11 Mar 2026, 06:16 PM
৮ উইকেটের জয় সিরিজে এগিয়ে বাংলাদেশ
একপেশে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানের ১১৪ রান কেবল ১৫.১ ওভারে পেরিয়ে গেছে বাংলাদেশ।
৮ উইকেটের জয়ে সবচেয়ে বড় অবদান নাহিদ রানার। ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নিয়েছেন এই তরুণ পেসার। তাকে দারুণ সহায়তা দিয়ে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।
রান তাড়ায় সামনে থেকে পথ দেখিয়েছেন ওপেনার তানজিদ হাসান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৪২ বলে পাঁচ ছক্কা ও সাত চারে ৬৭ রানের ইনিংসে ফিরেছেন দলকে জিতিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ (সাহিবজাদা ২৭, সাদকাত ১৮, শামিল ৪, রিজওয়ান ১০, সালমান ৫, তালাত ৪, সামাদ ০, ফাহিম ৩৭, আফ্রিদি ৪, ওয়াসিম ০, আবরার ০*; তাসকিন ৭-০-২৯-১, মুস্তাফিজ ৪.৪-০-১৮-১, মিরাজ ১০-০-২৯-৩, নাহিদ ৭-০-২৪-৫, রিশাদ ২-০-১০-০)
বাংলাদেশ: ১৫.২ ওভারে ১১৫/২ (সাইফ ৪, তানজিদ ৬৭*, শান্ত ২৭, লিটন ৩*; আফ্রিদি ৫-১-৩৫-১, ফাহিম ২-০-১৯-০, ওয়াসিম ৩.১-০-২৪-১, আবরার ৩-০-২৫-০, সালমান ২-০-১২-০)
11 Mar 2026, 06:04 PM
শান্তর বিদায়ে ভাঙল জুটি
দলকে জয়ের কাছে নিয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ হারাল দ্বিতীয় উইকেট।
মোহাম্মদ ওয়াসিমের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে কিপারের গ্লাভসে ধরা পড়েন শান্ত। ভাঙে ৬৭ বল স্থায়ী ৮২ রানের জুটি।
৩৩ বলে পাঁচ চারে ২৭ রান করেন শান্ত।
১৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১১০। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী লিটন দাস।
11 Mar 2026, 05:56 PM
৩২ বলে তানজিদের পঞ্চাশ
ছোট রান তাড়ায় বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন তানজিন হাসান। ৩২ বলে বাঁহাতি এই ওপেনার ছুঁয়েছেন পঞ্চাশ।
সালমান আলি আগার বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের পঞ্চম পঞ্চাশ স্পর্শ করেন তানজিদ।
১২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৯২। ৩২ বলে চার ছক্কা ও পাঁচ চারে ৫০ রানে খেলছেন তানজিদ। ৩০ বলে পাঁচ চারে ২৭ রানে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত।
11 Mar 2026, 05:47 PM
৩৮ বলে জুটির পঞ্চাশ
টি-টোয়েন্টি ঘরানার ব্যাটিংয়ে এগোচ্ছেন তানজিদ হাসান। দায়িত্বশীল ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে তাদের জুটিতে পঞ্চাশ এসেছে কেবল ৩৮ বলে।
৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭৮। ২৫ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৪১ রানে ব্যাট করছেন তানজিদ। ১৯ বলে পাঁচ চারে ২২ রানে খেলছেন শান্ত। জয়ের জন্য আর কেবল ৩৭ রান চাই বাংলাদেশের।
11 Mar 2026, 05:22 PM
শুরুতেই ফিরলেন সাইফ
রান তাড়ায় তৃতীয় ওভারে ভাঙল বাংলাদেশের শুরুর জুটি। শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ দিয়ে ফিরলেন সাইফ হাসান।
অফ স্টাম্পের বাইরের বলে সাইফের দুর্বল পাঞ্চ যায় পয়েন্টে, শামিল হুসাইনের হাতে। ১০ বলে ৪ রান করেন সাইফ।
৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩১। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাজমুল হোসেন শান্ত।
11 Mar 2026, 04:58 PM
১১৪ রানে থামল পাকিস্তান
শেষ জুটিতে রান কিছুটা বাড়িয়ে নিচ্ছিল পাকিস্তান। সেটার ইতি টানলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে ১১৪ রানে অলআউট হলো শাহিন শাহ আফ্রিদির দল।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটাই পাকিস্তানের সর্বনিম্ন। ১৯৯৯ বিশ্বকাপে ১৬১ ছিল তাদের আগের সর্বনিম্ন।
