২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে লড়াই-ই করতে দিল না লিটন দাসের দল।

20 Jul 2025, 09:30 PM

৭ উইকেটের জয়

প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই পেল না পাকিস্তান। সফরকারীদের উড়িয়ে দিয়ে ‘নয় বছরের’ খরা কাটাল বাংলাদেশ। একপেশে ম‍্যাচে ৭ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেল লিটন দাসের দল।

পাকিস্তানের ১১০ রান ২৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে বাংলাদেশ।

৩৯ বলে পাঁচ ছক্কা ও তিন চারে ৫৬ রানে অপরাজিত থাকেন পারভেজ হোসেন। তার সঙ্গে কেবল ১৮ বলে ৩২ রানের জুটিতে দলকে জয়ের বন্দরে নিয়ে যান জাকের আলি। তিন চারে ১০ বলে তিনি করেন ১৫ রান।

এর আগে ৪ ওভারে কেবল ৬ রানে ২ উইকেট নিয়ে পাকিস্তানকে কম রানে আটকে রাখতে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ ৩ উইকেট নেন ২২ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০ (ফাখার ৪৪, সাইম ৬, হারিস ৪, সালমান আগা ৩, হাসান নাওয়াজ ০, মোহাম্মদ নাওয়াজ ৩, খুশদিল ১৭, আফ্রিদি ২২, আশরাফ ৫, সালমা মির্জা ০, আবরার ০*; মেহেদি ৪-০-৩৭-১, তাসকিন ৩.৩-০-২২-৩, তানজিম ৪-০-২০-১, মুস্তাফিজ ৪-০-৬-২, শামীম ১-০-২-০, রিশাদ ৩-০-১৯-০)

বাংলাদেশ: ১৫.৩ ওভারে ১১২/৩ (তানজিদ ১, পারভেজ ৫৬*, লিটন ১, হৃদয় ৩৬, জাকের ১৫*; সালমান ৩.৩-০-২৩-২, সাইম ২-০-১৬-২, ফাহিম ৩-০-২৯-০, আবরার ৪-০-২০-১, আব্বাস ২-০-১৬-১, নাওয়াজ ১-০-৮-০)

20 Jul 2025, 09:24 PM

জীবন পেলেন পারভেজ

আগের ওভারে পারভেজ হোসেন বেঁচে গেলেন রিভিউ নিয়ে, আবরার আহমেদের বল যেত স্টাম্পের উপর দিয়ে। পরের ওভারে সালমান মির্জার বলে মোহাম্মদ হারিসকে ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন স্বাগতিক ওপেনার। সহজ ক‍্যাচ নিতে পারেননি পাকিস্তান উইকেটরক্ষক।

১৫.১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৬।

20 Jul 2025, 09:19 PM

৩৪ বলে পারভেজের পঞ্চাশ

এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়া পারভেজ হোসেন পেলেন পঞ্চাশের দেখা, ৩৪ বলে।

ফাহিম আশরাফকে চার মারার পর ছক্কায় ওড়িয়ে পঞ্চাশে যান তরুণ বাঁহাতি ওপেনার। পরের বলে মারেন আরেকটি চার।

১৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৪। ৩৫ বলে ৫৪ রানে ব‍্যাট করছেন পারভেজ। ৫ বলে ১০ রানে খেলছেন জাকের।

20 Jul 2025, 09:09 PM

হৃদয়ের বিদায়ে ভাঙল জুটি

আব্বাস আফ্রিদির প্রথম বলে রিভিউ নিয়ে ব‍্যর্থ হল পাকিস্তান। পেসারের বলে ব‍্যাটই ছোঁয়াতে পারেননি তাওহিদ হৃদয়। তাতে রিভিউ হারায় সফরকারীরা।

পরের বল আচমকা নিচু হওয়ায় পেটে আঘাত পান এই তরুণ ব‍্যাটসম‍্যান।

তৃতীয় বলটি ছিল স্টাম্পে। লাইনেই যেতে পারেননি হৃদয়, ব‍্যাট চালিয়ে দিয়ে হয়ে যান বোল্ড। ভাঙে ৬২ বল স্থায়ী ৭৩ রানের জুটি।

