- রান-পাহাড়ে চাপা পড়ার শঙ্কায় বাংলাদেশ
- চান্দিমালকে ফিরিয়ে জুটি ভাঙলেন নাঈম
- শ্রীলঙ্কার লিড
- নিসাঙ্কার আরেকটি সেঞ্চুরি
- আরেকটি হতাশার সেশন
- চমৎকার ব্যাটিংয়ে চান্দিমালের পঞ্চাশ
- রিভিউয়ে বাঁচলেন চান্দিমাল
- নিসাঙ্কা-চান্দিমালের জুটিতে পঞ্চাশ
- রিভিউ হারাল বাংলাদেশ
- নিসাঙ্কার পঞ্চাশ
- উদারাকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙলেন তাইজুল
- বাংলাদেশের হতাশার সেশন
- নবম ওভারে শ্রীলঙ্কার পঞ্চাশ
- আম্পায়ার্স কলে বাঁচলেন উদারা
- পেস ও স্পিনে শুরু
- ২৪৭ রানে শেষ বাংলাদেশ
- শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ
- জীবন পেলেন তাইজুল
- ইবাদতকে ফেরালেন আসিথা
- প্রথম দিন ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ
- সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
26 Jun 2025, 06:19 PM
রান-পাহাড়ে চাপা পড়ার শঙ্কায় বাংলাদেশ
উইকেটে বোলারদের জন্য যথেষ্ট সহায়তা আছে। ধারহীন বোলিংয়ে সেটা কাজে লাগাতে পারলেন না বাংলাদেশের কেউ। সফরকারীদের এলোমেলো বোলিং কাজে লাগিয়ে কখনও দ্রুত এগোলেন লঙ্কান ব্যাটসম্যানরা, ভালো বল পেলে খেললেন সাবধানে। তাদের দৃঢ়তায় দুই দিনেই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার অবস্থা বাংলাদেশের।
৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রানে রান করেছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৪৭ রানে গুটিয়ে দেওয়া দলটি এগিয়ে ৪৩ রানে।
বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা পাথুম নিসাঙ্কা খেলছেন ১৪৬ রান। তার ২৩৮ বলের ইনিংস গড়া ১৮টি চারে।
লাহিরু উদারাকে নিয়ে ফিরিয়ে শুরুর জুটি ভেঙেছিলেন তাইজুল ইসলাম। দিনের শেষ বিলায় দিনেশ চান্দিমালকে ফেরান নাঈম হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭৮ ওভারে ২৯০/২ (নিসাঙ্কা ১৪৬*, উদারা ৪০, চান্দিমাল ৯৩, জয়াসুরিয়া ৫*; ইবাদত ৯-০-৩৩-০, তাইজুল ৩২-২-৯০-১, নাহিদ ১২-১-৫৪-০, মিরাজ ১৬-১-৫৭-০, নাঈম ৮-২-৪৫-১, মুমিনুল ১-০-৭-০)
26 Jun 2025, 05:59 PM
চান্দিমালকে ফিরিয়ে জুটি ভাঙলেন নাঈম
সারাদিন খুব বেশি বোলিংয়ের সুযোগ পাননি নাঈম হাসান। খুব একটা ধারাবাহিকও ছিলেন না তিনি। সেই তিনিই ভাঙলেন শ্রীলঙ্কার ৩১১ বল স্থায়ী ১৯৪ রানের দ্বিতীয় উইকেট।
নাঈমের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে তালগোল পাকান চান্দিমাল। গ্লাভসে লেগে উপরে উঠে যাওয়া বল ছুটে এসে গ্লাভসে জমান লিটন দাস।
১৫৩ বলে ১০ চার ও এ ছক্কায় ৯৩ রান করেন চান্দিমাল।
