14 Dec 2022, 09:30 AM
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করছে ভারত।
14 Dec 2022, 09:10 AM
টস জিতে ব্যাটিংয়ে ভারত
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের চ্যালেঞ্জে ভারতের মুখোমুখি বাংলাদেশ।
ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই টস হেরেছিল ভারত। প্রথম টেস্টে টস ভাগ্যকে পাশে পেলেন ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। অনুমিতভাবে তিনি নিলেন ব্যাটিং।
সাকিব আল হাসান জানালেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। আগে বোলিং পাওয়ায় সকালে দ্রুত কয়েকটি উইকেট তুল নিয়ে ভারতকে চাপ ফেলতে চান বাংলাদেশ অধিনায়ক।
শেষটা ভালো করার সুযোগ বাংলাদেশের
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা বেঁচে আছে ভারতের। বাংলাদেশ আছে বিপরীত প্রান্তে। আরও একবার তলানিতে থেকে নয় দলের টুর্নামেন্ট শেষ করার শঙ্কায় সাকিব আল হাসানের দল। উন্নতির ছাপ রাখার শেষ সুযোগ এই সিরিজ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা শুরু হবে বুধবার সকাল সাড়ে নয়টায়।
টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের ১০ ম্যাচে বাংলাদেশের জয় কেবল একটি, হার আটটি। ড্র করতে পেরেছে একটি ম্যাচ। গতবারের মতো এবারও রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।
14 Dec 2022, 09:18 AM
জাকিরের অভিষেক
বাংলাদেশের ১০১তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হচ্ছে জাকির হাসানের।
চোট শঙ্কা কাটিয়ে খেলছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। অভিষেক হচ্ছে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে অলো ছড়িয়ে আসা জাকির হাসানের।
তিনি বাংলাদেশের ১০১তম টেস্ট ক্রিকেটার। তামিম ইকবালের অনুপস্থিতিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ইনিংস উদ্বোধন করবেন তিনি।
জায়গা হয়নি নিজেকে খুঁজে ফেরা মুমিনুল হকের। বছরের শুরুতে দারুণ দুটি ইনিংস খেলার পর থেকে বাজে সময় কাটানো ওপেনার মাহমুদুল হাসান জয়।
দলে কিপার-ব্যাটসম্যান তিনজন। বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। উইকেটের পেছনে দাঁড়াবেন নুরুল হাসান সোহান।
তিন স্পিনার নিয়ে ও দুই পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। স্পিনে সাকিব ও মেহেদী হাসান মিরাজের সঙ্গী বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
পেস বোলিংয়ে ইবাদত হোসেনের সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।
14 Dec 2022, 09:30 AM
দুই পেসার, তিন স্পিনার নিয়ে ভারত