৩৭ বলে দুটি করে ছক্কা ও চারে ৩৬ রান করেন হৃদয়।

পাঁচে নেমে বাউন্ডারিতে যাত্রা শুরু করেন জাকের আলি।  

১৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৫। ৪০ রানে খেলছেন ওপেনার পারভেজ হোসেন। ৫ রানে ব‍্যাট করছেন জাকের।

20 Jul 2025, 08:47 PM

পারভেজ-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

তানজিদ হাসান ও লিটন দাসের দ্রুত বিদায়ের পর বাংলাদেশকে টানছেন পারভেজ হোসেন ও তাওহিদ হৃদয়। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে কেবল ৩৬ বলে।

শুরুতে দুটি করে ছক্কা মেরে চাপ সরিয়ে নেন দুই ব‍্যাটসম‍্যান। পরে মনযোগ নেন এক-দুই নিয়ে খেলায়।

আবরার আহমেদের বলে হৃদয়ের বাউন্ডারিতে জুটির রান পঞ্চাশে যায়। সেই ওভারেই ফিরে যেতে পারতেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। কিন্তু লেগ স্পিনারের বলে ক‍্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক মোহাম্মদ হারিস।

৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫৯।

20 Jul 2025, 08:26 PM

১ বলে দুইবার বাঁচলেন হৃদয়

আক্রমণে আসা ফাহিম আশরাফকে ছক্কায় স্বাগত জানাতে চাইলেন তাওহিদ হৃদয়। সেটা করতে গিয়ে আরেকটু হলে আউট হতে বসেছিলেন তিনি।

অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি তিনি, ক‍্যাচ যায় ডিপ থার্ড ম‍্যানে। অনেকটা দৌড়ে এসে বলের নাগাল পেলেও মুঠোয় নিতে পারেননি আবরার আহমেদ।

ক‍্যাচের জন‍্য উইকেটরক্ষকও বলের পেছনে ছুটে যাওয়ায় স্টাম্পে ছিলেন না কেউ। আবরারের থ্রো যায়নি স্টাম্পে, তাই বেঁচে যান হৃদয়।

সে সময় ১২ রানে ছিলেন তিনি।

মন্থর শুরুর পর পাওয়ার প্লেতে দ্রুত রানই তুলেছে বাংলাদেশ। ৬ ওভারে স্বাগতিকদের রান ৬ ওভারে ২ উইকেটে ৩৮।

১২ বলে ১৬ রানে খেলছেন হৃদয়। ১৭ বলে পারভেজ হোসেনের রান ১৭। দুই জনেই মেরেছেন দুটি করে ছক্কা।  

20 Jul 2025, 08:14 PM

টিকলেন না লিটন

নিজের দ্বিতীয় ওভারে আরেকটি উইকেট পেলেন সালমান মির্জা। ক‍্যাচ দিয়ে ফিরলেন লিটন দাস।

অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে ঠিকঠাক ড্রাইভ করতে পারেননি বাংলাদেশ। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় স্লিপে। দারুণ রিফ্লেক্সে সেটি মুঠোয় নেন খুশদিল শাহ।

৪ বলে ১ রান করেন লিটন।

ফ্রি হিট পেয়ে প্রথম বলেই ছক্কা মারেন তাওহিদ হৃদয়। ৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৪।

20 Jul 2025, 08:04 PM

শুরুতেই ফিরলেন তানজিদ

অভিষেকে নিজের প্রথম ওভারেই উইকেট পেলেন সালমান মির্জা। তার বাড়তি বাউন্স করা ডেলিভারিতে ক‍্যাচ দিলেন তানজিদ হাসান।

প্রথম ওভারেই ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। সালমানের বলে মিড অনে ফাখার জামানের হাতে ধরা পড়েন তানজিদ। ৪ বলে তিনি করেন ১ রান।

