সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৪/৮
অস্ট্রেলিয়া: ৪২.২ ওভারে ১৯১/৯
09 Jun 2026, 08:19 PM
লাইভ ব্লগের সমাপ্তি
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
09 Jun 2026, 08:09 PM
বাংলাদেশের দুর্দান্ত জয়
২০০৫ সালের জুনে কার্ডিফে নিজেদের সেরা জয়ের একটি পেয়েছিল বাংলাদেশ। তবে এরপর আর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাতে পারছিল না তারা। ২১ বছরের খরা কাটিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে মেহেদী হাসান মিরাজের দল।
বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৮৬ রানে জিতেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৪২.২ ওভারে বজ্রপাতের জন্য খেলা বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষার পর ম্যাচের ইতি টানেন আম্পায়াররা।
ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪২.২ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২৭৮ রান। দলটি করতে পারে কেবল ৯ উইকেটে ১৯১ রান। তাতে স্মরণীয় এক জয় পায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৪/৮ (সাইফ ৫, তানজিদ ৫৪, শান্ত ৬৭, লিটন ৭, হৃদয় ৩১, মোসাদ্দেক ৮৬*, মিরাজ ৩, তানভির ৫, তাসকিন ২০; বার্টলেট ১০-০-৬২-১, এলিস ১০-১-৩৮-৩, স্কট ৮-০-৫৭-২, গ্রিন ৪-০-৩১-০, শর্ট ৩-০-১৪-০, রেনশ ৮-০-৩৫-২, জ্যাম্পা ৭-০-৪৭-০)
অস্ট্রেলিয়া: ৪২.২ ওভারে ১৯১/৯ (শর্ট ০, কনোলি ৩৫, লাবুশেন ১, ইংলিস ১৯, কেয়ারি ৪৭, গ্রিন ৫২*, রেনশ ২, স্কট ২, বার্টলেট ১, এলিস ৮, জ্যাম্পা ৬*; তাসকিন ৫-০-২৮-১, মুস্তাফিজ ৫.২-০-২৪-২, নাহিদ ১০-০-৪১-৪, মিরাজ ৬-১-২৩-১, মোসাদ্দেক ১০-১-৩৭-২, তানভির ৬-১-৩৩-০)
09 Jun 2026, 07:11 PM
বজ্রপাতের জন্য খেলা বন্ধ
বিরূপ আবহাওয়ার জন্য বন্ধ রয়েছে ম্যাচ। বজ্রপাত হওয়ায় প্রটোকল অনুযায়ী খেলোয়াড়দের নিয়ে মাঠ ছেড়েছেন দুই আম্পায়ার।
বন্ধ থাকা অবস্থাতেই নেমেছে বৃষ্টি।
৪২.২ ওভারে খেলা বন্ধ হওয়ার সময় অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ১৯১। জয়ের জন্য ৪৬ বলে ৯৪ রান চাই সফরকারীদের।
09 Jun 2026, 06:43 PM
জয়ের কাছে বাংলাদেশ
ফেরার ম্যাচে দারুণ ব্যাটিং করলেন, কার্যকর বোলিং করলেন, এবার দুর্দান্ত ক্যাচও নিলেন মোসাদ্দেক হোসেন। তাতে জয়ের দুয়ারে পৌঁছে গেল বাংলাদেশ।
মুস্তাফিজুর রহমানের বলে কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন ন্যাথান এলিস। অফ কাটারে টাইমিং করতে পারেননি তিনি। মিড অফ থেকে সীমানার দিকে দৌড়ে কাঁধের উপর দিয়ে আসা ক্যাচ নেন মোসাদ্দেক!
