১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শ্রীলঙ্কার সঙ্গে লড়াই জমাতেই পারল না বাংলাদেশ

কামিল মিশারাকে জীবন দেওয়ার পর বোলিংয়ে দিশা হারিয়ে বড় ব‍্যবধানে হারল লিটন দাসের দল।

14 Sep 2025, 12:08 AM

৬ উইকেটে হার

কামিলা মিশারাকে জীবন দেওয়ার আগে পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু শেখ মেহেদি হাসান এই বাঁহাতি টপ অর্ডার ব‍্যাটসম‍্যানের ক‍্যাচ ছাড়ার পর সব এলোমেলো হয়ে গেল। বোলিংয়ে দিশা হারাল বাংলাদেশ। বোলাররা রান বিলিয়ে গেলেন বানের জলের মতো। তাতে গুরুত্বপূর্ণ লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হারল লিটন দাসের দল।

বাংলাদেশের ১৩৯ রান ৩২ বল বাকি থাকতে পেরিয়ে গেল চারিথ আসালাঙ্কার দল। টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করল গত আসরের রানার্সআপরা।

তিনটি দলের পয়েন্ট সমান- ২। ১ ম‍্যাচ খেলা আফগানিস্তান ৪.৭০০ নেট রান দিয়ে চূড়ায়। সমান ম‍্যাচে ২.৫৯৫ রান রেট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা। ২ ম‍্যাচ খেলা বাংলাদেশ -০.৬৫০ রান রেট নিয়ে তৃতীয়।

এই পরিস্থিতি থেকে শেষ চার নিশ্চিত করা লিটনদের জন‍্য অনেক দূরের পথ।

১ রানে জীবন পাওয়া মিশারা অপরাজিত থাকেন ৪৬ রানে। তার ৩২ বলের ইনিংস গড়া দুই ছক্কা ও চারটি চারে। এক ছক্কায় ৪ বলে ১০ রান করেন অধিনায়ক আসালাঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (তানজিদ ০, পারভেজ ০, লিটন ২৮, হৃদয় ৮, মেহেদি ৯, জাকের ৪১*, শামীম ৪২*; থুসারা ৪-১-১৭-১, চামিরা ৪-১-১৭-১, শানাকা ৩-০-২৭-০, পাথিনারা ৪-০-৪২-০, হাসারাঙ্গা ৪-০-২৫-২, আসালাঙ্কা ১-০-৭-০)

শ্রীলঙ্কা: ১৪.৪ ওভারে ১৪০/৪ (নিসাঙ্কা ৫০, কুসাল মেন্ডিস ৩, মিশারা ৪৬*, কুসাল পেরেরা ৯, শানাকা ১, আসালাঙ্কা ১০*; শরিফুল ৩-০-২৬-০, মুস্তাফিজ ৩-০-৩৫-১, তানজিম ৩-০-২৩-১, মেহেদি ৪-০-২৯-২, রিশাদ ১-০-১৮-০, শামীম ০.৪-০-৪-০)

13 Sep 2025, 11:55 PM

মুস্তাফিজের দারুণ ক‍্যাচ

জয়ের কাছে গিয়ে নিয়মিত উইকেট হারাচ্ছে শ্রীলঙ্কা। এবার ফিরে গেছেন দাসুন শানাকা।

তানজিম হাসানের বলে ছক্কার চেষ্টায় সফল হননি শানাকা। ফান লেগে ডাইভ দিয়ে দারুণ ক‍্যাচ নেন মুস্তাফিজুর রহমান। ৩ বলে ১ রান করেন শানাকা।

১৪ ওভারে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ১৩৬। ক্রিজে কামিল মিশারার সঙ্গী চারিথ আসালাঙ্কা।

13 Sep 2025, 11:52 PM

বাংলাদেশের দারুণ রিভিউ

শেখ মেহেদি হাসানের অফ স্টাম্পে বাইরে পিচ করা ডেলিভারিতে রিভার্স সুইপ করার চেষ্টায় এলবিডব্লিউ হয়ে গেলেন কুসাল পেরেরা।

আগের বলে একই শট খেলে বাউন্ডারি পেয়েছিলেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান। পরের বল ব‍্যাটে খেলতে পারেননি। এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন লিটন দাস।

তাতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। বল আঘাত হান লেগ-মিডল স্টাম্পে।

13 Sep 2025, 11:41 PM

জুটি ভাঙলেন মেহেদি

পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে ৫২ বল স্থায়ী ৯৫ রানের জুটি ভাঙলেন শেখ মেহেদি হাসান।

