২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুলের স্পিনে লিডের আশায় বাংলাদেশ

29 Nov 2023, 09:18 AM

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০

নিউ জিল‍্যান্ড ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৬৬/৮

29 Nov 2023, 09:18 AM

প্রথম দিন শেষে ম‍্যাচ যেখানে দাঁড়িয়ে

টস জিতে ব‍্যাটিং করা বাংলাদেশ দুষতে পারে কেবল নিজেদেরই। প্রথম ৯ ব‍্যাটসম‍্যানের সবাই দুই অঙ্কে যাওয়ার পরও খুব একটা বড় হয়নি সংগ্রহ।

এক সময়ে রান ছিল ৪ উইকেটে ২১০। সেখান থেকে তিনশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কাও ছিল। কিন্তু শেষ জুটিতে তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম দলকে নিয়ে যান তিনশ রানে। রান যতটা সম্ভব বাড়িয়ে নিতে এই দুই জনের দিকেই তাকিয়ে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩১০/৯ (জয় ৮৬, জাকির ১২, শান্ত ৩৭, মুমিনুল ৩৭, মুশফিক ১২, শাহাদাত ২৪, মিরাজ ২০, সোহান ২৯, নাঈম ১২, তাইজুল ৮*, শরিফুল ১৩*; সাউদি ১৪-২-৪৩-০, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)

29 Nov 2023, 09:18 AM

দ্বিতীয় দিনে স্পিনারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

শেষ উইকেট বাঁচিয়ে রেখে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবে বাংলাদেশ। ওপরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনে নিজেদের প্রত্যাশা পূরণের মতো স্কোর করতে পারেনি তারা। তাই এবার স্পিনারদের দিয়ে ম্যাচে লাগাম ধরার চেষ্টা করবে স্বাগতিকরা।

মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানের সৌজন্যে প্রথম দিনে বাংলাদেশ করেছে ৯ উইকেটে ৩১০ রান। বাকি দশ ব্যাটসম্যানের মধ্যে নয়জনই ছুঁয়েছেন দুই অঙ্ক। কিন্তু কেউই চল্লিশের ঘরেও যেতে পারেননি।

প্রথম দিনের সফলতম বোলার নিউ জিল্যান্ডের তৃতীয় স্পিনার গ্লেন ফিলিপস। অফ স্পিনে তার শিকার ৪ উইকেট। এতে অবশ্য তার ভালো বোলিংয়ের চেয়ে ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতার দায় কোনো অংশেই কম নয়।

সিলেটের মাঠের উইকেটও প্রথম দিন করেছে স্বাভাবিক আচরণ। অসম বাউন্স বা অপ্রত্যাশিত টার্ন বলতে গেলে দেখাই যায়নি। হুট করে দুই-একটি বল নিচু হয়েছে স্রেফ। দ্বিতীয় দিনেও খুব বেশি বদলানোর কথা নয় এই উইকেট।

আর ভালো উইকেট নিউ জিল্যান্ডকে অল্পে আটকে রেখে লিড নেওয়ার জন্য মোটামুটি কঠিন পরীক্ষাই দিতে হবে বাংলাদেশের বোলারদের।

29 Nov 2023, 09:39 AM

প্রথম বলেই অলআউট বাংলাদেশ

শেষ উইকেট নিতে একদমই সময় লাগল না নিউ জিল্যান্ডের। টিম সাউদির করা দিনের প্রথম বলেই এলবিডব্লিউ শরিফুল ইসলাম। আগের দিনের ৩১০ রানের সঙ্গে আর কিছুই যোগ করতে পারল না বাংলাদেশ।

স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি ডিফেন্স করার চেষ্টায় ব্যর্থ হন শরিফুল। বল তার প্যাডে আঘাত করার পর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা।

৩ চারে ৯ বলে ১৩ রান করেছেন শরিফুল। তাইজুল ইসলাম অপরাজিত থেকেছেন ৮ রানে।

দশ মিনিটের মধ্যেই নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নামবে নিউ জিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫.১ ওভারে ৩১০ (তাইজুল ৮*, শরিফুল ১৩; সাউদি ১৪.১-২-৪৩-১, জেমিসন ১৭-৫-৫২-২, প্যাটেল ২৪-১-৭৬-২, সোধি ১৪-১-৭১-১, ফিলিপস ১৬-১-৫৩-৪)