১৫ বলে ৮ রান করেন এলিস।
৩৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ১৫৯। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী অ্যাডাম জ্যাম্পা।
09 Jun 2026, 06:26 PM
বার্টলেটকে ফিরিয়ে নাহিদের চার
আরেকটি দারুণ বাউন্সারে মিলল আরেকটি উইকেট। নাহিদ রানা পৌঁছে গেলেন এমন উচ্চতায় যেখানে যেতে পারেননি দেশের আর কেউ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিনটির বেশি উইকেট নিলেন নাহিদ। আগের সেরা ছিল বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের ৩৬ রানে ৩ উইকেট।
ঘণ্টা প্রতি ১৪৮.৫ কিলোমিটার গতির বাউন্সারে ব্যাট চালিয়ে দেন জেভিয়ার বার্টলেট। টাইমিং হয়নি একেবারেই। সহজ ক্যাচ নেন তানজিদ হাসান।
৬ বল খেলে বার্টলেট করেন ১ রান।
৩৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৪১। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী ন্যাথান এলিস।
09 Jun 2026, 06:17 PM
নাহিদের দারুণ বাউন্সার, হৃদয়ের চমৎকার ক্যাচ
অভিষেকে ব্যাট হাতে ভালো করতে পারলেন না লিয়াম স্কট। নাহিদ রানার দারুণ বাউন্সারে তাওহিদ হৃদয়ের চমৎকার ক্যাচে ফিরলেন তিনি।
ঘণ্টা প্রতি ১৪৬ কিলোমিটার গতির বাউন্সার ঠিকঠাক খেলতে পারেননি স্কট। ক্যাচ যায় গালিতে। সাসনের দিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ক্যাচ নেন হৃদয়।
৪ বলে ২ রান করেন স্কট। তিনি নাহিদের তৃতীয় শিকার।
৩১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ১৩৯। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী জেভিয়ার বার্টলেট।
09 Jun 2026, 06:09 PM
রেনশকেও ফেরালেন মোসাদ্দেক
ফেরার ম্যাচ ব্যাটিংয়ের পর বোলিংয়েও রাঙিয়ে রাখছেন মোসাদ্দেক হোসেন। টানা বোলিং করা অফ স্পিনিং অলরাউন্ডার নিয়েছেন নিজের দ্বিতীয় উইকেট।
স্টাস্পে থাকা ডেলিভারি অফে খেলতে চেয়েছিলেন ম্যাট রেনশ। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি। বল প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।
রিভিউয়ের কথা ভাবলেও শেষ পর্যন্ত নেননি রেনশ। ৪ বলে তিনি করেন ২ রান।
৩০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৩৬। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী অভিষিক্ত লিয়াম স্কট।
09 Jun 2026, 06:04 PM
কেয়ারিকে থামালেন নাহিদ
এক প্রান্ত আগলে রাখা অ্যালেক্স কেয়ারিকে ফেরালেন নাহিদ রানা। গতিময় এই পেসারের চমৎকার ডেলিভারিতে কটবিহাইন্ড হলেন অ্যালেক্স কেয়ারি।
অফ স্টাম্পের একটু বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি কেয়ার। ঘণ্টা প্রতি ১৪৬ কিলোমিটার গতির বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
৬২ বলে পাঁচ চারে কেয়ারি করেন ৪৭ রান।
২৯ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ১৩০। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী ম্যাট রেনশ।
09 Jun 2026, 05:31 PM
বোলিংয়েও সফল মোসাদ্দেক
২০২২ সালের নভেম্বরের পর প্রথমবার ওয়ানডে খেলতে নেমে ক্যারিয়ার সেরা ইনিংসের পর বোলিংয়েও সাফল্য পেলেন মোসাদ্দেক হোসেন।
নিজের দ্বিতীয় ওভারে উইকেট পেলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। কুপার কনোলিকে ফিরিয়ে ভাঙলেন ৫৫ বল স্থায়ী ৪০ রানের জুটি।
স্টাম্পে থাকা ডেলিভারি জায়গায় লেগে সরে গিয়ে খেলতে চেয়েছিলেন কনোলি। বলের লাইনে যেতে পারেননি তিনি। আঘাত হানে লেগ স্টাম্পে।
