- লাইভ ব্লগের সমাপ্তি
- বিরতির পর তিন বলেই শেষ বাংলাদেশ
- ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
- তাইজুলকে ফিরিয়ে স্টার্কের ১০
- দ্রুত ফিরলেন হাসান
- টিকলেন না মিরাজ
- অস্ট্রেলিয়ায় লিটনের তৃতীয় শূন্য
- শান্তর বাজে শটে ভাঙল জুটি
- রিভিউ হারাল অস্ট্রেলিয়া
- ফাঁদে পা দিলেন তানজিদ
- আবার ব্যর্থ সাদমান-মুমিনুল
- অস্ট্রেলিয়ার ১৪৬ রানের লিড
- গ্রিনের প্রতিরোধ ভাঙলেন শরিফুল
- অস্ট্রলিয়ার বড় লিড ঠেকানোর লক্ষ্য বাংলাদেশের
- লাইভ ব্লগে স্বাগত
23 Aug 2026, 11:23 AM
লাইভ ব্লগের সমাপ্তি
ম্যাকাইয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
23 Aug 2026, 11:13 AM
বিরতির পর তিন বলেই শেষ বাংলাদেশ
চা-বিরতির পর তিন বলের মধ্যে বাংলাদেশের ইনিংসের ইতি টানলেন ন্যাথান লায়ন। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দুই ইনিংসে তিন অঙ্ক স্পর্শ করতে ব্যর্থ হলো বাংলাদেশ। ম্যাকাই টেস্ট হারল ইনিংস ও ৫১ রানে।
৩৮.৩ ওভারে ৯৫ রানে অলআউট হলো সফরকারীরা। প্রথম ইনিংসে তারা করেছিল ৬৪ রান।
নিজেদের একমাত্র ইনিংসে অস্ট্রেলিয়া করে ২১০ রান। এর চেয়ে কম রান নিয়ে ইনিংস ব্যবধানে জয় আছে কেবল তিনটি।
তৃতীয় সেশনের প্রথম বলে স্লিপে ধরা পড়েন তাসকিন আহমেদ। ১১ বলে এক ছয় ৮ রান করেন তিনি।
এক বল পর তেড়েফুড়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েন শরিফুল ইসলাম। ২ বলে তিনি ফেরেন শূন্য রানে।
৮০ বলে তিন চারে ২৯ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।
পাঁচ সেশনের একটু বেশি সময়ে শেষ হলো ম্যাকাইয়ের অভিষেক টেস্ট। অস্ট্রেলিয়ায় এর চেয়ে কম সময় স্থায়ী হয়েছে কেবল একটি টেস্ট। ক্রিকেট ইতিহাসে এর চেয়ে কম সময় স্থায়ী কেবল তিনটি টেস্ট।
সিরিজ শেষ হলো ১-১ সমতায়। দুই দলের সবশেষ সিরিজও ১-১ ড্র হয়েছিল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৮.৩ ওভারে ৯৫ (তানজিদ ৯, সাদমান ১, মুমিনুল ০, শান্ত ৩১, মুশফিক ২৯*, লিটন ০, মিরাজ ১, হাসান ২, তাইজুল ৭, তাসকিন ৮, শরিফুল ০; স্টার্ক ১০-৩-৩৯-৪, হেইজেলউড ৭-১-১৬-০, কামিন্স ১০-৪-১০-৩, লায়ন ১১.৩-৪-২৫-৩)
23 Aug 2026, 10:47 AM
ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা নিয়ে চা-বিরতিতে বাংলাদেশ
ব্যাটসম্যানদের একের পর এক বাজে শটে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা বাংলাদেশের সামনে। তৃতীয় সেশনে সফরকারীদের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।
চা-বিরতিতে যাওয়ার সময় ৩৮ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৯৫। ৮০ বলে তিন চারে ২৯ রানে খেলছেন মুশফিকুর রহিম। ১০ বলে এক ছয় ৮ রানে ব্যাট করছেন তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়াকে আবার ব্যাটিংয়ে নামাতে এখনও ৫১ রান চাই সফরকারীদের।
23 Aug 2026, 10:37 AM
তাইজুলকে ফিরিয়ে স্টার্কের ১০
আক্রমণে ফিরেই উইকেট পেলেন মিচেল স্টার্ক। ইনিংস ব্যবধানে জয়ের পথে আরেকটু এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ভেতরে ঢোকা ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন তাইজুল। বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। এলোমেলো হয়ে যায় স্টাম্প। ম্যাচে তিনি স্টার্কের দশম শিকার।
