২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ইনিংস ব‍্যবধানে হারের শঙ্কায় বাংলাদেশ

তৃতীয় দিন একের পর এক উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল।

27 Jun 2025, 06:17 PM

ইনিংস ব‍্যবধানে পরাজয়ের শঙ্কায় বাংলাদেশ

দিনের শেষ ওভারে ড্রেসিং রুমের পথ ধরলেন ১১ রান করা মেহেদী হাসান মিরাজ। থারিন্ডু রাত্নায়েকের বলে আম্পায়ার অবশ্য এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি। রিভিউ নিয়ে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যানের বিদায় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

৬ উইকেটে ১১৫ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে এখনও ৯৬ রানে পিছিয়ে তারা। শেষ ৪ উইকেটে ইনিংস পরাজয় এড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ।

২ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শুরু করা শ্রীলঙ্কা এদিন বাকি ৮ উইকেট হারিয়ে আর ১৬৮ রান করতে পারে৷ ফলে তারা পায় ২১১ রানের লিড। যা এখন ইনিংস ব্যবধানে জয়ের জন্য যথেষ্ট মনে হচ্ছে।

আগের দিন সেঞ্চুরি করা পাথুম নিসাঙ্কা ১৫৮ রান করে আউট হন। শেষ ব্যাটসম্যান হিসেবে রান আউট হওয়া কুসাল মেন্ডিস করেন ৮২ রান।

বাংলাদেশের পক্ষে ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। দেশের বাইরে এটি তার পঞ্চম ৫ উইকেট। সাকিব আল হাসানের রেকর্ড স্পর্শ করলেন তিনি।

বড় লিডের চাপা পড়ে ব্যাটিংয়ে নেমে আবারও হতাশ করে বাংলাদেশ। চলতি সফরে নিজের সর্বোচ্চ ১৯ রান করে আউট হন এনামুল হক।

সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরাও বেশিক্ষণ টিকতে পারেননি। তাই এখন সিরিজ হারের দুয়ারে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮ 

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৮.৪ ওভারে ১১৫/৬ (সাদমান ১২, এনামুল ১৯, মুমিনুল ১৫, শান্ত ১৯, মুশফিক ২৬, লিটন ১৩*, মিরাজ ১১; আসিথা ৮-১-২২-১, ভিশ্ব ৬-৩-১৬-০, জয়াসুরিয়া ১৫-২-৪৭-২, ধানাঞ্জায়া ৪-১-১৩-২, দিনুশা ৩-১-৭-০, রাত্নায়াকে ২.৪-০-১০-১)

27 Jun 2025, 05:43 PM

থিতু হয়ে ফিরলেন মুশফিক

পরপর দুই ওভারে দুটি চার মেরে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের বার্তা দিচ্ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু চমৎকার এক ডেলিভারিতে তাকে বেশিক্ষণ টিকতে দিলেন না প্রাবাথ জায়াসুরিয়া।

পিচ করে গ্রিপ করা ডেলিভারি রক্ষণাত্মক শট খেলতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু টার্ন করে তার ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্প উপড়ে দেয় বল। ২ চারে ২৬ রান করে ফেরেন মুশফিক।

ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। লিটন কুমার দাস ৯ রানে অপরাজিত।

বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০০ রান। এখনও ১১১ রানে পিছিয়ে তারা।

27 Jun 2025, 04:50 PM

শান্তকেও ফেরালেন ধানাঞ্জায়া

ধানাঞ্জায়া ডি সিলভার বল যেন খেলতেই পারছেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। মুমিনুল হকের পর এবার তার শিকার নাজমুল হোসেন শান্ত।

সোজা যাওয়া ফুল লেংথ ডেলিভারি পেছনের পায়ে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি শান্ত। জোরাল আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

রিভিউ নিয়েও ফায়দা হয়নি ১৯ রান করা শান্তর।

৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭০ রান। এখনও ১৪১ রানে পিছিয়ে তারা।

