- ৫ উইকেটে হার
- রিশাদের জোড়া আঘাত
- ২৮ বলে চেইসের পঞ্চাশ
- ২৪ বলে ওগিসের পঞ্চাশ
- জীবন পেলেন ওগিস
- স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সোহান
- মাঝপথে ভালো অবস্থানে উইন্ডিজ
- একটুর জন্য বাঁচলেন চেইস
- জাঙ্গু-ঝড় থামালেন রিশাদ
- কিংকে টিকতে দিলেন না নাসুম
- আবার জীবন পেলেন জাঙ্গু
- আথানেজকে দ্রুত ফেরালেন শরিফুল
- ক্যাচ ছাড়লেন সাইফ
- দুই অঙ্কে কেবল তানজিদ, সাইফ
- শেফার্ডের হ্যাটট্রিক
- ছক্কার চেষ্টায় অক্কা নাসুম
- টিকলেন না সোহান
- দ্রুত ফিরলেন রিশাদ
- ছক্কার পর অক্কা সাইফ
- সাইফ-তানজিদের জুটিতে পঞ্চাশ
- ৩৭ বলে তানজিদের পঞ্চাশ
- হাজার রানে দ্রুততম তানজিদ
- টিকলেন না লিটন
- পাওয়ার প্লেতে বাংলাদেশ ৪০/১
- রিভিউ নিয়ে বাঁচলেন তানজিদ
- ফেরার ম্যাচে ব্যর্থ পারভেজ
- আবার বাঁচলেন তানজিদ
- ঘটনাবহুল ওভারে শুরু
- ওয়েস্ট ইন্ডিজ দলে তিন পরিবর্তন
- বাংলাদেশ দলে চার পরিবর্তন
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- শেষটা ভালো করার লক্ষ্যে বাংলাদেশ
31 Oct 2025, 09:32 PM
৫ উইকেটে হার
ব্যাটিংয়ে লড়াই করলেন কেবল তানজিম হাসান। বোলিং এদিন ভালো হল না, ফিল্ডিং হল আরও বাজে। সব মিলিয়ে নিজেদের সামর্থ্য নিয়ে প্রশ্ন জাগিয়ে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে হারল বাংলাদেশ।
বাংলাদেশের ১৫১ রান তাড়ায় ৫ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দেশের মাটিতে এই প্রথম কোনো সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে ক্যারিবিয়ানরা।
দেশের মাটিতে প্রায় চার বছর পর কোনো টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
১৯ বল বাকি থাকতে লক্ষ্য ছুঁয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। মূল কাজটা করেছেন আকিম ওগিস ও রোস্টন চেইস। এর আগে বিস্ফোরক ইনিংস খেলেন আকিম জাঙ্গু।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫১ (তানজিদ ৮৯, পারভেজ ৯, লিটন ৬, সাইফ ২৩, রিশাদ ৩, সোহান ১, নাসুম ১, জাকের ৫, মেহেদি ০*, শরিফুল ০, তাসকিন ৯; হোল্ডার ৪-০-৩২-২, আকিল ৪-০-২৬-১, শেফার্ড ৪-০-৩৬-৩, চেইস ৪-০-২৩-১, পিয়ের ৩-০-২৩-২, মোটি ১-০-১১-০)
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৫ ওভারে ১৫২/৫ (আথানেজ ১, জাঙ্গু ৩৪, কিং ৮, চেইস ৫০, ওগিস ৫০, পাওয়েল ৫, মোটি ৩; মেহেদি ৪-০-১৮-১, শরিফুল ২-০-১২-০, তাসকিন ৩.৫-০-৫০-০, নাসুম ৩-০-২৯-১, রিশাদ ৪-০-৪৩-৩)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে জয়ী
31 Oct 2025, 09:22 PM
রিশাদের জোড়া আঘাত
নিজের শেষ ওভারের প্রথম বলে রোস্টন চেইসের উইকেট পেলেন রিশাদ হোসেন। ভাঙল ৪৬ বল স্থায়ী ৯১ রানের জুটি।
নিচু হওয়া গুগলির লাইনে যেতে পারেননি চেইস। ২৯ বলে তিনি এক ছক্কা ও পাঁচ চারে করেন ৫০ রান।
এক বল পর স্ট্রাইক পেয়ে সীমানায় ক্যাচ দেন ওগিস। তিনিও গুগলির শিকার। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ নেন শেখ মেহেদি হাসান।
২৫ বলে পাঁচ ছক্কা ও এক চারে করেন ৫০ রান।
১৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১৪৬। ক্রিজে রভম্যান পাওয়েলের সঙ্গী গুডাকেশ মোটি।
31 Oct 2025, 09:18 PM
২৮ বলে চেইসের পঞ্চাশ
