১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেকর্ড গড়া জয়ে সিরিজ বাংলাদেশের

রানের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ, জিতল সিরিজ।

23 Oct 2025, 07:45 PM

রেকর্ড গড়া জয় বাংলাদেশের

রানের দিক থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সবচেয়ে বড় জয় পেল বাংলাদেশ। সঙ্গে দেশের মাটিতে ক‍্যারিয়ানদের বিপক্ষে জিতল চতুর্থ সিরিজ।

রিশাদ হোসেনের আগের ওভারে এক ছক্কা ও তিন চারে ২০ রান নেন আকিল হোসেন।

পরের ওভারের প্রথম বলে তাকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ইতি টানেন মেহেদী হাসান মিরাজ। ম‍্যাচে এটি তার দ্বিতীয় উইকেট।

১৫ বলে ২৭ রান করেন আকিল।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৭৯ রানের জয় পেল বাংলাদেশ। তিন ম‍্যাচের সিরিজ স্বাগতিকরা জিতল ২-১ ব‍্যবধানে।

রানের দিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের আগের সবচেয়ে বড় ছিল খুলনায়। ২০১২ সালে ১৬০ রানে জিতছিল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, সোহান ১৬*, মিরাজ ১৭; আকিল ১০-১-৪১-৪, চেইস ৮-১-৫৩-১, পিয়ের ১০-০-৪৬-০, গ্রেভস ৭-০-৬১-০, মোটি ৮-০-৫৩-১, আথানেজ ৭-০-৩৭-২)

ওয়েস্ট ইন্ডিজ: ৩০.১ ওভারে ১১৭ (আথানেজ ১৫, কিং ১৮, ওগিস ০, কার্টি ১৫, হোপ ৪, রাদারফোর্ড ১২, চেইস ০, গ্রেভস ১৫, মোটি ৭, আকিল ২৭, পিয়ের ০*; নাসুম ৬-১-১১-৩, মিরাজ ৭-০-৩৫-১, তানভির ৮-০-১৬-২, রিশাদ ৯-০-৫৪-৩)

ফল: বাংলাদেশ ১৭৯ রানে জয়ী

23 Oct 2025, 07:35 PM

উইকেট পেলেন মিরাজ

জাস্টিন গ্রেভসকে ফিরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়কের উইকেটে জয়ের আরও কাছে পৌঁছে গেল বাংলাদেশ।

লেগ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারেন গ্রেভস। অনায়াসে গ্লাভসে নেন কিপার নুরুল হাসান সোহান।

৩৩ বলে ১৫ রান করেন গ্রেভস।

২৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৯ উইকেটে ৯৭। ক্রিজে সফরকারীদের শেষ জুটি।

23 Oct 2025, 07:23 PM

মোটির বিদায়ে জয়ের কাছে বাংলাদেশ

আরও একটি উইকেট পেলেন রিশাদ হোসেন। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে গেলেন গুডাকেশ মোটি।

ওয়েস্ট ইন্ডিজের দুটি রিভিউ বাকি, তবুও রিভিউ নিলেন না মোটি। আম্পায়ার আউট দিতেই হাঁটা ধরলেন তিনি।

সামনে পা বাড়িয়ে খেললে হয়তো বেঁচে যেতেন মোটি। কিন্তু জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ব‍্যাটের কানা এড়িয়ে প‍্যাডে লাগতেই আউটের আবেদনে সাড়া দেন আম্পায়ার।

১২ বলে এক চারে ৭ রান করেন মোটি।

২৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৮ উইকেটে ৮৪। ক্রিজে জাস্টিন গ্রেভসের সঙ্গী আকিল হোসেন।

23 Oct 2025, 07:18 PM

মাঝপথে মহাবিপদে উইন্ডিজ

বড় রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। দায়িত্ব নিতে পারছেন না কোনো ব‍্যাটসম‍্যান, গড়ে উঠছে না কোনো জুটি। মাঝপথে তাই মহাবিপদে ওয়েস্ট ইন্ডিজ।

