26 Nov 2024, 03:31 AM
নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় বড় হারের শঙ্কা
টিকে থাকার চেষ্টা একদমই দেখা গেল না। বল কেউ ছাড়তেই চাইলেন না। প্রতিটি বল খেলার মানসিকতা নিয়ে নেমে ব্যাটিংয়ে ব্যর্থতায় বড় হারের পথে বাংলাদেশ।
তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৩৪ রানের লক্ষ্য পেয়েছিল বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ সেশনের ব্যাটিংয়ে সফরকারীরা জয়ের কোনো আশা জাগাতে পারেনি। উল্টো বড় হারের সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে।
আলোকস্বল্পতায় টানা চতুর্থ দিন আগেভাগে খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৩১ ওভারে ৭ উইকেটে ১০৯। জয়ের জন্য শেষ দিন তাদের প্রয়োজন ২২৫ রান, ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট।
১৫ রানে ব্যাট করছেন জাকের আলি। এখনও রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন কিমার রোচ ও জেডেন সিলস।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৫২
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্যে ৩৩৪) ৩১ ওভারে ১০৯/৭ (জয় ৬, জাকির ০, মুমিনুল ১১, শাহাদাত ৪, লিটন ২২, মিরাজ ৪৫, জাকের ১৫*, তাইজুল ৪, হাসান ০*; রোচ ৮-১-২০-৩, সিলস ৯-৩-৩১-৩, শামার জোসেফ ৬-১-২২-১, আলজারি জোসেফ ৫-০-৩৪-০, গ্রেভস ৩-১-১২-০)
26 Nov 2024, 03:18 AM
টিকলেন না তাইজুল
প্রথম ইনিংসে দারুণ দৃঢ়তা দেখানো তাইজুল ইসলাম এবার বেশিক্ষণ টিকতে পারলেন না। জেডেন সিলসের চমৎকার ডেলিভারিতে উপরে গেল মিডল স্টাম্প।
ড্রাইভ করতে চেয়েছিলেন তাইজুল। লাইনে যেতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। বল আঘাত হানে স্টাম্পে।
৯ বলে ৪ রান করেন তাইজুল।
৩০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১০৮। ক্রিজে জাকের আলির সঙ্গী হাসান মাহমুদ।
26 Nov 2024, 02:19 AM
উইকেট বিলিয়ে এলেন লিটন
লড়াইয়ের মানসিকতা, টিকে থাকার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা- কিছুই নেই বাংলাদেশের খেলায়। একের পর এক ব্যাটসম্যান ফিরলছেন উইকেট ছুড়ে দিয়ে। এই তালিকায় সবশেষ সংযোজন লিটন দাস।
শামার জোসেফের শর্ট বলে পুল করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে আলজারি জোসেফের হাতে ধরা পড়েন লিটন।
১৮ বলে দুই চারে ২২ রান করেন লিটন।
চারটি ক্যাচ হাতছাড়া হওয়ার পর শামারের বলে অবশেষে কেউ নিতে পারলেন ক্যাচ।
১৮ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৫৯। ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গী জাকের আলি।
26 Nov 2024, 02:07 AM
জীবন পেলেন মিরাজ-লিটন
শামার জোসেফের এক ওভারে পরপর দুই বলে জীবন পেয়েছিলেন মুমিনুল হক। ক্যারিবিয়ান পেসারের ওভারে এবার বাঁচলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। প্রতিটাপ বলই খেলতে হবে, এই পণ নিয়ে ব্যাটিংয়ে নামা মিরাজের ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে। সুযোগ কাজে লাগাতে পারেননি আলিক আথানেজ।
এক বল পর পয়েন্টে জীবন পান লিটন। ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও ভীষণ কঠিন ক্যাচ নিতে পারেননি জেডেন সিলস।