স্লিপে তানজিদ হাসানের ব্যর্থতায় ১ রানে বেঁচে যাওয়া কনোলি ৫০ বলে পাঁচ চার ও এক ছক্কায় করেন ৩৫ রান।
২০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ৯১। ক্রিজে অ্যালেক্স কেয়ারির সঙ্গী ক্যামেরন গ্রিন।
09 Jun 2026, 04:53 PM
ইংলিসকে ফেরালেন নাহিদ
নিজের তৃতীয় ওভারে এসে উইকেটের দেখা পেলেন নাহিদ রানা। দারুণ এক ডেলিভারিতে নিলেন জশ ইংলিসের উইকেট।
গতিময় পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক। ঘণ্টা প্রতি ১৪৭.৯ কিলোমিটার গতির ডেলিভারি ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ৫৩ বল স্থায়ী ৪৯ রানের জুটি।
এরপর তর্ক লেগে যায় নাহিদ ও ইংলিসের মধ্যে। তবে ফিল্ডাররা দ্রুতই থামিয়ে দেন তাদের।
২৫ বলে তিন চারে ১৯ রান করেন ইংলিস।
১১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৫২। ক্রিজে কুপার কনোলির সঙ্গী অ্যালেক্স কেয়ারি।
09 Jun 2026, 04:47 PM
পাওয়ার প্লেতে ২ উইকেট
প্রথম দুই ওভারে এসেছিল দুটি উইকেট। এরপর আর সাফল্য পায়নি বাংলাদেশ।
১ রানে বেঁচে যাওয়া কুপার কনোলির সঙ্গে জুটি গড়েছেন অধিনায়ক জশ ইংলিস।
১০ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৫১।
09 Jun 2026, 04:21 PM
কনোলিকে জীবন দিলেন তানজিদ
টানা দুই ওভারে উইকেট পেতে পারতেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি পেসারের বলে স্লিপে কুপার কনোলির ক্যাচ নিতে পারলেন না তানজিদ হাসান।
ফুল লেংথ ডেলিভারি দিতে দিতে একটা বল থ্রি-কোয়ার্টার লেংথে করলেন মুস্তাফিজ। সেটায় ব্যাট চালিয়ে দেন কনোলি। ব্যাটের কানায় লেগে দ্রুত যায় প্রথম স্লিপে। সেখানে প্রতিক্রিয়া দেখাতে দেরি করে ফেলেন তানজিদ। তার আঙুল ছুঁয়ে বল চলে যায় সীমানায়।
কনোলি তখন ছিলেন ১ রানে।
৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ১০।
09 Jun 2026, 04:13 PM
এসেই মুস্তাফিজের আঘাত
প্রথম দুই ওভারে দুটি উইকেট হারাল অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের পর নিজের প্রথম ওভারে উইকেট নিলেন মুস্তাফিজুর রহমানও।
বাঁহাতি পেসারের প্রথম বল কাভারে খেলেন মার্নাস লাবুশেন। পরের লেগে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ।
তাতে পাল্টায় সিদ্ধান্ত। স্টাম্পে পড়ে সোজা যাওয়া ডেলিভারি আঘাত হানতো লেগ-মিডল স্টাম্পে।
৬ বল খেলে ১ রান করেন লাবুশেন।
৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৩। ক্রিজে কুপার কানোলির সঙ্গী অধিনায়ক জশ ইংলিস।
09 Jun 2026, 03:58 PM
প্রথম বলেই তাসকিনের উইকেট
ইনিংসের প্রথম বলেই ভাঙল অস্ট্রেলিয়ার শুরুর জুটি। তাসকিন আহমেদের দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন ম্যাথু শর্ট।
ভেতরে ঢোকা ডেলিভারি খেলতে দেরি করে ফেলেন শর্ট। ব্যাট-প্যাডের ফাঁক গলে বল আঘাত হানে মিডল স্টাম্পের চূড়ায়।
গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান শর্ট।
১ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ২। ক্রিজে কুপার কনোলির সঙ্গী মার্নাস লাবুশেন।
09 Jun 2026, 03:20 PM
কাভারে ঢাকা উইকেট
আকাশ মেঘে ঢাকা। বাংলাদেশের ইনিংস শেষে কিছুটা বৃষ্টিও নেমেছে। তাতে ঢেকে দেওয়া হয়েছে সেন্টার উইকেট।
09 Jun 2026, 03:19 PM
লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ
ইনিংসের শেষ বলে আউট হলেন তাসকিন আহমেদ। ভাঙল ৩৩ বল স্থায়ী ৪৫ রানের জুটি। মোসাদ্দেক হোসেনের সঙ্গে তাসকিনের এই জুটির সৌজন্যে তিনশ রানের কাছে বাংলাদেশের সংগ্রহ।
৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান করেছে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৭০ বলে সাত চার ও তিন ছক্কায় ৮৬ রানে অপরাজিত মোসাদ্দেক।
১৬ বলে দুই চার ও এক ছক্কায় ২০ রান করেন তাসকিন। তিনি অভিষিক্ত লিয়াম স্কটের দ্বিতীয় শিকার।
টস হেরে ব্যাট করতে নেমে তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্তর পঞ্চাশ ছোঁয়া ইনিংসে ভালো শুরু পায় বাংলাদেশ। মাঝে দিক হারালেও সাড়ে তিন বছর পর ফেরার ম্যাচে চমৎকার ইনিংসে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন মোসাদ্দেক।
উইকেটে স্লোয়ার বল বেশ কার্যকর। এই সুবিধা কাজে লাগানোর সামর্থ্য মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদদের আছে। সঙ্গে আছে কার্যকর স্পিনার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৪/৮ (সাইফ ৫, তানজিদ ৫৪, শান্ত ৬৭, লিটন ৭, হৃদয় ৩১, মোসাদ্দেক ৮৬*, মিরাজ ৩, তানভির ৫, তাসকিন ২০; বার্টলেট ১০-০-৬২-১, এলিস ১০-১-৩৮-৩, স্কট ৮-০-৫৭-২, গ্রিন ৪-০-৩১-০, শর্ট ৩-০-১৪-০, রেনশ ৮-০-৩৫-২, জ্যাম্পা ৭-০-৪৭-০)
09 Jun 2026, 02:43 PM
টিকলেন না তানভির
একটি চার মেরেই থেমে গেলেন তানভির ইসলাম। ন্যাথান এলিসের স্লোয়ারে ছক্কার চেষ্টায় মিড অফে ধরা পড়লেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
একটু পিছিয়ে গিয়ে ক্যাচ নেন লিয়াম স্কট।
৭ বলে ৫ রান করেন তানভির।
৪৫ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৩৯। ক্রিজে মোসাদ্দেক হোসেনের সঙ্গী তাসকিন আহমেদ।
09 Jun 2026, 02:40 PM
জ্যাম্পার উপর চড়াও মোসাদ্দেক
হুট করে যেন দিক হারিয়েছিল বাংলাদেশ। পাচ্ছিল না রান। জ্যাম্পার বলে চড়াও হয়ে রানের গতি বাড়ালেন মোসাদ্দেক হোসেন।
লেগ স্পিনারের বলে রিভার্স সুইপে দুটি চার মারেন এই অলরাউন্ডার। মাঝে ওড়ান ছক্কায়।
ওভার থেকে আসে ১৬ রান।
৪৪ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৩৫ রান। ৫৩ বলে ৬৫ রানে খেলছেন মোসাদ্দেক। ওয়ানডেতে এটাই তার সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল অপরাজিত ৫২, ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলেছিলেন ওই ইনিংস। বাংলাদেশকে এনে দিয়েছিলেন শিরোপা।
09 Jun 2026, 02:31 PM
মোসাদ্দেকের পঞ্চাশ, মিরাজের বিদায়
ফেরার ম্যাচে চমৎকার ব্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করলেন মোসাদ্দেক হোসেন, ৪৯ বলে। পরের বলে এলবিডব্লিউ হয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ।
লিয়াম স্কটের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশে যান মোসাদ্দেক।
পরের বলে শাফল করে লেগে খেলার চেষ্টায় এলবিডব্লিউ হন মিরাজ। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন তিনি। কিন্তু কাজ হয়নি।
১২ বল খেলে ৩ রান করতে পারেন মিরাজ।
৪৩ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২১৯। ক্রিজে মোসাদ্দেকের সঙ্গী তানভির ইসলাম।
৪৯ বলে দুই ছক্কা ও তিন চারে মোসাদ্দেকের রান ৫০।
09 Jun 2026, 02:20 PM
হৃদয়ের নড়বড়ে ইনিংসের সমাপ্তি
ক্যাচ দিয়ে শেষ হলো তাওহিদ হৃদয়ের নড়বড়ে ইনিংসের। অনেকটা সময় ক্রিজে থাকলেও ঠিক স্বস্তিতে ছিলেন না এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ভুগছিলেন টাইমিং পেতে।
