সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২১৩/৭
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২১৩/৯
সুপার ওভার:
ওয়েস্ট ইন্ডিজ: ১ ওভারে ১০/১
বাংলাদেশ: ১ ওভারে ৯/১
21 Oct 2025, 09:28 PM
সুপার ওভারে ১ রানে হার
আকিল হোসেন প্রথম বল করেন ওয়াই। পরেরটি নো, সঙ্গে আসে ২ রান। ফ্রি হিট কাজে লাগাতে পারেননি সৌম্য সরকার, নেন ১ রান।
এক বল ডট খেলে সিঙ্গেল নেন সাইফ হাসান।
৩ বলে ৫ রানের সমীকরণ মেলানোর চেষ্টায় সীমানায় ধরা পড়েন সৌম্য।
নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ব্যাটে খেলতে পারেননি। প্যাডে লেগে পান সিঙ্গেল।
১ বলে প্রয়োজন ৪। এমন সময় ওয়াইড করেন আকিল। কিন্তু শেষ বলে ১ রানের বেশি নিতে পারেননি সাইফ।
সুপার ওভারে ১ রানে জিতে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ।
বিস্ময়করভাবে দুই ম্যাচে শেষে ঝড় তোলা রিশাদ হোসেনকে সুপার ওভারে নামায়নি বাংলাদেশ।
21 Oct 2025, 09:09 PM
১১ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
মুস্তাফিজুর রহমানের করা সুপার ওভার থেকে ১০ রান করল ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে ফেরেন শেরফেন রাদারফোর্ড।
প্রথম ৫ বলে আসে ৬ রান। শেষ বলে শেই হোপের ব্যাটের কানায় লেগে চলে আসে বাউন্ডারি।
21 Oct 2025, 08:56 PM
সাইফের দুর্দান্ত ওভারে ম্যাচ টাই
মাত্র ৫ রান প্রয়োজন, ম্যাচে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত ওভারে বাংলাদেশকে প্রায় জিতিয়ই দিচ্ছিলেন সাইফ হাসান। নুরুল হাসান ক্যাচ ধরতে না পারায় ম্যাচ হলো টাই।
প্রথম দুটি বল ডট খেলান সাইফ। পরের দুই বলে আসে দুটি সিঙ্গেল।
পঞ্চম বলে বোল্ড হয়ে যান আকিল হোসেন। এক ছক্কায় তিনি ১৬ বলে করেন ১৭ রান।
শেষ বলে আকাশে তুলে দিয়ে ২ রান নেন খ্যারি পিয়ের। ছুটে গিয়ে গ্লাভসে নিয়েও জমাতে পারেননি কিপার সোহান। শেষ সময়ে ফস্কে যায় বল।
সব সংস্করণ মিলিয়ে এটাই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম টাই।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, মিরাজ ৩২*, নাসুম ১৪, সোহান ২৩, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেইস ১০-২-৪৪-০, পিয়ের ১০-০-৪৩-০, মোটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২১৩/৯ (আথানেজ ২৮, কিং ০, কার্টি ৩৫, ওগিস ১৭, হোপ ৫৩*, রাদারফোর্ড ৭, মোটি ১৫, চেইস ৫, গ্রেভস ২৬, আকিল ১৬, পিয়ের ২; নাসুম ১০-০-৩৮-২, মিরাজ ১০-১-৩৮-০, মুস্তাফিজ ৮-০-৪০-০, তানভির ১০-০-৪২-২, রিশাদ ১০-০-৪২-৩, সাইফ ২-০-৯-১)
ফল: ম্যাচ টাই
21 Oct 2025, 08:43 PM
দারুণ ব্যাটিংয়ে হোপের পঞ্চাশ
এক প্রান্ত আগলে রেখে দলকে টানছেন শেই হোপ। মুস্তাফিজুর রহমানের বলে দুই রান নিয়ে স্পর্শ করেছেন পঞ্চাশ।
৬৫ বলে পঞ্চাশ করার পথে চারটি চার মেরেছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