আরেকটি খরুচে ওভার করলেন তাসকিন আহমেদ। তার ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করলেন রোস্টন চেইস।
শেই হোপের অনুপস্থিতিতে এই ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়া চেইস ২৮ বলে গেলেন পঞ্চাশে। ওভারে তাসকিন দিলেন ১৫ রান।
১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৪৩। দুই ব্যাটসম্যানই খেলছেন ৫০ রানে।
31 Oct 2025, 09:15 PM
২৪ বলে ওগিসের পঞ্চাশ
সুযোগ একটা দিয়েছিলেন আকিম ওগিস, সেটা নিতে পারেননি তানজিম হাসান। এর চড়া মাশুল দিতে হচ্ছে বাংলাদেশের। বোলারদের উপর চড়াও হয়ে ২৪ বলে তিনি ছুঁয়েছেন পঞ্চাশ, টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের প্রথম।
নাসুম আহমেদের বলে ছক্কায় ওড়ান ওগিস। পরে সিঙ্গেল নিয়ে স্পর্শ করেন পঞ্চাশ।
১৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১২৮। ৬ ওভারে কেবল ২৪ রান চাই সফরকারীদের।
২৪ বলে পাঁচ ছক্কা ও এক চারে ৫০ রানে খেলছেন ওগিস। ২২ বলে রোস্টন চেইস ব্যাট করছেন ৩৫ রানে।
31 Oct 2025, 09:08 PM
জীবন পেলেন ওগিস
রিশাদ হোসেনের নতুন ওভারের প্রথম বল ছক্কায় ওড়ালেন আকিম ওগিস। পরের বলেই ফিরতে পারতেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে কাভারে ক্যাচ নিতে পারলেন না বদলি ফিল্ডার তানজিম হাসান।
পরের বলে ছক্কায় এলো জুটির পঞ্চাশ। ৩১ বলে পঞ্চাশ ছুঁয়ে থামলেন না ওগিস। পরের বলে মারলেন আরেকটি ছক্কা।
ওভার থেকে এলো ২১ রান। ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ একদম সহজ হয়ে গেল।
১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১১৪। ২১ বলে ৪২ রানে খেলছেন ওগিস। ১৯ বলে ২৯ রানে ব্যাট করছেন রোস্টন চেইস। ৩৩ বলে তাদের জুটিতে এসেছে ৬২ রান।
31 Oct 2025, 08:55 PM
স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সোহান
পানি বিরতির পর প্রথম বলে সীমানায় বল পাঠিয়ে এক রান নিলেন আকিম ওগিস। হঠাৎ করেই দেখা গেল মাটিতে শুয়ে আছেন নুরুল হাসান সোহান। প্রাথমিকভাবে মনে হয়েছে অ্যাঙ্কেলে কোনোভাবে চোট পেয়েছেন তিনি।
কিছুটা সময় তিনি শুয়ে থাকার পর জাকের আলি ইশারায় স্ট্রেচার আনতে বলেন। শেষ পর্যন্ত স্ট্রেচারে করেই মাঠ ছাড়েন সোহান।
১১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৮২।
31 Oct 2025, 08:49 PM
মাঝপথে ভালো অবস্থানে উইন্ডিজ
আমির জাঙ্গুর বিদায়ের কোনো প্রভাব দলের উপর পড়তে দেননি রোস্টন চেইস ও আকিম ওগিস। দ্রুত রান তুলছেন দুই ব্যাটসম্যান। তাতে মাঝ বিরতিতে ভালো অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৭৭। শেষ ১০ ওভারে ৭৫ রান চাই তাদের।
খুব বেশি রান দেননি শরিফুল ইসলাম, শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদ। কিন্তু তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের খরুচে বোলিংয়ে কক্ষপথেই আছে ওয়েস্ট ইন্ডিজ।
31 Oct 2025, 08:45 PM
একটুর জন্য বাঁচলেন চেইস
নিজের প্রথম ওভারে ১৮ রান দেওয়া তাসকিন আহমেদ পরের ওভারে দিলেন ১১ রান। এবারও প্রথম বলে হজম করলেন ছক্কা।
তবে ওভারের শেষ দিকে একটা উইকেট পেতে পারতেন তাসকিন। তার বলে আপার কাট করে থার্ড ম্যানে ক্যাচ দিয়েছিলেন রোস্টন চেইস। ছুটে এসে ডাইভ দিয়ে একটুর জন্য নাগালে পাননি শরিফুল ইসলাম।
৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৬৬।