২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ৭৮। ৯ বলে ৩ রানে খেলছেন গুডাকেশ মোটি। ২২ বলে ৯ রানে ব‍্যাট করছেন জাস্টিন গ্রেভস।

23 Oct 2025, 07:05 PM

কার্টির প্রতিরোধ ভাঙলেন তানভির

ভালো বোলিং করে যাওয়ার পুরস্কার পেলেন তানভির ইসলাম। বাঁহাতি স্পিনারের বাড়তি বাউন্স করা বলে চমকে গিয়ে ক‍্যাচ দিলেন কেসি কার্টি।

এক প্রান্ত আগলে রেখেছিলেন কার্টি। বড় শটের চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু প্রত‍্যাশার চেয়ে কম গতি এবং বেশি বাউন্সে যে শট খেলতে চেয়েছিলেন সেটি পারেননি। শেষ পর্যন্ত নাজমুল হোসেন শান্তকে তিনি দেন সহজ ক‍্যাচ।

৪৩ বলে কার্টি করেন ১৫ রান।

২২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৭ উইকেটে ৬৮। ক্রিজে জাস্টিন গ্রেভসের সঙ্গী গুডাকেশ মোটি।

23 Oct 2025, 06:53 PM

শূন‍্যতেই শেষ চেইস

শেরফেন রাদারফোর্ডকে বিদায় করার পর একই ওভারে আরেকটি উইকেট পেলেন রিশাদ হোসেন। তার ফুলটসে বড় শটের চেষ্টায় ক‍্যাচ দিলেন রোস্টন চেইস।

হুট করে সাদামাটা এক ফুলটস পেয়ে গায়ের জোরে মারতে গিয়ে টাইমিং করতে পারেননি চেইস। মিড অনে সহজ ক‍্যাচ নেন নাসুম আহমেদ।

৩ বল খেলে শূন‍্য রানে ফেরেন চেইস।

১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬ উইকেটে ৬৪। ক্রিজে কেসি কার্টির সঙ্গী জাস্টিন গ্রেভস।

23 Oct 2025, 06:50 PM

উইকেট শিকারে রিশাদও

ওয়েস্ট ইন্ডিজের বিপদ আরও বাড়ালেন রিশাদ হোসেন। শেরফেন রাদারফোর্ডকে ফিরিয়ে উইকেট শিকারে যোগ দিলেন এই লেগ স্পিনার।

রিশাদের অফ স্টাম্পের বলে ঠিকঠাক শট খেলতে পারেননি রাদারফোর্ড। শর্ট মিড উইকেটে চমৎকার ক‍্যাচ নেন মেহেদী হাসান মিরাজ।

১৬ বলে দুই চারে ১২ রান করেন রাদারফোর্ড।

১৮.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৬৩। ক্রিজে কেসি কার্টির সঙ্গী রোস্টন চেইস।

23 Oct 2025, 06:31 PM

হোপকে দ্রুত ফেরালেন তানভির

বাঁহাতি স্পিনে ভুগছে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদের পর উইকেট শিকারে যোগ দিয়েছেন তানভির ইসলাম।

বাঁহাতি এই স্পিনার নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপের উইকেট।

স্টাম্পে থাকা ডেলিভারিতে স্লগ সুইপ করেন হোপ। কিন্তু টার্নের বিপক্ষে লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় ব‍্যাকওয়ার্ড পয়েন্টে।

১৬ বল খেলে ৪ রান করেন হোপ।

১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৪ উইকেটে ৪৭। ক্রিজে কেসি কার্টির সঙ্গী শেরফেন রাদারফোর্ড।

23 Oct 2025, 06:15 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশের দারুণ বোলিং

প্রায় তিনশ রান তাড়ায় পাওয়ার প্লে ভালো কাটল না ওয়েস্ট ইন্ডিজের। কম রানে প্রথম তিন ব‍্যাটসম‍্যানকে হারাল সফরকারীরা।

