২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

শেষের বাজে ব‍্যাটিংয়ে ৭ রানে হারল বাংলাদেশ

19 Jun 2026, 05:41 PM

সিরিজ হারল বাংলাদেশ

মাঝপথে ভালো অবস্থানে ছিল। ১০ ওভারে করেছিল ১০৩ রান। দুই থিতু ব‍্যাটসম‍্যান আর আট উইকেট নিয়েও শেষ ১০ ওভারে ৯৪ রানের সমীকরণ মেলাতে পারল না স্বাগতিকরা। দ্বিতীয় ম‍্যাচে হারল ৭ রানে।

অস্ট্রেলিয়ার ১৯৬ রান তাড়ায় বাংলাদেশ ৬ উইকেটে করেছে ১৮৯ রান।

শেষ ১০ ওভারে ৮৬ রান করতে পেরেছে তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।

২০২১ সালের সফরে ৪-১ ব‍্যবধানে সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। এবার এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল তারা, এগিয়ে গেল ২-০ ব‍্যবধানে।  

শেষ বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়েন হৃদয়। ২২ বলে দুই ছক্কা ও তিন চারে তিনি করেন ৩৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৯৬/৫ (ইংলিস ১১, মার্শ ২০, কনোলি ১, রেনশ ৮৯*, ডেভিড ৪৫, নিখিল ৮, ডেভিস ১৩*; নাসুম ৪-০-২৭-২, সাকলাইন ৪-০-৫৩-১, নাহিদ ৪-০-৩৬-১, মুস্তাফিজ ৪-০-৩৪-১, রিশাদ ৪-০-৪৬-০)

বাংলাদেশ: ২০ ওভারে ১৮৯/৬ (তানজিদ ৩০, সাইফ ৪২, সৌম‍্য ১৫, পারভেজ ৩৬, হৃদয় ৩৫*, শামীম ৭, সাকলাইন ১৩*; হার্ডি ৪-০-৪০-১, জনসন ২-০-৩৯-০, এলিস ৪-০-২৩-১, রেনশ ২-০-১৩-১, জ‍্যাম্পা ৪-০-৩৯-১, ডেভিস ৩-০-২১-১, নিখিল ১-০-৭-০)

19 Jun 2026, 05:20 PM

শামীমের বিদায়ে বাড়ল বিপদ

ন‍্যাথান এলিসের ওভারের প্রথম দুই বল ডট খেললেন শামীম হোসেন। পরের বলে বড় শটের চেষ্টা ধরা পড়লেন তিনি।

৬ বলে এক চারে ৭ রান করেন শামীম।

ওভারের পরের তিন বলে কেবল দুটি সিঙ্গেল নিতে পারেন আব্দুল গাফ্ফার সাকলাইন ও তাওহিদ হৃদয়।

১৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৫৪।

19 Jun 2026, 05:08 PM

অহেতুক শটে ফিরলেন সাইফ

পরপর দুই ওভারে দুই থিতু ব‍্যাটসম‍্যানকে হারাল বাংলাদেশ। পারভেজ হোসেনের পর ফিরে গেলেন সাইফ হাসান।

বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসের অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলেন সাইফ। ছেড়ে দিলে অনায়াসে হতো ওয়াইড।

ওই বলে টাইমিং হয়নি একেবারেই। সহজ ক‍্যাচ নেন মিচেল মার্শ।

৩৩ বলে তিন চার ও দুই ছয়ে ৪২ রান করেন সাইফ।

১৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩৬। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শামীম হোসেন।

19 Jun 2026, 05:04 PM

পারভেজের বিদায়ে ভাঙল জুটি

ওভারের প্রথম বলে চার মারলেন পারভেজ হোসেন। পরের বলে লেগবাই থেকে এলো দুই রান। ৩৩ বলে তৃতীয় উইকেট জুটির রান স্পর্শ করল পঞ্চাশ।