31 Oct 2025, 08:39 PM
জাঙ্গু-ঝড় থামালেন রিশাদ
দুইবার জীবন পাওয়া আমির জাঙ্গু পাল্টা আক্রমণে দ্রুত এগোচ্ছিলেন। চমৎকার ডেলিভারিতে তাকে এলবিডব্লিউ করে দিলেন রিশাদ হোসেন।
লেগ স্পিনারের আগের বলে বাউন্ডারি পান জাঙ্গু। পরের বলে পা বাড়িয়ে লেগে খেলতে চেয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। কিন্তু পিচ করার পর সোজা যাওয়া ডেলিভারির লাইনে যেতে পারেননি।
আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলে রোস্টন চেইসের সঙ্গে কথা বলে রিভিউ নেন জাঙ্গু। তাতে একটি রিভিউ হারায় সফরকারীরা। বল আঘাত হানত মিডল স্টাম্পে।
জাঙ্গু ২৩ বলে পাঁচ চার ও এক ছক্কায় করেন ৩৪ রান।
৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৫৫। ক্রিজে চেইসের সঙ্গী আকিম ওগিস।
31 Oct 2025, 08:28 PM
কিংকে টিকতে দিলেন না নাসুম
পাওয়ার প্লের শেষ ওভারে আক্রমণে এসে সাফল্য পেলেন নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়ে গেলেন ব্র্যান্ডন কিং।
নিজের দ্বিতীয় বলে বাউন্ডারি হজম করেন নাসুম। এক বল পর কাছাকাছি একটি ডেলিভারিতে তিনি পান উইকেট। সরে গিয়ে লেগে খেলার চেষ্টায় বলের লাইনে যেতে পারেননি কিং। বল আঘাত হানে স্টাম্পে।
৭ বলে ৮ রান করেন কিং।
৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ২ উইকেটে ৩৭। ক্রিজে আমির জাঙ্গুর সঙ্গী রোস্টন চেইস।
31 Oct 2025, 08:23 PM
আবার জীবন পেলেন জাঙ্গু
১ রানে বেঁচে যাওয়ার পর ৯ রানে আবার জীবন পেলেন আমির জাঙ্গু। শরিফুল ইসলামের বলে আগেরবার ক্যাচ ছেড়েছিলেন সাইফ হাসান, এবার ছাড়লেন বদলি ফিল্ডার তাওহিদ হৃদয়।
বড় শটের চেষ্টায় টাইমিং করতে পারেননি জঙ্গু। বলের নিচে গিয়ে দুই হাতেই নিয়েছিলেন হৃদয়। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মুঠোয় রাখতে পারেননি তিনি।
পরের ওভারে এর চড়া মাশুল দেয় বাংলাদেশ। তাসকিন আহমেদের বোলিংয়ে এক ছক্কা ও তিন চারে ১৮ রান নেন জাঙ্গু।
৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৩৩।
31 Oct 2025, 08:18 PM
আথানেজকে দ্রুত ফেরালেন শরিফুল
দারুণ বোলিং করা শেখ মেহেদি হাসান নিজের দ্বিতীয় বলে পেলেন সাফল্য। অফ স্পিনারের বল বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হলেন আলিক আথানেজ।
অফ স্পিনারের বল বেশ ভোগাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ব্যাটসম্যান। বেরিয়ে এসে বড় শটের চেষ্টায় ছিলেন আথানেজ। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি। গ্লাভসে বল জমিয়েই বেলস ফেলে দেন লিটন দাস। তখনও জায়গায় ফিরতে পারেননি আথানেজ।
৮ বলে ১ রান করেন আথানেজ।
৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৬। ক্রিজে আমির জাঙ্গুর সঙ্গী ব্র্যান্ডন কিং।
31 Oct 2025, 08:12 PM
ক্যাচ ছাড়লেন সাইফ
ফেরার ম্যাচে নিজের প্রথম বলেই উইকেট পেতে পারতেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের বলে স্লিপে আমির জাঙ্গুর ক্যাচ নিতে পারলেন না সাইফ হাসান।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের প্রথম ওভার করেন শেখ মেহেদি হাসান। অফ স্পিনারের বলে দুই ওপেনার নিতে পারেন কেবল একটি সিঙ্গেল।
পরের ওভারের প্রথম বলেই ফিরতে পারতেন জাঙ্গু। অফ স্টাম্পের বাইরের বল তার ব্যাটের কানায় লাগলে দ্রুত গতিতে ক্যাচ যায় স্লিপে। প্রতিক্রিয়া দেখাতে দেরি করে ফেলেন সাইফ। ১ রানে জীবন পান জাঙ্গু।
২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৫।
31 Oct 2025, 08:05 PM
দুই অঙ্কে কেবল তানজিদ, সাইফ
প্রায় একাই দলকে দেড়শ রানে নিয়ে গেলেন তানজিদ হাসান। ৮৯ রানের ইনিংস খেললেন বাঁহাতি এই ওপেনার। এতে একটি রেকর্ডও গড়েন তিনি।বাংলাদেশের ৫৮.৯৪ শতাংশ রান আসে তার ব্যাট থেকে। ২০১৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫৭.২২ শতাংশ রান করেন তামিম ইকবাল (১০৩)।
তিনি ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারলেন কেবল সাইফ হাসান।
আউট হওয়া বাকি আট ব্যাটসম্যানের কেউ ৯ রানের বেশি করতে পারেননি। শূন্য রানে অপরাজিত শেখ মেহেদি হাসান কোনো বল খেলেননি।
১৪.২ ওভারে বাংলাদেশের রান ছিল ২ উইকেটে ১০৭। সেখান থেকে ৪৪ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় তারা।
৩৬ রানে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফলতম বোলার রোমারিও শেফার্ড। হ্যাটট্রিক করেন তিনি। জেসন হোল্ডার ও খ্যারি পিয়ের নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫১ (তানজিদ ৮৯, পারভেজ ৯, লিটন ৬, সাইফ ২৩, রিশাদ ৩, সোহান ১, নাসুম ১, জাকের ৫, মেহেদি ০*, শরিফুল ০, তাসকিন ৯; হোল্ডার ৪-০-৩২-২, আকিল ৪-০-২৬-১, শেফার্ড ৪-০-৩৬-৩, চেইস ৪-০-২৩-১, পিয়ের ৩-০-২৩-২, মোটি ১-০-১১-০)
31 Oct 2025, 07:52 PM
শেফার্ডের হ্যাটট্রিক
২০তম ওভারের প্রথম বলে মিড অফের উপর দিয়ে খেলতে গিয়ে জেসন হোল্ডারের হাতে ধরা পড়লেন তানজিদ হাসান। বাঁহাতি এই ওপেনার ৬২ বলে চার ছক্কা ও নয় চারে ফিরলেন ক্যারিয়ার সেরা ৮৯ রান করে।
পরের বলে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেলেন শরিফুল ইসলাম। স্টাম্পে থাকা ইয়র্কার ব্যাটে খেলতে পারেননি তিনি। এলোমেলো হয়ে যায় স্টাম্প।
এতে হ্যাটট্রিক হয়ে গেল শেফার্ডের। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পরপর তিন বলে তিন উইকেট নিলেন তিনি।
নিজের আগের ওভারের শেষ বলে নুরুল হাসান সোহানের উইকেট নিয়েছিলেন শেফার্ড।
ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করা হোল্ডার নিয়েছিলেন ৪ বলে ৪ উইকেট।
শেফার্ডকে সেটি করতে দেননি তাসকিন আহমেদ। মুখোমুখি প্রথম বলে তিনি নেন ২ রান। পরের বল ওড়ান ছক্কায়।
শেষ বলে ২ রান নেওয়ার চেষ্টায় রান আউট হয়ে যান তাসকিন। বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৫১ রানে।
31 Oct 2025, 07:49 PM
ছক্কার চেষ্টায় অক্কা নাসুম
টানা তিন ওভারে শেষ বলে উইকেট হারাল বাংলাদেশ। এবার আকিল হোসেনের বলে রভম্যান পাওয়েলের হাতে ধরা পড়লেন নাসুম আহমেদ।
বাঁহাতি স্পিনারের বলে স্লগ সুইপের চেষ্টায় সফল হননি নাসুম। ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বাজে দিনে আরেকটি ক্যাচ নেন পাওয়েল।
৩ বলে ১ রান করেন নাসুম।
১৮ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৩৩। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী জাকের আলি।
31 Oct 2025, 07:31 PM
টিকলেন না সোহান
বড় শটের চেষ্টায় সফল হলেন না নুরুল হাসান সোহান। রোমারিও শেফার্ডের বলে এগিয়ে চমৎকার ডাইভিং ক্যাচে তাকে ফেরালেন রভম্যান পাওয়েল।
