- লাইভ ব্লগের সমাপ্তি
- টেস্টে বাংলাদেশের আরেকটি ভালো দিন
- স্মিথের দামী উইকেট পেলেন মিরাজ
- স্টাম্প ছুঁয়ে গেল বল!
- জমে যাওয়া জুটি ভাঙলেন তাইজুল
- দুই ওপেনারকে দ্রুত ফেরানোর স্বস্তি
- আবারও হেডকে ফেরালেন হাসান
- রিভিউয়ে ব্যর্থ বাংলাদেশ
- শূন্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
- ২২৮ রানের লিড নিল বাংলাদেশ
- মিরাজকে ফিরিয়ে জুটি ভাঙলেন হেইজেলউড
- আরেকটি ভালো সেশন
- জীবন পেলেন তাসকিন ও মিরাজ
- বাংলাদেশের দুইশ রানের লিড
- ১১৭ বলে মিরাজের পঞ্চাশ
- শেষ রিভিউও হারাল অস্ট্রেলিয়া
- প্রথম ঘণ্টায় ২ উইকেট, ২৯ রান
- ছক্কা মেরেই শেষ তাইজুল
- শুরুতেই ফিরলেন হাসান
- বড় লিড চায় বাংলাদেশ
15 Aug 2026, 02:18 PM
লাইভ ব্লগের সমাপ্তি
ডারউইনে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
15 Aug 2026, 02:10 PM
টেস্টে বাংলাদেশের আরেকটি ভালো দিন
প্রথম ইনিংসে ২২৮ রানের লিড নেওয়া বাংলাদেশ তৃতীয় দিন ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার প্রথম চার ব্যাটসম্যানকে। তবে দুই অপরাজিত ব্যাটসম্যান ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স কেয়ারির দৃঢ়তায় ধীরে ব্যবধান কমিয়ে আনছে স্বাগতিকরা।
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৬১। ক্যামেরন গ্রিন দুই চারে ৮৬ বলে ব্যাট করছেন ৪৩ রানে। একবার তিনি বেঁচে যান স্টাম্পে বল লাগার পরও।
কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি ৫০ বলে তিন চারে ব্যাট করছেন ১৯ রানে। গ্রিনের সঙ্গে তার জুটিতে ৩৯ রান এসেছে ৯৪ বলে।
এখনও ৬৭ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
চতুর্থ দিনের প্রথম সেশন গুরুত্বপূর্ণ হবে দুই দলের জন্যই।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮
বাংলাদেশ ১ম ইনিংস: ৪২৬
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৫৩ ওভারে ১৬১/৪ (হেড ১৭, ওয়েদেরল্ড ০, লাবুশেন ৩১, স্মিথ ৪৪, গ্রিন ৪৩*, কেয়ারি ২৩*; তাসকিন ১২-৩-৩৮-০, হাসান ১১-২-৩৩-২, ইবাদত ৮-০-৩৮-০, তাইজুল ৯-০-২৮-১, মিরাজ ১৩-৪-২০-১)
15 Aug 2026, 01:12 PM
স্মিথের দামী উইকেট পেলেন মিরাজ
সাবলীল ব্যাটিং করতে থাকা স্টিভেন স্মিথকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। অস্ট্রেলিয়া হারাল চতুর্থ উইকেট।
শরীর থেকে বেশ দূরের বল পা বাড়িয়ে খেলেন স্মিথ। একটু আগেভাগেই শট খেলে ফেলায় বল উঠে যায় উপরে। ডাইভ দিয়ে চমৎকার ফিরতি ক্যাচ নেন মিরাজ। ভাঙে ১০৬ বল স্থায়ী ৪৯ রানের জুটি।
৮৮ বলে পাঁচ চারে ৪৪ রান করেন স্মিথ।
৩৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১২৪। ক্রিজে ক্যামেরন গ্রিনের সঙ্গী অ্যালেক্স কেয়ারি।
15 Aug 2026, 12:41 PM
স্টাম্প ছুঁয়ে গেল বল!
ভাগ্যকে পাশে পেলেন ক্যামেরন গ্রিন। বল স্টাম্প ছুঁয়ে গেলেও বোল্ড হলেন না এই অলরাউন্ডার!
তাসকিন আহমেদের চমৎকার ডেলিভারি গ্রিন ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের কানা নিয়ে প্যাডে লেগে স্টাম্প ছুঁয়ে যায় সীমানায়। তবুও বেঁচে যান ব্যাটসম্যান!