অ‍্যারন হার্ডির ওই ওভারের পঞ্চম বলে থামলেন পারভেজ। অফ কাটারে বড় শটের চেষ্টায় টাইমিং করতে পারেননি তিনি। পিছিয়ে গিয়ে কাঁধের উপর দিয়ে আসা ক‍্যাচ নেন মিচেল মার্শ। ভাঙে ৩৬ বল স্থায়ী ৫৩ রানের জুটি।

২২ বলে তিন ছক্কা ও দুই চারে ৩৬ রান করেন পারভেজ।

১৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩২। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।

19 Jun 2026, 04:45 PM

মাঝপথে ভালো অবস্থানে বাংলাদেশ

দুই উইকেট হারালেও আগ্রাসী ব‍্যাটিং করে যাচ্ছে বাংলাদেশ। তাতে মাঝপথে ভালো অবস্থানে আছে স্বাতিকরা।

১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৩।

২৬ বলে দুটি করে ছক্কা ও চারে ৩৩ রানে খেলছেন সাইফ হাসান। ১০ বলে দুই ছক্কায় ১৮ রানে ব‍্যাট করছেন পারভেজ হোসেন।

সৌম‍্য সরকারের বিদায়ে একটু চাপে পড়ে পড়েছিল বাংলাদেশ। অ‍্যাডাম জ‍্যাম্পাকে দারুণ শটে দুটি ছক্কা মেরে সেই চাপ সরিয়ে দিয়েছেন পারভেজ।

জয়ের জন‍্য শেষ ১০ ওভারে ৯৪ রান চাই স্বাগিতকদের।

19 Jun 2026, 04:33 PM

টিকলেন না সৌম‍্য

শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারলেন না সৌম‍্য সরকার। স্লটে পাওয়া বলে ক‍্যাচ দিলেন তিনি সীমানায়।

অ‍্যাডাম জ‍্যাম্পা নিজের প্রথম ওভারে আঘাত হানলেন। আগের ম‍্যাচে বাংলাদেশকে খুব ভোগানো লেগ স্পিনার ভাঙলেন সম্ভাবনাময় জুটি।

স্টাম্পে থাকা ডেলিভারিতে টাইমিং করতে পারেননি সৌম‍্য। ক‍্যাচ যায় অ‍্যারন হার্ডির হাতে।

৯ বলে তিন চারে ১৫ রান করেন সৌম‍্য।

৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭৭। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী পারভেজ হোসেন।

19 Jun 2026, 04:29 PM

পাওয়ার প্লেতে ঝড়

তানজিদ হাসান ফিরে গেলেও বাংলাদেশকে কক্ষপথে রেখেছেন সাইফ হাসান ও সৌম‍্য সরকার। পাওয়ার প্লেতে দ্রুত রান করতে পেরেছে বাংলাদেশ।

৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৭২।

১৩ বলে ২১ রানে খেলছেন সাইফ। ৮ বলে ১৫ রানে ব‍্যাট করছেন সৌম‍্য।

19 Jun 2026, 04:19 PM

ইনিংস বড় করতে পারলেন না তানজিদ

আগ্রাসী ব‍্যাটিংয়ে উড়ন্ত সূচনা এনে দিলেও নিজের ইনিংস বড় করতে পারলেন না তানজিদ হাসান। ধরা পড়লেন বোলার ম‍্যাট রেনশর হাতে।

রেনশর অফ স্পিন আগের ম‍্যাচেও বেশ ভুগিয়েছে বাংলাদেশ। তার হাত ধরেই ভেঙেছে ২২ বল স্থায়ী ৪৮ রানের জুটি।

স্টাম্পে থাকা ডেলিভারিতে বোলারে হাতে সহজ ক‍্যাচ দেন তানজিদ। ১৫ বলে এক ছক্কা ও চার চারে ৩০ রান করেন তিনি।

৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৮। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী সৌম‍্য সরকার।