টেস্টে এই প্রথম নব্বইয়ের ঘরে ফিরলেন তিনি। শেষ বেলায় দারুণ এক উপহার পেল বাংলাদেশ।
৭৬ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ২৮২। ক্রিজে পাথুম নিসাঙ্কার সঙ্গী প্রবাথ জয়াসুরিয়া।
26 Jun 2025, 05:21 PM
শ্রীলঙ্কার লিড
বাংলাদেশের ধারহীন বোলিং সামলে দ্বিতীয় দিনেই লিড নিয়েছে শ্রীলঙ্কা, হাতে আছে ৯ উইকেট।
৬৯ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ২৪৮। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৪৭।
২১৬ বলে ১৬ চারে ১৩০ রানে খেলছেন পাথুম নিসাঙ্কা। ১৩৪ বলে এক ছক্কা ও সাত চারে ৭৪ রানে ব্যাট করছেন দিনেশ চান্দিমাল।
26 Jun 2025, 04:14 PM
নিসাঙ্কার আরেকটি সেঞ্চুরি
এই সিরিজের আগে দেশের মাটিতে পাথুম নিসাঙ্কার কোনো সেঞ্চুরি ছিল না। এবার দুই ম্যাচেই পেয়ে গেলেন দুটি। গলের পর কলম্বোতেও খেললেন তিন অঙ্কের ইনিংস।
নাহিদ রানাকে বাউন্ডারি মেরে একশতে যান নিসাঙ্কা, ১৬৭ বলে।
নাহিদের বল একবার হেলমেটে লাগলেও টলে যাননি নিসাঙ্কা। খেলে যাচ্ছেন নিজের মতো করেই।
৫৪ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ২০১। ৯১ বলে ৫৮ রানে খেলছেন চান্দিমাল। ১৬৯ বলে ১১ রানে ব্যাট করছেন নিসাঙ্কা।
26 Jun 2025, 03:35 PM
আরেকটি হতাশার সেশন
শুরুটা দারুণ হয়েছিল। তাইজুল ইসলামের হাত ধরে লাহিরু উদারাকে ফিরিয়ে শুরুর জুটি ভেঙেছিল বাংলাদেশ। তবে পরের সময়টুকু কেবলই হতাশার।
আগ্রাসী শুরুর পর শান্ত হয়েছেন দিনেশ চান্দিমাল। পঞ্চাশ ছুঁয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। গলের পর কলম্বোতেও সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন পাথুম নিসাঙ্কা। তাদের শতরানের জুটিতে দৃঢ় ভিত পেয়ে গেছে শ্রীলঙ্কা।
৬৪ বলে এসেছিল জুটির পঞ্চাশ, একশ হয়েছে ১৫৪ বলে।
চা-বিরতিতে যাওয়ার সময় শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১৯০। ১৫৫ বলে ১১ চারে ৯৩ রানে খেলছেন নিসাঙ্কা। ৮১ বলে এক ছক্কা ও ছয় চারে চান্দিমালের রান ৫৪।
26 Jun 2025, 03:14 PM
চমৎকার ব্যাটিংয়ে চান্দিমালের পঞ্চাশ
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এতে বড় ভূমিকা পাথুম নিসাঙ্কা ও দিনেশ চান্দিমালে। দুই জনের গড়েছেন দারুণ জুটি।
নিসাঙ্কার পর চান্দিমালও পেয়েছেন পঞ্চাশের দেখা, ৭০ বলে। টেস্টে এটি তার ৩৪তম পঞ্চাশ, বাংলাদেশে বিপক্ষে ষষ্ঠ।
৪৭ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১৭৭।
26 Jun 2025, 02:27 PM
রিভিউয়ে বাঁচলেন চান্দিমাল
তাইজুল ইসলামের বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন দিনেশ চান্দিমাল। বল যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে!