স্লটেই পেয়েছিলেন সোহান। কিন্তু টাইমিং করতে পারেননি সোহান, যেতে পারেননি বলের নিচে। দারুণ ক্যাচ নিয়ে বাকিটা সারেন পাওয়েল।
১৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১২৬। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নাসুম আহমেদ।
31 Oct 2025, 07:26 PM
দ্রুত ফিরলেন রিশাদ
প্রমোশন পেয়ে পাঁচে নেমে তেমন কিছু করতে পারলেন না রিশাদ হোসেন। খ্যারি পিয়েরের ফুল লেংথ ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।
৩ বলে ৩ রান করেন রিশাদ। স্টাম্পে থাকে ডেলিভারি গায়ের জোরে লেগে খেলার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি।
এই ওভারে এর আগে তানজিদ হাসানের উইকেট পেতে পারতেন পিয়ের।
ওভারের প্রথম বলে লং অনে ক্যাচ দেন তানজিদ। ফ্লাইট বুঝতে না পেরে ঠিক সময়ে লাফ দিতে পারেননি রভম্যান পাওয়েল। ছয় পেয়ে যান ব্যাটসম্যান।
দুই বল পর ফুলটস বলে পিয়েরকে ক্যাচের মতো দেন তানজিদ। গতি এতো বেশি ছিল যে ক্যাচের জন্য হাতও বাড়াতে পারেননি তিনি।
১৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১১৮। ক্রিজে তানজিদের সঙ্গী নুরুল হাসান সোহান।
31 Oct 2025, 07:26 PM
ছক্কার পর অক্কা সাইফ
পরপর দুটি স্লোয়ার শর্ট বল করলেন জেসন হোল্ডার, দুই বলে দুইরকম ফল পেলেন সাইফ হাসান।
প্রথম বল ছক্কায় ওড়ালেন সাইফ। পরের বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে আকিম ওগিসের হাতে ধরা পড়লেন তিনি। ভাঙল ৪৩ বল স্থায়ী ৬৩ রানের জুটি।
২২ বলে দুই ছক্কায় ৬৩ রান করেন সাইফ।
১৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৯। ক্রিজে তানজিদের সঙ্গী প্রমোশন পাওয়া রিশাদ হোসেন।
31 Oct 2025, 07:09 PM
সাইফ-তানজিদের জুটিতে পঞ্চাশ
তৃতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন তানজিদ হাসান ও সাইফ হাসান, ৩৩ বলে। তাদের জুটিতে বাড়ছে রান রেট।
শুরুতে কয়েকবার বেঁচে যাওয়া তানজিদের ব্যাটেই মূলত বাড়ছে রান। তাকে সঙ্গে দিচ্ছেন চারে নামা সাইফ।
১৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৪। ৪৩ বলে তানজিদের রান ৬২। একটি ছক্কা মারলেও ১৪ রান করতে ১৬ বল খেলেছেন সাইফ।
31 Oct 2025, 06:57 PM
৩৭ বলে তানজিদের পঞ্চাশ
মাঝ বিরতির পর প্রথম বলেই রোমারিও শেফার্ডকে বেরিয়ে এসে বড় শট খেলতে চাইলেন তানজিদ হাসান। তবে ব্যাটে বলে করতে পারলেন না বাঁহাতি এই ওপেনার।
পরের দুই বলে দুটি চার মারলেন তানজিদ। পরের বলে সিঙ্গেল নিয়ে স্পর্শ করলেন পঞ্চাশ।
৩৭ বলে পঞ্চাশ ছোঁয়ার পথে দুই ছক্কার সঙ্গে সাতটি চার মেরেছেন তানজিদ। অন্য প্রান্তে ১০ বলে ১১ রানে খেলছেন সাইফ হাসান।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭৯।
31 Oct 2025, 06:49 PM
হাজার রানে দ্রুততম তানজিদ
খ্যারি পিয়েরের বলে বাউন্ডারিতে মাইলফলক স্পর্শ করলেন তানজিদ। ৪২ ইনিংসে টি-টোয়েন্টিতে হাজার রানে গেলেন বাঁহাতি এই ওপেনার। পরের বলে ওড়ালেন ছক্কায়।
৪৫ ইনিংসে হাজার রান ছুঁয়ে বাংলাদেশের রেকর্ড ছিল তাওহিদ হৃদয়ের। তার চেয়ে তিন ইনিংস কম লাগল তাজিদের।
টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড দাভিদ মালানের। ইংল্যান্ডের এই ওপেনারের হাজার রান ছুঁতে লেগেছিল কেবল ২৪ ইনিংস।