মুস্তাফিজের বলে মিডউইকেটে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন ফাহিম। ভাঙে ৩২ রানের জুটি। শুরুর জুটির পর কেবল এই জুটিই দুই অঙ্ক স্পর্শ করে।
৪৭ বলে ছয় চার ও এক ছক্কায় ৩৭ রান করেন ফাহিম। ১১৪ রানে থামল পাকিস্তান
শেষ জুটিতে রান কিছুটা বাড়িয়ে নিচ্ছিল পাকিস্তান। সেটার ইতি টানলেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওয়ানডেতে ১১৪ রানে অলআউট হলো শাহিন শাহ আফ্রিদির দল।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটাই পাকিস্তানের সর্বনিম্ন। ১৯৯৯ বিশ্বকাপে ১৬১ ছিল তাদের আগের সর্বনিম্ন।
মুস্তাফিজের বলে মিডউইকেটে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন ফাহিম। ভাঙে ৩২ রানের জুটি। শুরুর জুটির পর কেবল এই জুটিই দুই অঙ্ক স্পর্শ করে।
৪৭ বলে ছয় চার ও এক ছক্কায় ৩৭ রান করেন ফাহিম।
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানের বোলিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন নাহিদ রানা। তরুণ এই পেসার নিজের প্রথম ৫ ওভারে নেন একটি উইকেট। তার তোপ আর সামলে উঠতে পারেনি পাকিস্তান।অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৩০.৪ ওভারে ১১৪ (সাহিবজাদা ২৭, সাদকাত ১৮, শামিল ৪, রিজওয়ান ১০, সালমান ৫, তালাত ৪, সামাদ ০, ফাহিম ৩৭, আফ্রিদি ৪, ওয়াসিম ০, আবরার ০*; তাসকিন ৭-০-২৯-১, মুস্তাফিজ ৪.৪-০-১৮-১, মিরাজ ১০-০-২৯-৩, নাহিদ ৭-০-২৪-৫, রিশাদ ২-০-১০-০)
11 Mar 2026, 04:25 PM
ওয়াসিমকে ফেরালেন তাসকিন
পাকিস্তানের বিপদ আরও বাড়ালেন তাসকিন আহমেদ। অভিজ্ঞ এই পেসার নিলেন মোহাম্মদ ওয়াসিমের উইকেট।
তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারেন ওয়াসিম। প্রথম স্লিপে সহজ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ৩ বল খেলেও কোনো রান করতে পারেননি ওয়াসিম।
২৪ ওভারে পাকিস্তানের রান ৯ উইকেটে ৮২। ক্রিজে ফাহিম আশরাফের সঙ্গী আবরার আহমেদ।
11 Mar 2026, 04:25 PM
আফ্রিদিকে টিকতে দিলেন না মিরাজ
একটি চার মেরেই থেমে গেলেন শাহিন শাহ আফ্রিদি। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হলেন পাকিস্তান অধিনায়ক।
অফ স্পিনারের বলের লাইনে যেতে পারেননি আফ্রিদি। বল আঘাত হানে প্যাডে। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন মিরাজ। তাতে পাল্টায় সিদ্ধান্ত।
৪ বলে ৪ রান করেন আফ্রিদি।
২৩ ওভারে পাকিস্তানের রান ৮ উইকেটে ৮১। ক্রিজে ফাহিম আশরাফের সঙ্গী মোহাম্মদ ওয়াসিম।
11 Mar 2026, 04:17 PM
তালাতকে ফিরিয়ে মিরাজের ২
পাকিস্তানের শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান হুসাইন তালাতকে ফিরিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ।
আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। বলের লাইনে যেতে পারেননি তালাত, ব্যাটও ছোঁয়াতে পারেননি। বল ছোবল দিত অফ স্টাম্পের উপরের দিকে।
রিভিউয়ে সফল হয়ে বাংলাদেশ পায় তালাতের উইকেট। ১৩ বলে তিনি করেন ৪ রান।
আগের ওভারে রিভিউ নিলে বাংলাদেশ পেত ফাহিম আশরাফের উইকেট। নাহিদ রানার বলে এলবিডব্লিউর জোরাল আবেদন করলেও রিভিউ নেয়নি বাংলাদেশ।
পরে দেখা যায়, বল লাগত স্টাম্পে। রিভিউ নিলেই মিলত উইকেট।
২২.১ ওভারে পাকিস্তানের রান ৭ উইকেটে ৭৭। ক্রিজে ফাহিমের সঙ্গী শাহিন শাহ আফ্রিদি।
11 Mar 2026, 04:17 PM
উইকেট শিকারে মিরাজও
নাহিদ রানার তোপে ভোগান্তিতে থাকা পাকিস্তানকে আরও চেপে ধরলেন মেহেদী হাসান মিরাজ।
