১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ

11 Jun 2026, 08:29 PM

মিরাজের ছক্কায় সিরিজ জয়

মোসাদ্দেক হোসেন আউট হওয়ার সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাকি পথটুকু নিরাপদেই পাড়ি দিতে পারল স্বাগতিকরা। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো জিতল ওয়ানডে সিরিজ।

বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৫ উইকেটে জিতেছে বাংলাদশ। তিন ম‍্যাচের সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ২-০ ব‍্যবধানে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে চক্রপূরণের পথে এগিয়ে গেল বাংলাদেশ। বাকি রইল কেবল ইংল‍্যান্ড। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ‍্যে কেবল ইংল‍্যান্ডের বিপক্ষে কোনো ওয়ানডে সিরিজে জিততে পারেনি বাংলাদেশ।

মিরাজেরে হেলমেটে ন‍্যাথান এলিসের বাউন্সার আঘাত করার পর দ্রুতই ম‍্যাচ শেষ করে দিলেন দুই ব‍্যাটসম‍্যান।

11 Jun 2026, 08:16 PM

মিরাজের হেলমেটে বলের আঘাত

ন‍্যাথান এলিসের বাউন্সারের পুল করতে লাগল মেহেদী হাসান মিরাজ। বলের লাইনে যেতে পারেননি তিনি, লাগে হেলমেটে।

সিঙ্গেল নেওয়ার পর হেলমেট খুলে, গ্লাভস ভুলে ফেলেন। ফিজিও আসার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন বাংলাদেশ। দেখে মনে হচ্ছিল কিছুটা বমিও করেছেন।পরে হাঁটু গেড়ে বসে পড়েন। স্ট্রেচার নিয়ে আসা হয়, অস্ট্রেলিয়ার ফিজিও মাঠে আসেন।

তবে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর বাইরে যাননি মিরাজ। হেলমেট পড়ে খেলার জন‍্য তৈরি হন।

৩৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৭৪।

11 Jun 2026, 07:40 PM

মোসাদ্দেকের অহেতুক ঝুঁকিতে চাপে বাংলাদেশ

অ‍্যাডাম জ‍্যাম্পার তিন বলের মধ‍্যে দুটি চার এলো। শেষ বল অনায়াসে সিঙ্গেলের জন‍্য খেলতে পারতেন মোসাদ্দেক হোসেন। সেটা না করে ঝুঁকি নিলেন এই অলরাউন্ডার। এর মাশুল দিলেন নিজের উইকেট হারিয়ে, তাতে চাপে পড়ে গেল বাংলাদেশ।

বেরিয়ে এসে লেগ স্পিনারের বল লং অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন মোসাদ্দেক। যত দূরে পাঠাতে চেয়েছিলেন, পারেননি। সীমানায় ক‍্যাচ নেন কুপার কনোলি। ভাঙে ২২ বল স্থায়ী ২২ রানের জুটি।

১৪ বলে তিন চারে ১৫ রান করেন মোসাদ্দেক।

২৭ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মেহেদী হাসান মিরাজ। ব‍্যাটসম‍্যানদের শেষ জুটি এটাই।

11 Jun 2026, 07:24 PM

বাড়তি বাউন্সে ফিরলেন লিটন

ক‍্যামেরন গ্রিনের বল এতোটা বাউন্স করবে ধারণাও করেননি লিটন দাস। তাকে চমকে দিয়ে গ্লাভস ছুঁয়ে জমা পড়ে জশ ইংলিসের গ্লাভসে।

অফ স্টাম্পের বাইরের বল খেলবেন না ছাড়বেন দ্বিধায় ছিলেন লিটন। শেষ পর্যন্ত কোনোটাই ঠিকঠাক করতে পারেননি তিনি। বল ছোবল দেয় গ্লাভসে, উঠে যায় উপরে। বাকিটা অনায়াসে সফরকারী কিপার। ভাঙে ৩১ বল স্থায়ী ২৪ রানের জুটি।

সাবলীল ব‍্যাটিংয়ে ১৮ বলে তিন চারে ২১ রান করেন লিটন।

২৪ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১২৮। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী আগের ম‍্যাচের নায়ক মোসাদ্দেক হোসেন।  