১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী লিটন দাস।

20 Jul 2025, 07:53 PM

৩ বলে ৩ উইকেট হারিয়ে অলআউট পাকিস্তান

শেষ পর্যন্ত পুরো ২০ ওভার খেলতে পারল না পাকিস্তান। শেষ ওভারের প্রথম ৩ বলে তিন উইকেট হারিয়ে ১১০ রানে গুটিয়ে গেল সফরকারীদের ইনিংস। টি-টোয়েন্টিতে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে অলআউট হল তারা।

তাসকিন আহমেদের প্রথম বল ছিল স্লোয়ার। বুঝতেই পারেননি ফাহিম আশরাফ। ব‍্যাট চালিয়ে দিলেও টাইমিং করতে পারেননি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় শর্ট থার্ড ম‍্যানে, শেখ মেহেদি হাসানের হাতে।

১০ বলে আশরাফ করেন ৫ রান।

পরের বলে রান আউট হয়ে যান সালমান মির্জা। অভিষেকে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি।

তিনটি ছক্কা মারা আব্বাস আফ্রিদি আরেকটি বড় শটের চেষ্টায় ফেরেন পরের বলেই। শর্ট বলে অনেক জোরে ব‍্যাট চালালেও ঠিকঠাক খেলতে পারেননি। উঁচুতে উঠে যাওয়া বল গ্লাভসে জমান লিটন দাস।

আফ্রিদি তিন ছক্বায় ২৪ বলে করেন ২২ রান।

১৯.৩ ওভারে ১১০ রানে থামে পাকিস্তানের ইনিংস।

২২ রানে ৩ উইকেট নেন তাসকিন। তবে সফলতম বোলার মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। লিটন দাস রিভিউ নিয়ে উইকেট আরেকটি বাড়ত তার। 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৯.৩ ওভারে ১১০ (ফাখার ৪৪, সাইম ৬, হারিস ৪, সালমান আগা ৩, হাসান নাওয়াজ ০, মোহাম্মদ নাওয়াজ ৩, খুশদিল ১৭, আফ্রিদি ২২, আশরাফ ৫, সালমা মির্জা ০, আবরার ০*; মেহেদি ৪-০-৩৭-১, তাসকিন ৩.৩-০-২২-৩, তানজিম ৪-০-২০-১, মুস্তাফিজ ৪-০-৬-২, শামীম ১-০-২-০, রিশাদ ৩-০-১৯-০)

20 Jul 2025, 07:34 PM

সুযোগ হারাল বাংলাদেশ

পরপর দুই বলে উইকেট পেতে পারতেন মুস্তাফিজুর রহমান। কিন্তু রিভিউ নিলেন না লিটন কুমার দাস। 

ব্যাটিংয়ে নেমে প্রথম বলে মুস্তাফিজের কাটার বুঝতেই পারেননি ফাহিম আশরাফ। বল তার প্যাডে লাগার পর মুস্তাফিজের জোরাল আবেদন। কিন্তু আম্পায়ার সাড়া দেননি।

অভিজ্ঞ পেসার পুরোপুরি নিশ্চিত ছিলেন আউটের ব্যাপারে। অধিনায়ককে বোঝানোরও চেষ্টা করেন তিনি। কিন্তু লিটনের মনে হয়েছিল, ব্যাটে লেগেছে বল। তাই রিভিউ নেননি তিনি।

পরে রিপ্লেতে দেখা যায় ব্যাটে লাগেনি বল এবং আঘাত করত মিডল স্টাম্পে। তাই রিভিউ নিলে তৃতীয় উইকেট পেয়ে যেতেন মুস্তাফিজ। 

১৭ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১০৪ রান।

20 Jul 2025, 07:34 PM

খুশদিলকে ফেরালেন মুস্তাফিজ

নতুন স্পেলে আক্রমণে ফিরে মাথাব্যথার কারণ হয়ে ওঠা জুটি ভাঙলেন মুস্তাফিজুর রহমান। অফ স্টাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়লেন খুশদিল শাহ। ২৩ বলে ১৭ রান করে ফিরলেন বাঁহাতি অলরাউন্ডার।

খুশদিলের বিদায়ে ভাঙে ২৮ বলে ৩৩ রানের জুটি।

১৬.২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ১০৩ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফাহিম আশরাফ। ১৬ বলে ২১ রানে অপরাজিত আব্বাস আফ্রিদি।

20 Jul 2025, 07:24 PM

১৬ ওভারে পাকিস্তানের একশ

চাপ সরাতে পাল্টা আক্রমণের পথ ধরলেন খুশদিল শাহ ও আব্বাস আফ্রিদি। ১৫তম ওভারে রিশাদ হোসেনের বলে একটি করে ছক্কা মারলেন দুজন।

পরের ওভারে তানজিম হাসানের বল পরপর দুই ছক্কায় ওড়ান আব্বাস। দ্বিতীয় ছক্কায় পূর্ণ হয় পাকিস্তানের একশ রান।

১৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ১০২ রান। সবশেষ ২ ওভারে ২৭ রান নিয়ে রান রেট আবার ছয়ের ওপরে তুলেছে তারা। 

খুশদিল ২২ বলে ১৭ ও আব্বাস ১৫ বলে ২০ রানে অপরাজিত।

20 Jul 2025, 07:19 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন আব্বাস

তানজিম হাসানের নিচু হওয়া ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না আব্বাস আফ্রিদি। হাঁটুর নিচে লাগার পর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। 

বেশ কিছুক্ষণ ভেবে রিভিউ নেন লিটন কুমার দাস। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। অর্থাৎ আম্পায়ার্স কল। তাই বিপদ ঘটেনি আব্বাসের।

১৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৭৫ রান। খুশদিল শাহ ১৬ বলে ১০ ও আব্বাস ৯ বলে ১ রানে অপরাজিত।

20 Jul 2025, 07:06 PM

হাস্যকর রান আউটে ফাখারের বিদায়

দুবার জীবন পাওয়া ফাখার জামানের বিদায়টা হলো হাস্যকর। রান আউট হয়ে ড্রেসিং রুমের পথ ধরলেন বাঁহাতি ওপেনার। 

মুস্তাফিজুর রহমানের কাটারে পয়েন্টের দিকে খেলে রানের জন্য ছোটেন খুশদিল শাহ। এক রান পূর্ণ করে দ্বিতীয় রানের ডাক দেন নন স্ট্রাইকে থাকা ফাখার। শুরুতে মানা করলেও পরে সাড়া দেন খুশদিল। কিন্তু পরমুহূর্তেই আবার মানা করে দেন।

ক্রিজে ফেরার চেষ্টায় ঘুরতে গিয়ে পড়ে যান ফাখার। তাই তাসকিন আহমেদ স্টাম্প থেকে বেশ দূরে থ্রো করলেও সময় পান লিটন কুমার দাস। কাছ থেকে স্টাম্প এলোমেলো করে ফাখারের বিদায় নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক। 

৬ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করেন ফাখার। তিনি ছাড়া এখন পর্যন্ত পাকিস্তানের আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। 

১২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৭০ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান খুশদিল ও আব্বাস আফ্রিদি।

20 Jul 2025, 06:56 PM

ফের জীবন পেলেন ফাখার

নিজের শেষ ওভারে ফাখার জামানের উইকেট পেতে পারতেন শেখ মেহেদি হাসান। কিন্তু বুলেট গতিতে আসা ফিরতি ক‍্যাচ নিতে পারেননি তিনি।

ম‍্যাচের প্রথম ওভারে মেহেদির বলেই সহজ ক‍্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন ফাখার। সে সময় ছিলেন ৪ রানে।

এবার ৩০ রানে বেঁচে গিয়ে মেহেদিকে মারলেন ছক্কা ও চারে।

মাঝপথে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ১০ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ৬৬। ৩ বলে ৫ রানে খেলছেন খুশদিল শাহ। ৩২ বলে ফাখার ব‍্যাট করছেন ৪২ রানে।

20 Jul 2025, 06:56 PM

বাংলাদেশের ব্যর্থ রিভিউ

আবার অল্পের জন্য বেঁচে গেলেন ফাখার জামান। শেখ মেহেদি হাসানের বল পেছনের পায়ে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি বাঁহাতি ওপেনার। বল তার প্যাড ছোঁয়ার পর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। 

কিছুক্ষণ ভেবে রিভিউ নেন লিটন কুমার দাস। রিপ্লেতে দেখা যায়, অল্পের জন্য স্টাম্পের ওপর দিয়ে চলে যেত বল। ফলে বৃথা যায় বাংলাদেশের প্রথম রিভিউ।

৮ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৪৬ রান। ফাখার ২৩ বলে ২৮ রানে অপরাজিত।

20 Jul 2025, 06:32 PM

পাওয়ার প্লেতে দুর্দান্ত বাংলাদেশ

পাওয়ার প্লের শেষ ওভারে আরেকটি সাফল্য পেল বাংলাদেশ। বোলিংয়ে এসে পঞ্চম বলে উইকেট নিলেন মুস্তাফিজুর রহমান।

টানা তিন বল ডট খেলার পর তেড়েফুঁড়ে মারতে গিয়ে ডিপ থার্ড ম্যানে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিলেন হাসান নাওয়াজ। ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।

পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৪১ রান। প্রথম তিন ওভারে ৩২ রান নেওয়া দলটি পরের তিন ওভারে করতে পেরেছে মাত্র ৯ রান। 

প্রথম ওভারে ৪ রানে জীবন পাওয়া ফাখার জামান ১৫ বলে ২৬ রানে খেলছেন। ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নাওয়াজ।

20 Jul 2025, 06:27 PM

বোলিংয়ে এসেই তানজিমের আঘাত

পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম পাঁচ বল সালমান আলি আগাকে রীতিমতো নাচিয়ে ছাড়লেন তানজিম হাসান। অস্বস্তি কাটাতে অভিনব কিছু করার আশায় শেষ বলে নিজের উইকেট দিয়ে এলেন পাকিস্তান অধিনায়ক।

ওভারের প্রথম বলে ব্যাটের বাইরের কানায় লেগে সৌভাগ্যবশত ২ রান পান সালমান আগা। পরের চার বলে ব্যাটেই লাগাতে পারেননি তিনি। শেষ বল স্কুপ করার চেষ্টায় তার গ্লাভসে লেগে জমা পড়ে লিটন কুমার দাসের গ্লাভসে। 

৩ রান করতে ৯ বল খেলেন পাকিস্তান অধিনায়ক। নতুন ব্যাটসম্যান হাসান নাওয়াজ। 

৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৪০ রান। ১৪ বলে ২৫ রানে খেলছেন ফাখার জামান।

20 Jul 2025, 06:18 PM

খরুচে ওভারে উইকেট পেলেন মেহেদি

প্রথম ওভারে ক্যাচ ছোটার পর দ্বিতীয়বারে পাঁচ বলে তিনটি বাউন্ডারি হজম করে ফেললেন শেখ মেহেদি হাসান। তবে শেষটা ভালোভাবে করলেন অভিজ্ঞ অফ স্পিনার।

শর্ট বলে স্লগ করে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিলেন মোহাম্মদ হারিস। ৩ বলে ৪ রান করেন উইকেটকিপার-ব্যাটসম্যান। 

৩ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩২ রান। ১১ বলে ২১ রানে অপরাজিত ফাখার জামান। নতুন ব্যাটসম্যান সালমান আলি আগা।

20 Jul 2025, 06:11 PM

শুরুর জুটি ভাঙরেন তাসকিন

আগের ওভারে ক্যাচ ছাড়ার 'ক্ষতিপূরণ' দারুণভাবে দিলেন তাসকিন আহমেদ। বোলিংয়ে এসে তিনি ফিরিয়ে দিলেন সাইম আইয়ুবকে। 

ওভারের শুরুটা ভালো ছিল না তাসকিনের। প্রথম বলে হজম করেন বাউন্ডারি। প্রথম চার বলে দেন ৯ রান। 

লেগ স্টাম্পের ওপর করা ডেলিভারি ফ্লিক করে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা মুস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দেন সাইম। ৪ বলে ৬ রান করেন বাঁহাতি ওপেনার।

ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ হারিস। ৭ বলে ১২ রানে খেলছেন আগের ওভারে জীবন পাওয়া ফাখার জামান।

