০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

হারেরেতে ব‍্যাটে-বলে বাংলাদেশের ভীষণ বাজে দিন

28 Jun 2026, 09:14 PM

লাইভ ব্লগের সমাপ্তি

হারারে টেস্টের প্রথম দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

28 Jun 2026, 09:11 PM

ভীষণ বাজে দিন

দুঃস্বপ্নের দ্বিতীয় সেশনে ২৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৪০ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ পরে বোলিংয়েও ভালো করেনি। সহায়ক উইকেটে সুবিধা করতে পারেননি পেসাররা। বরং এলোমেলো বোলিংয়ে দেন সহজ রান।

১ উইকেটে ১৩৬ রানে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। স্বাগতিকরা কেবল ৪ রানে পিছিয়ে।

১০৮ বলে নয় চারে ক‍্যারিয়ার সেরা ৭৬ রানে খেলছেন ইনোসেন্ট কাইয়া। ৪৫ বলে ১৭ রানে ব‍্যাট করছেন, একবার জীবন পাওয়া ব্রেন্ডন টেইলর।

একমাত্র উইকেটটি নিয়েছেন খালেদ আহমেদ। পেসারদের জন‍্য সহায়ক উইকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪০

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৪ ওভারে ১৩৬/১ (কাইয়া ৭৬*, কারান ৪২, টেইলর ১৭*; হাসান ১০-০-৪৬-০, খালেদ ৮-১-৩৩-১, ইবাদত ৬-০-৩৭-০, তাইজুল ৭১-০-১৯-০)
 

28 Jun 2026, 08:39 PM

ক‍্যাচ ছাড়লেন তাইজুল

ফিরতি ক‍্যাচ নিতে পারলেন না তাইজুল ইসলাম। অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে দ্রুত ফেরানোর একটা সুযোগ তাতে হাতছাড়া হয়ে গেল।

তাইজুলের অফ স্টাম্পের বাইরের বল বেরিয়ে এসে খেলার চেষ্টা করেন টেইলর। ঠিকঠাক খেলতে পারেননি তিনি। ডাইভ দিয়ে বলে হাক ছোঁয়ান তাইজুল। কিন্তু মুঠোয় নিতে পারেননি তিনি। সে সময় ১১ রানে ছিলেন টেইলর।

২৬ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ১১২।

28 Jun 2026, 08:15 PM

৬১ বলে কাইয়ার পঞ্চাশ

সাবলীল ব‍্যাটিংয়ে জিম্বাবুয়েকে এগিয়ে নিচ্ছেন ইনোসেন্ট কাইয়া। ৬১ বলে তিনি স্পর্শ করেছেন পঞ্চাশ।

এক সময় একশর বেশি স্ট্রাইক রেটে ব‍্যাট করছিলেন তিনি। বাংলাদেশের বোলাররা লাইন ও লেন্থ খুঁজে পাওয়ার পর তিনি খেলছেন বল অনুযায়ী।

২১ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৯৭। ৬১ বলে কাইয়ার রান ৫০। ১৪ বলে ব্রেন্ডন টেইলের রান ৪।

28 Jun 2026, 07:57 PM

জুটি ভাঙলেন খালেদ

আগের ওভারে বেন কারানকে দারুণ ভোগালেন তাইজুল ইসলাম। খালেদ আহমেদের পরের ওভারে স্লিপে ধরা পড়লেন বাঁহাতি ওপেনার।

অফ স্টাম্পের বাইরের স্কিড করা ডেলিভারিতে খোঁচা মারেন কারান। স্লিপে ক‍্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ৯৮ বল স্থায়ী ৮৯ রানের জুটি।

৫১ বলে পাঁচ চারে ৪২ রান করেন কারান।

১৭ ওভারে জিম্বাবুয়ের রান ১ উইকেটে ৯১। ক্রিজে ইনোসেন্ট কাইয়ার সঙ্গী ব্রেন্ডন টেইলর।

28 Jun 2026, 07:52 PM

আক্রমণে তাইজুল

পেসারদের এলোমেলো বোলিয়ে ষোড়শ ওভারে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে আক্রমণে আনলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ওভারে একটি জোরাল এলবিডব্লিউর আবেদন হলো। একটি শট একটুর জন‍্য ফিল্ডারদের হাতে গেল না!