বাংলাদেশের মতো ভারতও খেলছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। পেস বোলিংয়ে উমেশ যাদবের সঙ্গী মোহাম্মদ সিরাজ। স্পিনে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে আছেন আকসার প্যাটেল ও কুলদিপ যাদব।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, আকসার প্যাটেল, কুলদিপ যাদব, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ।
14 Dec 2022, 10:10 AM
শুরুতে সাবধানী রাহুল-গিল
যে কোনো উইকেটে দিনের শুরুতে একটু হলেও সুবিধা পাওয়া যায়, আছে চট্টগ্রামেও। তবে সেটা কাজে লাগানোর মতো বোলিং স্বাগতিকরা প্রথম আধ ঘণ্টায় করতে পারেনি।
এই সময়ে সাত ওভার বোলিং করেছেন তিন বোলার মিলে, হজম করেছেন ছয় বাউন্ডারি। স্বাভাবিকভাবেই তেমন কোনো চাপ তৈরি করতে পারেননি তারা।
খুব একটা খারাপ করেননি সৈয়দ খালেদ আহমেদ। তবে লাইন ও লেংথে মোটেও ধারাবাহিক ছিলেন না আরেক পেসার ইবাদত হোসেন। নিজের একমাত্র ওভারে তেমন কিছু করতে পারেননি সাকিব আল হাসান।
৭ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৩০। ২৬ বলে তিন চারে ১৬ রানে খেলছেন গিল। ১৭ বলে তিন চারে রাহুলের রান ১৩।
14 Dec 2022, 10:36 AM
শুরুর জুটি ভাঙলেন তাইজুল
শুবমান গিলকে বিদায় করে ভারতের শুরুর জুটি ভাঙলেন তাইজুল ইসলাম।
প্রথম ঘণ্টার শেষ ওভারে সাফল্য পেল বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে শুবমান গিলের চমৎকার ক্যাচ নিলেন ইয়াসির আলি চৌধুরি।
বাঁহাতি স্পিনারের লেগ স্টাম্পে থাকা ফুল লেংথ বলে প্যাডল সুইপ করেন গিল। তার তৎপরতা দেখেই প্রথম স্লিপ থেকে লগ স্লিপের দিকে দৌড় শুরু করেন ইয়াসির। শটে খুব একটা গতি না থাকায়, ঠিক সময়েই জায়গা মতো পৌঁছে যান তিনি। অনায়াসে মুঠোয় জমান ক্যাচ। ভাঙে ৪১ রানের শুরুর জুটি।
১৪ ওভারে ভারতের রান ১ উইকেটে ৪১। ক্রিজে লোকেশ রাহুলের সঙ্গী চেতেশ্বর পুজারা।
৪১ বলে তিন চারে ২০ রানে খেলছেন রাহুল। তাইজুলের ওভারের শেষ চার বলে কোনো রান করতে পারেননি পুজারা।
14 Dec 2022, 10:59 AM
রাহুলকে ফেরালেন খালেদ
লোকেশ রাহুলকে বোল্ড করে দিলেন সৈয়দ খালেদ আহমেদ।
চমৎকার বোলিং করে যাওয়ার পুরস্কার পেলেন সৈয়দ খালেদ আহমেদ। বোল্ড করে ফেরালেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলকে।
আগের ওভারে রাহুলকে স্টাম্প বরাবর বল করেছিলেন খালেদ। পরের ওভারের প্রথম বল করেন অফ স্টাম্পের বেশ বাইরে। রান করার সুযোগ হাতছাড়া করতে চাননি ভারতীয় ওপেনার। তবে বল প্রত্যাশা অনুযায়ী বাউন্স না করায় ঠিক মতো খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে আঘাত হানে লেগ স্টাম্প।
৫৪ বলে তিন চারে ২২ রান করেন রাহুল।
১৯ ওভারে ভারতের রান ২ উইকেটে ৪৮। ১৯ বলে ৪ রানে খেলছেন চেতেশ্বর পুজারা। ২ বলে ১ রানে ব্যাট করছেন নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি।
14 Dec 2022, 11:08 AM
তাইজুলের দুর্দান্ত ডেলিভারিতে কোহলির বিদায়
বিরাট কোহলিকে দ্রুত ফেরাল বাংলাদেশ।