29 Nov 2023, 09:56 AM

শুরুতেই বাংলাদেশের ব্যর্থ রিভিউ

মেহেদী হাসান মিরাজের অফ স্ট্যাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারি ডিফেন্ড করার চেষ্টায় ব্যর্থ ডেভন কনওয়ে। বল তার প্যাডে আঘাত করতেই বাংলাদেশের ফিল্ডারদের জোরাল আবেদন। কিন্তু সাড়া দিলেন না আম্পায়ার।

বেশ কিছুক্ষণ আলোচনার পর একদম শেষ মুহূর্তে রিভিউ নিলেন নাজমুল হোসেন শান্ত। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি প্যাডে লাগার সময় সেটি ছিল অফ স্ট্যাম্প লাইনের বাইরে। ফলে বহাল থাকে আম্পায়ারের সিদ্ধান্ত। ব্যর্থ হয় বাংলাদেশের রিভিউ।

২ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ রান। টম ল্যাথাম ১০, কনওয়ে রানের খাতা খোলেননি।

29 Nov 2023, 10:45 AM

প্রথম ঘণ্টায় সাফল্যহীন বাংলাদেশ

দ্বিতীয় ওভারেই জোরাল আবেদন, এরপর বেশ কিছু ডেলিভারি ছুঁয়েছে ব্যাটের কানা, আশপাশ ঘেঁষে গেছে আরও কিছু বল। কিন্তু কিছুতেই কোনো কাজ হয়নি বাংলাদেশের। প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছে নিউ জিল্যান্ড।

দ্বিতীয় দিনের প্রথম পানি বিরতি পর্যন্ত ১২ ওভারে সফরকারীদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান। টম ল্যাথাম ২১, ডেভন কনওয়ে ১১ রানে অপরাজিত। দুই প্রান্ত থেকে টানা ৬ ওভার করে বোলিং করেছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

আগের দিন করা ৯ উইকেটে ৩১০ রান নিয়ে খেলতে নেমে দিনের প্রথম বলেই গুটিয়ে যায় বাংলাদেশ। টিম সাউদির বলে এলবিডব্লিউ হন শরিফুল। স্বাগতিকদের স্কোরবোর্ডে যোগ হয়নি আর কোনো রান।

পরে বোলিং করতে নেমে প্রথম ওভারেই ১০ রান দেন শরিফুল। এরপর অবশ্য আঁটসাঁট বোলিং করে দুই ওপেনারের ধৈর্য্যের পরীক্ষা নেন দুই বোলার। তবে কনওয়ে, ল্যাথামকে টলাতে পারেননি তারা। আস্থার সঙ্গে খেলে দলকে এগিয়ে নিচ্ছেন কিউই ওপেনাররা।

29 Nov 2023, 10:48 AM

আক্রমণে এসেই তাইজুলের ব্রেক থ্রু

Image

বিরতির পরপরই প্রথম সাফল্য পেল বাংলাদেশ। ত্রয়োদশ ওভারে বোলিংয়ে এসেই উদ্বোধনী জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। ড্রেসিং রুমে ফিরলেন টম ল্যাথাম।

তাইজুলের ওভারের দ্বিতীয় বলে প্রথমবার সুইপ করতে গিয়ে ব্যর্থ হন ল্যাথাম। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। দুই বল পর লেগ স্ট্যাম্পের ডেলিভারিতে আবার সুইপ খেলেন ল্যাথাম।

এবার তার ব্যাটের ওপরের দিকে বল চলে যায় শর্ট ফাইন লেগে। সহজ ক্যাচ নেন নাঈম হাসান। ৩ চারে ২১ রান করে ফেরেন ল্যাথাম।

ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ডেভন কনওয়ে অপরাজিত ১১ রানে।

