সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৭০/৬
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৭৪/৬
29 Nov 2025, 10:10 PM
বাংলাদেশের রেকর্ড গড়া জয়
দেশের মাটিতে সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে জিতেছে লিটন দাসের দল। সিরিজে এসেছে ১-১ সমতা। আয়ারল্যান্ডের ১৭০ রান ২ বল বাকি থাকতেই পেরিয়ে গেছে স্বাগতিকরা।
টি-টোয়েন্টিতে দেশের মাটিতে এর আগে সর্বোচ্চ ১৬৬ রানের লক্ষ্য তাড়া জিতেছিল বাংলাদেশ, গত বছর সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে। সেটি এখন পেছনে পড়ে গেল। এই সংস্করণে টানা চার হারের পর জয় পেলেন লিটনরা।
৭ বলে এক ছক্কা ও দুই চারে ১৭ রানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসে জয়ে বড় ভূমিকা রেখেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। চার মেরে ম্যাচ শেষ করেছেন শেখ মেহেদি হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৭৬/৬ (স্টার্লিং ২৯, টিম টেক্টর ৩৮, হ্যারি টেক্টর ১১, টাকার ৪১, কালিৎজ ৭, ডকরেল ১৮, ডেলানি ১০*; মেহেদি ৪-০-২৫-৩, নাসুম ৪-০-৩১-০, তানজিম ৩-০-১৭-১, সাইফ উদ্দিন ৪-০-৪০-১, মুস্তাফিজ ৪-০-৩৯-০, সাইফ হাসান ১-০-৭-০)
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৭৪/৬ (পারভেজ ৪৩, তানজিদ ৭, লিটন ৫৭, সাইফ হাসান ২২, হৃদয় ৬, সোহান ৫, সাইফ উদ্দিন ১৭*, মেহেদি ৪*; হামফ্রিজ ৪-০-৩৮-০, অ্যাডায়ার ৪-০-৩৬-২, ম্যাককার্থি ৪-০-২৭-০, লিটল ৩.৪-০-৩৯-০, ডেলানি ৪-০-২৮-২)
29 Nov 2025, 10:04 PM
পারলেন না সোহান
প্রয়োজনের সময়ে তেমন কিছু করতে পারলেন না নুরুল হাসান সোহান। মার্ক অ্যাডায়ারের অফ স্টাম্পের বাইরের বলে বোল্ড হয়ে গেলেন তিনি।
৭ বলে ৫ রান করেন সোহান।
নতুন ব্যাটসম্যান শেখ মেহেদি হাসান সিঙ্গেল নেওয়ার পর শেষ ৩ বলে ছক্কা ও চারে ১০ রান নিয়ে সমীকরণ সহজ করে ফেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
১৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬৮। শেষ ওভারে ৩ রান চাই স্বাগতিকদের।
29 Nov 2025, 09:53 PM
রান আউট হৃদয়
শেষ দিকে যেন এলোমেলো হয়ে পড়ছে বাংলাদেশ। সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে গেছেন তাওহিদ হৃদয়।
ম্যাথু হামফ্রিজের বল নুরুল হাসান সোহান অফে খেলেই রানের জন্য দৌড়ান নুরুল হাসান সোহান। সাড়া দেন হৃদয়।
ছুটে গিয়ে থ্রো করেন উইকেটরক্ষক লর্কান টাকার। বিপদ দেখে ডাইভ দেন হৃদয়। ভেতরেই ছিল তার ব্যাট কিন্তু মাটিতে নয়, উপরে। তাতে ফিরে যান হৃদয়।
৯ বলে হৃদয় করেন ৬ রান।
১৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৫৫। ক্রিজে সোহানের সঙ্গী মোহাম্মদ সাইফ উদ্দিন। ক্রিজে গিয়ে ২ বলে একটি চারে তিনি করেন ৬ রান।
29 Nov 2025, 09:43 PM
ছক্কার চেষ্টায় অক্কা সাইফ
লিটন দাসের পর আরেক থিতু ব্যাটসম্যান সাইফ হাসানকে হারাল বাংলাদেশ। রান তাড়ায় শেষ দিকে এসে কিছুটা চাপে পড়ে গেল স্বাগিতকরা।
লেগ স্পিনার গ্যারেথ ডেলানির বলে ছক্কায় চেষ্টায় লং অনে ধরা পড়েন সাইফ। জায়গা থেকে খুব একটা নড়তে হয়নি ফিল্ডার ম্যাথু হামফ্রিজের।
১৭ বলে একটি করে ছক্কা ও চারে ২২ রান করেন সাইফ।
১৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৪২। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী নুরুল হাসান সোহান।
শেষ ৪ ওভারে ২৯ রান চাই বাংলাদেশের।
29 Nov 2025, 09:40 PM
লিটনের বিদায়ে ভাঙল জুটি
এক বল আগে সাইফ হাসানের বাউন্ডারিতে জুটির রান স্পর্শ করল পঞ্চাশ, ২৯ বলে।
স্ট্রাইক পেয়ে অন ড্রাইভের চেষ্টায় বলের লাইনে যেতে পারলেন না লিটন দাস। এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি। রিভিউ নিয়েও লাভ হয়নি, বল আঘাত হানত স্টাম্পে। ভাঙে ৩১ বল স্থায়ী ৫২ রানের জুটি।
৩৭ বলে তিনটি করে ছক্কা ও চারে ৫৭ রান করেন লিটন।
১৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩৮। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
29 Nov 2025, 09:34 PM
ছক্কায় লিটনের পঞ্চাশ
ম্যাথু হামফ্রিজের ওভারের প্রথম বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো আয়ারল্যান্ড। গ্লাভসে ছুঁয়ে গিয়েছিল বল।
এতে আঙুলে বেশ চোট পান লিটন। ফিজিও এসে স্প্রে করার পর খেলা শুরু হলে বাঁহাতি স্পিনারের দারুণ শটে চার মারেন তিনি।
স্ট্রাইক পেয়ে ওভারের শেষ বল ছক্কায় ওড়ার লিটন। ৩৪ বলে পঞ্চাশ স্পর্শ করেন বাংলাদেশ অধিনায়ক।
১৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১২৯। ৩৪ বলে তিনটি করে ছক্কা ও চারে লিটনের রান ৫৪। ১২ বলে এক ছক্কায় সাইফের রান ১৫।
29 Nov 2025, 09:11 PM
একটুর জন্য বাঁচলেন লিটন
জশ লিটলের আগের বলে কঠিন ক্যাচ দিয়ে বাঁচলেন সাইফ হাসান। কাভারে ডাইভ দিলেও বল মুঠোয় রাখতে পারলেন না পল স্টার্লিং।
পরের বলে সীমানায় ক্যাচ দিয়ে বেঁচে গেলেন লিটন দাস। ডিপ মিডউইকেটে লাফ দিয়ে বল ঠেকালেন গ্যারেথ ডেলানি। কুশনে পিঠ দিয়ে পড়ার আগে উপরে ছুঁড়ে দিলেন বল। পরে উঠে বল নিলেন মুঠোয়। কিন্তু সে সময় তার রুমাল ছুঁয়েছিল সীমানার কুশন! তাতে বেঁচে যান লিটন, পেয়ে যান ছয়।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৬।
29 Nov 2025, 09:02 PM
পারভেজের বিদায়ে ভাঙল জুটি
গ্যারেথ ডেলানির বলে রিভার্স সুইপ ঠিকঠাক করতে পারলেন না পারভেজ হোসেন। ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়লেন বাঁহাতি এই ওপেনার।
অফ স্টাম্পের বাইরের বলে ঝুঁকি নেন পারভেজ। রিভার্স সুইপে টাইমিং ঠিকঠাক করতে না পারায় ক্যাচ যায় জর্জ ডকরেলের হাতে। ভাঙে ৪৩ বল স্থায়ী ৬০ রানের জুটি।
২৮ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৪৩ রান করেন পারভেজ।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৬। ক্রিজে লিটন দাসের সঙ্গী সাইফ হাসান।
শেষ ১০ ওভারে আরও ৮৫ রান চাই বাংলাদেশের।
29 Nov 2025, 08:58 PM
পারভেজ-লিটনের জুটিতে পঞ্চাশ
আগের দিনের মতো নতুন বলে আইরিশ বোলারদের চেপে বসতে দেননি পারভেজ হোসেন ও লিটন দাস। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুই টপ অর্ডার ব্যাটসম্যান রান তুলছেন দ্রুত।
অষ্টম ওভারে আক্রমণে আসেন গ্যারেথ ডেলানি। লেগ স্পিনারের ওভারের শেষ বল ছক্কায় ওড়ান পারভেজ। এতে জুটির রান পঞ্চাশ স্পর্শ করে, ৩২ বলে।
৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭৮।
29 Nov 2025, 08:40 PM
পাওয়ার প্লেতে বাংলাদেশের ৬৬/১
আয়ারল্যান্ডের মতো তত দ্রুত রান তুলতে পারেনি বাংলাদেশ। তবে পাওয়ার প্লেতে খুব বেশি পিছিয়েও নেই লিটন দাসের দল।
৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬৬। আয়ারল্যান্ড ১ উইকেটে তুলেছিল ৭৫ রান।
ষষ্ঠ ওভারে ছক্কায় জশ লিটলকে স্বাগত জানিয়েছেন লিটন। পরে জোড়া চার মেরেছেন পারভেজ হোসেন।
১৫ বলে এক ছক্কা ও পাঁচ চারে পারভেজের রান ৩১। একটি করে ছক্কা ও চারে ১১ বলে লিটনের রান ১৮।
29 Nov 2025, 08:26 PM
তানজিদের রান আউটে ভাঙল জুটি
আগের ম্যাচে বেশ ভোগানো ম্যাথু হামফ্রিজের করা ইনিংসের প্রথম ওভারের শেষ দুই বলে চার ও ছক্কা হাঁকালেন পারভেজ হোসেন। পরের ওভারে মার্ক অ্যাডায়ারের ওভারে তিনি মারলেন আরেকটি চার।
উদ্বোধনী জুটির ভালো শুরুটা বড় হতে পারল না তানজিদ হাসানের রান আউটে। বোলার ব্যারি ম্যাককার্থি ছুটে গিয়ে বল ঠেকালেন। তানজিদের ফেরার চেষ্টায় ব্যর্থ করে দিয়ে সরাসরি থ্রোয়ে বেলস ফেলে দিলেন তিনি।
১০ বলে এক চারে ৭ রান করেন তানজিদ।
৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৭।
29 Nov 2025, 08:02 PM
১৭১ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
৬ ওভার শেষে আয়ারল্যান্ডের রান ছিল ১ উইকেটে ৭৫। সেখান থেকে দুইশ রান খুব কঠিন কিছু ছিল না। কিন্তু পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সফরকারীদের ততদূর যেতে দিল না বাংলাদেশ।
২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করেছে আয়ারল্যান্ড।
ইনিংসের শেষ বলে রান আউট হয়ে থেমেছেন লর্কান টাকার। দুই ওপেনারের উড়ান্ত সূচনার পর তিনিই টানেন দলকে।
২৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার শেখ মেহেদি হাসান। একটি করে উইকেট নেন তানজিদ হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৭৬/৬ (স্টার্লিং ২৯, টিম টেক্টর ৩৮, হ্যারি টেক্টর ১১, টাকার ৪১, কালিৎজ ৭, ডকরেল ১৮, ডেলানি ১০*; মেহেদি ৪-০-২৫-৩, নাসুম ৪-০-৩১-০, তানজিম ৩-০-১৭-১, সাইফ উদ্দিন ৪-০-৪০-১, মুস্তাফিজ ৪-০-৩৯-০, সাইফ হাসান ১-০-৭-০)
29 Nov 2025, 07:52 PM
তানজিদের দারুণ ক্যাচে ফিরলেন ডকরেল
মোহাম্মদ সাইফ উদ্দিনের বলে ছক্কার চেষ্টায় সীমানায় ক্যাচ দিলেন জর্জ ডকরেল। ভাঙল ৪৪ বল স্থায়ী ৫৬ রানের জুটি।
লং অন বুক উচ্চতায় ক্যাচ নিয়ে একটুর জন্য সীমানা দড়িতে পা দেননি তানজিদ হাসান। কোনোমতে ভারসাম্য ধরে রেখে সীমানার ভেতরেই থাকেন তিনি।
২১ বলে এক চারে ১৮ রান করেন ডকরেল।
১৯ ওভারে আয়ারল্যান্ডের রান ৫ উইকেটে ১৬২। ক্রিজে লর্কান টাকারের সঙ্গী গ্যারেথ ডেলানি।
29 Nov 2025, 07:48 PM
টাকার-ডকরেলের জুটিতে পঞ্চাশ
মুস্তাফিজুর রহমানের বলে ঠিকঠাক ফ্লিক করতে পারলেন না লর্কান টাকার। তবে এরপরও স্কয়ার লেগ দিয়ে চার পেয়ে গেলেন লর্কান টাকার।
এই চারের জর্জ ডকরলের সঙ্গে টাকারের জুটি ৪২ বলে স্পর্শ করল পঞ্চাশ।
১৮ ওভারে আয়ারল্যান্ডের রান ৪ উইকেটে ১৫৬।
29 Nov 2025, 07:27 PM
সুযোগ হাতছাড়া বাংলাদেশের
লিটন দাসের ব্যর্থতায় অল্পের জন্য আয়ারল্যান্ডের আরেকটি উইকেট নিতে পারল না বাংলাদেশ। রান আউট হতে হতে বেঁচে গেলেন জর্জ ডকরেল।
সাইফ হাসানের বল লেগ সাইডে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি লর্কান টাকার। প্যাডে লেগে বল যায় শর্ট থার্ডম্যানের কাছে। এই সময়ে দৌড়ে রান নেওয়ার চেষ্টা করেন টাকার ও ডকরেল।
লাইনের ভেতরে ঢোকার আগেই ব্যাট হাত থেকে ফসকে যায় ডকরেলের। এই সময়ে স্টাম্প ভেঙে দেন লিটন। কিন্তু রিপ্লেতে দেখা যায়, বল গ্লাভসে জমাতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। তাতে বেঁচে যান ১ রানে থাকা ডকরেল।
29 Nov 2025, 07:13 PM
কালিৎজকে দ্রুত ফেরালেন মেহেদি
প্রথম ওভারে ১৩ রান দিয়ে খরুচে শুরু করেছিলেন শেখ মেহেদি হাসান। পরে তিনি দারুণভাবে ঘুরে দাড়িয়ে নিলেন তিন উইকেট।
নিজের শেষ বলে বেন কালিৎজের উইকেট নেন মেহেদি। এতে বড় অবদান অধিনায়ক লিটন দাসের।
বড় শট খেলার চেষ্টায় বলের লাইনে যেতে পারেননি কালিৎজ। নিয়ন্ত্রণ হারানোয় একটু এগিয়ে যান তিনি। সেই সুযোগে বলেস ফেলে দেন লিটন।
৯ বলে ৭ রান করেন কালিৎজ।
১১ ওভারে আয়ারল্যান্ডের রান ৪ উইকেটে ১০৩। ক্রিজে লর্কান টাকারের সঙ্গী জর্জ ডকরেল।
29 Nov 2025, 07:06 PM
মাঝপথে ভালো অবস্থানে আয়ারল্যান্ড
পাওয়ার প্লের পর রান একটু কমেছে, তবে মাঝপথে ভালো অবস্থানে আছে আয়ারল্যান্ড।
১০ ওভারে আয়ারল্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। ৬ বলে ৬ রানে খেলছেন লর্কান টাকার। ৪ বলে বেন কালিৎজের রান ২।
পাওয়ার প্লেতে ৬ ওভারে ৭৫ রান করেছিল আয়ারল্যান্ড। পরের ৪ ওভারে তারা করেছে ২২ রান।
29 Nov 2025, 07:01 PM
টেক্টর ভাইদের ফেরালেন মেহেদি
পাওয়ার প্লের পর কমেছে আয়ারল্যান্ডের রানের গতি। একই ওভারে টিম টেক্টর ও হ্যারি টেক্টরকে ফিরিয়ে সফরকারীদের উপর চাপ বাড়ালেন শেখ মেহেদি হাসান।
অফ স্পিনারের প্রথম বলে বেরিয়ে এসে বড় শট খেলার চেষ্টায় সফল হননি টিম টেক্টর। তিনি বলের লাইন মিস করলে স্টাম্পিংয়ের সহজ সুযোগ পান লিটন দাস। সেখানে কোনো ভুল করেননি তিনি। গ্লাভসে বল জমিয়েই ফেলে দেন বেলস।
২৬ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৮ রান করেন টিম টেক্টর।
ওভারের পঞ্চম বল ব্যাক ফুটে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন হ্যারি টেক্টর। ১১ বলে তিনি করেন ১১ রান।
দারুণ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট নেন মেহেদি।
৯ ওভারে আয়ারল্যান্ডের রান ৩ উইকেটে ৮৯। ক্রিজে লর্কান টাকারের সঙ্গী একাদশে আসা বেন কালিৎজ।
29 Nov 2025, 06:45 PM
পাওয়ার প্লেতে আয়ারল্যান্ড ৭৫/১
ঝড়ো শুরুর পর একই তালে খেলে গেল আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে যেন বল ফেলার জায়গাই পেলেন না বোলাররা।
৬ ওভারে আয়ারল্যান্ডের রান ১ উইকেটে ৭৫!
১৯ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৪ রানে ব্যাট করছেন টিন টেক্টর। হ্যারি টেক্টর ৩ বলে করেছেন ৩ রান।
29 Nov 2025, 06:42 PM
স্টার্লিংয়ের বিদায়ে ভাঙল ঝড় তোলা জুটি
পঞ্চম ওভারের প্রথম বলে ২ রান নিলেন টিম টেক্টর। ২৫ বলে দল ও উদ্বোধনী জুটির রান পঞ্চাশ স্পর্শ করল।
ছক্কার পর সিঙ্গেল নিলেন টেক্টর।
পরের বল ছক্কায় ওড়ানোর চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ধরা পড়লেন পল স্টার্লিং। ভাঙল ২৮ বল স্থায়ী ৫৭ রানের জুটি।
কিছুটা এগিয়ে এসে চমৎকার নিচু ক্যাচ নেন সাইফ। ১৪ বলে দুই ছক্কা ও তিন চারে ২৯ রান করেন স্টার্লিং।
৫ ওভারে আয়ারল্যান্ডের রান ১ উইকেটে ৬২। ক্রিজে টিম টেক্টরের সঙ্গী হ্যারি টেক্টর।
29 Nov 2025, 06:26 PM
১১ মিনিট পর খেলা শুরু
তৃতীয় ওভারে আক্রমণে এলেন তানজিম হাসান। তার প্রথম বলের পর ফ্লাড লাইট বিভ্রাটে বন্ধ হয়ে গেল খেলা।
১১ মিনিট পর ফের শুরু হলো খেলা।
৩ ওভারে আয়ারল্যান্ডের রান বিনা উইকেটে ৩২।
29 Nov 2025, 06:11 PM
শুরুতে খরুচে নাসুমও
শেখ মেহেদি হাসানের পর বল হাতে পেলেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনার একটি করে ছক্কা ও চারে দিলেন ১৪ রান।
উড়ন্ত সূচনা পেয়ে গেল আয়ারল্যান্ড।
২ ওভারে সফরকারীদের রান বিনা উইকেটে ২৭। ৬ বলে একটি করে ছক্কা ও চারে ১৪ রানে ব্যাট করছেন পল স্টার্লিং। ৬ বলে তিন চারে ১৩ রানে খেলছেন টিম টেক্টর।
29 Nov 2025, 06:05 PM
খরুচে ওভারে শুরু
একাদশে ফেরা শেখ মেহেদি হাসান করলেন ম্যাচের প্রথম ওভার। তিন চারে এই অফ স্পিনার দিলেন ১৩ রান।
প্রথম বলে সিঙ্গেল নেন পল স্টার্লিং। পরের পাঁচ বলে তিনটি বাউন্ডারি মারেন টিম টেক্টর।
29 Nov 2025, 05:44 PM
আয়ারল্যান্ড একাদশে এক পরিবর্তন
সিরিজে এগিয়ে থাকা আয়ারল্যান্ড একটি পরিবর্তন এনেছে। কার্টিস ক্যাম্ফারের জায়গায় এসেছেন বেন কালিৎজ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, বেন কালিৎজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার।
29 Nov 2025, 05:39 PM
বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন
হেরে যাওয়া ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও শেখ মেহেদি হাসান।
বাদ পড়েছেন জাকের আলি, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।
29 Nov 2025, 05:39 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিং নিলেন পল স্টার্লিং।
টানা দ্বিতীয় ম্যাচে রান তাড়া করতে হবে লিটন দাসের দলকে।
29 Nov 2025, 05:09 PM
সিরিজ বাঁচিয়ে রাখার লড়াইয়ে নামছে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেন দিকহারা বাংলাদেশ। মাঠের বাইরে বিতর্ক, মাঠে নিষ্প্রভ ক্রিকেট- সব মিলিয়ে হঠাৎ করেই যেন এলোমেলো লিটন দাসের দল। কক্ষপথে ফেরার আরেকটি সুযোগ তাদের সামনে।
চট্টগ্রামে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।
প্রথম ম্যাচে একদমই লড়াই করতে পারেনি বাংলাদেশ। শেষ ১০ ওভারে ১০৪ রান নিয়ে বড় সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। রান তাড়ায় রেকর্ড গড়ার চ্যালেঞ্জ নিতে পারেনি স্বাগতিকরা। তাওহিদ হৃদয় ছাড়া লড়াই করতে পারেননি আর কেউ।
ম্যাচটি ৩৯ রানে হেরে যায় বাংলাদেশ। সিরিজ বাঁচিয়ে রাখতে এবার জয়ের বিকল্প নেই তাদের সামনে।
সেদিন এক সময়ে আরও বড় পরাজয়ের শঙ্কা চোখ রাঙাচ্ছিল বাংলাদেশকে। শেষ দুই জুটিতে ৬৮ রান আসায় ব্যবধান পঞ্চাশের নিচে নেমে আসে।
টি-টোয়েন্টিতে সব মিলিয়ে টানা চার হারের পর পথে ফিরতে তিন বিভাগে যথেষ্ট উন্নতি প্রয়োজন লিটনদের।