১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৭। ৩২ বলে ৪১ রানে খেলছেন তানজিদ। ৯ বলে সাইফ হাসানের রান ১০।
৯৬৭ রান নিয়ে তৃতীয় টি-টোয়েন্টি শুরু করেন তানজিদ। ইনিংসের শুরুতে দুইবার বেঁচে যান ক্যাচ দিয়ে। পরে টিকে যান সফল রিভিউয়ে। তার ব্যাটেই বাড়ছে বাংলাদেশের রান।
31 Oct 2025, 06:41 PM
টিকলেন না লিটন
তানজিদ হাসান ক্রিজে থাকায় বাঁহাতি স্পিনারদের আক্রমণে আনা নিয়ে ভাবছেন রোস্টন চেইস। তবে অষ্টম ওভারে খ্যারি পিয়ের আক্রমণে এসে তার মুখে হাসি ফোটালেন।
প্রথম বলে সিঙ্গেল নেন তানজিদ। এক বল ডট খেলে পরেরটায় স্লগ সুইপে ছক্কার চেষ্টায় করেন লিটন। টাইমিং হয়নি, সীমানায় ক্যাচ নেন গুডাকেশ মোটি।
৯ বলে ৬ রান করেন লিটন।
৮ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৫।
31 Oct 2025, 06:33 PM
পাওয়ার প্লেতে বাংলাদেশ ৪০/১
পারভেজ হোসেনের উইকেট হারানো বাংলাদেশ পাওয়ার প্লেতে খুব বেশি রান করতে পারেনি।
৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪০। এর মধ্যে ৩২ রানই এসেছে বাউন্ডারি থেকে। তিন ব্যাটসম্যান দুই ছক্কার সঙ্গে মেরেছেন পাঁচটি চার।
বাউন্ডারির বাইরে খুব বেশি রান আসেনি, ব্যাটসম্যানরা খেলেছেন প্রচুর ডট বল।
২০ বলে ২৬ রানে খেলছেন তানজিদ হাসান। ৬ বলে লিটন দাসের রান ৫।
31 Oct 2025, 06:29 PM
রিভিউ নিয়ে বাঁচলেন তানজিদ
আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন তানজিদ হাসান।
জেসন হোল্ডারের আগের বলে চমৎকার শটে চার মারেন তানজিদ। পরের বল ব্যাটে খেলতে না পারলে এলবিডব্লিউ দেন আম্পায়ার।
লিটন দাসের সঙ্গে কথা বলে রিভিউ নেন তানজিদ। রিপ্লেতে দেখা যায় বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। তাই পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত।
সে সময় ১৮ রানে ছিলেন তানজিদ। এর আগে দুইবার ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি।
31 Oct 2025, 06:25 PM
ফেরার ম্যাচে ব্যর্থ পারভেজ
ছক্কা দারুণ শুরুর আভাস দিলেও নিজের ইনিংস বড় করতে পারলেন না পারভেজ হোসেন। রোস্টন চেইসের বলে সহজ ক্যাচ দিলেন বাঁহাতি এই ওপেনার।
চতুর্থ ওভারে নিজেই আক্রমণে আসেন চেইস। তার শর্ট বল অফে যে কোনো জায়গাতে পাঠাতে পারতেন পারভেজ। কিন্তু ঠিকঠাক শট খেলতে পারেননি তিনি। সহজ ক্যাচ যায় শর্ট থার্ড ম্যান ফিল্ডার গুডাকেশ মোটির হাতে।
৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৮। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী অধিনায়ক লিটন দাস। ওপেনিং থেকে অন্তত চারে নেমে গেলেন সাইফ হাসান।
31 Oct 2025, 06:20 PM
আবার বাঁচলেন তানজিদ
জেসন হোল্ডারের হাতে আবারও জীবন পেলেন তানজিন হাসান। ম্যাচের প্রথম ওভারে নিজের বলে ক্যাচ ছেড়েছিলেন হোল্ডার, এবার ছাড়লেন রোমারিও শেফার্ডের বলে।
মিড অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ। টাইমিং করতে পারেননি। ক্যাচ যায় হোল্ডারের কাছে। কিন্তু মুঠোয় রাখতে পারেননি তিনি। সে সময় ১২ রানে ছিলেন তানজিদ।
৩ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ২২।
31 Oct 2025, 06:09 PM
ঘটনাবহুল ওভারে শুরু