১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৩৯। ৫ বলে ১ রানে খেলছেন শেই হোপ। ১৪ বলে কেসি কার্টির রান ৫।

শেষ ৪০ ওভারে ২৫৮ রান চাই সফরকারীদের।

23 Oct 2025, 06:10 PM

কিংকে ফিরিয়ে নাসুমের ৩

আগের বলে ঝুঁকি নিয়ে শট খেলে চার পেলেন ব্র‍্যান্ডন কিং। পরের বলে একই চেষ্টায় দিলেন মাশুল। পাওয়ার প্লের ভেতরে তিনটি উইকেট পেলেন নাসুম আহমেদ।

বাঁহাতি স্পিনারের আর্ম বলে কাট করতে গিয়ে সফল হননি কিং। একটু নিচু হওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি ক‍্যারিবিয়ান ওপেনার। বল আঘাত হানে স্টাম্পে।

১৭ বলে এক ছক্কা ও দুই চারে ১৮ রান করেন কিং।

৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৩৫। ক্রিজে কেসি কার্টির সঙ্গী শেই হোপ।

23 Oct 2025, 06:02 PM

বাংলাদেশের সফল রিভিউ

এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাওয়ার প্লের ভেতরে দ্বিতীয় উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ।

বাঁহাতি স্পিনারের বল প‍্যাডেল সুইপ করতে গিয়ে ব‍্যাটে খেলতে পারেননি আকিম ওগিস। প‍্যাডে লাগলে লেগ স্টাম্প মিস করবে ভেবে আউট দেননি আম্পায়ার।

কিপার ও বোলারের সঙ্গে কথা বলে রিভিউ নেন মিরাজ। তাতে পাল্টায় সিদ্ধান্ত। বল আঘাত হানত লেগ স্টাম্পে।

৩ বল খেলে শূন‍্য রানে ফেরেন ওগিস।

৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ২৯। ক্রিজে ব্র‍্যান্ডন কিংয়ের সঙ্গী কেসি কার্টি।

23 Oct 2025, 05:56 PM

শুরুর জুটি ভাঙলেন নাসুম

নাসুম আহমেদের বলে প‍্যাডেল সুইপের চেষ্টায় ব‍্যর্থ হয়ে নিজের উইকেট হারালেন আলিক আথানেজ।

বাঁহাতি স্পিনারের বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি এই ওপেনার। বল প‍্যাডে লাগার পর জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।

ব্র‍্যান্ডন কিংয়ের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়েই ফেরন আথানেজ। রিভিউ নিলেও কোনো কাজ হতো না। তিনি আউট হতেনই, সঙ্গে নষ্ট হতো একটি রিভিউ।

২১ বলে এক ছক্কায় ১৫ রান করেন আথানেজ।

৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ১৬। ক্রিজে কিংয়ের সঙ্গী আকিম ওগিস।

23 Oct 2025, 05:46 PM

রিভিউ নিয়ে বাঁচলেন কিং

আম্পারের আঙুল তুলতে দেরি হল, ব‍্যাটসম‍্যান ব্র‍্যান্ডন কিংয়ের রিভিউয়ের ইশারা দিতে দেরি হল না!

নাসুম আহমেদের বল ব‍্যাটেই খেলেছিলেন ক‍্যারিবিয়ান ওপেনার। তাই সিদ্ধান্ত পাল্টান আম্পায়ার।

৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৭।  ৭ রানে ব‍্যাট করছেন আলিক আথানেজ, এখনও রানের দেখা পাননি কিং।

23 Oct 2025, 05:40 PM

প্রথম ওভারে কঠিন সুযোগ হাতছাড়া

নিজের প্রথম ওভারে উইকেট পেতে পারতেন নাসুম আহমেদ। কিন্তু আলিক আথানেজের কঠিন ক‍্যাচ নিতে পারেননি তিনি নিজেই।

