- উইকেট ছুঁড়ে আসার মিছিল
- আসিথার দারুণ ডেলিভারিতে বোল্ড নাঈম
- থিতু হয়ে ফিরলেন মিরাজ
- স্লগ সুইপেই ফিরলেন মুশফিক
- জীবন পেয়েও টিকলেন না লিটন
- ফের জীবন পেলেন লিটন
- লিটন-মুশফিকের জুটিতে পঞ্চাশ
- জীবন পেলেন মুশফিক
- বৃষ্টিতে খেলা বন্ধ
- উইকেট বিলিয়ে এলেন সাদমানও
- টিকলেন না শান্ত
- রান আউট থেকে বাঁচলেন সাদমান
- বাজে শটে ফিরলেন মুমিনুল
- প্রথম ঘণ্টায় এনামুলের উইকেট
- একটুর জন্য বাঁচলেন মুমিনুল-সাদমান
- শূন্য রানেই ফিরলেন এনামুল
- শুরুতেই জীবন পেলেন এনামুল
- একাদশে ফিরলেন মিরাজ-ইবাদত
- শ্রীলঙ্কা দলে দুই পরিবর্তন
- কলম্বোয় আরও ভালো করার আশায় বাংলাদেশ
25 Jun 2025, 06:54 PM
উইকেট ছুঁড়ে আসার মিছিল
প্রথম ৮ ব্যাটসম্যানের ছয় জন গেলেন দুই অঙ্কে। তাদের একজনও ছুঁতে পারলেন না পঞ্চাশ। ত্রিশের ঘরে আটকে গেলেন তিন জন, বিশের ঘরে দুই জন। সর্বোচ্চ ৪৬ রান করলেন সাদমান ইসলাম।
আরও একবার নিদারুণভাবে ব্যর্থ এনামুল হক। শূন্য রানে জীবন পেয়েও শূন্য রানেই ফেরেন তিনি। এই ওপেনার ছাড়া বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে দুই অঙ্কে যেতে পারেননি কেবল নাজমুল হোসেন শান্ত।
প্রথম দিনের উইকেটে বোলারদের জন্য বেশ সুবিধা ছিল। তবে নাঈম হাসান ছাড়া আর কেউ খুব ভালো বলে আউট হননি। বেশিরভাগই অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আলগা শটে উইকেট দিয়ে এসেছেন।
এর মাশুল দিয়ে আড়াইশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ।
৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ৯ রানে ব্যাট করছেন তাইজুল ইসলাম, ইবাদত হোসেন খেলছেন ৫ রানে।
দুটি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফার্নান্দো ও অভিষিক্ত অলরাউন্ডার সোনাল দিনুশা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৭১ ওভারে ২২০/৮ (সাদমান ৪৬, এনামুল ০, মুমিনুল ২১, শান্ত ৮, মুশফিক ৩৫, লিটন ৩৪, মিরাজ ৩১, নাঈম ২৫, তাইজুল ৯, ইবাদত ৫; আসিথা ১৪-২-৪৩-২, ভিশ্ব ১৬-৩-৩৫-২, রাত্নায়াকে ১৬-১-৬৩-১, জয়াসুরিয়া ১১-০-৩৬-০, ধানাঞ্জায়া ৫-০-১৫-১, দিনুশা ৯-৩-২২-২)
25 Jun 2025, 06:42 PM
আসিথার দারুণ ডেলিভারিতে বোল্ড নাঈম
বাংলাদেশকে আড়াইশ রানে নিয়ে যাওয়ার আশা হয়ে টিকে থাকা নাঈম হাসানকে বোল্ড করে দিলেন আসিথা ফার্নান্দো।
অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করেছিলেন ব্যাটসম্যান। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি। এলোমেলো হয়ে যায় স্টাম্প।
৫১ বলে দুই চারে ২৫ রান করেন নাঈম।
৭০ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ২১৪।
25 Jun 2025, 06:15 PM
থিতু হয়ে ফিরলেন মিরাজ
আক্রমণে ফিরেই সাফল্য পেলেন বিশ্ব ফার্নান্দো। বাঁহাতি এই পেসারের বলে স্লিপে কামিন্দু মেন্ডিসের হাতে ধরা পড়লেন মেহেদী হাসান মিরাজ।
শুরু থেকে সাবলীল ব্যাটিং করা মিরাজ টানছিলেন বাংলাদেশকে। তাকে ঘিরেই আড়াইশ রানে যাওয়ার স্বপ্ন দেখছিল সফরকারীরা। সেটা ভেঙে দিলেন ভিশ্ব।
বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টায় পুরোপুরি সফল হননি মিরাজ। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় স্লিপে। ভাঙে ৫৬ বল স্থায়ী ৩৭ রানের জুটি।
৪২ বলে তিন চারে ৩১ রান করেন মিরাজ।
৬৪ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৯৯। ক্রিজে নাঈম হাসানের সঙ্গী তাইজুল ইসলাম।
25 Jun 2025, 05:23 PM
স্লগ সুইপেই ফিরলেন মুশফিক
প্রিয় শট খেলতে গিয়ে ইনিংসের শুরুতে একবার বেঁচে গিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর থেকে খেলছিলেন আস্থার সঙ্গ। তবে শেষ পর্যন্ত সেই স্লপ সুইপেই সীমানায় ধরা পড়লেন টেস্টে বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান।
আঁটসাঁট বোলিংয়ে রানের খুব একটা সুযোগ দিচ্ছেন না সোনাল দিনুশা। সে কারণেই হয়তো তার উপর চড়াও হতে চেয়েছিলেন মুশফিক। সেটা করতে গিয়ে দলকে খাদের কিনারায় নিয়ে গেলেন তিনি।
ডিপ স্কয়ার থেকে কিছুটা দৌড়ে চমৎকার ক্যাচ নেন ভিশ্ব ফার্নান্দো।
৫৪ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৬০। দলকে ভালো একটা একটা অবস্থানে নেওয়ার চ্যালেঞ্জ এখন মেহেদী হাসান মিরাজের কাঁধে। ক্রিজে তার সঙ্গী নাঈম হাসান। ব্যাটিং বাকি কেবল তাইজুল ইসলাম এবং দুই পেসার- ইবাদত হোসেন ও নাহিদ রানার।
25 Jun 2025, 04:45 PM
জীবন পেয়েও টিকলেন না লিটন
দুইবার বেঁচে গিয়েও বড় ইনিংস খেলতে পারলেন না লিটন দাস। তাকে ফিরিয়ে অভিষেকে উইকেট পেলেন লঙ্কান অলরাউন্ডার সোনাল দিনুশা।
বাঁহাতি স্পিনারের শরীর খুব কাছের ডেলিভারি স্টিয়ার করতে চেয়েছিলেন লিটন। ঠিকঠাক পারেননি তিনি। ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় উইকেটের পেছনে। তৃতীয় চেষ্টায় বল গ্লাভসে নেন উইকেটরক্ষক কুসাল মেন্ডিস। ভাঙে ১১৩ বল স্থায়ী ৬৭ রানের জুটি।
মেহেদী হাসান মিরাজকে নিয়ে চা-বিরতির আগের বাকি ৭ বল কাটিয়ে দেন মুশফিকুর রহিম।
৪৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪৪।
25 Jun 2025, 04:29 PM
ফের জীবন পেলেন লিটন
ইনিংসের শুরুতে প্রবাথ জয়াসুরিয়ার ব্যর্থ বেঁচে গিয়েছিলেন লিটন দাস। আবারও জয়াসুরিয়ার ব্যর্থতায় জীবন পেলেন তিনি।
জয়াসুরিয়ার ওভারের প্রথম বলে চার মারেন লিটন। শেষ বলে এর পুনরাবৃত্তি করতে গিয়ে তুলে দেন আকাশে। অনেকটা পিছিয়ে গিয়ে বলের নাগাল পাননি জয়াসুরিয়া।
৪৭ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৪৩।
25 Jun 2025, 04:04 PM
লিটন-মুশফিকের জুটিতে পঞ্চাশ
বৃষ্টির বাগড়ার পর অনায়াসে খেলছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও লিটন দাস। বৃষ্টির আগে-পরে ভাগ্যেরও একটু সহায়তা পাওয়া দুই ব্যাটসম্যান গড়েছেন পঞ্চাশ ছোঁয়া জুটি, ৭৩ বলে।
দুই অঙ্ক ছোঁয়ার আগেই ফিরে যেতে পারতেন লিটন ও মুশফিক। ক্যাচ দিয়েও একবার করে বেঁচে গিয়ে প্রতিরোধ গড়েছেন তারা।
