- লাইভ ব্লগের সমাপ্তি
- টানা দুই মেডেনে বাংলাদেশের শুরু
- ৩৯০ রানে থামল বাংলাদেশের ইনিংস
- ছক্কার চেষ্টায় ফিরলেন শরিফুল
- দ্রুত ফিরলেন তাসকিন
- ৪০০ ছাড়াল বাংলাদেশের লিড
- তাইজুলের বিদায়ে ভাঙল জুটি
- দারুণ সেঞ্চুরিতে মুমিনুলকে ছাড়িয়ে চূড়ায় মুশফিক
- রিভিউয়ে ব্যর্থ পাকিস্তান
- তিনশ ছুঁয়ে চা-বিরতিতে বাংলাদেশ
- টিকলেন না মিরাজ
- তিনশ ছাড়াল লিড
- সীমানায় ধরা পড়লেন লিটন
- দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকের পঞ্চাশ
- মুশফিক-লিটনের জুটিতে একশ
- ৬৭ বলে লিটনের পঞ্চাশ
- মুশফিক-লিটনের জুটিতে দারুণ সেশন
- দারুণ সুযোগ হারাল পাকিস্তান
- লিটন-মুশফিকের জুটিতে পঞ্চাশ
- প্রথম ঘণ্টায় শান্তর উইকেট
- শুরুতেই ফিরলেন শান্ত
- বড় লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
- লাইভ ব্লগে স্বাগত
18 May 2026, 05:23 PM
লাইভ ব্লগের সমাপ্তি
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
18 May 2026, 05:19 PM
টানা দুই মেডেনে বাংলাদেশের শুরু
প্রথম ওভার মেডেন নিলেন তাসকিন আহমেদ। পরের ওভারটি মেডেন নিলেন শরিফুল ইসলাম।
প্রথম দুই ওভারে কোনো রান পেল না পাকিস্তান।
আলো কম থাকায় এরপর আগেভাগেই শেষ হয়ে গেল দিনের খেলা।
18 May 2026, 05:04 PM
৩৯০ রানে থামল বাংলাদেশের ইনিংস
তৃতীয় দিন শেষ বেলায় ৩৯০ রানে থামল বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানকে জয়ের জন্য ৪৩৭ রানের লক্ষ্য দিল নাজমুল হোসেন শান্তর দল।
সাজিদ খানের বলে বড় শটের চেষ্টায় ডিপ মিডউইকেটে মোহাম্মদ আব্বাসের হাতে ধরা পড়েন মুশফিক। ২৩৩ বলে ১২ চার ও ১ ছক্কায় ১৩৭ রান করেন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
১০২.২ ওভার স্থায়ী হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।
শেষ বেলায় পাকিস্তানের ব্যাটসম্যানদের পরীক্ষায় ফেলার সুযোগ তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের সামনে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১১০/৩) ২৬.৪ ওভারে ১১০/৩ (শান্ত ১৫, মুশফিক ১৩৭, লিটন ৬৯, মিরাজ ১৯, তাইজুল ২২, তাসকিন ৬, শরিফুল ১২, নাহিদ ০*; আব্বাস ২৩-২-৬৬-১, শাহজাদ ২০-৩-৮৬-৪, হাসান ২৩-২-৮৩-২, সাজিদ ৩৩.২-২-১২৬-৩, সালমান ১-০-৫-০, শাকিল ২-০-১৩-০)
18 May 2026, 04:57 PM
ছক্কার চেষ্টায় ফিরলেন শরিফুল
দ্রুত রান তোলার চেষ্টায় বিদায় নিলেন শরিফুল ইসলাম। সাজিদ খানের বলে লং অফে ধরা পড়লেন বাঁহাতি এই ব্যাটসম্যান। বাংলাদেশ হারাল নবম উইকেট।
শরিফুলের বিদায়ে ভাঙল ৩১ বল স্থায়ী ১৯ রানের জুটি।
শরিফুল দুই চারে ১৫ বলে করেন ১২ রান।
১০১ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৩৮৩। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী নাহিদ রানা।
18 May 2026, 04:31 PM
দ্রুত ফিরলেন তাসকিন
বড় শটের চেষ্টায় ফিরলেন তাসকিন আহমেদ। হাসান আলির অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে দেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে যায় স্লিপে, সালমান আলি আগার হাতে।
তাসকিনের বিদায়ে ভাঙল ১৯ বল স্থায়ী ১৫ রানের জুটি।
১৩ বলে এক চারে ৬ রান করেন তাসকিন।
পরের ব্যাটসম্যান শরিফুল ইসলাম ঠিক প্রস্তুত ছিলেন না। মাঠে আসতে বেশ সময় নেন তিনি। টাইম আউট এড়াতেই হয়তো তাড়াহুড়া করে ক্রিজে যান। এরপর ধীরে ধীর বল খেলতে প্রস্তুত হন।