11 Jun 2026, 06:57 PM

অস্ট্রেলিয়ার সফল রিভিউ

কট বিহাইন্ডের সফল রিভিউয়ে নাজমুল হোসেন শান্তকে বিদায় করল অস্ট্রেলিয়া।

রাইলি মেরেডিথের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারেন শান্ত। বুঝতে পারেননি আম্পায়ার, কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি তিনি।

দ্রুতই রিভিউ নেন জশ ইংলিস। তাতে পাল্টায় সিদ্ধান্ত।

৫৩ বলে পাঁচ চারে ৪২ রান করেন শান্ত।

১৯ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৫। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়। জয়ের জন‍্য ২২ ওভারে ৮৭ রান চাই স্বাগতিকদের।

11 Jun 2026, 06:41 PM

উইকেট ছুঁড়ে এলেন সৌম‍্য

দারুণ ব‍্যাটিং করা সৌম‍্য সরকার ফিরলেন অহেতুক ঝুঁকি নিয়ে। বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করলেন এই বাঁহাতি ওপেনার।

অফ স্পিনার ম‍্যাট রেনশর বলে রিভার্স সুইপ করেন সৌম‍্য। টাইমিং করতে পারেননি, সহজ ক‍্যাচ যায় স্লিপে। অনায়াসে বাকিটা সারেন জেভিয়ার বার্টলেট। ভাঙে ৯৩ বল স্থায়ী ৮৬ রানের জুটি।

৪৭ বলে দুই ছক্কা ও পাঁচ চারে ৪২ রান করেন সৌম‍্য।

১৬ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৮৮। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।

11 Jun 2026, 06:11 PM

সৌম‍্য-শান্তর জুটিতে পঞ্চাশ

তানজিদ হাসানের দ্রুত বিদায়ের পর বাংলাদেশকে টানছেন সৌম‍্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দুই বাঁহাতি ব‍্যাটসম‍্যানের জুটিতে পঞ্চাশ এসেছে ৪৮ বলে।

সাবলীল ব‍্যাট করছেন একাদশে ফেরা সৌম‍্য। প্রথম ওভারে ভোগান্তির পর আস্থার সঙ্গে খেলছেন শান্ত। চমৎকার কিছু শট উপহার দিয়েছেন তারা।

রাইলি মেরেডিথের করা নবম ওভারে দুইবার অল্পের জন‍্য বেঁচে গেছেন শান্ত। একবার শর্ট মিড উইকেটে গতির জন‍্য বল মুঠোয় রাখতে পারেননি মার্নাস লাবুশেন। পরেরবার একই জায়গায় লাফ দিয়ে একটুর জন‍্য বলের নাগাল পাননি তিনি।

কঠিন দুটি ক‍্যাচ নিতে না পারায় ভীষণ হতাশ দেখায় লাবুশেনকে।

৯ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫২। ২৭ বলে ২৪ রানে খেলছেন শান্ত। ২৫ বলে ২৬ রানে ব‍্যাট করছেন সৌম‍্য।

11 Jun 2026, 05:28 PM

ঘটনাবহুল প্রথম ওভার

ব‍্যাটিংয়ে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ওভারেই ভাঙল উদ্বোধনী জুটি। শূন‍্য রানে ফিরলেন তানজিদ হাসান।

জেভিয়ার বার্টলেটের করা ইনিংসের প্রথম বলে জোরাল এলবিডব্লিউর আবেদন হয়। তাতে সাড়া দেননি আম্পায়ার।

পরের বল বোলারের পাশ দিয়ে খেলতে গিয়ে ক‍্যাচ দেন তানজিদ। সহজেই মুঠোয় নেন বার্টলেট।

এক বল পর এলবিডব্লিউর আরেকটি জোরাল আবেদন করে অস্ট্রেলিয়া। তাতে সাড়া দেননি আম্পায়ার।

পরের বলে অনেকটা তানজিদের মতোই ক‍্যাচ দেন নাজমুল হোসেন শান্ত। তবে এবার ক‍্যাচ নিতে পারেননি সফরকারী পেসার।