ক্রিজে নতুন ব্যাটসম্যান লিটন কুমার দাস। ৫ রানে খেলছেন মুশফিকুর রহিম।

27 Jun 2025, 04:50 PM

দ্বিতীয় রিভিউ হারাল শ্রীলঙ্কা

উইকেটের জন্য মরিয়া হয়ে উঠেছেন প্রাবাথ জায়াসুরিয়া। প্রথমে ২২তম ওভারের প্রথম বলে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না পেয়ে রিভিউ নেননি। রিপ্লেতে দেখা যায়, রিভিউ নিলে 'আম্পায়ার্স কলে' বেঁচে যেতেন মুশফিকুর রহিম।

তিন বল পর আবার এলবিডব্লিউর জোরাল আবেদন। এবারও সাড়া দেননি আম্পায়ার। এই দফায় ধানাঞ্জায়া ডি সিলভাকে রাজি করিয়ে ফেলেন জায়াসুরিয়া।

তবে রিপ্লেতে দেখা যায়, মুশফিকের ব্যাটের ভেতরের কানায় লেগেছে বল। তাই বৃথা যায় শ্রীলঙ্কার দ্বিতীয় রিভিউ।

২২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭০ রান। নাজমুল হোসেন শান্ত ১৯ ও মুশফিক ৫ রানে অপরাজিত।

27 Jun 2025, 04:29 PM

মুমিনুলকে ফেরালেন ধানাঞ্জায়া

ধানাঞ্জায়া ডি সিলভা আক্রমণে আসার পর প্রথম বলেই বাউন্ডারি মেরেছিলেন মুমিনুল হক। তবে জবাব দিতে সময় নেননি লঙ্কান অধিনায়ক।

দুই বল পরই মুমিনুলকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন অফ স্পিনার। স্লিপে ক্যাচ দিয়ে আউট হলেন ১৫ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রথম ইনিংসেও ধানাঞ্জায়ার বলেই আউট হয়েছিলেন তিনি। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১৭ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৫ রান।

27 Jun 2025, 04:09 PM

জীবন পেলেন শান্ত

প্রাবাথ জায়াসুরিয়ার আগের ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় ছক্কা মেরেছিলেন নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে আবারও একই শটের পুনরাবৃত্তি করতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন নাজমুল হোসেন শান্ত।

তবে উইকেটের পেছনে বল গ্লাভসে জমাতে পারেননি বদলি কিপার লাহিরু উদারা। ফলে ১০ রানে বেঁচে যান শান্ত।

পরের বলেই কট বিহাইন্ডের জোরাল আবেদন করেন জায়াসুরিয়া। তবে আম্পায়ার সাড়া দেননি। উদারা তেমন আগ্রহী ছিলেন না। জায়াসুরিয়ার কথা রিভিউ নেন ধানাঞ্জায়া ডি সিলভা। তাতে কাজ হয়নি কোনো।

১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৪৫ রান। এখনও ১৬৬ রানে পিছিয়ে তারা।

শান্ত ১০ ও মুমিনুল হক ৪ রানে অপরাজিত।

27 Jun 2025, 03:41 PM

টিকলেন না সাদমান

শেষ সেশনের প্রথম ওভারেই ড্রেসিং রুমের পথ ধরলেন সাদমান ইসলাম। প্রাবাথ জায়াসুরিয়ার বলে ড্রাইভ করতে গিয়ে কট বিহাইন্ড হলেন ১২ রান করা বাঁহাতি ওপেনার।

উইকেটের পেছনে বেশ নিচু হয়ে দারুণ ক্যাচ নিয়েছেন বদলি কিপার লাহিরু উদারা।

ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান।

27 Jun 2025, 03:18 PM

চা-বিরতির আগে এনামুলকে হারাল বাংলাদেশ

চা-বিরতির আগের ছোট্ট সময়ে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙল শ্রীলঙ্কা।

