- লাইভ ব্লগের সমাপ্তি
- শেষের দুই উইকেটে বাংলাদেশের স্বস্তি
- হাসানকে দ্রুত ফেরালেন তাইজুল
- তাইজুলের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড সালমান
- দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ
- সালমান-রিজওয়ানের জুটিতে একশ
- দায়িত্বশীল ব্যাটিংয়ে রিজওয়ানের পঞ্চাশ
- সালমান-রিজওয়ানের জুটিতে পঞ্চাশ
- বাংলাদেশের আরেকটি ভালো সেশন
- জয়ের অসাধারণ ক্যাচ
- শাকিলকে দ্রুত ফেরালেন নাহিদ
- বাবরকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল
- দায়িত্বশীল ব্যাটিংয়ে মাসুদের পঞ্চাশ
- দুই প্রান্তেই স্পিন
- প্রথম সেশনে দুই ওপেনারের উইকেট
- মাসুদ-বাবরের জুটিতে পঞ্চাশ
- আম্পায়ার্স কলে ফিরলেন আজান
- একটুর জন্য বাঁচলেন মাসুদ
- প্রথম আঘাত নাহিদের
- পেসারদের দিয়ে উইকেটের সন্ধানে বাংলাদেশ
- বাংলাদেশের চাই ১০ উইকেট, পাকিস্তানের ৪৩৭ রান
- লাইভ ব্লগে স্বাগত
19 May 2026, 05:41 PM
লাইভ ব্লগের সমাপ্তি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
19 May 2026, 05:37 PM
শেষের দুই উইকেটে বাংলাদেশের স্বস্তি
সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ানের জমে যাওয়া জুটি ভেঙে বাংলাদেশ দলে স্বস্তি ফিরিয়েছেন তাইজুল ইসলাম। পরে হাসান আলিকে ফিরিয়ে দলকে চালকের আসনে ফিরিয়েছেন অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনার।
চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানের রান ৭ উইকেটে ৩১৬। ১৩৪ বলে আট চারে ৭৫ রানে ব্যাট করছেন রিজওয়ান। ৯ বলে দুই চারে আট রানে খেলছেন সাজিদ খান।
জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে ১২১ রান চাই পাকিস্তানের। বাংলাদেশের প্রয়োজন শেষ তিন উইকেট।
শান মাসুদ ও বাবর আজমের ৯২ এবং রিজওয়ান ও সালমানের ১৩৪ রানের দুটি জুটির সৌজন্যে লড়াইয়ে টিকে আছে।
একটা সময় বাংলাদেশকে বেশ চাপেও ফেলে দিয়েছিল তারা। তবে দ্বিতীয় নতুন বলে দুটি উইকেট নিয়ে সফরকারীদের ফের চাপে ফেলে দিয়েছেন তাইজুল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩৭) ৮৬ ওভারে ৩১৬/৭ (আজান ২১, ফাজাল ৬, মাসুদ ৭১, বাবর ৪৭, শাকিল ৬, সালমান ৭১, রিজওয়ান ৭৫*, হাসান ০, সাজিদ ৮*; তাসকিন ৯-১-৪১-০, শরিফুল ১১-৩-২৯-০, নাহিদ ১৪-২-৫৮-২, মিরাজ ২০-১-৬২-১, তাইজুল ৩১-৩-১১৩-৪, মুমিনুল ১-০-৩-০)
19 May 2026, 05:22 PM
হাসানকে দ্রুত ফেরালেন তাইজুল
ওভারের প্রথম বলে সিঙ্গেল নিলেন মোহাম্মদ রিজওয়ান। সুযোগ দারুণভাবে কাজে লাগালেন তাইজুল ইসলাম। চমৎকার ডেলিভারিতে হাসান আলির উইকেট নিলেন বাঁহাতি এই স্পিনার।
অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন হাসান। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় প্রথম স্লিপে, সেখানে কোনো ভুল করেননি নাজমুল হোসেন শান্ত।
৮৪ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ৩১২। ক্রিজে রিজওয়ানের সঙ্গী সাজিদ খান।
জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১২৫ রান।
