২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লুই-আথানেজকে ফিরিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

৫ উইকেটে ২৫০ রানে প্রথম দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

23 Nov 2024, 03:34 AM

লুই-আথানেজকে নব্বইয়ের ঘরে ফিরিয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

ভালো শুরুর পর হুট করেই যেন তৃতীয় সেশনে খেই হারাল বাংলাদেশ। কিছুটা এলোমেলো বোলিংয়ে সুবিধা নিয়ে তরতর করে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিরোধ গড়া দুই ব‍্যাটসম‍্যান জাগাল সেঞ্চুরির আশা। তাদের নব্বইয়ের ঘরে থামিয়ে লড়াইয়ে ফিরল বাংলাদেশ।

আলোকস্বল্পতায় আগেভাগেই প্রথম দিনের খেলা শেষ হওয়ার সময় ৮৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ২৫০। ২১ বলে দুই চারে ১৪ রানে খেলছেন কিপার-ব‍্যাটসম‍্যান জশুয়া দা সিলভা। এক চারে ২৬ বলে জাস্টিন গ্রিভসের রান ১১।

প্রথম সেশনে ২৫ রানে ২ উইকেট তুলে নেওয়া বাংলাদেশকে হতাশ করেন মিকাইল লুই ও আলিক আথানেজ। শুরু থেকে আস্থার সঙ্গে খেলা লুই ৯০ রানে জীবন পাওয়ার পর স্বচ্ছন্দ হতে পারেননি। বেরিয়ে এসে মেহেদী হাসানকে ছক্কা মারার চেষ্টায় ফেরেন। ৯৭ রানে তার বিদায়ে ভাঙে ১৪০ রানের জুটি।

প্রথম দুই সেশনে রানের জন‍্য সংগ্রাম করা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় সেশন রান করে দ্রুত। এতে বড় অবদান আথানেজের। নড়বড় শুরুর পড় আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে তিনি খেলেন ৯০ রানের ইনিংস।

দ্বিতীয় নতুন বল এখনও বেশ নতুন। দ্বিতীয় দিন সকালে স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দিতে এই বলই হয়তো বাংলাদেশের বড় আশা।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৫০/৫ (ব্র‍্যাথওয়েট ৪, লুই ৯৭, কার্টি ০, হজ ২৫, আথানেজ ৯০, গ্রিভস ১১*, ডা সিলভা ১৪*; হাসান ১৮-৩-৫৪-০, শরিফুল ১৩-৪-২৭-০, তাসকিন ১৫-২-৪৬-২, তাইজুল ২২-৪-৬৭-১, মিরাজ ১৬-২-৪৭-১)

23 Nov 2024, 03:25 AM

হারিয়ে গেল ৬ ওভার

আলোকস্বল্পতায় খেলা শেষ হয়ে গেল আগেভাগেই। তাই হারিয়ে গেল ৬ ওভার। দ্বিতীয় নতুন বলে একটি উইকেট নেওয়ার খুব একটা সুযোগ পেল না বাংলাদেশ।

৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে চার ওভারের বেশি করার সুযোগ পেলেন না তারা। আলো কমে আসায় একটি ওভার করেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এর আর খেলা চালিয়ে সম্ভব হলো না।

23 Nov 2024, 02:55 AM

নব্বই ছুঁয়ে ফিরলেন আথানেজও

মিকাইল লুইয়ের পর আলিক আথানেজও পারলেন না সেঞ্চুরি করতে। বাঁহাতি ব্যাটসম্যানও নব্বই ছুঁয়ে ধরলেন ড্রেসিং রুমের পথ।

তাইজুল ইসলামের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি স্কুপের মতো খেলেছিলেন আথানেজ। কিন্তু তেমন গতি ছিল না বলে। আথানেজের ব্যাটে লেগে উঠে যায় ওপরে। সহজ ক্যাচ নেন লিটন কুমার দাস।

১০ চার ও ১ ছক্কায় ১৩০ বলে ৯০ রান করেন আথানেজ। এ নিয়ে ক্যারিয়ারের তিনটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে প্রতিবার আশি ছুঁয়ে আউট হলেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। 

৪ রানের মধ্যে দুই সেট ব্যাটসম্যানের উইকেট নিয়ে লড়াইয়ে ফেরার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ। জাস্টিন গ্রিভসের সঙ্গে যোগ দিতে ক্রিজে নেমেছেন জশুয়া দা সিলভা।

