০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭

 

শ্রীল‌ঙ্কা: ১৫.২ ওভারে ৯৪

13 Jul 2025, 10:50 PM

৮৩ রানের জয়

এক রানের জন্য টি-টোয়েন্টিতে নিজেদের সবচেয়ে বড় জয় পেল না বাংলাদেশ। তবে রিশাদ হোসেনের বলে বিনুরা ফার্নান্দো স্টাম্পেড হতেই দেশের মাটিতে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হল শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষেও নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হল তারা।

১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। একপেশে ম্যাচে স্বাগতিকরা হাতে ৮৩ রানে।

৯ বলে এক চারে ৬ রান করেন বিনুরা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (তানজিদ ৫, পারভেজ ০, লিটন ৭৬, হৃদয় ৩১, মিরাজ ১, শামীম ৪৮, জাকের ৩, রিশাদ ০, সাইফ ৬; থুসারা ৪-০-৩০-১, বিনুরা ৪-০-৩১-৩, শানাকা ২-০-২৩-০, থিকশানা ৪-০-৩০-১, ভ্যান্ডারসে ৪-০-৪০-০, কারুনারাত্নে ২-০-১৮-০)

শ্রীলঙ্কা: ১৫.২ ওভারে ৯৪ (নিসাঙ্কা ৩২, কুসাল মেন্ডিস ৮, কুসাল পেরেরা ০, আভিশকা ২, আসালাঙ্কা ৫, শানাকা ২০, কারুনারাত্নে ০, ভ্যান্ডারসে ৮, থিকশানা ৬, বিনুরা ৬, থুসারা ০; শরিফুল ৩-০-১২-২, সাইফউদ্দিন ৩-০-২১-২, মুস্তাফিজ ৩-০-১৪-১, মিরাজ ৩-০-২৬-১, রিশাদ ৩.২-০-১৮-৩)

13 Jul 2025, 10:45 PM

থিকশানাকে ফেরালেন মুস্তাফিজ

দারুণ বোলিংয়ের পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসারের বলে কট বিহাইন্ড হয়ে গেলেন মাহিশ থিকশানা।

বেরিয়ে যাওয়া বল ঠিকঠাক খেলতে পারেননি ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

১১ বলে ৬ রান করেন থিকশানা।

১৫ ওভারে শ্রীলঙ্কার রান ৯ উইকেটে ৯৩। ক্রিজে স্বাগতিকদের শেষ জুটি।

13 Jul 2025, 10:34 PM

মুস্তাফিজের দারুণ ক্যাচ

মেহেদী হাসান মিরাজকে ছক্কা মারার পর বেশি দূর এগোতে পারলেন না জেফরি ভ্যান্ডারসে। মোহাম্মদ সাইফ উদ্দিনের বলে স্কুপ করার চেষ্টায় মুস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়লেন তিনি।

ক্যাচ মোটেও সহজ ছিল না, মাথার উপর দিয়ে যাওয়া বল তাড়া করে চমৎকার ক্যাচ নেন মুস্তাফিজ।

এক ছক্কায় ৬ বলে ৮ রান করেন ভ্যান্ডারসে।

১৩ ওভারে শ্রীলঙ্কার রান ৮ উইকেটে ৮৩। ক্রিজে মাহিশ থিকশানার সঙ্গী বিনুরা ফার্নান্দো।

13 Jul 2025, 10:27 PM

শনাকাকে ফেরালেন মিরাজ

এক ওভারে ২ উইকেট পতনের পর বোলারদের উপর চড়াও হতে চাইলেন দাসুন শানাকা। তাকে সেই সুযোগ দিলেন না মেহেদী হাসান মিরাজ।

অফ স্পিনারের বলে ছক্কার চেষ্টায় তানজিদ হাসানের হাতে ধরা পড়লেন শানাকা। ১৬ বলে দুই চারে তিনি করলেন ২০ রান।

১১.১ ওভারে শ্রীলঙ্কার রান ৭ উইকেটে ৭৩। ক্রিজে জেফরি ভ্যান্ডারসের সঙ্গী মাহিশ থিকশানা।

13 Jul 2025, 10:20 PM

রিশাদের জোড়া আঘাত

তিন বলের মধ্যে পাথুম নিসাঙ্কা ও চামিকা কারুনারাত্নেকে ফিরিয়ে দিলেন রিশাদ হোসেন।

ওভারের প্রথম বলে চার মারেন নিসাঙ্কা। পরের বল বেরিয়ে এসে খেলতে গিয়ে হন স্টাম্পড। অনায়াসে বেলস ফেলে দেন লিটন দাস।

২৯ বলে এক ছক্কা ও দুই চারে ৩২ রান করেন নিসাঙ্কা।

এক বল পর রিশাদকে সহজ ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন কারুনারাত্নে। ২ বল খেলে তিনি রানের দেখা পাননি।

১১ ওভারে শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৭৩। ক্রিজে দাসুন শানাকার সঙ্গী জেফরি ভ্যান্ডারসে।

13 Jul 2025, 10:14 PM

মাঝপথে ভালো অবস্থানে বাংলাদেশ

প্রথম ওভারে শ্রীলঙ্কাকে খুব বেশি রান করতে দেয়নি বাংলাদেশ। এর মধ্যে চারটি উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। মাঝপথে ভালো অবস্থানে আছে লিটন দাসের দল।

১০ ওভারে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৬৭। ২৭ বলে ২৮ রানে খেলছেন পাথুম নিসাঙ্কা, দাসুন শানাকা ব্যাট করছেন ১৪ বলে ১৯  রানে।

13 Jul 2025, 09:55 PM

আসালাঙ্কাকে টিকতে দিলেন না সাইফ

আক্রমণে ফিরেই সাফল্য পেলেন মোহাম্মদ সাইফ উদ্দিন। তার বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিলেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ বল ঠিকঠাক খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। তবে একই সময় ব্যাট মাটিতেও স্পর্শ করায় লিটন ঠিক নিশ্চিত ছিলেন না ক্যাচ কি না। চারপাশের ফিল্ডাররা তাকে পরামর্শ নিলে শেষ পর্যন্ত রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক।

রিপ্লেতে দেখা যায় আগে মাটি স্পর্শ করেছিল আসালাঙ্কার ব্যাট, পরে ছুঁয়েছিল ব্যাট।

এতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। ৫ বলে ৫ রান করে ফেরেন আসালাঙ্কা।

৬ ওভারে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৩৭। ক্রিজে পাথুম নিসাঙ্কার সঙ্গী দাসুন শানাকা।

13 Jul 2025, 09:49 PM

আভিশকাকে ফেরালেন শরিফুল

শূন্য রানে বেঁচে যাওয়া আভিশকা ফার্নান্দোকে বেশিক্ষণ টিকতে দিলেন না শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার পেলেন নিজের দ্বিতীয় উইকেট।

লেগ স্টাম্পের বলে ফ্লিক করেছিলেন আভিশকা। বল বেরিয়ে যাচ্ছিল দ্রুত গতিতে। তবে ডিপ স্কয়ার লেগে বলে চোখ রেখে দুই হাতে মুঠোয় নেন শামীম হোসেন।

৫ বলে আভিশকা করেন ২ রান।

৫ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৩০। ক্রিজে পাথুম নিসাঙ্কার সঙ্গী চারিথ আসালাঙ্কা।

13 Jul 2025, 09:43 PM

জীবন পেলেন আভিশকা

বোলিংয়ে এসেই সাফল্য পেতে পারতেন মুস্তাফিজুর রহমান। তবে বাঁহাতি এই পেসারের বলে শর্ট মিডউইকেটে আভিশকা ফার্নান্দোর ক্যাচ নিতে পারলেন না পারভেজ হোসেন। লাফিয়ে হাত ছোঁয়ালেও ধরে রাখতে পারেননি তিনি।

সে সময় শূন্য রানে ছিলেন আভিশকা।

৪ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ২৫।

13 Jul 2025, 09:38 PM

শূন্য রানে পেরেরাকে ফেরালেন শরিফুল

একাদশে ফেরা শরিফুল ইসলামের হাত ধরে পাওয়ার প্লেতে আরেকটি সাফল্য পেল বাংলাদেশ। বিপজ্জন কুসাল পেরেরাকে শূন্য রানে ফেরালেন বাঁহাতি এই পেসার।

অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি পেরেরা। ক্যাচ যায় পয়েন্টে। লাফিয়ে অনায়াসে ক্যাচ নেন রিশাদ হোসেন।

৪ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি পেরেরা।

৩ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ২১। ক্রিজে পাথুম নিসাঙ্কার সঙ্গী আভিশকা ফার্নান্দো।

13 Jul 2025, 09:31 PM

শামীমের থ্রোয়ে রান আউট কুসাল মেন্ডিস

ব্যাট হাতে চমৎকার ইনিংসের পর এবার ফিল্ডিংয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন শামীম হোসেন। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে কাভার পয়েন্টের দিকে ঠেলে রানের জন্য ছোটেন কুসাল মেন্ডিস। সরাসরি থ্রোয়ে স্টাম্প এলোমেলো করে তার বিদায়ঘণ্টা বাজান শামীম।

ফেরার আগের বলে বাউন্ডারি মেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রান পূর্ণ করেন কুসাল মেন্ডিস। ২ চারে ৫ বলে ৮ রান করে ফেরেন আগের ম্যাচের নায়ক।

২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৯ রান। ক্রিজে পাথুম নিসাঙ্কার সঙ্গী কুসাল পেরেরা।

13 Jul 2025, 09:21 PM

১৭৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

শেষ ওভারের দ্বিতীয় বল ছক্কায় উড়িয়ে ফিফটির খুব কাছে পৌঁছে গেলেন শামীম হোসেন। কিন্তু পরপর দুই বলে জাকের আলি ও শামীম রান আউট হয়ে গেলে আর পঞ্চাশ ছোঁয়া হয়নি তার।

উইকেটরক্ষকের গ্লাভসে বল রেখে দ্রুত রান চুরি করার চেষ্টায় আউট হন দুজনই। পরে শেষ বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে ১৭৭ রান পর্যন্ত নিয়ে যান মোহাম্মদ সাইফউদ্দিন। 

লিটন কুমার দাস ও শামীমের জুটিতেই মূলত আগের দিনের ব্যর্থতা ভুলে কিছুটা বেড়েছে বাংলাদেশের সংগ্রহ। দুজন মিলে পঞ্চম উইকেটে মাত্র ৩৯ বলে যোগ করেন ৭৭ রান। এর সৌজন্যে শেষ ১০ ওভারে ১০৮ রান করে বাংলাদেশ। 

দুবার জীবন পাওয়া ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংসের ফিফটিখরা দূর করেন লিটন। ১৯তম ওভারে ফেরার আগে ১ চার ও ৫ ছক্কায় ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক।

অল্পের জন্য ফিফটি করতে পারেননি শামীম। রান আউট হয়ে ফেরার আগে ৫ চার ও ২ ছক্কায় মাত্র ২৭ বলে ৪৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১৭৭/৭ (তানজিদ ৫, পারভেজ ০, লিটন ৭৬, হৃদয় ৩১, মিরাজ ১, শামীম ৪৮, জাকের ৩, রিশাদ ০*, সাইফ ৬*; থুসারা ৪-০-৩০-১, বিনুরা ৪-০-৩১-৩, শানাকা ২-০-২৩-০, থিকশানা ৪-০-৩০-১, ভ্যান্ডারসে ৪-০-৪০-০, কারুনারাত্নে ২-০-১৮-০)

13 Jul 2025, 09:01 PM

লিটনকে থামালেন থিকশানা

এক ওভার আগে লিটন কুমার দাসের ক্যাচ ছেড়েছিলেন মাহিশ থিকশানা। বোলিংয়ে এসে যেন সেটিরই ক্ষতিপূরণ দিলেন রহস্য স্পিনার। আরেকটি বড় শটের খোঁজে শর্ট থার্ড ম্যানে ধরা পড়লেন লিটন।

১ চার ও ৫ ছক্কায় ৫০ বলে ৭৬ রান করে ফেরেন লিটন। তার বিদায়ে ভাঙে শামীম হোসেনের সঙ্গে গড়া ৩৯ বলে ৭৭ রানের জুটি।

১৮.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৫৫ রান। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান জাকের আলি। ২১ বলে ৩৭ রানে অপরাজিত শামীম।

13 Jul 2025, 08:46 PM

আবার জীবন পেলেন লিটন, জুটির পঞ্চাশ

জেফ্রি ভ্যান্ডারসের বলে বড় শটের খোঁজে হাওয়ায় ভাসিয়ে দিলেন লিটন কুমার দাস। লং অফ থেকে ছুটে বলের কাছে এলেও হাতে জমাতে পারলেন না মাহিশ থিকশানা। ৫৬ রানে দ্বিতীয়বারের মতো বেঁচে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

ওভারের শেষ বলে স্লগ সুইপে ছক্কা মেরে ভ্যান্ডারসের হতাশা বাড়ান লিটন। এর আগে বাঁহাতি স্পিনারের ওভারেই ৩০ রানে লিটনকে স্টাম্পিং করার সুযোগ হাতছাড়া করেন কুসাল মেন্ডিস।

লিটনের ছক্কায় মাত্র ২৬ বলে পূর্ণ হয়েছে পঞ্চম উইকেট জুটির পঞ্চাশ রান। 

১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। তাদের রান রেট এখন উঠে গেছে আটে। সবশেষ ৪ ওভারেই এসেছে ৪৮ রান।

শামীম হোসেন ১৪ বলে ২২ ও লিটন ৪৪ বলে ৬৬ রানে অপরাজিত।

13 Jul 2025, 08:37 PM

১৪তম ওভারে বাংলাদেশের একশ

পরপর দুই ওভারে ১১ ও ১০ রান নিলেন লিটন কুমার দাস ও শামীম হোসেন। প্রথমবার সাতে উঠল বাংলাদেশের রান রেট। ১৪তম ওভারে পূর্ণ হলো দলের একশ রান।

১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০১ রান। শামীম ৯ বলে ১৫ ও লিটন ৩৭ বলে ৪৭ রানে অপরাজিত।

13 Jul 2025, 08:28 PM

বিনুরার তৃতীয় শিকার মিরাজ

টিকতেই পারলেন না মেহেদী হাসান মিরাজ। চার বলের মধ্যে ২ উইকেট হারাল বাংলাদেশ। বিনুরা ফার্নান্দোর আরেকটি স্লোয়ারে স্কুপ খেলার চেষ্টায় শর্ট ফাইন লেগে নুয়ান থুসারার হাতে ধরা পড়েন ১ রান করা মিরাজ।

১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮০ রান। 

লিটন কুমার দাস ৩৩ বলে ৪০ রানে অপরাজিত। তাকে সঙ্গ দিতে নেমেছেন শামীম হোসেন।

 

13 Jul 2025, 08:26 PM

হৃদয়কে ফেরালেন বিনুরা

তানজিদ হাসানের মতোই অপ্রচলিত ডিপ স্লিপ ফিল্ডারের হাতে ক্যাচ দিলেন তাওহিদ হৃদয়। অফ স্টাম্পের বাইরের স্লোয়ার ডেলিভারি কাট করতে গিয়ে তার ব্যাটের ওপরের দিকে লেগে চলে যায় কুসাল পেরেরার হাতে।

২ চার, ১ ছক্কায় ২৫ বলে ৩১ রান করেন হৃদয়। তার বিদায়ে ভাঙে ৬৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। 

ক্রিজে নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। ৩১ বলে ৩৮ রানে অপরাজিত লিটন কুমার দাস।

13 Jul 2025, 08:17 PM

বেঁচে গেলেন লিটন

জেফ্রি ভ্যান্ডারসের অফ স্টাম্পের অনেক বাইরের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টায় নাগাল পেলেন না লিটন কুমার দাস। উইকেটের পেছনে বল ধরতে পারলেন না কুসাল মেন্ডিসও। স্টাম্পড হওয়া থেকে বেঁচে গেলেন ৩০ রানে থাকা বাংলাদেশ অধিনায়ক।

এক বল পর বাউন্ডারি মেরে ভ্যান্ডারসের হতাশা আরও বাড়ান তাওহিদ হৃদয়। সব মিলিয়ে ওভার থেকে আসে ১১ রান। তবু সাতে ওঠেনি বাংলাদেশের রান রেট।

ইনিংসের মাঝপথে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। হৃদয় ২২ বলে ২৯ ও লিটন ২৭ বলে ৩৩ রানে অপরাজিত।

13 Jul 2025, 08:13 PM

লিটন-হৃদয়ের জুটিতে পঞ্চাশ

শুরুর চাপ সামলে পঞ্চাশ রানের জুটি গড়েছেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। তবে রানের গতি বাড়াতে পারছেন না তারা। জুটির পঞ্চাশ ছুঁতে তারা দুজন মিলে খেলেছেন ৪১ বল। 

৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫৮ রান। রান রেট সাড়ে ছয়ের কম।

লিটন ২৪ বলে ২৯ ও লিটন ১৯ বলে ২৩ রানে অপরাজিত।

13 Jul 2025, 08:03 PM

পাওয়ার প্লেতে ২ উইকেটে ৩৯

দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিচ্ছেন লিটন কুমার দাস ও তাওহিদ হৃদয়। অবিচ্ছিন্ন জুটিতে এরই মধ্যে ২৪ বলে ৩২ রান যোগ করেছেন তারা দুজন। এর মধ্যে পাওয়ার প্লের শেষ ৩ ওভারে তারা করেছেন ২৯ রান।  

৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। হৃদয় ১০ বলে ১৭ ও লিটন ১৬ বলে ১৭ রানে অপরাজিত।

13 Jul 2025, 07:47 PM

টিকলেন না তানজিদও

ত্রিশ গজে অপ্রচলিত একটা জায়গায় ফিল্ডার রাখলেন শ্রীলঙ্কা অধিনায়ক। কাজেও লাগল সেটা! বিনুরা ফার্নান্দোর বলে ব্যাট চালিয়ে দিলে সেখানেই ধরা পড়লেন তানজিদ হাসান।

অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি বাঁহাতি ওপেনার। ব্যাটের কানায় লেগে ডিপ স্লিপের দিকে বল যায় দ্রুত গতিতে। ঝাঁপিয়ে মুঠোয় নেন কুসাল পেরেরা।

৮ বলে ৫ রান করেন তানজিদ।

পরপর দুই ওভারে ফিরলেন দুই ওপেনার। তানজিদের মতো আগের ওভারের শেষ বলে আউট হন পারভেজ হোসেন।

13 Jul 2025, 07:41 PM

শুরুতেই ফিরলেন পারভেজ

পা জায়গা থেকে নড়লই না, শটও খেললেন ভুল লাইনে। এসবের মাশুল দিয়ে বোল্ড হয়ে ফিরলেন পারভেজ হোসেন।

নুয়ান থুসারা শুরু থেকেই লেট সুইং করাচ্ছিলেন। শট খেলার সময় সেটা হয়তো পারভেজের মাথাতেই ছিল না। অফ-মিডল স্টাম্পে পিচ করে ভেতরে ঢোকা ডেলিভারির তাই লাইনেই যেতে পারেননি তিনি।

৩ বল খেলেও রানের দেখা পাননি পারভেজ।

১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী নিজেকে খুঁজে ফেরা লিটন দাস।

13 Jul 2025, 07:09 PM

শ্রীলঙ্কার অপরিবর্তিত একাদশ

অনায়াস জয় পাওয়া প্রথম ম্যাচের কম্বিনেশন বদলায়নি শ্রীলঙ্কা। একই একাদশ নিয়ে নামছে স্বাগতিকরা।

শ্রীলঙ্কা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো।

13 Jul 2025, 07:07 PM

বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন

প্রথম ম্যচে হেরে যাওয়া একাদশে তিন পরিবর্তন করল বাংলাদেশ। লম্বা সময় পর ফিরে এক ম্যাচ খেলেই জায়গা হারালেন মোহাম্মদ নাঈম শেখ। এছাড়া বাদ পড়লেন তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

তাদের পরিবর্তে এলেন জাকের আলি, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

13 Jul 2025, 07:03 PM

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম ম্যাচের মতো আবারও টস হারলেন লিটন কুমার দাস। আবারও একই সিদ্ধান্ত নিলেন শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ টস হেরে ব্যাট করতে নামবে বাংলাদেশ।

13 Jul 2025, 06:34 PM

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। বাজে ব্যাটিং-বোলিংয়ে প্রথম ম্যাচ হারের পর এবার সিরিজ বাঁচিয়ে রাখার অভিযানে নামবে লিটন কুমার দাসের দল।

ডাম্বুলার রানগিরি আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

প্রথম টি-টোয়েন্টিতে প্রশ্নবিদ্ধ একাদশ নির্বাচনের পর মাঠে নেমে তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। পারভেজ হোসেনের শুরুর ঝড়ো ব্যাটিং ছাড়া ইতিবাচক কিছুই ছিল মা সফরকারীদের।

সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে নিজেদের পারফরম্যান্সে আমূল পরিবর্তনের বিকল্প নেই লিটনদের।