টেস্টে এ নিয়ে চতুর্থবার ১০ উইকেট পেলেন স্টার্ক।
২৪ বলে ৭ রান করেন তাইজুল। তার সঙ্গে ৩৪ বলের জুটিতে বাকি ১০ বল খেলেন মুশফিকুর রহিম।
৩৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৮৪। ক্রিজে মুশফিকের সঙ্গী তাসকিন আহমেদ।
23 Aug 2026, 10:12 AM
দ্রুত ফিরলেন হাসান
প্যাট কামিন্সের বাউন্সার সামলাতে তালগোল পাকালেন হাসান মাহমুদ। বাংলাদেশ হারাল সপ্তম উইকেট।
শরীর তাক করে করা শর্ট বলে পুল করতে চেয়েছিলেন হাসান। গ্লাভসে লেগে, ব্যাট ছুঁয়ে সহজ ক্যাচ যায় শর্ট লেগে, ট্রাভিস হেডের হাতে।
১১ বলে ২ রান করেন হাসান।
৩০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৭১। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী তাইজুল ইসলাম।
23 Aug 2026, 10:02 AM
টিকলেন না মিরাজ
কোনো প্রয়োজনই ছিল না অফ স্টাম্পের এতো বাইরের বল খেলার। তবুও ব্যাট চালিয়ে দিলেন মেহেদী হাসান। তার বিদায়ে বাংলাদেশের বিপদ বাড়ল আরও।
প্যাট কামিন্সের শর্ট বল অনায়াসে ছেড়ে দিতে পারতেন মিরাজ। তবুও রানের আশায় শট খেলে বিপদ ডেকে আনেন তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে অ্যালেক্স কেয়ারির গ্লাভসে।
১১ বলে ১ রান করেন মিরাজ।
২৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৬৯ রান। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী হাসান মাহমুদ।
অস্ট্রেলিয়াকে আবার ব্যাটিংয়ে পাঠাতে আরও ৭৭ রাান প্রয়োজন সফরকারীদের।
23 Aug 2026, 10:02 AM
অস্ট্রেলিয়ায় লিটনের তৃতীয় শূন্য
সফরে কোনো রানই করতে পারলেন না লিটন দাস। তৃতীয়বার তিনি ফিরলেন শূন্য রানে!
আউটের ধরনও প্রায় এক। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা। এবারও আউট হলেন সেভাবেই। মিচেল স্টার্কের অফ স্টাম্পের বাইরের বলে তিনি যেন ক্যাচ অনুশীলন করালেন বাউ ওয়েবস্টারকে।
এবার ১০ বল টিকলেন লিটন। তাকে ফিরিয়ে ইনিংসে নিজের তৃতীয় ও ম্যাচে নবম উইকেট নিলেন স্টার্ক। ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা আরেকটু বাড়ল বাংলাদেশের।
২৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৬৩। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। বিশেষজ্ঞ ব্যাটসম্যানের শেষ জুটি এটাই।
23 Aug 2026, 09:28 AM
শান্তর বাজে শটে ভাঙল জুটি
উইকেটে খুব বেশি চ্যালেঞ্জ নেই, চাইলে দীর্ঘ সময় ব্যাটিং করা কঠিন কিছু নয়। তবে অস্ট্রেলিয়ার বোলারদের আঁটসাঁট বোলিংয়ে রান করার পথ সহজ নয়। সে কারণেই হয়তো বড় শট খেলতে গেলেন নাজমুল হোসেন শান্ত। নিজের উইকেট বিলিয়ে দিয়ে দলের বিপদ বাড়িয়ে ফিরলেন অধিনায়ক।
অফ স্টাম্পের বাইরের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন শান্ত। মাঝ ব্যাটে খেলতে পারেননি তিনি। বল যায় লং অফে। জায়গা থেকে খুব একটা সরতে হয়নি মিচেল স্টার্কের। ভাঙে ৮০ বল স্থায়ী ২৭ রানের জুটি।
৪৬ বলে ছয় চারে ৩১ রান করেন শান্ত।
২১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫১। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী লিটন দাস। সিরিজে এখনও কোনো রান করতে পারেননি এই কিপার-ব্যাটসম্যান।
