17 Dec 2022, 09:41 AM
চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিনের চ্যালেঞ্জে ভারতের মুখোমুখি সাকিব আল হাসানের দল।
17 Dec 2022, 09:41 AM
‘হয় আমরা জিতব, নয় ওরা জিতবে’
এখনও বাকি ১৮০ ওভার। বাংলাদেশের প্রয়োজন আরও ৪৭১ রান, ভারতের ১০ উইকেট। দুই দলেরই হাতে আছে যথেষ্ট সময়। তাই ড্রয়ের চেয়ে সম্ভাবনায় এগিয়ে সফরকারীদের জয়। তবে আগেই হাল ছেড়ে দিতে রাজি নয় বাংলাদেশ।
১৮০ ওভার ব্যাটিং করতে পারলে না জেতার কোনো কারণ দেখেন না মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনিং অলরাউন্ডার নিশ্চিত, ফল হবেই চট্টগ্রাম টেস্ট। সবচেয়ে সম্ভাব্য ফল যে ভারতের জয় সেটাও মানছেন তিনি। তবে লম্বা সময় ব্যাটিং করে যেতে পারলে নিজেদের ক্ষীণ হলেও যথেষ্ট সম্ভাবনা দেখছেন মিরাজ। তৃতীয় দিন শেষে তিনি বলেছেন, “হয় আমরা জিতব, নয় ওরা জিতবে।”
তৃতীয় দিন শেষ বেলায় নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান যে দৃঢ়তা দেখিয়েছেন সেটা অন্তত লড়াইয়ের আশা দেখাচ্ছে।
নিজেদের ইতিহাসে কখনও ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচের চতুর্থ ইনিংসে কখনও করতে পারেনি ৪১৩ রানের বেশি। সর্বোচ্চ খেলতে পেরেছে ১৪২ ওভার।
সাকিব আল হাসানের সামনে এসব রেকর্ড নতুন করে লেখার চ্যালেঞ্জ। চট্টগ্রাম টেস্টে জেতার জন্য তাদের চাই ৫১৩ রান। তৃতীয় দিন শেষ বেলায় দুই ওপেনার গড়েছেন ৪২ রানের জুটি।
শেষ দুই দিনে আরও ৪৭১ রান চাই স্বাগতিকদের। ম্যাচ বাঁচাতে খেলতে হবে তিন দিন মিলিয়ে ১৯২ ওভার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০
ভারত ২য় ইনিংস: ২৫৮/২ ইনিংস ঘোষণা
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৩) ১২ ওভারে ৪২/০ (শান্ত ২৫*, জাকির ১৭*; সিরাজ ৩-০-১১-০, উমেশ ১-১-০-০, অশ্বিন ৫-১-২৩-০, আকসার ২-০-৪-০, কুলদিপ ১-০-৪-০)
17 Dec 2022, 09:49 AM
শুরুর জুটিতে পঞ্চাশ
আগের দিন শেষ বেলার মতোই চতুর্থ দিনের শুরুতে দৃঢ়তা দেখাচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। মোহাম্মদ সিরাজকে পরপর দুটি বাউন্ডারি মেরে দলের রান পঞ্চাশে নিয়ে গেছেন শান্ত, ৯৩ বলে।
চলতি বছর নয় টেস্টে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের এটি কেবল দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া জুটি।
১৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৩। ৫৮ বলে পাঁচ চারে শান্তর রান ৩৬। ৩৮ বলে তিন চারে ১৭ রানে খেলছেন অভিষিক্ত জাকির।
17 Dec 2022, 09:58 AM
শান্ত-জাকিরের জুটিতে রেকর্ড
ভারতের বিপক্ষে সেরা উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন শান্ত ও জাকির।
ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত।
আগের সেরা জুটি ছিল এই চট্টগ্রামেই। ২০১০ সালে দুই বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস করেছিলেন ৫৩ রান।
দুই বাঁহাতি ওপেনার শান্ত ও জাকির সেই রেকর্ড ছাড়িয়ে এগিয়ে যাচ্ছেন সামনে।
১৯ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬২। ৬৯ বলে ৪১ রানে খেলছেন শান্ত। ৪৪ বলে জাকিরের রান ২১।
17 Dec 2022, 10:35 AM
প্রথম ঘণ্টায় দারুণ দৃঢ়তা