১৬ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ৮৯।

28 Jun 2026, 07:24 PM

শুরুর জুটিতে জিম্বাবুয়ের পঞ্চাশ

বাংলাদেশের নির্বিষ পেস আক্রমণের সামনে সহজেই এগোচ্ছে জিম্বাবুয়ে। শুরুর জুটিতে একাদশ ওভারে এসেছে পঞ্চাশ।

হাসান মাহমুদের ওই ওভারে দুটি চার মেরেছেন ইনোসেন্ট কাইয়া।

১১ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ৫৮।

৩০ বলে ৩১ রানে খেলছেন কাইয়া। ৩৬ বলে ২৭ রানে ব‍্যাট করছেন বেন কারান।

28 Jun 2026, 07:18 PM

সুযোগ কাজে লাগাতে পারল না বাংলাদেশ

ব‍্যাটিংয়ে ভরাডুবির পর বোলিংয়েও সুবিধা করতে পারছে না বাংলাদেশ। উদ্বোধনী জুটির দৃঢ়তায় ভালো শুরু পেয়েছে জিম্বাবুয়ে।

দশম ওভারে জুটি ভাঙার একটা সুযোগ এসেছিল। ইবাদত হোসেনের বলে স্লিপে ক‍্যাচের মতো দিয়েছিলেন বেন কারান। দ্বিতীয় ও তৃতীয় স্লিপের ফিল্ডার লাফিয়ে উঠলেও হাত ছোঁয়াতে পাননি।  

১০ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ৪৮।

28 Jun 2026, 06:13 PM

বিস্ময়কর ধসে ১৪০ রানেই শেষ বাংলাদেশ

মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর জুটিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। মনে হচ্ছিল কঠিন সময় পেরিয়ে বড় সংগ্রহের পথে হাঁটবে সফরকারীরা।

কিন্তু দ্বিতীয় সেশনে বাজে ব‍্যাটিংয়ের মহড়ায় বদলে গেল চিত্র। স্রেফ ২৭ রানে শেষ ৮ উইকেট হারাল বাংলাদেশ। প্রথম ইনিংসে গুটিয়ে গেল ১৪০ রানে।

শেষ তিন উইকেট পড়ল একই রানে। শেষ সাত জুটির কোনোটি ছুঁতে পারল না দুই অঙ্ক। শেষ সাত ব‍্যাটসম‍্যানের কেউ যেতে পারলেন না দুই অঙ্কে।

শেষ দিকে মনে হচ্ছিল প্রতিটি বলেই ব‍্যাটসম‍্যান আউট হবেন! বাংলাদেশের ভোগান্তি শেষ হয় সৈয়দ খালেহ আহমেদ বোল্ড হলে। তাকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট নেন নিউম‍্যান নিয়ামুরি। তিনিই দলের সফলতম বোলার।

দু্টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও ব্র‍্যাড ইভান্স।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭.২ ওভারে ১৪০ (জয় ২, সাদমান ২০, মুমিনুল ৬০, শান্ত ১৯, মুশফিক ৯, হৃদয় ৩, অমিত ৪, তাইজুল ৯, হাসান ০, খালেদ ০, ইবাদত ০*; এনগারাভা ১০-৪-১৮-২, মুজারাবানি ১৫-৮-১৯-২, নিয়ামুরি ১২.২-১-৬১-৪, ইভান্স ১০-৪-৩০-২)

28 Jun 2026, 06:04 PM

শূন‍্যতেই শেষ হাসান

রানের দেখা পেলেন না হাসান মাহমুদ। ব্লেসিং মুজারাবানির বলে ব‍্যাচ চালিয়ে দিয়ে তিনি ধরা পড়লেন ওয়াইড গালিতে, ব্রায়ান বেনেটের হাতে।

তিন বল টিকতে পারেন কেবল হাসান।

৪৭ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১৪০। ক্রিজে শেষ জুটি।

28 Jun 2026, 06:01 PM

উইকেট ছুঁড়ে এলেন তাইজুল

নিউম‍্যান নিয়ামুরির ওভারে দুটি চার মারলেন তাইজুল ইসলাম। আরেকটি চারের আশায় নিজের উইকেট বিলিয়ে এলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান।

অফ স্টাম্পের অনেক বাইরের বলে ব‍্যাট চালিয়ে দেন তাইজুল। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে টাফাডজাওয়া সিগার গ্লাভসে। এটি তার পঞ্চম ক‍্যাচ।

১৩ বলে দুই চারে ৯ রান করেন তাইজুল।

৪৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১৪০। ক্রিজে হাসান মাহমুদের সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ।