বিরতির আগে শেষ ওভারে আসিথা ফার্নান্দোকে পুল করতে গিয়ে তালগোল পাকিয়ে ক‍্যাচ দিলেন এনামুল হক। বাজে কাটানো সিরিজে সব মিলিয়ে তিনি করতে পারলেন কেবল ২৩ রান।

এই ইনিংসে অবশ‍্য শুরুটা ভালো করেছিলেন এনামুল। দুটি চারের সঙ্গে একটি ছক্কা মেরে দিয়েছিলেন ভালো কিছু করার। কিন্তু আসিথা শর্ট বলে তালগোল পাকিয়ে ফিরলেন একরাশ হতাশা নিয়ে।

চা-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ১ উইকেটে ৩১। শ্রীলঙ্কাকে ফের ব‍্যাটিংয়ে পাঠাতে এখনও ১৮০ রান চাই সফরকারীদের।

২২ বলে ২ চারে ১২ রানে খেলছেন সাদমান ইসলাম।

27 Jun 2025, 03:09 PM

বাংলাদেশের ভালো শুরু

সিরিজে প্রথমবার কোনো ইনিংসে বাংলাদেশের দুই ওপেনারই গেলে দুই অঙ্কে। আগের তিন ইনিংসে ব‍্যর্থ এনামুল হক এবার খেলছেন আস্থার সঙ্গে। সহজাত ব‍্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন সাদমান ইসলাম।

৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩০। ১৭ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রানে খেলছেন এনামুল। ১৯ বলে দুই চারে ১১ রানে ব‍্যাট করছেন সাদমান।

প্রথম দিন নতুন বলে যে সুইং পেয়েছিলেন দুই লঙ্কান পেসার এর প্রায় কিছুই নেই তৃতীয় দিনে। তাদের সহজেই খেলছেন দুই ব‍্যাটসম‍্যান। ষষ্ঠ ওভারে প্রবাথ জয়াসুরিয়াকে আক্রমণে এনেছেন লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা।

রান আউট হওয়ার পথে ডাইভ দিয়ে চোট পাওয়ায় ফিল্ডিংয়ে নামেননি কুসাল মেন্ডিস। তার জায়গায় কিপিং করছেন লাহিরু উদারা।

27 Jun 2025, 02:32 PM

রান আউট কুসাল, তাইজুলের ৫ উইকেট

বাংলাদেশের কাজ সহজ করে দিলেন কুসাল মেন্ডিস। দ্রুত দুই রান নিতে গিয়ে রান আউট হলেন সেঞ্চুরির আশা জাগানো ব্যাটসম্যান।

তাইজুল ইসলামের শর্ট বল কাভারের দিকে ঠেলেই দ্রুত দুই রান নিতে গিয়ে দ্বিতীয় রান সম্পন্ন করতে পারেননি কুসাল। ইবাদত হোসেন চৌধুরির থ্রো ধরে বেলস ফেলে দেন লিটন কুমার দাস।

৮ চার ও ২ ছক্কায় ৮৭ বলে ৮৪ রান করেন কুসাল।

তিন বল পর বড় শটের খোঁজে মিড অনে সাদমান ইসলামের ধরা পড়েন আসিথা ফার্নান্দো। ৪৫৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

তাদের লিড ২১১ রানের। অর্থাৎ শ্রীলঙ্কাকে আবার ব্যাটিংয়ে নামাতে ২১১ রান করে টার্গেট দিতে হবে বাংলাদেশের।

আসিথাকে ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তাইজুল। দেশের বাইরে পঞ্চম ও সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ১৭তম ৫ উইকেট তার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭

শ্রীলঙ্কা ১ম ইনিংস: (আগের দিন ২৯০/২) ১১৬.৫ ওভারে ৪৫৮ (নিসাঙ্কা ১৫৮, জয়াসুরিয়া ১০, ধানাঞ্জায়া ৭, কামিন্দু ৩৩, কুসাল ৮৪, দিনুশা ১১, রাত্নায়াকে ১০, ভিশ্ব ২*, আসিথা ০; ইবাদত ১৪-০-৫৫-০, তাইজুল ৪২.৫-৪-১৩১-৫, নাহিদ ২০-১-৯৪-১, মিরাজ ২০-১-৭৫-০, নাঈম ১৮-৪-৮৭-৩, মুমিনুল ২-০-৮-০)

27 Jun 2025, 02:18 PM

দুইশ ছাড়াল লিড

নাঈম হাসানের বলে ক্রিজ ছেড়ে উড়িয়ে মারলেন কুসাল মেন্ডিস। বল চলে গেল লং অন দিয়ে সীমানার বাইরে। দুইশ ছাড়িয়ে গেল শ্রীলঙ্কার লিড।

দুই বল পর বাউন্ডারি মারেন কিপার-ব্যাটসম্যান।

১১৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৪৫৬ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ২০৯ রান।

কুসাল ৮২ ও ভিশ্ব ফার্নান্দো ২ রানে খেলছেন।

27 Jun 2025, 02:04 PM

ছক্কার চেষ্টায় রাত্নায়েকের অক্কা

তাইজুল ইসলামের আগের ওভারে ঝুলিয়ে দেওয়া বল ছক্কায় উড়িয়েছিলেন থারিন্ডু রাত্নায়েকে। বাঁহাতি স্পিনারের পরের ওভারে আবারও একই চেষ্টায় সফল হলেন না লেজের সারির ব্যাটসম্যান। লং অনে ক্যাচ নিলেন এনামুল হক।

৮ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৪২৯ রান। লিড এখন ১৮২ রানের।

নতুন ব্যাটসম্যান ভিশ্ব ফার্নান্দো। ৫৭ রানে খেলছেন কুসাল মেন্ডিস।

27 Jun 2025, 01:46 PM

কুসাল মেন্ডিসের ফিফটি

শুরু থেকেই সাবলীল ব্যাটিং করতে থাকা কুসাল মেন্ডিস ৬০ বলে পূর্ণ করলেন পঞ্চাশ। নাহিদ রানার শর্ট বল পুল করে ২ রান নিয়ে ফিফটিতে পৌঁছান কিপার-ব্যাটসম্যান।

পরে উদযাপনে গ্যালারিতে থাকা কারও উদ্দেশে চুমু পাঠান কুসাল। তিনিই এখন শ্রীলঙ্কার আশা হয়ে লিড বাড়ানোর কাজ করছেন।

১০৯ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৭ উইকেটে ৪১৬ রান। লিড এখন ১৬৯।

27 Jun 2025, 01:27 PM

নাঈমের তৃতীয় শিকার দিনুশা

মধ্যাহ্ন বিরতির পর সাফল্য পেতে সময় লাগলো না বাংলাদেশের। দ্বিতীয় ওভারে সোনাল দিনুশাকে বোল্ড করে দিলেন নাঈম হাসান।

হালকা ঝুলিয়ে দেওয়া ফুল লেংথ ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় লাইন মিস করে বোল্ড হলেন দিনুশা। ১ চারে তার সংগ্রহ ১১ রান।

ক্রিজে নতুন ব্যাটসম্যান থারিন্ডু রাত্নায়েকে। ৪৪ রানে অপরাজিত কুসাল মেন্ডিস।

শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ৪০৬ রান।

27 Jun 2025, 01:21 PM

রিভিউ নিয়ে বাঁচলেন দিনুশা

লাঞ্চের পর প্রথম বলেই কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। তবে সঙ্গে সঙ্গেই রিভিউ নিলেন সোনাল দিনুশা।

লেগ স্টাম্পের বাইরে নাহিদ রানার গতিময় ডেলিভারি ব‍্যাটে খেলতে পারেননি দিনুশা। একটুর জন‍্য স্পর্শ করেনি গ্লাভস। রিপ্লেতে দেখা গেছে জার্সি ছুঁয়ে লিটন দাসের গ্লাভসে জমা পড়েছিল বল।