19 Jun 2026, 04:14 PM

জনসনের উপর চড়াও সাইফ-তানজিদ

অ‍্যারন হার্ডির প্রথম ওভারে দুটি চার মারলেন তানজিদ হাসান। পরের ওভারে স্পেন্সার জনসনকে তিনি ওড়ালেন ছক্কায়।

স্ট্রাইক পেয়ে চড়াও হলেন সাইফ হাসানও। চারের পর মারলেন ছক্কা। সঙ্গে ওয়াইড থেকে এলো পাঁচ। সব মিলিয়ে ২২ রান দিলেন জনসন।

২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩৩।

19 Jun 2026, 03:48 PM

বড় লক্ষ‍্য পেল বাংলাদেশ

ম‍্যাট রেনশ ও টিম ডেভিডের বিস্ফোরক ব‍্যাটিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বড় লক্ষ‍্য দিয়েছে অস্ট্রেলিয়া।

টস জিতে ব‍্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৬ রান করেছে সফরকারীরা। ৫২ বলে পাঁচ ছক্কা ও চার চারে ৮৯ রানে অপরাজিত থাকেন রেনশ। নাহির রানার বলে দুবার জীবন পান তিনি। একবার নিজের বলে ক‍্যাচ নিতে পারেননি নাহিদ। আরেকবার তার বলে ক‍্যাচ ছাড়েন নাসুম আহমেদ।

৮ বলে এক ছক্কায় ১৩ রান করেন জোয়েল ডেভিস।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৯৬/৫ (ইংলিস ১১, মার্শ ২০, কনোলি ১, রেনশ ৮৯*, ডেভিড ৪৫, নিখিল ৮, ডেভিস ১৩*; নাসুম ৪-০-২৭-২, সাকলাইন ৪-০-৫৩-১, নাহিদ ৪-০-৩৬-১, মুস্তাফিজ ৪-০-৩৪-১, রিশাদ ৪-০-৪৬-০)

19 Jun 2026, 03:27 PM

নিখিলকে ফিরিয়ে নাসুমের আরেকটি

নিজের শেষ ওভারে আরেকটি উইকেট পেলেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারের বলে এলবিডব্লিউ হলেন নিখিল চৌধুরি।

বলের লাইনে যেতে পারেননি তিনি। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ নেন তিনি। বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পে।

তবে ইম্প‍্যাক্ট আম্পায়ার্স কল বলে টিকে যায় রিভিউ। ফিরে যান ব‍্যাটসম‍্যান।

৬ বলে ৮ রান করেন নিখিল।

১৬ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ১৫৪। ক্রিজে ম‍্যাট রেনশর সঙ্গী জোয়েল ডেভিস।

19 Jun 2026, 03:22 PM

ডেভিডের বিদায়ে ভাঙল জুটি

বোলিংয়ে ফিরে প্রথম বলে বাউন্ডারি হজম করলেন আব্দুল গাফ্ফার সাকলাইন। পরের বলে তিনি মেতে উঠলে উইকেট পাওয়ার উচ্ছ্বাসে। ছক্কায় চেষ্টায় যে সীমানায় ধরা পড়লেন টিম ডেভিড।

অফ স্টাম্পের বাইরের স্লোয়ার বলে টাইমিং করতে পারেননি ডেভিড। সীমানায় ক‍্যাচ নেন তানজিদ হাসান। ভাঙে ৫০ বল স্থায়ী ৯৭ রানের জুটি।

২৬ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৫ রান করেন ডেভিড।

১৫ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ১৪৭। ক্রিজে ম‍্যাট রেনশর সঙ্গী নিখিল চৌধুরি।

19 Jun 2026, 03:07 PM

২৯ বলে রেনশর পঞ্চাশ

লেগ স্পিনার রিশাদ হোসেনের উপর চড়াও হলেন ম‍্যাট রেনশ। ২৯ বলে তিনি স্পর্শ করলেন পঞ্চাশ।