১৩ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান।

29 Nov 2023, 11:01 AM

কনওয়েকে ফেরালেন মিরাজ

Image

'বাঁহাতিটা কষ্ট করে খেলছে, কতক্ষণ আর খেলবে?'- মেহেদী হাসান মিরাজের আগের ওভার শেষ হওয়ার পর বলছিলেন নাজমুল হোসেন শান্ত। বেশিক্ষণ আর খেলতে পারলেন না বাঁহাতি কনওয়ে। মিরাজের পরের ওভারেই ধরলেন ড্রেসিং রুমের পথ।

অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে হালকা ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মকভাবে খেলেন কনওয়ে। বল তার ব্যাটের ভেতরের কানায় ছুঁয়ে প্যাডে লেগে চলে যায় সিলি পয়েন্টে। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন অভিষিক্ত শাহাদাত হোসেন।

৪০ বলে ১২ রান করেছেন কনওয়ে। চার নম্বরে নেমেছেন হেনরি নিকোলস। কেন উইলিয়ামসন খেলছেন ৮ রানে।

১৬ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৪৬ রান।

29 Nov 2023, 11:33 AM

পায়ের চোটে মাঠের বাইরে জাকির

Image

নাঈম হাসানের হাফ ট্র্যাকার ডেলিভারি পেছনের পায়ে গিয়ে সজোরে অফ সাইডে মারলেন হেনরি নিকোলস। লাফিয়ে উঠেও বলের লাইন থেকে সরতে পারলেন না জাকির হাসান। বেশ গতি নিয়েই সেটি আঘাত হানল তার পায়ের পাতার ওপরের দিকে।

ব্যথায় কাতড়াতে কাতড়াতে মাঠেই শুয়ে পড়েন জাকির। দৌড়ে আসেন ফিজিও। মাঠেই চলে প্রাথমিক শুশ্রূষা। কিন্তু ব্যথার তীব্রতা না কমায় আর মাঠে থাকতে পারেননি জাকির। স্ট্রেচারে বসিয়ে তাকে নেওয়া হয় মাঠের বাইরে।

২২ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৬৩ রান। কেন উইলিয়ামসন ২১, হেনরি নিকোলস ৫ রানে খেলছেন।

29 Nov 2023, 11:49 AM

দুই দলের সমতায় প্রথম সেশন

দ্বিতীয় দিনের শুরুটা ভালো না হলেও পরের সময়ে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে নিউ জিল্যান্ডের সঙ্গে তারা ভাগাভাগি করেছে প্রথম সেশন।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৭৮ রান। কেন উইলিয়ামসন ২৬, হেনরি নিকোলস ১১ রানে অপরাজিত রয়েছেন। অবিচ্ছিন্ন জুটিতে তারা যোগ করেছেন ৩৪ রান।

দিনের প্রথম বলেই নিজেদের শেষ উইকেট হারায় বাংলাদেশ, গুটিয়ে যায় আগের দিন করা ৩১০ রানেই।

পরে নিউ জিল্যান্ডের ইনিংসের শুরুটা হয় সতর্ক-সাবধানী। টম ল্যাথাম ও ডেভন কনওয়ে মিলে কাটিয়ে দেন প্রথম ঘণ্টা। পানি বিরতির পরপরই জুটি ভাঙেন তাইজুল। সুইপ করতে গিয়ে ক্যাচ আউট হন ২১ রান করা ল্যাথাম।

৪০ বলে ১২ রান করা কনওয়ে ক্যাচ দেন সিলি পয়েন্টে। এরপর আর তেমন সুযোগ দেননি উইলিয়ামসন ও নিকোলস। বিরতির আগে দিয়ে তাইজুলের বলে ইনিংসের প্রথম ছক্কা মারেন নিকোলস।

29 Nov 2023, 12:28 PM

লাঞ্চের পর শুরু খেলা

২ উইকেটে ৭৮ রান নিয়ে দ্বিতীয় সেশনের ব্যাটিং শুরু করেছে নিউ জিল্যান্ড। তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ৩৪ রান করেছেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। দ্রুতই এই জুটি ভাঙার জন্য মরিয়া থাকবে বাংলাদেশ।

29 Nov 2023, 12:32 PM

উইলিয়ামসন-নিকোলস জুটির পঞ্চাশ

দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামলে উঠেছেন কেন উইলিয়ামসন ও হেনরি নিকোলস। এরই মধ্যে তৃতীয় উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেছেন ৫০ রান।