২ ওভার মিলিয়ে শামারের বোলিংয়ে হাতছাড়া হয় চারটি ক্যাচ।
১৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪৮।
26 Nov 2024, 01:50 AM
বারবার বেঁচে গিয়েও ব্যর্থ মুমিনুল
জেডেন সিলসের এক ওভারে চারবার পরস্ত হয়েছিলেন মুমিনুল হক। প্রতিটা খেলার চেষ্টায় শামার জোসেফের ওভারে টানা দুই বলে পেয়েছিলেন জীবন। সেটা কাজে লাগাতে পারলেন না মুমিনুল। ফিরলেন কিমার রোচের দারুণ ফিরতি ক্যাচে।
শামারের লেগ স্টাম্পের বলে কিপারকে ক্যাচ দেন মুমিনুল। ঝাঁপ দিলেও ক্যাচ নিতে পারেননি জশুয়া দা সিলভা।
পরের বলে গালিতে ক্যাচ হাতছাড়া করেন মিকাইল লুই।
ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ধরে রাখেন মুমিনুল। রোচের পরের ওভারে ক্যাচ দেন তিনি। বেশ কঠিনই ছিল সেটা, বাম দিকে মাটিতে পড়ে যাওয়ার মুহূর্তে হাতে জমান বোলার রোচ নিজেই।
৩৬ বলে এক চারে ১১ রান করেন মুমিনুল।
১৩ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৯।
26 Nov 2024, 01:40 AM
রিভিউ নিয়ে শাহাদাতকে ফেরাল উইন্ডিজ
কট বিহাইন্ডের জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়ার পর রিভিউ নিয়ে সফল হল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনারের পর শাহাদাত হোসেনের দ্রুত বিদায়ে বাড়ল চাপ।
কিমার রোচের বল ভেতরে ঢুকে শাহাদাতের গ্লাভস ছুঁয়ে যায় কিপার জশুয়া দা সিলভার কাছে। সহজ ক্যাচ অনায়াসেই গ্লাভসে নেন তিনি।
একটা শব্দ শোনা গেলেও আবেদনে সাড়া দেননি আম্পায়ার। প্রায় সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ক্রেইগ ব্র্যাথওয়েট। আল্ট্রা এজে ধরা পড়ে গ্লাভস ছুঁয়ে গিয়েছিল বল। বদলায় আম্পায়ারের সিদ্ধান্ত, বিদায় নেন শাহাদাত।
২২ বলে ৪ রান করেন শাহাদাত।
১১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২১। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী লিটন দাস।
26 Nov 2024, 01:07 AM
টিকলেন না জয়
৪ ওভারের মধ্যে দুই ওপেনারকে হারাল বাংলাদেশ। জাকির হাসানের পর দ্রুত ফিরলেন মাহমুদুল হাসান জয়।
নতুন বলে ভুগছে বাংলাদেশের ব্যাটিং। বিশেষ করে অফ স্টাম্পের বাইরের বলে ব্যাটসম্যানদের ভোগান্তি চরমে। জেডেন সিলসের তেমনই এক ডেলিভারিতে স্লিপে ধরা পড়লেন জয়। প্রথম ইনিংসেও অনেকটা একইভাবে খোঁচা মেরে আউট হয়েছিলেন তিনি।
১০ বলে ১ চারে জয় করেন ৬ রান।
৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী শাহাদাত হোসেন।
26 Nov 2024, 01:02 AM
আম্পায়ার্স কলে বাঁচলেন মুমিনুল
টানা দুই ওভারে দুটি উইকেট পেতে পারতেন কিমার রোচ। আম্পায়ার্স কলে মুমিনুল হক বেঁচে যাওয়ায় সেটি হল না।
স্টাম্পে থাকা বলের লাইনে যেতে পারেননি মুমিনুল। প্যাডে লাগতেই জোরাল আবেদন করে স্বাগতিকরা। তাতে সাড়া দেননি আম্পায়ার।
কিছুটা আলোচনার পর রিভিউ নেন ক্রেইগ ব্র্যাথওয়েট। বল লাগত লেগ স্টাম্পের বাইরের দিকে। তাতে বেঁচে যান মুমিনুল, তবে টিকে যায় ক্যারিবিয়ানদের রিভিউ।
তখনও রানের খাতা খুলতে পারেননি মুমিনুল।
৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১।