সে সময় ১২ রানে ছিলেন গ্রিন।
৩১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১১১। ১৬ রানে খেলছেন গ্রিন। ৪১ রানে ব্যাট করছেন স্টিভেন স্মিথ
15 Aug 2026, 11:58 AM
জমে যাওয়া জুটি ভাঙলেন তাইজুল
মনে হচ্ছিল কঠিন সময় পার করে দিয়েছেন মার্নাস লাবুশেন। এখন সময় বড় ইনিংস খেলার। তবে সেটি হতে দিলেন না তাইজুল ইসলাম। চমৎকার এক ডেলিভারিতে জমে যাওয়া জুটি ভাঙলেন বাঁহাতি এই স্পিনার।
লেগ-মিডল থাকা ফুল লেংথ ডেলিভারি পা বাড়িয়ে লেগে খেলতে চেয়েছিলেন লাবুশেন। কিন্তু ইয়র্কার বানিয়ে ফেলেন তিনি। তাই বলের নাগাল পাননি তিনি। হয়ে যান বোল্ড। ভাঙে ৫৮ বল স্থায়ী ৩৬ রানের জুটি।
দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া লাবুশেন দুই চারে ৫৯ বলে করেন ৩১ রান।
ডারউইন টেস্টে এই প্রথম উইকেট পেলেন বাংলাদেশের কোনো স্পিনার।
২০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৩। ক্রিজে স্টিভেন স্মিথের সঙ্গী ক্যামেরন গ্রিন।
15 Aug 2026, 11:19 AM
দুই ওপেনারকে দ্রুত ফেরানোর স্বস্তি
দ্বিতীয় সেশনে বাংলাদেশ দ্রুত শেষ দুটি উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হলো না। চা-বিরতিতে যাওয়ার আগে দুই ওপেনার জেইক ওয়েদেরল্ড ও ট্রাভিস হেডকে হারাল তারা।
বাংলাদেশ কেবল ৯ রান যোগ করতে শেষ দুটি উইকেট হারায়। শেষ পর্যন্ত নেয় ২২৮ রানের লিড।
দ্বিতীয় সেশন শেষে ১৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৫১। ৪৮ বলে দুই চারে ২১ রানে ব্যাট করছেন মার্নাস লাবুশেন। ১৭ বলে এক চারে ৮ রানে ব্যাট করছেন স্টিভেন স্মিথ। তাদের জুটিতে ১৪ রান এসেছে ৪০ বলে।
এখনও ১৭৭ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
15 Aug 2026, 10:46 AM
আবারও হেডকে ফেরালেন হাসান
প্রথম ইনিংসের মতো এবারও অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে ফেরালেন হাসান মাহমুদ। জেইক ওয়েদেরল্ডের পর তার বলে বোল্ড হলেন ট্রাভিস হেড।
আক্রমণে ফিরে নিজের দ্বিতীয় বলে উইকেট পেলেন হাসান। অফ স্টাম্প ঘেঁষা ডেভিভারিতে কাট করতে চেয়েছিলেন হেড। ঠিকঠাক পারেননি, কানায় লেগে আঘাত হানে লেগ স্টাম্পে। ভাঙে ৫৪ বল স্থায়ী ৩৩ রানের জুটি।
৩৫ বলে তিন চারে ১৭ রান করেন হেড।
কেবল দ্বিতীয়বার বাংলাদেশের কোনো বোলার কোনো টেস্টের দুই ইনিংসেই দুই ওপেনারকে আউট করতে পারলেন। ২০১৩ সালে প্রথম এই কীর্তি গড়েন রবিউল ইসলাম, হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে।
১১ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৩৮। ক্রিজে মার্নাস লাবুশেনের সঙ্গী স্টিভেন স্মিথ।
15 Aug 2026, 10:14 AM
রিভিউয়ে ব্যর্থ বাংলাদেশ
পঞ্চম ওভারে নিজেদের প্রথম রিভিউ হারাল বাংলাদেশ। মার্নাস লাবুশেনের বিপক্ষে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো সফরকারীরা।
তাসকিন আহমেদের আচমকা ভেতরে ঢোকা ডেলিভারিতে কোনো শট খেলেননি লাবুশেন। প্যাডে লাগলে জোরাল আবেদন করে বাংলাদেশ। এতে সাড়া দেননি আম্পায়ার। তাসকিনের আত্মবিশ্বাস দেখেই হয়তো রিভিউ নেন শান্ত।
বল বেরিয়ে যেত স্টাম্পের উপর দিয়ে।
৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ১২।
15 Aug 2026, 10:02 AM
শূন্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলেন জেইক ওয়েদেরল্ড।
