27 Oct 2025, 09:54 PM
১৬ রানে হার
বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের ব্যর্থতায় এক সময়ে মনে হচ্ছিল বড় ব্যবধানেই হারবে বাংলাদেশ। সেখান থেকে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ব্যবধান অনেক কমিয়ে আনল তারা। তবে শেষ পর্যন্ত সহজ জয়েই সিরিজে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
১৬৫ রান তাড়ায় দুই বল বাকি থাকতে ১৪৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১৬ রানে।
ব্যবধান কম হতে পারত আরও। রোমারিও শেফার্ডের বল গ্যালারিতে নিয়ে ফেলেছিলেন তাসকিন আহমেদ। কিন্তু ক্রিজের অনেক গভীরে দাঁড়ানো ব্যাটসম্যান পা গিয়ে লাগে স্টাম্পে! হিট উইকেট হয়ে যান তিনি, স্বাভাবিকভাবেই সেই ছক্কা আর পাননি তিনি।
৮ বলে ১০ রান করেন তাসকিন। সমান বলে ১১ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজুর রহমান।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে হিট উইকেট হলেন তাসকিন, সব সংস্করণ মিলিয়ে ষষ্ঠ।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (আথানেজ ৩৪, কিং ৩৩, হোপ ৪৬*, রাদারফোর্ড ০, পাওয়েল ৪৪*; নাসুম ৪-০-১৫-০, তাসকিন ৪-০-৩৬-২, সাকিব ৪-০-৪৭-০, মোস্তাফিজ ৪-০-২৪-০, রিশাদ ৪-০-৪০-১)
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৪৯ (সাইফ ৮, তানজিদ ১৫, লিটন ৫, হৃদয় ২৮, শামীম ১, সোহান ৫, তানজিম ৩৩, নাসুম ২০, রিশাদ ৬, তাসকিন ১০, মুস্তাফিজ ১১*; আকিল ৪-০-২২-২, সিলস ৪-০-৩২-৩, পিয়ের ৪-০-৩৩-১, হোল্ডার ৪-০-৩১-৩, শেফার্ড ৩.৪-০-২৯-১)
27 Oct 2025, 09:35 PM
ছক্কার চেষ্টায় অক্কা রিশাদ
শেষের ভীষণ কঠিন সমীকরণ মেলাতে রিশাদ হোসেনের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু তেমন কিছু করতে পারলেন না তিনি।
জেসন হোল্ডারের বলে বেরিয়ে এসে মারতে গিয়ে লং অফে ক্যাচ দেন রিশাদ। এগিয়ে এসে অনায়াসে মুঠোয় নেন রভম্যান পাওয়েল।
৩ বলে রিশাদ করেন ৬ রান।
১৮ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১৩৬। ক্রিজে স্বাগতিকদের শেষ জুটি।
27 Oct 2025, 09:30 PM
সীমানায় ক্যারিবিয়ানদের দারুণ ক্যাচ
বোলারের মাথার উপর দিয়ে ছক্কার চেষ্টায় সফল হননি নাসুম আহমেদ। দৌড়ে গিয়ে বল ধরে, সীমানায় পা পড়ার আগেই ভেতরের দিকে ছুঁড়েন রভম্যান পাওয়েল। সেখানে অপেক্ষায় ছিলেন জেসন হোল্ডার। অনায়াসে মুঠোয় নেন ক্যাচ।
১৩ বলে তিন চার ও এক ছক্কায় ২০ রান করেন নাসুম।
১৭ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১২৪। ক্রিজে রিশাদ হোসেনের সঙ্গী তাসকিন আহমেদ।
27 Oct 2025, 09:26 PM
তানজিমের বিদায়ে ভাঙল জুটি
জেসন হোল্ডারের বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন তানজিম হাসান। ভাঙল ২৩ বল স্থায়ী ৪০ রানের জুটি।
অফ স্টাম্পের বাইরের স্লোয়ার শর্ট বলে ঠিকঠাক টাইমিং করতে পারেননি তানজিম। ছুটে এসে চমৎকার ক্যাচ নেন রোস্টন চেইস।
২৭ বলে তিন চার ও এক ছক্কায় ৩৩ রান করেন তানজিম।
১৬ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১১৯। ক্রিজে নাসুম আহমেদের সঙ্গী রিশাদ হোসেন।
27 Oct 2025, 09:14 PM
শেফার্ডের উপর চড়াও তানজিম
রোমারি শেফার্ডের ওভারে এক ছক্কা ও দুই চারে ১৮ রান নিলেন তানজিম হাসান। কিছুটা বাড়ল বাংলাদেশের রান রেট।
১৪ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৯৮ রান। ২১ বলে ৩১ রানে খেলছেন তানজিম। ৪ বলে নাসুম আহমেদ খেলছেন ১ রানে।
27 Oct 2025, 09:07 PM
পারলেন না হৃদয়ও