৪২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১২৮। ৩৫ বলে একটি করে ছক্কা ও চারে ২৩ রানে খেলছেন লিটন। ৪৪ বলে পাঁচ চারে মুশফিকের রান ৩০।
25 Jun 2025, 03:50 PM
জীবন পেলেন মুশফিক
বৃষ্টির বিরতির পর খেলা শুরু হতে না হতে ফিরে যেতে পারতেন মুশফিকুর রহিম। থারিন্ডু রাত্নায়াকের বলে স্লগ সুইপে গড়বড় করে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন তিনি। ডিপ স্কয়ার লেগে লাফ দেওয়ার সময় গড়বড় করে ক্যাচ নিতে পারেননি লাহিরু উদারা।
সে সময় ৮ রানে ছিলেন মুশফিক।
৩৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৯৮।
25 Jun 2025, 02:03 PM
বৃষ্টিতে খেলা বন্ধ
একশ রানের আগে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশের জন্য স্বস্তি হয়ে এলো বৃষ্টি। আপাতত বন্ধ হয়ে গেল খেলা।
৩৩.২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৯০। ১৫ বলে ১ চারে ৭ রানে খেলছেন মুশফিকুর রহিম। ১২ বলে ১ চারে লিটন দাসের রান ৮।
লিটনের ওই বাউন্ডারিতে আছে ভাগ্যের ছোঁয়া। থারিন্ডু রাত্নায়াকের বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছিলেন এই কিপার-ব্যাটসম্যান। কিন্তু ডিপ মিডউইকেটে প্রতিক্রিয়া দেখাতে অনেক দেরি করে ফেলা প্রবাথ জয়াসুরিয়া ঝাঁপিয়ে পড়ে কোনোমতে হাত ছোঁয়াতে পারেন। জীবন পাওয়ার সঙ্গে বাউন্ডারিও পেয়ে যান ব্যাটসম্যান।
সে সময় ২ রানে ছিলেন লিটন।
25 Jun 2025, 01:40 PM
উইকেট বিলিয়ে এলেন সাদমানও
লাঞ্চের পর তিন ওভারের মধ্যে দুই উইকেট হারাল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর পর ফিরে গেলেন সাদমান ইসলাম। চাপে পড়ে গেল বাংলাদেশ।
থারিন্ডু রাত্নায়াকের অফ স্টাম্পের বাইরে ডেলিভারিতে চড়াও হয়েছিলেন সাদমান। উইকেটে গ্রিপ করা ডেলিভারি তীক্ষ্ণ বাঁক নেওয়ায় ঠিকঠাক খেলতে পারেননি। ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষকের গ্লাভস ছুঁয়ে যায় স্লিপে। দারুণ রিফ্লেক্স দেখিয়ে ক্যাচ নেন ধানাঞ্জায়া ডি সিলভা।
৯৩ বলে সাত চারে ৪৬ রান করেন সাদমান।
পরের ওভারে মুশফিকুর রহিমের বিরুদ্ধে এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব্যর্থ হয় শ্রীলঙ্কা। ভিশ্ব ফার্নান্দোর ডেলিভারি ব্যাটের কানা ছুঁয়ে লেগেছিল প্যাডে।৩০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭৮। ক্রিজে মুশফিকের সঙ্গী লিটন দাস।
25 Jun 2025, 01:33 PM
টিকলেন না শান্ত
গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত এবার যেতে পারলেন না দুই অঙ্কে। ভিশ্ব ফার্নান্দোর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ধরা পড়লেন কুসাল মেন্ডিসের গ্লাভসে।
প্রথম টেস্টের স্কোয়াডেই ছিলেন না ভিশ্ব। দ্বিতীয় ম্যাচের স্কোয়াডে আসার পর একাদশেও জায়গা করে নেওয়া অভিজ্ঞ বাঁহাতি পেসার শুরু থেকে দারুণ বোলিং করছেন। তিনিই বিদায় করেছেন বাঁহাতি ব্যাটসম্যানকে।
