18 Oct 2025, 08:41 PM
বাংলাদেশের ৭৪ রানের জয়
তাওহিদ হৃদয়ের পঞ্চাশ ও অভিষেকে মাহিদুল ইসলামের দায়িত্বশীল ইনিংসের পরও দুইশ রানের নিচে থামার শঙ্কা জেগেছিল। শেষের ঝড়ে সেটা দূর করেন রিশাদ হোসেন।
পরে বল হাতে রাখলেন আরও বড় অবদান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে তিনিই গড়ে দিলেন ব্যবধান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ৫ উইকেট নেওয়ার পর শেষটাও নিলেন রিশাদ। ব্যর্থতার বৃত্ত ভেঙে বাংলাদেশ পেল স্বস্তির জয়।
৭৪ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
২০৮ রানের লক্ষ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৩৩ রানে গুটিয়ে দিল মেহেদী হাসান মিরাজের দল।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২০৭ (সাইফ ৩, সৌম্য ৪, শান্ত ৩২, হৃদয় ৫১, মাহিদুল ৪৬, মিরাজ ১৭, সোহান ৯, রিশাদ ২৬, তানভির ৯*, তাসকিন ০, মুস্তাফিজ ১; সিলস ৭-০-৪৮-৩, শেফার্ড ৭.৪-১-৩১-১, পিয়ের ১০-২-১৯-১, চেইস ১০-০-৩০-২, মোটি ১০-০-৪৪-০, গ্রেভস ৫-০-৩২-২)
ওয়েস্ট ইন্ডিজ: ৩৯ ওভারে ১৩৩ (কিং ৪৪, আথানেজ ২৭, কার্টি ৯, হোপ ১৫, রাদারফোর্ড ০, চেইস ৬, মোটি ৩, গ্রেভস ১২, শেফার্ড ১, পিয়ের ৭*, সিলস ৩; তাসকিন ২-১-১০-০, তানভির ১০-১-৪৬-১, মুস্তাফিজ ৫-০-১৬-২, মিরাজ ১০-৩-১৬-১, রিশাদ ৯-০-৩৫-৬, সাইফ ৩-০-৭-০)
ফল: বাংলাদেশ ৭৪ রানে জয়ী
18 Oct 2025, 08:38 PM
৬ উইকেট নিয়ে প্রথম রিশাদ
ম্যাচ জুড়ে দুর্দান্ত বোলিং উপহার দেওয়া রিশাদ হোসেন প্রতিপক্ষের শেষ উইকেটটিও নিলেন। জেডেন সিলসকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজের ষষ্ঠ শিকার ধরলেন এই লেগ স্পিনার।
৩৯তম ওভারের শেষ বলটি গুগলি করেন রিশাদ। বুঝতেই পারেননি সিলস। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে যায় স্লিপে। সেখানে বল মুঠোয় জমাতে ভুল করেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সঙ্গে সঙ্গে ৭৪ রানের জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ।
ম্যাচে ৯ ওভারে ৩৫ রান দিয়ে উইকেট নিলেন রিশাদ। ওয়ানডেতে এই প্রথম ৬ উইকেট নিতে পারলেন বাংলাদেশের কোনো স্পিনার। এই সংস্করণে আগের সেরা ছিল তাইজুল ইসলামের। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার।
১০ বলে ৩ রান করে ফেরেন সিলস। ১ চারে ১৪ বলে ৭ রান করে অপরাজিত থাকেন খ্যারি পিয়ের।
18 Oct 2025, 08:24 PM
ফের মুস্তাফিজের ছোবল
দলকে জয়ের আরেক ধাপ কাছে এগিয়ে নিলেন মুস্তাফিজুর রহমান। অনেকটা সময় ক্রিজে থাকা জাস্টিন গ্রেভসকে ফিরিয়ে দিলেন অভিজ্ঞ বাঁহাতি পেসার।
মুস্তাফিজের অফ-কাটার ডেলিভারিটি বুঝতেই পারেননি গ্রেভস। সামনের পায়ে খেলার চেষ্টায় উপরে তুলে দেন তিনি। শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ নেন সাইফ হাসান।
পরপর দুই ওভারে দুই উইকেট নিলেন মুস্তাফিজ। ১ চারে ২৩ বলে ১২ রান করে ফিরলেন গ্রেভস।
১২২ রানে নবম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। খ্যারি পিয়েরের সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান জেডেন সিলস।
18 Oct 2025, 08:19 PM
মুস্তাফিজের প্রথম শিকার শেফার্ড
পাওয়ার প্লের পর প্রথমবার আক্রমণে এসেই দলকে সাফল্য এনে দিলেন মুস্তাফিজুর রহমান। রোমারিও শেফার্ডকে টিকতে দিলেন না বাঁহাতি পেসার। পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল করল বাংলাদেশ।