অনেকটা সময় ক্রিজে থাকলেও দলকে টানতে পারলেন না তাওহিদ হৃদয়। জেডেন সিলসের বলে আকিল হোসেনের হাতে ধরা পড়লেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
সিলসের স্লোয়ার বাউন্সারে পুল করে টাইমিং করতে পারেননি হৃদয়। ক্যাচ যায় ফাইন লেগে। প্রথম চেষ্টায় ব্যর্থ হলেও দ্বিতীয় চেষ্টায় মুঠোয় নেন আকিল।
২৫ বলে দুই চারে ২৮ রান করেন হৃদয়।
১২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৭৭। ক্রিজে তানজিম হাসানের সঙ্গী নাসুম আহমেদ।
27 Oct 2025, 08:55 PM
মাঝপথে চাপে বাংলাদেশ
রান তাড়ায় যথেষ্ট রান করতে পারেনি বাংলাদেশ, সঙ্গে হারিয়েছে ৫ উইকেট। সব মিলিয়ে মাঝ বিরতিতে বেশ চাপে আছে বাংলাদেশ।
১০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৬৩। ২০ বলে ২৩ রানে খেলছেন তাওহিদ হৃদয়। ৬ বলে তানজিম হাসানের রান ৩।
শেষ ১০ ওভারে ১০৩ রান চাই স্বাগতিকদের।
27 Oct 2025, 08:49 PM
ফ্লাড লাইট বিভ্রাটে খেলা বন্ধ
ফ্লাড লাইট নিয়ে ব্যাটসম্যানদের অভিযোগের পর খেলা বন্ধ রয়েছে। বাংলাদেশের ইনিংসের নবম ওভারের পর মাঠ ছেড়েছেন দুই দলের খেলোয়াড়রা।
27 Oct 2025, 08:41 PM
ব্যর্থ সোহানও
বিপদের সময় দলকে পথ দেখাতে পারলেন না নুরুল হাসান সোহান। খ্যারি পিয়েরের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনলেন তিনি।
খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না সোহান। বাঁহাতি স্পিনার পিয়েরের বলে ব্যাক ফুটে কাটের মতো করতে চেয়েছিলেন সোহান। মাঝ ব্যাটে নিতে পারেননি। ব্যাটের কানায় লেগে আঘাত হানে অফ স্টাম্পে।
১০ বলে সোহান করেন ৫ রান।
৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৫৯। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী তানজিম হাসান।
27 Oct 2025, 08:25 PM
পাওয়ার প্লেতে দিক হারা বাংলাদেশ
পাওয়ার প্লের শেষ ওভারে আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। জেসন হোল্ডারের বলে বাজে শট খেলে ফিরে গেলেন শামীম হোসেন।
পুল করার লেংথে বল ছিল না। তবুও জোর করে সেই শট খেলতে গেলেন শামীম। ব্যাটে-বলে করতে পারলেন না। মিডল স্টাম্পের উপরের অংশ ছুঁয়ে গেল বল।
৪ বলে ১ রান করে ফিরলেন শামীম।
৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৪২। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী নুরুল হাসান সোহান।
27 Oct 2025, 08:19 PM
দ্রুত ফিরলেন সাইফও
পাঁচ ওভারের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারাল বাংলাদেশ। তানজিদ হাসান ও লিটন দাসের পর ফিরলেন সাইফ হাসান।
বাঁহাতি স্পিনার আকিল হোসেনের বলে প্যাডেল সুইপ করে শর্ট ফাইন লেগে রোমারিও শেফার্ডের হাতে ধরা পড়েন সাইফ। টাইমিং একেবারেই হয়নি, শটে কোনো জোরও ছিল না। ডাগআউটে ভীষণ হতাশ দেখায় বাংলাদেশের ক্রিকেটারদের।
৭ বলে এক ছক্কায় ৮ রান করেন সাইফ।
৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪০। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শামীম হোসেন।
27 Oct 2025, 08:12 PM
টিকলেন না লিটন
চোট কাটিয়ে ফেরার ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারলেন না লিটন দাস। রিভার্স সুইপে একটি চার মেরে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।
বাঁহাতি স্পিনার আকিল হোসেনের আগের বলে চমৎকার শটে বাউন্ডারি পান লিটন। পরের বলে ব্যাক ফুটে খেলতে চেয়েছিলেন লিটন। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় আকিলের ডান দিক। হাত বাড়িয়ে তিনি দারুণ ক্যাচ নিলেন, বিশ্বাসই হচ্ছিল না লিটনের।
