০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

হৃদয়ের দুর্দান্ত ফিফটিতে নিউ জিল‍্যান্ডকে হারাল বাংলাদেশ

27 Apr 2026, 06:07 PM

লাইভ ব্লগের সমাপ্তি

নিউ জিল‍্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

27 Apr 2026, 05:58 PM

হৃদয়ের পঞ্চাশে দুর্দান্ত জয়

১৭তম ওভারে ম‍্যাথু ফিশারের ওভারে ২৫ রান নিয়ে সমীকরণ একদম সহজ করে দেন শামীম হোসেন।

এর আগের ওভারে ন‍্যাথান স্মিথকে দুটি ছক্কা মারেন শামীম ও তাওহিদ হৃদয়। কিপারের মাথার উপর দিয়ে শামীমের ‘নো লুক’ শটে ছক্কা বাংলাদেশের ক্রিকেটে ভীষণ বিরল।

ফিশার ওভার শেষ করেই ফেলেছিলেন, তখন তৃতীয় আম্পায়ার ‘নো’ বলের কথা বলেন। সেই বলটি করতে গিয়ে আরও একটি করে ‘নো’ ও ওয়াইড বল করেন ফিশার। সঙ্গে হজম করেন চার ও ছক্কা!

শেষ ৩ ওভারে প্রয়োজন ছিল কেবল ৫ রান। ১২ বল বাকি থাকতেই কাজ সারেন হৃদয় ও শামীম।

বেন লিস্টারের বলে সিঙ্গেল নিয়ে ২৬ বলে পঞ্চাশ স্পর্শ করেন হৃদয়। ওভারের শেষ বলে তার সিঙ্গেলেই ম‍্যাচ জিতে নেয় বাংলাদেশ।

৬ উইকেটের জয়ে ২৭ বলে তিন ছক্কা ও দুই চারে ৫১ রানে অপরাজিত থাকেন হৃদয়। তার সঙ্গে ২১ বলে ৪৯ রানের জুটিতে বড় অবদান শামীমের। ১৩ বলে দুই ছক্কা ও তিন চারে ৩১ রানের দুর্দান্ত ক‍্যামিও ইনিংস খেলেন এই বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল‍্যান্ড: ২০ ওভারে ১৮২/৬ (ক্লার্ক ৫১, রবিনসন ০, ক্লেভার ৫১, কেলি ৩৯, জ‍্যাকবস ১, ফক্সক্রফট ৩, ক্লার্কসন ২৭*, স্মিথ ২*; শরিফুল ৪-০-৩৬-১, তানজিম ৪-০-৪০-১, রিপন ৪-০-৩৯-০, মেহেদি ৪-০-৩১-১, রিশাদ ৪-০-৩২-২)

বাংলাদেশ: ১৮ ওভারে ১৮৩/৪ (সাইফ ১৭, তানজিদ ২০, লিটন ২১, হৃদয় ৫১*, পারভেজ ২৮, শামীম ৩১*; স্মিথ ৩-০-৩৩-১, ফিশার ৪-০-৫৩-০, লিস্টার ৪-০-২৩-০, সোধি ৪-০-৪০-২, ক্লার্কসন ৩-০-২৮-১)

27 Apr 2026, 05:38 PM

পারভেজের বিদায়ে ভাঙল জুটি

জশ ক্লার্কসনের ওভারে আরেকটি ছক্কার চেষ্টায় সফল হলেন না পারভেজ হোসেন। সীমানায় ধরা পড়লেন বাঁহাতি ব‍্যাটসম‍্যান।

কিউই পেসারের অফ কাটারে টাইমিং করতে পারেননি পারভেজ। লং অফে ক‍্যাচ নেন টিম রবিনসন। ভাঙে ২৮ বল স্থায়ী ৫৭ রানের জুটি।

পারভেজ ১৪ বলে দুই ছক্কা ও এক চারে করেন ২৮ রান। 

১৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৩৫। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শামীম হোসেন।