26 Nov 2024, 12:52 AM
শুরুতেই জাকিরের বিদায়
প্রথম ওভারেই ড্রেসিং রুমের পথ ধরলেন জাকির হাসান। কিমার রোচের অফ স্টাম্পের বাইরে শর্ট ডেলিভারি স্টাম্পে টেনে আনলেন বাঁহাতি ওপেনার।
চার বলে রানের খাতা খুলতে পারেননি তিনি। সবশেষ ৮ ইনিংসে এনিয়ে পাঁচবার দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হলেন জাকির।
মাহমুদুল হাসান জয়কে সঙ্গ দিতে তিন নম্বরে নামলেন মুমিনুল হক।
26 Nov 2024, 12:45 AM
বাংলাদেশের দাপুটে সেশন
চতুর্থ দিন সকালে ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণার চমক জাগানিয়া সিদ্ধান্তের পর দুর্দান্ত বোলিং প্রদর্শনী করল বাংলদেশ। প্রথম সেশনে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয়টিতে বাকি ৭ উইকেট নিয়ে গুটিয়ে দিল ক্যারিবিয়ানদের।
মধ্যাহ্ন বিরতির পর ২১.১ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৮৯ রান। সব মিলিয়ে ৪৬.১ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে গেছে তারা। বাংলাদেশ পেয়েছে ৩৩৪ রানের লক্ষ্য।
ওয়েস্ট ইন্ডিজ অলআউট হওয়ার সময় চা বিরতির বাকি ছিল ১৭ মিনিট। তাই ইনিংস বিরতির সঙ্গেই নির্ধারিত সময়ের আগে চা বিরতি নিয়ে নেন আম্পায়াররা।
অর্থাৎ শেষ সেশনে খেলা হবে অন্তত ২ ঘণ্টা ১৭ মিনিট। চতুর্থ দিনের বাকি আরও ৪১ ওভার। এর সঙ্গে থাকছে পঞ্চম দিনের ৯০ ওভার। সব মিলিয়ে ১৩১ ওভারে বাংলাদেশকে করতে হবে ৩৩৪ রান।
আর সফরকারীদের কাজ কঠিন করে তুলতে বল হাতে তৈরি ওয়েস্ট ইন্ডিজের চার পেসার ও এক পেস অলরাউন্ডার। তাদের চ্যালেঞ্জ সামলেই রেকর্ডগড়া জয়ের গল্প লিখতে হবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলকে।
26 Nov 2024, 12:45 AM
উড়ন্ত মিরাজে তাসকিনের ৬, বাংলাদেশের লক্ষ্য ৩৩৪
তাসকিন আহমেদের স্লোয়ার ডেলিভারি ঠিকঠাক খেলতে পারলেন না কিমার রোচ। বল চলে গেল মিড অফের দিকে। অনেকটা এগিয়ে মেহেদী হাসান মিরাজ ডান দিকে ঝাঁপিয়ে উড়ন্ত অবস্থায় নিলেন অসাধারণ এক ক্যাচ।
বাংলাদেশ অধিনায়কের দুর্দান্ত এই ক্যাচে সমাপ্তি ঘটল ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসের। ৬ উইকেট নিয়ে শেষ করলেন তাসকিন। টেস্টে ৬ উইকেট নেওয়া বাংলাদেশের পঞ্চম পেসার তিনি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১৮১ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য এখন ৩৩৪ রানের। চতুর্থ দিনের খেলা বাকি আরও ৪১ ওভার। এরপর আছে পুরো পঞ্চম দিন।
টেস্টে স্রেফ একবার দুইশর বেশি রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ২০০৯ সালের সেন্ট জর্জেস টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ২১৭ রানের লক্ষ্যে ৪ উইকেটে জিতেছিল তারা।
৩ উইকেটে ৬১ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করে ক্যারিবিয়ানরা। ২১.১ ওভারে ৮৯ রান যোগ করতে তারা হারিয়ে ফেলে বাকি ৭ উইকেট। সর্বোচ্চ ৪২ রান করেন পাঁচ নম্বরে নামা আলিক আথানেজ। আর কেউ ২৫ রানও করতে পারেননি।