২৯ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৯৪ রান। উইলিয়ামসন ৩৬ ও নিকোলস ১৭ রানে খেলছেন।

29 Nov 2023, 12:54 PM

আক্রমণে ফিরেই শরিফুলের আঘাত

Image

দ্বিতীয় স্পেলে বল হাতে নিয়েই জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারতে গিয়ে কট বিহাইন্ড হলেন হেনরি নিকোলস। 

৪২ বলে ১৯ রান করেছেন বাঁহাতি ব্যাটসম্যান। তার বিদায়ে ভেঙেছে কেন উইলিয়ামসনের সঙ্গে গড়া ৫৪ রানের তৃতীয় উইকেট জুটি।

পাঁচ নম্বরে নেমেছেন ড্যারেল মিচেল। উইলিয়ামসন খেলছেন ৩৮ রানে।

৩১.১ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৯৮ রান।

29 Nov 2023, 12:54 PM

নিউ জিল্যান্ডের একশ

৩৩তম ওভারে একশ রান পূর্ণ করেছে নিউ জিল্যান্ড। বিপরীতে তারা হারিয়েছে ৩ উইকেট। 

একপ্রান্ত ধরে রেখে খেলছেন কেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে তার সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ড্যারেল মিচেল। 

দিনের প্রথম সেশনে তেমন টার্নের দেখা মেলেনি। তবে দ্বিতীয় সেশনে বেশ বড় বড় টার্নই আদায় করে নিচ্ছেন তাইজুল ইসলাম।

29 Nov 2023, 01:03 PM

উইকেটের সুযোগ হারাল বাংলাদেশ

Image

শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথ ডেলিভারি স্ল্যাশ করতে চাইলেন ড্যারেল মিচেল। কিন্তু ব্যাটে-বলে করতে পারলেন না। ব্যাটের ওপরের কানা ঘেঁষে বল জমা পড়ল উইকেটরক্ষকের গ্লাভসে।

প্রথম স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয় আবেদন করলেন সঙ্গে সঙ্গে। যোগ দিলেন নুরুল হাসান সোহান ও শরিফুলও। কিন্তু তেমন জোরাল ছিল না আবেদন। আম্পায়ারও সাড়া দেননি তাতে। 

পরে টিভি রিপ্লেতে দেখা যায়, মিচেলের ব্যাটের কানা ছুঁয়েছে ওই বল। অর্থাৎ রিভিউ নিলে সাফল্য পেত বাংলাদেশ। সে সময় ৪ রানে ছিলেন মিচেল।

৩৫ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১০৯ রান। কেন উইলিয়ামসন ৩৮, মিচেল ১১ রানে অপরাজিত।

29 Nov 2023, 01:28 PM

উইলিয়ামসনের পঞ্চাশ

বাংলাদেশকে অনেকবার ভোগানো কেন উইলিয়ামসন দাঁড়িয়ে গেছেন আবারও। আস্থার সঙ্গে খেলে স্পর্শ করেছেন পঞ্চাশ, ৭৫ বলে।

টেস্টে এটি তার ৩৪তম ফিফটি, সঙ্গে আছে ২৮টি সেঞ্চুরি।

বাংলাদেশের বিপক্ষে ৭ টেস্টের নয় ইনিংসে এটি তার অষ্টম পঞ্চাশ ছোঁয়া ইনিংস! তিন সেঞ্চুরির পাশে ফিফটি পাঁচটি!

৩৯ ওভারে জিম্বাবুয়ের রান ৩ উইকেটে ২৩৯। ৬০ রানে ব‍্যাট করছেন উইলিয়ামসন। ২৯ রানে ব‍্যাট করছেন ড‍্যারিল মিচেল।

29 Nov 2023, 01:59 PM

মিচেলকে ফেরালেন তাইজুল

আবারও আক্রমণে এসেই নায়ক তাইজুল ইসলাম। ড্যারেল মিচেলকে ফিরিয়ে ভাঙলেন জমে ওঠা জুটি। অফ স্টাম্পের অনেকটা বাইরে হালকা ঝুলিয়ে দেওয়া ডেলিভারি এগিয়ে খেলার চেষ্টা করেন মিচেল। টার্ন করে বেরিয়ে যাওয়া বলে তিনি ব্যাট ছোঁয়াতে পারেননি।