27 Apr 2026, 05:10 PM

মন্থর ইনিংস খেলে ফিরলেন তানজিদ

অনেকটা সময় ক্রিজে থাকলেও তেমন কিছু করতে পারলেন না তানজিদ হাসান। ইশ সোধিকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক‍্যাচ দিয়ে ফিরলেন তিনি।

একাদশের ওভারের প্রথম বলে শেষ হলো তানজিদের ভোগান্তি। অফ স্টাম্পের বাইরের বলে তুলে মেরে লং অফে ধরা পড়লেন ন‍্যাথান স্মিথের হাতে।

২৫ বলে এক চারে ২০ রান করলেন তানজিদ।

তিনি সোধির ১৬৪তম শিকার। নিউ জিল‍্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকার চূড়ায় যৌথভাবে টিম সাউদির পাশে বসলেন অভিজ্ঞ লেগ স্পিনার।

বাঁহাতি ওপেনারের বিদায়ের পর সোধির বাকি পাঁচ বলে ১৮ রান নেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন। একটি ছক্কা মারেন হৃদয়। চারের পর ছক্কা মারেন পারভেজ।

১১ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৫।

27 Apr 2026, 05:05 PM

মাঝপথে চাপে বাংলাদেশ

১০ ওভারে ২ উইকেট হারিয়ে কেবল ৭৭ রান করতে পেরেছে বাংলাদেশ। শেষ ১০ ওভারে স্বাগতিকদের প্রয়োজন ১০৬ রান।

২৪ বলে ১ চারে ২০ রানে খেলছেন ওপেনার তানজিদ হাসান। লম্বা সময় ক্রিজে থাকলেও ছন্দে নেই তিন। টাইমিং করতে পারছেন না খুব একটা।

৫ বলে এক চারে ৯ রানে খেলছেন তাওহিদ হৃদয়।

27 Apr 2026, 04:59 PM

টিকলেন না লিটন

ইশ সোধির প্রথম ওভারে ছক্কা মেরেছিলেন লিটন দাস। পরের ওভারে দুটি চারে নিয়েছিলেন ১০ রান। তবে সেই ওভারেই বোল্ড হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

স্টাম্পে থাকা ডেলিভারি সরে গিয়ে মারতে চেয়েছিলেন লিটন। বলের লাইনে যেতে পারেননি তিনি। একটু নিচু হওয়া বল আঘাত হানে মিডল স্টাম্পে। ভাঙে ২০ বল স্থায়ী ২৫ রানের জুটি।

১৫ বলে দুই চার ও এক ছক্কায় ২১ রান করেন লিটন।

৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৬।

27 Apr 2026, 04:49 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন লিটন

ইশ সোধির বলে ছক্কা হাঁকানোর পরের বলেই ফিরে যেতে পারতেন লিটন দাস। তবে বেঁচে গেলেন আম্পায়ার্স কলের জন‍্য।

লেগ স্পিনারের বল ব‍্যাটে খেলতে পারেননি লিটন। জোরার আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন নিক কেলি।

ইম্প‍্যাক্ট ও হিটিং আম্পায়ার্স কল হওয়ায় টিকে থাকে রিভিউ।

৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫১।

27 Apr 2026, 04:43 PM

সাইফের বিদায়ে ভাঙল জুটি

বড় রান তাড়ায় পাওয়ার প্লেতে প্রত‍্যাশিত ঝড় তুলতে পারেননি সাইফ হাসান ও তানজিদ হাসান। টাইমিং করতে পারছেন না দুই ব‍্যাটসম‍্যান।

পাওয়ার প্লের শেষ ওভারে ভেঙেছে বাংলাদেশের উদ্বোধনী জুটি। ন‍্যাথান স্মিথকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়েছেন সাইফ।

৩৩ বলে উদ্বোধনী জুটিতে এসেছে ৪১।

৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৪। ক্রিজে তানজিদের সঙ্গী লিটন দাস।

27 Apr 2026, 04:22 PM

জীবন পেলেন তানজিদ

প্রথম ওভারে ভাঙতে পারত বাংলাদেশের উদ্বোধনী জুটি। তবে ইশ সোধির ব‍্যর্থতায় বেঁচে গেলেন তানজিদ হাসান।

ন‍্যাথান স্মিথের ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি পান সাইফ হাসান। চতুর্থ বলে স্ট্রাইক পেয়ে দুটি বল ডট খেলেন তানজিদ।

শেষ বলে বড় শটের চেষ্টায় বিপদ ডেকে আনেন বাঁহাতি ওপেনার। ব‍্যাটের কানায় লেগে যায় ডিপ থার্ড ম‍্যানে। সেখানে একটু সরে গিয়ে হাত ছোঁয়ান সোধি। কিন্তু মুঠোয় রাখতে পারেননি। উল্টো চার রান পেয়ে যান স্বাগতিক ব‍্যাটসম‍্যান।

১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১১।

27 Apr 2026, 04:06 PM

উইকেট ভালো, জয়ের ব‍্যাপারে আশাবাদী

ইনিংস বিরতিতে লেগ স্পিনার রিশাদ হোসেন বললেন, উইকেট বেশ ভালো, বৃষ্টির পর আরও ভালো হয়েছে। এই উইকেটে ১৮৩ রানের লক্ষ‍্য ছুঁতে পারার ব‍্যাপারে আশাবাদী তিনি। 

27 Apr 2026, 04:06 PM

শেষ ওভারে রিপনের দারুণ বোলিং

প্রথম তিন ওভারে বেশ রান দিলেও শেষ ওভারে দারুণ বোলিং করলেন রিপন মন্ডল। দিলেন মাত্র ৬ রান।

একটি উইকেটও পেতে পারতেন রিপন। কিন্তু লং অফ থেকে অনেকটা ছুটে এসে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি রিশাদ হোসেন। সে সময় ২ রানে ছিলেন ন‍্যাথান স্মিথ।

২০ ওভার খেলে ৬ উইকেটে ১৮২ রান করেছে নিউ জিল‍্যান্ড। এক সময়ে আরও অনেক বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়েছিল তারা।

১৪ বলে এক ছক্কা ও দুই চারে ২৭ রানে অপরাজিত থাকেন জশ ক্লার্কসন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল‍্যান্ড: ২০ ওভারে ১৮২/৬ (ক্লার্ক ৫১, রবিনসন ০, ক্লেভার ৫১, কেলি ৩৯, জ‍্যাকবস ১, ফক্সক্রফট ৩, ক্লার্কসন ২৭*, স্মিথ ২*; শরিফুল ৪-০-৩৬-১, তানজিম ৪-০-৪০-১, রিপন ৪-০-৩৯-০, মেহেদি ৪-০-৩১-১, রিশাদ ৪-০-৩২-২)

27 Apr 2026, 03:53 PM

কেলি-ঝড় থামালেন শরিফুল

নিজের শেষ ওভারে একটি উইকেট পেলেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের বলে বড় শট খেলার চেষ্টায় ফিরলেন নিক কেলি।

স্লোয়ার বলে গায়ের জোরে মারেন বাঁহাতি ব‍্যাটস‍ম‍্যান। ব‍্যাটের কানায় লেগে উঠে যায় বেশ উপরে। শর্ট ফাইন লেগে ক‍্যাচ নেন তানজিম হাসান। ভাঙে ১৭ বল স্থায়ী ৩২ রানের জুটি।

২৭ বলে এক ছক্কা ও পাঁচ চারে ৩৯ রান করেন কেলি।

১৮ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৬ উইকেটে ১৬২। ক্রিজে জশ ক্লার্কসনের সঙ্গী অভিষিক্ত ন‍্যাথান স্মিথ।