লেগ স্টাম্পের বলে সুইপ করেছিলেন চান্দিমাল। ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি। কিন্তু স্পিন করে বেরিয়ে যাওয়ায় বেঁচে যান।
৩৭ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১৪৪।
26 Jun 2025, 02:21 PM
নিসাঙ্কা-চান্দিমালের জুটিতে পঞ্চাশ
ক্রিজে গিয়ে দ্রুত রান তুলছেন দিনেশ চান্দিমাল। সাবলীল ব্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন পাথুম নিসাঙ্কা। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৬৪ বলে।
৩৫ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১৩৯। ৬৮ রানে ব্যাট করছেন নিসাঙ্কা। ৩০ রানে খেলছেন চান্দিমাল।
26 Jun 2025, 01:58 PM
রিভিউ হারাল বাংলাদেশ
দিনেশ চান্দিমালকে ফেরাতে এলবিডব্লিউ নিয়ে ব্যর্থ হল বাংলাদেশ। প্যাডে লাগার আগে ব্যাটের কানা ছুঁয়েছিল বল।
নাঈম হাসানের বল ঠিকঠাক খেলতে পারেননি চান্দিমাল। তবে ব্যাটে বলের মৃদু স্পর্শ থাকায় বেঁচে যান তিনি। বাংলাদেশ হারায় রিভিউ।
৩১ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ১৩৩। ২৩ বলে ২৫ রানে খেলছেন চান্দিমাল।
26 Jun 2025, 01:36 PM
নিসাঙ্কার পঞ্চাশ
প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কা সাবলীল ব্যাটিংয়ে ছুঁয়েছেন পঞ্চাশ, ৭৯ বলে।
শুরুতে আগ্রাসী ব্যাটিং বাংলাদেশকে চাপে ফেলে দেওয়ার পর অনায়াসে খেলছেন নিসাঙ্কা। এরই মধ্যে মেরেছেন ছয়টি চার।
২৫ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৯৪। ৫০ রানে খেলছেন নিসাঙ্কা, ৩ রানে ব্যাট করছেন দিনেশ চান্দিমাল।
26 Jun 2025, 01:33 PM
উদারাকে ফিরিয়ে শুরুর জুটি ভাঙলেন তাইজুল
আবেদন নয়, বলতে গেলে উদযাপন শুরু করেছিলেন তাইজুল ইসলাম। পেছনে ফিরে তাকিয়ে যখন দেখলেন, অনড় আম্পায়ার। তখন শুরু করলেন দীর্ঘ আবেদন। তাতেও নড়লেন না আম্পায়ার।
পরে রিভিউ নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটের আগে প্যাডে বল স্পর্শ করার প্রমাণ মিলতেই ছোট্ট উদযাপন শুরু নিল বাংলাদেশ দল। পরে দেখা গেল বল আঘাত হানত স্টাম্পে।
সিদ্ধান্ত পাল্টে উদারাকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। ভাঙে ১৪১ বল স্থায়ী ৮৮ রানের উদ্বোধনী জুটি।
৬৫ বলে চারটি চারে ৪০ রান করেন উদারা। এ নিয়ে তাকে তৃতীয়বার আউট করলেন তাইজুল।
২৪ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৮৮। ক্রিজে পাথুম নিসাঙ্কার সঙ্গী দিনেশ চান্দিমাল।
26 Jun 2025, 01:15 PM
বাংলাদেশের হতাশার সেশন
বাংলাদেশকে আড়াইশ রানের নিচে থামিয়ে কোনো ক্ষতি ছাড়াই প্রথম সেশন শেষ করেছে শ্রীলঙ্কা।
লাঞ্চে যাওয়ার সময় শ্রীলঙ্কার রান ২১ ওভারে বিনা উইকেটে ৮৩। ৬৪ বলে ছয় চারে ৪২ রানে ব্যাট করছেন পাথুম নিসাঙ্কা। ৬২ বলে চারটি চারে ৪০ রানে খেলছেন লাহিরু উদারা।
দুই বছরের মধ্যে প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম বলেই বাউন্ডারি হজম করেন ইবাদত হোসেন। তিন ওভারের প্রতিটিতেই হজম করেন একটি বাউন্ডারি, দেন ১৭ রান।
আরেক পেসার নাহিদ রানা ছিলেন আরও খরুচে। ২ ওভারে তিনি দেন ১৭ রান। প্রথম ৯ ওভারে শ্রীলঙ্কা করে ৫৪ রান।
নতুন বলে শুরু করা তাইজুল ইসলাম ১০ ওভারে দিয়েছেন ২৫ রান। অসুস্থতা কাটিয়ে ফেরা মেহেদী হাসান মিরাজ ৬ ওভারে দিয়েছেন ২০ রান।
রান রেট চারের নিচে নামিয়ে এনেছেন স্পিনাররা। ব্যাটসম্যানদের বেশ ভোগাচ্ছেনও তারা। তাইজুলের বলে আম্পায়ার্স কলে বেঁচে যান উদারা।
26 Jun 2025, 11:55 AM
নবম ওভারে শ্রীলঙ্কার পঞ্চাশ
বাংলাদেশের এলোমেলো বোলিংয়ের সুযোগ নিয়ে অনায়াসে রান করছে শ্রীলঙ্কা। মাত্র ৯ ওভারে উদ্বোধনী জুটির পঞ্চাশ করে ফেলেছে তারা। ৯ ওভারে তাদের সংগ্রহ বিনা উইকেটে ৫৪ রান।
এই সংস্করণে ১৯ ইনিংস পর প্রথম উইকেটে পঞ্চাশ রানের জুটি পেল শ্রীলঙ্কা। সবশেষ গত বছরের মার্চে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৯৬ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন দিমুথ কারুনারাত্নে ও নিশান মাদুশকা।
ইনিংসের প্রথম বলে বাউন্ডারি মেরে শুরু করা শ্রীলঙ্কা প্রথম ৯ ওভারে মেরেছে মোট ৯টি চার। নিজের প্রথম দুই ওভারে ২০ রান খরচ করেছেন নাহিদ রানা। ইবাদত হোসেন চৌধুরির ৩ ওভারে খরচ ১৭ রান।
26 Jun 2025, 11:51 AM
আম্পায়ার্স কলে বাঁচলেন উদারা
অষ্টম ওভারে প্রথম বড় সুযোগ তৈরি করলেন তাইজুল ইসলাম। কিন্তু আম্পায়ার্স কলে বেঁচে গেলেন লাহিরু উদারা।
লেগ-মিডল লাইনে পিচ করা ফুল লেংথ ডেলিভারি সুইপ করার চেষ্টায় ব্যাটে লাগাতে ব্যর্থ হন উদারা। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার।
রিভিউ নিলে দেখা যায়, অনেকটা টার্ন করা ডেলিভারিটি অফ-মিডল স্টাম্পের ওপরের দিকে ছুঁয়ে যেত। তাই 'আম্পায়ার্স কল' ওঠে স্ক্রিনে। বহাল থাকে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত।
৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ৪৪ রান। উদারা ২৩ বলে ২১ ও পাথুম নিসাঙ্কা ২৫ বলে ২৩ রানে খেলছেন।
26 Jun 2025, 11:24 AM
পেস ও স্পিনে শুরু
আগের ম্যাচে অনিয়ন্ত্রিত বোলিং করা নাহিদ রানা এবার নতুন বল পেলেন না। ইবাদত হোসেনের সঙ্গে আক্রমণ শুরু করলেন তাইজুল ইসলাম।
ইনিংসের প্রথম বলেই ইবাদতের বলে বাউন্ডারি মারেন পাথুম নিসাঙ্কা। পরের ওভারে আরও দুটি বাউন্ডারি হজম করেন ইবাদত।
৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১৬ রান।
26 Jun 2025, 11:06 AM
২৪৭ রানে শেষ বাংলাদেশ
একার লড়াইয়ে বাংলাদেশকে খুব কাছে নিলেও আড়াইশ পার করাতে পারলেন না তাইজুল ইসলাম। সোনাল দিনুশার হালকা ঝুলিয়ে দেওয়া বল উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়লেন বাঁহাতি স্পিনার।
চমৎকার ব্যাটিংয়ে ৫ চারে ৬০ বলে ৩৩ রান করেন তাইজুল। বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ২৪৭ রানে। তাইজুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ ৩ উইকেটে ৫০ রান যোগ করে বাংলাদেশ।
পুরো ইনিংসে সাত ব্যাটসম্যান ২০ স্পর্শ করলেও, কেউই ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন সাদমান ইসলাম। এছাড়া ত্রিশ ছুঁতে পারেন মুশফিকুর রহিম (৩৫), লিটন কুমার দাস (৩৪), মেহেদী হাসান মিরাজ (৩১) ও তাইজুল।
শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন অভিষিক্ত সোনাল ও আসিথা ফার্নান্দো।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ২২০/৮) ৭৯.৩ ওভারে ২৪৭ (তাইজুল ৩৩, ইবাদত ৮, নাহিদ ০*; আসিথা ১৮-২-৫১-৩, ভিশ্ব ১৯-৪-৪৫-২, রাত্নায়াকে ১৭-১-৭২-১, জয়াসুরিয়া ১১-০-৩৬-০, ধানাঞ্জায়া ৫-০-১৫-১, দিনুশা ৯.৩-৩-২২-৩)
26 Jun 2025, 11:03 AM
শ্রীলঙ্কার ব্যর্থ রিভিউ
বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে মরিয়া শ্রীলঙ্কা হারাল একটি রিভিউ। আসিথা ফার্নান্দোর শরীর বরাবর আসা শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি নাহিদ রানা। কোনোমতে ডিফেন্ড করার চেষ্টায় ব্যাট থেকে এক হাত ছুটে যায় তার।
ওই ছুটে যাওয়া গ্লাভস ছুঁয়েই বল জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে। শ্রীলঙ্কার জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নিলে টিভি আম্পায়ার জানান, বল গ্লাভসে লাগলেও তখন ব্যাটের সঙ্গে সংযোগ ছিল না। তাই বৃথা যায় রিভিউ।
৭৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৪৭ রান।
26 Jun 2025, 10:53 AM
জীবন পেলেন তাইজুল
তাইজুল ইসলামের ক্যাচ ছেড়ে দিলেন কামিন্দু মেন্ডিস। আসিথা ফার্নান্দোর বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলেছিলেন তাইজুল। মিড অফে সহজ ক্যাচ নিতে পারেননি কামিন্দু।
২০ রানে বেঁচে যান তাইজুল। পরের ওভারে থারিন্ডু রাত্মায়েকের বলে প্রথমে রিভার্স সুইপ করে চার মারেন তিনি। পরের বলে মারেন আরেকটি চার।
৭৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২৪৪ রান। ৩০ রানে খেলছেন তাইজুল।
26 Jun 2025, 10:40 AM
ইবাদতকে ফেরালেন আসিথা
দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেলেন ইবাদত হোসেন।
একটু নিচু হওয়া লেংথ ডেলিভারির লাইনে যেতে পারেননি ব্যাটসম্যান। আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলে রিভিউ নেন ইবাদত। তবে তাতে কাজ হয়নি।
১৩ বলে এক চারে ৮ রান করেন ইবাদত।
৭৫ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ২২৯। ক্রিজে তাইজুল ইসলামের সঙ্গী নাহিদ রানা।
26 Jun 2025, 10:11 AM
প্রথম দিন ব্যাটিংয়ে ব্যর্থ বাংলাদেশ
টস জিতে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন ব্যাটিংয়ে ভালো করেনি বাংলাদেশ। প্রথম ৮ ব্যাটসম্যানের ছয় জন দুই অঙ্কে গেলেও কেউ ছুঁতে পারেননি পঞ্চাশ।
দ্বিতীয় দিন ইনিংস যতটা সম্ভব বড় করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। খেলা শুরু করবে ৮ উইকেটে ২২০ রানে। ৯ রানে ব্যাট করছেন তাইজুল ইসলাম, ইবাদত হোসেন খেলছেন ৫ রানে।
আগের দিন থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান।
আরও একবার নিদারুণভাবে ব্যর্থ এনামুল হক। সিরিজে তৃতীয়বার তিন অঙ্ক ছুঁতে ব্যর্থ হলেন তিনি, দ্বিতীয় ফিরলেন শূন্য রানে। আগের টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এবার ফিরলেন ৮ রানে।
প্রথম দিনের উইকেটে বোলারদের জন্য বেশ সুবিধা ছিল। তবে নাঈম ছাড়া আর কেউ খুব ভালো বলে আউট হননি। বেশিরভাগই অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেট বিলিয়ে এসেছেন।
এর মাশুল দিয়ে আড়াইশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
অভিষেকে দুটি উইকেট নিয়েছেন তরুণ অলরাউন্ডার সোনাল দিনুশা। দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার আসিথা ও ভিশ্ব ফার্নান্দো।
26 Jun 2025, 10:11 AM
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২২০/৮ (সাদমান ৪৬, এনামুল ০, মুমিনুল ২১, শান্ত ৮, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩১, নাঈম ২৫, তাইজুল ৯*, ইবাদত ৫*; আসিথা ১৪-২-৪৩-২, ভিশ্ব ১৬-৩-৩৫-২, রাত্নায়াকে ১৬-১-৬৩-১, জয়াসুরিয়া ১১-০-৩৬-০, ধানাঞ্জায়া ৫-০-১৫-১, দিনুশা ৯-৩-২২-২)