অফ স্টাম্পের একটু বাইরের বল স্কয়ার দিয়ে খেলতে চেয়েছিলেন প্রবল চাপে থাকা বাঁহাতি ওপেনার। ব্যাটের কানায় লেগে বোল্ড হয়ে যান তিনি।
তিন বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। প্রথম ইনিংসে হাসানেই বলেই আউট হয়েছিলেন ওয়েদেরল্ড।
২ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৭। ক্রিজে ট্রাভিস হেডের সঙ্গী মার্নাস লাবুশেন।
15 Aug 2026, 09:43 AM
২২৮ রানের লিড নিল বাংলাদেশ
তৃতীয় দিন বাংলাদেশের শেষ চার উইকেট নিলেন জশ হেইজেলউড। ১৩৮ ওভারে ৪২৬ রানে থামল সফরকারীদের প্রথম ইনিংস।
২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করবে অস্ট্রেলিয়া।
হেইজেলউডের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে অ্যালেক্স কেয়ারির গ্লাভসে ধরা পড়েন ইবাদত হোসেন। ১৮ বলে এক ছয় ৭ রান করেন তিনি।
৩২ বলে দুই চারে ১৪ রানে অপরাজিত থাকেন তাসকিন আহমেদ।
তিন দিন মিলিয়ে ১৩৮ ওভার বোলিং করে বাংলাদেশের ১০ উইকেট নিতে পারল অস্ট্রেলিয়া। গত সাড়ে ৭ বছরে দেশের মাটিতে কোনো ইনিংসে তাদের এতো বেশি বোলিং করতে ২০১৯ সালের জানুয়ারিতে সিডনি টেস্টে ভারতকে অলআউট করতে তাদের লেগেছিল ১৬৭.২ ওভার। পরের ৭২ ইনিংসে কোনো দলকে অলআউট করতে তাদের ১৩৪.৩ ওভারের বেশি বোলিং করতে হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৫১/৬) ১৩৮ ওভারে ৪২৬ (মিরাজ ৬৫, হাসান ১৪, তাইজুল ১৭, তাসকিন ১৪*, ইবাদত ৭; স্টার্ক ২৬-৩-৭৯-২, হেইজলেউড ২৮-৩-৮৯-৬, গ্রিন ১০-২-৩৪-০, কামিন্স ২৭-৪-৭৫-১, লায়ান ৩১-৪-১০২-১, ওয়েবস্টার ১০-১-২৮-০, হেড ২-০-৩-০, লাবুশেন ৪-১-৪-০)
15 Aug 2026, 09:23 AM
মিরাজকে ফিরিয়ে জুটি ভাঙলেন হেইজেলউড
প্রথম সেশনে দুই উইকেট নেওয়া জশ হেইজেলউডই ভাঙলেন নবম উইকেট জুটির প্রতিরোধ। মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে অভিজ্ঞ এই পেসার নিলেন পাঁচ উইকেট। সঙ্গে অস্ট্রেলিয়ার নবম বোলার হিসেবে স্পর্শ করলেন তিনশ উইকেটের মাইলফলক।
অফ স্টাম্পের বেশ বাইরের বলে গায়ের জোরে মারতে চেয়েছিলেন মিরাজ। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে অ্যালেক্স কেয়ারির গ্লাভসে। ভাঙে ৯৬ বল স্থায়ী ৪৬ রানের জুটি।
১৩৪ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৪১৮। ক্রিজে সফরকারীদের শেষ জুটি।
15 Aug 2026, 08:44 AM
আরেকটি ভালো সেশন
ক্যামেরন গ্রিনের বল ছক্কায় ওড়ালেন মেহেদী হাসান মিরাজ। ওই শটে শেষ হলো প্রথম সেশনের খেলা। ডারউইন টেস্টে আরও একটি ভালো সেশন কাটাল বাংলাদেশ।
তৃতীয় দিন লাঞ্চে যাওয়ার সময় ১৩৩ ওভারে সফরকারীদের রান ৮ উইকেটে ৪১৭। ১৫২ বলে পাঁচ চার ও এক ছয়ে ৬৫ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। ২২ বলে দুই চারে ১২ রানে খেলছেন তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়াকে একরাশ হতাশায় ডুবিয়ে নবম উইকেটে তারা ৯২ বলে গড়েছেন ৪৫ রানের জুটি। চলতি টেস্টে এটি বাংলাদেশের চল্লিশ ছাড়ানো পঞ্চম জুটি।
বাংলাদেশের লিড এখন ২১৯ রান।
প্রথম সেশনে ২৩ ওভার বোলিং করে কেবল হাসান মাহমুদ ও তাইজুল ইসলামের উইকেট নিতে পেরেছে অস্ট্রেলিয়া। দুই ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন জশ হেইজলউড। পরে প্যাট কামিন্সের ওভারে দুটি ক্যাচ হাতছাড়া করেছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড।