৬ উইকেট নিতে ৬৪ রান খরচ করেন তাসকিন। মিরাজ নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৬.১ ওভারে ১৫২ (ব্র্যাথওয়েট ২৩, লুই ৮, কার্টি ৩, হজ ১৫, আথানেজ ৪২, গ্রেভস ২, দা সিলভা ২২, আলজারি জোসেফ ১৭, রোচ ১২, শামার জোসেফ ৪, সিলস ১*; তাসকিন ১৪.১-১-৬৪-৬, হাসান ৬-২-২০-০, শরিফুল ৭-৪-৯-১, মিরাজ ১৪-৩-৩১-২, তাইজুল ৫-১-২৫-১)
26 Nov 2024, 12:21 AM
তাসকিনের ৫ উইকেট
নতুন স্পেলে ফিরে দারুণ ইয়র্কারে শামার জোসেফকে বোল্ড করলেন তাসকিন আহমেদ। একইসঙ্গে তিনি পূর্ণ করলেন ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট।
টেস্ট ক্রিকেটে ৫ উইকেট পাওয়া বাংলাদেশের অষ্টম পেসার তাসকিন, ওয়েস্ট ইন্ডিজের মাঠে দ্বিতীয়।
প্রায় ৭ বছরের ক্যারিয়ারে আগের ১৫ ম্যাচে তিনবার ৪ উইকেট পেয়েছিলেন তাসকিন। ১৬তম ম্যাচে তিনি পেলেন ৫ উইকেটের অনির্বচনীয় স্বাদ।
৪৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯ উইকেটে ১৫২ রান। ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান কিমার রোচ ও জেডেন সিলস।
স্বাগতিকদের লিড এখন ৩৩৩ রানের।
26 Nov 2024, 12:06 AM
ছক্কার চেষ্টায় অক্কা আলজারি জোসেফ
মেহেদী হাসান মিরাজকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক্যাচ দিয়ে ফিরলেন। ওয়েস্ট ইন্ডিজ হারাল অষ্টম উইকেট।
অফ স্টাম্পের একটু বাইরের বল লেগে ঘুরিয়েছিলেন আলজারি। টাইমিং করতে পারেননি। ব্যাটের কানায় লেগে উঁচুতে উঠে যাওয়া ক্যাচ ব্যাকওয়ার্ড স্কয়ারে লেগে বেশ কিছুটা দৌড়ে মুঠোয় নেন জাকের আলি।
দুই চারে ২৫ বলে ১৭ রান করেন আলজারি।
৪২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ১৪৪।
25 Nov 2024, 11:45 PM
দা সিলভাকে ফেরালেন তাইজুল
ওয়েস্ট ইন্ডিজের শেষ স্বীকৃত ব্যাটসম্যানকে আউট করলেন তাইজুল ইসলাম। অফ স্টাম্পের বাইরে পিচ করে বাড়তি টার্ন ও বাউন্স করা ডেলিভারি কাট করার চেষ্টায় পয়েন্টে বদলি ফিল্ডার হাসান মুরাদের হাতে ক্যাচ দিলেন জশুয়া দা সিলভা।
২ চার ও ১ ছক্কায় ১৮ বলে ২২ রান করেন ক্যারিবিয়ান উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ক্রিজে দুই ব্যাটসম্যান এখন আলজারি জোসেফ ও কিমার রোচ।
৩৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ১২৪ রান। তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩০৫ রান।
25 Nov 2024, 11:39 PM
আলজারি জোসেফের ক্যাচ ছাড়লেন মুমিনুল
ক্রিজে গিয়েই আগ্রাসী ব্যাটিং শুরু করেছেন আলজারি জোসেফ। এই প্রক্রিয়ায় দিয়েছেন আউট করার সুযোগও। তবে ক্যাচ নিতে ব্যর্থ হয়েছেন মুমিনুল হক।
মেহেদী হাসান মিরাজের বলে বড় শটের চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন আলজারি। ডিপ মিড উইকেট থেকে অনেকটা দৌড়ে বলের নিচে পৌঁছান মুমিনুল। কিন্তু হাতে রাখতে পারেননি ক্যাচ। ৬ রানে বেঁচে যান আলজারি।
এর আগে মিরাজের বলেই আলিক আথানেজের ক্যাচ ছেড়েছিলেন মুমিনুল।
৩৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১১৬ রান। লিড বেড়ে এখন ২৯৭ রান।
25 Nov 2024, 11:27 PM
তাসকিনের চমৎকার ডেলিভারিতে বোল্ড গ্রেভস
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান জাস্টিন গ্রেভসকে এবার বেশিক্ষণ টিকতে দিলেন না তাসকিন আহমেদ। অফ-মিডল স্টাম্প লাইনে তার শর্ট অব লেংথ ডেলিভারি হালকা সিম মুভমেন্টে আঘাত করে অফ স্টাম্পে।