বাঁহাতি স্পিনারের প্রথম তিনটি বল ডট খেলেন আথানেজ। চতুর্থ বলে বোলারের পাশ দিয়ে জোরাল শট খেলেন তিনি। ডান দিকে ঝাপিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি নাসুম।

১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ১।

23 Oct 2025, 05:09 PM

২৯৭ রানের লক্ষ‍্য দিল বাংলাদেশ

২৫ ওভারে বিনা উইকেটে ১৭৬ রান করার পরও তিনশ ছুঁতে পারল না বাংলাদেশ! পরের ২৫ ওভারে ৮ উইকেটে যোগ করতে পারল কেবল ১২০ রান।

৫০ ওভারে ব‍্যাট করে ৮ উইকেটে বাংলাদেশ থামল ২৯৬ রানে।

গুডাকেশ মোটির করা ইনিংসের শেষ বলে আকিম ওগিসের হাতে ধরা পড়েন মেহেদী হাসান মিরাজ। ভাঙে ২৫ বল স্থায়ী ৩৫ রানের জুটি।

আগের বলেও আউট হতে পারতেন মিরাজ। কিন্তু সীমানায় ক‍্যাচ নিতে পারেননি জাস্টিন গ্রেভস।

১৭ বলে এক চারে ১৭ রান করেন মিরাজ। ৮ বলে একটি করে ছক্কা ও চারে ১৬ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, সোহান ১৬*, মিরাজ ১৭; আকিল ১০-১-৪১-৪, চেইস ৮-১-৫৩-১, পিয়ের ১০-০-৪৬-০, গ্রেভস ৭-০-৬১-০, মোটি ৮-০-৫৩-১, আথানেজ ৭-০-৩৭-২)

23 Oct 2025, 05:00 PM

সর্বোচ্চ ছক্কার রেকর্ড

ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রেকর্ড স্পর্শ করল বাংলাদেশ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে ১৪টি ছক্কা মেরেছিল তারা।

৪৯তম ওভারে জাস্টিন গ্রেভসের ওভারে নুরুল হাসান সোহানের ছক্কায় রেকর্ড স্পর্শ  করে বাংলাদেশ। পরের বলে সীমানায় আলিক আথানেজের হাতে জীবন পান সোহান, সঙ্গে মেলে বাউন্ডারিও।

৪৯ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৯০।

23 Oct 2025, 04:46 PM

আকিলের ওভারে ৩ উইকেট

দুর্দান্ত এক ওভারে ৩ উইকেট নিলেন আকিল হোসেন। বড় শটের চেষ্টায় বলের লাইনে যেতে পারলেন না মাহিদুল ইসলাম। সরে গিয়ে খেলার চেষ্টায় বোল্ড হয়ে গেলেন এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান। একই চেষ্টায় সীমানায় ক‍্যাচ দিলেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আকিল হোসেনের বল লেগ-মিডল স্টাম্পে করে স্পিন করে বেরিয়ে যায়। গায়ের জোরে মারতে গিয়ে লাইনেই যেতে পারেননি মাহিদুল। আঘাত হানে স্টাম্পে।

১০ বলে ৬ রান করেন মাহিদুল।

দুই বল পর ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন রিশাদ হোসেন। আগের দুই ম‍্যাচে শেষে ঝড় তোলা তরুণ এবার ৬ বলে করেন ৩।

৪৬ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ২৬১। ক্রিজে নুরুল হাসান সোহানের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

23 Oct 2025, 04:36 PM

আথানেজের দুর্দান্ত ক‍্যাচ

বারবার বেঁচে যাওয়া নাজমুল হোসেন শান্ত ফিরলেন আলিক আথানেজের দুর্দান্ত ক‍্যাচে।

আথানেজের অফ স্পিনে ছক্কার চেষ্টায় ছিলেন শান্ত। ঠিকঠাক খেলতে পারেননি, ক‍্যাচ যায় বোলারের পেছনে।

সেদিকে ছুটে গিয়ে কাঁধের উপর দিয়ে আসা বল ডাইভ দিয়ে দুই হাতে মুঠোয় নেন আথানেজ! ৫৫ বলে তিন ছক্কায় ৪৪ রান করেন শান্ত।

৪৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৫৪। ক্রিজে মাহিদুল ইসলামের সঙ্গী প্রমোশন পাওয়া রিশাদ হোসেন।

23 Oct 2025, 04:32 PM

আবারও জীবন পেলেন শান্ত!