15 Aug 2026, 08:24 AM
জীবন পেলেন তাসকিন ও মিরাজ
প্যাট কামিন্সের ওভারে দুটি সুযোগ হতছাড়া করল অস্ট্রেলিয়া। ক্যাচ দিয়েও বেঁচে গেলেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
ওভারের প্রথম বলে তাসকিনের বাউন্ডারিতে চারশ স্পর্শ করে বাংলাদেশের রান। পরের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দেন বাঁহাতি ব্যাটসম্যান। কিন্তু বিস্ময়করভাবে সহজ ক্যাচ নিতে পারেননি স্টিভেন স্মিথ।
কিপারদের বাইরে টেস্টে সবচেয়ে ক্যাচের রেকর্ডে জো রুটকে ছড়িয়ে চূড়ায় যাওয়ার সুযোগ হাতছাড়া করলেন স্মিথ। সে সময় ১০ রানে ছিলেন তাসকিন।
ওভারের পঞ্চম বলে বড় শটের চেষ্টায় ক্যাচ দেন মিরাজ। মিডউইকেট থেকে পেছন দিকে দৌড়ে যান ট্রাভিস হেড। পেছন থেকে আসা বলে হাত ছোঁয়াতে পারলেও মুঠোয় নিতে পারেননি তিনি। সে সময় ৫২ রানে ছিলেন মিরাজ।
১২৯ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪০৪।
15 Aug 2026, 08:10 AM
বাংলাদেশের দুইশ রানের লিড
ধীরে হলেও নিজেদের রান বাড়িয়ে নিচ্ছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদের জুটিতে দুইশ স্পর্শ করেছে সফরকারীদের লিড।
১২৭ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৯৮। ১২২ বলে ৫২ রানে খেলছেন মিরাজ। ১৬ বলে ৬ রানে ব্যাট করছেন তাসকিন।
অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট করা সফরকারীদের লিড এখন ২০০।
15 Aug 2026, 08:06 AM
১১৭ বলে মিরাজের পঞ্চাশ
মেহেদী হাসান মিরাজ ক্রিজে যাওয়ার সময় দ্বিতীয় নতুন বলে ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছিল অস্ট্রেলিয়া। সেই সময়টা কাটিয়ে দিয়ে এই অলরাউন্ডারকে দলকে এগিয়ে নিচ্ছেন।
হাসান মাহমুদ ও তাইজুল ইসলামের সঙ্গে গড়েছেন জুটি। এখন খেলছেন তাসকিন আহমেদের সঙ্গে। রান যতটা সম্ভব বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন মিরাজ। মিচেল স্টার্কের বলে দুই রান নিয়ে ছুঁয়েছেন পঞ্চাশ।
টেস্টে মিরাজের দ্বাদশ পঞ্চাশ এসেছে ১১৭ বলে।
১২৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৯৬। ১১৮ বলে পাঁচ চারে ৫১ রানে ব্যাট করছেন মিরাজ। ১৪ বলে এক চারে ৫ রানে খেলছেন তাসকিন আহমেদ।
15 Aug 2026, 07:46 AM
শেষ রিভিউও হারাল অস্ট্রেলিয়া
উইকেটের জন্য মরিয়া চেষ্টায় রিভিউ নিয়ে ব্যর্থ হলো অস্ট্রেলিয়া। বাংলাদেশের দুটি উইকেট বাকি থাকতে সব রিভিউ হারিয়ে ফেলল স্বাগতিকরা।
মিচেল স্টার্কের লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। জমা পড়ে অ্যালেক্স কেয়ারির গ্লাভসে। কিপার আত্মবিশ্বাসী ছিলেন, ব্যাট ছুঁয়ে এসেছে বল। তাই রিভিউ নেন প্যাট কামিন্স।
রিপ্লেতে দেখা যায়, বল স্পর্শ করেনি ব্যাট। তাতে তৃতীয় ও শেষ রিভিউও হারাল অস্ট্রেলিয়া।
১২৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৮০।
15 Aug 2026, 07:40 AM
প্রথম ঘণ্টায় ২ উইকেট, ২৯ রান
প্রথম দিন তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের প্রথম ইনিংস চলছে এখনও। তৃতীয় দিনের প্রথম ঘণ্টাও কাটিয়ে দিয়েছে সফরকারীরা।
প্রথম ঘণ্টায় ২৯ রান যোগ করেছে বাংলাদেশ। এই সময়ে হারিয়েছে হাসান মাহমুদ ও তাইজুল ইসলামের উইকেট। দুটি উইকেটই নিয়েছেন জশ হেইজেলউড।