তাসকিনের চতুর্থ শিকার হয়ে মাত্র ২ রান করে ফেরেন গ্রেভস। একশর আগে ৬ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান জশুয়া দা সিলভা ও আলজারি জোসেফ।
৩৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ১০১ রান। তাদের লিড ২৮২ রানের।
25 Nov 2024, 11:23 PM
আথানেজকে ফেরালেন মিরাজ
শুরু থেকেই বেশ নড়বড়ে ব্যাটিং করছিলেন আলিক আথানেজ। ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া, কানায় লেগে অল্পের জন্য বেঁচে যাওয়া, রিভিউ নিয়ে বেঁচে যাওয়ার পর অবশেষে তাকে থামিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ অধিনায়কের রাউন্ড দা উইকেট থেকে করা ডেলিভারি এঙ্গেলে ভেতরে ঢোকার মুখে কাট খেলার চেষ্টা করেন আথানেজ। কিন্তু জায়গা পাননি তেমন। ব্যাটে লাগার আগেই প্যাড ছুঁয়ে যায় বল।
জোরাল আবেদনে আঙুল তুলে দিতে সময় নেননি নিতিন মেনন। কাভেম হজের সঙ্গে কিছু সময় কথা বলে রিভিউ না নিয়েই ফিরে যান ৭ চারে ৬৩ বলে ৪২ রান করা আথানেজ।
ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান জাস্টিন গ্রেভস ও জশুয়া দা সিলভা।
৩২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান। তাদের লিড এখন ২৭৪ রানের।
25 Nov 2024, 11:21 PM
হজকে ফিরিয়ে জুটি ভাঙলেন তাসকিন
ঝুঁকি নিয়ে রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন আলিক আথানেজ। তাকে ফেরানোর দিকেই বেশি মনোযোগ বাংলাদেশ। সেটা সফল না হলেও কাভেম হজকে ফিরিয়ে ৫০ রানের জুটি ভাঙতে পেরেছে সফরকারীরা।
তাসকিন আহমেদের ওভারের দ্বিতীঢ বলে আথানেজের সিঙ্গেলে জুটির রান পঞ্চাশ স্পর্শ করে, ১১৪ বলে। এক বল পরেই চমৎকার ডেলিভারিতে ভাঙে জুটি।
অফ স্টাম্পের বাইরের বলের বাড়তি বাউন্স চমকে দেয় হজকে। সে কারণেই হয়তো ঠিক ভাবে খেলতে পারেননি, ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে। ভাঙে ১১৬ বল স্থায়ী ৫০ রানের জুটি।
তিন চারে ৫৮ বলে ১৫ রান করেন হজ।
৩১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৮৯।
25 Nov 2024, 11:00 PM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ হারাল দ্বিতীয়ঢ রিভিউ।
মিরাজের অফ স্টাম্প ঘেঁষা ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি কাভেম হজ। জোরাল আবদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক।
টার্ন করা বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। সে সময় ১৪ রানে ছিলেন হজ।
২৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৭২।
25 Nov 2024, 10:56 PM
রিভিউ নিয়ে বাঁচলেন আথানেজ
জোরাল আবেদনে অনেকক্ষণ অপেক্ষা করে আঙুল তুলে দিলেন আম্পায়ার। তবে সঙ্গে সঙ্গেই রিভিউ নিলেন আলিক আথানেজ। সফলও হলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
তাসকিন আহমেদের ডেলিভারি বেরিয়ে যেত স্টাম্পের উপর দিয়ে। তাই টিকে গেলেন আথানেজ। সে সময় ২১ রানে ছিলেন তিনি।
২৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৭০।
25 Nov 2024, 10:13 PM
উইন্ডিজকে চমকে দিয়ে বাংলাদেশের ৩ উইকেট