অফ স্টাম্পের বাইরের ডেলিভারি অনায়াসে ছেড়ে দিতে পারতেন শান্ত। সেটা না করে জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন বাংলাদেশ অধিনায়ক। পুরোপুরি লাইনে যেতে না পারার মাশুল দেন তিনি নিজের উইকেট হারিয়ে।
৩১ বলে বিনা উইকেটে ৮ রান করেন শান্ত।
২৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৭৪। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুশফিকুর রহিম।
25 Jun 2025, 12:44 PM
রান আউট থেকে বাঁচলেন সাদমান
লাঞ্চের আগে শেষ বল। অফ সাইডে উইকেটের পেছনে বল পাঠিয়ে সেদিকেই তাকিয়ে থেকে নাজমুল হোসেন শান্ত টানা বলতে থাকলেন, ইয়েস, ইয়েস, নো নো। ঠিক কি করবেন বুঝে উঠতে পারছিলেন না সাদমান ইসলাম। শেষ পর্যন্ত অধিনায়ক দৌড় শুরু করলে সাড়া দিলেন তিনিও।
এই দেরির জন্যই সুযোগ পেয়ে গেলেন পাথুম নিসাঙ্কা। গালি থেকে ছুটে গিয়ে বল থ্রো করলেন তিনি। ঠিক সময়ে পৌঁছানো সম্ভব নয় বুঝে মরিয়া কোনো চেষ্টায় গেলেন না সাদমান, ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে এগিয়ে গেলেন তিনি।
ভাগ্য ভালো ছিল তার, নিসাঙ্কার থ্রো লাগেনি স্টাম্পে। তাই বেঁচে যান সাদমান।
আসিথা ফার্নান্দোর এই বল দিয়ে শেষ হলো কলম্বো টেস্টের প্রথম দিনের খেলা।
লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ২ উইকেটে ৭১। ৮৬ বলে সাত চারে ৪৩ রানে খেলছেন সাদমান। ২১ বলে শান্তর রান ৭।
প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে ওপেনার এনামুল হক ও টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হকের উইকেট।
25 Jun 2025, 12:04 PM
বাজে শটে ফিরলেন মুমিনুল
আরও একবার ভালো শুরুটা বড় করতে পারলেন না মুমিনুল হক। বাঁহাতি এই ব্যাটসম্যান ফের বিদায় নিলেন থিতু হয়ে।
শুরুর কঠিন সময় চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় কাটিয়ে দিয়ে মুমিনুল আউট হলেন বাজে শটে। আক্রমণে এসে প্রথম বলেই তার উইকেট যেন উপহার হিসেবে পেলেন ধানাঞ্জায়া ডি সিলভা। লঙ্কান অধিনায়কের বল একটু হলে দুই ড্রপ খেত, এই বলে কাভার ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিলেন মুমিনুল। শট খেলার পর তার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, কী ঘটে গেল। ভাঙল ৭১ বল স্থায়ী ৩৮ রানের জুটি।
৩৯ বলে তিন চারে ২১ রান করেন মুমিনুল।
১৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৫। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
25 Jun 2025, 11:48 AM
প্রথম ঘণ্টায় এনামুলের উইকেট
দিনের শুরুতে থাকা সুবিধা কাজে লাগিয়ে প্রথম ঘণ্টায় বাংলাদেশকে বেশ ভোগালেন আসিথা ও ভিশ্ব ফার্নান্দো। নতুন বলে রান বলতে গেলে দিলেনই না এই দুই পেসার। এনামুল হকের বিদায়ের পর পানি বিরতির আগের কঠিন সময়টুকু চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় কাটিয়ে দিলেন সাদমান ইসলাম ও মুমিনুল হক।