৪৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ২০৯। জয়ের জন্য শেষ ওভারে কেবল ৫ রান চাই সফরকারীদের।
21 Oct 2025, 08:26 PM
মিরাজের দারুণ থ্রোয়ে রান আউট গ্রেভস
ওয়েস্ট ইন্ডিজের জমে যাওয়া জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে গেলেন জাস্টিন গ্রেভস।
তানভির ইসলামের বল কাভারে পাঠিয়ে দ্রুত একটি সিঙ্গেলের জন্য ছুটেন শেই হোপ। সাড়া দেন গ্রেভস।ভ কিন্তু ছুটে গিয়ে দারুণ থ্রোয়ে বেলস ফেলে দেন মিরাজ। ভাঙে ৬৫ বল স্থায়ী ৪৪ রানের জুটি।
৩৯ বলে দুই চারে ২৬ রান করেন গ্রেভস।
৪৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটে ১৭৭। ক্রিজে হোপের সঙ্গী আকিল হোসেন।
21 Oct 2025, 08:08 PM
শেষ ১০ ওভারে ৬৪ রান চাই উইন্ডিজের
জাস্টিন গ্রেভসের সঙ্গে ধীরে হলেও ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে নিচ্ছেন শেই হোপ। ৩৬ বলে অষ্টম উইকেটে তারা যোগ করেছেন ১৭ রান।
৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ১৫০। ৪২ বলে দুই চারে ২৬ রানে খেলছেন অধিনায়ক হোপ। ২২ বলে গ্রেভসের রান ৯।
জয়ের জন্য শেষ ১০ ওভারে ৬৪ রান চাই সফরকারীদের।
21 Oct 2025, 07:41 PM
চেইসকে দ্রুত ফেরালেন নাসুম
বল গ্লাভসে নিয়ে উদযাপন শুরু করলেন নুরুল হাসান সোহান। আম্পায়ারকে অনড় থেকে মেহেদী হাসান মিরাজকে বললেন রিভিউ নিতে। সেটি নিলেন বাংলাদেশ অধিনায়ক, কট বিহাইন্ড হয়ে ফিরলেন রোস্টন চেইস।
নাসুম আহমেদের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন চেইস। স্পিন করে বেরিয়ে যাওয়া বল ছুঁয়ে যায় ব্যাটের কানা। মৃদু স্পর্শ বুঝতে পারেননি আম্পায়ার। রিভিউয়ে আল্ট্রা এজে মেলে সেটির প্রমাণ। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত।
১১ বলে এক চারে ৫ রান করেন চেইস।
৩৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ১৩৩। ক্রিজে শেই হোপের সঙ্গী জাস্টিন গ্রেভস।
21 Oct 2025, 07:35 PM
স্পিন বোলিংয়ে আরেক রেকর্ড
প্রথম ইনিংসে ক্যারিবিয়ান স্পিনারদের সৌজন্য একগাদা রেকর্ডের পর যোগ দিলেন বাংলাদেশর স্পিনাররাও। ৩৩ ওভারের মধ্যে ৩০ ওভারই করলেন স্বাগতিক স্পিনাররা। এতে ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ স্পিনের রেকর্ড হয়ে গেল।
আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা ২০১৯ সালে ভারতের দেরাদুনে মিলে করেছিলেন ৪৭০ বল। মিরপুরে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৩ ওভারের মধ্যে দুই দলের স্পিনাররা করে ফেলেছেন ৪৮০ বল। বাকি সময়ে সেটা ক্রমেই আরও বাড়বে।
21 Oct 2025, 07:30 PM
রিশাদের দারুণ ডেলিভারিতে বোল্ড মোটি
ধীরে ধীরে জমে যাচ্ছিল জুটি, বাড়ছিল রানের গতি। সেই জুটির ইতি টানলেন রিশাদ হোসেন।