উইকেটের পেছনে বল ধরেই বেলস ফেলে দেন নুরুল হাসান সোহান। বিদায়ঘণ্টা বাজে ৩ চার, ১ ছক্কায় ৪১ রান করে মিচেলের। ছয় নম্বরে নেমেছেন টম ব্লান্ডেল।

৪৮ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৪ রান। কেন উইলিয়ামসন অপরাজিত ৬৩ রানে।

29 Nov 2023, 02:10 PM

উইলিয়ামসনের সহজ ক্যাচ ছাড়লেন তাইজুল

আগের ওভারের নায়ক তাইজুল ইসলাম এবার হলেন ভিলেন। ছেড়ে দিলেন কেন উইলিয়ামসনের সহজ এক ক্যাচ। বেঁচে গেলেন বরাবরই বাংলাদেশকে ভোগানো অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান।

নাঈম হাসানের ফুল লেংথ ডেলিভারি সুইপের চেষ্টা করেন উইলিয়ামসন। ঠিকঠাক খেলতে পারেননি। ক্যাচ উঠে যায় মিড উইকেটে। সহজতম সুযোগটি হাতে জমাতে পারেননি তাইজুল।

সে সময় ৬৩ রানে ছিলেন উইলিয়ামসন।

এই ওভারের প্রথম বলে এলবিডব্লিউর জোরাল আবেদন থেকে বেঁচে যান নিউ জিল্যান্ড অধিনায়ক। বাংলাদেশ রিভিউ নিলে আম্পায়ার্স বলে টিকে যেতেন তিনি। তৃতীয় বলে ফের বাঁচেন একটুর জন্য, অল্পের জন্য ক্যাচ যায়নি লেগ স্লিপ ফিল্ডারের হাতে!

৫০ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৭ রান। উইলিয়ামসন ৬৫, টম ব্লান্ডেল ১ রানে অপরাজিত।

29 Nov 2023, 02:23 PM

দুই উইকেট ও অনেক 'ইশ'র সেশন

প্রথম সেশনের মতো দ্বিতীয়টিতেও নিউ জিল্যান্ডের দুই উইকেট নিয়েছে বাংলাদেশ। উইকেটের সংখ্যা বাড়তে পারত আরও। ক্যাচ ছাড়ার পাশাপাশি বেশ কয়েকবার অল্পের জন্য বেঁচে গেছেন কিউই ব্যাটসম্যানরা।

চা বিরতি পর্যন্ত নিউ জিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৬৮ রান। দ্বিতীয় সেশনের ২৮ ওভারে ২ উইকেটে ৯০ রান করেছে তারা।

৬৩ রানে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া কেন উইলিয়ামসন অপরাজিত রয়েছেন ৬৬ রানে। টম ব্লান্ডেল খেলছেন ১ রানে।

এই সেশনের শুরুর দিকে দ্বিতীয় স্পেলে ফিরেই হেনরি নিকোলসকে আউট করেন শরিফুল ইসলাম। পরে ৪১ রান করা ড্যারেল মিচেলকে ফেরান তাইজুল। মিচেল অবশ্য আরও আগে ফিরতে পারতেন। কিন্তু কট বিহাইন্ডের আবেদনে রিভিউ নেয়নি বাংলাদেশ।

শেষ দিকে দুই প্রান্ত থেকেই দারুণ টার্ন পেয়েছেন নাঈম হাসান ও তাইজুল। বেশ কয়েকবার ব্যাটের কানা ঘেঁষে বল জমা পড়েছে উইকেটরক্ষকের গ্লাভসে। শর্ট লেগ, সিলি পয়েন্ট, লেগ স্লিপ ফিল্ডারদেরও কেটেছে ব্যস্ত সময়।

29 Nov 2023, 02:55 PM

ব্লান্ডেলকে ফেরালেন নাঈম

চা-বিরতির পরপরই সাফল্য পেল বাংলাদেশ। টম ব্লান্ডেলকে ফেরালেন নাঈম হাসান। ৬ রান করে আউট হলেন নিউ জিল্যান্ডের কিপার-ব্যাটসম্যান।

লেগ স্টাম্পের অনেকটা বাইরের ডেলিভারি অন সাইডে খেলতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন ব্লান্ডেল। তার বিদায়ে নেমেছেন গ্লেন ফিলিপস।

আগের দিন অনেকটা এভাবেই ফিলিপসের বলে উইকেটের পেছনে ধরা পড়েছিলেন নুরুল হাসান সোহান!