অফ স্পিনারের বলে ছক্কার চেষ্টায় সফল হননি নিসাঙ্কা। স্কয়ার লেগে চমৎকার ক‍্যাচ নিয়ে তাকে বিদায় করেন শরিফুল ইসলাম। নিসাঙ্কা ৩৪ বলে এক ছক্কা ও ছয় চারে করেন ৫০ রান।

১১ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ১০৯। ক্রিজে কামিল মিশারার সঙ্গী কুসাল পেরেরা।

13 Sep 2025, 11:35 PM

মাঝপথে মহাবিপদে বাংলাদেশ

মাঝারি পুঁজি নিয়ে লড়াইও করতে পারছে না বাংলাদেশ। এলোমেলো বোলিংয়ে বড় ব‍্যবধানে হারের পথে লিটন দাসের দল।১০ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১০৭। আর কেবল ৩৩ রান চাই সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নদের।

দশম ওভারে দুই রান নিয়ে পঞ্চাশের পাশাপাশি টি-টোয়েন্টিতে দুই হাজার রান স্পর্শ করেছেন পাথুম নিসাঙ্কা। তিনি ৩২ বলে খেলছেন ৫০ রানে।

কামিল মিশারা ২২ বলে খেলছেন ৩৪ রানে।

১ রানে মিশারা জীবন পাওয়ার পর যেন দিক হারিয়েছে বাংলাদেশ। এলোমেলো বোলিংয়ে রান দিচ্ছে অকাতরে।

13 Sep 2025, 11:19 PM

নিসাঙ্কা-মিশারার জুটিতে পঞ্চাশ

শ্রীলঙ্কাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন পাথুম নিসাঙ্কা ও কামিল মিশারা। ২৯ বলে তাদের জুটিতে এসেছে পঞ্চাশ।

আগের দুই ওভারে মিশারা চড়াও হয়েছিলেন বোলারদের উপর। এবার মুস্তাফিজুর রহমানের ওভারে ২ চারে ১১ রান নিলেন নিসাঙ্কা। তাদের দ্বিতীয় চারে পঞ্চাশ স্পর্শ করল জুটি রান।

৭ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৬৬।

13 Sep 2025, 11:14 PM

পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ৫৫/১

জীবন পেয়ে বোলারদের উপর চড়াও হয়েছেন কামিল মিশারা। তার ব‍্যাটে উড়ন্ত সূচনা পেয়ে গেছে শ্রীলঙ্কা।

৬ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫৫। কামিল মিশারার ক‍্যাচ ছাড়ার পর আক্রমণে এসে বাঁহাতি এই ব‍্যাটসম‍্যানের ব‍্যাটেই ছক্কা হজম করেছেন শেখ মেহেদি হাসান।

১৫ বলে মিশারার রান ২৫। সমান বলে ওপেনার পাথুম নিসাঙ্কার রান ১৮।

13 Sep 2025, 11:10 PM

মিশারাকে জীবন দিলেন মেহেদি

শরিফুল ইসলামের বল পুল করতে গিয়ে ক‍্যাচ তুলে দিলেন কামিল মিশারা। দৌড়ে দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারলেন না শেখ মেহেদি হাসান।

১ রানে বেঁচে ওভারের শেষ তিন বলে ছক্কার সঙ্গে দুটি চার মারলেন মিশারা।

৫ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৪৪। ১২ বলে ১৭ রানে খেলছেন মিশারা। সমান বলে পাথুম নিসাঙ্কার রান ১৫।

13 Sep 2025, 10:57 PM

শুরুতেই মুস্তাফিজের আঘাত

প্রথম ওভার করলেন শরিফুল ইসলাম। পরের ওভারে মুস্তাফিজুর রহমানকে আক্রমণে আনলেন লিটন দাস। কাজে লাগল অধিনায়কের ভাবনা, নতুন বলে সাফল‍্য পেলেন মুস্তাফিজ। তার চমৎকার ডেলিভারিতে কট বিহাইন্ড হলেন কুসাল মেন্ডিস।

পাথুম নিসাঙ্কার ব‍্যাটে ছক্কা হজম করলেও এলোমেলো হয়ে যাননি মুস্তাফিজ। স্টাম্পে পিচ করে তার বেরিয়ে যাওয়া ডেলিভারিতে খোঁচা মেরে বিপদ ডেকে আনেন মেন্ডিস। ঝাঁপিয়ে চমৎকার ক‍্যাচ নেন লিটন। ভাঙে ১৩ রানের জুটি।

৬ বলে ৩ রান করেন মেন্ডিস।

২ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১৩। ক্রিজে নিসাঙ্কার সঙ্গী কামিল মিশারা।