জেডেন সিলসের অনুপস্থিতিতে প্রথম ওভার করলেন জেসন হোল্ডার। এই পেসারের প্রথম বলে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হল ওয়েস্ট ইন্ডিজ। বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে।
পরের বলে বেরিয়ে এসে শট খেলেন তানজিদ হাসান। দ্রুত গতিতে ক্যাচ যায় বোলার হোল্ডারের কাছে। কিন্তু কঠিন সুযোগ নিতে পারেননি তিনি।
পরের দুই বলে দুটি চার মারেন তানজিদ। শেষ দুটি বল তিনি খেলেন ডট।
একাদশ এসে ওপেনিংয়ে নেমেছেন পারভেজ হোসেন। আগের দুই ম্যাচে ওপেনিংয়ে খেলা সাইফ নামতে পারেন তিনে।
১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৮।
31 Oct 2025, 05:52 PM
ওয়েস্ট ইন্ডিজ দলে তিন পরিবর্তন
সিরিজ জয়ের পর একাদশে তিনটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। নিয়মিত অধিনায়ক শেই হোপের সঙ্গে নেই জেডেন সিলস ও টানা দুই ম্যাচে প্রথম বলে আউট হওয়া শেরফেন রাদারফোর্ড।
সিরিজে প্রথমবারের মতো খেলছেন আকিম ওগিস, গুডাকেশ মোটি ও আমির জাঙ্গু। হোপের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রোস্টন চেইস।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আলিক আথানেজ, রোস্টন চেইস (অধিনায়ক), আমির জাঙ্গু, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, আকিম ওগিস, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড।
31 Oct 2025, 05:43 PM
বাংলাদেশ দলে চার পরিবর্তন
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে একাদশে চারটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান। আসরের প্রথমবার খেলছেন পারভেজ হোসেন, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।
বাদ পড়েছেন তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
স্পিনে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। খেলছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন, নুরুল হাসান সোহান, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম।
31 Oct 2025, 05:36 PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের শেষ ম্যাচে টস জিতলেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং।
আগের দুই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। প্রথম ম্যাচে ১৬ রানে জিতেছিল তার, পরেরটিতে ১৪ রানে।
এবার রান তাড়ার চ্যালেঞ্জ নিতে হবে সফরকারীদের।
31 Oct 2025, 05:15 PM
শেষটা ভালো করার লক্ষ্যে বাংলাদেশ
টানা চার সিরিজ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ।
আর টানা সাত সিরিজ হারের পর এখানে এসে জয়ের দেখা পেয়েছে ক্যারিবিয়ানরা। তাদের বিপক্ষেই এবার হোয়াইটওয়াশড হওয়ার শঙ্কায় পড়েছে স্বাগতিকরা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বুধবার হবে তৃতীয় টি-টোয়েন্টি। খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়। তিন ম্যাচের সিরিজে শেই হোপের দল এগিয়ে আছে ২-০ ব্যবধানে।
দুই ম্যাচেই বাংলাদেশের হারের মূল দায় ব্যাটিংয়ের। রানের দেখা নেই কারো ব্যাটেই। কেউই নন ধারাবাহিক। ছন্দে ফেরার আরেকটি সুযোগ লিটন দাসের দলের সামনে। এই ম্যাচের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের ম্যাচ বাকি থাকবে কেবল তিনটি, শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা আয়ারল্যান্ডের বিপক্ষে।