19 May 2026, 05:14 PM
তাইজুলের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড সালমান
দ্বিতীয় নতুন বলের দ্বিতীয় ওভারে মিলল সাফল্য। দুর্দান্ত ডেলিভারিতে সালমান আলি আগাকে বোল্ড করে পাকিস্তানের প্রতিরোধ ভাঙলেন তাইজুল ইসলাম।
আগের বল টার্ন করেছিল, সালমান ভেবেছিলেন এই বল টার্নও করবে। কিন্তু তাইজুলের আর্ম বল টার্ন না করে ব্যাট ও প্যাডের ফাঁক গলে সোজা ছোবল দিল স্টাম্পে। ভাঙল ২২৪ বল স্থায়ী ১৩৪ রানের জুটি।
১০২ বলে এক ছক্কা ও ছয় চারে ৭১ রান করেন সালমান। আউট হয়ে ক্ষিপ্ত সালমান মাঠের বাইরে গিয়ে ব্যাট দিয়ে সজোরে বাড়ি মারেন বিজ্ঞাপনী বোর্ডে।
৮২ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ২৯৬। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী হাসান আলি।
19 May 2026, 05:05 PM
দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ
৮১তম ওভারের প্রথম দুটি বল পুরনো বল দিয়ে করলেন শরিফুল ইসলাম। এরপরেই দ্বিতীয় নতুন বল নিলেন নাজমুল হোসেন শান্ত।
প্রথম বলে কাভার দিয়ে বাউন্ডারি মারলেন সালমান আলি আগা।
৮১ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ২৯০। ৬৬ রানে ব্যাট করছেন সালমান। ৬৪ রানে খেলছেন রিজওয়ান।
19 May 2026, 04:41 PM
সালমান-রিজওয়ানের জুটিতে একশ
ষষ্ঠ উইকেটে প্রবল প্রতিরোধ গড়েছেন সালমান আলি আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের বন্ধন একশ ছুঁয়েছে ১৬৭ বলে।
শতরানের জুটি পরের বলেই ভাঙতে বসেছিল। একটুর জন্য রান আউট হননি সালমান।
তাইজুল ইসলামের পরের ওভারে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন সালমান, ৭৪ বলে।
৭৪ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ২৭১। জয়ের জন্য আরও ১৬৬ রান চাই তাদের।
19 May 2026, 04:26 PM
দায়িত্বশীল ব্যাটিংয়ে রিজওয়ানের পঞ্চাশ
প্রবল চাপে থাকা মোহাম্মদ রিজওয়ান পেয়েছেন পঞ্চাশের দেখা, ৬৭ বলে। তাইজুল ইসলামের বলে সুইপ করে চার মেরে পঞ্চাশ স্পর্শ করেছেন তিনি।
সালমান আলি আগার সঙ্গে চমৎকার জুটি গড়েছেন রিজওয়ান। তাদের জুটিতে আড়াইশ ছাড়িয়েছে পাকিস্তানের রান।
৭০ ওভারে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৩। ৯০ বলে সাত চারে ৫১ রানে খেলছেন রিজওয়ান। ৬৭ বলে এক ছক্কা ও চারটি চারে ৪২ রানে ব্যাট করছেন সালমান।
পাকিস্তানের প্রয়োজন আরও ১৮৪ রান।
19 May 2026, 03:23 PM
সালমান-রিজওয়ানের জুটিতে পঞ্চাশ
তাইজুল ইসলামের বলে চার মারলেন সালমান আলি আগা। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার জুটি স্পর্শ করল পঞ্চাশ, ৭০ বলে।
পাকিস্তানের বিশেষজ্ঞ ব্যাটসম্যানের শেষ জুটিতে রান আসছে বেশ দ্রুত। এই জুটি ভাঙতে বেশ চেষ্টা করছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৫৭ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ২১৬। ৪৩ বলে সালমানের রান ৩৪। রিজওয়ানের রান ৩৪ বলে ২২।
19 May 2026, 02:53 PM
বাংলাদেশের আরেকটি ভালো সেশন
