়
পানি বিরতির পর প্রথম বলেই ফিরতে পারতেন তাওহিদ হৃদয়। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ থেকে সামনের দিকে ছুটে এসে ক্যাচ নিতে পারলেন না জেডেন সিলস।
রোস্টন চেইসের বলে ঠিকঠাক সুইপ করতে পারেননি হৃদয়। ক্যাচ যায় সীমানায়। ছুটে এসে কঠিন কাজটুকু করে ফেলেছিলেন সিলস। ডাইভও দিয়েছিলেন সময় মতো। কিন্তু বল মুঠোয় রাখতে পারেননি তিনি।
সে সময় ৫ রানে ছিলেন হৃদয়।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭২।
29 Oct 2025, 08:46 PM
মাঝ বিরতিতে চাপে বাংলাদেশ
খুব বেশি উইকেট হারায়নি বাংলাদেশ। তবে বেশি রানও করতে পারেনি স্বাগতিকরা। মাঝ বিরতিতে তাই বেশ চাপেই আছে লিটন দাসের দল।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৫। ২৫ বলে ৩১ রানে খেলছেন তানজিদ হাসান। ৮ বলে তাওহিদ হৃদয় ব্যাট করছেন ৫ রানে।
শেষ ১০ ওভারে ৮৫ রান প্রয়োজন বাংলাদেশ।
উইকেটে স্পিনাররা টার্ন পাচ্ছেন, পেসাররা পাচ্ছেন বাড়তি বাউন্স। তবে হাতে ৮ উইকেট থাকায় ম্যাচে আছে বাংলাদেশও।
29 Oct 2025, 08:35 PM
জীবন পেয়ে টিকলেন না লিটনও
বেঁচে যাওয়ার পর তেমন কিছু করতে পারেননি সাইফ হাসান। তার মতোই জীবন পেয়ে সেটা কাজে লাগাতে পারেননি লিটন দাস।
অষ্টম ওভারে আক্রমণে আসেন আকিল হোসেন। তার প্রথম বল ছক্কায় ওড়ান তানজিদ হাসান। পরের বলে তিনি নেন সিঙ্গেল।
বাঁহাতি স্পিনারের একটু গতিময় ডেলিভারির লাইনে যেতে পারেননি লিটন। ভুল লাইনে খেলার মাশুল দেন তিনি বোল্ড হয়ে। ভাঙে ২৩ বল স্থায়ী ৩৫ রানের জুটি।
১৭ বলে চারটি চারে ২৩ রান করেন লিটন।
৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫০। ক্রিজে তানজিদের সঙ্গী তাওহিদ হৃদয়।
29 Oct 2025, 08:28 PM
জীবন পেলেন লিটন
পাওয়ার প্লের শেষ বলে আউট হতে পারতেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক বেঁচে গেলেন শেরফেন রাদারফোর্ডের ব্যর্থতায়।
রোমারিও শেফার্ডের বল লেগে খেলতে চেয়েছিলেন লিটন। ব্যাটের কানায় লেগে বল উঠে যায় অনেক উপরে। শর্ট মিডউইকেটে বলের লাইনেই দাঁড়িয়েছিলেন রাদাফোর্ড। কিন্তু শেষ সময়ে ভারসাম্য হারানোয় বল মুঠোয় রাখতে পারেননি তিনি।
সে সময় ২০ রানে ছিলেন লিটন।
৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৭। রানের চাকায় দম দেওয়ার কাজটা করছেন লিটন। ১২ বলে তিনি খেলছেন ২১ রানে। তানজিদ হাসান ১৪ বলে ব্যাট করছেন ১০ রানে।
29 Oct 2025, 08:15 PM
জীবন পেয়েও ব্যর্থ সাইফ
জেসন হোল্ডারই পেলেন সাইফ হাসানের উইকেট। ক্যারিবিয়ান অলরাউন্ডারের বলে বেঁচে গিয়েও দ্রুতই ফিরলেন ডানহাতি ওপেনার। আবারও দিলেন ক্যাচ।
দ্রুত রান তুলতে পারছে না বাংলাদেশ। বাউন্ডারি আসছে না, ডট বেশি খেলছেন দুই ব্যাটসম্যান।
সেই চাপেই আরেকটি বড় শটের সন্ধানে ছিলেন সাইফ। কিন্তু বাড়তি বাউন্সের জন্য সুবিধা করতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় এক্সট্রা কাভারে। সেখানে এবার কোনো ভুল করেননি ব্র্যান্ডন কিং। এর আগে তিনিই ছেড়েছিলেন সাইফের ক্যাচ।
১১ বলে ৫ রান করেন সাইফ।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৪। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী অধিনায়ক লিটন দাস।
29 Oct 2025, 08:07 PM
শুরুতেই বেঁচে গেলেন সাইফ
আগের ম্যাচে দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার দ্বিতীয় ওভারেই সুযোগ হাতছাড়া করল তারা।
জেসন হোল্ডারের বলে বড় শটের খোঁজে কাভারের পেছনে ক্যাচ দেন সাইফ হাসান। পেছন দিকে দৌড়ে গিয়ে কাঁধের উপর দিয়ে আসা বলে হাতই ছোঁয়াতে পারেননি ব্র্যান্ডন কিং। বেঁচে যান সাইফ। সে সময় ৩ রানে ছিলেন তিনি।
২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৭।
29 Oct 2025, 07:58 PM
মাঝ বিরতির আগে-পরে দুই রকম বাংলাদেশ
মাঝ বিরতিতে অর্থাৎ ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেটে ৯৪। পানি বিরতির পর ১০ ওভারে ৫৫ রান যোগ করতে তারা হারাল ৮ উইকেট!
