22 Jul 2025, 09:51 PM
পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়
শেষ ওভারে ১৩ রানের সমীকরণে মুস্তাফিজুর রহমানের প্রথম বলে বাউন্ডারি মেরে দিলেন আহমেদ দানিয়াল। কিছুটা শঙ্কা জাগল স্বাগতিক দলে। তবে পরের বলে দানিয়ালকে ফিরিয়ে দিলেন অভিজ্ঞ পেসার। ৮ রানে জিতে গেল বাংলাদেশ।
মুস্তাফিজের স্লোয়ারে স্লগ করে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন অভিষিক্ত দানিয়াল।
রোমাঞ্চ জাগানো জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলল বাংলাদেশ। এই সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়।
জাকের আলির দায়িত্বশীল ফিফটিতে ১৩৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। পরে শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমানদের দারুণ বোলিংয়ে বড় জয়ের সম্ভাবনা জাগায় তারা।
এক পর্যায়ে মাত্র ১৫ রানে ৫ ও ৩০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু ফাহিম আশরাফের ঝড়ো ফিফটিতে লড়াইয়ে ফেরে তারা। তবে শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।
22 Jul 2025, 09:44 PM
ফাহিমকে বোল্ড করলেন রিশাদ
দুই ওভারে প্রয়োজন ২৮ রান। প্রথম পাঁচ বলে দুই চারের সঙ্গে এক ছক্কায় ১৫ রান দিয়ে ফেললেন রিশাদ হোসেন। তবে ওভারের শেষ বলে বিপজ্জনক ফাহিম আশরাফকে বোল্ড করে দিলেন তরুণ লেগ স্পিনার।
নিচু হয়ে যাওয়া বল ছক্কা মারার চেষ্টায় বোল্ড হন ৪টি করে চার ও ছক্কায় ৩২ বলে ৫১ রান করা ফাহিম।
১৯ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৯ উইকেটে ১২১ রান। শেষ ওভারে প্রয়োজন ১৩ রান।
22 Jul 2025, 09:33 PM
জুটি ভাঙলেন শরিফুল
কোটার শেষ ওভার করতে এসে প্রথম বলেই আঘাত করলেন শরিফুল ইসলাম। স্লগ করার চেষ্টায় বোল্ড হয়ে গেলেন আব্বাস আফ্রিদি। ২ চার ও ১ ছক্কায় ১৩ বলে ১৯ রান করেন তিনি।
আব্বাসের বিদায়ে ভাঙে ২৭ বলে ৪১ রানের জুটি।
ওভারের শেষ বলে ফাহিম আশরাফকে ফেরানোর কঠিন সুযোগ কাজে লাগাতে পারেননি তানজিম হাসান। অনেকটা দৌড়ে এসেও মুঠোয় নিতে পারেননি ক্যাচ।
ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষিক্ত আহমেদ দানিয়াল।
22 Jul 2025, 09:33 PM
আম্পায়ার্স কলে বাঁচলেন ফাহিম
চাপের মুখে পাল্টা আক্রমণে পাকিস্তানের আশার আলো হয়ে টিকে আছেন ফাহিম আশরাফ। আব্বাস আফ্রিদির সঙ্গে গড়েছেন ঝড়ো জুটি। তাকে ফেরানোর সম্ভাবনা জাগিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। আম্পায়ার্স কলের সৌজন্যে বেঁচে গেছেন বাঁহাতি ব্যাটসম্যান।
লেগ স্টাম্প লাইনের লেংথ বল অন সাইডে খেলতে গিয়ে কাছেও যেতে পারেননি ফাহিম। বল তার প্যাডে লাগতেই জোরাল আবেদন। তবে সাড়া দেননি আম্পায়ার।
রিভিউ নেয় বাংলাদেশ। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পে হালকা ছুঁয়ে যেত বল। অর্থাৎ আম্পায়ার আউট দিলে ফিরতে হতো ২৮ রানে থাকা ফাহিমের।