১০৪ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৪০৪।

27 Jun 2025, 12:41 PM

সেশনে বাংলাদেশের ৪ উইকেট

আগের দিনের ব্যর্থতা কাটিয়ে শুক্রবারের প্রথম সেশনে ৪ উইকেট নিল বাংলাদেশ। বিপরীতে লাঞ্চ বিরতির আগে ২৫ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১১১ রান।

দুই দলের জন্যই ফলপ্রসূ বলা যায় এই সেশন। কারণ আগের দিন কুসাল মেন্ডিস বলেছেন, ১৫০ থেকে ২০০ রানের লিড নিতে চান তারা। এরই মধ্যে দেড়শ পেরিয়ে দুইশর পথে তাদের লিড।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৪০১ রান। লিড এখন ১৫৪ রানের।

দিনের শুরুতেই জোড়া আঘাত করেন তাইজুল ইসলাম। ১৫৮ রান করা পাথুম নিসাঙ্কা ও অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভাকে ফেরান অভিজ্ঞ স্পিনার।

নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রাবাথ জায়াসুরিয়াকে আউট করেন নাহিদ রানা। বেশ কয়েকবার অল্পের জন্য বেঁচে যাওয়ার পর নাঈম হাসানের বলে বোল্ড হন কামিন্দু মেন্ডিস।

কুসাল মেন্ডিস ৪২ ও সোনাল দিনুশা ৮ রানে অপরাজিত।

27 Jun 2025, 12:19 PM

কামিন্দুকে থামালেন নাঈম

আক্রমণে ফিরে দ্বিতীয় ওভারে সাফল্য পেলেন নাঈম হাসান। কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে ভাঙলেন বিপজ্জনক হয়ে ওঠার আভাস দেওয়া জুটি।

নাঈমের স্টাম্পের ওপর করা সোজা যাওয়া ডেলিভারি কামিন্দুর প্যাড ছুঁয়ে এলোমেলো করে দেয় স্টাম্প। বেশ কয়েকবার অল্পের জন্য বেঁচে যাওয়া কামিন্দু ফেরেন ৩৩ রানে। ৪৯ রানে ভাঙে ষষ্ঠ উইকেট জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষিক্ত সোনাল দিনুশা। ৩৩ রানে খেলছেন কুসাল মেন্ডিস।

শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৩৮৪ রান। লিড এখন ১৩৭।

27 Jun 2025, 11:54 AM

স্টাম্পে লাগলেও পড়ল না বেলস

ভাগ‍্যের সহায়তা দারুণভাবে পাচ্ছেন কামিন্দু মেন্ডিস। নাহির রানার প্রথম ওভারে দুইবার আউট হতে পারতেন তিনি। কিন্তু ভাগ‍্য ভালো ছিল, ক‍্যাচ যায়নি ফিল্ডারের হাতে।

গতিময় পেসারের আরেক ওভারে বোল্ড হওয়ার হাত থেকে বেঁচে গেলেন কামিন্দু। অফ স্টাম্পের বাইরে রানার গতিময় ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

ব‍্যাটার কানায় লেগে অফ স্টাম্প ছুঁয়ে বল যায় বাউন্ডারিতে। ধারাভাষ‍্যকারদের যেন বিশ্বাসই হচ্ছিল না। নাহিদের মতো একজন গতিময় পেসারের ডেলিভারি স্টাম্প স্পর্শ করার পরও বেলস কীভাবে জায়গায় অনড় থাকে!

