২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

15 Mar 2026, 10:55 PM

১১ রানের দারুণ জয়

প্রথম ৩ ওভারে তিন উইকেট নিয়ে দারুণ শুরুর পরও এক সময়ে শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। সতীর্থদের নিয়ে প্রবল প্রতিরোধ গড়েছিলেন সালমান আলি আগা। তার দারুণ সেঞ্চুরি আর শাহিন শাহ আফ্রিদির শেষের ঝড় সামলে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ।

রোমাঞ্চকর তৃতীয় ওয়ানডেতে ১১ রানে জিতেছে বাংলাদেশ। ২৯০ রান তাড়ায় ২৭৯ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

ওয়ানডেতে দ্বিতীয়বার পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে নয় নম্বরে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯০/৫ (সাইফ ৩৬, তানজিদ ১০৭, শান্ত ২৭, লিটন ৪১, হৃদয় ৪৮*, রিশাদ ০, আফিফ ৫*; আফ্রিদি ১০-০-৫৫-১, রউফ ১০-০-৫২-৩, আবরার ১০-০-৪৯-১, ফাহিম ৪-০-২৪-০, সাদ ৮-০-৫৫-০, সাদাকাত ১-০-৯-০, সালমান ৭-০-৩৫-০)

পাকিস্তান: ৫০ ওভারে ২৭৯ (সাহিবজাদা ৬, সাদাকাত ৬, গাজি ঘোরি ২৯, রিজওয়ান ৪, সামাদ ৩৪, সালমান ১০৬, সাদ ৩৮, ফাহিম ৯, আফ্রিদি ৩৭, রউফ ১, আবরার ০* ; তাসকিন ১০-১-৪৯-৪, নাহিদ ১০-০-৬২-২, মুস্তাফিজ ১০-০-৫৪-৩, মিরাজ ১০-০-৩৭-০, রিশাদ ৭-০-৫৬-১, সাইফ ৩-০-১৮-০)

15 Mar 2026, 10:50 PM

ঘটনা বহুল শেষ ওভারে

আগের ৬ ওভারে খরুচে বোলিং করা রিশাদ হোসেনের ওভারে ১৪ রান নিতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। কেবল ২ রান দিয়ে পাকিস্তান অধিনায়কের উইকেট নিয়েছেন তরুণ লেগ স্পিনার।

প্রথম বল ডিফেন্স করেন আফ্রিদি। পরের বলে গায়ের জোরে মারতে গিয়ে ব‍্যাটে-বলে করতে পারেননি তিনি।

তৃতীয় বল উঠে যায় উপরে। কিন্তু বলের ফ্লাইট বুঝতে পারেননি রিশাদ। নষ্ট হয় ম‍্যাচ শেষ করার দারুণ সুযোগ।

চতুর্থ বলে আসে ২ রান। পরের বল আম্পায়ার দেন ওয়াইড। তবে লিটন নিশ্চিত ছিলেন কোথাও না কোথাও বল লেগেছে। তাই মেহেদী হাসান মিরাজকে রিভিউ নিতে বলেন তিনি। রিভিউয়ে দেখা যায় আফ্রিদির ব‍্যাটে লেগেছিল বল!

তাতে বাতিল হয় ওয়াইড। শেষ বলে ছক্কার চেষ্টায় বেরিয়ে এসে স্টাম্পড হন আফ্রিদি। দারুণ এক জয়ের উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ।

15 Mar 2026, 10:39 PM

রউফকে ফেরালেন মুস্তাফিজ

শেষ ২ ওভারে প্রয়োজন ২৮ রান। এমন সময়ে বোলিংয়ে এসে শাহিন শাহ আফ্রিদির ব‍্যাটে দুই ছক্কা হজম করলেন মুস্তাফিজুর রহমান।

ওভারের পঞ্চম বলে আফ্রিদির গতিময় শট এসে লাগল তার হাঁটুতে। সঙ্গে সঙ্গে পিচে শুয়ে পড়লেন মুস্তাফিজ।