একবার জীবন পেয়েও শূন্য রানেই ফেরেন এনামুল। চলতি সিরিজে এ নিয়ে দুইবার রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন তিনি। অন্য ইনিংসে করতে পারেন কেবল ৪ রান।
আসিথা ও ভিশ্বর দারুণ বোলিংয়ে প্রথম ৮ ওভারে বাংলাদেশ করতে পারে কেবল ৬ রান। স্পিনার থারিন্ডু রাত্নায়াকে আক্রমণে আসার পর রানের গতি একটু বাড়াতে পেরেছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান।
পানি বিরতির সময় বাংলাদেশের রান ১২ ওভারে ১ উইকেটে ২৩। ২৬ বলে দুই চারে ১১ রানে খেলছেন মুমিনুল। ৩৬ বলে দুই চারে সাদমানের রান ১২।
25 Jun 2025, 11:29 AM
একটুর জন্য বাঁচলেন মুমিনুল-সাদমান
থারিন্ডু রাত্নায়াকে আক্রমণে আসার পর রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন মুমিনুল হক ও সাদমান ইসলাম। সেই চেষ্টায় দুই ব্যাটসম্যান পরপর দুই বলে বেঁচে গেলেন অল্পের জন্য।
গলে যেভাবে রাত্নায়াকের বলে আউট হয়েছিলেন মুমিনুল, এবারও সেভাবেই আউট হতে বসেছিলেন। বাঁহাতি ব্যাচসম্যানের ব্যাটের কানা ছুঁয়ে বল যায় প্রথম স্লিপে। একটুর জন্য সেখানে অপেক্ষায় থাকা ধানাঞ্জায়া ডি সিলভার হাতে যায়নি বল।
স্ট্রাইক পেয়ে পরের বলে ড্রাইভ করেন সাদমান ইসলাম। ঠিকঠাক পারেননি, শর্ট এক্সট্রা কাভারের ফিল্ডারের নাগালের একটু বাইরে দিয়ে যায় বল!
১১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯।
25 Jun 2025, 10:59 AM
শূন্য রানেই ফিরলেন এনামুল
শ্রীলঙ্কা সফর যেন দুঃস্বপ্নের মতো কাটছে এনামুল হকের। গল টেস্টে শূন্য ও চার রানে ফেরা ডানহাতি ওপেনার এবারও ফিরলেন শূন্য রানে।
আসিথা ফার্নান্দোর আগের ওভারে জীবন পেয়েও সেটা কাজে লাগাতে পারলেন না এনামুল। লঙ্কান পেসারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে পাঞ্চ করার চেষ্টায় স্টাম্পে টেনে এনে বোল্ড হলেন তিনি।
১০ বলে শূন্য রানেই শেষ হল এনামুলের অস্বস্তিময় ইনিংস।
৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।
25 Jun 2025, 10:53 AM
শুরুতেই জীবন পেলেন এনামুল
গল টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ এনামুল হক ফিরতে পারতেন তৃতীয় ওভারে। আসিথা ফার্নান্দোর বলে তার ক্যাচ নিতে পারলেন না কুসাল মেন্ডিস।
অফ স্টাম্পে থাকা ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন এনামুল। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় উইকেটের পেছনে। শুরুতে লেগের দিকে সরতে চেয়েছিলেন উইকেটরক্ষক কুসাল মেন্ডিস। অনেক দেরিতে বল দেখতে পাওয়ায় প্রতিক্রিয়া দেখান তিনি দেরিতে।
ঝাঁপ দিয়ে বলের নাগাল পেলেও গ্লাভসে নিতে পারেননি কুসাল মেন্ডিস। তিনি চেষ্টা না করলে হয়তো বল যেত সরাসরি প্রথম স্লিপে, লাহিরু উদারার হাতে।
পরের বলে একটুর জন্য দ্বিতীয় স্লিপে যায়নি এনামুলের ক্যাচ।
৩ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১।
25 Jun 2025, 10:21 AM
একাদশে ফিরলেন মিরাজ-ইবাদত
