২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

অবিশ্বাস্য ধসে বাংলাদেশের বড় হার

অভাবনীয় ব্যাটিং বিপর্যয়ে প্রথম ওয়ানডেতে হেরে সিরিজে পিছিয়ে গেল মেহেদী হাসান মিরাজের দল।

02 Jul 2025, 10:19 PM

শোচনীয় ধসে বড় পরাজয়

শ্রীলঙ্কাকে আড়াইশর নিচে আটকে রেখে নিজেদের কাজটা ঠিকঠাক করেছিল বাংলাদেশের বোলাররা। রান তাড়ায় শুরুটাও দারুণ ছিল তাদের। কিন্তু হঠাৎ এক ধসে ৭৭ রানে হেরে গেল তারা।

একপ্রান্ত আগলে রেখে ৪টি করে চার-ছক্কায় ৬৪ বলে ৫১ রানের ইনিংসে পরাজয়ের ব্যবধান কিছুটা কমিয়েছেন জাকের আলি। তাকে এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংস গুটিয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

অথচ তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর ৭১ রানের দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ১ উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে শোচনীয় ধসে ১০৫ রানে ৮ উইকেটের দলে পরিণত হয় তারা।

পরে জাকেরের একার লড়াইয়ে শেষ দুই উইকেটে আরও ৬২ রান করে বাংলাদেশ।

শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা নেন ৪ উইকেট। দুই হাতে বোলিং করে কামিন্দু মেন্ডিসের শিকার ৩টি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ২৪৪

বাংলাদেশ: ৩৫.৫ ওভারে ১৬৭ (পারভেজ ১৩, তানজিদ ৬২, শান্ত ২৩, লিটন ০, হৃদয় ১, মিরাজ ০, জাকের ৫১, তানজিম ১, তাসকিন ০, তানভির ৫, মুস্তাফিজ ০; আসিথা ৫-০-২৭-১, থিকসানা ৯-১-৩২-১, রাত্নায়াকে ১-০-১০-০, আসালাঙ্কা ৫-০-২৯-০, মালিঙ্গা ৩-০-২২-০, হাসারাঙ্গা ৭.৫-২-১০-৪, কামিন্দু ৫-০-১৯-৩ )

02 Jul 2025, 10:17 PM

পেনাল্টি পেল বাংলাদেশ

বাংলাদেশের ইনিংসে তিনবার নির্ধারিত এক মিনিট সময়ের মধ্যে নতুন ওভার শুরু করতে ব্যর্থ হল শ্রীলঙ্কা। তাই আইসিসির নতুন নিয়ম অনুযায়ী পেনাল্টি পেল বাংলাদেশ। স্কোরবোর্ডে যুক্ত হলো বোনাস ৫ রান। 

৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৬৭ রান। বাকি ১৫ ওভারে প্রয়োজন ৭৮ রান।

02 Jul 2025, 10:12 PM

জাকেরের ফিফটি

অন্য প্রান্তে ব্যাটিং ধসের মাঝে একা দাঁড়িয়ে ফিফটি করলেন জাকের আলি। ৪টি করে চার-ছক্কায় ৫৮ বলে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূর্ণ করলেন তিনি। 

৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৬২ রান। বাকি ১৫ ওভারে প্রয়োজন ৮৩ রান।

02 Jul 2025, 09:47 PM

তানভিরকে ফেরালেন থিকশানা

নাটকীয় ধস থামালেও প্রতিরোধ বেশিক্ষণ করতে পারলেন না তানভির ইসলাম ও জাকের আলি। মাহিশ থিকশানার বলে কট বিহাইন্ড হয়ে ফিরলেন তানভির।

১৯ বলে ৫ রান করেন অভিষিক্ত স্পিনার। তার বিদায়ে ভাঙে ২০ রানের নবম উইকেট জুটি।

ক্রিজে শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমান। ১৫ রানে অপরাজিত জাকের আলি। 

বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১২৫ রান।

02 Jul 2025, 09:29 PM

ইতিহাসের সবচেয়ে শোচনীয় ধস

তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর ৭১ রানের জুটি ভাঙার পর থেকে শুরু হয়েছে বাংলাদেশের ধস। দুজনের বিচ্ছেদের পর মাত্র ৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