১৬ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৮৮ রান। শেষ ৪ ওভারে তাদের প্রয়োজন ৪৬ রান।
ফাহিম ২৪ বলে ৩২ ও আব্বাস ১২ বলে ১৯ রানে অপরাজিত।
22 Jul 2025, 09:05 PM
জীবন পেয়েও ব্যর্থ খুশদিল
শেখ মেহেদি হাসানের বলে ছক্কার পর চার মেরে রান কিছুটা বাড়ালেন ফাহিম আশরাফ। তবে ওভারটি ভালো কাটাতে পারল না পাকিস্তান। কারণ পঞ্চম বলে এলবিডব্লিউ হয়ে গেলেন খুশদিল শাহ।
ক্রিজ ছেড়ে বেরিয়ে অন সাইডে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি খুশদিল। পেছনের পায়ে লাগার পর জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নিয়েও লাভ হয়নি আগের ওভারে জীবন পাওয়া বাঁহাতি ব্যাটসম্যানের।
১ চারে ১৩ রান করতে ১৮ বল খেলেন খুশদিল। ক্রিজে নতুন ব্যাটসম্যান আব্বাস আফ্রিদি। ১০ বলে ১৩ রানে অপরাজিত ফাহিম।
১২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেটে ৪৭ রান।
22 Jul 2025, 09:00 PM
রিভিউ নিয়ে বাঁচলেন ফাহিম, ক্যাচ ছাড়লেন পারভেজ
রিশাদ হোসেনের লেগ স্পিনে পরাস্ত ফাহিম আশরাফ। রক্ষণ ফাঁকি দিয়ে বল লাগল তার প্যাডে। জোরাল আবেদনে লম্বা অপেক্ষার পর আঙুল তুলে দিলেন আম্পায়ার।
রিভিউ নিতে দেরি করেননি ফাহিম। রিপ্লেতে দেখা যায়, লেগ স্টাম্পের ওপর দিয়ে চলে যেত বল। তাই বেঁচে যান ১ রানে থাকা ফাহিম।
ওভারের চতুর্থ বলে খুশদিল শাহর উইকেট পেতে পারতেন রিশাদ। রিভার্স সুইপ করে ডিপ পয়েন্টে মারেন খুশদিল। সহজ ক্যাচ পান পারভেজ হোসেন। কিন্তু হাতে জমাতে পারেননি। ১২ রানে জীবন পান খুশদিল।
১১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩৫ রান।
22 Jul 2025, 08:51 PM
সালমানের প্রতিরোধ ভাঙলেন মেহেদি
বাড়তে থাকা রান রেটের চাপ সামাল দিতে বড় শট খেলতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে এলেন সালমান আলি আগা। শেখ মেহেদি হাসানের বলে ছক্কা মারার চেষ্টায় লং অনে ধরা পড়লেন পাকিস্তান অধিনায়ক।
৯ রান করতে ২৩ বল খেলেন সালমান। স্ট্রাইক রেট মাত্র ৩৯.১৩। পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অন্তত ২০ বল খেলে এটিই সবচেয়ে ধীরগতির ইনিংস।
৯.২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৬ উইকেটে ৩০ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান ফাহিম আশরাফ। ১৩ বলে ৯ রানে অপরাজিত খুশদিল শাহ।
22 Jul 2025, 08:39 PM
পাওয়ার প্লেতে দুর্দান্ত বাংলাদেশ
প্রথম ৬ ওভারে রান বলতে গেলে দেয়ইনি বাংলাদেশ। পাওয়ার প্লেতে মাত্র ১৭ রান করতে পেরেছে পাকিস্তান, হারিয়েছে ৫ উইকেট।
১৩ বলে ৫ রানে খেলছেন অধিনায়ক সালমান আলি আগা। ৩ বল খেলে এখনও রানের দেখা পাননি খুশদিল শাহ।
দুটি করে উইকেট পেয়েছেন দুই পেসার তানজিম হাসান ও শরিফুল ইসলাম, অন্যটি রান আউট।
22 Jul 2025, 08:39 PM
পাকিস্তানের বিব্রতকর রেকর্ড
পাঁচ ওভারের মধ্যে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান। এই সংস্করণে এত কম রানে কখনও ব্যাটিংয়ের অর্ধেক উইকেট হারায়নি তারা।
গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ওভারের মধ্যে মাত্র ১৬ রানে ৫ উইকেট হারিয়েছিল পাকিস্তান।
বাংলাদেশের বিপক্ষে কোনো দলের সবচেয়ে কম রানে ৫ উইকেট হারানোর ঘটনাও এটি। ২০২১ সালের বিশ্বকাপে ২৪ রানে পাপুয়া নিউ গিনির ৫ উইকেট নিয়েছিল বাংলাদেশ।
22 Jul 2025, 08:31 PM
বোলিংয়ে এসে তানজিমের জোড়া আঘাত
পঞ্চম ওভারে আক্রমণে এসে পরপর দুই বলে উইকেট নিলেন তানজিম হাসান। প্রথম বলে সিঙ্গেল নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। পরের বল ডট খেলেন হাসান নাওয়াজ।
পরের বলে অফ স্টাম্পের বাইরের ডেলিভারি খোঁচা মেরে কট বিহাইন্ড হন হাসান। আগের ম্যাচে ৪ বলে শূন্য রানের পর এবার ৬ বলেও রান করতে পারেননি তিনি।
এরপর ক্রিজে নেমে প্রথম বলেই উইকেটের পেছনে ধরা পড়েন মোহাম্মদ নাওয়াজ। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান।
৫ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১৫ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান সালমান ও খুশদিল শাহ।
22 Jul 2025, 08:23 PM
লিটনের রিভিউয়ে ফিরলেন ফাখার
শরিফুল ইসলামের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি পুল করতে গিয়ে ঠিকঠাক খেলতে পারলেন না ফাখার জামান। বল তার ব্যাট ছুঁয়ে চলে গেল লিটন কুমার দাসের গ্লাভসে। ক্যাচ নিয়েই উল্লাস শুরু করলেন লিটন, যোগ দিলেন শরিফুলও।
কিন্তু আম্পায়ার অনড়। তাই সঙ্গে সঙ্গে রিভিউয়ের ইঙ্গিত করেন লিটন। তা দেখে ড্রেসিং রুমের পথ ধরেন ফাখার। ৮ বলে ৮ রান করেন বাঁহাতি ওপেনার।
৪ ওভারে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৪ রান। ক্রিজে দুই ব্যাটসম্যান সালমান আলি আগা ও হাসান নাওয়াজ।
22 Jul 2025, 08:12 PM
শরিফুলের দারুণ ডেলিভারিতে গোল্ডেন ডাক হারিস
একাদশে ফেরার ম্যাচে প্রথম ওভারেই সাফল্য পেলেন শরিফুল ইসলাম। রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমে ফিরলেন মোহাম্মদ হারিস।
চমৎকার ভেতরে ঢোকানো ডেলিভারিতে ব্যাট ছোঁয়াতে পারেননি এই কিপার-ব্যাটসম্যান। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।
সঙ্গে সঙ্গে রিভিউ নেন হারিস। রিপ্লেতে দেখা যায়, অফ স্টাম্পের বেলসে হালকা ছুঁয়ে যেত বল। অর্থাৎ আম্পায়ার্স কলে বিদায়ঘণ্টা বাজে কিপার-ব্যাটসম্যানের।
ক্রিজে নতুন ব্যাটসম্যান সালমান আলি আগা। ৬ বলে ৭ রানে খেলছেন ফাখার জামান।
২ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০ রান।
22 Jul 2025, 08:07 PM
শুরুতেই রান আউট সাইম
সৌভাগ্যের ছোঁয়ায় প্রথম ওভারেই ব্রেক থ্রু পেয়ে গেল বাংলাদেশ। শেষ বলে কাট করে পয়েন্টের দিকে খেলেন সাইম আইয়ুব। রানের জন্য এগিয়ে যান দুই ব্যাটসম্যান। চমৎকার ডাইভে বল থামান তানজিম।
তা দেখে সাইমকে ফিরিয়ে দেন ফাখার জামান। পরে বল ধরে লিটনের গ্লাভসে পাঠান রিশাদ হোসেন। সহজেই বেলস ফেলে ৪ বলে ১ রান করা সাইমের বিদায়ঘণ্টা বাজান বাংলাদেশ অধিনায়ক।
১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান মোহাম্মদ হারিস।
22 Jul 2025, 08:00 PM
জাকেরের ৫৫, বাংলাদেশের ১৩৩
এক প্রান্ত আগলে রেখে বাংলাদেশকে টানলেন জাকের আলি। ৪৮ বলে পাঁচ ছক্কা ও এক চারে খেললেন ৫৫ রানের দারুণ ইনিংস।
জাকেরের পঞ্চাশে শেষ বলে অলআউট হওয়ার আগে ১৩৩ রান করেছে বাংলাদেশ।
আব্বাস আফ্রিদির করা শেষ ওভারের প্রথম বল ছক্কা ওড়ান জাকের। এক বল পর দুই রানের চেষ্টায় রান আউট হয়ে যান শরিফুল ইসলাম।
২ বলে তিনি করেন ১ রান।
পরের বলে ছক্কায় পঞ্চাশ স্পর্শ করেন জাকের। বাকি দুই বলে আর কোনো রান করতে পারেননি তিনি। ছক্কার চেষ্টায় শেষ বলে ক্যাচ দেন জাকের। তিনি ছাড়া আর দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল শেখ মেহেদি হাসান ও পারভেজ হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৩৩ (নাঈম ৩, পারভেজ ১৩, লিটন ৮, হৃদয় ০, জাকের ৫৫, মেহেদি ৩৩, শামীম ১, তানজিম ৭, রিশাদ ৮, শরিফুল ১, মুস্তাফিজ ০*; সালমান মির্জা ৪-১-১৭-২, আশরাফ ৩-০-২০-১, দানিয়াল ৪-০-২৩-২, নাওয়াজ ৩-০-১৯-১, সাইম ১-০-৩-০, খুশদিল ১-০-১২-০, আফ্রিদি ৪-০-৩৭-২)
22 Jul 2025, 07:40 PM
ছক্কা মেরে অক্কা রিশাদ
আগের বলে লং অন দিয়ে চমৎকার শট ছক্কা মারলেন রিশাদ হোসেন, পরের বলে প্রতিশোধ নিলেন বোলার আব্বাস আফ্রিদি। তার স্লোয়ারে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়ে গেলেন রিশাদ।
৪ বলে এক ছক্কায় ৮ রান করেন রিশাদ।
১৮ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১১১। ক্রিজে জাকের আলির সঙ্গী শরিফুল ইসলাম।
22 Jul 2025, 07:34 PM
দ্রুত ফিরলেন শামীম
শেষ দিকে দ্রুত রান তোলার জন্য বাংলাদেশের বড় ভরসাদের একজন শামীম হোসেন ব্যর্থ হলেন এবার। আহমেদ দানিয়ালের অফ স্টাম্পের বাইরের বল কিপারের পাশ দিয়ে পাঠানোর চেষ্টায় টেনে আনলেন স্টাম্পে।
৪ বলে ১ রান করেছেন শামীম।
১৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৯৪। ক্রিজে জাকের আলির সঙ্গী তানজিম হাসান।
22 Jul 2025, 07:18 PM
পঞ্চাশ রানের জুটি গড়েই মেহেদির বিদায়
মোহাম্মদ নাওয়াজের বলে স্লগ সুইপ করে লং অনের ওপর দিয়ে ছক্কা মারলেন শেখ মেহেদি হাসান। পূর্ণ হলো জুটির পঞ্চাশ রান। পরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফ দিয়ে মারলেন তিনি। কিন্তু দূরত্ব পার করতে পারলেন না।
সীমানার অনেক ভেতরে সহজ ক্যাচ নিলেন হাসান নাওয়াজ। ক্যারিয়ার সেরা ইনিংসে ২ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৩ রান করে ফিরলেন মেহেদি। তার বিদায়ে ভাঙল ৪৯ বলে ৫৩ রানের জুটি।
১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৮১ রান। ক্রিজে নতুন ব্যাটসম্যান শামীম হোসেন। ২৬ বলে ২১ রানে অপরাজিত জাকের আলি।
22 Jul 2025, 06:57 PM
মাঝপথে ৪ উইকেটে ৫৩
ঝিমিয়ে আসা রানের পালে হাওয়া দিলেন শেখ মেহেদি হাসান। খুশদিল শাহর বলে কাট করে চারের পর ইনসাইড আউট শটে তিনি মারলেন ছক্কা। দশম ওভারে পঞ্চাশ পূর্ণ করল বাংলাদেশ।
পানি বিরতি পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৩ রান। অবিচ্ছিন্ন জুটিতে২৫ বলে ২৫ রান যোগ করলেন মেহেদি ও জাকের আলি।
জাকের ১২ বলে ১০ ও মেহেদি ১৫ বলে ১৬ রানে অপরাজিত।
22 Jul 2025, 06:45 PM
পারভেজের বিদায়ে বাড়ল বিপদ
পাওয়ার প্লেতে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ। একটি করে চার ও ছক্কা মেরে ঝড়ের আভাস দিয়েও কম রানেই ফিরেছেন পারভেজ হোসেন।
আহমেদ দানিয়ালের ডেলিভারি মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন পারভেজ। টাইমিং করতে পারেননি বাঁহাতি ওপেনার। সহজ ক্যাচ নেন ফাহিম আশরাফ।
১৪ বলে ১৩ রান করে ফেরেন পারভেজ।
৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৯। ক্রিজে জাকের আলির সঙ্গী শেখ মেহেদি হাসান।
22 Jul 2025, 06:34 PM
রান আউটে কাটা হৃদয়
সালমান মির্জার অফ স্টাম্পের বাইরের বল মিড অফের দিকে খেলেই রানের জন্য ছুটলেন তাওহিদ হৃদয়। বল ধরে দ্রুত থ্রো করে স্টাম্প এলোমেলো করে দিলেন সালমান আলি আগা। পূর্ণ ডাইভ দিয়েও সময়মতো ক্রিজে ঢুকতে পারলেন হৃদয়।
হতাশায় ক্রিজের পাশেই বেশ কিছুক্ষণ নিচু হয়ে থাকেন চার নম্বরে নামা ব্যাটসম্যান। ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলি। ১১ বলে ১২ রানে খেলছেন পারভেজ হোসেন।
৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৫ রান।
22 Jul 2025, 06:34 PM
টিকলেন না লিটন
দ্বিতীয় ওভারে ক্রিজে যাওয়া লিটন দাস টিকলেন না বেশিক্ষণ। সালমান মির্জাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক্যাচ দিলেন বাংলাদেশ অধিনায়ক।
লেগে তুলে মারলেও দূরত্ব পাননি লিটন। একটু দৌড়ে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন মোহাম্মদ নাওয়াজ।
৯ বলে এক চারে ৮ রান করেন লিটন।
৪.১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৫।
22 Jul 2025, 06:18 PM
শুরুতেই ফিরলেন নাঈম
তানজিদ হাসানের জায়গায় সুযোগ পেয়ে কিছুই করতে পারলেন না মোহাম্মদ নাঈম শেখ। দ্বিতীয় ওভারে কট বিহাইন্ড হয়ে ফিরলেন বাঁহাতি এই ওপেনার।
ফাহিম আশরাফের বল স্কুপ করে কিপারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন নাঈম। কিন্তু ঠিকঠাক ব্যাটে-বলে করতে পারেননি। কানা ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ হারিসের গ্লাভসে।
৭ বলে নাঈম করেন ৩ রান।
২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী অধিনায়ক লিটন দাস।
22 Jul 2025, 06:18 PM
শোকের আবহে শুরু ম্যাচ
মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় একদিনের শোক পালন করছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে শুরু হয়েছে শোকের আবহে। খেলা শুরুর আগে মাঠ পালন করা হয়েছে এক মিনিট নীরবতা।
22 Jul 2025, 05:43 PM
পাকিস্তানের একাদশে দানিয়ালের অভিষেক
সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখার অভিযানে পেস বিভাগে শক্তি বাড়াল পাকিস্তান। লেগ স্পিনার আবরার আহমেদকে বাদ দিয়ে তারা অভিষেক করাল আহমেদ দানিয়ালের। একাদশে পরিবর্তন এই একটিই।
এই সংস্করণে পাকিস্তানের ১২৩তম ক্রিকেটার ২৮ বছর বয়সী এই পেসার। বিশ ওভারের ক্রিকেটে ৩৭ ম্যাচে তার শিকার ২৬ উইকেট।
পাকিস্তান একাদশ: ফাখার জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আলি আগা (অধিনায়ক), মোহাম্মদ নাওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়াল।
22 Jul 2025, 05:39 PM
একাদশে ফিরলেন নাঈম-শরিফুল
প্রথম ম্যাচে জেতা একাদশে দুটি পরিবর্তন করল বাংলাদেশ। বাদ পড়লেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান ও অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ।
তাদের জায়গায় ফিরলেন আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচে খরুচে বোলিং করে বাদ পড়েছিলেন শরিফুল। একই সিরিজের প্রথম ম্যাচে প্রায় তিন বছর খেলার সুযোগ পেয়ে ২৯ বলে ৩২ রান করেছিলেন নাঈম। পরে বাকি দুই ম্যাচে আর একাদশে ছিলেন না তিনি।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন, তানজিম হাসান।
22 Jul 2025, 05:34 PM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এক ম্যাচ পর আবারও টস হারলেন লিটন কুমার দাস। মুদ্রা নিক্ষেপে সঠিক ডাক দিয়ে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন সালমান আলি আগা।
সিরিজের প্রথম ম্যাচে টস জিতে লিটনও আগে বোলিংয়ে নিয়েছিলেন। পরে বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ।
এবার ঠিক উল্টে গেলো টসের সিদ্ধান্ত।
22 Jul 2025, 05:05 PM
সিরিজ জয়ের অভিযানে বাংলাদেশ
দাপুটে জয়ে যাত্রা শুরুর পর বাংলাদেশের সামনে আরও বড় অর্জনের হাতছানি। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলেই পাকিস্তানের বিপক্ষে এই সংস্করণে প্রথম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শুরু খেলা।
তুলনামূলক বোলিং সহায়ক উইকেটে প্রথম ম্যাচে পাত্তাই পায়নি পাকিস্তান। মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে সফরকারীদের ১১০ রানে গুঁড়িয়ে দেয় বাংলাদেশ।
ছোট লক্ষ্যে পারভেজ হোসেন ৩ চার ও ৫ ছক্কায় ৩৯ বলে ৫৬ রানের অপরাজিত ইনিংস খেললে ২৭ বল বাকি রেখেই ম্যাচ জিতে যায় স্বাগতিকরা।
ব্যাটিং-বোলিংয়ে সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার সিরিজ নিশ্চিতের লক্ষ্যে নামবে লিটন কুমার দাসের দল।