মুস্তাফিজের সামান্য টেনে করা ডেলিভারিটি লেগ সাইডে খেলার চেষ্টা করলেন শেফার্ড। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি তিনি। বল তার ব্যাটে লেগে উঠে যায় উপরে। মিড-অফে সহজ ক্যাচ নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
পাওয়ার প্লেতে ৩ ওভার করে ১০ রান খরচ করে কোনো উইকেট পাননি মুস্তাফিজ। চতুর্থ ওভার করতে এসে ১ রান দিয়ে পেলেন উইকেটের স্বাদ।
২ বলে ১ রান করে ফেরেন শেফার্ড। ১২১ রানে অষ্টম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে জাস্টিন গ্রেভসের সঙ্গী খ্যারি পিয়ের।
18 Oct 2025, 08:12 PM
হোপের প্রতিরোধ ভাঙলেন তানভির
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত ধরে রেখে দলকে টানছিলেন শেই হোপ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের প্রতিরোধ ভেঙে দিলেন তানভির ইসলাম।
৩৪তম ওভারের প্রথম বল পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন হোপ। অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিটি তার গ্লাভসে হালকা লেগে জমা পড়ল কিপার নুরুল হাসান সোহানের গ্লাভসে। সঙ্গে সঙ্গে আবেদন করলেন বাংলাদেশের সবাই। আঙুল তুলতে দেরি করলেন না আম্পায়ার।
ম্যাচে নিজের শেষ ওভারে এসে উইকেটের দেখা পেলেন তানভির। বাঁহাতি স্পিনার ১০ ওভারে দিয়েছেন ৪৬ রান।
এক চারে ৩২ বলে ১৫ রান করে ফিরলেন হোপ। ১১৮ রানে সপ্তম উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিজে জাস্টিন গ্রেভসের সঙ্গী রোমারিও শেফার্ড।
18 Oct 2025, 07:53 PM
মোটিকে টিকতে দিলেন না মিরাজ
গুডাকেশ মোটিকে টিকতে দিলেন না মেহেদী হাসান মিরাজ। দারুণ এক ডেলিভারিতে বাঁহাতি ব্যাটমম্যানকে এলবিডব্লিউ করে দিলেন বাংলাদেশ অধিনায়ক।
ক্রিজের গভীরে দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন মোটি। কোনোভাবে টিকে থাকতে চাইছিলেন। কিন্তু মিরাজের সোজা ডেলিভারিরে লাইনে যেতে পারেননি। হয়ে যান এলবিডব্লিউ।
১৪ বলে ৩ রান করেন মোটি।
২৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ১০১। ক্রিজে শেই হোপের সঙ্গী জাস্টিন গ্রেভস।
18 Oct 2025, 07:37 PM
চেইসকে ফিরিয়ে রিশাদের ৫
ওয়ানডে ক্যারিয়ারে দুই উইকেটের বেশি পাননি কখনও। সেই রিশাদ হোসেন এবার পেলেন ৫ উইকেট। তার লেগ স্পিনে ঘুরে দাঁড়াল বাংলাদেশ।
রিশাদের বল কীভাবে খেলবেন তা নিয়ে দ্বিধায় খোঁচা মেরে বসেন রোস্টন চেইস। গ্লাভসে ক্যাচ নিয়ে উল্লাসে মাতেন নুরুল হাসান সোহান।
১০ বল খেলে ৬ রান করেন চেইস।
২৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৯২। ক্রিজে শেই হোপের সঙ্গী গুডাকেশ মোটি।
18 Oct 2025, 07:22 PM
রিশাদের ঘটনাবহুল ওভার
দারুণ বোলিং করে যাওয়া রিশাদ হোসেন পেলেন আরেকটি উইকেট। বিপজ্জনক ব্র্যান্ডন কিংকে বিদায় করলেন এই লেগ স্পিনার। রিভিউয়ে ব্যর্থ হওয়ার পর তিনিই পেলেন শেরফেন রাদারফোর্ডের উইকেট।
ক্যারিবিয়ান ওপেনারের ব্যাটের কানা ছুঁয়ে আসা ক্যাচ তৃতীয় চেষ্টায় গ্লাভসে জমান নুরুল হাসান সোহান।
৬০ বলে এক ছক্কা ও পাঁচটি চারে ৪৪ রান করেন কিং।
এক বল পর নতুন ব্যাটসম্যান রাদারফোর্ডের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ। হারায় নিজেদের প্রথম রিভিউ। স্টাম্প মিস করত বল।
পরের বলেই মিলে বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যানের উইকেট। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। উইকেটের পেছনে কোনো ভুল করেননি সোহান।
২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৮৫। চারটি উইকেটই নিয়েছেন রিশাদ।
ক্রিজে শেই হোপের সঙ্গী রোস্টন চেইস।
18 Oct 2025, 07:15 PM
কার্টিকে ফেরালেন রিশাদ
যেখানে জীবন পেয়েছিলেন সেই স্লিপেই ক্যাচ দিয়ে ফিরলেন কেসি কার্টি। রিশাদ হোসেনের বলে সহজ ক্যাচ নিলেন সাইফ হাসান।
লেগ স্পিনারের বলে বড় শট খেলতে চেয়েছিলেন কার্টি। কিন্তু স্পিনের জন্য পারেননি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় প্রথম স্লিপে। এবার কোনো ভুল করেননি সাইফ।
৩০ বলে ৯ রান করেন কার্টি। ইনিংসে নেই কোনো বাউন্ডারি।
২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৭৯। ক্রিজে ব্র্যান্ডন কিংয়ের সঙ্গী অধিনায়ক শেই হোপ।
18 Oct 2025, 06:51 PM
জীবন পেলেন কার্টি
আরেকটি সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ। তানভির ইসলামের বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন কেসি কার্টি। ডাইভ দিলেও তার কঠিন ক্যাচ নিতে পারলেন না সাইফ হাসান।
সে সময় ৩ রানে ছিলেন কার্টি।
এর আগে রিশাদ হোসেনের বলে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে বেঁচে যান ব্র্যান্ডন কিং।
১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৬৮।
18 Oct 2025, 06:46 PM
একটুর জন্য বাঁচলেন কিং
তানভির ইসলামের বলে একটুর জন্য বেঁচে গেলেন ব্র্যান্ডন কিং। একটুর জন্য স্টাম্পড হলেন না তিনি।
বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন কিং। বলের লাইনে যেতে পারেননি, পা লাইন ছেড়ে বেরিয়ে যায় একটু।
বল গ্লাভসে জমিয়েই বেলস ফেলে দেন নুরুল হাসান সোহান। নিশ্চিত হওয়া যাচ্ছিল না, কিংয়ের পা লাইনের ভেতরে এসেছে কি না। তবে শেষ পর্যন্ত ব্যাটসম্যানের পক্ষেই রায় দেন তৃতীয় আম্পায়ার।
১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৫৯।
18 Oct 2025, 06:43 PM
শুরুর জুটি ভাঙলেন রিশাদ
বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই সাফল্য পেলেন রিশাদ হোসেন। লেগ স্পিনারের ডেলিভারির লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে গেলেন আলিক আথানেজ।
বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি ওপেনার। আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন তিনি। তবে কাজ হয়নি। বল লাগতো লেগ-মিডল স্টাম্পে। ভাঙে ৭২ বল স্থায়ী ৫১ রানের জুটি।
৩৬ বলে তিন চার ও এক ছক্কায় ২৭ রান করেন আথানেজ। তার বিদায়ের সঙ্গে একটি রিভিউ হারায় ওয়েস্ট ইন্ডিজ।
১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৫১। ক্রিজে ব্র্যান্ডন কিংয়ের সঙ্গী কেসি কার্টি।
18 Oct 2025, 06:38 PM
শুরুর জুটিতে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চাশ
দায়িত্বশীল ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টানছেন ব্র্যান্ডন কিং ও আলিক আথানেজ।
৬৭ বলে তাদের জুটিতে এসেছে পঞ্চাশ।
দ্বাদশ ওভারে আক্রমণে এসেছেন রিশাদ হোসেন। তার প্রথম বলে আলিক আথানেজের সিঙ্গেলে জুটির রান যায় পঞ্চাশে।
এক বল পর একটুর জন্য নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েননি কিং। হাত ছোঁয়াতে পারলেও কঠিন ক্যাচ নিতে পারেননি শান্ত।
১১.৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৫০।
18 Oct 2025, 06:29 PM
পাওয়ার প্লেতে উইকেটশূন্য বাংলাদেশ
উইকেটে বেশ সহায়তা থাকলেও পাওয়ার প্লেতে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৪৫। ২৯ বলে এক ছক্কা ও দুই চারে ২০ রানে ব্যাট করছেন ব্র্যান্ডন কিং। ৩১ বলে এক ছক্কা ও তিন চারে আলিক আথানেজের রান ২৪।
২ ওভারেই ২৮ রান নেওয়ার পর দেখেশুনে খেলছেন দুই ওপেনার। বাকি আট ওভার থেকে এসেছে কেবল ১৭ রান।
18 Oct 2025, 06:03 PM
২ ওভারে ২৮!
প্রথম ২ ওভার মেডেন খেলার পর ২ ওভারে ২৮ রান নিলেন দুই ক্যারিয়ার ওপেনার।
শুরুটা করলেন ব্র্যান্ডন কিং। তাসকিন আহমেদকে চারের পর মারলেন ছক্কা লং অন দিয়ে।
পরের ওভারে বাঁহাতি স্পিনার তানভির ইসলামের ওভারে তিন চারের সঙ্গে একটি ছক্কা মারলেন আলিক আথানেজ। ছোট রান তাড়ায় উড়ান্ত সূচনা পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
18 Oct 2025, 05:57 PM
জোড়া মেডেনে বোলিং শুরু বাংলাদেশ
প্রথম দুই ওভার মেডেন নিয়ে বোলিং শুরু করল বাংলাদেশ।
ইনিংসের প্রথম ওভারে ব্র্যান্ডন কিংকে কোনো রান দিলেন না তাসকিন আহমেদ। পরের ওভার মেডেন নিলেন তানভির ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বোলিংয়ে কোনো রান নিতে পারলেন না আলিক আথানেজ। জোরাল কিছু এলবিডব্লিউর আবেদন হল এই ওভারে।
২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে শূন্য।
18 Oct 2025, 05:24 PM
২০৭ রানে থামল বাংলাদেশ
পুরো ৫০ ওভার খেলতে পারল না বাংলাদেশ। দুই রানের চেষ্টায় মুস্তাফিজুর রহমান রান আউট হয়ে গেলে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস।
৪৯.৪ ওভারে বাংলাদেশ করল ২০৭ রান।
ছক্কায় দলকে দুইশ রানে নেওয়া তানভির ইসলাম ৪ বলে অপরাজিত থাকেন ৯ রানে।
২ বলে ১ রান করে ফেরেন মুস্তাফিজ। খ্যারি পিয়েরের গতিময় থ্রোয়ে রান আউট হন তিনি।
শেষ ৫ ওভারে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তবে এই সময়ে তারা তুলেছে ৪৭ রান। শেষের এই ঝড়েই বাংলাদেশের সংগ্রহ দুইশ ছাড়ায়।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২০৭ (সাইফ ৩, সৌম্য ৪, শান্ত ৩২, হৃদয় ৫১, মাহিদুল ৪৬, মিরাজ ১৭, সোহান ৯, রিশাদ ২৬, তানভির ৯*, তাসকিন ০, মুস্তাফিজ ১; সিলস ৭-০-৪৮-৩, শেফার্ড ৭.৪-১-৩১-১, পিয়ের ১০-২-১৯-১, চেইস ১০-০-৩০-২, মোটি ১০-০-৪৪-০, গ্রেভস ৫-০-৩২-২)
18 Oct 2025, 05:14 PM
সিলসের জোড়া আঘাত
খরুচে বোলিং করা জেডন সিলস নিজের শেষ ওভারে পেলেন সাফল্য। তার ইয়র্কারে বোল্ড হয়ে থামলেন রিশাদ হোসেন।
বাংলাদেশ ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন রিশাদ। জাস্টিন গ্রেভসের অফ কাটার ছক্কায় ওড়ান তিনি। পরের ওভারে সিলসকে উড়ান ছক্কা।
এক বল পর অবশ্য রিশাদের ক্যামিও ইনিংসের ইতি টানেন সিলস। তার ইয়র্কার লেগে ঘুরাতে চেয়ে পারেননি ব্যাটসম্যান। এলোমেলো হয়ে যায় স্টাম্প।
পরের বলে পয়েন্টে ক্যাচ দেন নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি।
সিলসের হ্যাটট্রিক ঠেকিয়ে দেন মুস্তাফিজুর রহমান।
৪৯ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১৯৮।
18 Oct 2025, 05:05 PM
দ্রুত ফিরলেন সোহান
শেষের ঝড় তোলার দায়িত্ব পালন করতে পারলেন না নুরুল হাসান সোহান। জাস্টিন গ্রেভসের স্লোয়ারে ধরা পড়লেন তিনি।
স্টাম্পে থাকা ডেলিভারিতে গায়ের জোরে মেরেছিলেন সোহান। কিন্তু স্লোয়ারে টাইমিং করতে পারেননি তিনি। লং অনে সহজ ক্যাচ নেন খ্যারি পিয়ের।
১০ বলে ৯ রান করে ফেরেন সোহান।
৪৮ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯০। ক্রিজে রিশাদ হোসেনের সঙ্গী তানভির ইসলাম। ৯ বলে একটি করে ছক্কা ও চারে ১৮ রানে খেলছেন রিশাদ।
18 Oct 2025, 04:57 PM
৪৬ রানে থামলেন মাহিদুল
অভিষেকে একটুর জন্য পঞ্চাশ ছুঁতে পারলেন না মাহিদুল ইসলাম। রোস্টন চেইসের অফ স্পিনে বোল্ড হয়ে গেলেন এই কিপার-ব্যাটসম্যান।
অফ স্টাম্পের বাইরের বলে স্লগ সুইপ করেন মাহিদুল। বলের লাইনে যেতে পারেননি তিনি। স্পিন করে ভেতরে ঢুকে আঘাত হানে স্টাম্পে।
৭৬ বলে তিন চারে ৪৬ রান করেন মাহিদুল।
৪৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬৮। ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী রিশাদ হোসেন।
18 Oct 2025, 04:47 PM
ছক্কার চেষ্টায় অক্কা মিরাজ
রোস্টন চেইসের বলে স্লগ সুইপে ছক্কার চেষ্টায় ব্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের বিদায়ে ভাঙল দ্রুত রান তোলা জুটি।
ছক্কা মারার চেষ্টায় সফল হননি মিরাজ। ডিপ ফাইন লেগে জাস্টিন গ্রেভসের হাতে ধরা পড়েন তিনি। ভাঙে ৫৫ বল স্থায়ী ৪৩ রানের জুটি।
২৭ বলে দুই চারে ১৭ রান করেন মিরাজ।
৪৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৫৯। ক্রিজে মাহিদুল ইসলামের সঙ্গী কিপার-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
18 Oct 2025, 04:11 PM
পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন হৃদয়
নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন জাস্টিন গ্রেভস। তার বলে কট বিহাইন্ড হয়ে গেলেন তাওহিদ হৃদয়।
মিডিয়াম পেসারের বলে কাট করতে চেয়েছিলেন হৃদয়। পুরোপুরি লাইনে যেতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে শেই হোপের গ্লাভসে।
আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন হোপ। তাতে পাল্টায় সিদ্ধান্ত।
৯০ বলে তিন চারে ৫১ রান করে ফেরেন হৃদয়।
৩৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১৬। ক্রিজে মাহিদুল ইসলামের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
18 Oct 2025, 04:06 PM
৮৭ বলে হৃদয়ের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে দলকে টানছেন তাওহিদ হৃদয়। মন্থর ব্যাটিংয়ে ৮৭ বলে তিনি ছুঁয়েছেন পঞ্চাশ।
এই সময়ে হৃদয়ের ব্যাট থেকে এসেছে তিনটি চার। ৩৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১১৩।
18 Oct 2025, 03:45 PM
অবশেষে বাংলাদেশের একশ
মন্থর ব্যাটিংয়ে ৩০তম ওভারে একশ স্পর্শ করল বাংলাদেশের রান। রোস্টন চেইসের বলে মাহিদুই ইসলামের ডাবলসে দলের রান যায় তিন অঙ্কে।
৩০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০০। ৭২ বলে তিন চারে ৪৩ রানে ব্যাট করছেন তাওহিদ হৃদয়। ৩৩ বলে মাহিদুল খেলছেন ১২ রানে।
18 Oct 2025, 03:25 PM
উইন্ডিজের ব্যর্থ রিভিউ
খ্যারি পিয়েরের আগের ওভারে রিভিউ নিয়ে সফল হয়েছিলেন শেই হোপ, এবার উল্টো অভিজ্ঞতা হলো তার। ওয়েস্ট ইন্ডিজ হারাল প্রথম রিভিউ।
বাঁহাতি স্পিনারের টার্ন করে বেরিয়ে যাওয়া বলের লাইনে যেতে পারেননি মাহিতুল। প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
শেষ সময়ে রিভিউ নেন হোপ। কিন্তু হতাশ হতে হয় তাকে, বল অফ স্টাম্প ঘেঁষে বেরিয়ে যেত।
মাঝ পথে একশ থেকে বেশ দূরে বাংলাদেশ। ২৫ ওভারে স্বাগতিকদের রান ৩ উইকেটে ৮৪। ৬০ বলে তাওহিদ হৃদয়ের রান ৩৮। ১৫ বলে মাহিদুলের রান ২।
18 Oct 2025, 03:18 PM
উইন্ডিজের দারুণ রিভিউ
ভালো বোলিং করে যাওয়ার পুরস্কার পেলেন খ্যারি পিয়ের। নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে বাঁহাতি স্পিনার ভাঙলেন বাংলাদেশের প্রতিরোধ।
বাঁহাতি স্পিনারের বল শান্তর প্রত্যাশার চেয়ে বেশি টার্ন করে ভেতরে ঢুকে যায়। পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় সফল হননি বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে।
আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন শেই হোপ। তাতে পাল্টায় সিদ্ধান্ত। বল আঘাত হানত লেগ স্টাম্পে। ভাঙে ১২০ বল স্থায়ী ৭১ রানের জুটি।
৬৩ বলে তিন চারে ৩২ রান করেন শান্ত।
২৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮১। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী অভিষিক্ত মাহিদুল ইসলাম।
18 Oct 2025, 03:11 PM
৬৮ বল পর বাউন্ডারি
পাওয়ার প্লের শেষ বলে বাউন্ডারি মেরেছিলেন নাজমুল হোসেন শান্ত, এরপর আর বাউন্ডারির দেখা পাচ্ছিল না বাংলাদেশ।
৬৮ বল পর এলো বাউন্ডারি, সেই শান্তর ব্যাটেই। গুডাকেশ মোটির বল মিড অফ দিয়ে দারুণ শটে সীমানা পার করলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।
এক ম্যাচ পর ডিপ ফাইন লেগ দিয়ে আরেকটি বাউন্ডারির দেখা পেলেন তাওহিদ হৃদয়।
২২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭৯। ৬২ বলে শান্তর রান ৩২। ৫৮ বলে হৃদয়ের রান ৩৬।
18 Oct 2025, 02:55 PM
শান্ত-হৃদয়ের জুটিতে পঞ্চাশ
সাবধানী ব্যাটিংয়ে বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। তাদের জুটি পঞ্চাশ ছুঁয়েছে ৯১ বলে।
লম্বা সময় ধরে আসছে না কোনো বাউন্ডারি। এক-দুই করে নিতেও বেশ সংগ্রাম করতে হচ্ছে তাদের।
১৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬১। ৪৪ বলে ২৮ রানে খেলছেন হৃদয়। ৫২ বলে শান্তর রান ২৩।
18 Oct 2025, 02:26 PM
পাওয়ার প্লেতে মন্থর বাংলাদেশ
দুটি উইকেট হারালেও প্রথম ৫ ওভারে এসেছিল ২৫ রান। পরের ৫ ওভারে এলো কেবল ৮ রান। সেটাও শেষ বলে নাজমুল হোসেন শান্তর বাউন্ডারির সৌজন্যে।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৩। স্বাগতিকরা দুই ওপেনারকে হারিয়ে প্রথম ১৩ বলের মধ্যে।
এরপর থেকে দলকে টানছেন শান্ত ও তাওহিদ হৃদয়।
মিরপুরের উইকেটে কাজটা সহজ হচ্ছে না। বাঁহাতি স্পিনার খ্যারি পিয়ের বিশাল টার্ন পাচ্ছেন। মন্থর উইকেটে বল মাঝে মাঝেই নিচু হচ্ছে।
পেসারদের বলও যথেষ্ট চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। গতিময় ডেলিভারি আচমকা নিচু হয়ে যাওয়ায় দ্বিধায় থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের।
১৯ বলে দুই চারে হৃদয়ের রান ১৩। ২৯ বলে শান্ত করেছেন ১১।
18 Oct 2025, 02:21 PM
টানা দুটি মেডেন
শুরু থেকেই বিশাল টার্ন মিলছে স্পিনে, পেসারদের বল নিচু হচ্ছে। মন্থর উইকেটে রানের জন্য রীতিমত সংগ্রাম করতে হচ্ছে ব্যাটসম্যানদের।
বোলাররা বেশিরভাগ বল রাখছেন স্টাম্পে কিংবা অফ স্টাম্পের ঠিক বাইরে। হাত খোলার সুযোগ পাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।
টানা দুই ওভার মেডেন খেলেছেন দুই ব্যাটসম্যান। খ্যারি পিয়েরের ওভারে রান নিতে পারেননি হৃদয়। রোমারিও শেফার্ডের ওভারে একই অভিজ্ঞতা হয় শান্তর।
৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৬।
18 Oct 2025, 02:11 PM
সপ্তম ওভারে স্পিন
তিন পেসার নিয়ে খেললেও বোলিংয়ে প্রথম পরিবর্তনে স্পিনার নিয়ে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ।
বাঁহাতি স্পিনার খ্যারি পিয়েরের ওভার মেডেন খেলেন তাওহিদ হৃদয়।
সপ্তম ওভারের প্রথম বলে বিশাল টার্ন পান পিয়ের। পরে অতো টার্ন না পেলেও ব্যাটসম্যানকে ভাবনায় রাখার জন্য যথেষ্ট ছিল।
৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৬। ১৫ বলে ৬ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ১৫ বলে হৃদয়ের রান ১২।
18 Oct 2025, 01:52 PM
ফেরার ম্যাচে ব্যর্থ সৌম্য
ওয়ানডেতে ফেরার ম্যাচে একটি চার মেরেই থেমে গেলেন সৌম্য সরকার। জেডেন সিলসের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়লেন বাঁহাতি এই ওপেনার।
মারার মতোই বল পেয়েছিলেন সৌম্য। শট গ্যাপে রাখতে পারেননি তিনি। মাথার উপর থেকে চমৎকার ক্যাচ নেন রোস্টন চেইস।
৬ বলে এক চারে ৪ রান করেন সৌম্য।
৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১২। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহিদ হৃদয়।
18 Oct 2025, 01:47 PM
শুরুতেই ফিরলেন সাইফ
বেশিক্ষণ টিকল না বাংলাদেশের নতুন উদ্বোধনী জুটি। দ্বিতীয় ওভারে এলবিডব্লিউ হয়ে ফিরলেন সাইফ হাসান।
ম্যাচের প্রথম বলে কাভার ড্রাইভে ৩ রান নিয়ে শুরু করেন সাইফ। চারটি বল ডট খেলে বাউন্ডারিতে ওভার শেষ করেন সৌম্য সরকার।
রোমারিও শেফার্ডের করা পরের ওভারে চারটি বল ডট খেলেন সাইফ। পঞ্চম বল একটু নিচু হয়ে ভেতরে ঢুকে ছোবল দেয় প্যাডে। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ না নিয়ে ফেরন সাইফ।
৬ বলে সাইফ করেন ৩ রান।
২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেট ৮। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
18 Oct 2025, 01:22 PM
৩ পেসার, ৩ স্পিনার নিয়ে নামছে উইন্ডিজ
ভারসাম্যপূর্ণ দল নিয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের সবশেষ সিরিজে পাকিস্তানকে হারানো দলটি তিনজন করে পেসার ও স্পিনার নিয়ে খেলছে।
প্রথম ম্যাচে জায়গা হয়নি আমির জাঙ্গু, শামার জোসেফ, আকিম ওগিস ও জেডিয়াহ ব্লেডস।
বাংলাদেশের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সুখস্মৃতি নিয়ে নামছে তারা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
18 Oct 2025, 01:22 PM
একাদশে সৌম্য-মুস্তাফিজ
বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে। ওয়ানডে দলে ফেরা সৌম্য সরকার এসেছেন একাদশে। অভিষেক হচ্ছে মাহিদুল ইসলামের। জায়গা হারিয়েছেন শামীম হোসেন। দলেই নেই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ।
ফিরেছেন দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খরুচে বোলিং করা নাহিদ রানা দলেই নেই, জায়গা হয়নি সেই ম্যাচে খেলা হাসান মাহমুদের।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।
18 Oct 2025, 01:09 PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজ শুরুর আগে আলোচনায় ‘কালো' উইকেট। সেই উইকেট কেমন আচরণ করবে তা এখনও অজানা। সেখানে আগে ব্যাটিংয়ের চ্যালেঞ্জ নিতে হচ্ছে বাংলাদেশ দলকে।
টস জিতে ফিল্ডিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। সিরিজের শুরুটা বোলারদের হাত ধরে করতে চান তিনি।
টস জিতলে ব্যাটিং নিতেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। তবে ঘরের মাঠে, মিরপুরের উইকেটে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
18 Oct 2025, 12:51 PM
অভিষেক হচ্ছে মাহিদুলের
প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পাওয়া মাহিদুল ইসলামের অভিষেক হয়ে যাচ্ছে সিরিজের প্রথম ম্যাচেই। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ক্যাপ পরিয়ে দিয়েছেন সাইফ হাসান।
অবশ্য ওয়ানডে অভিষেকে উইকেটের পেছনে ২৬ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান দাঁড়াবেন কিনা তা নিশ্চিত নয়। স্কোয়াডে আরও দুই জন উইকেটরক্ষক আছেন- নুরুল হাসান সোহান ও জাকের আলি। একাদশে থাকলে ওয়ানডে সোহানই কিপিং করেন।
২০২৪ সালে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহিদুলের। একমাত্র টেস্টে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি তিনি।
মিডল অর্ডারে দলের সাম্প্রতিক দুরবস্থা কাটানোর পদক্ষেপ হিসেবে দলে আনা হয়েছে মাহিদুলকে। লিস্ট 'এ' ক্রিকেটে তার অভিজ্ঞতা ৯৬ ম্যাচের। চার সেঞ্চুরি ও ২৮ ফিফটিতে প্রায় সাড়ে তিন হাজার রান করেছেন তিনি ৪৪.৫৩ গড়ে।
ওয়ানডেতে বাংলাদেশের ১৫৪তম ক্রিকেটার হবেন মাহিদুল।
18 Oct 2025, 12:43 PM
নতুন শুরুর আশায় বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার হোয়াইটওয়াশড হওয়ার পর নিজেদের গুছিয়ে নেওয়ার তেমন একটা সুযোগ পায়নি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দলকে আবার নেমে পড়তে হচ্ছে নতুন অভিযাানে। দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়।
আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচে একদমই লড়াই করতে পারেনি বাংলাদেশ। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় দুই ম্যাচেই হেরেছে বড় ব্যবধানে। এর মধ্যে শেষটিতে তো ছাড়িয়ে গেছে সবকিছুকে। ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে পর্যদুস্ত হওয়ার ঘা এখনও দগদগে। দেশে ফেরার পর বিমানবন্দরে সমর্থকদের কাছে হেনস্তা হতে হয়েছে ক্রিকেটারদের।
এক সময়ে যে সংস্করণ ছিল গর্বের, এখন সেটা হয়ে গেছে গ্লানিময়। ফল হওয়া সবশেষ ১৩ ম্যাচে জয় কেবল একটি! রান যেন উধাও হয়ে গেছে ব্যাট থেকে, মিরপুরের কালো উইকেট কী আচরণ করবে সেটা অনুমান করা এখনও কঠিন। তাই সব মিলিয়ে মিরাজদের অপেক্ষায় আরও একটি বড় পরীক্ষা। পেশাদারিত্বের পরীক্ষা। স্কিলের পরীক্ষা। মানসিক শক্তির পরীক্ষা।