প্রথম বল ডট খেলেন রেনশ। পরের তিন বলে তিনি দেখান নিজের শক্তি, বল পাঠান গ‍্যালারিতে।

তৃতীয় ছক্কায় পঞ্চাশে যান রেনশ।

১৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১২২। ৩১ বলে রেনশর রান ৫৫। ১৯ বলে টিম ডেভিডের রান ৩২।

19 Jun 2026, 03:03 PM

২৭ বলে ডেভিড-রেনশর জুটিতে পঞ্চাশ

পাল্টা আক্রমণে অস্ট্রেলিয়ার রান বাড়াচ্ছেন টিম ডেভিড ও ম‍্যাট রেনশ। পঞ্চম উইকেটে তাদের জুটিতে পঞ্চাশ এসেছে কেবল ২৭ বলে।

বোলারদের পাত্তাই দিচ্ছেন না দুই ব‍্যাটসম‍্যান। পাওয়ার প্লের পর তারা রান তুলছেন দ্রুত।

১১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৯৯।

19 Jun 2026, 02:50 PM

সাকলাইনের উপর চড়াও ডেভিড

ক্রিজে গিয়েই বোলারদের উপর চড়াও হয়েছেন টিম ডেভিড। আব্দুল গাফ্ফার সাকলাইনের ওভার থেকে দুই ছক্কা ও এক চারে নিয়েছেন ১৯ রান।

নিজের দুই ওভারে সাকলাইন দিয়েছেন ৩৪ রান।

১০ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৯১। ১২ বলে ২৯ রানে খেলছেন ডেভিড। ২০ বলে ম‍্যাট রেনশর রান ২৭।

19 Jun 2026, 02:35 PM

সাইফের আরেকটি দারুণ ক‍্যাচ

পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। এতে বড় ভূমিকা রাখলেন সাইফ হাসান।

মুস্তাফিজের কাটার বুঝতে পারেননি মিচেল মার্শ। ব‍্যাটের কানায় লেগে বল উঠে যায় উপরে। মিড উইকেট থেকে পেছন দিকে দৌড়ে, কাঁধে উপর দিয়ে আসা দারুণ দক্ষতায় মুঠোয় জমান সাইফ।

তিন চারে ১৯ বলে ২০ রান করেন মার্শ।

৬ ওভারে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৪৪। প্রথম ২ ওভারে ২৭ রান করেছিল তারা।

ক্রিজে ম‍্যাট রেনশর সঙ্গী টিম ডেভিড।

19 Jun 2026, 02:28 PM

সাইফের দুর্দান্ত ক‍্যাচ

দেশের মাটিতে নিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রথম ওভারে উইকেট পেলেন নাহিদ রানা। দুর্দান্ত ক‍্যাচ নিয়ে এতে ভূমিকা রাখলেন সাইফ হাসান।

নাদিরে অফ স্টাম্পের বাইরের বলে চড়াও হতে চেয়েছিলেন কনোলি। ব‍্যাটের কানায় লেগে দ্রুত ক‍্যাচ যায় স্লিপে। ডাইভ দিয়ে বিস্ময়ে ভাসিয়ে বল মুঠোয় জমান সাইফ।

৪ বলে ১ রান করেন কনোলি।

৪ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৩৪। ক্রিজে মিচেল মার্শের সঙ্গী ম‍্যাট রেনশ।

19 Jun 2026, 02:24 PM

ইংলিসকে থামালেন নাসুম

দ্রুত এগোনো জুটি ভাঙলেন নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনারকে স্লগ সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরলেন জশ ইংলিস।

অফ স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি ইংলিস। বল প‍্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।

রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পে, তাতে রিভিউ টিকে গেলেও আম্পায়ার্স কলে ফেরেন ইংলিস। ভাঙে ১৭ বল স্থায়ী ৩০ রানের জুটি।