স্টাম্পে থাকা ফুল লেংথ ডেলিভারির লাইনে যেতে পারেননি মোটি। টাইমিংয়ের চেয়ে গায়ের জোরে বেশি নির্ভর করা বাঁহাতি ব্যাটসম্যান স্লগ করে বসেন আগেই। বল আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৩৪ বল স্থায়ী ২৫ রানের জুটি।
২১ বলে দুই চারে ১৫ রান করেন মোটি।
৩৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ১২৯। ক্রিজে শেই হোপের সঙ্গী রোস্টন চেইস।
21 Oct 2025, 07:14 PM
রাদারফোর্ডকে দ্রুত ফেরালেন তানভির
শেরফেন রাদারফোর্ডকে বেশিক্ষণ টিকতে দিলেন না তানভির ইসলাম। চমৎকার এক ডেলিভারিতে বাঁহাতি ব্যাটসম্যানকে এলবিডব্লিউ করে দিলেন তিনি।
ব্যাক ফুটে পুশ করতে চেয়েছিলেন ব্যাটসম্যান। বলের লাইনে যেতে পারেননি তিনি। জোরাল আবেদনে সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার।
১৩ বলে ৭ রান করেন রাদারফোর্ড।
২৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১০৮। ক্রিজে শেই হোপের সঙ্গী গুডাকেশ মোটি।
21 Oct 2025, 06:53 PM
কার্টিকেও ফেরালেন রিশাদ
সাবলীল ব্যাটিং করা কেসি কার্টিকে ফিরিয়ে দিলেন রিশাদ হোসেন। আগে থেকেই ঠিক করে রাখা রিভার্স সুইপ করলেও বলের লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান। বল আঘাত হানে প্যাডে।
আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলে নন আকিম ওগিসের সঙ্গে রিভিউ নিয়ে কথা বলেন কার্টি। ওয়েস্ট ইন্ডিজের কোনো রিভিউ বাকি থাকায় ফিরে যান তিনি। তবে রিভিউ থাকলেও কাজ হতো না, বল আঘাত হানত মিডল স্টাম্পে। ভাঙে ৪৭ বল স্থায়ী ৩০ রানের জুটি।
৫৯ বলে দুই চার ও এক ছক্কায় ৩৫ রান করেন কার্টি।
২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৮৮। ক্রিজে আকিম ওগিসের সঙ্গী অধিনায়ক শেই হোপ।
21 Oct 2025, 06:18 PM
আথানেজকে ফিরিয়ে জুটি ভাঙলেন রিশাদ
আগের ম্যাচে ৬ উইকেট নেওয়া রিশাদ হোসেন এবার সাফল্য পেলেন নিজের প্রথম ওভারে। আলিক আথানেজকে এলবিডব্লিউ করে ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের পঞ্চাশ ছোঁয়া জুটি।
আগের বলে চার মেরে জুটির রান পঞ্চাশে নিয়ে যান আথানেজ। পরের বলে প্যাডেল সুইপে ব্যর্থ হয়ে এলবিডব্লিউ হয়ে যান বাঁহাতি এই ওপেনার।
লেগ স্পিনারের বলের লাইনে যেতে পারেনি আথানেজ। সামনের পায়ে বল আঘাত হানলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব্যাটসম্যান।
তাতে অবশ্য কোনো কাজ হয়নি। বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পে। আরেক ওপেনার ব্র্যান্ডন কিংয়ের মতো আথেনেজও ফিরলেন একটি রিভিউ নষ্ট করে। বাকি সময়ের জন্য আর কোনো রিভিউ থাকল না সফরকারীদের।
৭৮ বল স্থায়ী ৫১ রানের জুটি ভাঙল আথানজের বিদায়ে। ৪২ বলে চারটি চারে ২৮ রান করলেন বাঁহাতি ওপেনার।
১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৫৩। ক্রিজে কেসি কার্টির সঙ্গী অভিষিক্ত আকিম ওগিস।
21 Oct 2025, 05:55 PM
পাওয়ার প্লেতে ১ উইকেট
প্রথম ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। বাকি সময়ে অবশ্য আর সাফল্য হাতে ধরা দেয়নি।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৩৪। আলিক আথানেজ ৩০ কলে ১৫ রানে খেলছেন। কেসি কার্টির রান ২৯ বলে ১৯।
৫ ওভারের স্পেলে ১৭ রানে ১ উইকেট নিয়েছেন নাসুম। ২ ওভারে কেবল ৩ রান দিয়েছেন মুস্তাফিজুর রহমান।
21 Oct 2025, 05:44 PM
অবশেষে আক্রমণে পেস
দুই ইনিংস মিলিয়ে ৫৭ ওভার খেলা হওয়ার পর বল হাতে পেলেন একজন পেসার। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের অষ্টম ওভার করলেন মুস্তাফিজুর রহমান।
মিরপুরের এই উইকেটে স্পিনারদের চেয়ে কোনো অংশ কম হুমকি নন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে তিনি দিলেন কেবল ১ রান।
৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ২৭।
21 Oct 2025, 05:26 PM
প্রথম ওভারেই নাসুমের আঘাত
ওয়ানডেতে ফেরার ম্যাচে প্রথম ওভারেই উইকেট পেলেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনারের চমৎকার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন ব্র্যান্ডন কিং।
ইনিংসের প্রথম বলে আলিক আথানেজের বিরুদ্ধে এলবিডব্লিউর জোরাল আবেদন করে বাংলাদেশ। তাতে সাড়া দেননি আম্পায়ার।
এক বল পর কিংয়ের বিপক্ষে আবেদন করে সফল হয় স্বাগতিকরা।
বাঁহাতি স্পিনারের পিচ করার পর সোজা যাওয়া ডেলিভারিতে সুইপ করতে পারেননি কিং, ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে প্যাডে। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন তিনি। তাতে কাজ হয়নি, বল আঘাত হানত অফ স্টাম্পে।
গোল্ডেন ডাকের তেতো স্বাদের সঙ্গে একটি রিভিউ নষ্টের হতাশা নিয়ে মাঠ ছাড়েন কিং।
১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৫। ক্রিজে আথানেজের সঙ্গী কেসি কার্টি।
21 Oct 2025, 04:52 PM
রিশাদ-মিরাজের জুটিতে পঞ্চাশ
নুরুল হাসান সোহানের বিদায়ের পর ক্রিজে গিয়ে ঝড় তুললেন রিশাদ হোসেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে মাত্র ২৪ বলে গড়লেন ৫০ রানের জুটি।
আগের ম্যাচের মতো এবারও রিশাদের শেষের ঝড়ে দুইশ পার হল বাংলাদেশের সংগ্রহ।
৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করল বাংলাদেশ।
১৪ বলে তিনটি করে ছক্কা ও চারে ৩৯ রানে অপরাজিত থাকেন রিশাদ। আরেক প্রান্তে ৫৮ বলে এক চারে ৩২ রান করেন মিরাজ।
এই ইনিংসে অভাবনীয় এক ঘটনা দেখল ক্রিকেট বিশ্ব। ইতিহাসে প্রথমবার কোনো ইনিংসে পুরো ৫০ ওভার বোলিং করলেন পাঁচ স্পিনার। ৪৪ ওভারের বেশি এর আগে স্পিনারদের দিয়ে করায়নি কোনো দল।
নিয়মিত বোলারদের মাঝে আলো ছড়ালেন অনিয়মিত অফ স্পিনার আলিক আথানেজ। মাত্র ১৪ রান দিয়ে তিনি নিলেন ২ উইকেট।
21 Oct 2025, 04:33 PM
সোহানের বিদায়ে ভাঙল জুটি
নুরুল হাসান সোহানকে ফিরিয়ে জুটি ভাঙলেন গুডাকেশ মোটি।
বাঁহাতি স্পিনারের বল লেগে ঘুরাতে চেয়েছিলেন সোহান। শট খেলে ফেলেন আগেভাগেই। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় বোলারের হাতে। ভাঙে ৪৫ বল স্থায়ী ৩৫ রানের জুটি।