১১.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ছিল ১ উইকেটে ১০৬। আলিক আথানেজ ও শেই হোপ তখন পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত, জুটির রান একশ। এখান থেকে দুইশ অসম্ভব কিছু ছিল না। কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত দেড়শও করতে পারল না তারা।
29 Oct 2025, 07:47 PM
মুস্তাফিজের জোড়া আঘাত, রান আউট আকিল
ইনিংসের শেষ ওভারে এসে প্রথম দুই বলে উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান। রোমারিও শেফার্ডের পর ফিরে গেলেন খ্যারি পিয়ের। ইনিংসের শেষ বলে রান আউট হয়ে গেলেন আকিল হোসেন।
স্লোয়ারে ডিপ পয়েন্টে ধরা পড়েন শেফার্ড। জায়গা থেকে এক ইঞ্চিও নড়তে হয়নি জাকের আলির।
১৬ বলে এক চারে ১৩ রান করেন শেফার্ড।
পরের বলে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান খ্যারি পিয়ের। গায়ের জোরে মারতে গিয়ে মুস্তাফিজের গতিময় বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান তিনি।
এক বল পর স্ট্রাইক পেয়ে চার মারেন রোস্টন চেইস।
পরের দুই বলে আসেনি কোনো রান। শেষ বলে দ্রুত রানের চেষ্টায় রান আউট হয়ে যান আকিল হোসেন। ১ বলে তিনি করেন ১ রান।
১৫ বলে এক চারে ১৭ রানে অপরাজিত থাকেন চেইস।
দুর্দান্ত শেষ ওভারে কেবল ৫ রান দেন মুস্তাফিজ। ৪ ওভারে ২১ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৯/৯ (কিং ১, আথানেজ ৫২, হোপ ৫৫, রাদারফোর্ড ০, পাওয়েল ৩, হোল্ডার ৪, চেইস ১৭*, শেফার্ড ১৩, পিয়ের ০, আকিল ১; তানজিম ৪-০-২৩-০, তাসকিন ৩-০-২৮-১, মুস্তাফিজ ৪-০-২১-৩, নাসুম ৪-০-৩৫-২, সাইফ ১-০-৯-০, রিশাদ ৩-০-২০-২, শামীম ১-০-১১-০)
29 Oct 2025, 07:21 PM
রিশাদের জোড়া আঘাত
খরুচে প্রথম ওভারের পর আক্রমণে ফিরে নিজের সামর্থ্য দেখালেন রিশাদ হোসেন। দারুণ বোলিংয়ে চার বলের মধ্যে নিলেন রভম্যান পাওয়েল ও জেসন হোল্ডারের উইকেট।
আগের ম্যাচে শেষ দিকে ঝড় তোলা পাওয়েলকে এবার আগেভাগেই থামালেন রিশাদ। তার বল লেগে ঘুরানোর চেষ্টায় ব্যাকওয়ার্ড পয়েন্টে মুস্তাফিজুর রহমানকে সহজ ক্যাচ দিলেন পাওয়েল।
৯ বরে ৩ রান করলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক।
দুই বল পর সীমানায় তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন হোল্ডার। ৪ বলে তিনি করেন ৪ রান।
১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ১১৯। ক্রিজে রোস্টন চেইসের সঙ্গী রোমারিও শেফার্ড।
29 Oct 2025, 07:13 PM
বিপজ্জনক হোপকে ফেরালেন মুস্তাফিজ
আগের ওভারে জোড়া উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে আরেকটা ধাক্কা দিলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের স্লোয়ারে ক্যাচ দিলেন শেই হোপ।
অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ব্যাট চালিয়ে দেন হোপ। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি তিনি। স্লোয়ার অফ কাটারে ক্যাচ যায় পয়েন্টে, শামীম হোসেনের হাতে।
৩৬ বলে তিনটি করে ছক্কা ও চারে ৫৫ রান করেন হোপ।
১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ১১২। ক্রিজে রভম্যান পাওয়েলের সঙ্গী জেসন হোল্ডার।
29 Oct 2025, 07:06 PM
নাসুমের জোড়া আঘাত
আলিক আথানেজকে বিদায় করে দ্রুত এগোনো জুটি ভাঙলেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারের পরের বলে বোল্ড হয়ে গেলেন শেরফেন রাদারফোর্ড।
ছক্কার চেষ্টায় টাইমিং করতে পারেননি আথানেজ। ডিপ মিডউইকেট থেকে এগিয়ে এসে ক্যাচ নেন তানজিদ হাসান। ভাঙে ৫৯ বল স্থায়ী ১০৫ রানের জুটি।
আথানেজ ৩৩ বলে তিন ছক্কা ও পাঁচ চারে করেন ৫২ রান।
আগের ম্যাচের মতোই গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেলেন রাদারফোর্ড। নাসুমের আর্ম বল ভুল লাইনে খেলে হলেন বোল্ড।
১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১০৮। ক্রিজে শেই হোপের সঙ্গী রভম্যান পাওয়েল। আগের ম্যাচে এই দুইজনের বিস্ফোরক জুটিতে লড়াইয়ের পুঁজি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
29 Oct 2025, 06:58 PM
হোপের পঞ্চাশ জুটির একশ
শামীম হোসেনকে ছক্কা মারলেন শেই হোপ, জুটির রান স্পর্শ করল একশ, ৫৬ বলে। পরের বলে সিঙ্গেল নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক, তিনি স্পর্শ করলেন পঞ্চাশ।
আলিক আথানেজের মতো হোপও পঞ্চাশে গেলেন ৩০ বলে।
১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১০৫।
29 Oct 2025, 06:49 PM
মাঝপথে ভালো অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ
শেই হোপ ও আলিক আথানেজের আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত বাড়ছে ওয়েস্ট ইন্ডিজের রান। বাউন্ডারি আসছে নিয়মিতই, সঙ্গে এক ও দুই রানও নিচ্ছেন দুই ব্যাটসম্যান। তাতে অনেক বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে সফরকারীরা।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৯৪।
৩০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন ওপেনার আলিক আথানেজ। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে তিনটি ছক্কা ও পাঁচটি চার।
২৬ বলে দুই ছক্কা ও তি চারে ৪১ রানে খেলছেন অধিনায়ক শেই হোপ। দশম ওভারে তানজিদ হাসানের সরাসরি থ্রোয়ে একটুর জন্য রান আউট হননি তিনি।
অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৫১ বলে আথানেজ ও হোপ করেছেন ৯৩ রান।
29 Oct 2025, 06:49 PM
হোপ-আথানেজের জুটিতে পঞ্চাশ
মাত্র ২৮ বলে পঞ্চাশ এলো শেই হোপ ও আলিক আথানেজের জুটিতে।
সপ্তম ওভারে আক্রমণে এসেছেন সাইফ হাসান। তার প্রথম বলে হোপের সিঙ্গেলে পঞ্চাশ পূর্ণ হয়েছে জুটির।
পরের চার বলে এসেছে চারটি সিঙ্গেল। শেষ বলে চার মেরেছেন আথানেজ।
৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৫৯।
29 Oct 2025, 06:32 PM
পাওয়ার প্লেতে উইন্ডিজ ৫০/১
প্রথম ২ ওভারে খুব একটা রান এলো না। কিন্তু শেই হোপ ক্রিজে যাওয়ার পরেই পাল্টে গেল চিত্র। পাল্টা আক্রমণ শুরু করলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। সঙ্গ দিলেন বাঁহাতি ওপেনার আলিক আথানেজ।
৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৫০।
১৮ বলে ২৭ রানে খেলছেন আথানেজ। ১৪ বলে হোপের রান ২০।
29 Oct 2025, 06:17 PM
আরেকটি সুযোগ হাতছাড়া
তানজিম হাসানের দ্বিতীয় ওভারেও আরেকটি ক্যাচ ছুটল হাত থেকে। এবার বাঁচলেন আলিক আথানেজ।
স্টাম্পে থাকা লেংথ ডেলিভারিতে তুলে মারেন বাঁহাতি ওপেনার। মিড অনে প্রতিক্রিয়া দেখাতে একটু দেরি করে ফেলেন তাওহিদ হৃদয়। ঝাঁপ দিয়ে আঙুল ছোঁয়াতে পারলেও ক্যাচ নিতে পারেননি তিনি।
