সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৭৯/১
09 May 2026, 05:37 PM
লাইভ ব্লগের সমাপ্তি
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
09 May 2026, 05:36 PM
লাগাম হাতছাড়া হওয়ার শঙ্কায় বাংলাদেশ
রানের দিক থেকে এখনও এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় দিন ঘুরে দাঁড়িয়ে ব্যবধান কমিয়ে আনছে পাকিস্তান।
মোহাম্মদ আব্বাসের ৫ উইকেট ও শাহিন শাহ আফ্রিদির ৩ উইকেটে বাংলাদেশকে প্রথম ইনিংসে ৪১৩ রানে থামিয়েছে পাকিস্তান।
আজান আওয়াইজের চমৎকার ইনিংসে ১ উইকেটে ১৭৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সফরকারীরা। এখনও ২৩৪ রানে পিছিয়ে তারা।
১৩৩ বলে ১২ চারে ৮৫ রানে ব্যাট করছেন আজান। আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফাজাল ৭৮ বলে ছয় চারে খেলছেন ৩৭ রানে।
এদিন দুটি ক্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। স্লিপে ইমাম-উল-হাকের ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়। পরে স্লিপেই ফাজালকে জীবন দেন সাদমান ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৪১৩
পাকিস্তান ১ম ইনিংস: ৪৬ ওভারে ১৭৯/১ (আজান ৮৫*, ইমাম ৪৫, ফাজাল ৩৭*; তাসকিন ৮-০-৪০-০, ইবাদত ৮-১-৩৮-০, নাহিদ ৯-১-৪৭-০, মিরাজ ১৬-২-৩৭-১, তাইজুল ৫-০-১২-০)
09 May 2026, 05:29 PM
ফাজালের ক্যাচ ছাড়লেন সাদমান
শেষ বেলায় উইকেটের একটা সুযোগ হাতছাড়া করলেন সাদমান ইসলাম। প্রতিক্রিয়া দেখাতে দেরি করায় স্লিপে তিনি নিতে পারলেন না আব্দুল্লাহ ফাজালের ক্যাচ।
তাসকিন আহমেদের অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি ফাজাল। ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে। একটু দেরিতে প্রতিক্রিয়া দেখানো সাদমান হাত ছোঁয়াতে পারলেও মুঠোয় নিতে পারেননি। সে সময় ২৮ রানে ছিলেন ফাজাল।
স্লিপে এ নিয়ে দুটি ক্যাচ ছাড়াল বাংলাদেশ। এর আগে ইবাদত হোসেনের বলে ইমাম-উল-হাকের ক্যাচ ছাড়েন মাহমুদুল হাসান জয়।
৪৩ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ১৬৮।
09 May 2026, 05:08 PM
আজান-ফাজালের জুটিতে পঞ্চাশ
জমে গেছে দুই অভিষিক্ত ব্যাটসম্যানের জুটি। দ্বিতীয় উইকেটে আজান আওয়াইজ ও আব্দুল্লাহ ফাজালের জুটিতে পঞ্চাশ এসেছে ৯৯ বলে।
সহজেই বোলারদের সামলাচ্ছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই। আঁটসাঁট বোলিংয়ে রানের গতি কিছুটা কমাতে পেরেছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তবে সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন আজান ও ফাজাল।
৩৯ ওভারে পাকিস্তানের রানের ১ উইকেটে ১৫৬।
09 May 2026, 04:44 PM
আক্রমণে তাইজুল
ক্রিজে দুই বাঁহাতি ব্যাটসম্যান থাকায় হয়তো দেরিতে তাইজুল ইসলামকে আক্রমণে আনলেন নাজমুল হোসেন শান্ত।
৩১তম ওভারে বল হাতে পেলেন তাইজুল। নাহিদ রানা টানা বাউন্ডারি হজম করায় তার জায়গায় বাঁহাতি স্পিনারকে আক্রমণে আনলেন বাংলাদেশ অধিনায়ক।
নিজের প্রথম ওভারে কেবল একটি সিঙ্গেল দেন তাইজুল।
09 May 2026, 04:12 PM
শুরুর জুটি ভাঙলেন মিরাজ
আবেদন নয়, যেন উদযাপনই শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অন্য খেলোয়াড়রা অবশ্য আবেদন করেন, তাতে যোগ দেন মিরাজ।সাড়া দেন আম্পায়ার।
মিরাজের ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি ইমাম-উল-হাক। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন ব্যাটসম্যান। তাতে কাজ হয়নি, উল্টো পাকিস্তান হারায় প্রথম রিভিউ।
ইমামের বিদায়ে ভাঙল ১৩৮ বল স্থায়ী ১০৬ রানের উদ্বোধনী জুটি।
৭২ বলে ছয় চারে ৪৫ রানে ফিরলেন ইমাম।
২২ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ১০৬। ক্রিজে আজান আওয়াইজের সঙ্গী আব্দুল্লাহ ফাজাল। দুই জনই খেলছেন নিজেদের প্রথম টেস্ট।
09 May 2026, 04:03 PM
আজানের পঞ্চাশ, জুটির একশ
অভিষেকে পঞ্চাশ রানের দেখা পেয়েছেন আজান আওয়াইজ, ৬৫ বলে। ইমাম-উল-হাকের সঙ্গে গড়েছেন শতরানের উদ্বোধনী জুটি, ১৩০ বলে।
মেহেদী হাসান মিরাজ এক প্রান্তে আঁটসাঁট বোলিং করছেন। অন্য প্রান্তে লাইন ও লেংথে ধারাবাহিক নন পেসাররা। তাদের এলোমেলো বোলিংয়ের সুবিধা কাজে লাচ্ছেন পাকিস্তানের দুই ওপেনার।
২১তম ওভারে ইবাদতের ওভারে এসেছে ১৫ রান। ওভারের পঞ্চম বলে ২ রান নিয়ে পঞ্চাশ স্পর্শ করেছেন আজান।
২১ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ১০৪।
09 May 2026, 03:38 PM
আক্রমণে মিরাজ
১৫ ওভার পেসারদের দিয়ে করিয়ে প্রথমবার কোনো স্পিনারকে আক্রমণে আনলেন নাজমুল হোসেন শান্ত। অনুমিতভাবে আগে এলেন মেহেদী হাসান মিরাজ।
নিজের প্রথম ওভার মেডেন নিলেন এই অফ স্পিনার।
১৬ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৭৬। আজান আওয়াইজ খেলছেন ৩২ রানে। ইমাম-উল-হাক ব্যাট করছেন ৩৮ রানে।
09 May 2026, 02:46 PM
শুরুর জুটিতে পাকিস্তানের পঞ্চাশ
চা-বিরতির আগে ১০ ওভার বোলিং করার সুযোগ মিলল। কিন্তু এর মধ্যেও পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙতে পারল না বাংলাদেশ।
১০ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৫০। ইমাম-উল-হাক ও আজান আওয়াইজের জুটি পঞ্চাশ স্পর্শ করেছে ৬৩ বলে।
একবার জীবন পেয়েছেন ইমাম, একবার বেঁচে গেছেন রিভিউ নিয়ে। নাহিদ রানার ডেলিভারি হেলমেটে ছোবল দেওয়ার পরও খেলে যাচ্ছেন আজান। তবে পরে আরও একবার মাঠে ফিজিওকে ডেকেছিলেন অভিষিক্ত এই ওপেনার।
৪১ বলে ২৮ রানে খেলছেন ইমাম। ২৩ বলে আজানের রান ১৮।
09 May 2026, 02:40 PM
রিভিউ নিয়ে বাঁচলেন ইমাম
নাহিদ রানার বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই রিভিউ নিলেন ইমাম-উল-হাক।
নাহিদের স্টাম্পে পিচ করে বেরিয়ে যাওয়া ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি ইমাম। তবে বল বেরিয়ে যেন অফ স্টাম্প ঘেঁষে। তাতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত।