২৪ বলে এক ছক্কা ও দুই চারে ২৩ রান করেন সোহান।
৪৬ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৬৩। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী রিশাদ হোসেন।
21 Oct 2025, 04:27 PM
ওয়ানডে ইতিহাসে স্পিনে সর্বোচ্চ ওভার
ওয়ানডেতে কোনো ইনিংসে স্পিনারদের দিয়ে সর্বোচ্চ বোলিং করানোর রেকর্ড ছিল শ্রীলঙ্কার। তিনটি ভিন্ন ম্যাচে ৪৪ ওভার করে বোলিং করেছিলেন দেশটির স্পিনাররা।
তাদের ছাড়িয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের ৫ স্পিনার এখন পর্যন্ত করেছেন ৪৫ ওভার।
রেকর্ড গড়া এই ওভারে একটি উইকেট পেতে পারত ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু আকিল হোসেনের বলে মেহেদী হাসান মিরাজের ক্যাচ নিতে পারেননি ব্র্যান্ডন কিং।
৪৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬০।
21 Oct 2025, 04:15 PM
জীবন পেলেন সোহান
গুডাকেশ মোটির বলে কঠিন একটি সুযোগ হাতছাড়া করল ওয়েস্ট ইন্ডিজ। রিভার্স সুইপের চেষ্টায় স্লিপে ক্যাচ দিয়েছিলেন নুরুল হাসান সোহান। কিন্তু দ্রুত গতিতে আসা ক্যাচ নিতে পারেননি জাস্টিন গ্রেভস।
সেই ওভারে সোহানের ছক্কা ও চারে আসে ১১ রান।
৪১ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৪২। ৩৪ বলে মেহেদী হাসান মিরাজের রান ১১। ৮ বলে সোহানের. রান ১২।
21 Oct 2025, 04:15 PM
বাংলাদেশের মাটিতে স্পিনে সর্বোচ্চ বোলিং
স্পিন মঞ্চে রেকর্ডের অনেক পাতার শীর্ষে উঠে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের নাম। বাংলাদেশের মাঠে কোনো ইনিংসে স্পিনে সর্বোচ্চ ওভার বোলিংয়ের রেকর্ড গড়েছে সফরকারীরা।
২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে এবং ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছিল বাংলাদেশ। সেসব ছাড়িয়ে এরই মধ্যে ৪১ ওভার স্পিনারদের দিয়ে করিয়েছেন শেই হোপ।
21 Oct 2025, 04:06 PM
ছক্কা মেরেই শেষ নাসুম
গুডাকেশ মোটিকে ছক্কা মেরে গা ছাড়া দিলেন নাসুম আহমেদ। পরের বলে এলো দুই। তৃতীয় বলে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি।
ওভার দা উইকেট থেকে মোটি গেলেন রাউন্ড দা উইকেটে। অ্যাঙ্গেল পরিবর্তন করে তিনি পেলেন সাফল্য। আগেভাগে শট খেলে ফেলে শর্ট মিডউইকেটে সহজ ক্যাচ দিলেন নাসুম। ভাঙল ৪৮ বল স্থায়ী ২৫ রানের জুটি।
২৬ বলে এক ছক্কায় ১৪ রান করলেন নাসুম।
৩৯ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১২৮। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী নুরুল হাসান সোহান।
21 Oct 2025, 04:02 PM
আথানেজের ১০ ওভারে কেবল ১৪
অনিয়মিত অফ স্পিনারের কাছে এর বেশি কি চাইতে পারেন একজন অধিনায়ক। আলিক আথানেজ একটানা ১০ ওভার বল করে গেলেন। মাত্র ১৪ রান দিয়ে নিলেন দুটি উইকেট। মেডেন তিনটি!