হুট করে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত জানিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চমকে দেওয়ার পর চতুর্থ দিনের প্রথম সেশনে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। ২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৬১ রান।
প্রথম ইনিংসের ১৮১ রানের লিডসহ স্বাগতিকরা এখন ২৪২ রানে এগিয়ে।
আগের দিন ৯ উইকেটে ২৬৯ রান করার পর সোমবার আর ব্যাটিংয়ে নামেনি বাংলাদেশ। খেলা শুরুর ১০ মিনিট আগে তারা জানায় ইনিংস ঘোষণার সিদ্ধান্ত।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় ওভারে পরপর দুই বলে বেঁচে যান দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও মিকাইল লুই। তাসকিন আহমেদের বলে প্রথমে ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন। পরে লুইয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নেয়নি বাংলাদেশ।
জীবন পেয়েও অবশ্য কিছু করতে পারেননি লুই। তাসকিনের বলেই আউট হন তিনি। পরে কেসি কার্টিকেও ফেরান বাংলাদেশের অভিজ্ঞ পেসার।
উইকেট শিকারে যোগ দেন শরিফুল ইসলামও। তিনি আউট করেন ৯ রানে জীবন পাওয়া অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে।
এরপর অবশ্য আর উইকেট পড়তে দেননি কাভেম হজ ও আলিক আথানেজ। ৮২ বলে ২২ রান যোগ করে অবিচ্ছিন্ন আছেন তারা। এর মাঝে অবশ্য মেহেদী হাসান মিরাজের বলে আথানেজের কঠিন একটি ক্যাচ ছেড়ে দেন মুমিনুল হক।
আথানেজ ৩৮ বলে ১৬ ও হজ ৪৬ বলে ১০ রানে অপরাজিত।
25 Nov 2024, 09:57 PM
আথানেজের ক্যাচ ছাড়লেন মুমিনুল
দ্রুত রান তোলার চেষ্টায় থাকা আলিক আথানেজকে ফেরানোর একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল। শর্ট এক্সট্রা কাভারে কঠিন ক্যাচ ছাড়লেন মুমিনুল হক।
মেহেদী হাসান মিরাজের বলে বেরিয়ে এসে ইনসাইড আউট খেলতে চেয়েছিলেন আথানেজ। ঠিক মতো পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান, ক্যাচ যায় মুমিনুলের হাতে। গতির জন্যই হয়তো মুঠোয় রাখতে পারেননি ফিল্ডার।
সে সময় ১৪ রানে ছিলেন আথানেজ।
২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৫৭।
25 Nov 2024, 09:34 PM
বাংলাদেশের ব্যর্থ রিভিউ
আঁটসাঁট বোলিংয়ে রান আসছেই না। প্রায় পাঁচ ওভারের মধ্যে এসেছে কেবল একটি সিঙ্গেল। সে কারণেই হয়তো তেড়েফুড়ে মারতে গেলেন কাভেম হজ। ঠিক মতো পারলেন না, বল গেল কিপারের গ্লাভসে।
আম্পায়ার কট বিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া না দিলে বাংলাদেশ নিল রিভিউ। সেটি অবশ্য নষ্ট হলো বলে ব্যাটের কোনো স্পর্শ না থাকায়।
সে সময় ৪ রানে ছিলেন হজ।
১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৪০।
25 Nov 2024, 09:20 PM
মাত্র ১০ মিনিট সময় দেয় বাংলাদেশ
ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রি একটু পরিষ্কার করলেন, বাংলাদেশের চমক জাগানো ইনিংস ঘোষণার প্রেক্ষাপট। তিনি বললেন, তৃতীয় দিন রাতে কিংবা পরের দিন সকালে সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ। তাদের প্রস্তুতি দেখে অনুমান করা যায়নি কি ঘটতে চাচ্ছে। দিনের খেলা শুরুর কেবল ১০ মিনিট আগে ইনিংস ঘোষণার কথা জানিয়ে দেয় সফরকারীরা!
25 Nov 2024, 09:07 PM
শরিফুলের শিকার ব্রাথওয়েট
তাসকিন আহমেদের পর এবার উইকেট শিকারে যোগ দিলেন শরিফুল ইসলাম। পানি বিরতির আগের ওভারে তিনি ফেরালেন ক্যারিবিয়ান অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটকে।
রাউন্ড দা উইকেট থেকে শরিফুলের এঙ্গেলে ভেতরে ঢোকা ডেলিভারি ব্রাথওয়েটের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় স্লিপে। কিছুটা নিচু হয়ে দারুণ ক্যাচ নেন মাহমুদুল হাসান জয়।
১ চারে ৩৫ বলে ২৩ রান করেন ব্রাথওয়েট। ক্রিজে নতুন ব্যাটসম্যান আলিক আথানেজ। ২ বলে ৪ রানে খেলছেন কাভেম হজ।
১২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৯ রান। তাদের লিড এখন ২২০।
25 Nov 2024, 09:03 PM
কার্টিকে টিকতে দিলেন না তাসকিন
দারুণ বোলিং করা তাসকিন আহমেদ পেলেন আরেকটি উইকেট। ফের ব্যর্থ হলেন কেসি কার্টি।
অফ স্টাম্পের একটু বাইরের বলে পাঞ্চ করেন কার্টি। কিন্তু জায়গায় দাঁড়িয়ে খেলায় মাঝব্যাটে নিতে পারেননি, কানায় লেগে ক্যাচ যায় তৃতীয় স্লিপে। সেখানে ভুল করেননি মাহমুদুল হাসান জয়।
১১ বলে তিন রান করেন কার্টি।
পরের বলে প্রায় একইভাবে আউট হতে পারতেন কাভেম হজ। ব্যাটের কানায় লেগে তৃতীয় স্লিপ ও গালির মাঝদিয়ে বাউন্ডারি পেয়ে যান তিনি।
১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৩৯।
25 Nov 2024, 08:36 PM
লুইকে ফেরালেন তাসকিন
দারুণ বোলিং করা তাসকিন আহমেদই ভাঙলেন শুরুর জুটি। কটবিহাইন্ড হয়ে ফিরে গেলেন মিকাইল লুই।
পা বাড়িয়ে ড্রাইভ করতে চেয়েছিলেন লুই। ঠিক মতো বলের লাইনে যেতে পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
মৃদু ওই স্পর্শ বুঝতে পারেননি ব্যাটসম্যান। ক্রেইগ ব্র্যাথওয়েটের সঙ্গে কথা বলে তিনি নেন রিভিউ। তাতে কাজ হয়নি।
এক চারে ১৮ বলে ৮ রান করেন প্রথম ইনিংসে নব্বইয়ের ঘরে ফেরা লুই।
৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১ উইকেটে ২৫। ক্রিজে অধিনায়কের সঙ্গী কেসি কার্টি।
25 Nov 2024, 08:27 PM
আরেকটি সুযোগ হাতছাড়া
পরপর দুই বলে দুটি সুযোগ হাতছাড়া হয়ে গেল! শাহাদাত হোসেনের হাতে ক্রেইগ ব্র্যাথওয়েট জীবন পাওয়ার পর বাংলাদেশ রিভিউ না নেওয়ায় এলবিডব্লিউর হাত থেকে বেঁচে গেলেন মিকাইল লুই।
তাসকিন দারুণ ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি লুই। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া দেননি। তবে রিভিউ নেয়নি বাংলাদেশ। পরে রিপ্লেতে দেখা যায় বলে ব্যাটের স্পর্শ ছিল না। আর বল ট্র্যাকিংয়ে স্পষ্ট হয়, বল লাগত লেগ স্টাম্পে!