নতুন দিনের প্রথম ঘণ্টায় ১৬ ওভার বোলিং করে বাংলাদেশের শুরুর জুটি ভাঙতে পারেনি ভারত। এই সময়ে ৩৯ রান যোগ করেছেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। উপহার দিয়েছেন টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি।
চতুর্থ দিনের প্রথম পানি পানের বিরতির সময় স্বাগতিকদের রান বিনা উইকেটে ৮১।
৯৯ বলে ছয় চারে শান্তর রান ৪৬। অভিষিক্ত জাকির পাঁচ চারে ৬৯ বলে খেলছেন ৩৫ রানে।
অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন একটু ভোগাচ্ছেন। উমেশ যাদবের দুয়েকটা বাড়তি বাউন্স পরীক্ষা নিয়েছে। তবে আস্থার সঙ্গেই খেলছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান শান্ত ও জাকির।
17 Dec 2022, 10:47 AM
গোল্ডেন ডাকের পর শান্তর ফিফটি
আস্থার সঙ্গে খেলে দলকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
ইনিংসের প্রথম বলে আউট হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি দল। অলআউট হয়ে যায় ১৫০ রানে।
এবার শুরু থেকে দারুণ দৃঢ়তা দেখাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দায়িত্বশীল ব্যাটিংয়ে ছুঁয়েছেন ফিফটি, ১০৮ বলে। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে ছয়টি বাউন্ডারি।
৩১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮৯। ১১০ বলে ৫১ রানে খেলছেন শান্ত। ৭৬ বলে ৩৮ রানের সাবধানী ইনিংসে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন অভিষিক্ত জাকির।
17 Dec 2022, 11:07 AM
শতরানের উদ্বোধনী জুটি
লিটন দাসকে যেভাবে চটিয়ে দিয়ে আউট করেছিলেন মোহাম্মদ সিরাজ, সেটা থেকে শিক্ষা নিয়েছে বাংলাদেশ। ভারতীয় পেসার একইভাবে নাজমুল হোসেন শান্তর মনোযোগ নষ্ট করার করেছেন বারবার। তবে পাত্তাই দেননি বাঁহাতি ওপেনার। সিরাজকেই চার মেরে উদ্বোধনী জুটি ও দলের রান নিয়ে গেছেন তিন অঙ্কে।
ভারতের বিপক্ষে শুরুর জুটিতে আগের সেরা ছিল ৫৩। স্বাভাবিকভাবে এটাই প্রথম শতরানের উদ্বোধনী জুটি।
৩৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১০২। ১২৬ বলে ৭ চারে ৫৯ রানে খেলছেন শান্ত। অভিষিক্ত জাকির হাসান দারুণ সঙ্গ দিচ্ছেন তাকে। ৬ চারে ৯০ বলে খেলছেন ৪৩ রানে।
টেস্টের চতুর্থ ইনিংসে এটি বাংলাদেশের কেবল দ্বিতীয় শতরানের জুটি।
২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে জাভেদ ওমর ও নাফিস ইকবাল গড়েছিলেন প্রথম শতরানের জুটি। ৮৩ ওভারে এই দুই জনে যোগ করেছিলেন ১৩৩ রান।
17 Dec 2022, 11:23 AM
অভিষেকে জাকিরের ফিফটি
অভিষেকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে এগিয়ে যাচ্ছেন জাকির হাসান।
কদিন আগে ভারত ‘এ’ দলের বিপক্ষে করেছিলেন বড় সেঞ্চুরি। এবার মূল দলের বিপক্ষেও দেখাচ্ছেন সামর্থ্য। অভিষেকে পঞ্চাশ ছুঁয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন জাকির হাসান।
ভারতের স্পিন বা পেস কিছুই তেমন একটা ভাবাতে পারছে না বাঁহাতি এই ওপেনারকে। শুরু থেকে খেলছেন আস্থার সঙ্গে। পায়ের ব্যবহার দুর্দান্ত। নিজের জোনে বল পেলে মারছেন বাউন্ডারি। এক-দুই নিয়ে সচল রেখেছেন রানের চাকা।
আকসার প্যাটেলকে চার মারার পর সিঙ্গেল নিয়ে ছুঁয়েছেন পঞ্চাশ, ১০১ বলে।