27 Apr 2026, 03:33 PM

ফ্লাড লাইট বিভ্রাটে খেলা বন্ধ

সপ্তদশ ওভারের মাঝপথে হুট করে নিভে গেল কয়েকটি লাইট। ফ্লাড লাইটের এই বিভ্রাটে বন্ধ হয়ে গেল খেলা।

১৬.৩ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৫ উইকেটে ১৫১। ২২ বলে ৩৪ রানে ব‍্যাট করছেন নিক কেলি। ২ বলে জশ ক্লার্কসনের রান ৫।

27 Apr 2026, 03:31 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন কেলি

নিজের শেষ ওভারে একটুর জন‍্য উইকেট পেলেন না রিশাদ হোসেন। তার বলে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ হওয়ার হাত থেকে বেঁচে গেলেন নিক কেলি।

বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি ব‍্যাটসম‍্যান, আঘাত হানে পেছনের পায়ে। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন লিটন দাস।

বলে ব‍্যাটের স্পর্শ ছিল না, বল লাগত লেগ স্টাম্পের বাইরের দিকে। শুরুতে আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান ব‍্যাটসম‍্যান। সে সময় ১৯ রানে ছিলেন কেলি।

১৬ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৫ উইকেটে ১৪১।

27 Apr 2026, 03:24 PM

ক্সক্রফটকে ঝড় তুলতে দিলেন না মেহেদি

তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৭ ছক্কায় ৭৫ রানের ইনিংস খেলা ডিন ফক্সক্রফটকে এবার টিকতে দিলেন না শেখ মেহেদি হাসান। অফ স্পিনারের চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন কিউই অলরাউন্ডার।

বেরিয়ে এসে তার উপর চড়াও হতে চেয়েছিলেন ফক্সক্রফট। বলের লাইনে যেতে পারেননি তিনি। ঊরুতে লেগে বল আঘাত হানে অফ স্টাম্পে।

৭ বলে ৩ রান করেন ফক্সক্রফট।

১৫ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৫ উইকেটে ১৩০। ক্রিজে নিক কেলির সঙ্গী জশ ক্লার্কসন।

27 Apr 2026, 03:13 PM

জ‍্যাকবসকে দ্রুত ফেরালেন তানজিম

বেভন জ‍্যাকবসকে ঝড় তুলতে দিলেন না তানজিম হাসান। তার অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে সীমানায় ধরা পড়লেন কিউই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

স্টাম্প থেকে দূরে বল করছিলেন তানজিম। সে কারণেই হয়তো টাইমিং করতে পারেননি ব‍্যাটসম‍্যান। নিজের জায়গা থেকে এক ইঞ্চিও নড়তে হয়নি ফিল্ডার রিশাদ হোসেনের।

২ বলে ১ রান করেন জ‍্যাকবস।

১৩ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ৪ উইকেটে ১১৮। ক্রিজে নিক কেলির সঙ্গী ডিন ফক্সক্রফট।

27 Apr 2026, 03:07 PM

পঞ্চাশ ছুঁয়ে ফিরলেন ক্লার্ক

আগের ওভারে সিঙ্গেল নিয়ে ক‍্যারিয়ারের প্রথম পঞ্চাশ স্পর্শ করলেন কাটেনে ক্লার্ক, ৩৪ বলে। পরের ওভারে বড় শটের চেষ্টায় বিদায় নিলেন কিউই ওপেনার।

রিশাদ হোসেনের বল ছিল লেগ স্টাম্পের বাইরে। জায়গায় দাঁড়িয়ে থাকলে অনায়াসে বাউন্ডারি পেতে পারতেন ক্লার্ক। কিন্তু রিভার্স সুইপ করতে গিয়ে বিপদ ডেকে আনেন তিনি। ব‍্যাকওয়ার্ড পয়েন্টে সহজ ক‍্যাচ নেন তাওহিদ হৃদয়।