৯ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৪১।
09 May 2026, 02:36 PM
ক্যাচ ছাড়লেন জয়
একটা সুযোগ তৈরি করলেন ইবাদত হোসেন। কিন্তু স্লিপে ক্যাচ নিতে পারলেন না মাহমুদুল হাসান জয়।
অফ স্টাম্পের বাইরের বলে কাভার ড্রাইভ করেন ইমাম-উল-হাক। বল দ্রুত যায় তৃতীয় স্লিপে। ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি জয়। সে সময় ২৩ রানে ছিলেন ইমাম।
এর আগের ওভারে আক্রমণে আসেন নাহিদ রানা। তার প্রথম বল ছোবল দেয় আজান আওয়াইজের হেলমেটে। শর্ট বল খেলতে গিয়ে চোখ সরিয়ে নিয়েছিলেন এই ওপেনার।
৮ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ৪১।
09 May 2026, 02:13 PM
পাকিস্তানের আত্মবিশ্বাসী শুরু
নতুন বলে শুরুর ভালো হল না বাংলাদেশ। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন- দুই জনই নিজেদের প্রথম বল করলেন ‘নো।’
প্রথম পাঁচ ওভারে এলো চারটি বাউন্ডারি। দুই পেসারের কেউ লাইন ও লেংথে ধারাবাহিক নন। উইকেটের জন্য যেন অধৈর্য হয়ে পড়েছেন তারা।
৫ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ২৬। তিন চারে ১৯ বলে ১৭ রানে খেলছেণ ইমাম-উল-হাক। অভিষিক্ত ওপেনার আজান আওয়াইজ ১৩ বলে ব্যাট করছেন ৭ রানে।
09 May 2026, 01:35 PM
বাংলাদেশের ইনিংস থামল ৪১৩ রানে
তাসকিন আহমেদকে ফিরিয়ে বাংলাদেশের প্রথম ইনিংসের ইতি টানলেন শাহিন শাহ আফ্রিদি।
১১৭.১ ওভার ব্যাট করে ৪১৩ রান করল নাজমুল হোসেন শান্তর দল। টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এর চেয়ে বড় রান আছে কেবল দুটি।
আফ্রিদির স্টাম্পের বাইরের বলে গায়ের জোরে শট খেলেন তাসকিন। ব্যাটের কানায় লেগে বল দ্রুত যায় স্লিপে। সেখানে দুর্দান্ত রিফ্লেক্সে চমৎকার ক্যাচ নেন সাউদ শাকিল। ভাঙে ৩৯ বল স্থায়ী ২৯ রানের জুটি।
১৯ বলে এক ছক্কা ও তিন চারে ২৮ রান করেন তাসকিন। ২৩ বলে ৪ রানে অপরাজিত থাকেন নাহিদ রানা।
দ্বিতীয় দিন ১১২ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
দ্বিতীয় দিন স্পিনারদের আক্রমণেই আনেননি পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। এদিন চার উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস, দুটি আফ্রিদি। সব মিলিয়ে ৯২ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের সফলতম বোলার আব্বাস। আফ্রিদি ৩ উইকেট নিয়েছেন ১১৩ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩০১/৪) ১১৭.১ ওভারে ৪১৩ (মুশফিক ৭১, লিটন ৩৩, মিরাজ ১০, তাইজুল ১৭, ইবাদত ০, তাসকিন ২৮, নাহিদ ৪*; আফ্রিদি ৩১.১-৮-১১৩-৩, আব্বাস ৩৪-৮-৯২-৫, হাসান ২৬-৫-৭৫-১, সালমান ৬-০-২৫-০, নোমান ২০-০-৮০-১)
09 May 2026, 01:00 PM
ইবাদতকে ফিরিয়ে আব্বাসের ৫
