17 May 2026, 05:43 PM
উইকেট ছুঁড়ে এলেন মুমিনুল
আগের দুই ওভার মেডেন খেলেন দুই ব্যাটসম্যান। শেষ ওভারটাও মেডেন দিতে পারতেন মুমিনুল হক। কিন্তু চতুর্থ বলে অহেতুক শট খেলে কট বিহাইন্ড হলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
খুররাম শাহজাদের অফ স্টাম্পের বাইরের বল অনায়াসে ছেড়ে দিতে পারতেন মুমিনুল। কিন্তু বিনা কারণে শট খেলতে গিয়ে বিপদ ডেকে আনলেন তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ল মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙল ৫০ বল স্থায়ী ১৯ রানের জুটি।
৬০ বলে তিন চারে ৩০ রান করেন মুমিনুল।
২৬.৪ ওভারে ৩ উইকেটে ১১০ রানে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ। স্বাতিকদের লিড এখন ১৫৬।
৩২ বলে এক চারে ১৩ রানে ব্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
মুমিনুলের আউট দিয়েই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। ব্যাটে-বলে দারুণ এক দিনে সিলেট টেস্টে চালকের আসনে আছে বাংলাদেশ। তৃতীয় দিন চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে বড় সংগ্রহ গড়তে চাইবে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ২৩২
বাংলাদেশ ২য় ইনিংস: ২৬.৪ ওভারে ১১০/৩ (জয় ৫২, তানজিদ ৪, মুমিনুল ৩০, শান্ত ১৩*; আব্বাস ৮-০-২৯-১, শাহজাদ ৫.৪-২-১৯-২, হাসান ৫-১-১৮-০, সাজিদ ৮-১-৩৬-০)
17 May 2026, 05:20 PM
দেড়শ ছাড়াল বাংলাদেশের লিড
দিনের শেষ বেলায় বেশ সাবধানী মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। আর কোনো ক্ষতি ছাড়াই দিনটা কাটিয়ে দিতে চান তারা।
তাই বলে নিজেদের একেবারে গুটিয়ে নেননি দুই বাঁহাতি ব্যাটসম্যান। এক-দুই করে নিয়ে ধীরে হলেও এগিয়ে যাচ্ছেন তারা। তাতেই দেড়শ ছাড়িয়েছে বাংলাদেশের লিড।
২৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৫। স্বাগতিকদের লিড এখন ১৫১।
২২ বলে ৯ রানে খেলছেন শান্ত। ৪৮ বলে মুমিনুলের রান ২৯।
17 May 2026, 05:07 PM
পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন জয়
নিজের ইনিংস বড় করতে পারলেন না মাহমুদুল হাসান জয়। মোহাম্মদ আব্বাসের বলে ফ্লিক করে ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন এই ওপেনার।
আব্দুল্লাহ ফাজালের চমৎকার ক্যাচে ভাঙল ৯১ বল স্থায়ী ৭৬ রানের জুটি।
৬৪ বলে ১০ চারে ৫২ রান করলেন জয়।
পরের বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হল পাকিস্তান। আব্বাসের বলে ব্যাট পেতে দিয়েছিলেন শান্ত। কিন্তু ব্যাটে বলে করতে পারেননি তিনি।
প্রথম ইনিংসে দুইবার রিভিউ না নেওয়ায় মুশফিকুর রহিম ও লিটন দাসের উইকেট পায়নি পাকিস্তান। সে কারণেই হয়তো এবার রিভিউ নেন শান মাসুদ। কিন্তু ব্যাট স্পর্শ না করায় পাকিস্তান হারায় প্রথম রিভিউ।
১৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯২।
17 May 2026, 05:00 PM
৫৮ বলে জয়ের পঞ্চাশ
প্রথম টেস্টে আউট হয়েছিলেন ৮ ও ৫ রানে। সিলেট টেস্টের প্রথম ইনিংসে দুই বলে আউট হন শূন্য রানে। এবার সাবলীল ব্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করলেন মাহমুদুল হাসান জয়, ৫৮ বলে।
মোহাম্মদ আব্বাসের বলে ফ্লিক করে চার মেরে পঞ্চাশে যান জয়।
ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে এগোচ্ছেন এই ওপেনার। অফ স্টাম্পের বাইরের বলে চড়াও হচ্ছেন নিয়মিত। অফ স্পিনার সাজিদ খানকে লাইন ও লেংথে থিতু হতে দিচ্ছেন না তিনি।
১৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৮৭।
17 May 2026, 04:35 PM
জয়-মুমিনুলের জুটিতে পঞ্চাশ
সাজিদ খানের নতুন ওভারের প্রথম বল অনায়াসে বাউন্ডারিতে পাঠালেন মাহমুদুল হাসান জয়। মুমিনুল হকের সঙ্গে তার জুটি স্পর্শ করল পঞ্চাশ, ৫৪ বলে।
তানজিদ হাসানের দ্রুত বিদায়ের পর জুটি গড়েছেন জয় ও মুমিনুল। তাদের তৃতীয় পঞ্চাশ রানের জুটিতে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ।
পাকিস্তানের কোনো বোলারই ভাবাতে পারছেন না ব্যাটসম্যানদের। সাবলীল ব্যাটিংয়ে তারা এগিয়ে নিচ্ছেন দলকে।
১৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬৯। লিড এখন ১১৫ রান।
৫১ বলে আট চারে ৪২ রানে খেলছেন জয়। ২৩ বলে ১ চারে মুমিনুলের রান ১২।
17 May 2026, 04:21 PM
একশ ছাড়াল লিড
সিরিজে আগের তিন ইনিংসে ব্যর্থ মাহমুদুল হাসান জয় এবার দারুণ ব্যাটিং করছেন। টাইমিং হচ্ছে দুর্দান্ত। খেলেছেন দৃষ্টিনন্দন কিছু শট।
সহজাত ব্যাটিংয়ে জয়কে সঙ্গ দিচ্ছেন মুমিনুল হক। দুই টপ অর্ডার ব্যাটসম্যানের দৃঢ়তায় একশ ছাড়িয়েছে বাংলাদেশের লিড।
নবম ওভারে প্রথমবার আক্রমণে আসেন সাজিদ খান। অফ স্পিনারের বলে টানা দুটি চারসহ ১১ রান নেন জয়।
১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫৮। ৪৪ বলে সাত চারে ৩৬ রানে খেলছেন জয়। ১১ বলে মুমিনুলের রান ৭।
17 May 2026, 03:52 PM
শুরুতেই ফিরলেন তানজিদ
প্রথম ইনিংসে শূন্য রানে ফেরা মাহমুদুল হাসান জয় এবার প্রথম ওভারে চমৎকার শটে পেলেন বাউন্ডারি। তানজিদ হাসানও শুরু করলেন বাউন্ডারিতে। তবে অভিষিক্ত বাঁহাতি ওপেনার নিজের ইনিংস বড় করতে পারলেন না।
খুররাম শাহজাদের অফ স্টাম্পের বাইরের বল লেগে খেলতে চেয়েছিলেন তানজিদ। ব্যাটের কানায় লেগে বল যায় গালিতে, সাউদ শাকিলের হাতে।
এক চারে ৭ বলে ৪ রান করেন তানজিদ।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫। ক্রিজে জয়ের সঙ্গী মুমিনুল হক।
প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া বাংলাদেশ এখন ৬১ রানে এগিয়ে।
17 May 2026, 03:28 PM
সাজিদ-ঝড় থামিয়ে বাংলাদেশের লিড
চা-বিরতির পর বেশিক্ষণ টিকল না পাকিস্তানের ইনিংস। তবে এর মধ্যে তাইজুল ইসলামের এক ওভারে তিন ছক্কায় ব্যবধান কিছুটা কমিয়ে ফেললেন সাজিদ খান।
সাজিদকে ফিরিয়েই পাকিস্তানের ইনিংসের ইতি টানলেন নাহিদ রানা।
ব্যাটের কানায় লেগে কিপারের পেছনে যাওয়া ক্যাচ সামনের দিকে ঝাঁপিয়ে মুঠোয় নেন তানজিদ হাসান। ভাঙে ১৩ বল স্থায়ী ২৫ রানের জুটি।
২৮ বলে চার ছক্কা ও দুই চারে ৩৮ রান করেন সাজিদ।
৫৭.৪ ওভারে ২৩২ রানে থামে পাকিস্তান। প্রথম ইনিংসে ২৭৮ রান করা বাংলাদেশ নেয় ৪৬ রানের লিড।
তিনটি করে উইকেট নিয়েছেন নাহিদ ও তাইজুল। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: (আগের দিন ২১/০) ৫৭.৪ ওভারে ২৩২ (আজান ১৩, ফাজাল ৯, মাসুদ ২১, বাবর ৬৮, শাকিল ৮, সালমান ২১, রিজওয়ান ১৩, হাসান ১৮, সাজিদ ৩৮, শাহজাদ ১০, আব্বাস ০*; তাসকিন ১১-১-৩৭-২, শরিফুল ১১-৩-৩৯-০, মিরাজ ৯-৩-২১-২, নাহিদ ১২.৪-১-৬০-৩, তাইজুল ১৪-৪-৬৭-৩)
17 May 2026, 03:14 PM
শাহজাদকে ফিরিয়ে নাহিদের দুই
চা-বিরতির পর প্রথম ওভারেই পাকিস্তানের নবম উইকেট জুটি ভাঙলেন নাহিদ রানা। গতিময় এই পেসারের শর্ট বলে পুল করে শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়লেন খুররাম শাহজাদ।
ভাঙল ২০ বল স্থায়ী ২৩ রানের জুটি।
১০ বলে একটি করে ছক্কা ও চারে ১০ রান করেন শাহজাদ।
পরের বলেই শেষ হতে পারত পাকিস্তানের প্রথম ইনিংস। কিন্তু শর্ট লেগে ক্যাচ নিতে পারেননি জয়। এতো দ্রুত বল আসে যে ঠিকঠাক হাতই বাড়াতে পারেননি তিনি। ব্যথা পান বাম হাতে।
৫৬ ওভারে পাকিস্তানের রান ৯ উইকেটে ২০৭। ক্রিজে পাকিস্তানের শেষ জুটি।
17 May 2026, 02:49 PM
তাইজুল-নাহিদের হাত ধরে দারুণ সেশন
এক প্রান্তে টানা বোলিং করে গেলেন তাইজুল ইসলাম। চমৎকার বোলিংয়ে বাঁহাতি এই স্পিনার নিলেন তিন উইকেট। এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানকে এগিয়ে নেওয়া বাবর আজমের প্রতিরোধ ভাঙলেন নাহিদ রানা। দুই বোলারের নৈপুণ্যে আরেকটি ভালো সেশন কাটাল বাংলাদেশ।
দ্বিতীয় দিন চা-বিরতিতে যাওয়ার সময় ৫৫ ওভারে ৮ উইকেটে ২০৬ রান করেছে পাকিস্তান।
৯ বলে একটি করে ছক্কা ও চারে ১০ রানে খেলছেন খুররাম শাহজাদ। ১৭ বলে একটি করে ছক্কা ও চারে ১২ রানে ব্যাট করছেন সাজিদ খান।
চা-বিরতির আগে সাজিদের উইকেটও হারাতে পারত পাকিস্তান। মেহেদী হাসান মিরাজের বলে সীমানায় ক্যাচ নিলেও কার্টেনে পা দিয়ে ফেলেন শরিফুল ইসলাম। আউট না হয়ে উল্টো ছয় পেয়ে যান যান ব্যাটসম্যান।
প্রথম সেশনে চার উইকেট হারিয়েছিল পাকিস্তান, দ্বিতীয়টিতেও হারাল চারটি। প্রথম ইনিংসে লিড নেওয়ার পখ বহুগুণ কঠিন এখন সফরকারীদের জন্য। এখনও ৭২ রানে পিছিয়ে রয়েছে শান মাসুদের দল।
17 May 2026, 02:39 PM
হাসানকে ফিরিয়ে তাইজুলের তিন
আক্রমণে এসে প্রথম দুই ওভারে বেশ খরুচে ছিলেন তাইজুল ইসলাম। কিন্তু তবুও তাকে এক প্রান্তে টানা বোলিং করিয়ে যান নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে পরে দারুণ বোলিং করছেন তাইজুল। হাসান আলিকে ফিরিয়ে ইনিংসে নিয়েছেন নিজের তৃতীয় উইকেট।
স্লগ সুইপে ছক্কার চেষ্টায় সফল হননি হাসান। মিড অন থেকে পিছিয়ে গিয়ে প্রথম চেষ্টায় বল মুঠোয় নিতে পারেননি নাহিদ রানা। দ্বিতীয় চেষ্টায় মুঠোয় জমান তিনি।
৩৭ বলে তিন চারে ১৮ রান করেন হাসান।
ক্রিজে গিয়ে তাইজুলের শেষ দুই বলে চারের পর ছক্কা মারেন খুররাম শাহজাদ।
৫৩ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ১৯৪।
17 May 2026, 02:20 PM
তাইজুলের দারুণ ডেলিভারিতে বোল্ড রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ানকে দ্রুত ফিরিয়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার আশা উজ্জ্বল করলেন তাইজুল ইসলাম।
বাঁহাতি স্পিনারের আর্ম ডেলিভারির লাইনে যেতে পারেননি রিজাওয়ান। পাকিস্তানের কিপার-ব্যাটমম্যানের ব্যাট-প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৩৯ বল স্থায়ী ২৪ রানের জুটি।
২৭ বলে দুই চারে ১৩ রান করেন রিজওয়ান।
৪৯ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ১৭৪। ক্রিজে হাসান আলির সঙ্গী সাজিদ খান।
17 May 2026, 01:47 PM
সালমানকে থামালেন তাইজুল
নাহিদ রানা জুটি ভাঙার পর আরেক থিতু ব্যাটসম্যান সালমান আলি আগাকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম। ভাঙলেন পাকিস্তানের বিশষেজ্ঞ ব্যাটসম্যানদের শেষ জুটি।
বাঁহাতি স্পিনারের স্টাম্পে থাকা ডেলিভারিতে সুইপ করেন সালমান। মাঝব্যাটে নিতে পারেননি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। সেখানে চমৎকার ক্যাচ নেন মুমিনুল হক। একরাশ হতাশা নিয়ে ফেরেন ব্যাটসম্যান।
৫১ বলে দুই চারে ২১ রান করেন সালমান।
৪৩ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ১৫০। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী হাসান আলি।
17 May 2026, 01:34 PM
বাবরের প্রতিরোধ ভাঙলেন নাহিদ
লাঞ্চের পর দ্রুত এগোচ্ছিল পাকিস্তান। তাতে রাশ টানতে নাহিদ রানাকে আক্রমণে ফেরালেন নাজমুল হোসেন শান্ত। কাজে লেগে গেল বোলিংয়ে পরিবর্তন। চমৎকার স্লোয়ারে বাবর আজমকে ফিরিয়ে জুটি ভাঙলেন নাহিদ রানা।
মিড অন ফিল্ডারের মাথার উপর দিয়ে বল পাঠাতে চেয়েছিলেন বাবর। কিন্তু নাহিদ যে স্লোয়ার করেছেন, বুঝতেই পারেননি তিনি। মিড অনে সহজ ক্যাচ নেন মুশফিকুর রহিম। ভাঙে ৯১ বল স্থায়ী ৬৩ রানের জুটি।
৮৪ বলে ১০ চারে ৬৮ রান করেন বাবর।
৪০ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৪৩। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।
17 May 2026, 01:20 PM
বাবর-সালমানের জুটিতে পঞ্চাশ
পঞ্চম উইকেট জুটিতে পাকিস্তানকে টানছেন বাবর আজম ও সালমান আলি আগা। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৭৪ বলে।
এক প্রান্ত নিজেকে গুটিয়ে রেখেছেন সালমান। আরেক প্রান্তে সাবলীল ব্যাটিংয়ে এগোচ্ছেন বাবর। বাজে বল পেলেই বাউন্ডারি মারছেন তিনি।
৩৭ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ১২৯। ৭৪ বলে ১০ চারে ৬০ রানে খেলছেন বাবর। ৪১ বলে দুই চারে সালমানের রান ১৬।
17 May 2026, 12:54 PM
দারুণ ব্যাটিংয়ে বাবরের পঞ্চাশ
চোট কাটিয়ে ফেরার ম্যাচে পাকিস্তানকে টানছেন বাবর আজম। দারুণ ব্যাটিংয়ে তিনি ছুঁয়েছেন পঞ্চাশ, ৬৩ বলে।
লাঞ্চের পর প্রথম ওভারটি করেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের দুটি শর্ট বলে দুটি চার মারেন বাবর। পরের ওভারের প্রথম বলে শরিফুল ইসলামকে মারেন আরেকটি। এই বাউন্ডারিতে পঞ্চাশে যান পাকিস্তানের সবচেয়ে বড় ব্যাটিং ভরসা।
৩২ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ১০৯। ৬৮ বলে ৫০ রানে খেলছেন বাবর। ১৭ বলে সালমান আলি আগার রান ৬।
17 May 2026, 12:09 PM
বাংলাদেশের দারুণ সেশন
শুরুটা করলেন তাসকিন আহমেদ। দুই ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিলেন অভিজ্ঞ এই পেসার। পরে দুই বাঁহাতি ব্যাটসম্যানকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ।
তাসকিন ও মিরাজের হাত ধরে দ্বিতীয় দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। লাঞ্চে যাওয়ার সময় পাকিস্তানের রান ৩০ ওভারে ৪ উইকেটে ৯৬।
৫৮ বলে পাঁচ চারে ৩৭ রানে খেলছেন চোট কাটিয়ে দলে ফেরা বাবর আজম। ১৫ বলে ৬ রানে খেলছেন সালমান আলি আগা।
দিনের প্রথম সেশনে ২৪ ওভার বোলিং করেছে বাংলাদেশ। ৭৫ রান নিয়েছে চার উইকেট।
17 May 2026, 11:45 AM
শাকিলকে দ্রুত ফেরালেন মিরাজ
দারুণ বোলিং করে যাওয়া মেহেদী হাসান মিরাজের হাতে ধরা দিল আরেকটি সাফল্য। শান মাসুদের পর সাউদ শাকিলের উইকেট পেলেন এই অফ স্পিনার।
মিরাজের বলে সুইপ করতে চেয়েছিলেন শাকিল। মাঝব্যাটে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে উঠে যায় উপরে। সহজেই গ্লাভসে নেন উইকেটরক্ষক লিটন দাস। ভাঙে ৫১ বল স্থায়ী ১৮ রানের জুটি।
২৮ বলে ৮ রান করেন শাকিল।
প্রথম বলেই ফিরতে পারতেন নতুন ব্যাটসম্যান সালমান আলি আগা। তার ভাগ্যভালো ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে উপরে উঠে যাওয়া বল কারও হাতে যায়নি।
২৫ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ৭৯।
17 May 2026, 11:09 AM
জুটি ভাঙলেন মিরাজ
দ্বিতীয় দিন প্রথমবার আক্রমণে এসেই সাফল্য পেলেন মেহেদী হাসান মিরাজ। তার বলে শর্ট কাভারে শান মাসুদের চমৎকার ক্যাচ নিয়ে অবদান রাখলেন বদলি ফিল্ডার নাঈম হাসান।
অফ স্পিনারের শর্ট বলে গায়ের জোরে খেলেন মাসুদ। দারুণ রিফ্লেক্সে শর্ট কাভারে নিচু ক্যাচ নেন নাঈম। ক্যাচ দিয়ে যেন নিজেরই বিশ্বাস হচ্ছিল না পাকিস্তান অধিনায়কের। অনেকক্ষণ জায়গায় দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে মাঠ ছাড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। ভাঙে ৩৮ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
২৬ বলে দুই চারে ২১ রান করেন মাসুদ।
১৭ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ৬১। ক্রিজে বাবর আজমের সঙ্গী সাউদ শাকিল।
17 May 2026, 11:00 AM
রিভিউয়ে ব্যর্থ বাংলাদেশ
পাল্টা আক্রমণে দ্রুত এগোনো জুটি ভাঙতে রিভিউ নিয়ে ব্যর্থ হলেন নাজমুল হোসেন শান্ত। শান মাসুদের ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল।
নাহিদ রানার বল পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন পাকিস্তান অধিনায়ক। বল আঘাত হানে পেছনের পায়ে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন শান্ত। আল্ট্রাএজে মেলে ব্যাট ছুঁয়ে যাওয়ার প্রমাণ। বাংলাদেশ হারায় প্রথম রিভিউ।
১৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬০। ২৫ বলে দুই চারে ২১ রানে খেলছেন মাসুদ। ১৬ বলে তিন চারে ১৭ রানে ব্যাট করছেন বাবর আজম।
17 May 2026, 10:27 AM
আজানকেও ফেরালেন তাসকিন
আগের দিন শেষ বেলায় দারুণ দৃঢ়তা দেখানো পাকিস্তানের দুই ওপেনারকে দ্বিতীয় দিন সকালে বিদায় করলেন তাসকিন আহমেদ।
পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন আজান আওয়াইজ। লেট সুইংয়ের জন্য মাঝব্যাটে নিতে পারেননি। ব্যাটের কানা ছুঁয়ে, উরুতে লেগে ক্যাচ যায় শর্ট লেগে। সহজতম ক্যাচ নেন মুমিনুল হক।
৩৪ বলে তিন চারে ১৩ রান করেন আজান।
১০ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ২৩। ক্রিজে শান মাসুদের সঙ্গী বাবর আজম।
17 May 2026, 10:18 AM
শুরুতেই তাসকিনের আঘাত
দিনের প্রথম ওভার করলেন শরিফুল ইসলাম। এলো কেবল এক রান।
পরের ওভারে বোলিংয়ে এলেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের একটু বাইরে থাকা প্রথম বল না খেলে ছেড়ে দিলেন আব্দুল্লাহ ফাজাল, লাগল প্যাডে। পরের বল লাগল ব্যাটের কানায়।
নড়বড়ে শুরুর পর তৃতীয় বলে লিটন দাসের গ্লাভসে ধরা পড়লেন ফাজাল। অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি এই তরুণ। ক্রিজের গভীরে দাঁড়িয়ে ড্রাইভ করার চেষ্টায় মাঝব্যাটে নিতে পারেননি তিনি, কানা ছুঁয়ে যায় উইকেটের পেছনে।
নিচু হয়ে প্রথম স্লিপের দিকে যাওয়া বল ডাইভ দিয়ে গ্লাভসে নেন লিটন। ২১ বলে এক চারে ৯ রান করেন ফাজাল।
৮ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ২২। ক্রিজে আজন আওয়াইজের সঙ্গী শান মাসুদ।
17 May 2026, 09:44 AM
লিটনের ব্যাটিং মাস্টারক্লাসের পর দায়িত্ব বোলারদের কাঁধে
খাদের কিনারা থেকে দলকে টেনে ২৭৮ রান পর্যন্ত নিয়ে গেছেন লিটন দাস। তার ধ্রুপদী সেঞ্চুরির পর লিড নিতে এবার বোলারদের দিকে তাকিয়ে বাংলাদেশ।
বিনা উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করবে পাকিস্তান। ১৬ বলে এক চারে ৮ রানে ব্যাট করছেন আব্দুল্লাহ ফাজাল। তিন চারে ২০ বলে ১৩ রানে খেলছেন আজান আওয়াইজ।
প্রথম দিন শেষ বেলায় তাদের বিচ্ছিন্ন করার জন্য ৬ ওভার পেয়েছিল বাংলাদেশ। এই সময়ে চার বোলার ব্যবহার করেও সফল হননি নাজমুল হোনেন শান্ত। দ্বিতীয় দিন সকালে দ্রুত উইকেট নেওয়ার দিকে তাকিয়ে বাংলাদেশ অধিনায়ক।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার খেলা শুরু হবে সকাল ১০টায়।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৭৮
পাকিস্তান ১ম ইনিংস: ৬ ওভারে ২১/০ (আজান ১৩*, ফাজাল ৮*; তাসকিন ২-০-৮-০, শরিফুল ২-১-৬-০, মিরাজ ১-১-০-০, নাহিদ ১-০-৭-০)
17 May 2026, 09:44 AM
লিড নিতে কী করতে হবে বললেন লিটন
১১৬ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশকে লড়াইয়ে রেখেছেন মূলত লিটন দাস। ২৭৮ রান নিয়ে লিড পেতে হলে বোলারদের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। প্রথম দিনের খেলা শেষে লিটন জানান, বোলারদের দিকে তাকিয়ে এখন তারা।
“আমরা সর্বোচ্চ চেষ্টা করব (লিড নিতে)। বোলারদের দায়িত্বটা অনেক বেশি। একটা ভালো ব্যাপার হচ্ছে যে আউটফিল্ডটা খুবই ধীরগতির, বল অনেক জোরে মারতে হয় বাউন্ডারি হওয়ার জন্য। তবে আবার বলছি, বোলারদের দায়িত্ব নিতে হবে। কারণ সকালে উইকেট যেরকম ছিল, সময়ের সঙ্গে সেটা আরও ভালো হয়েছে। বোলারদের অ্যাকুরেসি ভালো হওয়া উচিত।”
“কালকে সকালবেলা যদি আবহাওয়া একটু মেঘলা থাকে, প্রথম ১০ ওভার খুবই গুরুত্বপূর্ণ। ওখান থেকে যদি এক-দুইটা উইকেট নিতে পারি, তারা ব্যাকফুটে পড়বে। মূল ব্যাপার হচ্ছে বোলারদের লম্বা সময় ধরে বল করতে হবে এবং ভালো জায়গায় বল করতে হবে। যদি ওরা লিডও পায়, সেটার জন্য যেন অনেক সময় লাগে।”
17 May 2026, 09:38 AM
লাইভ ব্লগে স্বাগত
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।