অসুস্থতার জন্য গল টেস্টে খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ ফিরেছেন একাদশে। দুই বছর পর টেস্ট খেলতে নামছেন পেসার ইবাদত হোসেন।
প্রথম ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন জাকের আলি। চোটের জন্য একাদশে নেই পেসার হাসান মাহমুদ।
মিরাজের ফেরা অনুমিতই ছিল। তিনি ফেরায় বোলিংয়ে শক্তি বাড়ল বাংলাদেশের। কলম্বো টেস্ট সফরকারীরা খেলছে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে।
২০২৩ সালের জুনে সবশেষ টেস্ট খেলেছিলেন ইবাদত। পরের মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে খেলার সময় হাঁটুতে চোট পান এই গতিময় পেসার। পুনর্বাসনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাহিদ রানা।
25 Jun 2025, 10:11 AM
শ্রীলঙ্কা দলে দুই পরিবর্তন
দুটি পরিবর্তন অনিবার্য ছিল, সেই দুটি পরিবর্তনই করল শ্রীলঙ্কা। গল টেস্ট দিয়ে এই সংস্করণ থেকে অবসর নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, চোটের জন্য কলম্বো টেস্ট নেই মিলান রাত্নায়াকে।
অভিষেক হচ্ছে অলরাউন্ডার সোনাল দিনুশার। একাদশে ফিরেছেন পেসার ভিশ্ব ফার্নান্দো।
শ্রীলঙ্কা একাদশ: ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, সোনাল দিনুশা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, প্রাবাথ জায়াসুরিয়া, থারিন্ডু রাত্নায়াকে, ভিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো।
25 Jun 2025, 09:46 AM
কলম্বোয় আরও ভালো করার আশায় বাংলাদেশ
নাঈম হাসানের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে লিড নেওয়ার পর বাংলাদেশের সামনে সুযোগ এসেছিল গল টেস্টে জয়ের জন্য সাহসী ক্রিকেট খেলার। সেই পথে হাঁটতে পারেনি সফরকারীরা। সুযোগ কাজে লাগিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিদায়ী টেস্ট ড্র করে শ্রীলঙ্কা।
তবে গলের পারফরম্যান্স কলম্বোয় আশা দেখাচ্ছে বাংলাদেশকে। অসুস্থতা কাটিয়ে মেহেদী হাসান মিরাজের ফেরা প্রায় নিশ্চিত। এতে শক্তিও বাড়বে দলের। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে দ্বিতীয় টেস্টের দিকে তাকিয়ে বাংলাদেশ।
কলম্বোয় বুধবার দ্বিতীয় টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।
পয়েন্ট পেয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল। জোড়া সেঞ্চুরিতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক। চতুর্থ দিন শেষ বেলা ও পঞ্চম দিন আরও দ্রুত রান তোলার চেষ্টা তিনি করতে পারতেন কি না এনিয়ে বিতর্কের যথেষ্ট সুযোগ আছে।
খরা কাটিয়ে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৯। শান্তর মতো অভিজ্ঞ এই ব্যাটসম্যানও খেলেছেন মন্থর ইনিংস।
প্রথম ইনিংসে ভালো বোলিং করেছেন নাঈম, দ্বিতীয় ইনিংসে তাইজুল ইসলাম। উইকেটের পেছনে লিটন দাস ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ব্যাট হাতেও ভালো করেছেন তিনি।
ছোট ছোট প্রাপ্তিগুলো কলম্বোতে ভালো খেলার আশা দেখাচ্ছে বাংলাদেশ।