13 Sep 2025, 10:30 PM

শামীম-জাকেরের ব‍্যাটে বাংলাদেশের ১৩৯

বাংলাদেশের ভীষণ বাজে শুরুর পর কিছুটা লড়াই করলেন লিটন দাস। অধিনায়কের বিদায়ের পর রেকর্ড গড়া জুটিতে দলকে টানলেন শামীম হোসেন ও জাকের আলি। তাদের চল্লিশ ছোঁয়া দুটি ইনিংসে শ্রীলঙ্কাকে ১৪০ রানের লক্ষ‍্য দিল বাংলাদেশ।

টস হেরে ব‍্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটে করেছে ১৩৯ রান।

৩৪ বলে দুই চারে ৪১ রানে অপরাজিত জাকের। ৩৪ বলে তিন চার ও এক ছক্কায় শামীম করেছেন ৪২ রান। তাদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৮৬ রান এসেছে ৬১ বলে। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে যা বাংলাদেশের সর্বোচ্চ। ২০২২ সালে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানের অবিচ্ছিন্ন ৮১ ছিল এই উইকেটে আগের সেরা।

প্রথম দুই ওভারে কোনো রান করতে পারেনি, সেই দুই ওভারে তানজিদ হাসান ও পারভেজ হোসেনকে হারায় বাংলাদেশ। প্রথম ৪ ওভারে করতে পারে কেবল ৭ রান।

১০ ওভারে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ৫৪। সেখান থেকে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন শামীম ও জাকের।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (তানজিদ ০, পারভেজ ০, লিটন ২৮, হৃদয় ৮, মেহেদি ৯, জাকের ৪১*, শামীম ৪২*; থুসারা ৪-১-১৭-১, চামিরা ৪-১-১৭-১, শানাকা ৩-০-২৭-০, পাথিনারা ৪-০-৪২-০, হাসারাঙ্গা ৪-০-২৫-২, আসালাঙ্কা ১-০-৭-০)

13 Sep 2025, 10:06 PM

জাকের-শামীমের জুটিতে পঞ্চাশ

দশম ওভারে লিটন দাসের বিদায়ের পর বাংলাদেশকে টানছেন জাকের আলি ও শামীম হোসেন। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দুই তরুণ ব‍্যাটসম‍্যান গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৪০ বলে।

১৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৬। ২২ বলে ২৩ রানে খেলছেন জাকের। ২৮ বলে শামীমের রান ৩৩। রানের গতিতে দম দেওয়ার কাজটা মূলত করেছেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান।

13 Sep 2025, 10:04 PM

১৬ ওভারে বাংলাদেশের ১০০

অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া বাংলাদেশের হাল ধরলেন জাকের আলি ও শামীম হোসেন। তাদের ব্যাটে ১৬ ওভারে একশ স্পর্শ করল দলটির রান।

৫৩ রানে রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের একশ করাই তখন মনে হচ্ছিল অনেক দূরের পথ। কিন্তু দলকে পথে রাখেন শামীম ও জাকের।

তিনটি চারে ২৪ বলে ৩১ রানে খেলছেন শামীম। জাকেরের রান ১ চারে ২০ বলে ২১।

13 Sep 2025, 09:37 PM

ব্যাটিং বিপর্যয়ে মাঝপথে ভীষণ বিপদে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে যেন আসা-যাওয়ার মিছিলে নেমেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। একের পর এক উইকেট হারানো দলটি ইনিংসের মাঝপথে এসে আছে ভীষণ বিপদে।

১০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেট হারিয়ে ৫৪ রান।

দশম ওভারের পঞ্চম বলে বিদায় নেন লিটন দাস। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে রিভার্স সুইপ করে ব্যাটে খেলতে পারেননি তিনি। লিটনের গ্লাভসে গেলে বল উপরে উঠলে গ্লাভসে জমান কুসাল মেন্ডিস।

সঙ্গে সঙ্গে কট বিহাইন্ডের আবেদন করে শ্রীলঙ্কা। কিন্তু আম্পায়ার সাড়া না দিলে রিভিউ দেয় দলটি। রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভস ছুঁয়ে গেছে বল।

২৬ বলে ১৮ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

লিটনের বিদায়ের এক বল আগে অল্পের জন্য বেঁচে যান জাকের আলি। বল স্টাম্পে লাগলেও পড়েনি বেলস। তখন ৬ রানে খেলছিলেন জাকের।