ছুটে এলেন ফিজিও। আফ্রিদি নিজেও এগিয়ে দেখলেন মুস্তাফিজের কী অবস্থা। ক্রিকেটারদের ইশারায় স্ট্রেচার নিয়ে এলেন দুই জন। তবে শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন মুস্তাফিজ।

হাঁটুতে ব‍্যথা নিয়েও বোলিং করলেন এবং উইকেটও পেলেন! তাকে ছক্কা মারতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়লেন হারিস রউফ।

৪৯ ওভারে পাকিস্তানের রান ৯ উইকেটে ২৭৭। ক্রিজে পাকিস্তানের শেষ জুটি। জয়ের জন‍্য শেষ ওভারে ১৪ রান চাই তাদের।

15 Mar 2026, 10:29 PM

সালমানকে ফেরালেন তাসকিন

নিজের শেষ ওভারে এসে আঘাত হানলেন তাসকিন আহমেদ। দারুণ সেঞ্চুরিতে পাকিস্তানের আশা বাঁচিয়ে রাখা সালমান আলি আগাকে ফিরিয়ে দিলেন অভিজ্ঞ এই পেসার।

তার স্লোয়ার বুঝতে পারেননি সালমান। ব‍্যাট চালিয়ে দেন অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। অনেক উপরে যাওয়া বল আস্থার সঙ্গে মুঠোয় নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ৪৯ বল স্থায়ী ৫২ রানের জুটি।

৯৮ বলে চারটি ছক্কা ও নয়টি চারে ১০৬ রান করেন সালমান।

৪৮ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ২৬৩। ক্রিজে শাহিন শাহ আফ্রিদির সঙ্গী হারিস রউফ।

15 Mar 2026, 10:24 PM

সালমান-আফ্রিদির জুটিতে পঞ্চাশ

টি-টোয়েন্টি অধিনায়ক ও ওয়ানডে অধিনায়কের জুটিতে এসেছে পঞ্চাশ, ৪৬ বলে।

আগ্রাসী ব‍্যাটিং করছেন সালমান আলি আগা। তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি। তাতে ছুটছে পাকিস্তান।

৪৭.১ ওভারে সফরকারীদের রান ৭ উইকেটে ২৫৯।

15 Mar 2026, 10:10 PM

ছক্কায় সালমানের সেঞ্চুরি

তানজিদ হাসানের মতো ছক্কায় সেঞ্চুরি স্পর্শ করলেন সালমান আলি আগা। ৮৯ বলে এলো তার ক‍্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

নাহিদ রানার বল ঠিকঠাক খেলতে পারেননি সালমান। তবে ব‍্যাটের কানায় লেগে কিপারের মাথার উপর দিয়ে ছক্কা পেয়ে যান তিনি।

ওভার থেকে আসে ৯ রান।

৪৫ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ২৪৬। জয়ের জন‍্য শেষ ৫ ওভারে ৪৫ রান চাই সফরকারীদের।

15 Mar 2026, 09:49 PM

ফাহিমকে দ্রুত ফেরালেন তাসকিন

আক্রমণে ফিরেই সাফল‍্য পেলেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসারের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন ফাহিম আশরাফ।

অফ স্টাম্পের একটু বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি ফাহিম। ব‍্যাটের কানা ছুঁয়ে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৪৯ বল স্থায়ী ৪৮ রানের জুটি।

২০ বলে ৯ রান করেন ফাহিম।

৪০ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ২১১। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী শাহিন শাহ আফ্রিদি।

15 Mar 2026, 09:31 PM

চমৎকার ব‍্যাটিংয়ে সালমানের পঞ্চাশ

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে টানছেন সালমান আলি আগা। রিশাদ হোসেনকে ছক্কা মেরে ৬০ বলে পঞ্চাশ স্পর্শ করেছেন তিনি। সিরিজে এটি তার দ্বিতীয় পঞ্চাশ।