এর আগে সব মিলিয়ে মাত্র ৪ ওভার বোলিং করেছিলেন আথানেজ। এবার কোটা পূরণ করলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ১০ ওভারে এর চেয়ে কম রান দিয়েছেন কেবল ইয়ান ব্র্যাডশ। ২০০৪ সালে মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার।
বাংলাদেশের মাঠে ওয়ানডেতে এর চেয়ে কম রান দিয়েছেন কেবল সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে এই মাঠেই ১০ ওভারে ১১ রান দিয়েছিলেন তিনি। এছাড়া আরও দুই ম্যাচে ১৩ রান করে দেন বাঁহাতি এই অলরাউন্ডার।
21 Oct 2025, 04:02 PM
স্পিনে উইন্ডিজের সর্বোচ্চ বোলিং
আলিক আথানেজের দারুণ বোলিংয়ের সৌজন্যে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসকে বোলিংয়ে আনেননি শেই হোপ। এতে শুরু থেকে শুধু স্পিনাররাই বল করে যাচ্ছেন। তাতে ওয়ানডেতে এক ইনিংসে স্পিনারদের দিয়ে সবচেয়ে বেশি বোলিংয়ের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ।
২০০১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিনারদের দিয়ে ৩৪ ওভার বোলিং করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে সেটি ছাড়িয়ে ৩৫ ওভার করে ফেলেছেন আথানেজ, আকিল হোসেন, খ্যারি পিয়ের, গুডাকেশ মোটিরা।
৩৫ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১১৩।
21 Oct 2025, 03:31 PM
ছক্কার চেষ্টায় থামলেন সৌম্য
লম্বা সময় এক প্রান্ত আগলে রাখা সৌম্য সরকার ছটফট করছিলেন রানের জন্য। আকিল হোসেনকে ছক্কা মেরে সরাতে চেয়েছিলেন চাপ। সেটা হয়নি, উল্টো সীমানায় ক্যাচ দিয়ে বিদায় নিলেন বাঁহাতি ওপেনার।
অফ স্টাম্পের বাইরের বলে স্লগ সুইপে টাইমিং করতে পারেননি সৌম্য। ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ নেন খ্যারি পিয়ের। ৮৯ বলে তিন চারে ৪৫ রান করেন সৌম্য।
৩১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০৪। ক্রিজে মেহেদী হাসান মিরাজের সঙ্গী নাসুম আহমেদ। নুরুল হাসান সোহান থাকার পরও হয়তো ডানহাতি-বামহাতি কম্বিনেশনের জন্য প্রমোশন দিয়ে আগে পাঠানো হয়েছে নাসুমকে।
21 Oct 2025, 03:25 PM
৩০ ওভারে বাংলাদেশের একশ
ধীরে ধীরে কমছে বাংলাদেশের রান রেট। বাড়ছে ডট বলের সংখ্যা। আলিক আথানেজের বলে প্রথম বাউন্ডারিতে ৩০তম ওভারে দলকে শতরানে নিয়েছেন সৌম্য সরকার।
৩০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০৩।
21 Oct 2025, 03:22 PM
ছক্কার চেষ্টায় অক্কা মাহিদুল
শূন্য রানে জীবন পাওয়ার পর দুটি চার মেরে চাপ সরিয়ে নিয়েছিলেন মাহিদুল ইসলাম। কিন্তু ক্যারিবিয়ানদের আঁটসাঁট বোলিংয়ে ডট বলের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় কিছুটা চাপে পড়েছিলেন তিনি। ছক্কা সেটা সরিয়ে দিতে গিয়ে সীমানায় ধরা পড়লেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
অনিয়মিত অফ স্পিনার আলিক আথানেজের বলে রানের পথ খুঁজে পাচ্ছেন না ব্যাটসম্যানরা। তাকে ছক্কা মারতে দিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে শেরফেন রাদারফোর্ডের হাতে ধরা পড়েন মাহিদুল। ফিল্ডারের এক ইঞ্চিও জায়গা থেকে নড়তে হয়নি। ভাঙে ৬৪ বলে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ২৮ রানের জুটি।
৩৫ বলে দুই চারে ১৭ রান করেন মাহিদুল।
২৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৯৬। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।
21 Oct 2025, 03:08 PM
মাঝপথে চাপে বাংলাদেশ
উইকেট খুব বেশি না হারলেও সহজে রান করতে পারছে না বাংলাদেশ। অনিয়মিত অফ স্পিনার আলিক আথানেজের বলে বেশ ভুগছেন সৌম্য সরকার ও মাহিদুল ইমলাম।
দুই ব্যাটসম্যানই একবার করে জীবন পেয়েছেন খ্যারি পিয়েরের বলে।
২৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৮। ২৪ বলে ১২ রানে খেলছেন মাহিদুল। ৭১ বলে সৌম্যর রান ৩৬।