অভিষিক্ত আব্দুল সামাদকে শূন্য রানে ফেরালেন বাংলাদেশ অধিনায়ক। অফস স্টাম্পের বাইরের বলের লাইনে যেতে পারেননি সামাদ। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
আম্পায়ার আউট দেওয়ার রিভিউ নেন ব্যাটসম্যান। তাতে কোনো কাজ হয়নি।
ওয়ানডেতে নিজের প্রথম ইনিংসে ৬ বল খেলেন সামাদ।
১৯ ওভারে পাকিস্তানের রান ৬ উইকেটে ৭০। ক্রিজে হুসাইন তালাতের সঙ্গী ফাহিম আশরাফ।
11 Mar 2026, 03:55 PM
দুর্দান্ত বোলিংয়ে নাহিদের ৫
আগের ৫ ওয়ানডেতে সব মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন নাহিদ রানা। এবার এক ম্যাচেই নিলেন তিনি পাঁচটি।
দশম ওভারে আক্রমণে আসার পর পাকিস্তানকে ভোগাচ্ছেন নাহিদ। নিজেদর প্রতি ওভারে এই তরুণ পেসার নিচ্ছেন একটি করে উইকেট।
নাহিদের ওভারে একটি চার মারলেই গতি বেশ ভোগাচ্ছিল সালমান আলি আগাকে। পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শেষ পর্যন্ত নাহিদের বলেই আউট হলেন।
শর্ট বল পিছিয়ে গিয়ে ঠিকঠাক লেগে খেলতে পারেননি সালমান। কয়েকবারের চেষ্টায় শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ নেন তানজিদ হাসান।
৮ বলে সালমান করেন ৫ রান।
১৮ ওভারে পাকিস্তানের রান ৫ উইকেটে ৬৯। ক্রিজে হুসাইন তালাতের সঙ্গী আব্দুল সামাদ।
11 Mar 2026, 03:41 PM
নাহিদের তোপে পরাস্ত রিজওয়ানও
আগের বলে চমৎকার শটে চার মারলেন মোহাম্মদ রিজওয়ান। পরের বলেই তিনি ধরা পড়লেন লিটন দাসের গ্লাভসে। চতুর্থ উইকেট পেলেন নাহিদ রানা।
দশম ওভারে আক্রমণে আসার পর থেকে পাকিস্তানের ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন নাহিদ। তার জবাবই যেন খুঁজে পাচ্ছেন না সফরকারীরা।
অফ স্টাম্পের একটু বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে রিজওয়ানের ব্যাটের কানায় লেগে যায় উইকেটের পেছনে। ডাইভ দিয়ে চমৎকার ক্যাচ নেন কিপার লিটন দাস।
দুই চারে ২০ বলে ১০ রান করেন রিজওয়ান।
১৬ ওভারে পাকিস্তানের রান ৪ উইকেটে ৬৪। ক্রিজে সালমান আলি আগার সঙ্গী হুসাইন তালাত।
11 Mar 2026, 03:30 PM
৩ ওভারে নাহিদের ৩
পরপর তিন ওভারে একটি করে উইকেট পেলেন নাহিদ রানা। গতিময় বোলিংয়ে পাকিস্তানের ব্যাটসম্যানদের অস্বস্তিতে রাখা এই পেসার এবার নিলেন মাজ সাদকাতের উইকেট।
বাড়তি গতির জন্য নাহিদের শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি সফরকারী ওপেনার। সহজ ক্যাচ যায় ফাইন লেগে, সাইফ হাসানের হাতে। ২৮ বলে সাদকাত করেন ১৮ রান।
১৪ ওভারে পাকিস্তানের রান ৩ উইকেটে ৫৫ রান। ক্রিজে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গী সালমান আলি আগা।
11 Mar 2026, 03:22 PM
শামিলকেও ফেরালেন নাহিদ
নিজের প্রথম দুই ওভারে দুটি উইকেট পেলেন নাহিদ রানা। সাহিবজাদা ফারহানের পর তিনি শামিল হুসাইনকে ফেরালেন তিনি।
নাহিদের শর্ট বলে বড় শটের চেষ্টায় সফল হননি শামিল। ব্যাটের কানায় লেগে উঠে যায় বেশ উপরে। উইকেটরক্ষক লিটন দাস গ্লাভসে জমান বল।
শামিল ৭ বলে করেন ৪ রান।
১২ ওভারে পাকিস্তানের রান ২ উইকেটে ৫১। ক্রিজে মাজ সাদকাতের সঙ্গী মোহাম্মদ রিজওয়ান।
11 Mar 2026, 03:15 PM
শামিলের ক্যাচ ছাড়লেন তানজিদ
মেহেদী হাসান মিরাজকে গায়ের জোরে মারতে গিয়ে ক্যাচ দিলেন শামিল হুসাইন। অনেকটা দৌড়ে বলের নিচে গেলেন তানজিদ হাসান। কিন্তু বল জমাতে পারলেন না মুঠোয়।
সে সময় ২ রানে ছিলেন শামিল।
১১ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৪৬।
11 Mar 2026, 03:11 PM
উদ্বোধনী জুটি ভাঙলেন নাহিদ
দশম ওভারে আক্রমণে এসেই আঘাত হানলেন নাহিদ রানা। গতিময় এই পেসারের বলে ক্যাচ দিলেন সাহিবজাদা ফারহান।
নাহিদের গতিময় ডেলিভারি তিনবার একটুর জন্য ব্যাটের কানা নেয়নি। অফ স্টাম্পের বাইরে একটি শর্ট বল পেয়ে বাউন্ডারি মারেন সাহিবজাদা।
ওভারের শেষ বলও ছিল শর্ট। কাট শট মাটিতে রাখতে পারেননি সাহিবজাদা। পয়েন্টে ক্যাচ নেন আফিফ হোসেন। ৩৮ বলে চারটি চারে ২৭ রান করেন সাহিবজাদা।
১০ ওভারে পাকিস্তানের রান ১ উইকেটে ৪১। ক্রিজে মাজ সাদকাতের সঙ্গী শামিল হুসাইন।
11 Mar 2026, 03:11 PM
তাসকিন-মুস্তাফিজের আঁটসাঁট বোলিং
টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ প্রথম ৫ ওভারে কোনো উইকেট নিতে পারেনি, তবে খুব বেশি রানও দেয়নি।
গতিময় পেসার নাহিদ রানাকে শুরুতে আক্রমণে আনেননি বাংলাদেশ অধিনায়ক। দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং করাচ্ছেন।
৫ ওভারে পাকিস্তানের রান বিনা উইকেটে ১৯। মাজ সাদকাত ১৪ বলে ৬ রানে ব্যাট করছেন। ১৬ বলে ১৩ রানে ব্যাট করছেন সাহিবজাদা ফারহান।
৩ ওভারে তাসকিন দিয়েছেন ১১ রান। মুস্তাফিজ ২ ওভারে দিয়েছেন ৮ রান।
11 Mar 2026, 02:04 PM
পাকিস্তান দলে ৪ অভিষিক্ত
নতুন চেহারার দল নিয়ে বাংলাদেশ সফরে আসা পাকিস্তান একাদশ সাজিয়েছে চার অভিষিক্তকে নিয়ে। দেশের হয়ে প্রথমবার ওয়ানডে খেলবেন সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন ও আব্দুল সামাদ।
নিজের শততম ম্যাচ খেলতে নামছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান।
পাকিস্তান দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা, শামিল হুসাইন।
11 Mar 2026, 01:56 PM
২ স্পিনার ও ৩ পেসার নিয়ে নামছে বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে পেস আক্রমণে আছেন নাহিদ রানা।
ওয়ানডে দলে ফেরা লিটন দাস ও আফিফ হোসেন জায়গা পেয়েছেন একাদশে।
প্রথম ম্যাচে জায়গা হয়নি তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কনের।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
11 Mar 2026, 01:46 PM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক।
বিশ্বকাপে চোখ রেখে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ
আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশের সামনে অপেক্ষায় কঠিন লড়াই। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ থেকে নিজেদের আট নম্বরে নিতে হবে মেহেদী হাসান মিরাজের দলকে। এই অভিযানে সহায়ক হতে পারে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। র্যাঙ্কিংয়ে বেশ প্রাপ্তির হাতছানি আছে স্বাগতিকদের সামনে।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর সোয়া ২টায়।
আইসিসির ভবিষ্যৎস সফরসূচি অনুযায়ী, এই সফরে দুটি টেস্ট আর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। তবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য বদল আনতে হয়েছে সেখানে। এবার শুধু ওয়ানডে সিরিজ খেলতেই এসেছেন শাহিন শাহ আফ্রিদি, সালমান আলি আগা, মুহাম্মাদ রিজওয়ানরা। পিএসএল শেষে মে মাসে আবার পাকিস্তানিরা আসবেন টেস্ট সিরিজ খেলতে। পরিবর্তিত সূচিতে কাটা পড়েছে টি-টোয়েন্টি সিরিজ।
শুধু মাঠে ফেরার তাড়নার জন্যই নয়, এই ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সামনে তাকিয়েও। কোচ ফিল সিমন্স সোমবার সংবাদ সম্মেলনে বলেছেন, এই সিরিজ দিয়েই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পথে যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। কোচের সঙ্গে কণ্ঠ মিলিয়ে মঙ্গলবার অধিনায়ক মিরাজও বলেছেন, বিশ্বকাপকে ঘিরেই ভাবনা ও পরিকল্পনার পথ ধরে এগোতে চান তারা।