৯৪ ওভারে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৩৬৫। ২৮ বলে ৩০ রানে খেলছেন কামিন্দু। ১৬ বলে ১৭ রানে ব‍্যাট করছেন কুসাল মেন্ডিস।

27 Jun 2025, 11:46 AM

একশ ছাড়াল লিড

তৃতীয় দিন সকালে দ্রুত ৩ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণ শুরু করেছে শ্রীলঙ্কা। তাতে প্রথম ঘণ্টার পরপরই লিড ছাড়িয়েছে একশ।

ক্রিজে এখন দুই মেন্ডিস- কুসাল ও কামিন্দু। দুই জনই দ্রুত রান তোলার চেষ্টা করছেন।

৯২ ওভারে শ্রীলঙ্কার রান ৫ উইকেটে ৩৫১। স্বাগতিকদের লিড এখন ১০৪ রান। ২১ বলে চারটি চারে ২২ রানে খেলছেন কামিন্দু মেন্ডিস। দুই চারে ১১ বলে ১১ রানে ব‍্যাট করছেন কুসাল মেন্ডিস।

27 Jun 2025, 11:29 AM

জায়াসুরিয়ার প্রতিরোধ ভাঙলেন নাহিদ

নতুন দিনে বোলিংয়ে এসে প্রথম ওভারেই সাফল্য পেলেন নাহিদ রানা। তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রাবাথ জায়াসুরিয়া। ৩৯ বলে তিনি করলেন ১০ রান। 

এ নিয়ে দ্বিতীয় নতুন বলে ৯ ওভারের মধ্যে ৩ উইকেট নিল বাংলাদেশ।

ক্রিজে নতুন ব্যাটসম্যান কুসাল মেন্ডিস। মাত্র ১৬ বলে ২২ রানে খেলছেন কামিন্দু মেন্ডিস।

শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৩৫ রান। একশ ছোঁয়ার কাছে তাদের লিড।

27 Jun 2025, 11:19 AM

ধানাঞ্জায়াকেও ফেরালেন তাইজুল

দ্বিতীয় নতুন বলে দুর্দান্ত তাইজুল ইসলাম। পরপর দুই ওভারে পাথুম নিসাঙ্কা ও ধানাঞ্জায়া ডি সিলভাকে ফেরালেন অভিজ্ঞ স্পিনার।

মিডল স্টাম্পে পিচ করে এঙ্গেলে ভেতরে ঢোকা ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারেননি ধানাঞ্জায়া। জোরাল আবেদনে কিছুটা সময় নিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার।

রিভিউ নিয়ে কোনো লাভ হয়নি লঙ্কান অধিনায়কের। ৭ রানে ড্রেসিং রুমে ফেরেন তিনি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান কামিন্দু মেন্ডিস। এখনও রয়ে গেছেন আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রাবাথ জায়াসুরিয়া।

শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩১৪ রান। লিড এখন ৬৭ রানের।

27 Jun 2025, 11:10 AM

নিসাঙ্কাকে ফেরালেন তাইজুল

দ্বিতীয় নতুন বল নেওয়ার পর সাফল্য পেতে সময় লাগল না বাংলাদেশের। চতুর্থ ওভারের প্রথম বলে পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম।

শর্ট কভারের ফিল্ডারকে পিচ ঘেঁষে দাঁড় করিয়ে হালকা ঝুলিয়ে করেন তাইজুল। ক্রিজ ছেড়ে বেরিয়ে আলতো ড্রাইভ করার চেষ্টায় ওই ফিল্ডারের হাতেই ধরা পড়েন নিসাঙ্কা।

১৯ চারে ২৫৪ বলে ১৫৮ রান করে ফেরেন শ্রীলঙ্কার ওপেনার।

নতুন ব্যাটসম্যান ধানাঞ্জায়া ডি সিলভা। ৮ রানে খেলছেন নাইটওয়াচম্যান প্রাবাথ জায়াসুরিয়া।

শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩০৫ রান। তাদের লিড এখন ৫২ রানের।

27 Jun 2025, 11:02 AM

আম্পায়ার্স কলে বাঁচলেন জায়াসুরিয়া

অল্পের জন্যই একই ওভারে দ্বিতীয় উইকেট পেলেন না তাইজুল ইসলাম। আম্পায়ার্স কলের কারণে বেঁচে গেলেন প্রাবাথ জায়াসুরিয়া। 

তাইজুলের লেংথ ডেলিভারিতে ব্যাট নামাতে কিছুটা দেরি করে ফেলেন জায়াসুরিয়া। বল তার প্যাড ছোঁয়ার পর খেলেন ব্যাটে। তবে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

কিছুক্ষণ ভেবে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। রিপ্লেতে দেখা যায়, বলের 'ইমপ্যাক্ট' ও 'উইকেট' দুটোই ছিল আম্পায়ার্স কল। তাই মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল রাখতে বলেন টিভি আম্পায়ার। 

তবে মূল সিদ্ধান্ত আউট হলে রিভিউ নিলেও বাঁচতে পারতেন না ৮ রানে থাকা জায়াসুরিয়া।

৮৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩০৬ রান।

27 Jun 2025, 10:41 AM

দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ

দিনের শুরুতেই নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভার করলেন ইবাদত হোসেন। দ্বিতীয় বলে দুই রান নিয়ে দেড়শ স্পর্শ করলেন পাথুম নিসাঙ্কা।

৮১ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ২৯৭। ১৫২ রানে খেলছেন নিসাঙ্কা, নাইটওয়াচম‍্যান প্রবাথ জয়াসুরিয়া ব‍্যাট করছেন ৬ রানে।

27 Jun 2025, 10:26 AM

নির্বিষ বোলিংয়ে বাজে দিন

দ্বিতীয় দিনের উইকেটে যথেষ্ট সহায়তা থাকলেও সেটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের কোনো বোলার। ৭৮ ওভার বোলিং করে তারা নিতে পারলেন কেবল দুই উইকেট। 

পাথুম নিসাঙ্কার সেঞ্চুরি এবং দিনেশ চান্দিমালের সঙ্গে তার প্রায় দুইশ রানের জুটিতে লিডের পাশাপাশি বড় সংগ্রহের দৃঢ় ভিত পেয়ে গেছে শ্রীলঙ্কা। 

দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ২৯০। ২৩৮ বলে ১৪৬ রানে ব‍্যাট করছেন নিসাঙ্কা। নাইটওয়াচম‍্যান প্রবাথ জয়াসুরিয়া খেলছেন ৫ রানে। 

৩২ ওভার বোলিং করে একটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। ৮ ওভারের খরুচে বোলিংয়ে অন‍্য উইকেটটি পেয়েছেন নাঈম হাসান। 

দুই বছর পর টেস্ট খেলতে নেমে তেমন কিছু করতে পারেননি ইবাদত হোসেন। গতিতে দুয়েকবার ব‍্যাটসম‍্যানদের পরীক্ষায় ফেললেও কার্যকর হতে পারেননি নাহিদ রানা।

দিন শেষে ৪৭ রানে এগিয়ে শ্রীলঙ্কা। 

একবারই হয়তো ব‍্যাট করতে চাইবে স্বাগতিকরা। হাতে থাকা ৮ উইকেট নিয়ে অনেক বড় লিডেই চোখ থাকবে তাদের। 

দিনের শেষ বেলায় চান্দিমালের উইকেটে একটু আশা জেগেছে বাংলাদেশ। তৃতীয় দিন স্বাগতিকদের দ্রুত গুটিয়ে দিয়ে ব‍্যবধান যতটা সম্ভব কম রাখতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২ (নিসাঙ্কা ১৪৬*, উদারা ৪০, চান্দিমাল ৯৩, জয়াসুরিয়া ৫*; ইবাদত ৯-০-৩৩-০, তাইজুল ৩২-২-৯০-১, নাহিদ ১২-১-৫৪-০, মিরাজ ১৬-১-৫৭-০, নাঈম ৮-২-৪৫-১, মুমিনুল ১-০-৭-০)