জমে যাওয়া জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। বিদায় করেছেন থিতু হয়ে যাওয়া দুই ব্যাটম্যান বাবর আজম ও শান মাসুদকে। সাউদ শাকিলকে দ্রুত ফিরিয়েছেন নাহিদ রানা। আরেকটি ভালো সেশনে তিনটি উইকেট পেয়েছে বাংলাদেশ।
চা-বিরতিতে যাওয়ার সময় পাকিস্তানের রান ৫ উইকেটে ২০০। ২৭ বলে এক ছক্কা ও তিন চারে ২৫ রানে খেলছেন সালমান আলি আগা। ২৬ বলে দুই চারে ১৫ রানে ব্যাট করছেন মোহাম্মদ রিজওয়ান।
কয়েকবার অল্পের জন্য ব্যাটের কানা নেয়নি বল। ব্যাটের কানায় লেগে একটুর জন্য স্টাম্পে যায়নি বল। সালমান ও রিজওয়ানের জুটিতে ৫১ বলে এসেছে ৩৮ রান।
পাকিস্তানের চাই আর ২৩৭ রান, বাংলাদেশের পাঁচ উইকেট।
19 May 2026, 02:13 PM
জয়ের অসাধারণ ক্যাচ
শর্ট লেগে নিচু হয়ে হাত পেতেই রেখেছিলেন মাহমুদুল হাসান জয়। শান মাসুদের ব্যাট ছুঁয়ে বল আসতেই মুঠোয় পুরে ফেললেন তিনি। হেলমেট ছুঁড়ে ফেলে দিলেন দৌড়।
ক্রিজে তখন বিস্ময়ে হতবাক পাকিস্তান অধিনায়ক। তিনি ভাবতেই পারেননি এই ক্যাচ ধরে ফেলতে পারেন কেউ।
তাইজুল ইসলামের বল লেগে খেলতে চেয়েছিলেন মাসুদ। বাড়তি বাউন্সের জন্য যেখানে পাঠাতে চেয়েছিলেন, সেখানে পারেননি তিনি। উল্টো বল চলে যায় জয়ের হাতে।
১১৬ বলে আট চারে ৭১ রান করেন মাসুদ।
৪৫ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৬২। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।
19 May 2026, 02:03 PM
শাকিলকে দ্রুত ফেরালেন নাহিদ
যেন প্রথম টেস্টের আউটের পুনরাবৃত্তি করলেন নাহিদ রানা। প্রায় একই ধরনের ডেলিভারিতে সাউদ শাকিলকে কট বিহাইন্ড করে দিলেন তিনি।
নাহিদের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে দেন শাকিল। পুরোপুরি বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন শাকলি, কাজ হয়নি। পাকিস্তান হারায় প্রথম রিভিউ। ভাঙে ৫২ বল স্থায়ী ২১ রানের জুটি।
২১ বলে ৬ রান করেন শাকিল।
৪৪ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ১৫৬। ক্রিজে শান মাসুদের সঙ্গী সালমান আলি আগা।
19 May 2026, 01:23 PM
বাবরকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাইজুল
বেশ রান দিচ্ছিলেন তাইজুল ইসলাম, ভুগছিলেন লাইন ও লেংথ পেতে। তবুও তাকেই আক্রমণে রেখে দেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত টেস্টে বাংলাদেশের সফলতম বোলারের হাত ধরেই এলো সাফল্য।
তাইজুলের লেগ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি বাবর আজম। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ক্যাচ নিয়ে উদযাপনের দিকে যাননি উইকেটরক্ষক ডানা মেলে যেন উড়তে শুরু করেন তিনি।
তাইজুলের আঘাতে ভাঙল ১১৫ বল স্থায়ী ৯২ রানের জুটি।
৫২ বলে এক ছক্কা ও চারটি চারে ৪৭ রান করেন বাবর।
৩৫ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১৩৩। ক্রিজে শান মাসুদের সঙ্গী সাউদ শাকিল।
19 May 2026, 01:17 PM
দায়িত্বশীল ব্যাটিংয়ে মাসুদের পঞ্চাশ
