26 Sep 2025, 12:34 AM
১১ রানের হার
শেষ দিকের বাজে ফিল্ডিং ও বোলিং এবং ব্যাটিংয়ে নিদারুণ ব্যর্থতার চড়া মাশুল দিল বাংলাদেশ। ১৩৫ রান তাড়ায় পাকিস্তানের বিপক্ষে ১১ রানে হারল বাংলাদেশ।
৯ উইকেটে ১২৪ রানে থেমেছে বাংলাদেশ। শেষ দিকে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান কমিয়েছেন পরাজয়ের ব্যবধান।
বাংলাদেশের হারে ফাইনালে জায়গা করে নিল পাকিস্তান। এশিয়া কাপের সুদীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে খেলবে ভারত ও পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (ফারহান ৪, ফাখার ১৩, সাইম ০, সালমান ১৯, তালাত ৩, হারিস ৩১, আফ্রিদি ১৯, নাওয়াজ ২৫, ফাহিম ১৪*, রউফ ৩*; তাসকিন ৪-০-২৮-৩, মেহেদি ৪-০-২৮-২, তানজিম ৪-০-২৮-০, মুস্তাফিজ ৪-০-৩৩-১, রিশাদ ৪-০-১৮-২)
বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৯ (সাইফ ১৮, পারভেজ ০, হৃদয় ৫, মেহেদি ১১, সোহান ১৬, শামীম ৩০, জাকের ৫, তানজিম ১০, রিশাদ ১৬*, তাসকিন ৪, মুস্তাফিজ ৬*; আফ্রিদি ৪-০-১৭-৩, ফাহিম ২-০-১৮-০, রউফ ৪-০-৩৩-৩, আবরার ৩-০-২৩-০, নাওয়াজ ৩-০-১৪-১, সাইম ৪-০-১৬-২)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী
26 Sep 2025, 12:18 AM
রউফের স্লোয়ারে বোল্ড তানজিম
তেমন কিছুই করতে পারলেন না তানজিম হাসান। হারিস রউফের স্লোয়ারে বোল্ড হয়ে গেলেন এই লোয়ার অর্ডার ব্যাটসম্যান।
১১ বলে এক চারে ১০ রান করেন তানজিম।
নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ ব্যাটের ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পেলেন। বাংলাদেশের রান একশ ছাড়াল।
পরের বলে স্টাম্পে ছেড়ে মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন তাসকিন। ২ বলে তিনি করলেন ৪ রান।
26 Sep 2025, 12:08 AM
উইকেট বিলিয়ে এলেন শামীম
শাহিন শাহ আফ্রিদির স্লোয়ার বলে রিভার্স স্কুপের চেষ্টায় ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিলেন শামীম হোসেন। বিপদ আরও বাড়ল বাংলাদেশের।
২৫ বলে দুই ছক্কায় ৩০ রান করেন শামীম।
১৭ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৯৭। ক্রিজে তানজিম হাসানের সঙ্গী রিশাদ হোসেন।
25 Sep 2025, 11:55 PM
উইকেট ছুঁড়ে এলেন জাকের
আসা যাওয়ার মিছিলে যোগ দিলেন জাকের আলি। সাইম আইয়ুবের বলে বাজে শটে উইকেট বিলিয়ে এলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
লেগে সরে যাওয়ায় বল থেকে আও দূরে সরে যান জাকের। তাতে শট ঠিকটাক খেলতে পারেননি তিনি। অনায়াসে ক্যাচ নেন মোহাম্মদ নাওয়াজ।
৯ বলে ৫ রান করেন জাকের।
১৪ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৩। ক্রিজে শামীম হোসেনের সঙ্গী তানজিম হাসান।
25 Sep 2025, 11:48 PM
ছক্কায় চেষ্টায় থামলেন সোহান
নুরুল হাসান সোহানের অস্বস্তিময় উপস্থিতির ইতি ঘটল ছক্কার চেষ্টায় একের পর এক ডট বল খেলা মিডল অর্ডার ব্যাটসম্যান ধরা পড়লেন সীমানায়।
সাইম আইয়ুবের অফ স্টাম্পের বাইরের বলে লং অফে ধরা পড়েন সোহান। ২১ বলে এক ছক্কায় ১৬ রান করেন তিনি।
১২ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৬৪। ক্রিজে শামীম হোসেনের সঙ্গী অধিনায়ক জাকের আলি।
25 Sep 2025, 11:42 PM
আম্পায়ার্স কলে বাঁচলেন শামীম
জোরাল আবদনে আম্পায়ার সাড়া না দিলে শেষ মুহূর্তে রিভিউ নিলেন সালমান আলি আগা। তবে ইম্প্যাক্ট আম্পায়ার্স কল বলে বেঁচে গেলেন শামীম হোসেন।
মোহাম্মদ নাওয়াজের অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে গিয়ে ব্যাট ছোঁয়াতে পারেননি শামীম। আম্পায়ার আবেদনে সাড়া দিলে এলবিডব্লিউ হয়ে ফিরে যেতে হতো তাকে।
১১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৬২।
25 Sep 2025, 11:34 PM
মাঝপথে চাপে বাংলাদেশ
লক্ষ্য খুব বড় না হলেও নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে বাংলাদেশ। প্রথম ১০ ওভারে তাদের নেই বলার মতো কোনো জুটি।
১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫৮। ৭ বলে ১০ রানে খেলছেন শামীম হোসেন। ১৬ বলে নুরুল হাসান সোহানের রান ১৪। দুই জনই মেরেছেন একটি করে ছক্কা।
এখন পর্যন্ত পাঁচটি ছক্কা মেরেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা, চার কেবল একটি। এক-দুই নিতে ভুগছেন তারা।
25 Sep 2025, 11:28 PM
টিকলেন না মেহেদি
দুই ম্যাচ পর বল হাতে পেলেন মোহাম্মদ নাওয়াজ। নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন এই বাঁহাতি স্পিনার। তার বলে সুইপার কাভারে ধরা পড়লেন শেখ মেহেদি হাসান।
একটা ছক্কা মারলেও ঠিক স্বচ্ছন্দ ছিলেন না মেহেদি। নাওয়াজে ছক্কা মেরে চাপ সরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। উল্টো ক্যাচ দিয়ে দলকে ফেলে দিলেন আরও চাপে।
১০ বলে এক ছক্কায় ১১ রান করেন মেহেদি।
৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৪। ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী শামীম হোসেন।
25 Sep 2025, 11:18 PM
সাইফের বিদায়ে চাপে বাংলাদেশ
পাওয়ার প্লের শেষ ওভারের প্রথম বলে উইকেট হারাল বাংলাদেশ। হারিস রউফের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়লেন সাইফ হাসান।
অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি এই ওপেনার। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় সাইম আইয়ুবের হাতে।
দুই ছক্কা ও এক চারে ১৪ বলে ১৮ রান করেন সাইফ।
ক্রিজে গিয়ে প্রথম বলে আউট হতে পারতেন নুরুল হাসান সোহান। ভাগ্য ভালো তার ব্যাটের কানায় লেগে হয়ে যায় ছয়।
৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৩৬।
25 Sep 2025, 11:13 PM
টিকলেন না হৃদয়
আগের বলে মারাত্মক ভুল বোঝাবুঝিতে একটুর জন্য রান আউট থেকে বেঁচে গেলেন সাইফ হাসান। স্টাম্পে থ্রো রাখতে পারেননি সাইম আইয়ুব। এরপরও সুযোগ ছিল কিন্তু সেই ফিল্ডার বল ধরতেই পারেননি!
শাহিন শাহ আফ্রিদির পরের বলে ক্যাচ দেন তাওহিদ হৃদয়। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় পয়েন্টে, সেখানে কোনো ভুল করেননি সাইম। ১০ বলে তিনি করেন ৫ রান।
৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৯। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী শেখ মেহেদি হাসান। ছক্কায় রানের খাতা খুলেছেন তিনি।
25 Sep 2025, 11:07 PM
পাকিস্তানের ব্যর্থ রিভিউ
কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হল পাকিস্তান। চতুর্থ ওভারে দলটি হারাল একটি রিভিউ।
হারিস রউফের দ্বিতীয় বল ছক্কায় ওড়ার সাইফ হাসান। পঞ্চম বলে পান চান। শেষ বল একটুর জন্য তার ব্যাটের কানা নেয়নি।
তবে জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন সালমান আলি আগা। তাতে কোনো কাজ হয়নি। বলে কোনো স্পর্শই ছিল না ব্যাটের।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৩। ১৪ বলে ১৮ রানে খেলছেন সাইফ। ৮ বলে তাওহিদ হৃদয়ের রান ৫।
25 Sep 2025, 10:50 PM
শুরুতেই ফিরলেন পারভেজ
রানের খাতাই খুলতে পারলেন না পারভেজ হোসেন। তাকে ফিরিয়ে প্রথম ওভারেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙলেন শাহিন শাহ আফ্রিদি।
ছক্কায় শুরু করতে চেয়েছিলেন পারভেজ। অফ স্টাম্পের বাইরে বলে পুল করে টাইমিং করতে পারেননি বাঁহাতি ওপেনার।ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ নেন মোহাম্মদ নাওয়াজ।
২ বল খেলে শূন্য রানে ফেরেন পারভেজ। ২৩ ইনিংসে সপ্তমবার শূন্যতে ফিরলেন তিনি।
১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
25 Sep 2025, 10:27 PM
১৩৬ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
একাদশ ওভারে ৪৯ রানে ৫ উইকেট নেওয়ার পরও পাকিস্তানকে অলআউট করতে পারেনি বাংলাদেশ। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ৮ উইকেটে ১৩৫ রান করেছে পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ১৩৫ রান ডিফেন্ড করেছে পাকিস্তান।
শাহিন আফ্রিদি দুবার জীবন পেয়ে খেলেছেন ১৯ রানের ক্যামিও। শূন্য রানে বেঁচে গিয়ে ১৫ বলে ২৫ রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ নাওয়াজ।
শেষ দিকে তাতে দ্রুত রান তুলতে পেরেছে পাকিস্তান।
২৮ রানে ৩ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। দুটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও শেখ মেহেদি হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩৫/৮ (ফারহান ৪, ফাখার ১৩, সাইম ০, সালমান ১৯, তালাত ৩, হারিস ৩১, আফ্রিদি ১৯, নাওয়াজ ২৫, ফাহিম ১৪*, রউফ ৩*; তাসকিন ৪-০-২৮-৩, মেহেদি ৪-০-২৮-২, তানজিম ৪-০-২৮-০, মুস্তাফিজ ৪-০-৩৩-১, রিশাদ ৪-০-১৮-২)
25 Sep 2025, 10:15 PM
ছক্কার পর অক্কা নাওয়াজ
১৯তম ওভারে আক্রমণে এসে প্রথম বলে ছক্কা হজম করলেন তাসকিন আহমেদ। পরের বলে উইকেট পেলেন এই পেসার। চমৎকার ক্যাচে মোহাম্মদ নাওয়াজকে ফেরালেন পারভেজ হোসেন।
শূন্য রানে নাওয়াজকে জীবন দিয়েছিলেন পারভেজ। সেই তিনি পিছিয়ে গিয়ে নিলেন দারুণ এক ক্যাচ।
১৫ বলে দুই ছক্কা ও এক চারে ২৫ রান করলেন নাওয়াজ।
১৯ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ১২৪। ক্রিজে ফাহিম আশরাফের সঙ্গী হারিস রউফ।
25 Sep 2025, 10:09 PM
হারিসকে ফিরিয়ে জুটি ভাঙলেন মেহেদি
নিজের প্রথম বলে ছক্কা হজম করলেন শেখ মেহেদি হাসান। এক বল পরই উইকেট পেলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
শূন্য রানে জীবন পাওয়া মোহাম্মদ নাওয়াজ ছক্কায় ওড়ান মেহেদিকে। এক বল স্ট্রাইক পেয়ে ফিরতি ক্যাচ দেন মোহাম্মদ হারিস। ভাঙে ২৪ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
২৩ বলে এক ছক্কা ও দুই চারে ৩১ রান করেন হারিস।
১৮ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ১১৪। ক্রিজে নাওয়াজের সঙ্গী ফাহিম আশরাফ।
25 Sep 2025, 09:53 PM
আফ্রিদিকে ফেরালেন তাসকিন
তিন দফায় বেঁচে গিয়ে ঝড় তোলার আভাস দিলেন শাহিন শাহ আফ্রিদি। তানজিম হাসানকে ছক্কার পর তাসকিন আহমেদকেও ছক্কায় ওড়ান পাকিস্তানি পেসার। তবে এক বল পর তাকে ফিরিয়ে প্রতিশোধ নেন তাসকিন।
ফুলটস বলটি ছক্কার চেষ্টায় সজোরে মারেন তাসকিন। কিন্তু ঠিকমতো টাইমিং করতে পারেননি। বল উঠে যায় উপরে। দৌড়ে এসে বল গ্লাভসে জমান কিপার জাকের আলি।
২ ছক্কায় ১৩ বলে ১৯ রান করে ফিরলেন আফ্রিদি।
ওভারের শেষ বলে আরেকটি উইকেট পেতে পারতেন তাসকিন। কিন্তু সীমানায় মোহাম্মদ নাওয়াজের সহজ ক্যাচ নিতে পারেননি পারভেজ হোসেন। উল্টো চার পেয়ে যান ব্যাটসম্যান!
১৪ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৫।
25 Sep 2025, 09:48 PM
দুই ক্যাচ মিস বাংলাদেশের
এক ওভারে তিনবার বেঁচে গেলেন শাহিন শাহ আফ্রিদি। দুইবার ক্যাচ ফেলল বাংলাদেশের ফিল্ডাররা, আর একবার আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হলেন না তিনি।
রিশাদ হোসেনের করে দ্বাদশ ওভারের প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে উড়িয়ে মারলেন আফ্রিদি। বাঁদিকে লাফিয়ে বল মুঠোয় জমাতে পারেননি নুরুল হাসান সোহান। পরের বলে সুইপের চেষ্টায় ব্যর্থ হন আফ্রিদি। বল প্যাডে আঘাত হানলে বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু আম্পায়ার্স কলে বেঁচে যান পাকিস্তানি বাঁহাতি ব্যাটসম্যান।
ওভারের চতুর্থ বল ছক্কার চেষ্টায় উড়িয়ে মারেন আফ্রিদি। কিন্তু টাইমিং ঠিকমতো হয়নি। লং অফ থী অনেকটা সামনে দৌড়ে এসে বল মুঠোয় জমাতে পারেননি শেখ মেহেদি হাসান।
১২ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ৫৫।
25 Sep 2025, 09:34 PM
সালমানের প্রতিরোধ ভাঙলনে মুস্তাফিজ
আক্রমণে এসেই সাফল্য পেলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের বলে কট বিহাইন্ড হয়ে গেলেন সালমান আলি আগা।
মুস্তাফিজের তিন বলে থার্ড ম্যান দিয়ে তিনটি সিঙ্গেল এসেছিল। সালমান সেই চেষ্টাতেই নিজের উইকেট হারালেন।
বল গ্লাভসে জমিয়েই উদযাপন শুরু করেন জাকের আলি। আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে সফল হন তিনি। ব্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল বল।
২৩ বলে দুই চারে ১৯ রান করেন সালমান।
১১ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ৫১। ক্রিজে মোহাম্মদ হারিসের সঙ্গী শাহিন শাহ আফ্রিদি।
25 Sep 2025, 09:16 PM
তালাতকে দ্রুত বিদায় করলেন রিশাদ
নিজের পরের ওভারে আরেকটি উইকেট নিলেন রিশাদ হোসেন। লেগ স্পিনারের বলে ক্যাচ দিলেন হুসাইন তালাত।
অফ স্টাম্পের বাইরের বলে শট মাটিতে রাখতে পারেননি তিনি। ব্যাকওয়ার্ড পয়েন্টে সামনের দিকে ডাইভ দিয়ে চমৎকার ক্যাচ নেন সাইফ হাসান। পাকিস্তান হারায় চতুর্থ উইকেট।
৭ বলে তালাত করেন ৩ রান।
৯ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ৩৭। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী মোহাম্মদ হারিস।
25 Sep 2025, 09:08 PM
ফাখারকে ফেরালেন রিশাদ
পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে এলেন রিশাদ হোসেন। নিজের প্রথম ওভারে উইকেট পেলেন এই লেগ স্পিনারও। তাকে ছক্কা মারার চেষ্টায় সীমানায় ক্যাচ দিলেন ফাখার জামান।
স্টাম্পে থাকা ডেলিভারিতে ইন সাইড আউটে ছক্কার চেষ্টায় সফল হননি বাঁহাতি ওপেনার। লং অফে ক্যাচ দেন তানজিম হাসান। ২০ বলে দুই চারে ১৩ রান করেন ফাখার।
৭ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ২৯। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী হুসাইন তালাত।
25 Sep 2025, 09:03 PM
পাওয়ার প্লেতে বাংলাদেশের দারুণ বোলিং
প্রথম দুই ওভারে দুটি উইকেট হারানো পাকিস্তান পাওয়ার প্লের বাকি চার ওভারে আর কোনো উইকেট হারায়নি। তবে তাদের খুব বেশি রানও করতে দেয়নি বাংলাদেশ।
৬ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ২৭। ১৯ বলে ১২ রানে খেলছেন ফাখার জামান। ১০ বলে সালমান আলি আগার রান ১১।
একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও শেখ মেহেদি হাসান। পাওয়ার প্লেতে বোলিং করেছেন তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমানও।
25 Sep 2025, 08:56 PM
শূন্য রানের বিশ্ব রেকর্ড সাইমের
এশিয়া কাপে রান যেন সাইম আইয়ুবের জন্য সোনার হরিণ। আসরে চতুর্থবার শূন্য রানে আউট হলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
আইসিসির টেস্ট খেলুড়ে দেশগুলোর বহুজাতিক টুর্নামেন্টে তার চেয়ে বেশিবার শূন্য রানে আউট হননি আর কেউ। এর আগে তিনবার করে রানের খাতা খোলার আগে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার, বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা ও তানজিদ হাসান এবং জিম্বাবুয়ের রেজিস চাকাভা।
25 Sep 2025, 08:51 PM
ফের শূন্য সাইম
তাসকিন আহমেদের মতো একাদশে ফেরা আরেক বোলার শেখ মেহেদি হাসানও নিজের প্রথম ওভারে উইকেট পেলেন। এই অফ স্পিনিং অলরাউন্ডার ফিরিয়ে দিলেন সাইম আইয়ুবকে।
মিড অনের উপর দিয়ে বল পাঠাতে চেয়েছিলেন সাইম। টাইমিং করতে পারেননি। ক্যাচ নেন রিশাদ হোসেন।
৩ বল খেলে শূন্য রানে ফেরেন সাইম। আসরে এটি তার চতুর্থ ও ৪৫ ইনিংসে ক্যারিয়ারের নবম ডাক। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে তার চেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন কেবল উমার আকমর (১০)।
25 Sep 2025, 08:51 PM
তাসকিনের 'সেঞ্চুরি'
৯৯ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেছিলেন তাসকিন আহমেদ। সাহিবজাদা ফারহানকে বিদায় করে প্রথম ওভারেই উইকেটের সেঞ্চুরি হয়ে গেল অভিজ্ঞ এই পেসারের।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে একশ উইকেট নিলেন তাসকিন। সাকিব আল হাসান এই কীর্তি গড়েন প্রথম। পরে তার সঙ্গী হন মুস্তাফিজুর রহমান।
৮০ ইনিংসে মাইলফলক স্পর্শ করলেন তাসকিন, তিনি খেলেছেন ৮২ ম্যাচ।
25 Sep 2025, 08:44 PM
শুরুতেই তাসকিনের আঘাত
একাদশে ফেরা তাসকিন আহমেদ শুরুতেই এলেন আক্রমণে। ম্যাচের প্রথম ওভারে সাহিদজাদা ফারহানকে ফিরিয়ে ভাঙলেন পাকিস্তানের উদ্বোধনী জুটি
প্রথম দুটি বল ডট খেলেন ফারহান। তৃতীয় বলে মারেন বাউন্ডারি।
পরের বল ছিল অফ স্টাম্পের বাইরে। আরেকটি বাউন্ডারির আশায় ব্যাট চালিয়ে দেন পাকিস্তানের ওপেনার। ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ নেন রিশাদ হোসেন।
৪ বলে এক চারে ৪ রান করেন ফারহান।
১ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৪। ক্রিজে ফাখার জামানের সঙ্গী সাইম আইয়ুব।
25 Sep 2025, 08:15 PM
অপরিবর্তিত পাকিস্তান
শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি পাকিস্তান। ফাইনালে ওঠার লড়াইয়ে দুই বিশেষজ্ঞ পেসার শাহিন শাহ আফ্রিদি, হারিস রউসের সঙ্গে পেস বোলিং অলরাউন্ডারকে রেখেছে তারা। লেগ স্পিনার আবরার আহমেদের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফাখার জামান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), হুসাইন তালান, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিফ রউফ, আবরার আহমেদ।
25 Sep 2025, 08:14 PM
বাংলাদেশের একাদেশ তিন বদল
ভারতের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ফেরানো হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মিডল অর্ডার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে।
তাদেরকে জায়গা দিতে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন, বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ব্যর্থতার বৃত্তে বন্দি ওপেনার তানজিদ হাসান।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
25 Sep 2025, 08:08 PM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
চোট কাটিয়ে উঠতে পারেননি লিটন দাস। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে ভারত ম্যাচের পর পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন কিপার-ব্যাটসম্যান জাকের আলি।
গত ম্যাচের মতো এদিনও টস জিতেছেন জাকের। আর ভারত ম্যাচের ন্যায় আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
25 Sep 2025, 07:52 PM
ফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
এশিয়া কাপের ফাইনালে ভারতের সঙ্গী হওয়ার লড়াইয়ে থাকা দুই দল মাঠে নামছে দুবাইয়ে। সেমি-ফাইনালে পরিণত হওয়া লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে সুপার ফোরের দুই ম্যাচে একই লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। তবে ১৬৮ রান তাড়ায় ফল হয়েছে দুই রকম। শ্রীলঙ্কার বিপক্ষে জেতা দলটি হেরেছে ভারতের কাছে।
তাতে ফাইনালে যেতে এবার জিততেই হবে পাকিস্তানের বিপক্ষে।
টুর্নামেন্টে ধারাবাহিক নয় পাকিস্তান। ভারতের বিপক্ষে এরই মধ্যে দুইবার হেরেছে তারা। শ্রীলঙ্কাকে হারিয়ে তারাও বাঁচিয়ে রেখেছে ফাইনালে খেলার আশা। এই দলটির বিপক্ষেই কিছু দিন আগে সিরিজ জেতা বাংলাদেশ মাঠে নামবে সেই আত্মবিশ্বাস সঙ্গে নিয়ে।