৪ ওভারে আথানেজ দিয়েছেন কেবল ২ রান! দুটি মেডেন নেওয়া অফ স্পিনার নিয়েছেন নাজমুল হোসেন শান্তর উইকেট।
21 Oct 2025, 02:57 PM
একটুর জন্য বাঁচলেন সৌম্য
খ্যারি পিয়েরের ওভারে আরেকটি সুযোগ হাতছাড়া করলেন শেই হোপ। এবার বেঁচে গেলেন সৌম্য সরকার।
বাঁহাতি স্পিনারের বল বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন সৌম্য। কিন্তু ব্যাট ছোঁয়াতে পারেননি। প্যাডে লেগে লেগ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যায়। তাড়াহুড়ায় গ্লাভসে জমাতে পারেননি কিপার হোপ।
সে সময় ৩৩ রানে ছিলেন সৌম্য।
২৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮৫।
21 Oct 2025, 02:53 PM
শূন্য রানে বাঁচলেন মাহিদুল
একটুর জন্য বেঁচে গেলেন মাহিদুল ইসলাম। খ্যারি পিয়েরের বলে তার ক্যাচ নিতে পারলেন না ওয়েস্ট ইন্ডিজের উইকেটরক্ষক শেই হোপ।
বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করেন মাহিদুল। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় উইকেটের পেছনে। সেখানে প্রতিক্রিয়া দেখাতে বেশ দেরি করে ফেলেন হোপ। বেঁচে যান মাহিদুল।
সেই ওভারের শেষ বলে চার মেরে রানের দেখা পান মাহিদুল।
১৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৩।
21 Oct 2025, 02:41 PM
আলগা শটে শান্তর বিদায়
সাবলীল ব্যাটিং করা নাজমুল হোসেন শান্ত ফিরলেন নিজের উইকেট বিলিয়ে। অনিয়মিত অফ স্পিনার আলিক আথানেজের শর্ট বলে ক্যাচ তুলে দিলেন তিনি মিড অনে, ব্র্যান্ডন কিংয়ের হাতে।
এই বলে আউট হয়েছেন, শান্তর নিজেরই বিশ্বাস হইল না। অফ স্টাম্পের একটুর বাইরের শর্ট বল তিনি পাঠাতে পারতেন যে কোনো জায়গায়। কিন্তু টাইমিংয়ের চেয়ে গায়ের জোরে বেশি ভরসা করে উইকেট খোয়ালেন তিনি। ভাঙল ৪১ বল স্থায়ী ২৭ রানের সম্ভাবনাময় জুটি।
২১ বলে দুই চারে ১৫ রান করেন শান্ত।
১৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৮। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী মাহিদুল ইসলাম।
21 Oct 2025, 02:18 PM
টিকলেন না হৃদয়
আগের ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলা তাওহিদ হৃদয় এবার বেশি দূর যেতে পারলেন না। গুডাকেশ মোটির বলে সহজ ক্যাচ দিলেন তিনি।
এমনিতে চারে খেললেও এই ম্যাচে তিনে নেমেছিলেন হৃদয়। শুরুটাও ভালো করেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বেশি দূর যেতে পারলেন না।
বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটির বলে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন হৃদয়। ব্যাটের কানায় লেগে সহজ ক্যাচ যায় পয়েন্টে। সেখানে কোনো ভুল করেননি আকিল হোসেন।
১৯ বলে দুই চারে হৃদয় করেন ১২ রান।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৩। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
21 Oct 2025, 02:12 PM
উইন্ডিজের ইতিহাসে প্রথম
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছে বাংলাদেশ। পাওয়ার প্লেতে কেবল সাইফ হাসানের উইকেট হারিয়ে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা।
নিজেদের ইতিহাসে ওয়ানডে প্রথমবার প্রথম পাওয়ার প্লের পুরো ১০ ওভার স্পিনার ব্যবহার করল ওয়েস্ট ইন্ডিজ। ৫ ওভার করেন একমাত্র উইকেটটি নেওয়া আকিল হোসেন। ৪ ওভার করেন রোস্টন চেইস। অন্য ওভারটি করেন খ্যারি পিয়ের।
১০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪০। ২৮ বলে ১৬ রানে খেলছেন সৌম্য সরকার। ১৭ বলে ১২ রানে খেলছেন তাওহিদ হৃদয়।
এর আগে সর্বোচ্চ ৭ ওভার স্পিনারদে দিয়ে করিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটাও বাংলাদেশের বিপক্ষেই, ২০২২ সালে গায়ানায়।
21 Oct 2025, 02:01 PM
১৭ বল পর রান