জেভিয়ার বার্টলেটের আগের বলে একটুর জন্য ক্যাচ হয়নি। পরের পর ছিল স্লোয়ার, তেড়েফুড়ে মারতে গিয়ে ন্যাথান এলিসের হাতে ধরা পড়েন হৃদয়। ভাঙে ৯০ বল স্থায়ী ৭৫ রানের জুটি।
ভোগান্তির ইনিংসে ৫১ বলে এক চারে ৩১ রান করেন হৃদয়।
৪১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২১৬। ক্রিজে মোসাদ্দেক হোসেনের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
09 Jun 2026, 02:03 PM
৩৮ ওভারে বাংলাদেশের দুইশ
স্পিনাররা আক্রমণে আসার পর রানের গতি কিছুটা কমেছে। দুই থিতু ব্যাটসম্যানের সঙ্গে লিটন দাসের দ্রুত বিদায়ও রানের গতিতে প্রভাব ফেলেছে। তবে মোসাদ্দেক হোসেনের পাল্টা আক্রমণে বাড়ছে রানের গতি।
৩৮তম ওভারে দুইশ স্পর্শ করেছে বাংলাদেশের রান।
লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পার ওই ওভারে একটি করে চার মেরেছেন মোসাদ্দেক ও তাওহিদ হৃদয়।
৩৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২০৬। ৪৪ বলে ২৬ রানে খেলছেন হৃদয়। ৪০ বলে ৪৫ রানে ব্যাট করছেন মোসাদ্দেক।
09 Jun 2026, 01:50 PM
হৃদয়ের সঙ্গে মোসাদ্দেকের জুটিতে পঞ্চাশ
দ্রুত ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া বাংলাদেশকে টানছেন তাওহিদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন। পঞ্চম উইকেটে তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৫০ বলে।
ম্যাট রেনশর মাথার উপর দিয়ে ছক্কা মারার পর সিঙ্গেল নেন মোসাদ্দেক। তাতে জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।
জুটিতে অগ্রণী সাড়ে তিন বছর পর ওয়ানডে খেলতে নামা মোসাদ্দেক। ৩৭ রানই এসেছে তার ব্যাট থেকে। হৃদয়ের অবদান ১২ রান, অন্যটি অতিরিক্ত।
৩৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৯১। ২৯ বলে ১৯ রানে খেলছেন হৃদয়। ৩১ বলে ৩৭ রানে খেলছেন মোসাদ্দেক।
09 Jun 2026, 01:44 PM
জীবন পেলেন মোসাদ্দেক
আরেকটি উইকেট পেতে পারতেন ম্যাট রেনশ। পেলেন না কুপার কনোলির ব্যর্থতায়। সীমানায় মোসাদ্দেক হোসেনের ক্যাচ ছাড়লেন তিনি।
স্পিন বেশ ভালো সামলাচ্ছেন মোসাদ্দেক। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর অ্যাডাম জ্যাম্পাকে ছক্কায় ওড়ার তিনি।
এরপর আর তেমন একটা ভুগতে হয়নি তার। গড়বড় করে ফেলেন তিনি রেনশকে ছক্কায় ওড়ানোর চেষ্টায়। বেরিয়ে এসে টাইমিং করতে পারেননি, ব্যাটের ভেতরের দিকে লেগে ক্যাচ যায় লং অনে। সেখানে মুঠোয় রাখতে পারেননি কনোলি। সে সময় ২১ রানে ছিলেন মোসাদ্দেক।
৩২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৭২।
09 Jun 2026, 01:14 PM
উইকেট ছুঁড়ে এলেন শান্ত
আরও একটি উইকেট নিলেন ম্যাট রেনশ। বড় শটের চেষ্টায় উইকেট উপহার দিলেন নাজমুল হোসেন শান্ত।
স্টাম্পে থাকা ডেলিভারি জায়গা বানিয়ে লং অফের উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। টাইমিং করতে পারেননি তিনি। সহজ ক্যাচ নেন কুপার কনোলি।
৮৬ বলে নয় চার ও এক ছক্কায় ৬৭ রান করেন শান্ত।
২৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৪৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মোসাদ্দেক হোসেন।
২০২২ সালের অগাস্টের পর প্রথমবার দেশের হয়ে ওয়ানডে খেলছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। এই সময়ে বাংলাদেশ খেলেছে ৬৩টি ওয়ানডে।
09 Jun 2026, 01:04 PM
টিকলেন না লিটন