ওভারের শেষ বলে আথানেজের ব্যাটে ছক্কা হজম করেন তানজিম।
৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১৭।
29 Oct 2025, 06:17 PM
প্রথম আঘাত তাসকিনের
জীবন পেয়েও দ্রুতই ফিরলেন ব্র্যান্ডন কিং। প্রথম বলে বেঁচে গিয়ে দ্বিতীয় ওভারেই বিদায় নিলেন এই ওপেনার।
টেস্ট ম্যাচের লেংথে বল করছেন তাসকিন আহমেদ। সবুজ ঘাসের ছোঁয়া থাকা উইকেটে ভোগাচ্ছেন এই পেসার।
প্রথম বলে এলবিডব্লিউর জোরাল আবেদন করেন তাসকিন। তবে বল যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। পরের বলও ডট খেলেন কিং।
তৃতীয় বলে মিড অফের উপর দিয়ে খেলেন ক্যারিবিয়ান ওপেনার। কিন্তু স্টাম্পে থাকা ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি। সহজ ক্যাচ নেন তাওহিদ হৃদয়।
৪ বল খেলে ১ রানে ফেরেন কিং।
২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৬। ক্রিজে আলিক আথানেজের সঙ্গী শেই হোপ।
29 Oct 2025, 06:05 PM
প্রথম বলে সুযোগ হাতছাড়া
নতুন বলে শুরু করলেন তানজিম হাসান। প্রথম বলেই খোঁচা মেরে উইকেটের পেছনে ক্যাচ দিলেন ব্র্যান্ডন কিং। কিন্তু ঝাঁপিয়ে সেই সুযোগ নিতে পারলেন না লিটন দাস!
এই ম্যাচের উইকেটে ঘাস আরও বেশি। প্রখম ওভারে বেশ বাউন্স পেয়েছেন তানজিম।
ওভারের বাকি পাঁচ বল ডট খেলেছেন আরেক ওপেনার আলিক আথানেজ।
১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ১।
29 Oct 2025, 05:40 PM
অপরিবর্তিত ওয়েস্ট ইন্ডিজ
প্রথম ম্যাচে ১৬ রানে জয় পাওয়া একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ। তাই বাইরেই থাকছেন বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
29 Oct 2025, 05:40 PM
সোহানের জায়গায় জাকের
হেরে যাওয়া প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরির্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহানের জায়গায় ফিরেছেন আরেক মিডল অর্ডার ব্যাটসম্যান জাকের আলি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
29 Oct 2025, 05:36 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজে টানা দ্বিতীয় ম্যাচে টস জিতলেন শেই হোপ। আবারও ব্যাটিং নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
29 Oct 2025, 05:14 PM
সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ্যে নামছে বাংলাদেশ
প্রথম ম্যাচে হেরে যাওয়ায় সিরিজ বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্য দিকে ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ ব্যর্থতার বৃত্ত ভাঙার। টানা সাতটি সিরিজে হেরে বাংলাদেশে খেলছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
প্রথম ম্যাচে ১৭ ওভার ভালো বোলিং করা বাংলাদেশ শেষ ৩ ওভারে হয়ে যায় খরুচে বোলিংয়ে। রভম্যান পাওয়েলের বিস্ফোরক ব্যাটিংয়ে শেষ ৩ ওভারে ৫১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
রান তাড়ায় পাওয়ার প্লেতেই ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। প্রথম ৬ ব্যাটসম্যানের মিলিত রান কেবল ৬২। পরের ব্যাটসম্যানদের লড়াইয়ে ব্যবধান কমিয়ে লিটন দাসের দল শেষ পর্যন্ত হারে ১৬ রানে। ব্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ।