13 Sep 2025, 09:22 PM

রিভিউ নিয়ে বাঁচলেন লিটন

শেখ মেহেদি হাসানের বিদায়ের এক বল পরই আরেকটি উইকেট হারাতে পারত বাংলাদেশ। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান লিটন দাস।

ওয়ানিন্দু হাসারাঙ্গার ঝুলিয়ে দেওয়া ডেলিভারিটি লেগ সাইডে খেলার চেষ্টা করেন লিটন। কিন্তু ব্যাটে খেলতে পারেননি। বল আঘাত করে প্যাডে। এলবিডব্লিউর আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

সঙ্গে সঙ্গে রিভিউ নেন লিটন। রিপ্লেতে দেখা যায়, ব্যাটে হালকা ছুঁয়ে প্যাডে ছোবল দিয়েছে বল। তখন ২০ রানে খেলছিলেন লিটন।

13 Sep 2025, 09:18 PM

মেহেদিকে ফেরালেন হাসারাঙ্গা

একের পর এক উইকেট হারাচ্ছে বাংলাদেশ। দলের বিপদ আরও বাড়িয়ে এবার ড্রেসিং রুমে ফিরলেন শেখ মেহেদি হাসান। নিজের দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।

অফ স্টাম্পের বাইরে পড়া বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন মেহেদি। গুগলি ডেলিভারিটি বুঝতেই পারেননি তিনি। বল ছোবল দেয় তার প্যাডে। শ্রীলঙ্কার আবেদনে সাড়া দেন আম্পায়ার।

৭ বলে ৯ চার করে ফেরেন মেহেদি

13 Sep 2025, 09:11 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩০/৩

পাওয়ার প্লে একদমই ভালো কাটল না বাংলাদেশ। তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গেল লিটন দাসের দল।

৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩০। ২ বলে ৪ রানে খেলছেন শেখ মেহেদি হাসান। ১৫ বলে তিন চারে ১৮ রানে ব‍্যাট করছেন অধিনায়ক লিটন।

প্রথম ৪ ওভারে বাংলাদেশ তুলতে পেরেছিল কেবল ৭ রান। হারিয়েছিল দুই ওপেনারের উইকেট।

প্রথম দুই ওভারে দুটি উইকেট হারায় বাংলাদেশ, সেই দুই ওভারে আসেনি কোনো রান।

ষষ্ঠ ওভারে ফিরে যেতে পারতেন লিটনও, স্লিপ ফিল্ডারের ব‍্যর্থতায় বেঁচে যান বাংলাদেশ অধিনায়ক। মেহেদিকে নিয়ে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার চ‍্যালেঞ্জ তার সামনে।

13 Sep 2025, 09:07 PM

অল্পের জন্য বাঁচলেন লিটন

পাওয়ার প্লের শেষ ওভারে আউট হতে পারতেন লিটন দাসও। দাসুন শানাকার বাড়তি লাফিয়ে ওঠা বলটি লিটনের ব্যাটের কানায় লেগে যায় স্লিপ ফিল্ডারের কাছে। সামনে লাফিয়েও বলের নাগাল পাননি ফিল্ডার।

৪ রানে অল্পের জন্য বেঁচে যান লিটন।

13 Sep 2025, 09:05 PM

জীবন পেয়ে পরের বলেই ফিরলেন হৃদয়

বেঁচে যাওয়ার সুযোগকে কাজে লাগাতে পারলেন না তাওহিদ হৃদয়। সহজ ক্যাচ দিয়ে জীবন পাওয়ার পরের বলেই রান আউটে কাটা পড়লেন তিনি। আরেকটি উইকেট হারাল বাংলাদেশ।

পঞ্চম ওভারের দ্বিতীয় বলে মিড-অফের ওপর দিয়ে উড়িয়ে মারার চেষ্টা করেন হৃদয়। কিন্তু নুয়ান থুসারার কাটার ব্যাটে ঠিকমতো খেলতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে বল উঠে যায় উপরে। কিন্তু মিড-অফ ফিল্ডার চারিথ আসালাঙ্কা ছেড়ে দেন সহজ ক্যাচ।

৪ রানে জীবন পাওয়া হৃদয় পরের বলটি খেলেন লেগ সাইডে। তৃতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান তিনি। বাউন্ডারি থেকে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে তাকে ড্রেসিং রুমে ফেরান কামিল মিশারা।

৯ বলে ৮ রান করে ফেরেন হৃদয়।

13 Sep 2025, 08:48 PM

শূন্যতে বিদায় পারভেজও

পরপর দুই ওভারে উইকেট হারাল বাংলাদেশ। তানজিদ হাসানের পথ ধরে রানের খাতা খোলার আগে ড্রেসিং রুমে ফিরলেন আরেক ওপেনার পারভেজ হোসেন।

দুশমান্থা চামিরার একটু টেনে করা ডেলিভারিতে ড্রাইভ করেন পারভেজ। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে কিপার কুসাল মেন্ডিসের হাতে। দলকে আরও বিপদে ফেলে বিদায় নেন পারভেজ।

দুই ওভারে কোনো রান তুলতে না পারা বাংলাদেশ হারাল দুই ওপেনারকে।

ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়।

13 Sep 2025, 08:44 PM

শূন্য করে ফিরলেন তানজিদ

ম্যাচের শুরুটা একদমই ভালো না বাংলাদেশের। রানের খাতা খোলার আগেই প্রথম ওভারের শেষ ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরলেন তানজিদ হাসান।

নুয়ান থুসারার করা ওভারটি প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি তানজিদ। তাতে বোধহয় কিছুটা চাপে ছিলেন তিনি। ওভার শেষ বলটি উড়িয়ে মারার চেষ্টায় বিপদ ডেকে আনেন বাংলাদেশ ওপেনার।

কিছুটা সুইং করে ভেতরে ঢোকা ডেলিভারিতে ব্যাট চালান তানজিদ। কিন্তু বলের লাইন পুরোপুরি মিস করেন তিনি। বল ছোবল দেয় তার স্টাম্পে।

13 Sep 2025, 08:19 PM

হাসারাঙ্গাকে ফেরাল শ্রীলঙ্কা

জিম্বাবুয়েতে খেলা সবশেষ টি-টোয়েন্টির একাদশ থেকে দুটি পরিবর্তন এনে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে একাদশে ফিরেছেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার সঙ্গে ফেরানো হয়েছে পেসার মাথিশা পাথিরানাকে।

তাদের জায়গা দিতে বাদ পড়েছেন লেগ স্পিনিং অলরাউন্ডার দুশান হেমান্থা ও পেসার বিনুরা ফার্নান্দো।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিল মিশারা, কুসাল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।

13 Sep 2025, 08:15 PM

বাংলাদেশ একাদশে এক পরিবর্তন

হংকং ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদের জায়গায় ফিরেছেন শরিফুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি তাসকিন। ২ উইকেট পেলেও ৩৮ রান দিয়েছেন অভিজ্ঞ পেসার।

এক ম্যাচ পরই একাদশে ফিরলেন শরিফুল। বাঁহাতি এই পেসার সবশেষ একাদশে ছিলেন নেদারল্যান্ডস সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে। বৃষ্টিতে ভেসে যাওয়া ওই ম্যাচে অবশ্য বোলিং করতে পারেননি তিনি।

এখন পর্যন্ত ৫২ টি-টোয়েন্টি খেলে ৫৮ উইকেট নিয়েছেন শরিফুল। ওভারপ্রতি রান খরচ করেছেন আটের বেশি রান। তার ক্যারিয়ার সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

13 Sep 2025, 08:06 PM

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

কয়েন ছুঁড়লেন লিটন দাস। হেডস কল করলেন চারিথ আসালাঙ্কা। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক।

বাংলাদেশ অধিনায়ক লিটন অবশ্য বললেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে তার। তাই আগে ব্যাটিং করতে তেমন সমস্যা নেই তাদের।

আগের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন লিটন। রান তাড়ায় হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। আসরে এটি শ্রীলঙ্কার প্রথম ম্যাচ।

13 Sep 2025, 07:40 PM

শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে থাকার লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করা বাংলাদেশ কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে। এবার প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা। 

আবু ধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে মাঠের লড়াই। 

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ২০ বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেখানে আট ম‍্যাচে জিতেছে তারা, বাকি ১২টিতে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নরা। 

সবশেষ ১৬ ম‍্যাচে দুই দল জিতেছে সমান আটটি করে। এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও দুই দলের লড়াইয়ে রয়েছে ১-১ সমতা। ২০১৬ আসরে জিতেছিল বাংলাদেশ, ছয় বছর পরের আসরে শ্রীলঙ্কা।

দুই দলের সবশেষ সিরিজে ২-১ ব‍্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আবু ধাবিতে এরই মধ‍্যে একটি ম‍্যাচ খেলেছে লিটন দাসের দল। উইকেট ও কন্ডিশন সম্পর্কে তাই লঙ্কানদের চেয়ে ভালো ধারণা আছে তাদের। সেই সুবিধা মাঠের লড়াইয়ে কাজে লাগানোর পালা বাংলাদেশের।