ওয়ানডেতে ইতিহাসে এত কম রানে তৃতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড নেই আর একটিও।

২০২০ সালে নেপালের বিপক্ষে একপর্যায়ে ২৭ রানে ২ উইকেট থেকে ৩১ রানে ৮ উইকেট হারিয়েছিল যুক্তরাষ্ট্র। অর্থাৎ মাত্র ৪ রানে ৬ উইকেট হারিয়েছিল তারা।

প্রায় পাঁচ বছর পর তাদের সঙ্গী হয়ে এখন ৪ রানে ৬ উইকেট হারানোর শোচনীয় রেকর্ড স্পর্শ করল বাংলাদেশ।

02 Jul 2025, 09:18 PM

৫ রানে ৭ উইকেট

প্রেমাদাসা স্টেডিয়ামে হঠাৎ করেই যেন বাংলাদেশের জন্য হয়ে গেল ভূতের রাজ্য। উইকেট থেকে ড্রেসিং রুমে ফেরার জন্যই যেন ব্যাটিংয়ে নামছেন একেক ব্যাটসম্যান।

তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর দারুণ জুটিতে মাত্র ১ উইকেটে ১০০ করে ফেলার পর এখন ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। 

নিজের দ্বিতীয় ওভারে তানজিম হাসানের পর তাসকিন আহমেদকে ফেরালেন কামিন্দু মেন্ডিস। ফুল টসে মিড উইকেটে ক্যাচ তুলে দেন ১ রান করা তানজিম।  

দুই বল পর এলবিডব্লিউ হন তাসকিন। রিভিউ নিয়েও লাভ হয়নি তার।

২১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ১০৫ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান জাকের আলি ও তানভির ইসলাম।

02 Jul 2025, 09:10 PM

বাংলাদেশের ব্যাটিং ধস

দারুণ শুরুর পর হুট করেই ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং। মাত্র ৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে এখন বড় পরাজয়ের শঙ্কায় সফরকারীরা।

১৯তম ওভারের শেষ বলে জাকের আলির বিরুদ্ধে ব্যর্থ হয় শ্রীলঙ্কার রিভিউ। পরের ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে রিভিউ নিয়েও নিজের উইকেট বাঁচাতে পারেননি মেহেদী হাসান মিরাজ।

হাসারাঙ্গার গুগলি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি মিরাজ। জোরাল আবেদনে সাড়া দিতে সময় নেননি আম্পায়ার। রিভিউ নিলে রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পে লাগত বল।

২ বলে শূন্য রানে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।

১৯.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১০৩ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান জাকের আলি ও তানজিম হাসান।

02 Jul 2025, 09:05 PM

৪ রানে ড্রেসিং রুমে ৪ ব্যাটসম্যান

নাজমুল হোসেন শান্তর রান আউট যেন দুঃসময় ডেকে আনল বাংলাদেশের ইনিংসে। মাত্র ৪ রানের মধ্যে ড্রেসিং রুমের পথ ধরলেন ৪ ব্যাটসম্যান।

বোলিংয়ে এসেই সাফল্য পেলেন কামিন্দু মেন্ডিস। টার্ন করবে ভেবে খেলার চেষ্টা করেছিলেন তাওহিদ হৃদয়। কিন্তু সোজা যাওয়া ডেলিভারি তার রক্ষণ ফাঁকি দিয়ে এলোমেলো করে দেয় স্টাম্প।

৪ বলে ১ রান করেন হৃদয়।

১ উইকেটে ৯৯ থেকে বাংলাদেশ এখন ৫ উইকেটে ১০৩ রান। 

ক্রিজে দুই ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি।

02 Jul 2025, 09:02 PM

লিয়ানাগের দুর্দান্ত ক্যাচে তানজিদের বিদায়

হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলল বাংলাদেশ। মাত্র ৩ রানের মধ্যে ড্রেসিং রুমে ফিরলেন তিন ব্যাটসম্যান।

নিজের প্রথম ওভারে পাঁচ বলের মধ্যে জোড়া আঘাত করলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। রিভিউ নিয়ে লিটন কুমার দাসকে আউট করার পর এবার তার শিকার তানজিদ হাসান।

অফ স্টাম্পের বাইরের বলে সজোরে মিড অফ দিয়ে খেলেছিলেন তানজিদ। ডান দিকে ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ নেন জানিথ লিয়ানাগে।

৯ চার ও ১ ছক্কায় ৬১ বলে ৬২ রান করে ফেরেন তানজিদ।

ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ।

১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০২ রান।

02 Jul 2025, 09:02 PM

খালি হাতে ফিরলেন লিটন

ওয়ানডেতে দুর্দশা কাটিয়ে ওঠার প্রথম সুযোগ কাজে লাগাতে পারলেন না লিটন কুমার দাস। ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন অভিজ্ঞ ব্যাটসম্যান। ৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

হাসারাঙ্গার গুগলি ঠিক পড়তে পারেননি লিটন। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে লিটনের বিদায়ঘণ্টা বাজান চারিথ আসালাঙ্কা।

ওয়ানডেতে এ নিয়ে টানা ৮ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হলেন লিটন।

ওয়ানডেতে হাসারাঙ্গার এটি ১০০তম উইকেট।

ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী এখন তাওহিদ হৃদয়।

02 Jul 2025, 08:51 PM

রান আউটে ভাঙল জুটি

জুটির শুরু থেকে বেশ কয়েকবার দ্রুত সিঙ্গেল-ডাবলস নিয়েছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত এই দ্রুত দুই রান নিতে গিয়েই ভাঙল তাদের জুটি।

মাহিশ থিকশানার বল অন সাইডে ঠেলেই দুই রানের জন্য ডাক দেন শান্ত। দ্রুত প্রথম রান সম্পন্ন করলেও দ্বিতীয় রান নিতে পারেননি তিনি। অল্পের জন্য রান আউটে কাটা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান। 

মিলান রাত্নায়াকের দারুণ থ্রো ধরে কুসাল মেন্ডিস বেলস ফেলে দেওয়ার সময় পপিং ক্রিজের দাগের ওপরে ছিল শান্তর ব্যাট। তাই আউটের সিদ্ধান্ত জানান টিভি আম্পায়ার।

২ চারে ২৬ বলে ২৩ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙল ৭১ রানের জুটি।

একাদশে ফেরা লিটন কুমার দাস নেমেছেন চার নম্বরে। ৫৮ বলে ৬১ রানে খেলছেন তানজিদ হাসান।

১৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান।

02 Jul 2025, 08:42 PM

তানজিদ-শান্তর জুটিতে পঞ্চাশ

পারভেজ হোসেনের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন। দ্বিতীয় উইকেটে তারা গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৫২ বলে।

উইকেটে বোলারদের জন্য বেশ সহায়তা আছে। তবে সাবলীল ব্যাটিংয়েই দলকে এগিয়ে নিচ্ছেন দুই ব্যাটসম্যান।

শুরু থেকে আস্থার সঙ্গে খেলা তানজিদ ছুঁয়েছেন ক্যারিয়ারের চতুর্থ পঞ্চাশ, ৫১ বলে।  এই সময়ে তার ব্যাট থেকে এসেছে আটটি চার ও একটি ছক্কা।

১৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৮৭।

02 Jul 2025, 08:20 PM

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬১

২৪৫ রানের লক্ষ্যে ইতিবাচক শুরু পেয়েছে বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লের দশ ওভারে শুধু পারভেজ হোসেনের উইকেট হারিয়ে ৬১ রান করে ফেলেছে তারা।

বাকি ৪০ ওভারে প্রয়োজন ১৮৪ রান। 

শুরু থেকে দারুণ ব্যাটিং করা তানজিদ হাসান ৩৪ বলে ৩২ রানে অপরাজিত। নাজমুল হোসেন শান্ত খেলছেন ১১ বলে ১৩ রানে।

02 Jul 2025, 07:59 PM

শুরুতেই ফিরলেন পারভেজ

ইনিংসের দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু করেন পারভেজ হোসেন। এক বল পর মারেন আরেকটি চার। পঞ্চম ওভারে আসিথা ফার্নান্দোর বলে তৃতীয় চার মারেন বাঁহাতি ওপেনার।

তবে তাকে বেশিক্ষণ টিকতে দেননি আসিথা। তৃতীয় বাউন্ডারি হজম করার পরের বলেই পারভেজকে আউট করেন অভিজ্ঞ পেসার। শর্ট বলে পুল করার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন তরুণ ওপেনার।

শর্ট থার্ড ম্যানের দিকে দৌড়ে দারুণ ক্যাচ নেন কিপার কুসাল মেন্ডিস। ১৬ বলে ১৩ রান করে ফেরেন পারভেজ।

নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। ১৩ বলে ১৩ রানে খেলছেন তানজিদ হাসান।

৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান।

02 Jul 2025, 07:18 PM

এক বল হওয়ার পর বাংলাদেশের কামব্যাক

আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ৩৪ ওভার শেষ হওয়ার পর থেকে বাকি সময়ে দুই প্রান্ত থেকে খেলা হয়েছে এক বলেই। এই সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

৩৪ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান নিয়ে বড় সংগ্রহের মঞ্চ সাজিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। তবে দুই প্রান্তে এক বল হওয়ার পর ১৫.২ ওভারে তাদেরকে মাত্র ৭৫ রান করতে দিয়েছে বাংলাদেশ। বিপরীতে নিয়েছে বাকি ৫ উইকেট।  

বাংলাদেশ ইনিংসেও অবশ্য পড়তে পারে এর প্রভাব। বোলারদের তুলনামূলক সুবিধা দেওয়ার জন্যই মূলত করা হয়েছে এই নিয়ম। তাই রান তাড়ায় হিসেবি ব্যাটিংই করতে হবে সফরকারীদের।

02 Jul 2025, 07:13 PM

২৪৪ রানে থামল শ্রীলঙ্কা

সেঞ্চুরি ছুঁয়ে বেশিদূর যেতে পারলেন না চারিথ আসালাঙ্কা। ডিপ মিডউইকেট দিয়ে তানজিম হাসানকে ছক্কা মারতে গিয়ে লং অনে ধরা পড়লেন নাজমুল হোসেন শান্তর হাতে।

১২৩ বলে চার ছক্কা ও ছয় চারে ১০৬ রানে ফিরলেন শ্রীলঙ্কা অধিনায়ক।

পরের বলেই শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। ওভার থ্রো থেকে রানের চেষ্টায় রান আউট হয়ে গেলেন ইশান মালিঙ্গা।

১০ বলে তিনি করেন ৫ রান।

৪৯.২ ওভারে ২৪৪ রান থামল শ্রীলঙ্কার ইনিংস।

৪৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাসকিন আহমেদ। তানজিম ৩ উইকেট নিয়েছেন ৪৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৯.২ ওভারে ২৪৪ (নিসাঙ্কা ০, মাদুশকা ৬, কুসাল মেন্ডিস ৪৫, কামিন্দু মেন্ডিস ০, আসালাঙ্কা ১০৬, লিয়ানাগে ২৯, রাত্নায়াকে ২২, হাসারাঙ্গা ২২, থিকশানা ১, মালিঙ্গা ৫, আসিথা ১*; তাসকিন ১০-২-৪৭-৪, তানজিম ৯.২-০-৪৬-৩, মুস্তাফিজ ৬-১-২৪-০, মিরাজ ১০-০-৪৭-০, তানভির ১০-০-৪৪-১‌, শান্ত ৪-০-৩২-১)

02 Jul 2025, 07:02 PM

আসালাঙ্কার দারুণ সেঞ্চুরি

এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে টানছেন চারিথ আসালাঙ্কা। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বাঁহাতি মিডল অর্ডার পেয়েছেন সেঞ্চুরির দেখা, ১১৭ বলে।

এই সময়ে তার ব্যাট থেকে এসেছে চারটি ছক্কা ও ছয়টি চার।

৪৯ ওভারে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ২৪৩।

02 Jul 2025, 06:51 PM

তাসকিনের জোড়া আঘাত

ঝড়ের আভাস দেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গার পর মাহিশ থিকশানাকেও ফেরালেন তাসকিন আহমেদ।

ছক্কার চেষ্টায় লং অনে বদলি ফিল্ডার শামীম হোসেনের হাতে ধরা পড়েন হাসারাঙ্গা। ভাঙে ৩৪ বল স্থায়ী ৩৪ রানের জুটি।

২২ বলে তিন চারে ২২ রান করেন হাসারাঙ্গা।

তিন বল পর আরেকটি উইকেট পান তাসকিন। ব্যাটের কানায় লেগে থিকশানার সহজ ক্যাচ যায় জাকের আলির হাতে।

থিকশানা ২ বল খেলে করেন ১ রান।

02 Jul 2025, 06:28 PM

মাঠ ছাড়লেন মুস্তাফিজ

ডেথ ওভারে মুস্তাফিজুর রহমানের ৪ ওভার পাওয়া নিয়ে জেগেছে শঙ্কা। ৪২তম ওভার করতে এসে রান আপের মাঝ পথেই হাল ছেড়ে দিয়েছেন বাঁহাতি এই পেসার। ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন তিনি।

আক্রমণে ফিরেছেন তাসকিন আহমেদ।

অভিষিক্ত স্পিনার তানভির ইসলামও ভুগছেন। ক্র্যাম্পের জন্য কয়েকবার ফিজিওর শরণ নিয়েছেন তিনি।

ষষ্ঠ কোনো বোলার নেই বাংলাদেশের। ওভার-রেটেও বেশ পিছিয়ে আছে তারা।

02 Jul 2025, 06:20 PM

জুটি ভাঙলেন তানজিম

ধীরে ধীরে জমে যাচ্ছিল জুটি। সেটা ভেঙে দিলেন তানজিম হাসান।

পরপর দুটি স্লোয়ার ডেলিভারি দিলেন তিনি। এর একটিতে হজম করলেন চার। তৃতীয় বলে ফাঁদে পা দিলেন মিলান রাত্নায়াকে। অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে টেনে আনলেন স্টাম্পে। ভাঙল ৪৮ বল স্থায়ী ৩৯ রানের জুটি।

৩১ বলে তিন চারে রাত্নায়াকে করেন ২২ রান।

৪০ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ১৯২। ক্রিজে চারিথ আসালাঙ্কার সঙ্গী ওয়ানিন্দু হাসারাঙ্গা।

02 Jul 2025, 06:03 PM

অপেক্ষা বাড়ল মিরাজের

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের পর ৯৮ ইনিংসে মিরাজের ছিল ১১০ উইকেট। এরপর আরও পাঁচ ম্যাচ খেলার পর ১০৩ ইনিংসেও মিরাজের উইকেট আগের মতোই ১১০টি।

কারণ সবশেষ পাঁচ ম্যাচে উইকেট পাননি বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক। এই পাঁচ ম্যাচে ৪৫ ওভার হাত ঘুরিয়ে ওভারপ্রতি ৫.০৬ রান করে খরচ করেছেন অফ স্পিনিং অলরাউন্ডার। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভারে তার খরচ ৪৭ রান। এর মধ্যে প্রথম ৫ ওভারে ৩১ রান দিয়ে ফেলেছিলেন মিরাজ। শেষ ৫ ওভারে রানের গতি থামিয়ে দিয়েছেন আর ১৬ রান।

02 Jul 2025, 05:52 PM

এক বলের খেলা

শ্রীলঙ্কার ইনিংসে পেরিয়ে গেছে ৩৪ ওভার। তাই আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, ইনিংসের বাকি অংশে খেলা হবে এক বল দিয়ে।

শুরু থেকে দুই প্রান্তে দুই বল দিয়ে বোলিং করেছে বাংলাদেশ। ৩৪তম ওভার শেষ হওয়ার পর একটি বল বেছে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এটি দিয়েই হবে বাকি ১৬ ওভার। 

৩৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৬৯ রান। মিলান রাত্নায়াকে ১২ বলে ৭ ও চারিথ আসালাঙ্কা ৮৫ বলে ৭৫ রানে অপরাজিত।

02 Jul 2025, 05:46 PM

শান্তর 'গোল্ডেন আর্ম'

মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙতে যেন 'গোল্ডেন আর্ম' নিয়ে এলেন নাজমুল হোসেন শান্ত। ৩২তম ওভারে বোলিংয়ে এসে জানিথ লিয়ানাগেকে ফিরিয়ে স্বস্তি আনলেন বাংলাদেশ দলে।

ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন লিয়ানাগে। দুই বল পর আবার বড় শটের খোঁজে লং অফ সীমানার অনেক ভেতরে তানজিম হাসানের হাতে ধরা পড়েন ৪০ বলে ২৯ রান করা পেস অলরাউন্ডার।

তানজিম ক্যাচ নিতেই মেহেদী হাসান মিরাজের সঙ্গে নেচে উদযাপন করেন শান্ত। ৫০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তার এটি দ্বিতীয় উইকেট।

ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষিক্ত মিলান রাত্নায়াকে। চারিথ আসালাঙ্কা ৮২ বলে ৬৭ রানে অপরাজিত।

৩২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৫৪ রান।

02 Jul 2025, 05:33 PM

আসালাঙ্কা-লিয়ানাগে জুটির পঞ্চাশ

মেহেদী হাসান মিরাজের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মিড উইকেটে খেললেন জানিথ লিয়ানাগে। সীমানায় ঝাঁপিয়েও ঠেকাতে পারলেন না পারভেজ হোসেন। বল চলে গেল সীমানার বাইরে। ৬২ বলে পূর্ণ হলো লিয়ানাগে ও চারিথ আসালাঙ্কার পঞ্চম উইকেট জুটির পঞ্চাশ রান।

৩০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১৪৪ রান। জুটির সংগ্রহ এখন ৫৫ রান। 

আসালাঙ্কা ৮০ বলে ৬৫ ও লিয়ানাগে ৩২ বলে ২৩ রানে খেলছেন।

02 Jul 2025, 05:11 PM

৬১ বলে আসালাঙ্কার পঞ্চাশ

এক প্রান্ত আগলে রেখে শ্রীলঙ্কাকে টানছেন চারিথ আসালাঙ্কা। দায়িত্বশীল ব্যাটিংয়ে স্বাগতিক অধিনায়ক পঞ্চাশ ছুঁয়েছেন ৬১ বলে।

এই সময়ে তার ব্যাট থেকে এসেছে তিনটি করে ছক্কা ও চার।

অধিনায়কের ব্যাটে মাঝপথে লড়াই করছে শ্রীলঙ্কা। ২৫ ওভারে স্বাগতিকদের রান ৪ উইকেটে ১১৯।

02 Jul 2025, 05:05 PM

২৪ ওভারেই শেষ বাংলাদেশের রিভিউ

তাসকিন আহমেদের প্রবল আত্মবিশ্বাস দেখে রিভিউ নিয়ে ব্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজ। ২৪ ওভারের মধ্যেই ফুরিয়ে গেল বাংলাদেশের সব রিভিউ।

তাসকিন আহমেদের বল জানিথ লিয়ানাগের ব্যাটের কানা ছুঁয়ে লেগেছিল ব্যাটে। তাতে সফরকারীরা হারায় দ্বিতীয় ও শেষ রিভিউ।

২৪ ওভারে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ১১২।

02 Jul 2025, 04:56 PM

শ্রীলঙ্কার একশ

মেহেদী হাসান মিরাজের বলে পয়েন্ট দিয়ে চার মারলেন চারিথ আসালাঙ্কা। ২২তম ওভারে একশ ছুঁয়ে ফেলল শ্রীলঙ্কা। এর আগে দশম ওভারে পঞ্চাশ ছুঁয়েছিল তারা।

নিজের প্রথম পাঁচ ওভারে ৩১ রান দিয়ে কিছুটা খরুচে মিরাজ। অন্য প্রান্তে তানভির ৪ ওভারে খরচ করেছেন মাত্র ১৩ রান। 

২৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১০৫ রান। আসালাঙ্কা ৫৫ বলে ৪১ ও জানিথ লিয়ানাগে ১৫ বলে ৮ রানে খেলছেন।

02 Jul 2025, 04:43 PM

তানভিরের প্রথম উইকেট

ঘটনাবহুল দ্বিতীয় ওভারে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট তানভির ইসলাম। থিতু হয়ে ড্রেসিং রুমে ফিরে গেলেন কুসাল মেন্ডিস।

ওভারের পঞ্চম বলে কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর পরামর্শে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ। রিপ্লেতে দেখা যায়, ব্যাট ও বলের মধ্যে ফাঁকা ছিল অনেকটা। তাই বৃথা যায় রিভিউ।

পরের বলে আর বাঁচতে পারেননি কুসাল। মিডল-লেগ স্টাম্পে পিচ করে সোজা যাওয়া ডেলিভারি ভুল লাইনে খেলেন তিনি। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। 

রিভিউ নিয়েও লাভ হয়নি কুসালের। তবে আম্পায়ার্স কল হওয়ায় রিভিউটি হারায়নি শ্রীলঙ্কা। ৬ চার ও ১ ছক্কায় ৪৩ বলে ৪৫ রানে ফিরে যান কুসাল।

ক্রিজে নতুন ব্যাটসম্যান জানিথ লিয়ানাগে। ৪৮ বলে ৩৪ রানে অপরাজিত চারিথ আসালাঙ্কা।

২০ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান।

02 Jul 2025, 04:30 PM

কুসাল-আসালাঙ্কার জুটিতে পঞ্চাশ

দ্রুত ৩ উইকেট হারানো শ্রীলঙ্কাকে টানছেন কুসাল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। দুই জনে উপহার দিয়েছেন পঞ্চাশ রানের জুটি, ৬৪ বলে।

এক প্রান্তে আগ্রাসী ব্যাটিং করছেন কুসাল। আরেক প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন আসালাঙ্কা।

৩৭ বলে এক ছক্কা ও ছয় চারে কুসালের রান ৪০। দুটি করে ছক্কা চারে আসালাঙ্কার রান ৪০ বলে ২৯।

১৭ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৮০।

02 Jul 2025, 04:16 PM

পাওয়ার প্লেতে ৩ উইকেট

টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা বেশ ভালো করল বাংলাদেশ। প্রথম পাওয়ার প্লেতে ৩ উইকেট নিল সফরকারীরা। বিপরীতে শ্রীলঙ্কার সংগ্রহ ৫০ রান।

প্রথম পাঁচ ওভারে ২ উইকেটে মাত্র ১৫ রান করতে পেরেছিল শ্রীলঙ্কা। পরের পাঁচ ওভারে রানের গতি বাড়িয়ে আরও ৩৫ রান করে তারা।

নতুন বলে বাংলাদেশের নায়ক তাসকিন। পাঁচ ওভারের প্রথম স্পেলে দুই মেডেনসহ মাত্র ১৩ রান খরচায় তার শিকার ২ উইকেট। অন্যটি নেন তানজিম হাসান।

কুসাল মেন্ডিস ১৬ বলে ২২ ও চারিথ আসালাঙ্কা ১৯ বলে ১৮ রানে অপরাজিত।

02 Jul 2025, 03:45 PM

শূন্যতেই শেষ কামিন্দু

টেস্টে বাংলাদেশের বিপক্ষে দারুণ সফল কামিন্দু মেন্ডিস ফিরলেন শূন্য রানে। তাসকিন আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন মেহেদী হাসান মিরাজের হাতে।

আগের ওভারে তানজিম হাসানের উপর চড়াও হয়ে দুই চার ও এক ছক্কায় ১‌৪ রান নেন কুসাল মেন্ডিস। তার মতোই তাসকিনের উপর চড়াও হতে চেয়েছিলেন কামিন্দু।

অফ স্টাম্পের বাইরের বলে তুলে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। মিডঅফে সহজ ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।

৬.১ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ২৯। ক্রিজে কুসাল মেন্ডিসের সঙ্গী চারিথ আসালাঙ্কা।

02 Jul 2025, 03:28 PM

মাদুশকাকে ফেরালেন তাসকিন

ফেরার ম্যাচে সাফল্য পেতে সময় লাগল না তাসকিন আহমেদের। নিজের তৃতীয় ওভারে তিনি বোল্ড করলেন নিশান মাদুশকাকে।

অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় স্টাম্পে টেনে আনেন লঙ্কান ওপেনার। ১৩ বলে করেন ৬ রান।

ক্রিজে কুসাল মেন্ডিসের সঙ্গী কামিন্দু মেন্ডিস। 

৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৫ রান।

02 Jul 2025, 03:26 PM

শুরুতেই তানজিমের আঘাত

টেস্ট সিরিজে দারুণ ভোগানো পাথুম নিসাঙ্কাকে টিকতে দিলেন না তানজিম হাসান। তার চমৎকার ডেলিভারিতে শুরুতেই ভাঙল লঙ্কানদের শুরুর জুটি।

প্রথম ৩ ওভারে স্বাগতিকরা করতে পারে কেবল ৫ রান। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে চড়াও হয়ে চাপ সরাতে চেয়েছিলেন নিসাঙ্কা। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে উল্টো বিপদ ডেকে আনেন তিনি। স্টাম্পের পেছনে চমৎকার ক্যাচ নেন লিটন দাস।

৮ বল খেলেও রানের দেখা পাননি নিসাঙ্কা।

৩.১ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৫। ক্রিজে নিশান মাদুশকার সঙ্গী কসাল মেন্ডিস।

02 Jul 2025, 03:16 PM

ফেরার ম্যাচে মেডেন দিয়ে শুরু তাসকিনের

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর অ্যাঙ্কেলের চোটে আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজের পর আবার ফিরলেন অভিজ্ঞ পেসার।

তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে প্রথম ওভারে কোনো রান দেননি তাসকিন।

02 Jul 2025, 03:05 PM

শ্রীলঙ্কা দলে মিলানের অভিষেক

বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দোর সঙ্গে থাকছেন অভিষিক মিলান রাত্নায়েকে। এছাড়া পেস অলরাউন্ডার জানিথ লিয়ানাগেও আছেন দলে।

স্পিন বিভাগে মাহিশ থিকশানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে আছেন কামিন্দু মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা। 

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, মিলান রাত্নায়াকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো।

02 Jul 2025, 02:45 PM

পারভেজ-তানভিরের অভিষেক

ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটিয়ে জাতীয় দলে সুযোগ পেলেও ম্যাচ খেলার জন্য অপেক্ষায়ই থাকতে হচ্ছে মোহাম্মদ নাঈম শেখের। প্রথম ওয়ানডেতে তানজিদ হাসানের সঙ্গে ওপেনিংয়ে নামবেন পারভেজ হোসেন।

বাঁহাতি ওপেনারের এটি প্রথম ওয়ানডে। এছাড়া প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বাঁহাতি স্পিনার তানভির ইসলামেরও ওয়ানডে অভিষেক করিয়েছে বাংলাদেশ।

পেস বিভাগে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকছেন তানজিম হাসান। স্পিনে তানভিরের সঙ্গে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 

ওয়ানডেতে যথাক্রমে বাংলাদেশের ১৫১ ও ১৫২তম ক্রিকেটার পারভেজ ও তানভির।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, তানজিম হাসান, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

02 Jul 2025, 02:39 PM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টেস্ট সিরিজের দুই ম্যাচে টস জেতার পর ওয়ানডের শুরুতে কয়েনভাগ্য পাশে পেল না বাংলাদেশ। পূর্ণাঙ্গ মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম ম্যাচে টস হারলেন মেহেদী হাসান মিরাজ।

টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে রান তাড়ায় নামবে বাংলাদেশ।

02 Jul 2025, 02:11 PM

টেস্টে হতাশার পর ওয়ানডের লড়াইয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের প্রথম সিরিজে আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র করার পর দ্বিতীয়টি হেরে গেছে ইনিংস ব্যবধানে। লাল বলের হতাশা ভোলার সুযোগ রঙিন পোশাকের লড়াইয়ে। 

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার দুপুর ৩টায় শুরু হবে ওয়ানডে সিরিজ। সাম্প্রতিক ব্যর্থ সময় কাটিয়ে ওঠার অভিযান এই সিরিজ দিয়েই শুরু করতে চায় বাংলাদেশ।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও চলতি বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের সম্প্রতি তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। এর প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও।

২০০৬ সালের পর প্রথমবারের মতো এখন র‍্যাঙ্কিংয়ের দশ নম্বরে বাংলাদেশ। ২০২৭ সালের বিশ্বকাপে সরাসরি খেলার জন্য র‍্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতেই হবে। সামনের দেড় বছরে এখন সেটিই ওয়ানডের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রধান লক্ষ্য।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ অবসরে যাওয়ায় মিডল-অর্ডারে তৈরি হয়েছে শূন্যতা। পরবর্তী বিশ্বকাপের আগে মিডল-অর্ডারের জন্য নতুন কাউকে প্রস্তুত করার চ্যালেঞ্জও নিতে হবে মিরাজের।