৮ বলে ৫ রান করেন লিটন।
৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৯। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
27 Oct 2025, 08:04 PM
শেফার্ডের দারুণ ক্যাচে ফিরলেন তানজিদ
ঝড়ো শুরুর আভাস দিলেও বেশি দূর যেতে পারলেন না তানজিদ হাসান। জেডেন সিলসের প্রথম বলে চারের পর আরকেটি বড় শটের চেষ্টায় ক্যাচ দিলেন বাঁহাতি এই ওপেনার।
অফ স্টাম্পে থাকা শর্ট বলে পুল করে টাইমিং করতে পারেননি তানজিদ। মিড অন ফিল্ডার রোমারিও শেফার্ডের মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল বল। কিন্তু ঠিক সময় লাফ দিয়ে দুই হাতে বল মুঠোয় নেন তিনি।
৫ বলে দুই চার ও এক ছক্কায় ১৫ রান করেন তানজিদ।
২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৩। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী লিটন দাস।
27 Oct 2025, 07:58 PM
ছক্কায় শুরু তানজিদের
আকিল হোসেনের প্রথম বল ডট খেললেন সাইফ হাসান, পরের বলে নিলেন সিঙ্গেল।
স্ট্রাইক পেয়ে প্রথম বলেই স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারলেন তানজিদ হাসান। পরের বলে মারলেন চার।
ওভার থেকে এল ১২ রান।
27 Oct 2025, 07:46 PM
পাওয়েলের শেষের ঝড়ে উইন্ডিজের ১৬৫
প্রথম ১৭ ওভারে দারুণ বোলিং করা বাংলাদেশ শেষটায় হয়ে গেল খরুচে। শেষ ৩ ওভারে তারা দিল ৫১ রান।
শেষ ৭ বলের মধ্যে চারটি ছক্কা মেরে দলকে বড় সংগ্রহই এনে দিলেন রভম্যান পাওয়েল। নিজেদের শততম টি-টোয়েন্টিতে ২৮ বলে চার ছক্কা ও এক চারে ৪৬ রানে অপরাজিত থাকলেন তিনি।
৭ রানে আউটের একটা সুযোগ দিয়েছিলেন পাওয়েল। সেটা কাজে লাগাতে পারেননি তানজিম হাসান। এই পেসারের করা ইনিংসের শেষ ওভারে টানা তিনটি ছক্কা মারেন পাওয়েল।
২৮ বলে চার ছক্কা ও এক চারে ৪৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শেই হোপ। সাবেক ও বর্তমান অধিনায়কের ৪৬ বলের জুটিতে আসে ৮৬ রান।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৬৫/৩ (আথানেজ ৩৪, কিং ৩৩, হোপ ৪৬*, রাদারফোর্ড ০, পাওয়েল ৪৪*; নাসুম ৪-০-১৫-০, তাসকিন ৪-০-৩৬-২, সাকিব ৪-০-৪৭-০, মোস্তাফিজ ৪-০-২৪-০, রিশাদ ৪-০-৪০-১)
27 Oct 2025, 07:34 PM
হোপ-পাওয়েলের জুটিতে পঞ্চাশ
ঠিকঠাক টাইমিং করতে পারছেন না রভম্যান পাওয়েল। তবে আরেক প্রান্তে ঝড় তোলেছেন শেই হোপ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ও বর্তমান অধিনায়কের জুটিতে পঞ্চাশ এসেছে ৩৬ বলে।
১৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৪৩। ২৭ বলে ৪৫ রানে খেলছেন হোপ। ২৩ বলে পাওয়েলের রান ২৪।
27 Oct 2025, 07:24 PM
পাওয়েলের ক্যাচ ছাড়লেন তানজিম
বিপজ্জনক রভম্যান পাওয়েলকে দ্রুত ফেরানোর সুযোগ হাতছাড়া করলেন তানজিম হাসান। মুস্তাফিজুর রহমানের বলে শর্ট থার্ড ম্যানে ক্যাচ নিতে পারলেন না তিনি।
কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন পাওয়েল। ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় শর্ট থার্ড ম্যানে। সামনের দিকে হাত বাড়িয়ে বল নাগালে পেলেও মুঠোয় রাখতে পারেননি তানজিম।
সে সময় ৭ রানে ছিলেন পাওয়েল।
১৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১১৪।
27 Oct 2025, 07:10 PM
তাসকিনের জোড়া আঘাত
আগের ওভারে দুর্দান্ত বোলিংয়ে কেবল তিন রান দিলেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারে তাসকিন আহমেদের উপর চড়াও হতে গিয়ে বিদায় নিলেন ব্র্যান্ডন কিং ও শেরফেন রাদারফোর্ড।