লাঞ্চের পর প্রথম দুই ওভারে দুটি উইকেট হারাল বাংলাদেশ। ইবাদত হোসেনকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট নিলেন মোহাম্মদ আব্বাস।
অভিজ্ঞ পেসারের শর্ট বল ঠিকঠাক সামলাতে পারেননি ইবাদত। পেতে দেওয়া ব্যাটে লেগে বল উঠে যায় উপরে। বাকিটা অনায়াসে সারেন মোহাম্মদ রিজওয়ান।
১০ বল খেলেও রানের দেখা পাননি ইবাদত।
ক্যারিয়ারে ষষ্ঠবার পাঁচ উইকেট পেলেন আব্বাস।
১১১ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৩৮৫। ক্রিজে স্বাগতিকদের শেষ জুটি।
09 May 2026, 12:57 PM
লাঞ্চের পর প্রথম ওভারেই ফিরলেন মুশফিক
সিঙ্গেল নেওয়ার সুযোগ ছিল আগের বলে। নিলেন না মুশফিকুর রহিম। পরের বল তার অফ স্টাম্প উপড়ে ফেললেন শাহিন শাহ আফ্রিদি।
বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন মুশফিক। প্রত্যাশার চেয়ে বেশি ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি তিনি। বল আঘাত হানে অফ স্টাম্পে।
১৭৯ বলে আট চারে ৭১ রান করেন মুশফিক।
১১০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৮৪। ক্রিজে ইবাদত হোসেনের সঙ্গী তাসকিন আহমেদ।
09 May 2026, 12:13 PM
আব্বাসের ছোবল সামলে মুশফিকের প্রতিরোধ
দ্বিতীয় দিনের প্রথম সেশনে ২৪ ওভারে ৭৯ রান করতে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন মোহাম্মদ আব্বাস। তবে বাংলাদেশকে চারশ রানের পথে এগিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম।
দ্বিতীয় দিনের লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেটে ৩৮০। ১৭৬ বলে আর চারে ৭১ রানে ব্যাট করছেন মুশফিক। ৫ বল খেলে এখনও কোনো রান করতে পারেননি ইবাদত হোসেন।
এখনও ব্যাটিংয়ে আসতে বাকি তাসকিন আহমেদ ও নাহিদ রানা। রান যতটা সম্ভব বাড়িয়ে নিতে বাংলাদেশ এখন মুশফিকের দিকে তাকিয়ে।
থিতু হয়ে ফেরেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। লিটন ও মিরাজ উইকেট উপহার দেন আপাত সাদামাটা ডেলিভারিতে।
09 May 2026, 12:02 PM
তাইজুলকেও ফেরালেন আব্বাস
ক্রিজে যাওয়ার পর বেশ আত্মবিশ্বাসী ব্যাটিং করছিলেন তাইজুল ইসলাম। তাকে ফিরিয়ে সম্ভাবনাময় জুটি ভাঙলেন মোহাম্মদ আব্বাস।
হাসান আলির আগের ওভারে টানা দুটি চার মারার পর তিন রান নেন তাইজুল। পরের ওভারে আব্বাসের চারটি বল ডট খেলেন তিনি।
পঞ্চম বল ছিল বাউন্সার। শরীরের খুব কাছের পর ছেড়ে না দিয়ে শট খেলার চেষ্টা করেন তাইজুল। ঠিকঠাক পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ৩৭ বল স্থায়ী ২৪ রানের জুটি।
দুই চারে ২৩ বলে ১৭ রান করেন তাইজুল।
১০৭ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩৭৮। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী ইবাদত হোসেন। তাসকিন আহমেদের আগে তার ব্যাটিংয়ে আসা বেশ বিস্ময়কর।
09 May 2026, 11:27 AM
ছক্কার পর অক্কা মিরাজ
আগের বলে পুল করে ছক্কা মারলেন মেহেদী হাসান মিরাজ। পরের বলে তিনি ধরা পড়লেন ব্যাকওয়ার্ড পয়েন্টে।
আব্বাসের শর্ট বল অনায়াসে সীমানার বাইরে পাঠান মিরাজ। পরের বল ছিল অফ স্টাম্পের বাইরে। শট নিচে রাখতে পারেননি তিনি। প্রতিক্রিয়া দেখানোর জন্য বেশি সময় ছিল না, তবুও চমৎকার রিফ্লেক্সে ক্যাচ নেন ইমাম-উল-হাক।
১২ বলে একটি করে ছক্কা ও চারে ১০ রান করেন মিরাজ।
১০১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩৫৪। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী তাইজুল ইসলাম।
09 May 2026, 11:13 AM
লিটনের বিদায়ে ভাঙল জুটি
জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন না লিটন দাস। মোহাম্মদ আব্বাসের বলেই ক্যাচ দিয়ে ফিরলেন এই কিপার-ব্যাটসম্যান।
অফ স্টাম্পের বাইরের আপাত সাদামাটা শর্ট বলে পুল করেন লিটন। দ্বিধা নিয়ে একটু দেরিতে খেলায় টাইমিং করতে পারেননি। মিড অনে থাকা বদলি ফিল্ডার আমাদ বাট সহজেই জমান মুঠোয়। ভাঙে ১৪০ বল স্থায়ী ৬২ রানের জুটি।
আব্বাসের আগের ওভারে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন লিটন। জীবন পেয়েও তেমন কিছু করতে পারলেন না তিনি। নিজের উইকেট এরকম উপহার দিলেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
৬৭ বলে ছয় চারে ৩৩ রান করেন লিটন।
৯৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৩৮। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
09 May 2026, 10:57 AM
একটুর জন্য বাঁচলেন লিটন
অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে দিয়ে বিপদ প্রায় ডেকেই এনেছিলেন লিটন দাস। তার ভাগ্য ভালো একটুর জন্য দ্বিতীয় স্লিপে ক্যাচ নিতে পারেননি আজান আওয়াইজ।
মোহাম্মদ আব্বাসের ওই ডেলিভারিতে অনায়াসে বাউন্ডারি পেতে পারতেন লিটন। কিন্তু জায়গায় দাঁড়িয়ে অনেক দূরের বল ঠিকঠাক খেলতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে যায় দ্বিতীয় স্লিপ। চমৎকার রিফ্লেক্সে এক হাতে বল মুঠোয় নেন আজান। কিন্তু এর আগে বল মাটি স্পর্শ করায় বেঁচে যান লিটন।
সে সময় ৩২ রানে ছিলেন বাংলাদেশের কিপার-ব্যাটসম্যান।
৯৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩৩০।
09 May 2026, 10:38 AM
মুশফিক-লিটনের জুটিতে পঞ্চাশ
মুশফিকুর রহিম নিজেকে গুটিয়ে রাখলেও রানের চাকা সচল রেখেছেন লিটন দাস। শাহিন শাহ আফ্রিদির ওভারে তার বাউন্ডারিতেই জুটির রান স্পর্শ করেছে পঞ্চাশ, ১০৫ বলে।
জুটিতে মুশফিকের অবদান ১৮ রান, লিটনের ৩০।
টেস্টে ২৮ ইনিংসে এটি মুশফিক ও লিটনের সপ্তম পঞ্চাশ রানের জুটি। তাদের শত রানের জুটি আছে সাতটি। তাদের সবচেয়ে বড় জুটিতে এসেছে ২৭২ রান।
৯১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩২৬। ১১৮ বলে ৫১ রানে ব্যাট করছেন মুশফিক। ৫৭ বলে ৩০ রানে খেলছেন লিটন।
09 May 2026, 10:30 AM
দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকের পঞ্চাশ
শাহিন শাহ আফ্রিদির ওভারে সিঙ্গেল নিলেন মুশফিকুর রহিম, ১১৪ বলে স্পর্শ করলেন পঞ্চাশ।
দিনের শুরুতে বেশ সময় নিচ্ছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান। ৪৮ নিয়ে দিন শুরু করে পঞ্চাশে যেতে সময় নিলেন অনেকটা।
টেস্টে এটি মুশফিকের ২৯তম পঞ্চাশ, এই সংস্করণে তার সেঞ্চুরি ১৩টি। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় পঞ্চাশ তার, সেঞ্চুরি আছে একটি।
রানের গতি সচল রেখেছেন লিটন দাস। তাকে ফেরানোর মরিয়া চেষ্টায় একটি রিভিউ হারিয়েছে পাকিস্তান।
হাসান আলির বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে লেগেছিল প্যাডে। সেটা বুঝতে পারেননি পাকিস্তানের কেউ। তাতে দ্বিতীয় রিভিউ হারিয়েছে সফরকারীরা। তাদের রিভিউ বাকি কেবল একটি।
৮৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩১৭। ১১৪ বলে ৫০ রানে খেলছেন মুশফিক। ৪৯ বলে ২২ রানে ব্যাট করছেন লিটন।
09 May 2026, 10:11 AM
লিটনের টানা ৩ চার
হাসান আলির করা দিনের প্রথম বলে সিঙ্গেল নিলেন লিটন দাস। পরের পাঁচ বল ডট খেললেন মুশফিকুর রহিম।
শাহিন আফ্রিদির করা পরের ওভারের প্রথম তিন বলে লিটনের ব্যাট থেকে এলো তিনটি বাউন্ডারি। প্রথম দুটি বাজে বলে ডিপ ফাইন লেগ দিয়ে। পরেরটি স্লিপ ও গালির মাঝ দিয়ে।
৮৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩১৪। ৪২ বলে ২১ রানে খেলছেন লিটন। ১০৯ বলে মুশফিকের রান ৪৮।
09 May 2026, 10:02 AM
বড় সংগ্রহের লক্ষ্যে নামছে বাংলাদেশ
নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, মুমিনুল হকের ৯১ রান এবং তৃতীয় উইকেটে তাদের ১৭০ রানের রেকর্ড গড়া জুটিতে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে স্বাগতিকদের কাজ এখনও শেষ হয়নি। দ্বিতীয় দিন বড় সংগ্রহ গড়ে ব্যাটিংয়ে নিজেদের বাকি কাজটুকুও ভালোভাবে সারতে চায় তারা।
শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়।
৪ উইকেটে ৩০১ রান নিয়ে দিন শুরু করবে বাংলাদেশ। ১০৪ বলে ছয় চারে ৪৮ রানে খেলছেন মুশফিকুর রহিম। ৩৫ বলে ৮ রানে ব্যাট করছেন লিটন দাস। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের জুটিতে ২৫ রান এসেছে ৭০ বলে।
দুই দলই তাকিয়ে প্রথম ঘণ্টার দিকে। মুমিনুল মনে করছেন, নিরাপদে প্রথম ঘণ্টা কাটিয়ে দিলে ৫০০ রান করাও সম্ভব।
পাকিস্তানের চাওয়া এর উল্টোটা। প্রথম ঘণ্টায় দ্রুত উইকেট নিয়ে স্বাগতিকদের নাড়িয়ে দিয়ে ইনিংস দ্রুত গুটিয়ে দিতে চাওয়ার কথা বললেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (প্রথম দিন শেষে) ৮৫ ওভারে ৩০১/৪ (জয় ৮, সাদমান ১৩, মুমিনুল ৯১, শান্ত ১০১, মুশফিক ৪৮*, লিটন ৮*; আফ্রিদি ১৯-৫-৬৭-১, আব্বাস ২২-৭-৫১-১, হাসান ১৮-৩-৫৪-১, সালমান ৬-০-২৫-০, নোমান ২০-০-৮০-১)
09 May 2026, 10:02 AM
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুরে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