দুই ওভারের মধ‍্য তিনবার বেঁচে গেলেন নাজমুল হোসেন শান্ত। রোস্টন চেইসের বলে তার ক‍্যাচ ছাড়লেন গুড়াকেশ মোটি।

অফ স্পিনারের বলে ইন-সাইড আউটে টাইমিং করতে পারেননি শান্ত। ছুটে গিয়ে হাতে নিলেও মুঠোয় রাখতে পারেননি মোটি।

৪৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৫২।

23 Oct 2025, 04:28 PM

এক ওভারে দুইবার ‘বাঁচলেন’ শান্ত

আলিক আথানেজের প্রথম বলে ছক্কা পেলেন নাজমুল হোসেন শান্ত। সীমানায় ক‍্যাচ ধরতে গিয়ে তালগোল পাকিয়ে সেই ছক্কা তাকে এক রকম উপহার দিলেন আকিল হোসেন।

ওভারের চতুর্থ বলে শান্তকে বিদায় করার সুযোগ হাতছাড়া করলেই শেই হোপ। পা বাড়িয়ে খেলার চেষ্টায় সফল হননি শান্ত, লাইন ছেড়ে বেরিয়ে যায় পা। কিন্তু বল গ্লাভসে নিতেই পারেননি ক‍্যারিবিয়ান কিপার।

৪২ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৪৭।

23 Oct 2025, 04:22 PM

হৃদয়ের বিদায়ে ভাঙল জুটি

আলিক আথানেজের এক বল আগে বাউন্ডারি পেলেন তাওহিদ হৃদয়। নাজমুল হোসেন শান্তর সঙ্গে তার জুটির পঞ্চাশ এলো ৬৮ বলে।

এক বল পর স্লগ সুইপ করে ডিপ মিড উইকেটে শেরফেন রাদারফোর্ডের হাতে ধরা পড়লেন হৃদয়। ভাঙল ৭০ বল স্থায়ী ৫০ রানের জুটি।

৪৪ বলে দুই চারে ২৮ রান করে ফিরলেন হৃদয়।

৪০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৩১। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী মাহিদুল ইসলাম।

23 Oct 2025, 03:51 PM

রিভিউ নিয়ে বাঁচলেন হৃদয়

গুডাকেশ মোটির বলে আম্পায়ার কট বিহাইন্ড দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন তাওহিদ হৃদয়।

বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন হৃদয়। ব‍্যাটে খেলতে পারেননি, বিশাল টার্ন করে জমা পড়ে শেই হোপের গ্লাভসে।

জোরাল আবদনে সাড়া দেন আম্পায়ার। তবে নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলে রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। রিপ্লেতে দেখা যায়, ব‍্যাট থেকে বেশ দূরে ছিল বল। তাতে পাল্টায় সিদ্ধান্ত।

এর আগে সফল রিভিউয়ে একবার বাঁচেন ওপেনার সাইফ হাসান।

৩২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২০১। ১৬ বলে ১৫ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। হৃদয় ১৮ বলে খেলছেন ৮ রানে।

23 Oct 2025, 03:43 PM

ওয়েস্ট ইন্ডিজের ব‍্যর্থ রিভিউ

নাজমুল হোসেন শান্তর বিপক্ষে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো ওয়েস্ট ইন্ডিজ। বলে ব‍্যাটের স্পর্শ না থাকায় সফরকারীরা হারাল নিজেদের প্রথম রিভিউ।