৪০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১১৩। ১০১ বলে অভিষিক্ত জাকিরের রান ৫০। ১৩৯ বলে নাজমুল হোসেন শান্ত খেলছেন ৬৩ রানে।
17 Dec 2022, 11:31 AM
পুজারার থ্রো জাকিরের হাঁটুতে
লাঞ্চের একটু আগে হঠাৎ বিপত্তি। চেতেশ্বর পুজারার থ্রো লাগল জাকির হাসানের হাঁটুতে।
আকসার প্যাটেলের অফ-মিডল স্টাম্পের ডেলিভারি মিড উইকেটের দিকে ঠেলেই দ্রুত রানের জন্য ছোটেন নাজমুল হোসেন শান্ত। সাড়া দিয়ে দ্রুতই রান নিয়ে নেন জাকির।
পপিং ক্রিজে ঢোকার পরপর পুজারার করা থ্রো এসে লাগে জাকিরের বাম হাঁটুর পেছন দিকে অরক্ষিত জায়গায়। সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়েন তিনি। ফিজিও এসে প্রায় ৫ মিনিট ধরে শুশ্রূষা দেওয়ার পর উঠে দাঁড়ান জাকির।
17 Dec 2022, 11:41 AM
বাংলাদেশের চমৎকার সেশন
আগের দিন শেষ বেলা কোনো ক্ষতি ছাড়াই কাটিয়ে দেওয়া নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। চতুর্থ দিনের প্রথম সেশনে দুই বাঁহাতি ব্যাটসম্যানকে বিচ্ছিন্ন করতে পারেনি ভারত।
লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান বিনা উইকেটে ১১৯। ১৪৩ বলে ৭ চারে ৬৪ রানে ব্যাট করছেন শান্ত। অভিষেকে তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন জাকির। ১০৯ বলে আট চারে তার রান ৫৫।
জয়ের জন্য এখনও বাংলাদেশের প্রয়োজন ৩৯৪ রান। ম্যাচ বাঁচাতে কাটিয়ে দিতে হবে আরও পাঁচ সেশন। স্বাগতিকদের ১০ উইকেট নিতে ভারতের হাতে আছে আরও ১৫০ রান।
শনিবার প্রথম সেশনে ৩০ ওভারে ৭৭ রান যোগ করেছেন শান্ত ও জাকির।
ঘুরিয়ে ফিরিয়ে সব বোলারকেই ব্যবহার করছেন লোকেশ রাহুল। শুরুতে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন কিছুটা ভুগিয়েছিলেন। তবে কঠিন সময় পার করে দিয়ে অনায়াসেই খেলছেন দুই ব্যাটসম্যান।
তাদের কোনোভাবেই বিচ্ছিন্ন করতে না পেরে একই ওভারে দুইবার শান্তকে কিছু বলে উত্তেজিত করার চেষ্টা করেন মোহাম্মদ সিরাজ। প্রথম ইনিংসে যেটা কাজে লেগেছিল লিটন দাসের বেলায়। সেখান থেকে শিক্ষা নিয়েই হয়তো শান্ত কোনো সাড়া দেননি। পরের ওভারে বাউন্ডারি মেরে জানান দেন, জবাবটা দেবেন ব্যাট দিয়েই।
17 Dec 2022, 12:32 PM
শান্তর খোঁচায় ভাঙল শুরুর জুটি
শান্তর বিদায়ে ভাঙল ১২৪ রানের উদ্বোধনী জুটি।
লাঞ্চের পর সাফল্য পেল ভারত। ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি।
একটু সময়ের জন্য মনোযোগ হারিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেটারই মাশুল দিতে হল তাকে। উমেশ যাদবের বলে খোঁচা মেরে ধরা পড়লেন কিপারের গ্লাভসে।
শট খেলার কোনো দরকারই ছিল না। বল অফ স্টাম্পের বেশ বাইরে ছিল। অনায়াসেই ছেড়ে দেওয়া যেত। তবুও শট খেলেন শান্ত। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় স্লিপে। সেখানে তালগোল পাকান বিরাট কোহলি। তার হাতে লেগে যায় কিপারের দিকে। সেখানে চমৎকার রিফ্লেক্স দেখান কিপার রিশাভ পান্ত। বাম হাত দিয়ে বল আটকে, ডানহাতে জমান তিনি! ভাঙে ২৭৭ বল স্থায়ী ১২৪ রানের জুটি।
১৫৬ বলে ৭ চারে শান্ত করেন ৬৭ রান।