দারুণ বোলিং করছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নতুন বলে, টেস্টের প্রথম সেশনে পরীক্ষা নিচ্ছেন ভারতীয় ব্যাটসম্যানদের। দুর্দান্ত এক ডেলিভারিতে তাইজুল ফিরিয়ে দিয়েছেন ভারতের সবচেয়ে বড় ভরসা বিরাট কোহলিকে।
বাঁহাতি স্পিনারের বল জায়গায় পিছিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন কোহলি। লেগ স্টাম্পে পড়ার পর সোজা হয়ে বলের লাইনে যেতে পারেননি তিনি। বল প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার।
চেতেশ্বর পুজারার সঙ্গে কথা বলে রিভিউ নেন কোহলি। তাতে কোনো লাভ হয়নি। লেগ স্টাম্পে পিচ করা বল আঘাত হানতো লেগ স্টাম্পের উপরের দিকে।
৬ বলে ১ রান করেন কোহলি।
২০ ওভারে ভারতের রান ৩ উইকেটে ৪৮। ১৯ বলে ৪ রানে খেলছেন চেতেশ্বর পুজারা। তাইজুলের শেষ তিন বল ডট খেলেন নতুন ব্যাটসম্যান রিশাভ পান্ত।
14 Dec 2022, 11:52 AM
৩ উইকেটে বাংলাদেশের সেশন
ক্রিজে যাওয়ার পর থেকে শট খেলছেন রিশাভ পান্ত। চেতেশ্বর পুজারার সঙ্গে তার জুটিতে রান বাড়ছে দ্রুত। তবে প্রথম টেস্টের প্রথম সকাল বাংলাদেশেরই।
টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫ রান করেছে ভারত।
পাঁচে নেমে এক ছক্কা ও চারটি চারে ২৬ বলে ২৯ রানে ব্যাট করছেন পান্ত। ৩২ বলে এক চারে ১২ রানে খেলছেন পুজারা। তাদের জুটিতে ৩৭ রান এসেছে ৩৯ বলে।
পান্ত পাল্টা আক্রমণ শুরুর আগে তাইজুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদের হাত ধরে তিনটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনার লোকেশ রাহুলকে বোল্ড করে দেন খালেদ। এর আগে পরে শুবমান গিল ও বিরাট কোহলিকে বিদায় করেন তাইজুল।
উইকেটে শুরু থেকে টার্ন মিলছে। দুয়েকটা বল নিচু হয়েছে। তবে ব্যাটিং খুব কঠিন কিছু নয়। ভালো বোলিংয়েরই পুরস্কার পেয়েছেন খালেদ ও তাইজুল।
বেশি ভোগাচ্ছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল। তাকে এলোমেলো করতেই হয়তো শ্রেয়াস আইয়ারের জায়গায় বাঁহাতি পান্তকে পাঁচে পাঠায় ভারত। দ্বিতীয় সেশনে তার সঙ্গে দারুণ লড়াই হতে পারে মেহেদী হাসান মিরাজের।
সংক্ষিপ্ত স্কোর: লাঞ্চ বিরতিতে
ভারত ১ম ইনিংস: ২৬ ওভারে ৮৫/৩ (রাহুল ২২, গিল ২০, পুজারা ১২*, কোহলি ১, পান্ত ২৯*; ইবাদত ৬-১-২১-০, খালেদ ৮-১-১৭-১, সাকিব ১-০-৬-০, তাইজুল ১০-৪-৩৪-২, মিরাজ ১-০-৭-০ )
14 Dec 2022, 12:22 PM
রক্ষা পেলেন পুজারা
দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই বড় একটি উইকেট পেতে পারত বাংলাদেশ। কিন্তু উইকেটের পেছনে বল গ্লাভসে জমাতে পারলেন না নুরুল হাসান সোহান। বেঁচে গেলেন চেতেশ্বর পুজারা।
ইবাদত হোসেনের বলটি ছিল বেশ নিরীহ। অফ স্টাম্পের বেশ বাইরের সেই ডেলিভারিতে পুজারা শরীর থেকে দূরে ড্রাইভ করার চেষ্টা করেন। ব্যাটের কানায় লেগে বল যায় পেছনে। নিচু হয়ে আসা সেই বল ডানদিকে ঝাঁপিয়ে স্পর্শ করলেও হাতে জমাতে পারেননি সোহান।
সহজ সুযোগ নয়, তবে নাগালের বাইরেও নয়। নিশ্চিতভাবেই তাই হাতছাড়া হলো সুযোগ। পুজারা রক্ষা পেলেন ১২ রানে।
14 Dec 2022, 12:32 PM
দলের একশ, জুটির পঞ্চাশ
মেহেদী হাসান মিরাজের বলে রিশাভ পান্তের বাউন্ডারিতে ভারতের রান স্পর্শ করল একশ। তিন উইকেট হারিয়ে ২৯.১ ওভারে এলো এই শতরান।
চেতেশ্বর পুজারার সঙ্গে রিশাভ পান্তের জুটির পঞ্চাশ এলো কেবল ৫৮ বলে।
14 Dec 2022, 12:50 PM
পান্তের আগ্রাসন থামালেন মিরাজ
বোল্ড হয়ে গেলেন দ্রুত রান তোলার চেষ্টায় থাকা রিশাভ পান্ত।
রিশাভ পান্তের ব্যাটিং দেখে বোঝার উপায় নেই টেস্ট ম্যাচ চলছে। উইকেটে নেমেই তিনি খেলছিলেন টি-টোয়েন্টির ঘরানায়। দ্রুত চল্লিশের ঘরে পৌঁছে যাওয়া বাঁহাতি ব্যাটসম্যানের তাণ্ডব থামালেন মেহেদী হাসান মিরাজ।
ওভারের তৃতীয় বলটি ছিল নিচু ফুলটস। হাঁটু গেড়ে মিডউইকেট দিয়ে ছক্কায় ওড়ান পান্ত। টেস্টে যা তার পঞ্চাশতম।
পরের বলে ব্যাকফুটে গিয়ে পয়েন্ট দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটে লাগাতে পারেননি ঠিকমতো। ব্যাটের কানায় লেগে বল ছোবল দেয় অফ স্টাম্পে।
৬ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৪৬ রানে বোল্ড হয়ে ফিরলেন ভারতের কিপার-ব্যাটসম্যান।
পরের বলেই অল্পের জন্য ফিরতে পারতেন নতুন ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ার। মিরাজের ফুল লেংথ বল ড্রাইভ করেন ব্যাটসম্যান। বল ব্যাটের কানা নিয়ে যায় স্লিপে। ফিল্ডারের একটু সামনে পড়ে তার পাশ দিয়ে যায় বাউন্ডারিতে।
৩২ ওভার শেষে ভারতের রান ৪ উইকেটে ১১৬। ২ চারে ২২ রানে খেলছেন চেতেশ্বর পুজারা।
14 Dec 2022, 01:42 PM
জুটি গড়ার চেষ্টায় পুজারা-শ্রেয়াস
পঞ্চাশের আগে নেই ৩ উইকেট। ঝড়ো ব্যাটিংয়ে দলের রান একশ পার করে ফিরলেন রিশাভ পান্তও। চাপে পড়া ভারতকে টানছেন অভিজ্ঞ চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আইয়ার। দুইজনের জুটিতে পথে ফেরার চেষ্টায় সফরকারীরা।
৪৫ ওভার শেষে ভারতের রান ৪ উইকেটে ১৪৯। পঞ্চম উইকেটে পুজারা ও শ্রেয়াসের জুটি অবিচ্ছিন্ন ৩৭ রানে।
৪ চারে ৩৪ রানে খেলছেন তিনে নামা পুজারা। শ্রেয়াসের রান ৩ চারে ২৪।
14 Dec 2022, 01:59 PM
সোহানের ব্যর্থতায় বাঁচলেন শ্রেয়াস
আরেকবার কঠিন ক্যাচ গ্লাভসে জমাতে পারলেন না নুরুল হাসান সোহান। তাতে বেঁচে গেলেন শ্রেয়াস আইয়ার।
সাকিব আল হাসানের বলে কাট করতে চেয়েছিলেন শ্রেয়াস। কিন্তু ঠিক মতো শট খেলতে পারেননি। তার ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে যাওয়া বল ধরতে পারেননি নুরুল হাসান সোহান। রিপ্লেতে দেখা যায়, ব্যাটের নিচের অংশে লেগেছিল বল।
৩০ রানে বেঁচে জীবন পেলেন শ্রেয়াস। এর আগে ১২ রানে অভিজ্ঞ ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার ক্যাচ ছেড়েছিলেন সোহান। তিনি এখন খেলেছেন ৩৮ রানে।
৪৯ ওভার শেষে ভারতের রান ৪ উইকেটে ১৫৯।
14 Dec 2022, 02:06 PM
শ্রেয়াস-পুজারার জুটিতে পঞ্চাশ
সাকিব আল হাসানকে দারুণ এক শটে কাভার দিয়ে চার মারলেন শ্রেয়াস আইয়ার। তাতে চেতেশ্বর পুজারার সঙ্গে তার জুটির রান ছাড়িয়ে গেল পঞ্চাশ।
জুটিতে অগ্রণী শ্রেয়াস। পুজারার অবদান ১৭ রান, শ্রেয়াসের ৩৪।
ইনিংসে এটি ভারতের দ্বিতীয় পঞ্চাশ ছাড়ানো জুটি। রিশাভ পান্ত ও পুজারা যোগ করেন ৬৪ রান।
14 Dec 2022, 02:39 PM
দুটি সুযোগ হাতছাড়া ও এক উইকেটের দ্বিতীয় সেশন
দ্বিতীয় সেশনও নিজেদের করে নিতে পারত বাংলাদেশ। কিন্তু নুরুল হাসান সোহান দুটি ক্যাচ ছাড়ায় সেটা হয়ে ওঠেনি। তবে বিস্ফোরক ব্যাটসম্যান রিশাভ পান্তকে ফেরাতে পেরেছে স্বাগতিকরা।
৫৬ ওভার শেষে ভারতের রান ৪ উইকেটে ১৭৪। শ্রেয়াস আইয়ার ৫ চারে খেলছেন ৪১ রানে। চেতেশ্বর পুজারা চারটি চারে অপরাজিত আছেন ৪২ রানে। দুজনের অবিচ্ছিন্ন জুটি ৬২ রানের।
এই দুইজনই ফিরতে পারতেন আরও আগে। দ্বিতীয় সেশনের দ্বিতীয় বলেই ১২ রানে থাকা অভিজ্ঞ পুজারার ক্যাচ ছাড়েন উইকেটরক্ষক সোহান। এরপর ৩০ রানে তিনি জীবন দেন শ্রেয়াসকে।
উইকেটে নেমে আগ্রাসী ব্যাটিং করা পান্তকে ৪৬ রানে বোল্ড করে দেন মেহেদী হাসান মিরাজ।
এই সেশনে ৩০ ওভার খেলা হয়েছে। এই সময়ে এক উইকেট হারিয়ে ভারত করতে পেরেছে ৮৯ রান।
সংক্ষিপ্ত স্কোর: চা বিরতিতে
ভারত ১ম ইনিংস: ৫৬ ওভারে ১৭৪/৪ (রাহুল ২২, গিল ২০, পুজারা ৪২*, কোহলি ১, পান্ত ৪৬, শ্রেয়াস ৪১*; ইবাদত ১২-১-৪০-০, খালেদ ১০-২-২৩-১, সাকিব ৫-২-১১-০, তাইজুল ১৭-৬-৪৩-২, মিরাজ ১১-৩-৪৯-১, ইয়াসির ১-০-৭-০)
14 Dec 2022, 03:01 PM
বাংলাদেশের বিপক্ষে পুজারার পাঁচে পাঁচ
দলের বিপদে আরও একবার দাঁড়িয়ে গেলেন চেতেশ্বর পুজারা। চোয়ালবদ্ধ দৃঢ়তায় আরেকটি পঞ্চাশ উপহার দিলেন ভারতের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
তাইজুল ইসলামকে কাট করে বাউন্ডারিতে পাঠিয়ে ১২৫ বলে ফিফটি করেন পুজারা। টেস্ট ক্যারিয়ারের যা তার ৩৪তম পঞ্চাশ।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ইনিংস ব্যাটিং করে পাঁচটি পঞ্চাশ করলেন ডানহাতি এই ব্যাটসম্যান। টেস্টে শেষ ৬ ইনিংসে এটি তার তৃতীয় পঞ্চাশ, টানা দ্বিতীয়।
14 Dec 2022, 03:01 PM
শ্রেয়াসের ‘প্রথম’ ফিফটি
সাকিব আল হাসানকে ফ্লিক করে মিডউইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠালেন শ্রেয়াস আইয়ার। এর সঙ্গে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই পঞ্চাশের স্বাদ পেলেন ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যান।
ষষ্ঠ টেস্ট খেলতে নেমে ৯৩ বলে ৭ চারে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করলেন শ্রেয়াস।
শ্রেয়াসের ওই চারে দুইশ রানও পেরিয়ে গেল ভারত। ৬৩ ওভার শেষে তাদের রান ৪ উইকেটে ২০৩।
14 Dec 2022, 03:20 PM
শ্রেয়াস-পুজারার শতরানের জুটি
জীবন পাওয়া শ্রেয়াস আইয়ার ও চেতেশ্বর পুজারা থিতু হয়ে গেছেন উইকেটে। পঞ্চাশ করে দুইজনই এগিয়ে নিচ্ছে ইনিংস। তাদের জুটির রানও ছাড়িয়ে গেছে একশ।
২১৩ বলে পঞ্চম উইকেটে পুজারা ও শ্রেয়াসের জুটি স্পর্শ করে শতরান। যেখানে পুজারার অবদান ৪৫, শ্রেয়াসের ৫৪।
৬৯ ওভার শেষে ভারতের রান ৪ উইকেটে ২১৮।
14 Dec 2022, 03:51 PM
পুজারা-শ্রেয়াসের রেকর্ড জুটি
টেস্টে পঞ্চম উইকেটে বাংলাদেশের বিপক্ষে ভারতের সেরা জুটি গড়েছেন চেতেশ্বর পুজারা ও শ্রেয়াস আইয়ার।
তাইজুল ইসলামের পায়ের ওপর করা বলটি কবজির মোচড়ে লেগ সাইডে খেললেন চেতেশ্বর পুজারা। বল বাউন্ডারিতে পৌঁছাতেই বাংলাদেশের বিপক্ষে টেস্টে পঞ্চম উইকেটে সর্বোচ্চ জুটির রেকর্ড ফেললেন পুজারা ও শ্রেয়াস আইয়ার।
বাংলাদেশের বিপক্ষে পঞ্চম উইকেটে আগের সেরা জুটি ছিল মায়াঙ্ক আগারওয়াল ও রবীন্দ্র জাদেজার। ২০১৯ সালে ইন্দোরে ১২৩ রানের জুটি গড়েছিলেন দুইজন। তাদের ছাড়িয়ে গেলেন পুজারা ও শ্রেয়াস।
৭৫ ওভার শেষে ৪ উইকেটে ভারতের রান ২৩৬। পুজারা ও শ্রেয়াসের অবিচ্ছিন্ন জুটি ১২৪ রানের।
14 Dec 2022, 03:52 PM
শ্রেয়াসের সহজ ক্যাচ ছাড়লেন ইবাদত
জমে যাওয়া রেকর্ড জুটি ভাঙার সুবর্ণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ক্যাচ ছাড়ার অভিযানে নামা দলটি আরও একবার হাতছাড়া করল সুযোগ। বাউন্ডারিতে শ্রেয়াস আইয়ারের সহজ ক্যাচ ছাড়লেন ইবাদত হোসেন।
মেহেদী হাসান মিরাজকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে ছক্কার চেষ্টায় উড়িয়ে মারেন শ্রেয়াস। টাইমিং হয়নি ঠিকঠাক। তাতে সহজ ক্যাচ যায় ডিপ মিডউইকেটে। তেমন একটা নড়তে হয়নি ইবাদতের। কিন্তু সহজ ক্যাচটি মুঠোয় জমাতে পারলেন না তিনি।
৬৭ রানে দ্বিতীয় দফায় রক্ষা পেলেন শ্রেয়াস। ৩০ রানে তার ক্যাচ নিতে পারেননি উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।
14 Dec 2022, 04:20 PM
বেঁচে গেলেন শ্রেয়াস
দুইবার ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া শ্রেয়াস আইয়ার এবার টিকে গেলেন বেল পড়ল না বলে!
ইবাদত হোসেনের চমৎকার ইনসুইঙ্গার ব্যাটে খেলতে পারেননি ব্যাটসম্যান। অফ স্টাম্প ছুঁয়ে বেরিয়ে যায় বল। জ্বলে ওঠে লাইট। বেলস একটু লাফালেও স্টাম্প থেকে পড়ে কোনোটাই। তাই বেঁচে যান শ্রেয়াস। সে সময় ৭৭ রানে ছিলেন তিনি।
14 Dec 2022, 04:24 PM
পুজারার প্রতিরোধ ভাঙলেন তাইজুল
দিনজুড়ে ভালো বোলিং করার পুরস্কার পেলেন তাইজুল ইসলাম। চমৎকার এক ডেলিভারিতে ভাঙলেন রেকর্ড গড়া জুটি।
অফ স্টাম্পের বাইরে পড়া বল টার্ন করবে ভেবে পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন চেতেশ্বর পুজারা। পিচ করার পর সোজা গিয়ে আঘাত হানে স্টাম্পে! ভাঙে ৩১৭ বল স্থায়ী ১৪৯ রানের জুটি।
২০৩ বলে ১১ চারে পুজারা করেন ৯০ রান।
৮৫ ওভারে ভারতের রান ৫ উইকেটে ২৬১। ১৬১ বলে ৭৯ রানে খেলছেন শ্রেয়াস আইয়ার। ক্রিজে তার সঙ্গী আকসার প্যাটেল।
14 Dec 2022, 04:37 PM
আকসারকে ফেরানোর সুযোগ হাতছাড়া
তাইজুল ইসলামের বল আকসার প্যাটেলের ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে জমা পড়ল শর্ট লেগে, জাকির হাসানের হাতে। আউটের জোরাল আবেদন করল বাংলাদেশ। কিন্তু রিভিউ নিল না।
একটু পরে রিপ্লেতে স্পষ্ট হলো, ব্যাটে মৃদু স্পর্শ ছিল বলের! সে সময় ৩ রানে ছিলেন আকসার।
তিন ক্যাচ হাতছাড়া হয়েছে আগেই। বল স্টাম্পে লাগলেও বেলস না পড়ার ঘটেছে একবার। হতাশার দিনে যুক্ত হলো এটাও।
14 Dec 2022, 04:45 PM
দিনের শেষ বলে ফিরলেন আকসার
ক্যাচ বুঝতে না পারার জন্য খুব বড় মাশুল দিতে হলো না বাংলাদেশকে। দিনের শেষ বলে আকসার প্যাটেলকে ফিরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ।
অফ স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার আকসার। ব্যাটে খেলতে পারেননি, বল লাগে পেছনের পায়ে। জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার।
শ্রেয়াস আইয়ারের সঙ্গে কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন আকসার। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, লেগ স্টাম্প ছুঁয়ে যেত বল। ভারত হারায় ষষ্ঠ উইকেট।
14 Dec 2022, 04:58 PM
৬ উইকেট, ৫ আক্ষেপ
শ্রেয়াস আইয়ার ও চেতেশ্বর পুজারার ফিফটি ও তাদের ১৪৯ রানের জুটিতে প্রথম দিন ঘুরে দাঁড়িয়েছে ভারত। ৪৮ রানে ৩ উইকেট হারানো দলটি দিন শেষ করেছে ৬ উইকেটে ২৭৮ রানে।
তিনবার বেঁচে যাওয়া শ্রেয়াস খেলছেন ৮২ রানে। তার ১৬৯ বলের ইনিংস গড়া ১০ চারে। নুরুল হাসান সোহান ও ইবাদত হোসেন ছাড়েন তার একটি করে ক্যাচ। ইবাদতের বল অফ স্টাম্পে লাগার পরও একবার পড়েনি বেলস!
আক্ষেপ আছে আরও দুটি। শুরুতেই একবার সোহানকে ক্যাচ দিয়েও বেঁচে যান পুজারা। পরে খেলেন ৯০ রানের দায়িত্বশীল ইনিংস।
শেষ দিকে আকসার প্যাটেলের ব্যাট-প্যাড ছুঁয়ে আসা ক্যাচ বুঝতেই পারেননি লিটন দাস-সোহান-জাকির হাসানরা।
শেষের দিকে দুটি উইকেট নিয়ে তাও কিছুটা লড়াইয়ে ফিরতে পেরেছে বাংলাদেশ।
তবে উইকেটে বোলারদের বিশেষ করে স্পিনারদের জন্য যথেষ্ট সহায়তা থাকায় ভারতের এই রানই হতে পারে যথেষ্ট চ্যালেঞ্জিং। বেশ টার্ন রয়েছ, কিছু বল বিপজ্জনকভাবে নিচু হয়ে গেছে। এই পরিস্থিতি থাকলে বাংলাদেশের জন্যও ব্যাটিং হবে চ্যালেঞ্জিং।
৮৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার তাইজুল ইসলাম। অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ২ উইকেট নেন ৭১ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭৮/৬ (রাহুল ২২, গিল ২০, পুজারা ৯০, কোহলি ১, পান্ত ৪৬, শ্রেয়াস ৮২*, আকসার ১৪; ইবাদত ১৭-১-৬৩-০, খালেদ ১২-২-২৬-১, সাকিব ১২-৪-২৬-০, তাইজুল ৩০-৬-৮৪-৩, মিরাজ ১৮-৪-৭১-২, ইয়াসির ১-০-৭-০)