28 Jun 2026, 05:57 PM

ব‍্যর্থতার মিছিলে অমিত

তাওহিদ হৃদয়ের মতো অভিষেকে নিজের প্রথম ইনিংসে ব‍্যর্থ হলেন অমিত হাসান। ব্লেসিং মুজারাবানির বলে কট বিহাইন্ড হলেন এই উইকেটরক্ষক-ব‍্যাটসম‍্যান।

একটু অধৈর্য হয়ে উঠেছিলেন অমিত। শট খেলে চাপ সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কাজ হয়নি, ব‍্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে টাফাডজাওয়া সিগার গ্লাভসে।

১৫ বলে ৪ রান করেন অমিত।

৪৫ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৩২। ক্রিজে তাইজুল ইসলামের সঙ্গী হাসান মাহমুদ।

28 Jun 2026, 05:41 PM

টিকলেন না তাওহিদ হৃদয়


অভিষেকে নিজের প্রথম ইনিংসে ব‍্যর্থ তাওহিদ হৃদয়। রিচার্ড এনগারাভার অফ স্টাম্পের বাইরের বল কট বিহাইন্ড হলেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

নতুন বলে সকালের কঠিন সেশন পার করে দেওয়া বাংলাদেশ ভুগছে দ্বিতীয় সেশনে। দুই থিতু ব‍্যাটসম‍্যান মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকে হারিয়েছে তারা। দ্রুত ফিরেছেন মুশফিকুর রহিম ও হৃদয়।

অফ স্টাম্পের বেশ বাইরের বল, অনায়াসে ছেড়ে দিতে পারতেন হৃদয়। সেটা না করে ড্রাইভ করার চেষ্টা করেন তিনি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় টাফাডজাওয়া সিগার গ্লাভসে।

১৬ বলে ৩ রান করেন হৃদয়।

৪২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৩০। ক্রিজে অমিত হাসানের সঙ্গী তাইজুল ইসলাম। ব‍্যাটিংয়ের অপেক্ষা তিন পেসার।

28 Jun 2026, 05:31 PM

এনগারাভার দারুণ ইয়র্কারে বোল্ড মুশফিক

এক বল আগে ব‍্যাট চালিয়ে দিয়ে চার পেলেন মুশফিকুর রহিম। আউটও হতে পারতেন তিনি, কিন্তু স্লিপের ফিল্ডার যথেষ্ট দ্রুত প্রতিক্রিয়া দেখা পারেননি। তার হাতের ফাঁক গলে বল যায় বাউন্ডারিতে।

এক বল পর ফ্লিক করার চেষ্টায় অফ স্টাম্প হারান মুশফিক। রিচার্ড এনগারাভার ডেলিভারির লাইনেই যেতে পারেননি টেস্টে দেশের সফলতম ব‍্যাটসম‍্যান।

২১ বলে দুই চারে ৯ রান করেন মুশফিক।

৪০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১২৫। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী আরেক অভিষিক্ত অমিত হাসান।

28 Jun 2026, 05:16 PM

ইনিংস বড় করতে পারলেন না শান্ত

৭ রানে বেঁচে গিয়েও খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না নাজমুল হোসেন শান্ত। তবে টিকে ছিলেন উইকেটে। বাউন্ডারিতে চাপ সরিয়ে নেওয়ার চেষ্টায় কট বিহাইন্ড হলেন তিনি।

ব্র‍্যাড ইভান্সের বলে কাভার দিয়ে খেলার চেষ্টায় পারেননি বাঁহাতি ব‍্যাটসম‍্যান। সহজ ক‍্যাচ গ্লাভসে নেন উইকেটরক্ষক টাফাডজাওয়া সিগা।

৭৩ বলে দুই চারে ১৯ রান করেন শান্ত।

৩৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১৯। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী অভিষিক্ত তাওহিদ হৃদয়।

28 Jun 2026, 04:58 PM

পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন মুমিনুল

সাবলীল ব‍্যাটিং করা মুমিনুল হকের বিদায়ে ভাঙল জুটি। নিউম‍্যান নিয়ামুরির বলে বাঁহাতি টপ অর্ডার ব‍্যাটসম‍্যান ধরা পড়লেন দ্বিতীয় স্লিপে।

অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট পেতে দিয়েছিলেন মুমিনুল। অভিজ্ঞ এই ব‍্যাটসম‍্যান আশায় ছিলেন, স্লিপ পাশ দিয়ে বেরিয়ে যাবে বল। সেটি হয়নি, সহজ ক‍্যাচ যায় ক্রেইগ আরভিনের হাতে। অনেকটা যেন ক‍্যাচ ধরার অনুশীলন করালেন মুমিনুল। ভাঙল ১৩০ বল স্থায়ী ৭৭ রানের জুটি।

৮১ বলে ১২ চারে ৬০ রান করেন মুমিনুল।

৩৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১১৪। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুশফিকুর রহিম।  

28 Jun 2026, 04:35 PM

৬৪ বলে মুমিনুলের পঞ্চাশ

নিউম‍্যান নিয়ামুরির বলে পয়েন্ট নিয়ে চার মারলেন মুমিনুল হক। সাবলীল ব‍্যাটিংয়ে ৬৪ বলে তিনি স্পর্শ করলেন পঞ্চাশ।

ক্রিজে যাওয়ার পর থেকে আস্থার সঙ্গে খেলছেন মুমিনুল। অভিজ্ঞ ব‍্যাটসম‍্যানকে খুব একটা ভাবাতে পারেননি স্বাগতিকদের কেউ।

শুরুতে সাদমান ইসলামের সঙ্গে একটা জুটির আভাস দেন তিনি। সেটা ভেঙে যায় সাদমানের বিদায়ে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আরেকটি জুটিতে মুমিনুল এখন দলকে এগিয়ে নিচ্ছেন।

৩০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৭। ৬৯ বলে ১২ রানে ৫৭ রানে খেলছেন মুমিনুল। ৫৬ বলে দুই চারে ১৭ রানে ব‍্যাট করছেন শান্ত।

28 Jun 2026, 03:44 PM

প্রথম সেশনে ২ উইকেট

টস হেরে ব‍্যাট করতে নেমে হারারে টেস্টের প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরিস্থিতি হতে পারতো আরও খারাপ, যদি নাজমুল হোসেন শান্তর ক‍্যাচ নিতে পারতেন বেন কারান।

প্রথম দিনের লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ২ উইকেটে ৭৬। ৩৯ বলে ৯ রানে খেলছেন শান্ত। সাবলীল ব‍্যাটিংয়ে ৫৬ বলে ৩৯ রানে খেলছেন অভিজ্ঞ মুমিনুল হক।

প্রথম ঘণ্টায় মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ। তবে মুমিনুল ক্রিজে যাওয়ার পর চাপ সরিয়ে নিয়েছেন। অধিনায়কের সঙ্গে দলতে এগিয়ে নিচ্ছেন বাঁহাতি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

উইকেটে পেসারদের জন‍্য বেশ সুবিধা আছে। সেটা কাজে লাগিয়ে ব‍্যাটসম‍্যানদের বেশ পরীক্ষা নিচ্ছেন স্বাগতিক পেসাররা। তবে প্রথম ঘণ্টা কাটিয়ে দেওয়ায় এবার বড় সংগ্রহেরই লক্ষ‍্য থাকবে সফরকারীদের।

28 Jun 2026, 03:14 PM

শান্তর ক‍্যাচ ছাড়লেন কারান

রিচার্ড এনগারাভার বলে স্লিপে ক‍্যাচ দিয়ে বেঁচে গেলেন নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ে অধিনায়কের চমৎকার ডেলিভারি ডিফেন্স করতে চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। ঠিকঠাক পারেননি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় উইকেটের পেছনে। তৃতীয় স্লিপ থেকে ডাইভ দিয়ে মুঠোয় নিতে পারেননি বেন কারান।

সে সময় ৭ রানে ছিলেন শান্ত।১৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৫।

28 Jun 2026, 02:41 PM

থিতু হয়ে ফিরলেন সাদমান

প্রথম ঘণ্টায় দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের পর ফিরে গেলেন সাদমান ইসলাম।

ব্র‍্যাড ইভান্সের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন বাঁহাতি ওপেনার।

একটু বাড়তি বাউন্স ঠিকঠাক সামলাতে পারেননি সাদমান। ডিফেন্স করার চেষ্টায় পুরোপুরি বলের লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানা ছুয়ে যায় ক্রেইগ আরভিনের হাতে। ভাঙে ৩৪ বল স্থায়ী ৩০ রানের জুটি।

৩৮ বলে তিন চারে ২০ রান করেন সাদমান।

১২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৬। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