৪৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১২৬। ১২৪ বলে ৮ চারে ৫৮ রানে ব্যাট করছেন জাকির হাসান। নতুন ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরি ২ বলে খেলছেন ১ রানে।
17 Dec 2022, 12:44 PM
টিকলেন না ইয়াসির
ইয়াসির আলিকে তিনে খেলানোর পরিকল্পনা সফল হলো না। প্রথম ইনিংসের ব্যর্থতার পর এবার আউট হলেন ৫ রান করে।
আগেরবার উমেশ যাদবের বলে ব্যাটের কানায় লেগে বোল্ড হয়েছিলেন তিনি। এবার ফিরলেন আকসার প্যাটেলের বল ভুল লাইনে খেলে বোল্ড হয়ে।
বাঁহাতি স্পিনারের জোরের উপর করা বল ভেতরে ঢুকবে ভেবে খেলেন ইয়াসির। কিন্তু ব্যাটের কানা ঘেঁষে বল বেরিয়ে গিয়ে আঘাত হানে স্টাম্পে।
১২ বলে এক চারে ৫ রান করেন ইয়াসির।
৫০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৩১ রান। ক্রিজে জাকির হাসানের সঙ্গী লিটন দাস।
17 Dec 2022, 01:02 PM
আউট ছিলেন লিটন!
শ্রেয়াস আইয়ারের সময় রিভিউ না নিয়ে যে ভুল করেছিল বাংলাদেশ, লিটন দাসের ক্ষেত্রে সেটাই যেন করল ভারত!
৫৩তম ওভারের সেটি ছিল পঞ্চম বল। উমেশ যাদেবর অফ স্টাম্পের বাইরের বল লিটনের ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে রিশাভ পান্তের গ্লাভসে। বোলার, কিপার কিংবা ভারতের কোনো ফিল্ডার টেরই পাননি।
পরে আল্ট্রা-এজে দেখা গেছে, লিটনের ব্যাট ছুয়ে গিয়েছিল বল। সে সময় ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান।
৫৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৩৭।
17 Dec 2022, 01:28 PM
১০ ওভারে ১০ রান
ইয়াসির আলি চৌধুরির বিদায়ের পর চেপে ধরেছে ভারত। তবে তাতে ভেঙে পড়ছেন না জাকির হাসান ও লিটন দাস। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় কাটিয়ে দিচ্ছেন কঠিন সময়।
১০ ওভারে এই দুইজনে যোগ করেছেন কেবল ১০ রান। রানের জন্য মোটেও ছটফট করছেন না। বানিয়ে খেলার কোনো চেষ্টা করছেন। অহেতুক কোনো ঝুঁকি নিচ্ছেন। স্রেফ সময়ের দাবি মিটিয়ে যাচ্ছেন।
৬০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৪১। ১৫৯ বলে ৬৬ রানে খেলছেন জাকির। ৩৩ বলে লিটনের রান ৩।
17 Dec 2022, 01:44 PM
৩৭তম বলে বাউন্ডারি
এটা টেস্ট, টি-টোয়েন্টি বলেছিলেন মোহাম্মদ সিরাজ। সেই পরামর্শেই কি মেনে নিলেন লিটন দাস! প্রথম ৩৬ বলে তার রান কেবল ৩।
৩৭তম বলে সিরাজকেই বাউন্ডারি মেরে গা ঝাড়া দিলেন লিটন। ভারতীয় পেসারের আগের ওভারে বাউন্ডারিতে চাপ সরিয়ে দিয়েছিলেন জাকির হাসান।
রবিচন্দ্রন অশ্বিনের ওভারে চমৎকার সুইপে আরেকটি বাউন্ডারি মারলেন লিটন। আলগা হয়ে হয়ে গেল ভারতের সব চাপ।
৬৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৬৪। ৪০ বলে ১০ রানে খেলছেন লিটন। ১৭৭ বলে জাকিরের রান ৭৪।
17 Dec 2022, 01:54 PM
আম্পায়ার্স কলে বাঁচলেন লিটন
ঘড়ির কাঁটা শূন্য হয়ে যাওয়ার সময় নেওয়া রিভিউ প্রায় কাজেই লেগে যাচ্ছিল। তবে আম্পায়ার্স কলে বেঁচে গেলেন লিটন দাস।
কুলদিপ যাদবের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। বল তার প্রত্যাশার বেশি স্পিন করে আঘাত হানে প্যাডে। জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