২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ১৯ রান।

20 Jul 2025, 06:09 PM

শুরুতেই ক্যাচ ছাড়লেন তাসকিন

নতুন বলে স্পিনার দিয়ে বোলিং শুরু করালেন লিটন কুমার দাস। প্রথম ওভারেই পেতে পারতেন সাফল্যও। কিন্তু ক্যাচ ছেড়ে দিলেন তাসকিন আহমেদ।

শেখ মেহেদি হাসানের দ্বিতীয় বলে বাউন্ডারি মারেন ফাখার জামান। এক বল পর জবাবটা দিতে পারতেন মেহেদি। কিছুটা ঝুলিয়ে করা বল সুইপ করতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে দেন ফাখার।

শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ পান তাসকিন। অনেক সময় পেয়ে বলের নিচেও যান তিনি। কিন্তু হাতে জমাতে পারেননি অভিজ্ঞ পেসার। ৪ রানে বেঁচে যান ফাখার।

ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে মেহেদির হতাশা আরও বাড়ান সাইম আইয়ুব।

১ ওভারে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৯ রান।

20 Jul 2025, 05:44 PM

পাকিস্তান দলে সালমান মির্জার অভিষেক

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সালমান মির্জার অভিষেক করাল পাকিস্তান। এই সংস্করণে পাকিস্তানের ১২২তম ক্রিকেটার তিনি। ৩১ বছর ২০০ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে চলেছেন এই পেসার।

সফরকারীদের একাদশেও বাংলাদেশের মতো তিন পেসার। এছাড়া স্পিন বিভাগে আছেন মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ ও আবরার আহমেদ। 

পাকিস্তান একাদশ: ফাখার জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আবরার আহমেদ।

20 Jul 2025, 05:38 PM

একাদশে ফিরলেন তাসকিন

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ী ম্যচের একাদশে একটি পরিবর্তন করল বাংলাদেশ। বেধড়ক পিটুনি হজম করা শরিফুল ইসলামের জায়গায় ফিরলেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। 

সব মিলিয়ে তিন পেসারের সঙ্গে দুই স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন আছেন বাংলাদেশের একাদশে। দলের প্রয়োজনে শামীম হোসেনকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে। 

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন, তানজিম হাসান।

20 Jul 2025, 05:36 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

৯ ম্যাচ পর অবশেষে টস জিতলেন লিটন কুমার দাস। পাকিস্তানকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন বাংলাদেশ অধিনায়ক। 

লিটন বললেন, উইকেট দেখে কিছুটা দ্বিধায় ছিলেন তিনি। তার কাছে ভালো মনে হচ্ছে উইকেট। ম্যাচ জেতার জন্য পাকিস্তানকে ১৪০ রানের মধ্যে আটকে রাখতে চায় তার দল।

পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা বলেছেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন। তবে আগে ব্যাটিং পাওয়াতেও সমস্যা নেই তাদের।

20 Jul 2025, 05:07 PM

ফিরতি সিরিজে জবাবের সুযোগ বাংলাদেশের

দুই মাসেরও কম সময় আগে পাকিস্তান সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হয়ে এসেছে বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই পরাজয়ের জবাব দেওয়ার সুযোগ থাকছে তাদের সামনে। 

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সন্ধ্যা ৬টায় শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

সার্বিক পরিসংখ্যানে বেশ পিছিয়ে বাংলাদেশ। ২০১৬ সালের পর পাকিস্তানের মূল দলকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি তারা। ২০২৩ সালের এশিয়ান গেমসে বাংলাদেশ জিতেছিল ৬ উইকেট। তবে ওই আসরে কোনো দেশই তাদের মূল দল পাঠায়নি।

ওই জয়সহ সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ২২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টি। সবশেষ ১৩ ম্যাচের ১২টিই জিতেছে পাকিস্তান।

তবে বাংলাদেশের জন্য প্রেরণা হতে পারে সবশেষ শ্রীলঙ্কা সফর। প্রথম ম্যাচে হারলেও বাকি দুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। সেই সাফল্যের রেশ থাকতেই এবার পাকিস্তানের সামনে তারা।