28 Jun 2026, 02:16 PM

জয়ের বিদায়ে ভাঙল শুরুর জুটি

দিনের শুরুতে ফিরে গেলেন মাহমুদুল হাসান জয়। তবে তাকে খুব একটা সন্তুষ্ট মনে হলো না আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে।

বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামুরির বলে ঠিকঠাক খেলতে পারেননি। বল ব‍্যাট ও শরীরের খুব কাছ দিয়ে যায়। বলা কঠিন গ্লাভসে ছুঁয়েছে নাকি শরীরের কোথাও। তবে কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।

ডিআরএস নেই এই সিরিজে। তাই রিভিউ নিতে পারেননি ব‍্যাটসম‍্যান। বিদায় নেন একরাশ হতাশা নিয়ে।

১৭ বল খেলে ২ রান করেন জয়।

৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

28 Jun 2026, 01:38 PM

সুযোগ পেলেন না ক্রিমার

টেস্ট দলে ডাক পেলেও একাদশে জায়গা পেলেন না লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার। তার মতোই বাদ পড়েছেন টানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রিমার, রয় কাইয়া ও টাডিওয়ানাশে মারুমানি।

জিম্বাবুয়ে একাদশ: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুরি, ব্রেন্ডান টেইলর, টাফাডজাওয়া সিগা।

28 Jun 2026, 01:28 PM

অমিত-হৃদয়ের অভিষেক

বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে উইকেটরক্ষক-ব‍্যাটসম‍্যান অমিত হাসান ও মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান তাওহিদ হৃদয়ের।

৪৯টি প্রথম শ্রেণির ম‍্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী অমিত। ১১ সেঞ্চুরি আর ১৭ ফিফটিতে প্রায় ৫০ গড়ে করেছেন ৩ হাজার ৬৫০ রান। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের প্রাপ‍্য সুযোগ পেয়েছেন তিনি। 

দেশের হয়ে ৫৩ ওয়ানডে ও ৬২ টি-টোয়েন্টি খেলার পর টেস্ট অভিষেক হচ্ছে হৃদয়ের। ২৫ বছর বয়সী ব‍্যাটসম‍্যান প্রথম শ্রেণির ম‍্যাচ খেলেছেন ১৬টি। এই সংস্করণে তার সেঞ্চুরি তিনটি, ফিফটি চারটি।

একাদশে স্পিনার একজন- তাইজুল ইসলাম। পেসার তিন জন- সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান।

28 Jun 2026, 01:10 PM

টস হেরে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

নেতৃত্বের অভিষেকে টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা। তিনি নিলেন ব‍্যাটিং।

“এই কন্ডিশন আমাদের চেনা। আপনি এক দিনে বা দুই দিনে নেতা হতে পারবেন না। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে আমি খুশি।”

আগে ব‍্যাটিংয়ে আপত্তি নেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর।

“আগে ব‍্যাটিং করছি না বোলিং করছি তা কোনো ব‍্যাপার নয়। জয় আত্মবিশ্বাস যোগায়, তবে এটা নতুন একটি টেস্ট ম‍্যাচ… নতুন বল ব‍্যাটসম‍্যানের জন‍্য বেশ চ‍্যালেঞ্জিং হবে। রান করলে সেটা আত্মবিশ্বাস যোগাবে। তবে এটা নতুন কন্ডিশন, এর সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে।”

28 Jun 2026, 01:10 PM

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মাঝে বাংলাদেশের টেস্ট

সারা পৃথিবী বুঁদ হয়ে আছে বিশ্বকাপ ফুটবলে। গ্রুপ পর্ব শেষে শুরু হচ্ছে প্রবল স্নায়ু চাপে নকআউট পর্ব। এই সময়ে জিম্বাবুয়েতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় শুরু হবে টেস্ট ম্যাচটি।

পাঁচ বছর পর জিম্বাবুয়েতে টেস্ট খেলবে বাংলাদেশ। 

সম্প্রতি লাল বলে যেভাবে আলো ছড়িয়েছে বাংলাদেশ, তাতে দলের সবার মধ্যে আছে বাড়তি আত্মবিশ্বাস। সেই জেরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা দেখার অপেক্ষায় সবাই।

এই ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ফলে নিয়মিত বেশ কয়েকজনকে বিশ্রামে রেখে নতুনদের পরখ করে দেখার সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ।

28 Jun 2026, 01:00 PM

লাইভ ব্লগে স্বাগত

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের প্রথম দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত