২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজে ব্যাটিংয়ে বাংলাদেশের আরেকটি হার

09 Oct 2022, 01:57 PM

সংক্ষিপ্ত স্কোর: নিউ জিল্যান্ড ১৭.৫ ওভারে ১৪২/২ (বাংলাদেশ ২০ ওভারে ১৩৭/৮)

09 Oct 2022, 11:44 AM

উন্নতির তাড়না নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পেতে হয় হারের তেতো স্বাদ। গত শুক্রবার পাকিস্তানের বিপক্ষে কোনোরকম লড়াই-ই করতে পারেনি বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৬৭ রানে আটকে দিয়ে লিটন-আফিফরা হারে ২১ রানে।

ম্যাচের পর ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহানের কণ্ঠে ঝরে হতাশা। তার কথায় ফুটে ওঠে এখনও অনেক জায়গায় ঘাটতির বিষয়টি। বারবারই বলেন উন্নতি করার তাড়নার কথা।

ক্রাইস্টচার্চে রোববার আরও একবার সেই ঘাটতিগুলো পূরণের লক্ষ্য নিয়ে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় বেলা ১২টায়।

এমন উন্নতির কথা অনেক দিন ধরেই বলে আসছে বাংলাদেশ। ‘ইন্টেন্ট’ দেখানো এবং ‘ইম্প্যাক্ট’ রাখা নিয়ে এত চর্চার প্রতিফলন এখন পর্যন্ত দেখা যায়নি তাদের খেলায়। ফল নিয়ে না ভাবা দলটি চায় প্রক্রিয়া ঠিক রাখতে। কিন্তু সেখানেও তারা পারছে না নিজেদের কাজটা ঠিকঠাক করতে।

09 Oct 2022, 11:53 AM

Image

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

কয়েন উপরের দিকে ছুঁড়লেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ অধিনায়ক ডাকলেন টেইলস, কিন্তু উঠলো হেডস। টস ভাগ্য সঙ্গী হলো না বাংলাদেশের। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন উইলিয়ামসন।

09 Oct 2022, 11:54 AM

বাংলাদেশ একাদশে ৩ পরিবর্তন

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে না খেলা অধিনায়ক সাকিব আল হাসান অনুমতিভাবে ফিরলেন দলে। সঙ্গে একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলাম।

ব্যাটিং ব্যর্থতায় বাদ পড়েছেন সাব্বির রহমান। সবশেষ চার টি-টোয়েন্টিতে তার রান যথাক্রমে ১৪, ১২, ০ ও ৫। টপ অর্ডার এই ব্যাটসম্যানের জায়গায় একাদশে ডাকা হয়েছে শান্তকে।

শান্ত সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন হারারেতে, জিম্বাবুয়ের বিপক্ষে। ২০১৯ সালে এই সংস্করণে অভিষেক হওয়া এই টপ অর্ডার ব্যাটসম্যান এখন পর্যন্ত খেলেছেন ৯ ম্যাচ। খুব একটা ভালো করতে পারেননি। ১৮.৫০ গড় ও ১০৪.২২ স্ট্রাইক রেটে তার রান ১৪৮।

পাকিস্তানের বিপক্ষে অকাতরে রান দেওয়া মুস্তাফিজুর রহমানকে রাখা হয়নি একাদশে। ওই ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি বাঁহাতি এই পেসার।

তার জায়গায় এসেছেন শরিফুল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সবশেষ সিরিজে খেলেছিলেন বাঁহাতি এই পেসার। সাকিব ফেরায় বাদ পড়েছেন নাসুম আহেমদ।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ।

09 Oct 2022, 12:10 PM

নিউ জিল্যান্ড একাদশে পরিবর্তন একটি

পাকিস্তান ম্যাচের একাদশ থেকে বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য একটি পরিবর্তন এনেছে নিউ জিল্যান্ড। একাদশে ফিরেছেন পেসার অ্যাডাম মিল্ন। বাদ পড়েছেন ব্লেয়ার টিকনার।

নিউ জিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মাইকেল ব্রেসওয়েল, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিল্ন।

09 Oct 2022, 12:26 PM

শুরুতেই শেষ মিরাজ

এক বল আগেই ফিল্ডারের চোখে সূর্যের আলো পড়ায় জীবন পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। ফিরলেন মিডঅনে সহজ ক্যাচ দিতে।

টিম সাউদির করা দ্বিতীয় বলে কাভার দিয়ে মেরে অল্পের জন্য ক্যাচ আউট হতে হতে বেঁচে যান মিরাজ। সূর্যের আলো চোখে পড়ায় বলই দেখেননি ফিল্ডার। মিরাজ পান বাউন্ডারি।

এক বল পর উইকেট ছেড়ে বেরিয়ে এসে তুলে মারতে চেষ্টা করেন তিনি। কিন্তু ব্যাট-বলে করতে পারেননি। মিডঅনে অ্যাডাম মিল্নের হাতে ধরা পড়ে বিদায় নেন ৫ বলে ৫ রান করে।

উইকেটে নাজমুল হাসান শান্তর সঙ্গে নতুন ব্যাটসম্যান লিটন দাস। ২ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৪।

09 Oct 2022, 12:28 PM

জীবন পেলেন লিটন

শূন্য রানেই ফিরতে পারতেন লিটন দাস। কিন্তু তার ক্যাচ মুঠোয় জমাতে পারলেন না কাভারে জিমি নিশাম। জীবন পেলেন তিনি।

ট্রেন্ট বোল্টের করা তৃতীয় ওভারের শেষ বলটি কাভার ড্রাইভ করে মাটিতে রাখতে পারেননি লিটন। উড়ে যাওয়া বল ধরে ঝাঁপিয়ে পড়ে ধরতে পারেননি নিশাম।

৩ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯।

09 Oct 2022, 12:50 PM

পাওয়ার প্লেতে 'পাওয়ার' নেই

পাওয়ার প্লে খুব একটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৬ ওভারে তারা তুলছে ১ উইকেট হারিয়ে ৪১ রান। ২২ বলে ২৬ রান নিয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত। লিটন দাসের রান ৯ বলে ৯।

দ্বিতীয় ওভারে প্রথম বাউন্ডারি পায় বাংলাদেশ। তাও ভাগ্য সহায় হওয়ায়। মেহেদী হাসান মিরাজের ক্যাচ সূর্যের আলো চোখে পড়ায় বলই দেখেননি ফিল্ডার। জীবন পান মিরাজ। যদিও সেটা কাজে লাগাতে পারেননি তিনি। এক বল পরই ফেরেন মিডঅনে সহজ ক্যাচ দিয়ে।

পরের ওভারে লিটনও বেঁচে যান কাভারে জিমি নিশাম ক্যাচ ছাড়ায়। পাওয়ার প্লের শেষ ওভারে শান্ত ও লিটন দুইজন টিম সাউদিকে মারেন দুটি চার। প্রথম ছয় ওভারে মোট পাঁচটি বাউন্ডারি পায় বাংলাদেশ।

09 Oct 2022, 12:50 PM

আরেকবার জীবন পেলেন লিটন

প্রথম ক্যাচ দিয়ে, এবার রান আউট হতে হতে বাঁচলেন লিটন দাস। ১৩ রানে খেলছিলেন তখন তিনি।

জিমি নিশামের লেংথ বল অফ সাইডে ঠেলে সিঙ্গেলের জন্য দৌড় দেন তিনি। মার্টিন গাপটিল বল নিয়ে আস্তে করে মারেন স্টাম্পে। তখনও ক্রিজ থেকে বেশ বাইরে লিটন। কিন্তু বল স্টাম্পে না লাগায় বেছে না তিনি।

৭ ওভার শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৫৩। লিটন খেলছেন ১৫ রানে, শান্ত ৩১।

09 Oct 2022, 12:55 PM

দুবার বেঁচে গিয়েও টিকতে পারলেন না লিটন

বারবার জীবন পাওয়া লিটন এবার আর বাঁচতে পারলেন না ফিরলেন বোলারকে ফিরতি ক্যাচ দিয়ে।

প্রথমবার আক্রমণে এসেই দলকে সাফল্য এনে দিলেন মাইকেল ব্রেসওয়েল। অষ্টম ওভারের তৃতীয় বলটি উইকেট ছেড়ে বেরিয়ে এসে জোরের ওপর খেলেন লিটন। কিন্তু ব্যাটে-বলে করতে পারেননি ঠিকঠাক।

সরাসরি বল যায় বোলারের দিকে। সামান্য লাফিয়ে বল মুঠোয় জমান ব্রেসওয়েল। ২ চারে ১৬ বলে ১৫ রান করে বিদায় নেন লিটন। ভাঙে নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার ৪১ রানের জুটি।

৪ চারে ২৬ বলে ৩১ রানে খেলছেন শান্ত। নতুন ব্যাটসম্যান আফিফ হোসেন।

৮ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৪।

09 Oct 2022, 12:59 PM

শেষ হলো শান্তর লড়াই

বাংলাদেশের ইনিংস টানছিলেন নাজমুল হোসেন শান্ত। এই ওপেনারকেও এবার হারাল তারা। ৪টি চারে ২৯ বলে ৩৩ রান করে আউট হলেন দলে ফেরা বাঁহাতি ব্যাটসম্যান।

ইশ সোধিকে বেরিয়ে এসে উড়িয়ে মারেন শান্ত। কিন্তু সীমানা পার করতে পারেননি। ধরা পড়েন লং অফে ফিল্ডার মার্ক চ্যাপম্যানের হাতে।

পরপর দুই ওভারে উইকেট হারাল বাংলাদেশ। ৯ ওভার শেষে তাদের রান ৩ উইকেটে ৫৯।

উইকেটে আফিফ হোসেনের সঙ্গী মোসাদ্দেক হোসেন।

09 Oct 2022, 01:01 PM

সোধির ১০০

নিউ জিল্যান্ডের দ্বিতীয় ওভার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট নিলেন ইশ সোধি। নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে এই কীর্তি গড়লে এই লেগ স্পিনার।

কিউইদের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট টিম সাউদির। এই পেসার এখন পর্যন্ত নিয়েছেন ১১৬ উইকেট।

সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশ উইকেট নেওয়া পঞ্চম বোলার সোধি। সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসানের ১২২টি।

09 Oct 2022, 01:05 PM

আফিফের সহজ ক্যাচ ফেললেন মিল্ন

আরেকটি উইকেট পেতে পারতেন ইশ সোধি। কিন্তু ফাইন লেগে আফিফ হোসেনের সহজ ক্যাচ ফেলে দেন অ্যাডাম মিল্ন।

সোধিকে হাঁটু গেড়ে মারেন আফিফ। কিন্তু বলে ঠিক মতো কানেক্ট করতে পারেননি তিনি। ক্যাচ যায় ফিল্ডারের হাতে। তা ফেলে দিয়ে আফিফকে ৮ রানে জীবন দেন মিল্ন।

09 Oct 2022, 01:10 PM

টিকলেন না মোসাদ্দেক

দ্রুত ২ উইকেট হারানো দলকে টানতে পারলেন না মোসাদ্দেক হোসেন। ফিরলেন বাংলাদেশকে আরও বিপদে ফেলে।

আফিফ হোসেন জীবন পাওয়ার পরের বলেই বিদায় নিলেন তিনি। একাদশ ওভারে ইশ সোধিকে বেরিয়ে এসে খেলার চেষ্টায় শর্ট মিডউইকেট কেন উইলিয়ামসনের হাতে সহজ ক্যাচ দেন ৪ বলে ২ রান করা মোসাদ্দেক।

১২ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭০। আফিফ খেলছেন ১১ রানে। নতুন ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরির রান ১।

09 Oct 2022, 01:18 PM

এবার ফিরলেন ইয়াসির

একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। এবার বিদায় নিলেন আগের ম্যাচে দারুণ খেলা ইয়াসির আলি চৌধুরি।

মাইকেল ব্রেসওয়েলকে আগের বলেই কাট শটে বাউন্ডারি মারেন ইয়াসির। পরের বলটি ছক্কায় ওড়ানোর চেষ্টা করেন তিনি। কিন্তু মাঝ ব্যাটে খেলতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। মিডউইকেটে ধরা পড়েন অ্যাডাম মিল্নের হাতে।

পাকিস্তানের বিপক্ষে ২১ বলে ৪২ রান করা ইয়াসির আউট হলেন ১ চারে ৯ বলে স্রেফ ৭ রান করে।

১৪ ওভার শেষে বাংলাদেশের রান ৫ উইকেটে ৮০। উইকেটে আফিফ হোসেনের সঙ্গে নতুন ব্যাটসম্যান দলে ফেরা সাকিব আল হাসান।

09 Oct 2022, 01:23 PM

৭ নম্বরে সাকিব

টি-টোয়েন্টিতে ৭ নম্বরে ব্যাটিং করতে খুব একটা দেখা যায় না সাকিব আল হাসানকে। কিন্তু তিনি নামলেন এই পজিশনে।

এই নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে স্রেফ ৩ বার সাতে ব্যাটিং করছেন সাকিব। আগের দুই বার ছিল ২০১৮ সালে।  কলম্বোতে নিদাহাস ট্রফিতে।

সাতে নেমে যে খুব সফল তা নয়। আগের দুই ম্যাচে রান করতে পেরেছেন মাত্র ১৪। দুই ম্যাচে ৭ রান করে।

09 Oct 2022, 01:28 PM

বাংলাদেশের ১০০

নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ সপ্তদশ ওভারে এসে স্পর্শ করল দলীয় ১০০ রান। লাগল ৯৯ বল!

09 Oct 2022, 01:32 PM

বোল্টের বলে বোল্ড আফিফ

জীবন পেয়েছিলেন একবার। কিন্তু সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেননি আফিফ হোসেন। কোনো বাউন্ডারি ছাড়া ২৬ বলে ২৪ রান করে ফিরলেন তিনি ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে।

সপ্তদশ ওভারের পঞ্চম বলটি ফুল লেংথে করেন বোল্ট। স্লগ করার চেষ্টায় বলের লাইন মিস করেন আফিফ। তার ব্যাট ফাঁকি দিয়ে বল ছোবল দেয় স্টাম্পে।

১৭ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১০২। ১২ বলে ১১ রানে খেলছেন দলে ফেরা অধিনায়ক সাকিব আল হাসান। উইকেটে তার সঙ্গী সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

09 Oct 2022, 01:40 PM

ফিরলেন সাকিব

দলে ফিরে ব্যাট হাতে তেমন প্রভাব রাখতে পারলেন না সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক ফিরলেন ১ চারে ১৬ বলে ১৬ রান করে।

১৮তম ওভারে টিম সাউদির স্লোয়ার অফ কাটার বলটি উড়িয়ে মারতে চেয়েছিলেন সাকিব। কিন্তু বলে গতি না থাকায় ব্যাট-বলে হয়নি ঠিকঠাক। এক্সট্রা কাভারে সহজ ক্যাচ নেন দলটি ফিল্ডার মার্টিন গাপটিল।

১৮ ওভার শেষে বাংলাদেশের রান ৭ উইকেটে ১১০। নুরুল হাসান সোহান খেলছেন ৩ রানে। নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ।

09 Oct 2022, 02:12 PM

ব্যর্থতার বৃত্তেই বন্দি বাংলাদেশের ব্যাটিং

আরও একবার হতাশাময় ব্যাটিং করল বাংলাদেশ। সুযোগ পেয়ে তা কিছুটা কাজে লাগালেন নাজমুল হোসেন শান্ত। মাঝে দলকে কিছুক্ষণ টানলেন আফিফ হোসেন। শেষ দিকে ছোটোখাটো ক্যামিও খেললেন নুরুল হাসান সোহান।

ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচ নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ করতে পারল ৮ উইকেটে ১৩৭ রান।

৪ চারে ওপেনার শান্ত করেন ২৯ বলে ৩৩ রান। চারে নামা আফিফ ২৪ রান করতে খেলেন ২৬ বল। মারতে পারেননি কোনো বাউন্ডারি। দলে ফেরা সাকিব আল হাসানও রাখতে পারেননি অবদান।

শেষ দিকে ২ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সহ-অধিনায়ক সোহান।

নিউ জিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন মাইকেল ব্রেসওয়েল। ৪ ওভারে স্রেফ ১৪ রান দিয়ে নেন ২ উইকেট। দুটি করে প্রাপ্তি ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ইশ সোধিরও।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৭/৮ (শান্ত ৩৩, মিরাজ ৫, লিটন ১৫, আফিফ ২৪, মোসাদ্দেক ২, ইয়াসির ৭, সাকিব ১৬, সোহান ২৫*, তাসকিন ৩, হাসান ১*; বোল্ট ৪-০-২৫-২, সাউদি ৪-০-৩৪-২, মিল্ন ২-০-১২-০, নিশাম ১-০-১২-০, ব্রেসওয়েল ৪-০-১৪-২, সোধি ৪-০-৩১-২, ফিলিপস ১-০-৮-০)

09 Oct 2022, 02:08 PM

রান তাড়ায় প্রথম ওভারে কিউদের ১০

ব্যাটিংয়ের পর বোলিংয়েও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই ১০ রান করল নিউ জিল্যান্ড।

প্রথম বলটি ডট দেওয়া তাসকিনের দ্বিতীয় বল থেকে আসে ৩ রান। পরের বলটি তিনি করেন ওয়াইড, সঙ্গে সিঙ্গেল হয় একটি। চতুর্থ বলে এই পেসারকে ফাইন লেগ দিয়ে চার মারেন ফিন অ্যালেন।

অ্যালেন খেলছেন ৭ চারে। ডেভন কনওয়ে এখনও খুলতে পারেননি রানের খাতা।

09 Oct 2022, 02:22 PM

অ্যালেনকে ফেরালেন শরিফুল

মুস্তাফিজুর রহমান আগের ম্যাচে বাজে বোলিং না করলে হয়তো নিউ জিল্যান্ডের বিপক্ষে সুযোগ পেতেন না শরিফুল ইসলাম। এসেই দলে প্রভাব রাখলেন তিনি। তার হাত ধরেই প্রথম সাফল্য পেল বাংলাদেশ।

চতুর্থ ওভারের চতুর্থ বলটি পায়ের ওপর করেন শরিফুল। দারুণ ফ্লিক শটে স্কয়ার লেগ দিয়ে গ্যালারিতে ফেলেন ফিন অ্যালেন। এক বল পর শরিফুলের শর্ট বলে পুল করে সেই স্কয়ার লেগ বাউন্ডারিতে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন কিউই ওপেনার।

একটি করে ছক্কা-চারে ১৮ বলে ১৬ রান করে ফিরলেন অ্যালেন। ৪ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ২৪।

ডেভন কনওয়ে খেলছেন ৫ চারে। উইকেটে তার সঙ্গী অধিনায়ক কেন উইলিয়ামসন।

09 Oct 2022, 02:30 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশের এক শিকার

বোলিংয়ে শুরুটা ভালো না হলেও পাওয়ার প্লেতে একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। দলে ফেরা শরিফুল ইসলাম ফিরিয়েছেন অ্যালেনকে।

৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪০ রান করেছে নিউ জিল্যান্ড। ২ চারে ১২ বলে ১৫ রানে খেলছেন ডেভন কনওয়ে। ৬ বলে ৬ রান কেন উইলিয়ামসনের।

প্রথম ওভারেই ১০ রান দিয়ে বসেন তাসকিন আহমেদ। পরের দুই ওভারে শরিফুল ও হাসান মাহমুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান আসে স্রেফ ৫। অ্যালেনকে ফেরানো চতুর্থ ওভারে এক ছক্কা হজম করে ৯ রান দেন শরিফুল।

পরের ওভারে হাসানকে দুই চার মারেন কনওয়ে, আসে ১২ রান। নিজেকে গুছিয়ে নিয়ে পাওয়ার প্লের শেষ ওভারে স্রেফ ৪ রান দেন তাসকিন।

09 Oct 2022, 02:48 PM

কনওয়ে-উইলিয়ামসনের জুটির পঞ্চাশ

শুরুতে উইকেট হারানোর ধাক্কা নিউ জিল্যান্ড কাটিয়ে উঠেছে কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ের জুটিতে। একাদশ ওভারে দ্বিতীয় উইকেটে দুইজনের জুটির রান পঞ্চাশ ছুঁয়েছে, ৩৯ বলে।

জুটিতে অগ্রণী কনওয়ে করেছেন ২০ বলে ৩০ রান। উইলিয়ামসনের অবদান ১৯ বলে ২০ রান।

১১ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ১ উইকেটে ৭৭। কনওয়ে খেলছেন ৩৭ রানে, উইলিয়ামসনের ২১ রানে।

জয়ের জন্য নিউ জিল্যান্ডের চাই ৫৪ বলে ৬১ রান।

09 Oct 2022, 03:02 PM

কনওয়ের ফিফটি

শরিফুল ইসলামের ফুল লেংথ বলটি নানন্দিক এক কাভার ড্রাইভে বাউন্ডারিতে পাঠালেন ডেভন কনওয়ে। ৪৯ রানে থাকা ব্যাটসম্যান পৌঁছে গেলেন পঞ্চাশে, ৩৬ বলে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম ফিফটি করলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এই সংস্করণে সবশেষ পঞ্চাশ পেয়েছিলেন তিনি ২০২১ সালের মার্চে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেই খেলেছিলেন অপরাজিত ৯২ রানের ইনিংস।

09 Oct 2022, 03:06 PM

নিউ জিল্যান্ডের একশ

শরিফুল ইসলামের করা চতুর্দশ ওভারের শেষ বলটি আলতো হাতে লেগ সাইডে খেললেন ডেভন কনওয়ে। তাতে দলীয় শতরান স্পর্শ স্পর্শ করল দলটি, ৮৪ বলে।

স্রেফ এক উইকেট হারানো দলটিকে জয়ের দিকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ৫৭ রানে খেলছেন কনওয়ে, উইলিয়ামসনের রান ২৪। দুইজনের জুটি পঞ্চাশ ছাড়িয়ে এগিয়ে যাচ্ছে আরও।

দলের জন্য নিউ জিল্যান্ডের চাই ৩৬ বলে ৩৮ রান।

09 Oct 2022, 03:13 PM

হাসানের শিকার উইলিয়ামসন

দল যখন বড় জয়ের পথে, শেষ দিকে এসে আউট হলেন কেন উইলিয়ামসন। নিউ জিল্যান্ড অধিনায়ককে ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙলেন হাসান মাহমুদ।

পঞ্চদশ ওভারের শেষ দলটি মিডঅন দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন উইলিয়ামসন। কিন্তু ব্যাট-বলে করতে পারেননি তিনি। ধরা পড়েন মিডঅনে থাকা তাসকিন আহমেদের হাতে।

১ চারে ২৯ বলে ৩০ রান করে ফিরলেন উইলিয়ামসন। ভাঙল ডেভন কনওয়ে সঙ্গে তার ৬৬ বল স্থায়ী ৮৫ রানের জুটি।

১৬ ওভার শেষে নিউ জিল্যান্ডের রান ২ উইকেটে ১১৪। জয়ের জন্য তাদের চাই ২৪ বলে ২৪ রান।

৬১ রানে ব্যাটিং করছেন কনওয়ে। নতুন ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের রান ৪।

09 Oct 2022, 03:29 PM

৮ উইকেটের বড় হার সঙ্গী বাংলাদেশের

ব্যর্থতার বলয়ে আটকে থাকা বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এনে দিতে পারেনি লড়াই করার মতো পুঁজি। দেড়শর কম সংগ্রহ নিয়ে বোলাররাও পারেননি তেমন কিছু করে দেখাতে। ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষেও তাই হারই সঙ্গী হলো বাংলাদেশের।

ক্রাইস্টচার্চে সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের দল হারল ৮ উইকেটে। তাদের ১৩৭ রানের পুঁজি ১৩ বল বাকি থাকতেই পেরিয়ে যায় কেন উইলিয়ামসনের দল।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও ব্যাটিং ব্যর্থতায় ২১ রানে হেরেছিল বাংলাদেশ।

কিউইদের জয়ে বড় অবদান রাখেন ডেভন কনওয়ে। ৭০ রানের ইনিংস খেলেন তিনি ৫১ বলে। মারেন একটি ছক্কা ও ৭ চার। তার সঙ্গে ৮৫ রানের জুটিতে উইলিয়ামসন করেন ১ চারে ৩০ রান।

চারে নেমে দুটি করে ছক্কা-চারে ৯ বলে ২৩ রান করে দ্রুত ম্যাচের ইতি টেনে দেন গ্লেন ফিলিপস।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। ব্যাটে-বলে এদিন ব্যর্থ ছিলেন দলে ফেরা অধিনায়ক সাকিব আল হাসান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৭/৮ (শান্ত ৩৩, মিরাজ ৫, লিটন ১৫, আফিফ ২৪, মোসাদ্দেক ২, ইয়াসির ৭, সাকিব ১৬, সোহান ২৫*, তাসকিন ৩, হাসান ১*; বোল্ট ৪-০-২৫-২, সাউদি ৪-০-৩৪-২, মিল্ন ২-০-১২-০, নিশাম ১-০-১২-০, ব্রেসওয়েল ৪-০-১৪-২, সোধি ৪-০-৩১-২, ফিলিপস ১-০-৮-০)

নিউ জিল্যান্ড: ১৭.৫ ওভারে ১৪২/২ (অ্যালেন ১৬, কনওয়ে ৭০*, উইলিয়ামসন ৩০, ফিলিপস ২৩*; তাসকিন ৪-০-৩৪-০, শরিফুল ৩.৫-০-৩৯-১, হাসান ৪-০-২৬-১, মিরাজ ২-০-১২-০, সাকিব ২-০-২৩-০, মোসাদ্দেক ১-০-৭-০)