জাস্টিন গ্রেভসের আগের বল বেরিয়ে এসে ছক্কায় ওড়ান শান্ত। পরের বল ব‍্যাটে খেলতে পারেননি বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

আম্পায়ার আবেদনে সাড়া না দিলে শেষ সময়ে রিভিউ নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তবে হতাশ হতে হয় তাকে, ব‍্যাটের কানা নেয়নি বল।

৩০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১৯৪।

23 Oct 2025, 03:39 PM

৯১ রানে থামলেন সৌম‍্য

আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গেলেন সৌম্য সরকার। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করতে পারলেন না বাংলাদেশের বাঁহাতি ওপেনার। ৯ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন তিনি।

আকিল হোসেনের করা ২৯তম ওভারের প্রথম বলটি স্লগ সুইপ করেন সৌম্য। শট খেলেই তিনি বুঝে ফেলেন, টাইমিং ঠিকমতো হয়নি। ডিপ মিডউইকেটে সহজ ক্যাচ নেন ওগিস। হতাশায় মাথা নুইয়ে কিছুক্ষণ ক্রিজে বসে থাকেন সৌম্য।

ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরির কাছেই ছিলেন সৌম্য। কিন্তু সেখানে পৌঁছাতে পারলেন না তিনি। ৪ ছক্কা ও ৭ চারে ৮৬ বলে ৯১ রান করে ফেরেন তিনি।

১৮১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।

23 Oct 2025, 03:21 PM

সাইফের বিদায়ে ভাঙল দারুণ জুটি

স্লগ সুইপে টাইমিং করতে পারলেন না সাইফ হাসান, প্রথম সাফল‍্য পেল ওয়েস্ট ইন্ডিজ।

রোস্টন চেইসের অফ স্টাম্প ঘেঁষা বলে ছক্কার চেষ্টায় সফল হননি সাইফ। বেশ উঁচুতে উঠে যাওয়া ক‍্যাচ নেন জাস্টিন গ্রেভস। ভাঙে ১৫২ বল স্থায়ী ১৭৬ রানের জুটি।

৭২ বলে ছয়টি করে ছক্কা ও চারে ৮০ রান করেন সাইফ।

২৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৭৭। ক্রিজে সৌম‍্য সরকারের সঙ্গী তাওহিদ হৃদয়।

23 Oct 2025, 03:16 PM

মাঝপথে দারুণ অবস্থানে বাংলাদেশ

সৌম‍্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত ব‍্যাটিংয়ে মাঝপথে খুব ভালো অবস্থানে বাংলাদেশ।

২৫ ওভারে স্বাগতিকদের রান বিনা উইকেটে ১৭৬।

প্রথম ১০ ওভারে ৭৪ রান করেছিল বাংলাদেশ, পরের ১৫ ওভারে এলো ১০২ রান।

৭০ বলে ছয়টি করে চার ও ছক্কায় ৮০ রানে ব‍্যাট করছেন সাইফ। ৮০ বলে চারটি ছক্কা ও সাতটি চারে ৯১ রানে খেলছেন সৌম‍্য।

23 Oct 2025, 03:05 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা উদ্বোধনী জুটি

সৌম‍্য সরকার ও সাইফ হাসানের দুর্দান্ত ব‍্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সেরা উদ্বোধনী জুটি পেয়েছে বাংলাদেশ।

ওয়ানডেতে ক‍্যারিবিয়ানদের বিপক্ষে আগের সেরা উদ্বোধনী জুটি ছিল ১৪৪ রানের। ২০১৯ সালে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে যেটি গড়েছিলেন তামিম ইকবাল ও সৌম‍্য।

সেটি ছাড়িয়ে সৌম‍্য ও সাইফের জুটিতে এখন রান ১৫৬।

২২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৫৬। ওয়ানডেতে এটি বাংলাদেশের দেড়শ ছোঁয়া ষষ্ঠ উদ্বোধনী জুটি।

23 Oct 2025, 02:57 PM

আথানেজের ২ ওভারে ১৭

আগের ম‍্যাচে ১০ ওভারে কেবল ১৪ রান দিয়েছিলেন আলিক আথানেজ। এবার অনিয়মিত অফ স্পিনারের প্রথম ২ ওভারে সৌম‍্য সরকার ও সাইফ হাসান নিলেন ১৭ রান।

আথানেজের দ্বিতীয় ওভারে কাভার দিয়ে চার মেরেছেন সৌম‍্য। এগিয়ে এসে লং অনের উপর দিয়ে ছক্কা মেরেছেন সাইফ।

২০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৩৯। ৭৪ রানে খেলছেন সৌম‍্য, ৬১ রানে ব‍্যাট করছেন সাইফ।

23 Oct 2025, 02:43 PM

জুটির একশ, সাইফের পঞ্চাশ

গুডাকেশ মোটির বলে দারুণ শটে ছক্কা মারলেন সাইফ হাসান। লম্বা সময় পর শতরানের উদ্বোধনী জুটির দেখা পেল বাংলাদেশ।

২০২৩ সালের ২৩ মার্চ সবশেষ ওয়ানডেতে কোনো শতরানের উদ্বোধনী জুটির দেখা পেয়েছিল বাংলাদেশ। সিলেটে আয়ারল‍্যান্ডের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবাল গড়েছিলেন সেই জুটি।

৪৫ ম্যাচ পর বাংলাদেশের উদ্ধোধনী জুটিতে একশ এলো, সময়ের হিসাবে ২ বছর ৭ মাস পর।

ওভারের শেষ বলে চার মেরে ওয়ানডেতে নিজের প্রথম পঞ্চাশ স্পর্শ করেন সাইফ। তার লাগল ৪৪ বল।

১৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১০৯। ৫২ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৫৪ রানে খেলছেন সৌম‍্য সরকার। সাইফ ৪৪ বলে চারটি করে ছক্কা ও চারে খেলছেন ৫২ রানে।

23 Oct 2025, 02:31 PM

৪৮ বলে সৌম‍্যর পঞ্চাশ

শুরুতে একটু সময় নেওয়ার পর দারুণ ব‍্যাটিংয়ে এগিয়ে যাচ্ছেন সৌম‍্য সরকার। ৪৮ বলে ছুঁয়েছেন পঞ্চাশ।

গুডাকেশ মোটির বলে ব‍্যাটের কানায় লেগে দুই রান নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন সৌম‍্য। এই সময়ে তার ব‍্যাট থেকে এসেছে দুটি ছক্কা ও পাঁচটি চার।

ওয়ানডেতে এটি সৌম‍্যর ১৪তম পঞ্চাশ, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ষষ্ঠ।

১৪ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৯৪।

23 Oct 2025, 02:13 PM

দশম ওভারে আক্রমণে পেসার

আগের ম‍্যাচে পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে করানো শেই হোপ এবার দশম ওভারে আক্রমণে আনলেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসকে। তার ওভারে দুটি চার মারলেন সৌম‍্য সরকার।

১০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৭৪। ৩৯ বলে ৪৫ রানে খেলছেন সৌম‍্য। ২১ বলে ২৮ রানে ব‍্যাট করছেন সাইফ।

সিরিজে পাওয়ার প্লেতে এটাই কোনো দলের সর্বোচ্চ।

প্রথম ১০ ওভারে চারটি ছক্কা ও আটটি চার মেরেছেন দুই ব‍্যাটসম‍্যান।

23 Oct 2025, 02:08 PM

রিভিউ নিয়ে বাঁচলেন সাইফ

আকিল হোসেনের জায়গায় আক্রমণে এসে সাফল‍্য প্রায় পেয়েই যাচ্ছিলেন খ‍্যারি পিয়ের। তবে একটুর জন‍্য বেঁচে গেলেন সাইফ হাসান।

বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্স করার চেষ্টা করেন সাইফ। ব‍্যাটের কানায় বলের স্পর্শ বুঝতে পারেননি আম্পায়ার। তিনি এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। তাতে পাল্টায় সিদ্ধান্ত।

সে সময় ২৮ রানে ছিলেন সাইফ।

৯ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬৫।

23 Oct 2025, 02:05 PM

সাইফ-সৌম‍্যর জুটিতে পঞ্চাশ

পাল্টা আক্রমণে শুরুটা করেন সাইফ হাসান। তার দেখানো পথ ধরেই রানের গতি বাড়ান সৌম‍্য সরকার।

স্পিনারদের জন‍্য দারুণ উইকেটে দুই ওপেনারের ব‍্যাটে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ এসেছে ৪৬ বলে।

রোস্টন চেইসের আগের ওভারে রিভার্স সুইপ করে ছক্কা মেরেছিলেন সৌম‍্য। এবার মারলেন আরেকটি। তাতে জুটির রান গেল পঞ্চাশে।

ওভারের শেষ বলে বোলারের মাথার উপর দিয়ে আরেকটি ছক্কা মারলেন সাইফ। ওভার থেকে এলো ১৭ রান।

৮ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬০। চলতি বছর এটাই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম পঞ্চাশ ছোঁয়া উদ্বোধনী জুটি।

৩১ বলে দুই ছক্কা ও তিন চারে ৩৫ রানে খেলছেন সৌম‍্য। ১৭ বলে দুটি করে ছক্কা ও চারে সাইফ ব‍্যাট করছেন ২৪ রানে।

23 Oct 2025, 01:41 PM

দুই প্রান্তে স্পিন

অনুমিতভাবে দুই প্রান্তেই স্পিন দিয়ে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের মতোই প্রথম ওভার করেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। স্ট্রেইট ড্রাইভে তাকে চার মেরে শুরু করার পর প‍্যাডেল সুইপে আরেকটি বাউন্ডারে মেরেছেন সাইফ হাসান।

পরের ওভার করেছেন অফ স্পিনার রোস্টন চেইস। সেই ওভারের ছয় বলে কোনো রান নিতে পারেননি সৌম‍্য সরকার।

২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮।

23 Oct 2025, 01:09 PM

অপরিবর্তিত ওয়েস্ট ইন্ডিজ

সুপার ওভারে জয় পাওয়া দলের উপরই ভরসা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। আলিক আথানেজসহ দলে স্পিনার পাঁচ জন। প্রয়োজনে লেগ স্পিন করতে পারেন আকিম ওগিস।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রেভস, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড, আকিল হোসেন, আকিম ওগিস।

23 Oct 2025, 01:09 PM

একই একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

হেরে যাওয়া ম‍্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। এক পেসার ও অলরাউন্ডারসহ চার স্পিনার খেলছে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন।

23 Oct 2025, 01:03 PM

টস জিতে ব‍্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজের শেষ ম‍্যাচেও টস ভাগ‍্য পাশে পেলেন মেহেদী হাসান মিরাজ। আবারও ব‍্যাটিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।

23 Oct 2025, 12:42 PM

সিরিজ জয়ের লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

প্রথম ম‍্যাচে সহজ জয়ের দ্বিতীয়টিতে সুপার ওভারে হার। ব‍্যর্থতার বৃত্তে থাকা বাংলাদেশের সামনে ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ তৃতীয় ম‍্যাচে। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম‍্যাচ শুরু হবে বেলা দেড়টায়।  

দুই ম‍্যাচেই দারুণ দাপট ছিল স্পিনারদের। দ্বিতীয়টিতে তো এক বলও পেসারদের দিয়ে করায়নি ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের উইকেট বড় পরিবর্তনের সম্ভাবনা খুব কম। তাই স্পিনাদের আরেকটি লড়াই দেখা যেতে পারে সিরিজ নির্ধারণী তৃতীয় ম‍্যাচে।