সতীর্থদের সঙ্গ কথা বলে শেষ মুহূর্তে রিভিউ নেন লোকেশ রাহুল। বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পে। তবে ইম্প্যাক্ট ছিল আম্পায়ার্স কল। তাই টিকে যান লিটন।
৬৫ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৬৭। ১৮০ বলে ৮০ রানে ব্যাট করছেন জাকির হাসান। লিটন ৪৩ বলে খেলছেন ১৪ রানে।
17 Dec 2022, 02:09 PM
লিটনকে ফেরালেন কুলদিপ
আক্রমণে ফেরার পর থেকে লিটন দাসকে দারুণ ভোগাচ্ছিলেন কুলদিপ যাদব। স্টাম্প তাক করা ডেলিভারিতে নিচ্ছিলেন কঠিন পরীক্ষা। সেটাতেই হয়তো আত্মসমর্পন করলেন লিটন দাস। তুলে মারার চেষ্টায় ফিরলেন সহজ ক্যাচ দিয়ে। চা-বিরতির কিছুক্ষণ আগে উইকেট হারাল বাংলাদেশ।
বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপের গুগলি ঠিক মতো খেলতে পারেননি লিটন। ঝুঁকিপূর্ণ শটের মাশুল দেন উইকেট বিলিয়ে। মিড অনে ক্যাচ নেন উমেশ যাদব। ভাঙে ১১৩ বল স্থায়ী ৪২ রানের জুটি।
৫৯ বলে দুই চারে ১৯ রান করেন লিটন।
৬৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৭৩। ১৮৬ বলে ৮১ রানে খেলছেন জাকির হাসান। ক্রিজে তার সঙ্গী মিডল অর্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম।
17 Dec 2022, 02:18 PM
৩ উইকেট নিয়ে ভারতের সেশন
উইকেটশূন্য প্রথম সেশনের পর তিন উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্টে নিজেদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করল ভারত।
তবে বাংলাদেশের আশা হয়ে এখনও টিকে আছেন জাকির হাসান। সবে ক্রিজে গিয়েছেন মিডল অর্ডারে সবচেয়ে বড় ভরসা মুশফিকুর রহিম।
চা-বিরিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ৭১ ওভারে ৩ উইকেটে ১৭৬। ১৯৫ বলে ১১ চারে ৮২ রানে খেলছেন জাকির। ৫ বলে মুশফিকের রান ২।
তৃতীয় সেশনে ২৯ ওভারে ৫৭ রান তুলতে নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরি ও লিটন দাসের উইকেট হারিয়েছে সফরকারীরা।
আকসার প্যাটেল কিছুটা ভুগিয়েছেন ব্যাটসম্যানদের। চা-বিরতির আগে লিটনের কঠিন পরীক্ষায় নিয়েছেন কুলদিপ যাদব। অন্য বোলারদের সহজেই সামলাতে পেরেছেন ব্যাটসম্যানরা।
ম্যাচ জিততে এখনও ৩৩৭ রান চাই বাংলাদেশের। এই রান করতে আরও চার সেশনে ১২১ ওভার পাচ্ছে তারা। ভারতের চাই শেষ ৭ উইকেট। দ্বিতীয় নতুন বলও নেওয়ার দুয়ারে দাঁড়িয়ে আছে তারা।
যথেষ্ট সময় রয়েছে তাদের হাতে। রান এখনও বাংলাদেশের দৃষ্টি সীমার বাইরে। তবে ম্যাচ পঞ্চম দিকে নিয়ে যাচ্ছে সাকিব আল হাসানের দল।
17 Dec 2022, 02:45 PM
জাভেদকে ছাড়িয়ে সেরা জাকির
টেস্টে অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন জাকির হাসানের। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে তিনি ব্যাট করছেন ৮৭ রানে।
বাংলাদেশের হয়ে আগের সেরা ছিল জাভেদ ওমর বেলিমের। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে তিনি অপরাজিত ছিলেন ৮৫ রানে।
17 Dec 2022, 03:04 PM
অভিষেকে জাকিরের সেঞ্চুরি
প্রথম ইনিংসে দেখিয়েছিলেন দৃঢ়তা। দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত টেম্পারমেন্ট দেখিয়ে করলেন সেঞ্চুরি, ২১৯ বলে।
আকসার প্যাটেলের বলে সুইপ করে চার মেরে তিন অঙ্ক স্পর্শ করেন জাকির। গড়েন বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির কীর্তি।
বাংলাদেশের অভিষেকে প্রথম এই কীর্তি গড়েন আমিনুল ইসলাম বুলবুল। পরে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া সেঞ্চুরিতে তার পাশে বসেন মোহাম্মদ আশরাফুল।
১০ নম্বরে নেমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেন আবুল হাসান।
চতুর্থ ইনিংসে মাত্র দ্বিতীয় ওপেনার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন জাকির। প্রথম করেন ওয়েস্ট ইন্ডিজের লেন বাইচান। ১৯৭৫ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোর টেস্টে তিনি অপরাজিত থাকেন ১০৫ রানে।
17 Dec 2022, 03:11 PM
জাকিরের প্রতিরোধ ভাঙলেন অশ্বিন
সেঞ্চুরির পরপরই বিদায় নিলেন জাকির হাসান। রবিচন্দ্রন অশ্বিনের বলে ধরা পড়লেন স্লিপে।
২২৪ বলে ১৩ ও ১ ছক্কায় ১০০ রান করেন জাকির।
অফ স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন জাকির। ঠিক মতো পারেননি। ব্যাটের কানায় লেগে, প্যাড ছুঁয়ে ক্যাচ যায় প্রথম স্লিপে। সেখানে ঝাঁপিয়ে বল মুঠোয় জমান বিরাট কোহলি। ভাঙে ৫৮ বল স্থায়ী ৩৫ রানের জুটি।
চলতি টেস্টে এটাই অশ্বিনের প্রথম উইকেট।
৭৯ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২০৯। ক্রিজে মুশফিকুর রহিমের সঙ্গী সাকিব আল হাসান।
17 Dec 2022, 03:14 PM
ভারতের ব্যর্থ রিভিউ
আকসার প্যাটেলের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হলো ভারত। সাকিব আল হাসানের ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগেছিল বল।
বাঁহাতি স্পিনারের পরের বলে বেরিয়ে এসে চার মারেন সাকিব। পরের বল ওড়ান ছক্কায়!
৮০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২২০। ২৩ বলে ১৬ রানে খেলছেন মুশফিকুর রহিম। ৭ বলে সাকিবের রান ১২।
17 Dec 2022, 03:26 PM
দ্বিতীয় নতুন বল নিল ভারত
শেষ বেলায় এসে নতুন চ্যালেঞ্জের সামনে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। ৮৪তম ওভার শেষে দ্বিতীয় নতুন বল নিয়েছে ভারত। প্রথম ওভারটি করেছেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
17 Dec 2022, 03:39 PM
বাঁচলেন মুশফিক
দ্বিতীয় নতুন বলে স্পিনারদের বাড়তি বাউন্স ও টার্ন ভোগাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। তাই তৃতীয় ওভারেই পেসার উমেশ যাদবকে আক্রমণে আনলেন লোকেশ রাহুল। রিশাভ পান্তের ব্যর্থতায় একটুর জন্য মিলল না সাফল্য।
মুশফিকুর রহিমের ব্যাটের কানায় লেগে বল যায় কিপারের কাছে। ডানদিকে ঝাঁপিয়ে গ্লাভসে নিতে পারেননি পান্ত। বেঁচে যান টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।
সে সময় ২২ রানে ছিলেন মুশফিক।
৮৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৩৪।
17 Dec 2022, 03:50 PM
মুশফিক-সোহানকে হারিয়ে বিপাকে বাংলাদেশ
আগের ওভাবে জীবন পাওয়া মুশফিকুর রহিম ফিরে গেলেন পরের ওভারেই। চমৎকার এক ডেলিভারিতে তাকে বোল্ড করে দিলেন আকসার প্যাটেল। বাঁহাতি এই স্পিনার পরে বিদায় করলেন নুরুল হাসান সোহানকেও।
লেংথ বল পিছিয়ে গিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু বলের লাইনে যেতে পারেননি। বাইরের কানা ঘেঁষে বল বেরিয়ে গিয়ে উপড়ে ফেলে অফ স্টাম্প।
৫০ বলে দুই চারে ২৩ রান করেন মুশফিক।
ওভারের শেষ বলে স্টাম্পড হয়ে যান নুরুল হাসান সোহান। পা বাড়িয়ে ড্রাইভ করার চেষ্টায় লাইন ছেড়ে বেরিয়ে আসেন তিনি। সুযোগ কাজে লাগান রিশাভ পান্ত। ফেলে দেন বেলস।
৩ বলে সোহান করেন ৩।
৮৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৩৮। ক্রিজে সাকিব আল হাসানের সঙ্গী নুরুল হাসান সোহান।
17 Dec 2022, 04:31 PM
প্রতিরোধ গড়ার চেষ্টায় সাকিব-মিরাজ
আকসার প্যাটেলের এক ওভারে জোড়া উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে পথে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। নিরাপদে দিন শেষ করার লক্ষ্যে আছেন দুইজন।
সপ্তম উইকেটে এই দুইজনের অবিচ্ছিন্ন জুটি ৩৪ রানের। ২ ছক্কা ও ৩ চারে ৪০ রানে খেলছেন সাকিব। মিরাজের রান ৯।
১০০ ওভার শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ২৭২। দিনের খেলা বাকি আর কেবল ২ ওভার।
17 Dec 2022, 04:54 PM
শেষটায় সাকিব-মিরাজের দৃঢ়তা
পাহাড়সম রান তাড়ার কঠিন চ্যালেঞ্জ সামনে। জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়া উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। প্রথম সেশনে কোনো উইকেট না হারানো দলটি পরের দুই সেশনে হারায় ৬ উইকেট। শেষ দিকে দারুণ দৃঢ়তায় ম্যাচ পঞ্চম দিনে নিয়ে গেলেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন ৬ উইকেটে ২৭২ রান নিয়ে শেষ করেছে বাংলাদেশ। শেষ দিনে জয়ের জন্য এখনও ২৪১ রান চাই তাদের। সফরকারীদের প্রয়োজন ৪ উইকেট।
বিপদে পড়া দলকে টানছেন সাকিব ও মেহেদী। বাংলাদেশ অধিনায়ক খেলছেন ২ ছক্কা ও ৩ চারে ৪০ রানে। মিরাজের রান ৯। দুইজনের অবিচ্ছিন্ন জুটি ৩৪ রানের।
এই জুটির পথে দুইবার সিঙ্গেল নেননি সাকিব। সম্ভবত দ্বিতীয় নতুন বলে বাংলাদেশকে নাড়িয়ে দেওয়া আকসারের সামনে ফেলতে চাননি মিরাজকে।
১২৪ রানের জুটিতে দলকে শক্ত ভিত গড়ে দেন শান্ত ও জাকির। ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটিতে যা সর্বোচ্চ। ৭ চারে ৬৭ রান করে ফেরেন শান্ত। কিন্তু লড়াই চালিয়ে জাকির অভিষেক তেস্তেই তুলে নেন সেঞ্চুরি। আউট হন ১ ছক্কা ও ১৩ চারে ঠিক ১০০ রান করে।
দ্বিতীয় সেশনে শান্ত পর ইয়াসির আলি চৌধুরিকেও দ্রুত হারায় বাংলাদেশ। দলকে টানতে পারেননি লিটন দাসও। জাকিরের বিদায়ের পর তৃতীয় সেশনে এক ওভারে জোড়া শিকার ধরে বাংলাদেশকে খাঁদের কিনারে ঠেলে দেন আকসার প্যাটেল।
বাঁহাতি এই স্পিনারের ওই ওভারে মুশফিকুর রহিম হন বোল্ড, নুরুল হাসান সোহান হন স্টাম্পড। ভারতের হয়ে আকসার দিনে সর্বোচ্চ ৩ উইকেট নেন। একটি করে প্রাপ্তি উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদিপ যাদবের।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৪০৪
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫০
ভারত ২য় ইনিংস: ২৫৮/২ ইনিংস ঘোষণা
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ৫১৩) ১০২ ওভারে ২৭২/৬ (শান্ত ৬৭, জাকির ১০০, ইয়াসির ৫, লিটন ১৯, মুশফিক ২৩, সাকিব ৪০*, সোহান ৩, মিরাজ ৯*; সিরাজ ১৫-৩-৪৬-০, উমেশ ১৫-৩-২৭-১, অশ্বিন ২৭-৩-৭৫-১, আকসার ২৭-১০-৫০-৩, কুলদিপ ১৮-২-৬৯-১)