প্রবল চাপে থাকা শান মাসুদ দায়িত্বশীল ব্যাটিংয়ে পেলেন পঞ্চাশের দেখা, ৮২ বলে।
এক প্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক। বাবর আজমের সঙ্গে গড়েছেন চমৎকার জুটি।
৩৪.৩ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১৩২। ৫০ রানে খেলছেন মাসুদ। ৪৭ রানে ব্যাট করছেন বাবর।
19 May 2026, 12:52 PM
দুই প্রান্তেই স্পিন
লাঞ্চের আগে বোলিংয়ে আসা তাইজুল ইসলামকে আক্রমণে রেখেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আরেক প্রান্তে বোলিং করছেন মেহেদী হাসান মিরাজ।
বিরতির পর তাইজুলের প্রথম বল ছক্কায় ওড়ান বাবর আজম। ওভার থেকে আসে নয় রান।
মিরাজের পরের ওভারে দুই ব্যাটসম্যান নেন তিন রান।
২৮ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ১১৩।
19 May 2026, 12:07 PM
প্রথম সেশনে দুই ওপেনারের উইকেট
চতুর্থ দিনের প্রথম সেশনে পাকিস্তানের দুই ওপেনারকে বিদায় করেছে বাংলাদেশ। তবে জমে গেছে শান মাসুদ ও বাবর আজমের জুটি।
লাঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের রান ২৬ ওভারে ২ উইকেটে ১০১।
২৫ বলে দুই চারে ২৪ রানে ব্যাট করছেন বাবর। ৫৫ বলে ছয় চারে ৪১ রানে খেলছেন মাসুদ। তাদের জুটতে ৬০ রান এসেছে ৬১ বলে।
দিনের শুরুতে আব্দুল্লাহ ফাজালের উইকেট নেন নাহিদ রানা। পরের ঘণ্টায় আজান আওয়াইজকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
জয়ের জন্য আরও ৩৩৬ রান চাই সফরকারীদের।
19 May 2026, 11:59 AM
মাসুদ-বাবরের জুটিতে পঞ্চাশ
পাল্টা আক্রমণে পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন শান মাসুদ ও বাবর আজম। ৫১ বলে পঞ্চাশ রানের জুটি গড়েছেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান।
২৫ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৯৬।
৫১ বলে ছয় চারে ৪১ রানে ব্যাট করছেন মাসুদ। ২৩ বলে দুই চারে ২৩ রানে খেলছেন বাবর।
জয়ের জন্য এখনও ৩৪১ রান চাই সফরকারীদের।
19 May 2026, 11:20 AM
আম্পায়ার্স কলে ফিরলেন আজান
নাহিদ রানার মতো নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন মেহেদী হাসান মিরাজও। প্রথম সেশনে দুই ওপেনারের উইকেট হারাল পাকিস্তান।
অফ স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন আজান আওয়াইজ। স্পিন করে ভেতরে ঢুকে যাওয়া বল ব্যাটে খেলতে পারেননি তিনি। পায়ে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
শান মাসুদের সঙ্গে কথা বলে রিভিউ নেন আজান। হিটিং ছিল আম্পায়ার্স কল, তাই টিকে যায় রিভিউ। শুরুতে আম্পায়ার আউট দেওয়ায় ফিরে যান আজান। ভাঙে ৩৪ বল স্থায়ী ১৪ রানের জুটি।
৪৯ বলে দুই চারে ২১ রান করেন আজান।
১৬ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৪১। ক্রিজে মাসুদের সঙ্গী বাবর আজম।
19 May 2026, 11:06 AM
একটুর জন্য বাঁচলেন মাসুদ
নাহিদ রানার প্রথম চার বলে দুটি চার মারলেন শান মাসুদ। পরের বলেই ফিরে যেতে পারতেন তিনি। বেঁচে গেলেন একটুর জন্য।
ব্যাটের কানায় লেগে বল যায় দ্বিতীয় স্লিপে। সামনের দিকে ঝাঁপ দিয়ে একটুর জন্য বলের নাগাল পাননি তানজিদ হাসান।
পরের ওভারে মেহেদী হাসান মিরাজকে আক্রমণে এনেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের প্রথম ওভার মেডেন নিয়েছেন মিরাজ।
প্রথম ঘণ্টায় কেবল ১২ ওভার করতে পেরেছে বাংলাদেশ। পানি পানের বিরতির সময় পাকিস্তানের রান ১৪ ওভারে ১ উইকেটে ৩৯।
৪৫ বলে দুই চারে ১০ রানে খেলছেন আজান আওয়াইজ। ১১ বলে দুই চারে ৯ রানে ব্যাট করছেন শান মাসুদ।
এখনও ৩৯৮ রান প্রয়োজন পাকিস্তানের।
19 May 2026, 10:55 AM
প্রথম আঘাত নাহিদের
নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন নাহিদ রানা। তার চমৎকার ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন আব্দুল্লাহ ফাজাল।
অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ব্যাট পেতে দিয়েছিলেন বাঁহাতি ওপেনার। স্কয়ার দিয়ে পাঠাতে চেয়েছিলেন তিনি। কিন্তু নাহিদের গতির জন্য ঠিকঠাক খেলতে পারেননি। দ্রুত গতিতে বল যায় গালিতে। সেখানে দারুণ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।
ভাঙল ৬২ বল স্থায়ী ২৭ রানের উদ্বোধনী জুটি।
২৮ বলে এক চারে ৬ রান করেন ফাজাল।
১১ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ২৭। ক্রিজে আজান আওয়াইজের সঙ্গী শান মাসুদ।
19 May 2026, 10:29 AM
পেসারদের দিয়ে উইকেটের সন্ধানে বাংলাদেশ
চতুর্থ দিন সকালে পাকিস্তানের উদ্বোধনী জুটির ভাঙার চেষ্টায় নেমেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। শুরুতে লাইন ও লেংথে একটু অধারাবাহিক তারা। সুযোগ কাজে লাগিয়ে কিছু বাউন্ডারি পেয়েছে পাকিস্তান।
৭ ওভারে সফরকারীদের রান বিনা উইকেটে ২৫। ২৩ বলে দুই চারে ১৫ রানে ব্যাট করছেন আজান আওয়াইজ। ১৯ বলে এক চারে ৬ রানে খেলছেন আব্দুল্লাহ ফাজাল।
জয়ের জন্য আরও ৪১২ রান চাই পাকিস্তানের।
19 May 2026, 10:05 AM
বাংলাদেশের চাই ১০ উইকেট, পাকিস্তানের ৪৩৭ রান
সিলেট টেস্টে সময়ের কোনো অভাব নেই। পাকিস্তানের ১০ উইকেট নেওয়ার জন্য ১৮০ ওভার পাচ্ছে বাংলাদেশ। রান তাড়ায় বিশ্ব রেকর্ড গড়তে পাকিস্তানও পাচ্ছে দুই দিন সময়।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়।
তৃতীয় দিন শেষ বেলায় ২ ওভার ব্যাটিং করে কোনো রান করতে পারেনি পাকিস্তান। জয়ের জন্য এখনও ৪৩৭ রান চাই সফরকারীদের।
টেস্ট ক্রিকেটের প্রায় দেড় বছরের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়ায় জয়ের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের। ২০০৩ সালে অ্যান্টিগায় ৪১৮ রান তাড়ায় জিতেছিল তারা ৩ উইকেটে। পাকিস্তানকে তাই জিততে হলে রেকর্ড নতুন করে লিখতে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯০
পাকিস্তান ২য় ইনিংস: (লক্ষ্য ৪৩৭) ২ ওভারে ০/০ (আজান ০*, ফাজাল ০*; তাসকিন ১-১-০-০, শরিফুল ১-১-০-০)
19 May 2026, 09:44 AM
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিলেটে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।