৫৭ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮০ রান। কেন উইলিয়ামসন খেলছেন ৭০ রানে। এখনও ১৩০ রানে পিছিয়ে কিউইরা।

29 Nov 2023, 03:08 PM

আবার সুযোগ পেলেন উইলিয়ামসন

আরও একবার আলগা শটে ক্যাচ তুললেন কেন উইলিয়ামসন। কিন্তু তালুবন্দী করতে পারলেন না শরিফুল ইসলাম। এবার ৭০ রানে বেঁচে গেলেন নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান।

নাঈম হাসানের খাটো লেংথ ডেলিভারি পুল করেন উইলিয়ামসন। ঠিকভাবে খেলতে পারেননি। হাওয়ায় ভেসে ডিপ স্কয়ার লেগের দিকে যায় বল। কিন্তু নিজের জায়গা থেকে এগিয়ে না আসায় সেটি হাতে নিতে পারেননি শরিফুল।

এর আগে একই বোলারের বলে ৬৩ রানে জীবন পান উইলিয়ামসন। সেবার মিড উইকেটে ক্যাচ ছাড়েন তাইজুল ইসলাম।

৬০ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৮৬ রান। উইলিয়ামসন ৭১, গ্লেন ফিলিপস ৮ রানে খেলছেন।

29 Nov 2023, 03:41 PM

উইলিয়ামসন-ফিলিপস জুটির পঞ্চাশ

চলতি ইনিংসে তৃতীয় পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হলেন কেন উইলিয়ামসন। হেনরি নিকোলস, ড্যারেল মিচেলের পর গ্লেন ফিলিপসের সঙ্গেও তিনি গড়লেন পঞ্চাশ রানের জুটি।

৬৮ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৩০ রান। আর ৮০ রানে পিছিয়ে তারা।

উইলিয়ামসন-ফিলিপসের অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে এসেছে ৫৫ রান। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৬ রানে অপরাজিত উইলিয়ামসন। ফিলিপস খেলছেন ৩২ রানে।

29 Nov 2023, 04:16 PM

বোলিংয়ে এসেই জুটি ভাঙলেন মুমিনুল

দিনে প্রথমবার বল হাতে নিয়েই সাফল্য পেলেন মুমিনুল হক। ড্রেসিং রুমে ফেরত পাঠালেন গ্লেন ফিলিপসকে, ভাঙলেন উইকেটে জমে যাওয়া ষষ্ঠ উইকেট জুটি।

মুমিনুলের অফ স্টাম্পের বাইরে পিচ করে বেরিয়ে যাওয়া ডেলিভারি দূর থেকে ড্রাইভ করার চেষ্টায় ফিলিপসের ব্যাটের বাইরের কানায় লাগে। প্রথম স্লিপে অনেকটা নিচু হয়ে দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত।

৫ চার, ১ ছক্কায় ৪২ রান করেছেন ফিলিপস। আট নম্বরে নেমেছেন কাইল জেমিসন।

৭৫ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৫৩ রান। ৯৯ রানে খেলছেন কেন উইলিয়ামসন।

29 Nov 2023, 04:20 PM

উইলিয়ামসনের টানা চতুর্থ সেঞ্চুরি

বাংলাদেশের বিপক্ষে উড়ন্ত ছন্দ অব্যাহত রইল কেন উইলিয়ামসনের। আরও একবার তিনি পেলেন তিন অঙ্কের দেখা। সব মিলিয়ে এটি তার ২৯তম সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে নয় ইনিংসে চতুর্থ।

এ নিয়ে টানা চার ম্যাচে শতক ছোঁয়া ইনিংস খেললেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক।