নিজের ৫০তম ম‍্যাচে ৫০তম শিকার ধরলেন নাসুম। 

৩ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৩১। ক্রিজে মিচেল মার্শের সঙ্গী কুপার কনোলি।

19 Jun 2026, 02:03 PM

শুরুতেই বোলিংয়ে নাসুম

শুরুতেই বল হাতে পেলেন নাসুম আহমেদ। প্রথম ওভারে অভিজ্ঞ বাঁহাতি স্পিনারকে আক্রমণে আনলেন ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। 

নাসুমের ওভার থেকে একটি করে ছক্কা ও চারে ১২ রান নিল অস্ট্রেলিয়া।

প্রথম দুই বলে আসে দুটি সিঙ্গেল। পরের চার বলে একটি করে চার ও ছক্কা মারেন জশ ইংলিস।

19 Jun 2026, 01:40 PM

অস্ট্রেলিয়া দলে ১ পরিবর্তন

৪ উইকেটের জয়ে সিরিজ শুরু করা অস্ট্রেলিয়া একাদশে এনেছে একটি পরিবর্তন। জাভিয়ের বার্টলেটের জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডি।

দেশের হয়ে গত অগাস্টে সবশেষ টি-টোয়েন্টি খেলেন হার্ডি। এই সংস্করণে ১৬ ম‍্যাচে করেছেন ১৮০ রান, নিয়েছেন ১৩ উইকেট।  

অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন‍্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।

19 Jun 2026, 01:38 PM

বাংলাদেশ দলে ২ পরিবর্তন

হেরে যাওয়া প্রথম ম‍্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। খেলছেন না শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম। একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও গতিময় পেসার নাহিদ রানা।

চোটের জন‍্য লিটন দাসের অনুপস্থিতিতে কিপিং করছেন পারভেজ হোসেন। 

এখন পর্যন্ত একটিই টি-টোয়েন্টি খেলেছেন নাহিদ। গত বছর মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ ওভারে ৫০ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি।

গত নভেম্বরে শেষবার দেশের হয়ে খেলেন নাসুম। নিজের ৫০তম টি-টোয়েন্টিতে খেলছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার।

বাংলাদেশ: পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, আব্দুল গাফফার সাকলাইন, সৌম্য সরকার।

19 Jun 2026, 01:38 PM

টস জিতে ব‍্যাটিংয়ে অস্ট্রেলিয়া

দ্বিতীয় ম‍্যাচে টস জিতলেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়া অধিনায়ক নিলেন ব‍্যাটিং। এর আগে প্রথম ম‍্যাচে টস জিতে ব‍্যাটিং নিয়েছিলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। 

এই ম‍্যাচেও খেলছেন না লিটন দাস। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক হৃদয়। 

19 Jun 2026, 01:38 PM

সিরিজে টিকে থাকার লক্ষ‍্য বাংলাদেশের

হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প নেই। সিরিজ বাঁচিয়ে রাখার লক্ষ‍্যে মাঠে নামঠছে স্বাগতিকরা। 

চট্টগ্রামে শুক্রবার খেলা শুরু হবে বেলা দুইটায়। 

প্রথম ম‍্যাচে ভালো শুরুর পরও বড় লক্ষ‍্য দিতে পারেনি বাংলাদেশ। মূলত অস্ট্রেলিয়ার স্পিনারদের সামলাতে না পারাতেই লড়াইয়ের পুঁজি পায়নি তারা। পরে বোলিংয়ে কিছুটা লড়াই করলেও জেতার মতো অবস্থা কখনও তৈরি করতে পারেনি স্বাগতিকরা। 

ব‍্যাটিং ও বোলিংয়ে উন্নতির লক্ষ‍্য নিয়ে মাঠে নামছেন তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমানরা।

19 Jun 2026, 01:13 PM

লাইভ ব্লগে স্বাগত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টির সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।