সাইফের ছক্কার পর টানা ১৭ বল কোনো রান পেল না বাংলাদেশ। একটি করে ওভার মেডেন নিলেন রোস্টন চেইস ও আকিল হোসেন।
অষ্টম ওভারে চেইসের বলে সিঙ্গেল নিলেন সৌম্য সরকার। এক বল পর বাউন্ডারির দেখা পেলেন তাওহিদ হৃদয়। পরের বলে বেরিয়ে এসে মারলেন আরেকটি বাউন্ডারি।
৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩১। ২১ বলে দুই চারে ১২ রানে খেলছেন সৌম্য। দশম বলে প্রথম রানের দেখা পাওয়া হৃদয় ১১ বলে দুই চারে ব্যাট করছেন ৮ রানে।
21 Oct 2025, 01:52 PM
ছক্কার পর অক্কা সাইফ
প্রথম ১৪ বলে রানের দেখা পেলেন না সাইফ হাসান। স্লগ সুইপ করে আকিল হোসেনকে ছক্কা মেরে চাপ সরিয়ে নেওয়ার আভাস দিলেন এই ওপেনার। কিন্তু পরের বলেই স্লিপে ধরে ধরা বিদায় নিলেন তিনি।
বাঁহাতি স্পিনারের লেংথ বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন সাইফ। কিন্তু স্পিন করে বেরিয়ে যাওয়া বল মাঝ ব্যাটে খেলতে পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে প্রথম স্লিপে, জাস্টিন গ্রেভসের হাতে। ভাঙে ২২ রানের শুরুর জুটি।
১৬ বলে ৬ রান করেন সাইফ।
৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২২। ক্রিজে সৌম্য সরকারের সঙ্গী তাওহিদ হৃদয়।
21 Oct 2025, 01:45 PM
দুই প্রান্তে স্পিনে শুরু উইন্ডিজের
পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসকে নতুন বলে আক্রমণে আনেননি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। দলে আসা আকিল হোসেনের সঙ্গে তিনি নতুন বল দিয়েছেন রোস্টন চেইসের হাতে।
আকিলের প্রথম ওভার থেকে এসেছে ২ রান। চেইসের ওভারে সৌম্য সরকারের চার ও বাই চার থেকে এসেছে ৯ রান।
২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১১। ৫ বলে ৬ রানে খেলছেন সৌম্য। ৭ বল খেলে রানের দেখা পাননি সাইফ হাসান।
21 Oct 2025, 01:22 PM
উইন্ডিজ দলে ২ পরিবর্তন
দুটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে খেলা দুই পেসার জেডেন সিলস ও রোমারিও শেফার্ড বাদ পড়েছেন। দলে এসেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। অভিষেক হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান আকিম অগিস, তিনি লেগ স্পিন করতে পারেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, আকিল হোসেন, আকিম ওগিস।
21 Oct 2025, 01:22 PM
তাসকিনের জায়গায় একাদশে নাসুম
সিরিজের মাঝপথে যুক্ত হওয়া নাসুম আহমেদ জায়গা পেলেন একাদশেও। বাঁহাতি স্পিনারকে জায়গা করে দিতে বাদ পড়লেন পেসার তাসকিন আহমেদ।
মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রয়োজন পেস বোলিং করতে পারেন সৌম্য সরকার।
৩০ বছর বয়সী নাসুম তার ১৮ ওয়ানডের শেষটি খেলেন ২০২৪ সালের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।
21 Oct 2025, 01:22 PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য পাশে পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং।
প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিং পেয়েছিল বাংলাদেশ। পরে রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে জিতেছিল ৭৪ রানে।
21 Oct 2025, 12:51 PM
সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ
ওয়ানডেতে হতাশার মাঝে আলো ছড়িয়ে প্রথম ম্যাচের অনায়াসে জিতেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের হাতছাতি মেহেদী হাসান মিরাজদের সামনে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়।
প্রথম ম্যাচে স্পিনারদের সহায়তা ছিল প্রবল। সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন রিশাদ হোসেন। সেই ম্যাচের পর স্পিন শক্তি বাড়িয়েছে দুই দলই। ওয়েস্ট ইন্ডিজ ডেকেছে আকিল হোসেনকে, বাংলাদেশ দলে যুক্ত করেছে নাসুম আহমেদকে।