৯৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৬৪।
18 May 2026, 04:23 PM
৪০০ ছাড়াল বাংলাদেশের লিড
মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৪০০ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। সিলেট টেস্ট জিততে হলে রেকর্ড গড়তে হবে শান মাসুদের দলকে।
টেস্টে পাকিস্তান সর্বোচ্চ ৩৭৭ রানের লক্ষ্য তাড়া করতে পেরেছে। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওই জয়ে বড় ভূমিকা ছিল ইউনিস খানের অপরাজিত সেঞ্চুরির।
বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ২৬১ রান তাড়া করতে পেরেছে পাকিস্তান। ২০০৩ সালে মুলতান টেস্টে অভাবনীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও ইনজামাম-উল-হাকের অতিমানবীয় ইনিংসের জন্য পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে আরও দুবার দুইশ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জিতেছে পাকিস্তান। তবে এবার লক্ষ্য পাচ্ছে আরও অনেক বড়।
৯৫ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩৬৩। লিড এখন ৪০৯ রান।
২০৮ বলে ১১ চার ও এক ছক্কায় ১২৪ রানে খেলছেন মুশফিক। ১২ বলে এক চারে ৬ রানে ব্যাট করছেন তাসকিন আহমেদ।
18 May 2026, 04:13 PM
তাইজুলের বিদায়ে ভাঙল জুটি
সাজিদ খানের বলে এগিয়ে এসে বড় শট খেলতে চাইলেন তাইজুল ইসলাম। বল যতটা উপরে উঠল ততটা দূরে গেল না। লং অফে একটু সরে গিয়ে ক্যাচ নিলেন মোহাম্মদ আব্বাস।
অফ স্পিনারের বলে ছক্কার চেষ্টায় তাইজুলের বিদায়ে ভাঙল ১২৮ বল স্থায়ী ৭৭ রানের জুটি। ৫১ বলে দুই চারে ২২ রান করে থামলেন বাঁহাতি ব্যাটসম্যান।
৯৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩৫৩। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী তাসকিন আহমেদ। ক্রিজে গিয়েই চমৎকার টাইমিংয়ে বাউন্ডারিতে পথ চলা শুরু করেছেন তিনি।
18 May 2026, 03:38 PM
দারুণ সেঞ্চুরিতে মুমিনুলকে ছাড়িয়ে চূড়ায় মুশফিক
মোহাম্মদ আব্বাসের বল অনায়াসে সীমানায় পাঠালেন মুশফিকুর রহিম। তাতে হাতে ধরা দিল দারুণ এক অর্জন। মুমিনুল হককে ছাড়িয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের।
আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে চমৎকার সেঞ্চুরিতে মুমিনুলকে স্পর্শ করেন মুশফিক।
চলতি সিরিজের প্রথম টেস্টে তাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন মুমিনুল। কিন্তু ৯১ রান করে আউট হয়ে যান বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার সেঞ্চুরি থেকে যায় ১৩টিই।
৯৯ রান থেকে ওই চারে চতুর্দশ সেঞ্চুরিতে এবার এককভাবে চূড়ায় উঠে এলেন মুশফিক। দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৭৮ বলে স্পর্শ করলেন তিন অঙ্ক। পাকিস্তানের বিপক্ষে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি।
ওই বাউন্ডারিতে তাইজুলের সঙ্গে মুশফিকের জুটি স্পর্শ করেন পঞ্চাশ, ৮২ বলে।
৮৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩২৫। ১৭৯ বলে নয় চার ও এক ছক্কায় ১০৪ রানে খেলছেন মুশফিক। ৩২ বলে এক চারে ১১ রানে ব্যাট করছেন তাইজুল।
18 May 2026, 03:20 PM
রিভিউয়ে ব্যর্থ পাকিস্তান
উইকেটের মরিয়া চেষ্টায় রিভিউ নিয়ে ব্যর্থ হলো পাকিস্তান। মোহাম্মদ আব্বাসের ডেলিভারি চলে যেত স্টাম্পের উপর দিয়ে।
আব্বাসের ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি মুশফিকুর রহিম। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান মাসুদ। কাজ হয়নি, স্টাম্পের বেশ উপর দিয়ে যেত বল। দ্বিতীয় রিভিউ হারাল পাকিস্তান।
৮১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩০৯।
18 May 2026, 02:49 PM
তিনশ ছুঁয়ে চা-বিরতিতে বাংলাদেশ
আরেকটি ভালো সেশনে সিলেট টেস্টে নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেছে বাংলাদেশ। তিনশ ছুঁয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড এখন সাড়ে তিনশ ছাড়িয়েছে।
চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৭৯ ওভারে ৬ উইকেটে ৩০৭। মুশফিকুর রহিম ১৫৫ বলে ৯০ রানে খেলছেন। তাইজুল ইসলাম ২০ বলে ৮ রানে ব্যাট করছেন।
বাংলাদেশ এখন ৩৫৩ রানে এগিয়ে।
এক ওভার পরেই দ্বিতীয় নতুন বল নিতে পারবে পাকিস্তান। সফরকারীরা হয়তো তাকিয়ে আছে সেদিকেই। প্রথম সেশনে তারা নিতে পেরেছিল এক উইকেট, দ্বিতীয় সেশনে নিতে পারল দুটি।
এখনও মুশফিক ক্রিজে থাকায় বাংলাদেশ অন্তত চারশ রানের লক্ষ্য দিতে চাইবে।
18 May 2026, 02:16 PM
টিকলেন না মিরাজ
প্রথম ইনিংসে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি মেহেদী হাসান মিরাজ, পারলেন না এবারও। তার ব্যর্থতায় টেলএন্ডারদের নিয়ে এখন খেলতে হবে মুশফিকুর রহিমের।
আক্রমণে ফিরেই সাফল্য পেলেন খুররাম শাহজাদ। তার প্রথম বলটি ছিল ‘নো।’
পরের বলটি ছিল স্টাম্পে। লেগে খেলার চেষ্টায় বলের লাইনে যেতে পারেননি মিরাজ। এলোমেলো হয়ে যায় স্টাম্প। ভাঙে ৫৯ বল স্থায়ী ৩৪ রানের জুটি।
৩৯ বলে এক চারে ১৯ রান করেন মিরাজ।
৭২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৭৪। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী তাইজুল ইসলাম।
18 May 2026, 01:59 PM
তিনশ ছাড়াল লিড
এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের দৃঢ়তায় তিনশ ছাড়িয়েছে লিড।
লিটন দাসের বিদায়ের পর মুশফিককে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তাদের জুটিতে ধীরে ধীরে বাড়ছে রান।
৬৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫৫। ১২০ বলে ৬১ রানে ব্যাট করছেন মুশফিক। ৩০ বলে মিরাজের রান ৮।
বাংলাদেশের লিড এখন ৩০১ রান।
18 May 2026, 01:30 PM
সীমানায় ধরা পড়লেন লিটন
বোলিং পরিবর্তন কাজে লেগে গেল। আক্রমণে ফিরে লিটন দাসকে ফিরিয়ে জুটি ভাঙলেন হাসান আলি।
অফ স্টাম্পের বাইরের শর্ট বলে আপার কাট করেন লিটন। ডিপ থার্ড ম্যানে এমন কিছুর জন্যই তৈরি ছিলেন সাউদ শাকিল। আস্থার সঙ্গে তিনি মুঠোয় নেন বল। ভাঙে ১৮৮ বল স্থায়ী ১২৩ রানের জুটি।
সাবলীল ব্যাটিংয়ে ৯২ বলে পাঁচ চারে ৬৯ রান করেন লিটন।
৬২ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৩৯। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
18 May 2026, 01:24 PM
দায়িত্বশীল ব্যাটিংয়ে মুশফিকের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মুশফিকুর রহিম। দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনি স্পর্শ করেছেন পঞ্চাশ, ১০৩ বলে।
বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের এটি ৩০তম পঞ্চাশ, পাকিস্তানের বিপক্ষে চতুর্থ। মিরপুর টেস্টেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন তিনি।
৬১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৩৮।
18 May 2026, 01:04 PM
মুশফিক-লিটনের জুটিতে একশ
সাজিদ খানের বলে সিঙ্গেল নিলেন মুশফিকুর রহিম। লিটন দাসের সঙ্গে তার জুটি স্পর্শ করল একশ, ১৫৭ বলে।
টেস্টে এটি লিটন ও মুশফিকের অষ্টম শতরানের জুটি। বাংলাদেশের আর কোনো জুটির নেই ছয়টির বেশি।
এক বল পর ভাঙতে পারত এই জুটি। কিন্তু লিটনের ক্যাচ নিতে পারেননি সাজিদ। সে সময় ৫৬ রানে ছিলেন বাংলাদেশের কিপার-ব্যাটসম্যান।
৫৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২১৮।
18 May 2026, 12:51 PM
৬৭ বলে লিটনের পঞ্চাশ
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস সাবলীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন এবারও। খুররাম শাহজাদকে চার মেরে স্পর্শ করেছেন পঞ্চাশ, ৬৭ বলে।
টেস্টে এটি লিটনের ২০তম পঞ্চাশ। পাকিস্তানের বিপক্ষে সাত টেস্টে এটি তার দ্বিতীয় পঞ্চাশ, দলটির বিপক্ষে সেঞ্চুরি আছে তিনটি।
৫৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২০৯। স্বাগতিকদের লিড এখন ২৫৫ রান।
৬৮ বলে চারটি চারে ৫৩ রানে খেলছেন লিটন। ৮৪ বলে এক ছক্কা ও দুই চারে ৪০ রানে ব্যাট করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
18 May 2026, 12:11 PM
মুশফিক-লিটনের জুটিতে দারুণ সেশন
সহায়ক কন্ডিশনে পাকিস্তানের শুরুটা ছিল দারুণ। দ্রুতই মিলেছিল নাজমুল হোসেন শান্তর উইকেট।
তবে এরপর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন দাসের জুটিতে পাকিস্তানকে বড় লক্ষ্য দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
প্রথম দিনের লাঞ্চের সময় ৫৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২০৩। লিড এখন ২৪৯ রান।
প্রথম সেশনে শান্তর উইকেট হারিয়ে ৯৩ রান যোগ করেছে বাংলাদেশ।
দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮০ বলে দুই চার ও এক ছক্কায় ৩৯ রানে ব্যাট করছেন মুশফিক। সাবলীল ব্যাটিংয়ে ৮৮ বলে তিন চারে ৪৮ রানে খেলছেন লিটন।
বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের সঙ্গে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটনের জুটিতে ১৩৬ বলে এসেছে ৮৮ রান।
18 May 2026, 11:48 AM
দারুণ সুযোগ হারাল পাকিস্তান
হাল ছেড়ে মাঝপথে দাঁড়িয়েছিলেন লিটন দাস। প্রচুর সময় ছিল বাবর আজমের হাতে। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারলেন না তিনি। থ্রো রাখতে পারলেন না স্টাম্পে। বেঁচে গেলেন লিটন দাস।
খুররাম শাহজাদের বল আলতো হাতে অফে খেলে রানের জন্য দৌড় দেন লিটন। কিন্তু সাড়া দেননি মুশফিকুর রহিম। তখন আর ফেরার সময় ছিল না। তাই মাঝপথে একরকম দাঁড়িয়ে যান তিনি। কিন্তু দারুণ সুযোগটি নিতে পারেননি বাবর।
সে সময় ৩৮ রানে ছিলেন লিটন।
৪৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭৬। ৪৯ বলে তিন চারে ৩৯ রানে খেলছেন লিটন। ৬১ বলে এক চারে ২১ রানে ব্যাট করছেন মুশফিক।
18 May 2026, 11:40 AM
লিটন-মুশফিকের জুটিতে পঞ্চাশ
প্রথম ইনিংসে পাকিস্তানকে ভোগানো লিটন দাস দাঁড়িয়ে গেছেন আবারও। দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সঙ্গে জমে গেছে এই কিপার-ব্যাটসম্যানের জুটি।
দুই অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ৮৭ বলে। টেস্টে এটি তাদের অষ্টম পঞ্চাশ রানের জুটি। তাদের সাতটি একশ রানের জুটিও আছে। এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি শতরানের জুটি তাদেরই।
৪৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭০। ৪৩ বলে দুই চারে ৩৪ রানে খেলছেন লিটন। ৬০ বলে এক চারে ২১ রানে ব্যাট করছেন মুশফিক। তাদের জুটিতে বাংলাদেশের লিড এগিয়ে যাচ্ছে আড়াইশর দিকে।
18 May 2026, 11:10 AM
প্রথম ঘণ্টায় শান্তর উইকেট
মেঘে ঢাকা আকাশ। কন্ডিশন পেসারদের জন্য সহায়ক। দিনের শুরুতে কন্ডিশনের সুবিধা নিয়ে স্বাগতিকতের বেশ ভোগালেন পাকিস্তানের পেসাররা। নিলেন নাজমুল হোসেন শান্তর উইকেট।
তবে লিটন দাস মাঠে আসার পর পাল্টেছে পরিস্থিতি। সাবলীল ব্যাটিং করছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান। আরেক প্রান্তে সাবধানী ব্যাটিং করছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
পানি পানের বিরতির সময় বাংলাদেশের রান ৩৯ ওভারে ৪ উইকেটে ১৫০। জুটির রান ৩৫।
বাংলাদেশ এখন ১৯৬ রানে এগিয়ে।
২৩ বলে দুই চারে ২১ রানে ব্যাট করছেন লিটন। ৩৮ বলে এক চারে ১৫ রান খেলছেন মুশফিক।
18 May 2026, 10:28 AM
শুরুতেই ফিরলেন শান্ত
পেসারদের জন্য সহায়ক কন্ডিশনে ব্যাটসম্যানদের পরীক্ষা নিচ্ছেন মোহাম্মদ আব্বাস ও খুররাম শাহজাদ। তাদের ভালো বোলিংয়ের পুরস্কার পেল পাকিস্তান। শুরুতেই মিলল উইকেট।
শাহজাদের ভেতরে ঢোকা ডেলিভারি শাফল করে খেলার চেষ্টায় ছিলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটের কানা এড়িয়ে প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
আউট দেওয়ার পর রিভিউ নেন শান্ত। তাতে কাজে হয়নি, বল লাগত লেগ স্টাম্পে। উল্টো বাংলাদেশ হারাল একটি রিভিউ।
৪৬ বলে এক চারে ১৫ রান করেন শান্ত।
৩১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১৬। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস।
প্রথম দুই দিন তৃতীয় আম্পায়ার হিসেবে ছিলেন কুমার ধার্মাসেনা। অসুস্থ থাকায় মাঠে আসেননি রিচার্ড কেটেলবরো। তার জায়গা এদিন মাঠে নেমেছেন ধার্মাসেনা।
18 May 2026, 10:02 AM
বড় লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
দুই দিনের মধ্যেই শেষ হয়ে গেছে দুই দলের প্রথম ইনিংস। টেস্টের বাকি এখনও তিন দিন। স্বাভাবিকভাবেই সময়ের কোনো অভাব নেই। তাই কোনো তাড়াহুড়া নেই বাংলাদেশের। সম্ভব হলে তৃতীয় দিনের পুরোটাতেই ব্যাটিং করতে চায় স্বাগতিকরা। দিতে চায় যতটা সম্ভব বড় লক্ষ্য।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার তৃতীয় দিনের খেলা শুরু হবে সকাল ১০টায়।
৩ উইকেটে ১১০ রান নিয়ে দিন শুরু করবে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়ায় স্বাগতিকরা এখন ১৫৬ রানে এগিয়ে।
৩২ বলে এক চারে ১৩ রানে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নামবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
আগের দিন শেষ বেলায় বিদায় নেন মুমিনুল হক। তার আউট দিয়েই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। ব্যাটে-বলে দারুণ এক দিনে সিলেট টেস্টে চালকের আসনে আছে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ২৬.৪ ওভারে ১১০/৩ (জয় ৫২, তানজিদ ৪, মুমিনুল ৩০, শান্ত ১৩*; আব্বাস ৮-০-২৯-১, শাহজাদ ৫.৪-২-১৯-২, হাসান ৫-১-১৮-০, সাজিদ ৮-১-৩৬-০)
18 May 2026, 10:00 AM
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিলেটে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।