৭৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৮ রান।

23 Nov 2024, 02:46 AM

৯৭ রানে ফিরলেন লুই

৯০ রানে মেহেদী হাসান মিরাজের হাতে জীবন পাওয়ার পর হয়তো স্নায়ু চাপ পেয়ে বসেছিল মিকাইল লুইকে। সেটাই সরিয়ে দিয়ে ছক্কায় ছুঁতে চেয়েছিলেন ক‍্যারিয়ারের প্রথম একশ। কিন্তু বড় শটের আশায় নিজের উইকেট বিলিয়ে দিলেন এই ওপেনার।

মেহেদী হাসান মিরাজের বলে বেরিয়ে এসে ছক্কা মারতে চেয়েছিলেন লুই। স্পিনের জন‍্য ঠিকঠাক খেলতে পারেননি। ব‍্যাটের কানায় লেগে যায় স্লিপে, সেখানে কোনো ভুল করেননি শাহাদাত হোসেন।

নব্বইয়ে ২৬ বল আটকে থেকে আউট হলেন লুই। ভাঙল ২২১ বল স্থায়ী ১৪০ রানের জুটি।

২১৮ বলে এক ছক্কা ও নয় চারে ৯৭ রান করেন লুই। টেস্টে এটাই তার সর্বোচ্চ। আগের সেরা ছিল ৫৭।

৭৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ২২৬। ক্রিজে আলিক আথানেজের সঙ্গী জাস্টিন গ্রিভস।

23 Nov 2024, 02:08 AM

লুই-আথানেজের জুটিতে একশ

মন্থর শুরুর পর রানের গতি বাড়াচ্ছেন মিকাইল লুই ও আলিক আথানেজ। তাদের জুটির রান তিন অঙ্ক স্পর্শ করেছে ১৭৬ বলে। তার জুটি পঞ্চাশ ছুঁয়েছিল ১২৪ বলে।

৬৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৮৭। আথানেজ ৯২ বলে খেলছেন ৫৯ রানে। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ২০১ বলে লুই অপরাজিত ৯০ রানে।

23 Nov 2024, 01:58 AM

ঘটনা বহুল ওভার

প্রথম বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করলেন আলিক আথানেজ। পরের বলে স্লিপে ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন মিকাইল লুই। ওভারের পঞ্চম বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব‍্যর্থ হল বাংলাদেশ।

তাইজুল ইসলামের নতুন ওভার শুরু হয় সিঙ্গেল দিয়ে। ৮৫ বলে পঞ্চাশ স্পর্শ করেন আথানেজ। এই সময়ে তার ব‍্যাট থেকে আসে ছয়টি চার।

নড়বড়ে শুরু করা বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান শেষ ৩০ বলে করেন ৩২ রান।

৯০ রানে ফিরতে পারতেন ওপেনার লুই। স্লিপে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় জমাতে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। নষ্ট হয় থিতু ব‍্যাটসম‍্যানকে ফিরিয়ে জুটি ভাঙার দারুণ সুযোগ।

লেগ স্টাম্পের বাইরের বল ব‍্যাট ছুঁয়েছে ভেবে কট বিহাইন্ডের রিভিউ নিয়েছিল বাংলাদেশ। তবে ব‍্যাট নয়, লুইয়ের প‍্যাডে লেগেছিল বল। নষ্ট হয় বাংলাদেশের প্রথম রিভিউ।

৬৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৭৬।

23 Nov 2024, 01:26 AM

লুই-আথানেজের জুটিতে পঞ্চাশ

তৃতীয় সেশনের শুরুতে রানের গতি কিছুটা বাড়িয়েছেন মিকাইল লুই ও আলিক আথানেজ। ১২৪ বলে তাদের জুটি স্পর্শ করেছে পঞ্চাশ।

চা-বিরতিতে যাওয়ার সময় ৯৯ বলে তাদের জুটির রান ছিল ৩২।

৫৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৩৬। ১৭৭ বলে ৭ চারে ৭৬ রানে খেলছেন ওপেনার লুই। ৬৮ বলে আথানেজের রান ২৬।

23 Nov 2024, 01:10 AM

দুই প্রান্তেই পেস

প্রথম সেশনের পর প্রথমবার আক্রমণে ফিরলেন শরিফুল ইসলাম। সঙ্গী হলেন হাসান মাহমুদ। তৃতীয় ও শেষ সেশন দুই প্রান্তেই স্পিন দিয়ে শুরু করল বাংলাদেশ।

23 Nov 2024, 12:50 AM

মন্থর সেশনে ১ উইকেট

ওভার রেটে বেশ উন্নতি করে দ্বিতীয় সেশনে ৩১ ওভার বোলিং করেছে বাংলাদেশ। এই সময়ে ৬৬ রান তুলতে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট।

রান আউট হয়ে ফিরে গেছেন কেভাম হজ।

চা-বিরতিতে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১১৬। ৩২ রান তুলতে ৯৯ বল খেলেছেন মিকাইল লুই ও আলিক আথানেজ।

আগের সেরা ৫৭ ছাড়িয়ে ৭১ রানে ব‍্যাট করছেন ওপেনার লুই। তার ১৬৬ বলের ইনিংস গড়া সাতটি চারে।

বেশ কিছু ঝুঁকিপূর্ণ শট খেলা আথানেজ ১ চারে ১৩ রান করতে খেলেছেন ৪৯ বল।

দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ মিলিয়ে করেছেন ২২ ওভার। কোনো উইকেট না পেলেও রানের গতি বাড়তে দেননি তারা। ২২ ওভারে দিয়েছেন কেবল ৪১ রান।

23 Nov 2024, 12:11 AM

৪৬ ওভারে উইন্ডিজের একশ

ক্রিজে আসার পর থেকে ঝুঁকি নিচ্ছেন আলিক আথানেজ। স্লগ করছেন, সুইপ, রিভার্স সুইপ করছেন। ক‍্যাচের মতো উঠলেও সেগুলো থাকছে ফিল্ডারদের নাগালের বাইরে। মেহেদী হাসান মিরাজের বলে সুইপে তার বাউন্ডারিতে ৪৬ ওভারে একশ স্পর্শ করেছে ওয়েস্ট ইন্ডিজের রান।

প্রথম পঞ্চাশ এসেছিল ২৩ ওভারে। পরের পঞ্চাশ এলো ২৩ ওভারেই। 

আরেক প্রান্তে নিজের আগের সেরা ৫৭ ছুঁয়েছেন ওপেনার মিকাইল লুইস। তাসকিন আহমেদের ওভারে দুইবার একটুর জন‍্য তার ব‍্যাটের কানা নেয়নি বল।

৪৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১০০। ১৪২ বলে লুইয়ের রান ৫৭। ২৫ বলে আথানেজের রান ১১।

22 Nov 2024, 11:44 PM

তাইজুলের দারুণ ফিল্ডিং, রান আউট হজ

ফাইন লেগে বল পাঠিয়ে দুই রান নিতে চেয়েছিলেন কেভাম হজ। কিন্তু তাইজুলের থ্রোয়ের গতি অনুমান করতে পারেননি এই মিডলঅর্ডার ব‍্যাটসম‍্যান। এর মাশুল দিতে হলো রান আউটে কাটা পড়ে।

বিপদ দেখে ডাইভ দিয়েছিলেন হজ। কিন্তু তৎপর লিটন দাস গ্লাভসে বল জমিয়েই বেলস ফেলে দেওয়ায় সফল হননি। তাই ভাঙে ১৩০ বল স্থায়ী ৫৯ রানের জুটি।

৬৩ বলে দুই চারে ২৫ রান করেন হজ। সবশেষ পাঁচ ইনিংসে তৃতীয় ২৫ রানে আউট হলেন তিনি।

৩৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৮৪। ক্রিজে মিকাইল লুইয়ের সঙ্গী আলিক আথানেজ।

22 Nov 2024, 11:38 PM

দুই প্রান্তেই স্পিন

এক প্রান্তে অনেকটা সময় ধরে ভালো বোলিং করছেন তাইজুল ইসলাম। দ্রুত রান তুলতে দিচ্ছে না ব‍্যাটসম‍্যানদের। তার সঙ্গে এবার বোলিংয়ে চলে এলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজও।

৩৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৮৩। নিজের প্রথম ওভারে ১ রান দিয়েছেন মিরাজ। তাইজুল ৭ ওভারে দিয়েছেন ১৪ রান।

22 Nov 2024, 11:28 PM

লুই-হজের জুটিতে পঞ্চাশ

পরপর দুই ওভারে দুই উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ প্রতিরোধ গড়েছে মিকাইল লুই ও কেভাম হজের জুটিতে। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে দুই জনে পঞ্চাশ রানের জুটি গড়েছেন, ১০২ বলে।

জুটিতে অগ্রণী ওপেনার লুই। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন হজ। বাংলাদেশের বোলারদের খুব একটা সুযোগ দিচ্ছেন না দুই ব‍্যাটসম‍্যান। বরং মধ‍্যাহ্ন বিরতির পর রানের গতি একটু বাড়ানোর চেষ্টাই করছেন তারা।

এক প্রান্তে টানা বোলিং করছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার দুয়েকটা বলে টার্ন ও বাউন্সও মিলেছে। আরেক প্রান্তে হাসান মাহমুদের জায়গায় এসেছেন তাসকিন আহমেদ। কেউই জুটি ভাঙার তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেননি।  

৩৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৭৭। ১০৫ বলে ৫০ রানে ব‍্যাট করছেন লুই। ৪৭ বলে ২০ রানে খেলছেন হজ।

22 Nov 2024, 11:22 PM

১০৪ বলে লুইয়ের পঞ্চাশ

তাসকিন আহমেদের বাড়তি বাউন্স করা বলে চমৎকার পাঞ্চে বাউন্ডারি পেলেন মিকাইল লুই। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ক‍্যারিবিয়ান ওপেনার স্পর্শ করলেন পঞ্চাশ, ক‍্যারিয়ারে দ্বিতীয়বার।

১০৪ বলে পঞ্চাশে যাওয়ার পথে ছয়টি চার মেরেছেন লুই।

৩২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৭২।  ১০৪ বলে লুইয়ের রান ৫০। কেভাম হজ ৪২ বলে খেলছেন ১৫ রানে।

22 Nov 2024, 10:50 PM

পেস আর স্পিনে শুরু সেশন

বিরতির আগে শেষ ওভার দিয়ে প্রথমবার আক্রমণে এসেছিলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় সেশনের শুরুতে বাঁহাতি এই স্পিনারকে বোলিংয়ে রাখলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শরিফুল ইসলামের জায়গায় বোলিংয়ে এসেছেন হাসান মাহমুদ। পেস ও স্পিন দিয়ে দ্বিতীয় সেশনে বোলিং শুরু করেছে বাংলাদেশ।

২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৫৬।

22 Nov 2024, 10:17 PM

প্রথম সেশনে ২ উইকেট

অ‍্যান্টিগা টেস্টের প্রথম সেশনের দুই ঘণ্টা বাংলাদেশের কেটেছে দুই রকম। প্রথম ঘণ্টায় উইকেটশূন‍্য থাকার পর ফিরিয়ে দিয়েছে ক্রেইগ ব্র‍্যাথওয়েট ও কেসি কার্টিকে। দুই উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।

মধ‍্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৫০। ওভার রেটে বেশ পিছিয়ে থাকা বাংলাদেশ এই সময়ে করতে পেরেছে ২৩ ওভার।

৭২ বলে পাঁচ চারে ৩৬ রানে খেলছেন মিকাইল লুই। ২০ বলে এক চারে ১০ রানে ব‍্যাট করছেন কেভাম হজ।

সহজাত সাবধানী ব‍্যাটিংয়ে প্রতিরোধ গড়েছিলেন ব্র‍্যাথওয়েট। কঠিন সময়টা পার করে দেওয়ার আশা জাগিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। চমৎকার এক ডেলিভারিতে তাকে এলবিডব্লিউ করে শুরুর জুটি ভাঙেন তাসকিন। পরের ওভারে তিনি শূন‍্য রানে বিদায় করেন কার্টিকে।

বাকি সময়ে আর কোনো সাফল‍্য হাতে ধরা দেয়নি। সফরকারী পেসারদের শর্ট বলের পরিকল্পনা ভাবাতে পারেনি ওপেনার লুইকে। হজও খেলছেন আস্থার সঙ্গে।  

22 Nov 2024, 09:34 PM

কার্টিকে শূন‍্যতেই ফেরালেন তাসকিন

পরপর দুই ওভারে দুটি উইকেট পেলেন তাসকিন আহমেদ। ক্রেইগ ব্র‍্যাথওয়েটের পর অভিজ্ঞ এই পেসার বিদায় করলেন কেসি কার্টিকে।

স্টাম্পের বল লেগে খেলতে চেয়েছিলেন ব‍্যাটসম‍্যান। শট খেলে ফেলেন আগেভাগেই, একটু থেমে আসা বল ব‍্যাটের কানায় লেগে সরাসরি যায় তাইজুল ইসলামের হাতে!

৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি কার্টি।

১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ২৭। ক্রিজে মিকাইল লুইয়ের সঙ্গী কেভাম হজ।

22 Nov 2024, 09:24 PM

ব্র‍্যাথওয়েটের প্রতিরোধ ভাঙলেন তাসকিন

দ্বিতীয় ঘণ্টার শুরুতে তাসকিন আহমেদের হাত ধরে এলো সাফল‍্য। ভাঙল ওয়েস্ট ইন্ডিজের ধীরে এগোনো উদ্বোধনী জুটি।

চমৎকার এক ডেলিভারিতে ক্রেইগ ব্র‍্যাথওয়েটের প্রতিরোধ ভাঙলেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের একটু বাইরে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। ব‍্যাটের কানা এড়িয়ে প‍্যাডে আঘাত করলে জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার।

মিকাইল লুইয়ের সঙ্গে একটু কথা বলে রিভিউ নেন ব্র‍্যাথওয়েট। বল আঘাত করত অফ স্টাম্পে, ইম্প‍্যাক্ট ছিল আম্পায়ার্স কল। ২৫ রানে শুরুর জুটি ভাঙলেও টিকে যায় স্বাগতিকদের রিভিউ।

সহজাত ব‍্যাটিংয়ে ৩৮ বলে ৪ রান করেন ব্র‍্যাথওয়েট। 

১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২৫। ক্রিজে লুইয়ের সঙ্গী ক‍েসি কার্টি।

22 Nov 2024, 09:05 PM

উইকেটশূন‍্য প্রথম ঘণ্টা

টস জিতে ফিল্ডিংয়ে নেমে প্রথম ঘণ্টায় বাংলাদেশ ভাঙতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি। উইকেটে বেশ সহায়তা থাকলেও সেটা খুব একটা কাজে লাগাতে পারেননি হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদরা।

প্রথম ঘণ্টায় ১২ ওভারে ২৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৬ বলে ৪ রানে খেলছেন অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েট। আরেক ওপনার মিকাইল লুইয়ে রান ৩৬ বলে ১৯। তার ব‍্যাট থেকে এসেছে দুটি বাউন্ডারি।

লাইন ও লেংথে যথেষ্ট ধারাবাহিক নন বাংলাদেশের পেসাররা। তাদের সামলাতে খুব একটা বেগ পেতে হচ্ছে না ক‍্যারিবিয়ান ওপেনারদের।

প্রথম ঘণ্টা কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। শুরুতে কয়েকবার অল্পের জন‍্য ব‍্যাটের কানা নেয়নি বল। পরে অনায়াসেই খেলছেন দুই ব‍্যাটসম‍্যান।

22 Nov 2024, 07:59 PM

পিচে থাকবে বাউন্স ও মুভমেন্ট

পিচ রিপোর্টে সাবেক ক‍্যারিবিয়ান পেসার কার্টলি অ্যামব্রোস বলেছেন, "ঘাসের আচ্ছাদনে খুব ভালো উইকেট মনে হচ্ছে। আর্দ্রতা থাকায় ফাস্ট বোলারদের জন্য ভালো হবে। ঘাস থাকায় কিছুটা বাউন্সও পাওয়া যাবে। সিম মুভমেন্টও দেখা যেতে পারে। তাই আগে বোলিং করার সঠিক সিদ্ধান্ত হবে।"

22 Nov 2024, 07:51 PM

মিরাজ ও তাইজুলের 'পঞ্চাশ'

অ্যান্টিগা টেস্ট দিয়ে একসঙ্গে পঞ্চাশ টেস্টের মাইলফলক স্পর্শ করেছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। আগে অভিষেক বিবেচনায় এই মাইলফলক ছোঁয়া বাংলাদেশের অষ্টম ক্রিকেটার তাইজুল আর নবম মিরাজ।

সময়ের হিসেবে পঞ্চাশ টেস্টে বাংলাদেশের তৃতীয় দ্রুততম মিরাজ। তার লেগেছে ৮ বছর ১ মাস ৩ দিন (২ হাজার ৯৫৫ দিন)। তার চেয়ে কম সময়ে পঞ্চাশ টেস্ট খেলেছেন হাবিবুল বাশার (৭ বছর ৩ মাস ১২ দিন) ওমোহাম্মদ আশরাফুল (৭ বছর ১০ মাস ৮ দিন)।

এই তালিকায় তাইজুলের অবস্থান ষষ্ঠ, ১০ বছর ২ মাস ১৭ দিন (৩ হাজার ৭৩১ দিন)।

22 Nov 2024, 07:51 PM

স্বাগতিকদের ৫ পেসারের একাদশ

বাংলাদেশের ব্যাটিংয়ের কঠিন পরীক্ষা নিতে ৫ পেসারের একাদশ সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অভিজ্ঞ কিমার রোচের সঙ্গে পেস বিভাগে আছেন আলজারি জোসেফ, জেডেন সিলস ও শামার জোসেফ। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

একাদশে নেই কোনো বিশেষজ্ঞ স্পিনার। দলের প্রয়োজনে হয়তো স্পিন চালিয়ে নেবেন অধিনায়ক ও অফ স্পিনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও বাঁহাতি স্পিনার কাভেম হজ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কিমার কোচ, জেডেন সিলস।

22 Nov 2024, 07:51 PM

১৪তম অধিনায়ক মিরাজ

ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে সবুজ ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নেমে টেস্টে বাংলাদেশের ১৪তম অধিনায়ক হয়ে গেলেন মিরাজ। ক্যারিয়ারে পঞ্চাশতম ম্যাচের মাইলফলক ছোঁয়ার দিন বিশেষ এই অর্জন হলো তার।

আগের ১৩ জনের মধ্যে নিজেদের অধিনায়কত্বের প্রথম ম্যাচে জয় পেয়েছেন ৪ জন - মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। ড্র হয় মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর অধিনায়কত্বের প্রথম ম্যাচ।

22 Nov 2024, 07:51 PM

বাংলাদেশের একাদশে তিন পেসার ও দুই স্পিনার

অ্যান্টিগার পেস সহায়ক উইকেটে তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস বিভাগে থাকছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। স্পিনে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন তাইজুল ইসলাম।

গত অগাস্টে পাকিস্তান সফরের পর এই প্রথম টেস্ট খেলতে নামছেন শরিফুল। আর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর আবার একাদশে ফিরেছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন। 

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

22 Nov 2024, 07:33 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অধিনায়কত্বের প্রথম ম্যাচে টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। কয়েনভাগ্য পাশে পেয়ে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। 

বাংলাদেশ অধিনায়ক বলেছেন, উইকেট ভালো মনে হলেও প্রথম ঘণ্টার সুবিধা কাজে লাগাতে চায় তার দল।

22 Nov 2024, 07:13 PM

অগ্নি পরীক্ষায় বাংলাদেশ

এমনিতেই ছন্দে নেই বাংলাদেশের ব্যাটিং। দেশের মাটিতে সবশেষ সিরিজে কাগিসো রাবাদার তোপের সামনে টিকতে পারেনি তারা। এবার পরীক্ষা আরও কঠিন, অ্যান্টিগার পেস সহায়ক উইকেটে সামলাতে হবে ক্যারিবিয়ানদের পাঁচ পেসারকে!

বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় হবে প্রথম টেস্টের টস। আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

সবশেষ দুই সফরে স‍্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশের ব্যাটিং ছিল দুঃস্বপ্নের মতো। ২০১৮ সালে প্রথমবার এই মাঠে খেলতে নেমে প্রথম ইনিংসে তারা গুটিয়ে গিয়েছিল কেবল ৪৩ রানে, যা এখনও টেস্টে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর। 

চার বছর পর এখানে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১০৩ রানে।

এই মাঠে এবার খেলতে হবে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের মতো দুই অভিজ্ঞ ব্যাটসম্যানকে ছাড়া। নতুন চেহারার বাংলাদেশের ব্যাটিং লাইনের জন্য অগ্নি পরীক্ষাই হবে কিমার রোচ, শামার জোসেফদের সামলানো।