১ রানে ফিরতে পারতেন লুই।
৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ১১।
25 Nov 2024, 08:20 PM
ক্যাচ ছাড়লেন শাহাদাত
ক্রেইগ ব্র্যাথওয়েটকে দ্রুত ফেরানোর একটা সুযোগ হাতছাড়া করলেন শাহাদাত হোসেন। স্লিপে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সহজ ক্যাচ ছাড়লেন তিনি।
তাসকিন আহমেদের প্রথম ওভারে ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে বাউন্ডারি পেয়েছিলেন ব্র্যাথওয়েট। তৃতীয় ওভারে যায় সহজ ক্যাচ। কিন্তু দুই হাতে নিলেও মুঠোয় রাখতে পারেননি শাহাদাত।
সে সময় ৯ রানে ছিলেন ব্র্যাথওয়েট।
25 Nov 2024, 08:06 PM
ব্যাটিংয়ে নামল না বাংলাদেশ
নতুন দিনের শুরুতে ব্যাটিংয়ে নামল না বাংলাদেশ। আগের দিনের ৯ উইকেটে ২৬৯ রানেই ইনিংস ঘোষণা করে দিল তারা।
তাই প্রথম ইনিংসে ১৮১ রানের লিড পেয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের শুরুতে স্বাগতিকরাই নামবে ব্যাটিং করতে।
প্রথম ইনিংসে এর চেয়ে কম রানে আর একবার ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০০৮ সালের মিরপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৬৯ রানে নবম উইকেট পড়ার পর আর ব্যাটিং করেনি বাংলাদেশ।
25 Nov 2024, 07:21 PM
ব্যবধান কমানোর লক্ষ্যে বাংলাদেশ
চতুর্থ দিন সকালে ১ বলেই হয়তো শেষ হয়ে যেতে পারে বাংলাদেশের ইনিংস। শরিফুল ইসলামকে নিয়ে ব্যবধান কিছুটা কমাতেও পারেন তাসকিন আহমেদ। অন্তত বাংলাদেশের চাওয়া হবে সেটাই- ব্যবধান কমানো সঙ্গে যতটা সম্ভব সময় কাটানো।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ৯ উইকেটে ২৬৯। ফলোঅন এড়াতে পারা দলটি এখনও পিছিয়ে ১৮১ রানে।
ম্যাচের বাকি আরও ছয় সেশন। এই সময়ে ফল বের করে নিতে ক্যারিবিয়ানদের একটা ভালো পুঁজি দরকার হবে। সঙ্গে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ১০ উইকেট নেওয়ার জন্য বোলারদের দিতে যথেষ্ট সময়।
বাংলাদেশের যে ব্যাটিং অবশিষ্ট তাতে ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বেশি দূরের ব্যাপার নয়। তাদের দ্রুত রান করতে না দেওয়ার চ্যালেঞ্জ থাকবে সফরকারী বোলারদের সামনে।
সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে):
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৪০/২) ৯৮ ওভারে ২৬৯/৯ (মুমিনুল ৫০, শাহাদাত ১৮, লিটন ৪০, মিরাজ ২৩, জাকের ৫৩, তাইজুল ২৫, হাসান ৮, তাসকিন ১১*, শরিফুল ৫*; রোচ ১৫-৪-৩০-১, সিলস ১৭-৭-৪২-২, আলজারি জোসেফ ২৫-৭-৬৯-৩, শামার জোসেফ ১৭-৩-৫৫-১, হজ ৮-০-২১-০, আথানেজ ৫-০-৯-০, গ্রেভস ১১-০-৩৪-২)