১২২ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৮০। ১০২ বলে চার চারে ৪৩ রানে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। চার বল খেলে এখনও রান করতে পারেননি তাসকিন আহমেদ।
বাংলাদেশের লিড এখন ১৮২ রান।
15 Aug 2026, 07:21 AM
ছক্কা মেরেই শেষ তাইজুল
আস্থার সঙ্গে শুরু করলেও বেশি দূর যেতে পারলেন না তাইজুল ইসলাম। জশ হেইজেলউডকে চমৎকার শটে ছয় মারার পর সেই ওভারেই ফিরে গেলেন তিনি।
জশ হেইজেলউডের অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেন তাইজুল। ব্যাটের কানায় লেগে বল যায় গালিতে, ক্যামেরন গ্রিনের হাতে। ভাঙে ২৫ বল স্থায়ী ১৮ রানের জুটি।
জুটির ১৭ রানই করেন তাইজুল। তার ২৩ বলের ইনিংস গড়া একটি করে ছক্কা ও চারে। তিনি টেস্টে হেইজেলউডের ২৯৯তম শিকার।
১১৮ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৩৭২। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাসকিন আহমেদ।
15 Aug 2026, 07:14 AM
শুরুতেই ফিরলেন হাসান
তৃতীয় দিনের শুরুতে উইকেট পেল অস্ট্রেলিয়া। জশ হেইজেলউডের বলের লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে গেলেন হাসান মাহমুদ। আগের দিন প্রবল প্রতিরোধ গড়া জুটি ভেঙে গেল দিনের চতুর্থ ওভারে।
জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন হাসান। বলের লাইনে যেতে পারেননি তিনি। প্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন ব্যাটসম্যান, তবে কাজ হয়নি।
হাসানের বিদায়ে ভাঙে ১৭০ বল স্থায়ী ৪৬ রানের জুটি। ৯২ বলে দুই চারে ১৪ রান করেন হাসান।
১১৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩৫৫। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী তাইজুল ইসলাম।
15 Aug 2026, 06:03 AM
বড় লিড চায় বাংলাদেশ
২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ কাটিয়েছে দারুণ দুটি দিন। তাতে ডারউইন টেস্টে চালকের আসনে বসেছে নাজমুল হোসেন শান্তর দল।
৬ উইকেটে ৩৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। শনিবার খেলা শুরু হবে সাড়ে ৬টায় (এএম)।
৭৩ বলে তিন চারে ৩২ রানে ব্যাট করছেন মিরাজ। ৭৬ বলে দুই চারে ১৩ রানে ব্যাট করছেন হাসান মাহমুদ। তাদের জুটিতে ৪৩ রান এসেছে ১৪৭ বলে।
দ্বিতীয় দিন ৮৬ ওভার বোলিং করে কেবল পাঁচ উইকেট নিতে পেরেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ করতে পেরেছে ২৫৫ রান। ৪ উইকেট হাতে নিয়ে সফরকারীরা এগিয়ে রয়েছে ১৫৩ রানে।
সিরিজের প্রথম টেস্টে এখনও বাকি তিন দিনের খেলা। ম্যাচ যে কোনো দিকেই ঘুরে যেতে পারে। তবে লাগাম নিজেদের হাতে রাখতে দুইশ ছাড়ানো লিডের লক্ষ্য নিয়েই নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৯৮
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৯৬/১) ১১০ ওভারে ৩৫১/৬ (তানজিদ ১০১, মুমিনুল ৪৯, শান্ত ৮৪, মুশফিক ৩৬, লিটন ০, মিরাজ ৩২*, হাসান ১৩*; স্টার্ক ২১-২-৬৮-২, হেইজলেউড ২০-৩-৬৮-২, গ্রিন ৮-২-২৬-০, কামিন্স ২০-৩-৫০-১, লায়ান ২৫-১-৯২-১, ওয়েবস্টার ১০-১-২৮-০, হেড ২-০-৩-০, লাবুশেন ৪-১-৪-০)
লাইভ ব্লগে স্বাগত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ডারউইন টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।