ম্যাট রেনশর বলে বেরিয়ে এসে গায়ের জোরে মারতে চাইলেন লিটন দস। ঠিকঠাক খেলতে পারলেন না অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান। চমৎকার রিফ্লেক্সে ক্যাচ নিলেন বোলার নিজেই।
মিড অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন লিটন। ব্যাটের ভেতরের দিকে লেগে বল যায় সোজা বোলারের কাছে। কোনোমতে মল মুঠোয় নেন রেনশ।
৯ বলে ৭ রান করেন রেনশ।
২২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১২৭। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাওহিদ হৃদয়।
09 Jun 2026, 12:49 PM
৫৭ বলে শান্তর পঞ্চাশ
৯ রানে বেঁচে যাওয়া নাজমুল হোসেন শান্ত এরপর থেকে খেলছেন আস্থার সঙ্গে। ৫৭ বলে ছুঁয়েছেন ক্যারিয়ারের ১২তম পঞ্চাশ।
জেভিয়ার বার্টলেটের বলে দুই রান নিয়ে পঞ্চাশে যান শান্ত। ওই ওভারে পরে চমৎকার শটে মারেন চার।
১৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১১৮। ৬১ বলে নয় চার ও এক ছক্কায় ৫৫ রানে ব্যাট করছেন শান্ত। ৪ বলে তিন রানে খেলছেন লিটন দাস।
09 Jun 2026, 12:39 PM
এলিসের স্লোয়ারে ফিরলেন তানজিদ
পঞ্চাশ ছুঁয়ে বেশি দূর এগোতে পারলেন না তানজিদ হাসান। ন্যাথান এলিসের দারুণ স্লোয়ারে মিড অফে ধরা পড়লেন বাঁহাতি এই ওপেনার।
আগের বলে ব্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে চার পান তানজিদ। পরের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন তিনি। ঘণ্টা প্রতি ১১০ কিলোমিটার গতির ডেলিভারিতে টাইমিং করতে পারেননি তিনি। ধরা পড়েন জেভিয়ার বার্টলেটের হাতে। ভাঙে ৯৬ বল স্থায়ী ৯১ রানের জুটি।
৪৪ বলে সাত চার ও এক ছক্কায় ৫৪ রান করেন তানজিদ।
১৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৭। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।
09 Jun 2026, 12:30 PM
৪১ বলে তানজিদের পঞ্চাশ
শুরু থেকে আস্থার সঙ্গে খেলে যাওয়া তানজিদ হাসান ছুঁয়েছেন পঞ্চাশ, ৪১ বলে।
ম্যাথু শর্টের বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ যান বাঁহাতি ওপেনার। ওভারের শেষ বলে নাজমুল হোসেন শান্তর চারে দলের রান স্পর্শ করে একশ।
১৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১০২। ৪১ বলে ছয়টি চার ও একটি ছক্কাঢ ৫০ রানে ব্যাট করছেন তানজিদ। ৫০ বলে আটটি চার ও একটি ছক্কায় ৪৬ রানে খেলছেন শান্ত।
09 Jun 2026, 11:55 AM
তানজিদ-শান্তর জুটিতে পঞ্চাশ
দ্বিতীয় উইকেটে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৪৭ বলে।
নবম ওভারে ক্যামেরন গ্রিনের বলে ছক্কা মারেন তানজিদ। পরের ওভারের প্রথম বলে অভিষিক্ত লিয়াম স্কটকে ছক্কায় ওড়ান শান্ত। এই শটেই জুটির রান স্পর্শ করে পঞ্চাশ।
সাইফ হাসানের দ্রুত বিদায়ের পর বাংলাদেশ ভালো শুরু পেয়েছে শান্ত ও তানজিদের ব্যাটে। তাদের সাবলীল ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে রান এসেছে দ্রুত।
১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬২। ৩০ বলে ২৫ রানে ব্যাট করছেন শান্ত। ২৫ বলে ৩১ রানে খেলছেন তানজিদ। দুই জনই মেরেছেন চারটি করে চার ও একটি করে ছক্কা।
09 Jun 2026, 11:31 AM
জীবন পেলেন শান্ত
ন্যাথান এলিসের বলে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় স্লিপে ক্যাচ নিতে পারলেন না মার্নাস লাবুশেন।
নিজের প্রথম ওভারে সাইফ হাসানকে বিদায় করেন এলিস। পরের ওভারে তিনি পেতে পারতেন শান্তর উইকেট। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি লাবুশেন।