১৮৯ বলে ১১ চারে মাইলফলক পূর্ণ করেন উইলিয়ামসন। এখনও খেলতে থাকা ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি শুধু স্টিভেন স্মিথের, ৩২টি। ভিরাট কোহলির সমান, ২৯টি।

৭৭ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৫৯ রান। উইলিয়ামসন ১০৩, কাইল জেমিসন ২ রানে খেলছেন।

29 Nov 2023, 04:35 PM

উইলিয়ামসনের প্রতিরোধ ভাঙলেন তাইজুল

Image

দ্বিতীয় নতুন বল নিতেই আঘাত করলেন তাইজুল ইসলাম। তার ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হলেন কেন উইলিয়ামসন।

সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরিতে ১১ চারে ২০৫ বলে ১০৪ রান করেছেন তিনি।

৮১ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৬২ রান। এখনও ৪৮ রানে পিছিয়ে তারা।

ক্রিজে নতুন ব্যাটসম্যান ইশ সোধি। কাইল জেমিসনের সঙ্গে জুটি বাধবেন তিনি।

29 Nov 2023, 04:44 PM

তাইজুলের চতুর্থ শিকার সোধি

নতুন বল হাতে আরও একটি সাফল্য পেলেন তাইজুল ইসলাম। এবার তিনি ফেরালেন ইশ সোধিকে। ইনিংসে তাইজুলের এটি চতুর্থ উইকেট।

রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন সোধি। ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে নুরুল হাসান সোহানের পায়ে লেগে বল চলে যায় শর্ট লেগে থাকা শাহাদাত হোসেনের সামনে। সামনে ঝুঁকে দারুণ ক্যাচ নেন অভিষিক্ত তরুণ।

৮২.৪ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৬৪ রান। এখনও তারা পিছিয়ে ৪৬ রানে।

ক্রিজে দুই ব্যাটসম্যান টিম সাউদি ও কাইল জেমিসন।

29 Nov 2023, 04:56 PM

উইলিয়ামসনের সেঞ্চুরির পরও লিডের আশা

শেষ সেশনে দারুণ বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল বাংলাদেশ। ২ উইকেট বাকি রেখে এখনও ৪৪ রানে পিছিয়ে নিউ জিল্যান্ড। তৃতীয় দিন সকালে লিড পাওয়ার আশায় খেলতে নামবে স্বাগতিকরা।

দ্বিতীয় দিন শেষে ৮৪ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান।

কিউইদের পক্ষে সর্বোচ্চ ১০৪ রান করেন কেন উইলিয়ামসন। আরও পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্ক ছুলেও ফিফটির দেখা পাননি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তাইজুল ইসলাম।

দিনের প্রথম বলেই শরিফুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দেন টিম সাউদি।

ব্যাট করতে নেমে নির্বিঘ্নেই প্রথম ঘণ্টা কাটিয়ে দেন টম ল্যাথাম, ডেভন কনওয়ে। বল হাতে নিয়ে প্রথম ওভারেই ল্যাথামকে আউট করে এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর একশর আগেই ফেরেন কনওয়ে, হেনরি নিকোলস।

এরপর একাধিক জুটি পঞ্চাশ পেরোলেও কোনোটিই বড় করতে পারেনি কিউইরা। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে ম্যাচে নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে বাংলাদেশ।

৮ উইকেট নেওয়ার দিনেও আক্ষেপ দুইটি ক্যাচ মিস ও একটি কট বিহাইন্ডে রিভিউ না করার। প্রথমে ৬৩ ও পরে ৭০ রানে জীবন পেয়ে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ ও সব মিলিয়ে ২৯তম সেঞ্চুরি করেন উইলিয়ামসন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৮৪ ওভারে ২৬৬/৮ (ল্যাথাম ২১, কনওয়ে ১২, উইলিয়ামসন ১০৪, নিকোলস ১৯, মিচেল ৪১, ব্লান্ডেল ৬, ফিলিপস ৪২, জেমিসন ৭*, সোধি ০, সাউদি ১*; শরিফুল ১১-২-৪৪-১, মিরাজ ১৯-৩-৫৭-১, তাইজুল ৩০-৭-৮৯-৪, নাঈম ২২-৩-৬১-১, মুমিনুল ২-১-২-১)