শান্তর বিদায়ে ইনিংস ব্যবধানে পরাজয়ের শঙ্কা আরও বাড়ল বাংলাদেশের। এখান থেকে দলকে উদ্ধারের দায়িত্ব দুই মিডল অর্ডার ব্যাটসম্যানের কাঁধে।
23 Aug 2026, 08:06 AM
রিভিউ হারাল অস্ট্রেলিয়া
প্রথম ইনিংসে বোলিং না পাওয়া ন্যাথান লায়ন একাদশ ওভারে এলেন আক্রমণে। তার বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হলেন প্যাট কামিন্স।
মূলত কিপার অ্যালেক্স কেয়ারির আত্মবিশ্বাস দেখেই রিভিউ নেন অস্ট্রেলিয়া অধিনায়ক। বল গ্লাভসে নেওয়ার পর আবেদনের চেয়ে উদযাপন বেশি করেন কেয়ারি।
তবে বলে ব্যাটের কোনো স্পর্শ ছিল না। পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টায় বলের লাইন মিস করেন নাজমুল হোসেন শান্ত। তাই প্রথম রিভিউ হারায় অস্ট্রেলিয়া।
এই ওভার দিয়ে শেষ হয় প্রথম সেশনের খেলা।
১১ ওভারে ৩ উইকেটে ৩৯ রান করেছে বাংলাদেশ। ২৪ বলে পাঁচ চারে ২৩ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ মুশফিকুর রহিম ৬ বলে খেলছেন ৪ রানে।
অস্ট্রেলিয়াকে আবার ব্যাটিংয়ে নামাতে এখনও ১০৭ রান চাই সফরকারীদের।
প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক এবার পেয়েছেন দুটি। অন্য উইকেটটি নিয়েছেন প্যাট কামিন্স।
23 Aug 2026, 07:52 AM
ফাঁদে পা দিলেন তানজিদ
বোলিংয়ে পরিবর্তন কাজে লাগল। জশ হেইজেলউডের জায়গায় আক্রমণে এসে তানজিদ হাসানের উইকেট নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।
শর্ট বলের ফাঁদে দিলেন তানজিদ। একটু দ্বিধা নিয়ে পুল করে ধরা পড়লেন লং লেগে, মিচেল স্টার্কের হাতে। জায়গা থেকে খুব একটা নড়তে হয়নি ফিল্ডারের।
৩৪ বলে এক চারে ৯ রান করেন তানজিদ।
৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৪। ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুশফিকুর রহিম।
23 Aug 2026, 07:29 AM
আবার ব্যর্থ সাদমান-মুমিনুল
দ্বিতীয় ইনিংসেও দ্রুত ফিরলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। পরপর দুই বলে দুই বাঁহাতি ব্যাটসম্যানকে বিদায় করলেন মিচেল স্টার্ক।
বাঁহাতি পেসারের বল লেগে খেলার চেষ্টায় আগেভাগেই ব্যাটের মুখ ক্লোজ করে ফেলেন সাদমান। ব্যাটের কানায় লেগে বল যায় পয়েন্টে। সেখানে কোনো ভুল করেননি মার্নাস লাবুশেন।
সিরিজে তৃতীয়বার ব্যাটের কানায় লেগে এভাবে আউট হলেন সাদমান। ৩ বল ১ রান করেন তিনি।
পরের বল খেলবেন না কি খেলবেন না দ্বিধায় ছেড়ে দেন মুমিনুল। ভেতরে ঢোকা ডেলিভারি আঘাত হানে অফ স্টাম্পের চূড়ায়!
গোল্ডের ডাকের তেতো স্বাদ পান মুমিনুল।
৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
23 Aug 2026, 07:01 AM
অস্ট্রেলিয়ার ১৪৬ রানের লিড
দ্বিতীয় দিন প্রায় এক ঘণ্টার মতো ব্যাটিং করল অস্ট্রেলিয়া। এই সময়ে তারা যোগ করল ৪৫ রান।
জশ হেইজেলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ইতি টানলেন তাইজুল ইসলাম। বড় শটের আশায় মিডউইকেটে সাদমান ইসলামের হাতে ধরা পড়লেন হেইজেলউড। ভাঙল ৩২ বল স্থায়ী ২৪ রানের জুটি। এর মধ্যে ১৭ রান আসে তাসকিন আহমেদের এক ওভার থেকেই!
৬২ বলে এক ছয় ও চার চারে ৩২ রানে অপরাজিত থাকেন লায়ন।
৫২.৩ ওভারে ২১০ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে বাংলাদেশকে ৬৪ রানে অলআউট করা দলটি নেয় ১৪৬ রানের লিড।
৪৮ রানে ৭ উইকেট নিয়ে এই ইনিংসে সফরকারীদের সফলতম বোলার বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। টেস্টে দেশের বাইরে কোনো ইনিংসে বাংলাদেশের কারো সেরা বোলিং এটাই। তিনি পেছনে ফেলেছেন হারারেতে ১৩৮ রানে ৭ উইকেট নেওয়া তাইজুলকে।
১৯৯৩ সালের পর সফরকারী কোনো বোলারের এটাই অস্ট্রেলিয়ায় সেরা বোলিং।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন) ৫২.৩ ওভারে ২১০ (গ্রিন ৬৭, লায়ন ৩২*, হেইজেলউড ৬; তাসকিন ১২-১-৫৮-১, হাসান ১৪-৩-৬৭-০, শরিফুল ১৫-৩-৪৮-৭, তাইজুল ৯.৩-১-১৭-১, মিরাজ ২-১-৪-১)
23 Aug 2026, 06:42 AM
গ্রিনের প্রতিরোধ ভাঙলেন শরিফুল
সাবলীল ব্যাটিং করা ক্যামেরন গ্রিনকে ফিরিয়ে জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে কোনো ইনিংসে তিনি নিলেন সাত উইকেট।
বাঁহাতি পেসারের ইনসুইঙ্গিং ইয়র্কার ব্যাটে খেলতে পারেননি গ্রিন। পায়ের অগ্রভাগে লেগে যায় থার্ড ম্যানে। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত।
এতে পাল্টায় সিদ্ধান্ত। বল আঘাত হানত মিডল স্টাম্পে। ভাঙে ৮৬ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
১০৫ বলে ১০ চারে ৬৭ রান করেন গ্রিন।
৪৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ১৯০। ক্রিজে স্বাগতিকদের শেষ জুটি।
23 Aug 2026, 05:59 AM
অস্ট্রলিয়ার বড় লিড ঠেকানোর লক্ষ্য বাংলাদেশের
প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশকে ম্যাকাই টেস্ট থেকে ছিটকে যেতে দেননি শরিফুল ইসলাম। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ছয় উইকেট নিয়ে সফরকারীদের লড়াইয়ে রেখেছেন তিনি। কাজ অবশ্য শেষ হয়নি এখনও। শেষ দুই উইকেটে লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার।
৪০ ওভারে ৮ উইকেটে ১৬৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে অস্ট্রেলিয়া। ৮১ বলে আট চারে ৫১ রানে ব্যাট করছেন ক্যামেরন গ্রিন। ২৮ বলে দুই চারে ১০ রানে খেলছেন ন্যাথান লায়ন।
১৮ উইকেট পতনের দিনে স্বাগতিকরা নেয় ১০১ রানের লিড। এখনও গ্রিন ক্রিজে থাকায় লিড বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে অস্ট্রেলিয়ার।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৬৪
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৪০ ওভারে ১৬৫/৮ (হেড ২২, রেনশ ৮, লাবুশেন ৪, স্মিথ ৪২, গ্রিন ৫১*, কেয়ারি ৫, ওয়েবস্টার ০, কামিন্স ০, স্টার্ক ১, লায়ন ১০*; তাসকিন ১১-১-৪১-১, হাসান ১২-৩-৫৬-০, শরিফুল ১১-২-৩৫-৬, তাইজুল ৫-০-১৩-০, মিরাজ ১-০-৪-১)
23 Aug 2026, 02:53 AM
লাইভ ব্লগে স্বাগত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাকাই টেস্টের দ্বিতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।