৩৭ বলে এক ছক্কা ও সাত চারে ৫১ রান করেন ক্লার্ক। তিনি রিশাদের দ্বিতীয় শিকার।

১২ ওভারে নিউ জিল‍্যান্ডের রান৩ উইকেটে ১১২। ক্রিজে নিক কেলির সঙ্গী বেভন জ‍্যাকবস।

27 Apr 2026, 02:55 PM

জীবন পেলেন ক্লার্ক, ফিরলেন ক্লেভার

দশম ওভারে আক্রমণে এসে প্রথম বলে উইকেট পেতে পারতেন রিশাদ হোসেন। লেগ স্পিনারের বলে স্লগ সুইপ করে সীমানায় ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন কাটেনে ক্লার্ক। এগিয়ে এসে ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও ক‍্যাচ নিতে পারলেন না ক্লার্ক।

সে সময় ৪৪ রানে ছিলেন ক্লার্ক।

পরের বলে রিভার্স সুইপে বাউন্ডারি পান ডেন ক্লেভার। চমৎকার ইনসাইড আউটে আরেকটি চারে ২৭ বলে স্পর্শ করেন পঞ্চাশ।

পরের বলে রিভার্সু সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হয়ে থামেন ক্লেভার। ভাঙে ৫০ বল স্থায়ী ৮৮ রানের জুটি।

২৮ বলে সাত চার ও এক ছক্কায় ৫১ রান করেন ক্লেভার।

১০ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ২ উইকেটে ১০০। ক্রিজে ক্লার্কের সঙ্গী এই ম‍্যাচে নিউ জিল‍্যান্ডের অধিনায়ক নিক কেলি।

27 Apr 2026, 02:35 PM

২৮ বলে জুটির পঞ্চাশ

দ্বিতীয় উইকেটে নিউ জিল‍্যান্ডকে টানছেন কাটেনে ক্লার্ক ও ডেন ক্লেভার। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ২৮ বলে।

পাওয়ার প্লেতে নিয়মিত বাউন্ডারি পেয়েছে নিউ জিল‍্যান্ড। বোলারদের কেউই খুব একটা প্রভাব ফেলতে পারেননি। রান দিয়েছেন প্রায় সবাই।

৬ ওভার নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেটে ৬১। ১৭ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৩ রানে ব‍্যাট করছেন ক্লেভার। ১৮ বলে চারটি চারে ২৫ রানে খেলছেণ ক্লার্ক।

27 Apr 2026, 02:31 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন ক্লার্ক

আগের ওভারে পারভেজ হোসেন থ্রো স্টাম্পে রাখতে না পারায় বেঁচে গিয়েছিলেন কাটেনে ক্লার্ক। এবার তিনি টিকে গেলেন আম্পায়ার্স কলে।

শেখ মেহেদি হাসানের বল ব‍্যাটে খেলতে পারেননি ক্লার্ক। জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন লিটন দাস। বল ছুঁয়ে যেত লেগ স্টাম্প!

আম্পায়ার শুরুতে আউট না দেওয়ায় বেঁচে যান ক্লার্ক।

৫ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেট ৪৯।

27 Apr 2026, 02:18 PM

হৃদয়ের চমৎকার থ্রোয়ে রান আউট রবিনসন

দ্বিতীয় ওভারে ভাঙল নিউ জিল‍্যান্ডের উদ্বোধনী জুটি। তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে গেলেন টিম রবিনসন।

আকাশ কালো মেঘে ঢাকা। তাই ভরদুপুরেও খেলা চলছে ফ্লাড লাইটের আলোয়।

শরিফুল ইসলামের প্রথম বলে চারে শুরু করেন কাটেনে ক্লার্ক। পরে মারেন আরেকটি চার। প্রথম ওভার থেকে আসে ১১ রান।