লাইন ও লেংথে ধারাবাহিক নন রিশাদ। আক্রমণে ফিরে নিজের দ্বিতীয় বলে ছক্কা হজম করেন তিরি। ওভার থেকে আসে ১০ রান।

৩৬ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ১৮৪। ৬২ বলে ৫৬ রানে খেলছেন সালমান। ১২ বলে ৬ রানে ব‍্যাট করছেন ফাহিম আশরাফ।

15 Mar 2026, 09:13 PM

বিপজ্জনক জুটি ভাঙলেন মুস্তাফিজ

পাকিস্তানের জমে যাওয়া জুটি ভাঙতে মরিয়ে হয়ে উঠেছিলেন মেহেদী হাসান মিরাজ। বারবার বোলিংয়ে পরিবর্তন এনে চেষ্টা করছিলেন তিনি। কাজে লাগল তার বোলিং পরিবর্তন। আক্রমণে ফিরে নিজের প্রথম ওভারে সাদ মাসুদকে ফিরিয়ে জুটি ভাঙলেন মুস্তাফিজ।

বাঁহাতি পসারের স্টাম্পে তাকে গতিময় ডেলিভারি বেরিয়ে এসে ছক্কায় ওড়াতে চাইলেন সাদ। বলের লাইনেই যেতে পারলেন না। মিডল স্টাম্পের উপরের অংশ ছোবল দিল বল। ভাঙল ৮২ বল স্থায়ী ৭৯ রানের জুটি।

৪৪ বলে পাঁচ চারে ৩৮ রান করে ফিরলেন সাদ।

৩২ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ১৬৩। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী ফাহিম আশরাফ।

15 Mar 2026, 08:51 PM

সালমান-সাদের জুটিতে পঞ্চাশ

ষষ্ঠ উইকেটে বেশ দ্রুত রান করছেন সালমান আলি খান ও সাদ মাসুদ। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৫৩ বলে।

জুটি ভাঙার জন‍্য বেশ মরিয়ে হয়ে উঠেছেন মেহেদী হাসান মিরাজ। ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের ব‍্যবহার করছেন তিনি। লেগ স্পিনার রিশাদ হোসেন এখনও ছন্দ খুঁজে না পাওয়ায় অনিয়মিত স্পিনারদের কাউকে হয়তো আক্রমণে আনতে পারেন তিনি।

২৭ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ১৩২। ৩২ বলে ২৪ রানে খেলছেন সাদ। ৩২ বলে সালমানের রান ২৬।

15 Mar 2026, 08:45 PM

মাঝপথে ভালো অবস্থানে বাংলাদেশ

পাকিস্তান ইনিংসের মাঝপথে ভালো অবস্থানে আছে বাংলাদেশ।

২৫ ওভার পাকিস্তানের রান ৫ উইকেটে ১২৩। জয়ের জন‍্য শেষ ২৫ ওভারে আরও ১৬৮ রান চাই তাদের।

২৮ বলে ১৯ রানে খেলছেন সালমান আলি আগা। সাদ মাসুদ ২৪ বলে ব‍্যাট করছেন ২৩ রানে।

15 Mar 2026, 08:16 PM

সামাদের প্রতিরোধ ভাঙলেন মুস্তাফিজ

আগের বলে বাউন্ডারি মারলেন আব্দুল সামাদ। পরের বলে মুস্তাফিজুর রহমান নিলেন মধুর প্রতিশোধ।

অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে কট বিহাইন্ড হলেন সামাদ। সামনের দিকে ডাইভ দিয়ে চমৎকার ক‍্যাচ নিলেন লিটন দাস।

৪৫ বলে পাঁচ চারে ৩৪ রান করেন সামাদ।

১৮ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ৮৩। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী অভিষিক্ত অলরাউন্ডার সাদ মাসুদ।