আগের বলে বেরিয়ে এসে মিড অন দিয়ে চার মারেন শান্ত। পরের বল জায়গায় দাঁড়িয়ে ঠিকঠাক খেলতে পারেননি তিনি। ক্যাচ যায় উইকেটের পেছনে।
সে সময় ৯ রানে ছিলেন শান্ত।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৪।
09 Jun 2026, 11:14 AM
শুরুতেই ফিরলেন সাইফ
দ্বিতীয় ওভারেই ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। ন্যাথান এলিসের বলে স্লিপে ধরা পড়লেন সাইফ হাসান।
একটি চার মেরেই থেমে গেলেন সাইফ। ওয়ানডেতে আরও একবার ব্যর্থ হলেন তিনি।
অফ স্টাম্পের বাইরের শক্ত হাতে পুশ করেন সাইফ। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানা ছুঁয়ে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে। ডাইভ দিয়ে মুঠোয় জমান মার্নাস লাবুশেন।
২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৪।
ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত। ক্রিজে গিয়েই দারুণ ড্রাইভে চার মেরেছেন তিনি।
09 Jun 2026, 10:46 AM
স্কটের অভিষেক, ওপেনিংয়ে কনোলি
ওয়ানডেতে অভিষেক হচ্ছে অলরাউন্ডার লিয়াম স্কটের। চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের পর প্রথমবার ওয়ানডেতে ওপেনিংয়ে নামবেন কুপার কনোলি।
বিশেষজ্ঞ স্পিনার একজনই- অ্যাডাম জ্যাম্পা। প্রয়োজনে স্পিন করতে পারেন ম্যাথু শর্ট, ম্যাট রেনশ ও মার্নাস লাবুশেন।
অস্ট্রেলিয়া: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা।
09 Jun 2026, 10:39 AM
একাদশে মোসাদ্দেক, বাইরে রিশাদ
সাড়ে তিন বছর পর ওয়ানডে দলে ফেরা মোসাদ্দেক হোসেন জায়গা পেলেন একাদশে। দুই অফ স্পিনিং অলরাউন্ডারসহ তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
জায়গা হয়নি লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার মতোই বাইরে আছেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ- তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
09 Jun 2026, 10:34 AM
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচে টস জিতলেন জশ ইংলিস। অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক নিলেন ফিল্ডিং।
09 Jun 2026, 10:28 AM
জয়ে শুরুর লক্ষ্যে নামছে বাংলাদেশ
১৫ বছরের মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। ২০১১ বিশ্বকাপের পরপর শেষবার দেশের মাটিতেই ওই সিরিজ খেলেছিল তারা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শুরু হবে সকাল ১১টায়।
শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউ জিল্যান্ডের বিপক্ষে টানা চারটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল। অবশ্য চোট ও বিশ্রাম মিলিয়ে অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের অনেক খেলোয়াড়ই এই সফরে নেই।
পাকিস্তান সফর করে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া। ওই সিরিজে স্পিন সহায়ক উইকেটে খুব ভুগেছে জশ ইংলিসের নেতৃত্বাধীন দল। অস্ট্রেলিয়ার ভারপ্রাাপ্ত অধিনায়কের ধারণা ছিল, বাংলাদেশও স্পিন সহায়ক উইকেট পাবেন তারা। তবে জেতার জন্য স্পিন মঞ্চ বানাচ্ছে না বাংলাদেশ। খেলতে চাচ্ছে স্পোর্টিং উইকেটে।
চলতি বছর মিরপুরে খেলা পাঁচ ওয়ানডেতে ভালো করেছেন পেসাররা। সহায়ক উইকেট পেয়ে ২২.৬০ গড়ে তারা নিয়েছেন ৬৯ উইকেট। স্পিনাররা ৩৫.৫০ গড়ে নিয়েছেন ২৬ উইকেট।
09 Jun 2026, 10:18 AM
লাইভ ব্লগে স্বাগত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