ওভারের শেষ বলে আম্পায়ার এলবিডব্লিউর আবেদনে সাড়া দেন। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। তাতে টিকে যান বাঁহাতি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। 

প্রথম ওভারে কোনো রান করতে পারেনি বাংলাদেশ।

11 Jun 2026, 05:11 PM

৪১ ওভারে ১৯২ রান চাই বাংলাদেশের

বৃষ্টির বাধায় আর ব‍্যাটিংয়ে নামতে পারেনি অস্ট্রেলিয়া। ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে থেমেছে তাদের ইনিংস।

শূন‍্যে রানে তিন উইকেট হারানোর পরও দুইশ রানের কাছে দলটি যেতে পেরেছে মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেটের পঞ্চাশ ছোঁয়া ইনিংস ও তাদের শতরানের জুটিতে।

তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ‍্য পেয়েছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ৪২ ওভারে ১৮৭/৮ (শর্ট ০, কনোলি ০, ইংলিস ৩৪, রেনশ ০, কেয়ারি ১৩, গ্রিন ২৫, লাবুশেন ৫৫*, বার্টলেট ৫২, জ‍্যাম্পা ০, এলিস ২*; তাসকিন ৮-১-৩৩-৩, মুস্তাফিজ ৭-২-২৭-৩, নাহিদ ৯-০-৪৫-০, তানভির ১০-০-৪৫-২, মিরাজ ৬-০-৩০-০, মোসাদ্দেক ২-০-৬-০)

11 Jun 2026, 04:43 PM

পৌনে পাঁচটায় পর্যবেক্ষণ

তুমুল বৃষ্টির পর দ্রুতই মাঠ তৈরি করে ফেলেছেন মাঠকর্মীরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব‍্যবস্থা দুর্দান্ত। বৃষ্টি থামলে খেলা শুরু করতে সাধারণা বেশি সময় লাগে না। তবে তৎপর মাঠকর্মীদেরও এতে বড় ভূমিকা থাকে।  

11 Jun 2026, 02:45 PM

বৃষ্টিতে খেলা বন্ধ

৪২তম ওভার শেষ হতেই মাঠে ছাড়লেন দুই দলের খেলোয়াড়রা। বৃষ্টিতে বন্ধ হয়ে গেল খেলা।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব‍্যবস্থা দুর্দান্ত। বৃষ্টি থামার পর খেলা শুরু করতে সাধারণত বেশি সময় প্রয়োজন হয় না।

৪২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৮৭।

11 Jun 2026, 02:42 PM

তাসকিনের জোড়া আঘাত

মোসাদ্দেক হোসেনের করা আগের ওভারে শতরান স্পর্শ করল জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেনের জুটি, ১১৩ বলে। পরের ওভারে বার্টলেটকে বোল্ড করে জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। পরের বলে তিনি বোল্ড করে দিলেন অ‍্যাডাম জ‍্যাম্পাকে।

স্টাম্পে থাকা লেংথ ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন বার্টলেট। লাইনে যেতে পারেননি তিনি। এলেমোলো হয়ে যায় স্টাম্প। ভাঙে ১১৫ বল স্থায়ী ১০৩ রানের জুটি।

৪৮ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৫২ রান করেন বার্টলেট।

ক্রিজে গিয়ে ড্রাইভ করেন জ‍্যাম্পা। কিন্তু লাইনে যেতে পারেননি তিনিও। ব‍্যাট-প‍্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে। ম‍্যাচে অস্ট্রেলিয়ার চতুর্থ ব‍্যাটসম‍্যান হিসেবে শূন‍্য রানে ফেরেন জ‍্যাম্পা।  

৪১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১৮৬। ক্রিজে লাবুশেনের সঙ্গী ন‍্যাথান এলিস।

11 Jun 2026, 02:28 PM

৪৪ বলে বার্টলেটের পঞ্চাশ

সাবলীল ব‍্যাটিংয়ে ক‍্যারিয়ারের প্রথম পঞ্চাশের দেখা পেলেন জেভিয়ার বার্টলেট।

প্রবল চাপের সময় ক্রিজে গিয়ে গড়ে তুলেছেন জুটি। ৪৪ বলে স্পর্শ করেছেন পঞ্চাশ। ওয়ানডেতে তার আগের সর্বোচ্চ ছিল ৮ রান।