15 Mar 2026, 08:01 PM

জুটি ভাঙলেন নাহিদ

আগের বলে সিঙ্গেল জুটির রান স্পর্শ করল পঞ্চাশ। পরের বলে গাজি ঘোরিকে বোল্ড করে দিলেন নাহিদ রানা।

গতিময় পেসারের চমৎকার ডেলিভারিতে ভাঙল পাকিস্তানের প্রতিরোধ গড়া জুটি।

অফ স্টাম্পের বাইরের বলে থার্ড ম‍্যান দিয়ে পাঠাতে চেয়েছিলেন ঘোরি। ব‍্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৬৭ বল স্থায়ী ৫০ রানের জুটি।

৩৯ বলে এক ছক্কা ও তিন চারে ৩৯ রান করেন অভিষিক্ত ঘোরি।

১৪ ওভারে পাকিস্তানের রানে ৪ উইকেটে ৬৭। ক্রিজে আব্দুল সামাদের সঙ্গী সালমান আলি আগা।

15 Mar 2026, 07:42 PM

পাওয়ার প্লেতে ৩ উইকেট

প্রথম তিন ওভারে এসেছিল একটি উইকেট, পরের সাত ওভার নিরাপদে কাটিয়ে দিয়েছেন গাজি ঘোরি ও আব্দুল সামাদ।

১০ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ৪৩। অভিষিক্ত ঘোরি ২৮ বলে খেলছেন ১৬ রানে। প্রমোশন পাওয়া সামাদা ১৮ বলে খেলছেন ১১ রানে।

দুই ব‍্যাটসম‍্যান রান আউটের অনেকগুলো সুযোগ দিয়েছেন কিন্তু একটিও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। তাদের দ্রুত রান তুলতে দেয়নি স্বাগতিকরা।

15 Mar 2026, 07:10 PM

তাসকিনের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড রিজওয়ান

ক্রিজে গিয়ে নাহিদ রানাকে চার মেরে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে তাকে দ্রুতই ফিরিয়ে দিলেন তাসকিন আহমেদ।

অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন রিজওয়ান। বলের লাইনে যেতে পারেননি। ব‍্যাট-প‍্যাডের বিশাল ফাক গলে আঘাত হানে স্টাম্পে।

৪ বলে ৪ রান করে ফেরেন রিজওয়ান।

৩ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ১৭। ক্রিজে গাজি ঘোরির সঙ্গী প্রমোশন পাওয়া আব্দুল সামাদ। এমনিতে পাঁচে খেললেও এদিন নামেননি সালমান আলি আগা।

15 Mar 2026, 07:04 PM

সাদাকাতকে দ্রুত ফেরালেন নাহিদ

আগের দুই ম‍্যাচে বাংলাদেশের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান। এবার এলেন নাহিদ রানা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে দারুণ ভোগানো মাজ সাদাকাতকে বিদায় করে দিলেন এই গতিময় পেসার।

ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন সাদাকাত। পঞ্চম বলে পুল করে এর পুনরাবৃত্তির চেষ্টায় ছিলেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু ঠিকঠাক খেলতে পারেননি। গ্লাভসে লেগে সহজ ক‍্যাচ যায় উইকেটের পেছনে। কিছুটা সরে গিয়ে গ্লাভসে নেন লিটন দাস।

৫ বলে ৬ রান করে ফেরেন সাদাকাত।

২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৬। ক্রিজে গাজি ঘোরির সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।

15 Mar 2026, 06:59 PM

প্রথম আঘাত তাসকিনের

আগের বলে চার হজম করলেন তাসকিন আহমেদ। পরের বলে চমকে দিলেন ব‍্যাটসম‍্যানকে। একটু বাড়তি লাফানো বল ছুঁয়ে গেল সাহিবজাদা ফারহানের ব‍্যাট। বাকিটা অনায়াসে সারলেন লিটন দাস।

প্রথম ওভারেই পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেন তাসকিন। অভিজ্ঞ এই পেসারের বল বেরিয়ে এসে খেলার চেষ্টায় কট বিহাইন্ড হলেন তাসকিন আহমেদ।

৫ বলে সাহিবজাদা করেন ৫ রান।

১ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৬। ক্রিজে মাজ সাদাকাতের সঙ্গী গাজি ঘোরি।

15 Mar 2026, 06:14 PM

২৯০ রানে থামল বাংলাদেশ

হাতে যথেষ্ট উইকেট থাকলেও শেষে প্রত‍্যাশিত ঝড় তুলতে পারল না বাংলাদেশ। শেষ ১০ ওভারে করতে পারল কেবল ৭৭ রান।

৫০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৯০।

৪৪ বলে চারটি চারে ৪৮ রানে অপরাজিত থাকেন হৃদয়। ৮ বলে ৫ রান করেন আফিফ হোসেন।

১০৭ বরে ১০৭ রানের চমৎকার ইনিংসে দলকে আরও বড় সংগ্রহের ভিত দিয়েছিলেন তানজিদ হাসান। কিন্তু শেষে দ্রত রান করতে পারেননি লিটন দাস, হৃদয়রা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯০/৫ (সাইফ ৩৬, তানজিদ ১০৭, শান্ত ২৭, লিটন ৪১, হৃদয় ৪৮*, রিশাদ ০, আফিফ ৫*; আফ্রিদি ১০-০-৫৫-১, রউফ ১০-০-৫২-৩, আবরার ১০-০-৪৯-১, ফাহিম ৪-০-২৪-০, সাদ ৮-০-৫৫-০, সাদাকাত ১-০-৯-০, সালমান ৭-০-৩৫-০)

15 Mar 2026, 05:54 PM

পরপর দুই বলে ফিরলেন লিটন-রিশাদ

রানের গতি বাড়ানোর চেষ্টায় ফিরলেন লিটন দাস। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেলেন রিশাদ হোসেন।

হারিস রউফের বলে ছক্কার চেষ্টায় ক‍্যাচ নেন লিটন। ভাঙে ৬১ বল স্থায়ী ৬৮ রানের জুটি। ৫১ বলে একটি করে চার ও ছক্কায় ৪১ রান করেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।

ক্রিজে গিয়েই তেড়েফুড়ে মারতে গিয়ে বোল্ড হন রিশাদ। বলের লাইনেই যেতে পারেননি তিনি।

রউফের হ‍্যাটট্রিক ঠেকান নতুন ব‍্যাটসম‍্যান আফিফ হোসেন।

৪৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২৬৪।

15 Mar 2026, 05:37 PM

লিটন-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

প্রত‍্যাশিত ঝড় তুলতে পারলেন না লিটন দাস ও তাওহিদ হৃদয়। খুব একটা বাউন্ডারিও আসছে না তাদের ব‍্যাটে। মূলত এক-দুই করে নিয়েই খেলছেন তারা। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৪৭ বলে।

৪৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৫১। ৪৫ বলে একটি করে ছক্কা ও চারে ৩৬ রানে খেলছেন লিটন। ২৯ বলে দুটি চারে হৃদয়ের রান ২৬।

15 Mar 2026, 05:09 PM

সেঞ্চুরি ছুঁয়ে ফিরলেন তানজিদ

আবরার আহমেদের অফ স্টাম্পের বাইরের শর্ট বল নিচে রাখতে পারলেন না তানজিদ হাসান। বাঁহাতি ব‍্যাটসম‍্যানের শট গেল কাভারে, শাহিন শাহ আফ্রিদির হাতে।

চমৎকার ব‍্যাটিংয়ে ক‍্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে ফিরলেন তানজিদ। তার ১০৭ বলে খেলা ১০৭ রানের ইনিংস গড়া সাত ছক্কা ও ছয় চারে।

৩৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৯৭। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়।

15 Mar 2026, 04:51 PM

ছক্কায় তানজিদের সেঞ্চুরি

নব্বইয়ের ঘরে বেশিক্ষণ আটকে থাকতে চাইলেন না তানজিদ হাসান। সালমান আলি আগাকে ছক্কায় উড়িয়ে ক‍্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্পর্শ করলেন তিনি, ৯৮ বলে।

বেরিয়ে এসে অফ স্পিনারের বল সীমানার বাইরে পাঠান তানজিদ। একজন ফিল্ডার অপেক্ষায় থাকলেও তার কিছুই করার ছিল না।

৩৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৭৭। ৯৮ বলে সাত ছক্কা ও ছয় চারে ১০০ রানে খেলছেন তানজিদ। লিটন ১১ বলে ব‍্যাট করছেন ৬ রানে।

15 Mar 2026, 04:34 PM

শান্তর বিদায়ে ভাঙল জুটি

হারিস রউফের ডেলিভারি সামলাতে একটু দেরি করে ফেললেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান এর মাশুল দিলেন নিজের উইকেট হারিয়ে।

গতিময় পেসার রউফের স্টাম্পে রাখা ডেলিভারির লাইনে যেতে পারেননি শান্ত। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। তাতে অবশ‍্য কোনো কাজ হয়নি। আউট হওয়ার সঙ্গে একটি রিভিউ নষ্ট করে যান তিনি।

শান্তর বিদায়ে ভাঙে ৬৭ বল স্থায়ী ৫৩ রানের জুটি। বাঁহাতি টপ অর্ডার ব‍্যাটসম‍্যান তিন চারে ৩৪ বলে করেন ২৭ রান।

৩০ ওভারে বাংলাদেশের রান ২ উইবেটে ১৬০। নিজের আগের সেরা ৮৪ ছাড়িয়ে ৮৯ রানে ব‍্যাট করছেন তানজিদ হাসান। ক্রিজে তার সঙ্গী লিটন দাস।

15 Mar 2026, 04:29 PM

তানজিদ-শান্তর জুটিতে পঞ্চাশ

দ্বিতীয় উইকেটে দলকে টানছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ৬১ বলে।

রানের গতি একটু কমেছে। সালমান আলি আগার বলে খুব বেশি রান নিতে পারছেন না ব‍্যাটসম‍্যানরা। হারিস রউফের বলেও রান নিতে সংগ্রাম করতে হচ্ছে।

২৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৫৮। ৩২ বলে ২৭ রানে খেলছেন শান্ত। ৮৭ বলে তানজিদের রান ৮৮।

15 Mar 2026, 04:09 PM

মাঝপথে ভালো অবস্থানে বাংলাদেশ

তানজিদ হাসানের ব‍্যাটে মাঝপথে ভালো অবস্থানে আছে বাংলাদেশ।

২৫ ওভারে স্বাগতিকদের রান ১ উইকেটে ১৩৮। ২৩ বলে ২১ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ৭২ বলে তানজিদের রান ৭৫।

অফ স্পিনার সালমান আলির আগার বলে রান নিতে ভুগছেন দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

15 Mar 2026, 03:45 PM

উইকেট ছুঁড়ে এলেন সাইফ

অনেকটা সময় ক্রিজে থাকলেও ঠিক স্বচ্ছন্দ ছিলেন না সাইফ হাসান। নিজের মতো করে খেলতে পারছিলেন না তিনি। আক্রমণে ফেরা শাহিন শাহ আফ্রিদির প্রথম বলে স্টাম্প ছেড়ে মারতে গিয়ে হলেন বোল্ড।

সরে গিয়ে জায়গা করে নিয়ে মারতে চেয়েছিলেন সাইফ। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি, এলেমেলো হয়ে যায় স্টাম্প। ভাঙে ১০৯ বল স্থায়ী ১০৫ রানের জুটি।

৫৫ বলে তিন চারে ৩৬ রান করেন সাইফ।

১৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০৯। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

15 Mar 2026, 03:40 PM

শুরুর জুটিতে একশ

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন তানজিদ হাসান ও সাইফ হাসান। তাদের জুটিতে একশ এসেছে ১০৬ বলে।

জুটিতে অগ্রণী তানজিদ। বাঁহাতি এই ওপেনারই রান তুলছেন দ্রুত। অন‍্য প্রান্তে এখনও নিজেকে গুটিয়ে রেখেছেন সাইফ হাসান।

১৮ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১০৫।

15 Mar 2026, 03:37 PM

একটুর জন‍্য বাঁচলেন তানজিদ

আগের ম‍্যাচে দারুণ বোলিং করা মাজ সাদকাত নিজের প্রথম ওভারেই পেতে পারতেন তানজিদ হাসানের উইকেট। তবে সীমানায় গড়বড় করে ছক্কা বানিয়ে দিলেন ফাহিম আশরাফ।

ডিপ মিডউইকেটে মাথার উপর দিয়ে যাওয়া বলে হাত ছোঁয়াতে পারেন তিনি। কিন্তু বল ছুঁড়ে দেওয়ার আগেই তার পা চলে যায় লাইনের বাইরে। তাতে বেঁচে যান তানজিদ। সে সময় ৫০ রানে ছিলেন তিনি।

১৭ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৯৬।

15 Mar 2026, 03:28 PM

৪৭ বলে তানজিদের পঞ্চাশ

শুরু থেকে আত্মবিশ্বাসী ব‍্যাটিং করা তানজিদ হাসান স্পর্শ করলেন পঞ্চাশ, ৪৭ বলে। সিরিজে বাঁহাতি এই ওপেনারের দ্বিতীয় পঞ্চাশ, ওয়ানডে ক‍্যারিয়ারে ষষ্ঠ।

স্পিনাররা আক্রমণে আসার পর রানের গতি কমেছে বাংলাদেশ। নিজেকে এখনও গুটিয়েই রেখেছেন সাইফ হাসান। রানের চাকা সচল রেখেছেন মূলত তানজিদ।

১৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮৭। ৪৮ বলে চারটি ছক্কা ও তিনটি চারে ৫০ রান করেছেন তানজিদ। ৪৮ বলে তিন চারে ৩১ রানে খেলছেন সাইফ।

15 Mar 2026, 03:03 PM

তানজিদ-সাইফের জুটিতে পঞ্চাশ

এক প্রান্তে নিজের মতো করে খেলে যাচ্ছেন তানজিদ হাসান। আরেক প্রান্তে সাবধানী ব‍্যাটিং করছেন সাইফ হাসান। তাদের শুরুর জুটিতে পঞ্চাশ এসেছে ৫৪ বলে।

ফাহিম আশরাফ আক্রমণে আসার পর রানের গতি কিছুটা কমেছে বাংলাদেশ। পেস বোলিং অলরাউন্ডারের বলে গ‍্যাপ খুঁজে পাচ্ছেন না ব‍্যাটসম‍্যানরা।

নিজের প্রথম ২ ওভারে কেবল ২ রান দিয়েছেন ফাহিম, এর একটি এসেছে ওয়াইড থেকে।

১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫০। ৩৩ বলে দুটি করে ছক্কা ও চারে ৩৩ রানে খেলছেন তানজিদ। ২৭বলে দুই চারে সাইফের রান ১৭।  

15 Mar 2026, 02:54 PM

পাকিস্তানের ব‍্যর্থ রিভিউ

ফাহিম আশরাফের অফ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করার চেষ্টায় সফল হলেন না সাইফ হাসান। আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে শেষ সময়ে রিভিউ নিলেন শাহিন শাহ আফ্রিদি।

ইম্প‍্যাক্ট ছিল অফ স্টাম্পের বেশ বাইরে। তাতে পাকিস্তান হারাল প্রথম রিভিউ।

৮ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৪১। শেষ ২ ওভারে এসেছে ৩ রান।

15 Mar 2026, 02:42 PM

আত্মবিশ্বাসী তানজিদ, সাবধানী সাইফ

আগের ম‍্যাচে দ্রুত ফেরা তানজিদ হাসান এবার এগোচ্ছেন আত্মবিশ্বাসী ব‍্যাটিং। প্রথম দুই ম‍্যাচে ব‍্যর্থ সাইফ হাসান সঙ্গ দিচ্ছেন সাবধানী ব‍্যাটিংয়ে।

৫ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২৯। ১৭ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রানে খেলছেন তানজিদ। ১৩ বলে এক চারে সাইফের রান ৯।

হারিস রউফের করা দ্বিতীয় ওভারে চারের পর ছক্কা মারেন তানজিদ। পরে শাহিন শাহ আফ্রিদির বলে চার মারেন সাইফ।

রানের চাকা মূলত সচল রেখেছেন তানজিদ। কিছু ঝুঁকিও নিচ্ছেন বাঁহাতি ওপেনার, সেগুলো কাজেও লাগছে।

15 Mar 2026, 02:04 PM

পাকিস্তান দলে ৩ পরিবর্তন

একটি পরিবর্তন অনিবার্য ছিল, পাকিস্তান করল তিনটি পরিবর্তন। চোটের জন‍্য নেই হুসাইন তালাত। বাদ পড়েছেন টপ অর্ডার ব‍্যাটসম‍্যান শামিল হুসাইন ও পেসার মোহাম্মদ ওয়াসিম।

অভিষেক হচ্ছে কিপার-ব‍্যাটার মুহাম্মদ গাজি ঘোরি ও লেগ স্পিনিং অলরাউন্ডার সাদ মাসুদের। এক ম‍্যাচ পর একাদশে ফিরছেন লেগ স্পিনার আবরার আহমেদ।

পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, মুহাম্মদ গাজি ঘোরি, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, সাদ মাসুদ।

15 Mar 2026, 01:55 PM

তৃতীয় ম‍্যাচেও অপরিবর্তিত বাংলাদেশ

টানা তিন ম‍্যাচে একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। টানা দুই ম‍্যাচে ব‍্যর্থ হলেও টিকে গেছেন সাইফ হাসান। নতুন বলে কার্যকর না হলেও জায়গা ধরে রেখেছেন তাসকিন আহমেদ। এই ম‍্যাচেও বাইরে থাকছেন তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম‍্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

15 Mar 2026, 01:53 PM

টস হেরে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

তৃতীয় ম‍্যাচে এসে প্রথমবার টস জিতলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তান অধিনায়ক নিলেন ব‍্যাটিং।

আফ্রিদি বললেন, দুই ব‍্যাটসম‍্যান হুসাইন তালাত ও শামিল হুসাইন না থাকা পরে ব‍্যাটিংয়ের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। একই সঙ্গে কন্ডিশনের একটা প্রভাব থাকার কথাও বললেন এই পেসার। আকাশ মেঘে ঢাকা, শুরুতে সুবিধা পেতে পারেন পেসাররা। 

আগে ব‍্যাটিংয়ে আপত্তি নেই বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। উইকেট দেখে ভালো মনে হয়েছে তার। এখানে ২৬০-২৬৫ রান এই অলরাউন্ডারের কাছে ভালো সংগ্রহ।

15 Mar 2026, 01:35 PM

সিরিজ জয়ের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যেতে ও সিরিজ জয়ের লক্ষ‍্যে মাঠে নামছে বাংলাদেশ। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর সোয়া ২টায়।

প্রথম দুই ম‍্যাচে দুই ধরনের ক্রিকেট খেলেছে বাংলাদেশ। প্রথমটিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। পরেরটিতে নিজেরা হেরেছে বাজেভাবে। এবার ঘুরে দাঁড়িয়ে আরেকটি ভালো পারফরম‍্যান্সে সিরিজ নিজেদের করে নেওয়ার হাতছানি মিরাজদের সামনে।