পরের ওভারের দ্বিতীয় বলে ভাঙে সফরকারীদের শুরুর জুটি। তানজিম হাসানের বল কাভারের দিকে পাঠিয়ে দ্রুত রানের জন‍্য ছুটেন ক্লার্ক। একটু দ্বিধা ছিল রবিনসনের। পরে তিনি দৌড় শুরু করলেও কাজ হয়নি। হৃদয়ের থ্রো স্টাম্প এলোমেলো করে দেওয়ার সময় অনেক বাইরে ছিলেন কিউই ওপেনার।

১ বল খেলে কোনো রান করতে পারেননি রবিনসন।

২ ওভারে নিউ জিল‍্যান্ডের রান ১ উইকেটে ১৭। ক্রিজে ক্লার্কের সঙ্গী ডেন ক্লেভার।

27 Apr 2026, 02:02 PM

নিউ জিল‍্যান্ডের হয়ে স্মিথ ও ফিশারের অভিষেক

নিউ জিল‍্যান্ডের হয়ে অভিষেক হচ্ছে পেস বোলিং অলরাউন্ডার ন‍্যাথান স্মিথ ও পেসার ম‍্যাথু ফিশারের।

নিয়মিত অধিনায়ক টম ল‍্যাথামের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়াবেন ডেন ক্লেভার।

নিউ জিল্যান্ড: কাটেনে ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লেভার, ম্যাথু ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি (অধিনায়ক), টিম রবিনসন, বেন লিস্টার, ন্যাথান স্মিথ, ইশ সোধি।

27 Apr 2026, 01:40 PM

একাদশে রিপন, বাইরে সাকলাইন

প্রথমবার মূল জাতীয় দলে খেলার সুযোগ রিপন মন্ডলের। এশিয়ান গেমসে দেশের তিনটি টি-টোয়েন্টি খেলা তরুণ এই পেসার জায়গা পেয়েছেন প্রথম টি-টোয়েন্টির একাদশে। প্রথমবার জাতীয় দলে আসা আব্দুল গাফ্ফার সাকলাইন এই ম‍্যাচে আছেন বাইরে।  

সাকলাইনের মতোই বাইরে আছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন ও নাসুম আহমেদ।

বাংলাদেশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।

27 Apr 2026, 01:34 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম‍্যাচে টস জিতলেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক নিলেন ফিল্ডিং।

27 Apr 2026, 01:29 PM

অধিনায়ককে হারাল নিউ জিল‍্যান্ড

আগের দিন অনুশীলনে চোট পাওয়ায় প্রথম টি-টোয়েন্টি থেকে ছিটকে গেছেন টম ল‍্যাথাম। অভিজ্ঞ এই কিপার-ব‍্যাটসম‍্যানের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দেবেন নিক কেলি। তিনি হবেন এই সংস্করণে নিউ জিল‍্যান্ডের ত্রয়োদশ অধিনায়ক।

27 Apr 2026, 01:26 PM

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা ভুলে নতুন শুরুর দিকে তাকিয়ে বাংলাদেশ। প্রতিপক্ষ নিউ জিল‍্যান্ড দল গড়েছে তাদের শীর্ষ ১৬-১৭ জন খেলোয়াড় ছাড়াই। এ নিয়ে না ভেবে স্বাগতিক অধিনায়ক লিটন দাস মনোযোগ দিচ্ছেন নিজেদের সেরা ক্রিকেট খেলার দিকে।

চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বেলা দুইটায়। চট্টগ্রামে দিনের বেলায় হওয়া আগের পাঁচ ম‍্যাচের চারটিতেই জিতেছে বাংলাদেশ।

১২ বছর পর চট্টগ্রামে টি-টোয়েন্টি খেলবে নিউ জিল‍্যান্ডে। এখানে বাংলাদেশের বিপক্ষে এটাই হবে তাদের প্রথম ম‍্যাচ।   

27 Apr 2026, 01:14 PM

লাইভ ব্লগে স্বাগত

নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।