মুস্তাফিজের ওভারে পাঁচ বল খেলে কেবল দুটি সিঙ্গেল নিতে পারেন কিং। সে কারণেই হয়তো তাসকিনের প্রথম বলেই বড় শটের সন্ধানে ছিলেন এই ওপেনার।
টাইমিং করতে পারেননি কিং। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে চমৎকার ক্যাচ নেন তানজিম হাসান। ৩৬ বলে দুই ছক্কা ও এক চারে ৩৩ রান করেন কিং।
পরের বলে গায়ের জোরে মারতে গিয়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান রাদারফোর্ড। লেগে ঘুরানোর চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি তিনি। ব্যাটের কানায় লেগে বেশ উপরে উঠে যাওয়া বল গ্লাভসে নেন লিটন দাস।
১৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ৮৪। ক্রিজে শেই হোপের সঙ্গী সাবেক অধিনায়ক রভম্যান পাওয়েল। দেশের হয়ে নিজের শততম টি-টোয়েন্টিতে খেলছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
27 Oct 2025, 06:52 PM
মাঝপথে ভালো অবস্থানে উইন্ডিজ
টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটির দৃঢ়তায় মাঝপথে আছে ভালো অবস্থানে।
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৭০। ২৫ বলে ২৩ রানে খেলছেন ব্র্যান্ডন কিং। ৮ বলে অধিনায়ক শেই হোপের রান ৯।
হাতে উইকেট আছে নয়টি। উইকেটে বোলারদের জন্য তেমন একটা সুবিধা নেই। এখানে দেড়শ ছাড়ানো খুব কঠিন কিছু নয়।
27 Oct 2025, 06:49 PM
শুরুর জুটি ভাঙলেন রিশাদ
নিজের প্রথম ওভারে ছক্কা ও চারে ১৩ রান দিয়েছিলেন রিশাদ হোসেন। পরের ওভারে এই লেগ স্পিনারই ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের শুরুর জুটি।
রিভার্স সুইপ করে বাউন্ডারি মারতে চেয়েছিলেন আলিক আথানেজ। শট খেলে ফেলেন আগেভাগেই। গ্লাভসে লেগে বল আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৫০ বল স্থায়ী ৫৯ রানের জুটি।
২৭ বরে আথানেজ এক ছক্কা ও চারটি চারে করেন ৩৪ রান।
৯ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ১ উইকেটে ৬২। ক্রিজে ব্র্যান্ডন কিংয়ের সঙ্গী শেই হোপ।
27 Oct 2025, 06:43 PM
শুরুর জুটিতে উইন্ডিজের পঞ্চাশ
পাওয়ার প্লের রানের গতি বাড়িয়েছেন আলিক আথানেজ ও ব্র্যান্ডন কিং। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৪৫ বলে।
জুটির রান পঞ্চাশ ছোঁয়ার পর তানজিম হাসানকে ছক্কা মেরেছেন আথানেজ।
৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৫৮।
27 Oct 2025, 06:34 PM
পাওয়ার প্লেতে উইন্ডিজ ৩৫/০
তাসকিন আহমেদের একটি খরুচে ওভার ছাড়া পাওয়ার প্লেতে তেমন একটা রান পায়নি ওয়েস্ট ইন্ডিজ।
৬ ওভারে বিনা উইকেটে ৩৫ রান করেছে সফরকারীরা। এর মধ্যে ১৭ রানই এসেছে তাসকিন এক ওভার থেকে।
একটি রান আউটের পরিষ্কার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। তাসকিনের বলে একটি কঠিন ক্যাচের সুযোগ নিতে পারেনি স্বাগতিকরা।
১৯ বলে তিন চারে ২০ রানে খেলছেন আলিক আথানেজ। ১৭ বলে ব্র্যান্ডন কিংয়ের রান ১১।
27 Oct 2025, 06:25 PM
তাসকিনের খরুচে ওভার
চতুর্থ ওভারে এলোমেলো বোলিংয়ে খরুচে হয়ে গেলেন তাসকিন আহমেদ। লাইন ও লেন্থ কিছুই ঠিক হল না এই ওভারে।
শুরুতে অবশ্য একটা সুযোগ এসেছিল। আলিক আথানেজ বোলারের মাথার উপর দিয়ে তুলে দিয়েছিলেন ক্যাচের মতো। কিন্তু দুই ফিল্ডার নাসুম আহমেদ ও নুরুল হাসান সোহান কেউই ঠিক মতো চেষ্টা করেননি। ডাইভ দিলে হয়তো নাগালে পেতে পারতেন, কিন্তু কেউই সেই চেষ্টায় যাননি।
পরে তিনটি ওয়াইড করেন তাসকিন আথানেজের ব্যাটে হজম করেন তিনটি চার। ওভার থেকে আসে ১৭ রান।
৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ৩০।
27 Oct 2025, 06:21 PM
রান আউটের সুযোগ হাতছাড়া করলেন রিশাদ
অনেক সময় পেয়েছিলেন রিশাদ হোসেন। কিন্তু থ্রো স্টাম্পে রাখতে পারলেন না তিনি, বেঁচে গেলেন আলিক আথানেজ।
তানজিম হাসানের বল ড্রাইভের চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি আথানেজ। ব্যাটের কানা ছুঁয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে। রান নেওয়ার চেষ্টায় কিছুটা এগিয়ে গিয়েও থেমে যান ব্যাটসম্যান। কিন্তু রিশাদ থ্রো স্টাম্পে রাখতে না পারায় উল্টো রান পেয়ে যান আথানেজ।
৩ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান বিনা উইকেটে ১৩।
27 Oct 2025, 05:46 PM
উইন্ডিজের একাদশে নেই মোটি
ওয়ানডে সিরিজ খুব একটা ভালো কাটেনি গুডাকেশ মোটির। খরুচে বোলিং করা বাঁহাতি স্পিনার জায়গা পাননি প্রথম টি-টোয়েন্টির একাদশে।
সতীর্থের চোটে দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার খ্যারি পিয়ের জায়গা করে নিয়েছেন একাদশেও।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
27 Oct 2025, 05:41 PM
বাদ পড়লেন জাকের
ব্যাট হাতে বাজে সময় কাটানো জাকের আলি বাদ পড়লেন একাদশ থেকে। তার সঙ্গে প্রথম ম্যাচের একাদশে নেই পারভেজ হোসেন, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।
চোট কাটিয়ে দলে ফেরায় স্বাভাবিকভাবেই একাদশে আছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতেই দলকে নেতৃত্ব দিচ্ছিলেন জাকের।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসনে, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
27 Oct 2025, 05:37 PM
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজের প্রথম ম্যাচে টস জিতলেন শেই হোপ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিলেন ব্যাটিং।
পরে ব্যাটিংয়ে আপত্তি নেই বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের। টস জিতলে হয়তো ফিল্ডিং নিতেন তিনি, "চট্টগ্রামে যখন খেলি তখন আমরা সবসময় পরে ব্যাটিং করতে পছন্দ করি। উইকেট দেখে ভালো মনে হয়েছে। বড় রান তাড়া করতে আপত্তি নেই।"
27 Oct 2025, 05:15 PM
জয়ে শুরুর লক্ষ্যে নামছে বাংলাদেশ
টি-টোয়েন্টিতে দারুণ সময় কাটানো বাংলাদেশের মনোযোগ ধারাবাহিকতা ধরে রাখার দিকে। টানা চারটি দ্বি-পাক্ষিক সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে তারা। টানা সাত সিরিজ হেরে খেলতে এসেছে ক্যারিবিয়ানরা। নিজেদের সবশেষ সিরিজে তারা হেরেছে নেপালের বিপক্ষে।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার হবে প্রথম টি-টোয়েন্টি। খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ৩-০ ব্যবধানে জয় পাওয়া দলে ছিলেন না লিটন দাস। নিয়মিত অধিনায়ক ফেরায় শক্তি আরও বেড়েছে বাংলাদেশের। ভারসাম্যপূর্ণ একটি দল নিয়ে ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে তারা।
ওয়ানডে সিরিজে আলোচনার কেন্দ্রে ছিল মিরপুরের উইকেট। টি-টোয়েন্টি সিরিজে উইকেটের চেয়ে দুই দলের ভাবনা বেশি শিশির নিয়ে। এই সিরিজে টস হতে পারে খুব গুরুত্বপূর্ণ।
জাতীয় ক্রিকেট লিগে বরিশাল দলের দীর্ঘ দিনের ফিজিও হাসান আহমেদের মৃত্যুতে এই ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরে খেলবে বাংলাদেশ। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাচ শুরুর আগে পালন করা হবে এক মিনিট নীরবতা।