৩৯ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৭৯। ৪৪ বলে ৫০ রানে খেলছেন বার্টলেট। ৭৭ বলে মার্নাস লাবুশেনের রান ৫১।

11 Jun 2026, 02:21 PM

৭৫ বলে লাবুশেনের পঞ্চাশ

প্রবল চাপে থাকা মার্নাস লাবুশেন পঞ্চাশ স্পর্শ করলেন ৭৫ বলে। ২০২৪ সালের ১৯ সেপ্টম্বরের পর এটাই তার প্রথম পঞ্চাশ।

১ রানে ফিরতে পারতেন তিনি। কিন্তু রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি তানভির ইসলাম। পরে আম্পায়ার্স কলে এলবিডব্লিউ থেকে বেঁচে যান লাবুশেন।

এরপর থেকে আস্থার সঙ্গে খেলছেন লাবুশেন। জেভিয়ার বার্টলেটের সঙ্গে গড়েছেন দারুণ জুটি।

৩৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৭৩। ৪০ বলে ৪৫ রানে খেলছেন বার্টলেট। ৭৫ বলে ৫০ রানে ব‍্যাট করছেন লাবুশেন।

11 Jun 2026, 01:45 PM

একটুর জন‍্য বাঁচলেন লাবুশেন

এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলেন না আম্পায়ার। রিভিউ নিলেন মেহেদী হাসান মিরাজ। তবে আম্পায়ার্স কলে বেঁচে গেলেন মার্নাস লাবুশেন।

প‍্যাডেল সুইপের চেষ্টায় ব‍্যাটে খেলতে পারেননি লাবুশেন। ইম্প‍্যাক্ট ছিল আম্পায়ার্স কল, তাতে টিকে যান তিনি।

এর আগের বলের বাউন্ডারিতে জেভিয়ার বার্টলেটের সঙ্গে লাবুশেনের জুটি স্পর্শ করে পঞ্চাশ। ৫৫ বলে আসে ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম পঞ্চাশ ছোঁয়া জুটি।

৩১ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ১৩৬। ২৫ বরে ৩২ রানে খেলছেন বার্টলেট। ৪৮ বলে ২৮ রানে ব‍্যাট করছেন লাবুশেন।

11 Jun 2026, 01:14 PM

গ্রিনের প্রতিরোধ ভাঙলেন তানভির

সাবধানী ব‍্যাটিং করা ক‍্যামেরন গ্রিনের প্রতিরোধ ভাঙলেন তানভির ইসলাম। ম‍্যাচে নিজের দ্বিতীয় উইকেট নিলেন বাঁহাতি এই স্পিনার।

পিছিয়ে গিয়ে স্টাম্পে থাকা ডেলিভারি খেলেন গ্রিন। বল মাটিতে রাখতে পারেননি এই অলরাউন্ডার। ক‍্যাচ চলে যায় তানভিরের হাতে। শট খেলে নিজেরই যেন বিশ্বাস হচ্ছিল না গ্রিনের।

৫০ বলে এক চার ও দুই ছক্কায় ২৫ রান করেন গ্রিন।

২২ ওভারে অস্ট্রেলিয়ার রান ৬ উইকেটে ৮৫। ক্রিজে মার্নাস লাবুশেনের সঙ্গী জেভিয়ার বার্টলেট।

11 Jun 2026, 12:45 PM

রিভিউয়ে ব‍্যর্থ বাংলাদেশ

মার্নাস লাবুশেনের বিরুদ্ধে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব‍্যর্থ হলো বাংলাদেশ। তাসকিন আহমেদের চমৎকার ডেলিভারিতে ব‍্যাট ছোঁয়াতে পারেননি অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

অফ স্টাম্পের বাইরের বল খেলার জন‍্য ব‍্যাট বাড়িয়ে দিয়েছিলেন লাবুশেন। একটুর জন‍্য কানা নেয়নি বল। আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন মেহেদী হাসান মিরাজ।

সে সময় ১ রানে ছিলেন লাবুশেন।

১৯ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৭৬।

11 Jun 2026, 12:38 PM

জুটি ভাঙলেন তানভির

প্রান্ত বদল করে সাফল‍্য পেলেন তানভির ইসলাম। জশ ইংলিসকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার জমে যাওয়া জুটি ভাঙলেন বাঁহাতি এই স্পিনার।

বেরিয়ে এসে ইনসাইড আউটে ছক্কার চেষ্টায় ছিলেন ইংলিস। টাইমিং করতে পারেননি তিনি। ডিপ কাভারে কিছুটা এগিয়ে এসে ক‍্যাচ নেন তানজিদ হাসান। ভাঙে ৫৯ বল স্থায়ী ৪৩ রানের জুটি।

৩৮ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন ইংলিস।

চার বল পর ফিরে যেতে পারতেন মার্নাস লাবুশেন। কিন্তু মোসাদ্দেক হোসেনের থ্রো ধরতেই পারেননি তানভির। বেঁচে যান লাবুশেন, সে সময় ১ রানে ছিলেন তিনি।

১৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৫ উইকেটে ৭৫।

11 Jun 2026, 12:01 PM

পাওয়ার প্লেতে ৪ উইকেট

টস হেরে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হলো বাংলাদেশের। পাওয়ার প্লেতে নিল অস্ট্রেলিয়ার চার উইকেট।

১০ ওভারে সফরকারীদের রান ৪ উইকেটে ৩৭। ক‍্যামেরন গ্রিন ৮ বলে ১ রানে ব‍্যাট করছেন। ২৬ বলে ২২ রানে খেলছেন জশ ইংলিস।

৫ ওভারে কেবল ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান। অন‍্য উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ।

11 Jun 2026, 11:56 AM

কেয়ারিকে থামালেন মুস্তাফিজ

শূন‍্য রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়া একটা জুটি গড়ার চেষ্টায় ছিল। সেটাকে খুব একটা বড় হতে দিলেন না মুস্তাফিজুর রহমান। অ‍্যালেক্স কেয়ারিকে ফিরিয়ে দিলেন বাঁহাতি এই পেসার।

অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে স্কয়ার ড্রাইভ খেলেন কেয়ারি। কিন্তু ফিল্ডারকে পার করতে পারেননি। ক‍্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ৩৪ বল স্থায়ী ২৫ রানের জুটি।

১৭ বলে এক চারে ১৩ রান করেন কেয়ারি।

ওভারটি মেডেন নেন মুস্তাফিজ।

৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ৪ উইকেটে ২৫। ক্রিজে জশ ইংলিসের সঙ্গী ক‍্যামেরন গ্রিন।

11 Jun 2026, 11:56 AM

মুস্তাফিজ-তাসকিনের হাতে ধরে অস্ট্রেলিয়ার 'প্রথম'

ওয়ানডে ক্রিকেটের সফলতম দল অস্ট্রেলিয়া নিজেদের সুদীর্ঘ ইতিহাসে এই প্রথম শূন‍্য রানে প্রথম ৩ উইকেট হারাল।

সবচেয়ে কম রানে ৩ উইকেট হারিয়েছিল তারা ২০০৬ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনে। ৫ রানে প্রথম ৩ উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে লাহোরে ৩ উইকেট হারিয়েছিল তারা ৬ রানে। 

মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার প্রথম চার ব‍্যাটসম‍্যানের বিদায় নেন শূন‍্য রানে।

11 Jun 2026, 11:21 AM

মুস্তাফিজের জোড়া আঘাত

আক্রমণে এসে প্রথম বলেই উইকেট পেলেন মুস্তাফিজুর রহমান। শেষ বলে পেলেন আরেকটি। শূন‍্য রানে ৩ উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া!

অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন কুপার কনোলি। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি।

পরের চার বল ডট খেলেন প্রমোশন পাওয়া ম‍্যাট রেনশ। ওভারের শেষ বলে লিটনের গ্লাভসে ধরা পড়েন তিনি।

তাসকিন আহমেদের মতো ওভার মেডেন নেন মুস্তাফিজও।

২ ওভারে শূন‍্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া। ক্রিজে জশ ইংলিসের সঙ্গী অ‍্যালেক্স কেয়ারি।

11 Jun 2026, 11:13 AM

তাসকিনের দুর্দান্ত ডেলিভারি

আগের ম‍্যাচে প্রথম বলেই পেয়েছিলেন উইকেট। এবার পেলেন প্রথম ওভারে। তাসকিন আহমেদের চমৎকার ডেলিভারিতে ফের শূন‍্য রানে ফিরলেন ম‍্যাথু শর্ট।

অফ স্টাম্পের বাইরের বল না খেলে ছেড়ে দেন শর্ট। তাকে বিস্ময়ে ভাসিয়ে বল ছোবল দেয় স্টাম্পে।

আগের ম‍্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পাওয়া শর্ট এবার টিকলেন চার বল। টানা তিন ম‍্যাচে তিনি আউট হলেন শূন‍্য রানে।

প্রথম ওভার মেডেন নেন তাসকিন। ক্রিজে কুপার কনোলির সঙ্গী জশ ইংলিস।

11 Jun 2026, 10:51 AM

অস্ট্রেলিয়া দলেও এক পরিবর্তন

কয়েক ঘণ্টা আগে হুট করে দলে আসা রাইলি মেরেডিথ জায়গা পেয়েছেন একাদশে। আগের ম‍্যাচে অভিষেক হওয়া পেস বোলিং অলরাউন্ডার লিয়াম স্কট বাদ পড়েছেন।

ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধিতিতে প্রথম ম‍্যাচে ৮৬ রানে হেরে যাওয়া সফরকারীদের দলে পরিবর্তন এই একটিই। সময় ভালো না কাটলেও টিকে গেছেন মার্নাস লাবুশেন।

২০২১ সালের পর প্রথমবার ওয়ানডে খেলতে নামছেন মেরেডিথ।

অস্ট্রেলিয়া: জশ ইংলিস (অধিনায়ক), ম্যাথু শর্ট, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা।

11 Jun 2026, 10:42 AM

সাইফের জায়গায় একাদশে সৌম‍্য

একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ভালো করতে না পারা সাইফ হাসান জায়গা হারিয়েছেন একাদশে। ফিরেছেন অভিজ্ঞ সৌম‍্য সরকার। তাতে পেস বোলিংয়ে একটা বিকল্পও পাচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

৩৩ বছর বয়সী সৌম‍্য সবশেষ ওয়ানডে খেলেন গত এপ্রিলে, নিউ জিল‍্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম‍্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

11 Jun 2026, 10:30 AM

পেস বোলিংয়ে শক্তি বাড়াল অস্ট্রেলিয়া

প্রথম ম‍্যাচে হেরে যাওয়ার পর পেস বোলিংয়ে শক্তি বাড়িয়েছে অস্ট্রেলিয়া। দলের সঙ্গে রিজার্ভ হিসেবে বাংলাদেশে আসা পেসার রাইলি মেরেডিথকে যুক্ত করেছে সফরকারীরা। 

২৯ বছর বয়সী পেসার নিজের একমাত্র ওয়ানডে ম‍্যাচটি খেলেছেন ২০২১ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

 

11 Jun 2026, 10:25 AM

ইতিহাস গড়ার লক্ষ‍্যে নামছে বাংলাদেশ

২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের উচ্ছ্বাস নিয়েই ইতিহাস গড়ার লক্ষ‍্যে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা শুরু হবে সকাল ১১টায়।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ‍্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল‍্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ।

প্রথম ম‍্যাচের দারুণ পারফরম‍্যান্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আশা উজ্জল করেছে মেহেদী হাসান মিরাজের দল। বাকি দুই ম‍্যাচের একটিতে জিতলেই হবে। স্বাগতিকরা বৃহস্পতিবারই কাজ সেরে ফেলতে চায়।

11 Jun 2026, 10:25 AM

লাইভ ব্লগে স্বাগত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত