২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশফিক-লিটনের সেঞ্চুরির পর মুরাদের স্পিনে বাংলাদেশের দারুণ দিন

দ্বিতীয় দিনের খেলা শেষে ৫ উইকেট হাতে নিয়ে ৩৭৮ রানে পিছিয়ে রয়েছে আয়ারল‍্যান্ড।

20 Nov 2025, 04:58 PM

বাংলাদেশের দারুণ দিন

মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে দিনের শুরু, পরে তিন অঙ্কের দেখা পেলেন লিটন দাস। তাতে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহই পেল বাংলাদেশ। স্বাগতিকদের ৪৭৬ রানের জবাব দিতে নেমে স্বস্তিতে নেই আয়ারল‍্যান্ড। ফলোঅন এড়ানো সফরকারীদের জন‍্য এখন অনেক দূরের পথ।

দ্বিতীয় দিন শেষে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ৯৮। ৩৩ বলে ১১ রানে ব‍্যাট করছেন লর্কান টাকার। অভিষিক্ত স্টিভেন ডোহেনি খেলছেন ২ রানে।

ফলোঅন এড়াতে এখনও ১৭৯ রান চাই সফরকারীদের।

১০ ওভারে কেবল ১০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন হাসান মুরাদ। একটি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ৩৮ ওভারে ৯৮/৫ (বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক‍্যাম্ফার ০, টাকার ১১*, ডোহেনি ২*; ইবাদত ৫-১-১০-০, খালেদ ৬-০-৩০-১, তাইজুল ১২-১-৩২-১, মুরাদ ১০-৩-১০-২, মিরাজ ৩-০-১১-১, মুমিনুল ১-১-০-০)

20 Nov 2025, 04:51 PM

বাংলাদেশের ব‍্যর্থ রিভিউ

বোলার হাসান মুরাদ নিশ্চিত ছিলেন, ব‍্যাটের আগে বুটে লেগেছে বল। তার আত্মবিশ্বাস দেখেই শেষ মুহূর্তে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়াক নাজমুল হোসেন শান্ত।

রিপ্লেতে দেখা যায়, বুট স্পর্শ করেনি বল। ব‍্যাটেই খেলেন ব‍্যাটসম‍্যান। তাতে নষ্ট হয় বাংলাদেশের একটি রিভিউ।

৩৭ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ৯৮।

20 Nov 2025, 04:39 PM

টেক্টরের প্রতিরোধ ভাঙলেন তাইজুল

আক্রমণে ফিরে দ্বিতীয় ওভারে সাফল‍্য পেলেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের চমৎকার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন হ‍্যারি টেক্টর।

বাঁহাতি স্পিনারের স্টাম্পে পড়ে একটু বেরিয়ে যাওয়া ডেলিভারি ব‍্যাটে খেলতে পারেননি টেক্টর। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।

রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। বল অফ স্টাম্প ছুঁয়ে যেত, তাতে টিকে থাকে সফরকারীদের শেষ রিভিউ। তবে ফিরে যেতে হয় টেক্টরকে।

৩৪ বলে এক চারে ১৪ রান করেন টেক্টর।

৩৪ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ৯৬। ক্রিজে লর্কান টাকারের সঙ্গী অভিষিক্ত স্টিভেন ডোহেনি।

20 Nov 2025, 04:33 PM

রিভিউ নিয়ে বাঁচলেন টাকার

আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেওয়া মাত্র রিভিউ নিলেন লর্কান টাকার। বেঁচেও গেলেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।

হাসান মুরাদের বল টাকারের ব‍্যাটের কানা ছুঁয়ে লাগে প‍্যাডে। ওভারের পরের পাঁচটি বল ডট খেলেন তিনি।

৩৩ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৩ উইকেটে ৯৪। ৩৩ বলে ১৪ রানে খেলছেন হ‍্যারি টেক্টর। ২৫ বলে ৯ রানে ব‍্যাট করছেন টাকার।

20 Nov 2025, 04:12 PM

শূন‍্যতেই শেষ ক‍্যাম্ফার

মাত্র চার বল টিকলেন কার্টিস ক‍্যাম্ফার। হাসান মুরাদের বলে বোল্ড হয়ে বিদায় নিলেন শূন‍্য রানেই।

বাঁহাতি স্পিনারের চমৎকার ডেলিভারির জবাব জানা ছিল না ক‍্যাম্ফার। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি। বলের লাইনে যেতে পারেননি। স্পিন করে ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে অফ স্টাম্পে।

৫ ওভারের স্পেলে দ্বিতীয় উইকেট পেলেন মুরাদ।

২৭ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৪ উইকেটে ৮৫। ক্রিজে হ‍্যারি টেক্টরের সঙ্গী লর্কান টাকার।

20 Nov 2025, 04:06 PM

কারমাইকেলের ভোগান্তির ইতি টানলেন মিরাজ

তাইজুল ইসলামের জায়গায় আক্রমণে এসেই সাফল‍্য পেলেন মেহেদী হাসান মিরাজ। তার একটু নিচু হওয়া ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন চ‍্যাড কারমাইকেল।

একদমই স্বস্তিতে ছিলেন না এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। তার ভোগান্তির ইতি ঘটল পিচ করার পর সোজা যাওয়া ডেলিভারিতে। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। তাতে কাজ হয়নি, বল আঘাত হানত লেগ স্টাম্পে।

৫১ বলে দুই চারে ১৭ রান করেন কারমাইকেল। তিনি নষ্ট করলেন আইরিশদের দ্বিতীয় রিভিউ, বাকি থাকল কেবল একটি।

২৬ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৩ উইকেটে ৭৯। ক্রিজে হ‍্যারি টেক্টরের সঙ্গী কার্টিস ক‍্যাম্ফার।

20 Nov 2025, 03:37 PM

এসেই মুরাদের আঘাত

সৈয়দ খালেদ আহমেদের জায়গায় আক্রমণে এসেই সাফল‍্য পেলেন হাসান মুরাদ। তার তৃতীয় বলে ক‍্যাচ দিয়ে ফিরলেন অ‍্যান্ডি বালবার্নি।

বাঁহাতি স্পিনারের বল ডিফেন্ড করতে চেয়েছিলেন আইরিশ অধিনায়ক। পুরোপুরি বলের লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানা ছুঁয়ে প‍্যাডে লেগে জমা পড়ে প্রথম স্লিপে, নাজমুল হোসেন শান্তর হাতে।

৬০ বলে তিন চারে ২১ রান করেন বালবার্নি।

১৯ ওভারে আয়ারল‍্যান্ডের রান ২ উইকেটে ৬৫। ক্রিজে চ‍্যাড কারমাইকেলের সঙ্গী হ‍্যারি টেক্টর।

20 Nov 2025, 03:00 PM

স্টার্লিংকে ফেরালেন খালেদ

সৈয়দ খালেদ আহমেদের বলে এগিয়ে এসে ফ্লিক করলেও ব‍্যাটে খেলতে পারলেন না পল স্টার্লিং। খুব একটা জোরাল আবেদন না হলেও আউট দিলেন আম্পায়ার।

অ‍্যান্ডি বালবার্নির সঙ্গে কথা বলে রিভিউ নিলেন স্টার্লিং। তাতে কোনো কাজ হলো না। খালেদের বল আঘাত হানত লেগ স্টাম্পে। ভাঙল ৬৩ বল স্থায়ী ৪১ রানের উদ্বোধনী জুটি।

২৬ বলে চারটি চার ও একটি ছক্কায় ২৭ রান করে ফিরলেন স্টার্লিং। সঙ্গে নষ্ট করলেন একটি রিভিউ।

১১ ওভারে আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে ৪১। ক্রিজে বালবার্নির সঙ্গী চ‍্যাড কারমাইকেল।

20 Nov 2025, 02:11 PM

রিভিউ নিয়ে বাঁচলেন বালবার্নি

ইনিংসের প্রথম ওভারে রিভিউ নিয়ে বাঁচলেন অ‍্যান্ডি বালবার্নি। ইবাদত হোসেনের বলে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার।

স্টাম্পে পড়ে আরও ভেতরে ঢোকা ডেলিভারি ব‍্যাটে খেলতে পারেননি বালবার্নি। জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গেই রিভিউ নেন আয়ারল‍্যান্ড অধিনায়ক।

বল ট্র‍্যাকিং অনুযায়ী লেগ স্টাম্পের বেশ বাইরে দিয়ে যেত বল।

প্রথম ওভার মেডেন খেলেন বালবার্নি।

20 Nov 2025, 01:52 PM

৪৭৬ রানে থামল বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজের বিদায়ের দ্রুত উইকেট হারিয়ে ৪৭৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ।

সৈয়দ খালেদ আহমেদকে এলবিডব্লিউ করে স্বাগতিকদের প্রথম ইনিংসের ইতি টানেন অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন ব‍্যাটসম‍্যান, তাতে কাজ হয়নি।

১২ বলে ১ ছক্কায় ৮ রান করেন খালেদ। ২৪ বলে এক ছক্কা ও তিন চারে ১৮ রানে অপরাজিত থাকেন ইবাদত হোসেন।

১০৯ রানে ৬ উইকেট নিয়ে আয়ারল‍্যান্ডের সফলতম বোলার ম‍্যাকব্রাইন। দুই বছর আগে মিরপুরেই ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

দুটি করে উইকেট নেন গ‍্যাভিন হোয়ে ও ম‍্যাথু হামফ্রিজ। তিন স্পিনারই দেন একশর বেশি রান।

দ্বিতীয় দিন ৫১.১ ওভারে ১৮৪ রান যোগ করে বাংলাদেশ। প্রথম সেশনে মুশফিকুর রহিমের পর সেঞ্চুরি করেন লিটন দাস। দ্বিতীয় সেশনে দ্রুত রানের চেষ্টায় ৪৩ রানে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ।

20 Nov 2025, 01:34 PM

আক্রমণে ফিরেই ম‍্যাকব্রাইনের উইকেট

বোলিংয়ে ফিরেই সাফল‍্য পেলেন অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন। টেস্ট ক্রিকেটে তিনি দ্বিতীয়বার নিলেন ৫ উইকেট।

অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে স্লগ সুইপে ছক্কার চেষ্টায় ছিলেন হাসান মুরাদ। কিন্তু টাইমিং করতে পারেননি তিনি। সীমানায় একটু ডানদিক সরে গিয়ে ক‍্যাচ নেন গ‍্যাভিন হোয়ে।

২২ বলে এক চারে মুরাদ করেন ১১ রান।

১৩৮ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৪৬৮। ক্রিজে ইবাদত হোসেনের সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ।

20 Nov 2025, 01:30 PM

জীবন পেলেন মুরাদ

ম‍্যাথু হামফ্রিজের বলে হাসান মুরাদের ক‍্যাচ নিতে পারলেন না উইকেটরক্ষক লর্কান টাকার।

বাঁহাতি স্পিনারের বলে কাভার ড্রাইভ করতে চেয়েছিলেন মুরাদ। বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় উইকেটরক্ষকের কাছে। কিন্তু সেটা গ্লাভসে নিতে পারেননি তিনি। সে সময় ৮ রানে ছিলেন মুরাদ।

গ‍্যাভিন হোয়ের করা আগের ওভারে এক ছক্কা ও তিন চারে ১৮ রান নেন ইবাদত হোসেন।

১৩৭ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪৬৬।

20 Nov 2025, 01:15 PM

দ্রুত ফিরলেন তাইজুল

মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর দ্রুত আরও দুটি উইকেট হারাল বাংলাদেশ। লিটন দাসের পর ফিরে গেলেন তাইজুল ইসলাম।

লেগ স্পিনার গ‍্যাভিন হোয়ের গুগলিতে পরাস্ত হন তাইজুল। বলের লাইনেই যেতে পারেননি তিনি। ভুল লাইনে খেলার মাশুল দেন বোল্ড হয়ে।

১০ বলে তাইজুল করেন ৪ রান।

১৩৩.১ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৪৪৩। ক্রিজে হাসান মুরাদের সঙ্গী ইবাদত হোসেন।

20 Nov 2025, 01:08 PM

লিটনের প্রতিরোধ ভাঙলেন হামফ্রিজ

মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর ফিরে গেলেন লিটন দাসও।

ম‍্যাথু হামফ্রিজের অফ স্টাম্পের বাইরের বল লেগে খেলতে চেয়েছিলেন লিটন। শট খেলে ফেলেন তিনি আগেভাগেই। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় দ্বিতীয় স্লিপে, পল স্টার্লিংয়ের হাতে।

১৯২ বলে আট চার ও চার ছক্কায় ১২৮ রান করেন লিটন।

১৩১ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৪৩৪। ক্রিজে তাইজুল ইসলামের সঙ্গী হাসান মুরাদ।

20 Nov 2025, 01:03 PM

মিরাজের বিদায়ে ভাঙল জুটি

এক বল আগে জীবন পেলেন মেহেদী হাসান মিরাজ। তবুও সাবধান হলেন না এই অলরাউন্ডার। ফের একই শট খেলে ক‍্যাচ দিলেন। অভিষেকে ৩১তম ওভারে এসে প্রথম উইকেট পেলেন লেগ স্পিনার গ‍্যাভিন হোয়ে।

হোয়ের অফ স্টাম্পের বাইরের বলে কাভারের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন মিরাজ। টাইমিং করতে পারেননি তিনি। ক‍্যাচ যায় চ‍্যাড কারমাইকেলের হাতে। ভাঙে ১৮৯ বল স্থায়ী ১২৩ রানের জুটি।

১০৭ বলে তিন চার ও এক ছক্কায় ৪৭ রান করেন মিরাজ।

১৩০ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৪৩৩। ক্রিজে লিটন দাসের সঙ্গী তাইজুল ইসলাম।

20 Nov 2025, 12:53 PM

রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ

এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া দেওয়া মাত্র ননস্ট্রাইকার লিটন দাস রিভিউ নেওয়ার ইশারা দিলেন। মেহেদী হাসান মিরাজ নিলেনও সঙ্গে সঙ্গেই এবং বেঁচেও গেলেন।

ম‍্যাথু হামফ্রিজের আর্ম বলে একবার রিভিউ নিয়ে বেঁচে গিয়েছিলেন লিটন। তারই পুনরাবৃত্তি হল যেন মিরাজের ক্ষেত্রে। অ‍্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।

১২৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৪২৯। ১২৭ রানে ব‍্যাট করছেন লিটন, ৪৪ রানে মিরাজ।

20 Nov 2025, 12:40 PM

লিটন-মিরাজের জুটিতে একশ

টানা তিনটি জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে লিটন দাসের জুটিতে একশ এসেছে ১৬৫ বলে।

লেগ স্পিনার গ‍্যাভিন হোয়েকে ছক্কায় ওড়িয়ে জুটির রান তিন অঙ্কে নিয়ে যান লিটন। টেস্টে মিরাজের সঙ্গে এটি তার তৃতীয় একশ রানের জুটি। পঞ্চাশ ছোঁয়া জুটিকে একশতে নিয়ে যাওয়ার ধারাবাহিকতা ধরে রাখলেন তারা।

চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ উইকেটে টেস্টে কেবল তৃতীয়বার শতরানের জুটি দেখল টেস্ট ক্রিকেট। আগের দুটি গড়েছিল ভারত ও পাকিস্তান। টেস্ট কোনো ম‍্যাচে তৃতীয়বার তিন উইকেটে শতরানের জুটি পেল বাংলাদেশ।

১২৬ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৪১৬। ১৮৪ বলে তিন ছক্কা ও আট চারে লিটনের রান ১১৯। এক ছক্কা ও দুই চারে মিরাজের রান ৩৯।

20 Nov 2025, 12:32 PM

রিভিউ নিয়ে বাঁচলেন লিটন

বাঁহাতি স্পিনার ম‍্যাথু হামফ্রিজের আর্ম বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে টিকে গেলেন লিটন দাস।

উইকেট থেকে বেশ টার্ন পাচ্ছেন আইরিশ স্পিনাররা। সেই বাড়তি টার্নের জন‍্যই বেঁচে গেলেন লিটন। হামফ্রিজের বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে।

পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু বলের লাইনে যেতে পারেননি তিনি। আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেন।

১২৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৯৭। ১০৫ রানে ব‍্যাট করছেন লিটন। ৩৪ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ।

20 Nov 2025, 11:40 AM

বাংলাদেশের আরেকটি ভালো সেশন

মিরপুর টেস্টে আরও একটি ভালো সেশন কাটল বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিকুর রহিম। শেষ দিকে তিন অঙ্ক স্পর্শ করলেন লিটন দাস।

লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় ১২০ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৮৭। ১৬২ বলে দুই ছয় ও সাত চারে ১০৩ রানে ব‍্যাট করছেন লিটন দাস। ৭৮ বলে একটি করে ছক্কা ও চারে ৩০ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ।

তাদের জুটিতে ১৩১ বলে এসেছে ৭৭ রান। এর আগে পঞ্চাশ স্পর্শ করা তাদের দুটি জুটিই যায় তিন অঙ্কে।

মুশফিকের উইকেট হারিয়ে প্রথম সেশনে ৩০ ওভারে ৯৫ রান করেছে বাংলাদেশ।

উইকেটে স্পিনারদের জন‍্য বেশ সহায়তা রয়েছ। কিন্তু সেটা ঠিকঠাক কাজে লাগাতে পারছেন না ম‍্যাথু হামফ্রিজ, অ‍্যান্ডি ম‍্যাকব্রাইনরা।

20 Nov 2025, 11:31 AM

দায়িত্বশীল ব‍্যাটিংয়ে লিটনের সেঞ্চুরি

সাবলীল ব‍্যাটিংয়ে এগিয়ে যাওয়া লিটন প্রথম সেশনেই স্পর্শ করলেন সেঞ্চুরি, তার ক‍্যারিয়ারের পঞ্চম।

লেগ স্পিনার গ‍্যাভিন হোয়েকে চার মেরে ১৫৮ বলে তিন অঙ্কে যান লিটন। দিনের দ্বিতীয় ওভারে তিনি ছুঁয়েছিলেন পঞ্চাশ।

ভালো বল হয়ে দেখেশুনে খেলছেন, বাজে বল পেলে চার বা ছক্কা মারছেন। বোলারদের চেপে ধরার সুযোগ দিচ্ছেন না লিটন। মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েছেন চমৎকার জুটি।

১১৬ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৮২ রান। ১৫৮ বলে দুই ছক্কা ও সাত চারে লিটনের রান ১০২। ৫৮ বলে একটি করে ছক্কা ও চারে মেহেদী হাসান মিরাজের রান ২৬।

20 Nov 2025, 11:02 AM

লিটন-মিরাজের জুটিতে পঞ্চাশ

মুশফিকুর রহিমের বিদায়ের পর বাংলাদেশকে টানছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৭৫ বলে।

শুরু থেকেই সাবলীল লিটন। অনায়াসে এগিয়ে যাচ্ছেন তিনি। দায়িত্বশীল ব‍্যাটিংয়ে তাকে সঙ্গ দিচ্ছেন মিরাজ।

উইকেটে স্পিনারদের জন‍্য সহায়তা বাড়ছে। টার্ন ও অসমান বাউন্সের সঙ্গেও লড়[ই করতে হচ্ছে ব‍্যাটসম‍্যানদের।

১১১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৬১। ১৪৫ বলে লিটনের রান ৮৮। ৪১ বলে মিরাজের রান ২১।

20 Nov 2025, 10:52 AM

আয়ারল‍্যান্ডের ব‍্যর্থ রিভিউ

এলবিডব্লিউর রিভিউ নিয়ে ব‍্যর্থ হল আয়ারল‍্যান্ড। সফরকারীরা হারাল দ্বিতীয় রিভিউ, বাকি থাকল একটি।

ম‍্যাথু হামফ্রিজের অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে ঠেকান লিটন দাস। তিনি কোনো শট না খেলায় রিভিউ নেন অ‍্যান্ডি বালবার্নি।

বল ট্র‍্যাকিং অনুযায়ী, অফ স্টাম্পের বেশ বাইরে এবং উপর দিয়ে বেরিয়ে যেত বল।

১০৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৫৫।

20 Nov 2025, 10:38 AM

প্রথম ঘণ্টায় ৫৭ রান

মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে প্রথম ঘণ্টায় ১৬ ওভারে ৫৭ রান যোগ করেছে বাংলাদেশ। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে রান আসছে বেশ দ্রুত।

পানি বিরতির সময় ১০৬ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৪৯। ১২৬ বলে এক ছক্কা ও ছয় চারে ৮০ রানে ব‍্যাট করছেন লিটন। ৩০ বলে একটি করে ছক্কা ও চারে মিরাজ খেলছেন ১৭ রানে।

লিটন ও মিরাজের জুটিতে ৪৭ বলে এসেছে ৩৯ রান।

20 Nov 2025, 10:15 AM

মুশফিকের বিদায়ে ভাঙল জুটি

ম‍্যাথু হামফ্রিজ বেশ ভোগাচ্ছিলেন মুশফিকুর রহিমকে। বাঁহাতি স্পিনারের বলেই ক‍্যাচ দিয়ে ফিরলেন তিনি।

টার্ন ও বাউন্স সামলাতে পিছিয়ে গিয়ে খেলেন মুশফিক। কিন্তু পুরোপুরি বলের লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় দ্বিতীয় স্লিপে। সেখানে কোনো ভুল করেন অ‍্যান্ডি বালবার্নি। ভাঙে ২১০ বল স্থায়ী ১০৮ রানের জুটি।

ক‍্যাচ নেওয়ার পর ছুটে গিয়ে মুশফিকের সঙ্গে করমর্দন করেন বালবার্নি। পল স্টার্লিংসহ অন‍্যরাও শততম টেস্টে শতরান করা মুশফিককে অভিবাদন জানান।

২১৪ বলে পাঁচ চারে ১০৬ রান করেন মুশফিক।

৯৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩১৫। ক্রিজে লিটন দাসের সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

20 Nov 2025, 09:57 AM

মুশফিক-লিটনের জুটিতে একশ

টেস্টে নিজেদের ২৬ জুটিতে ১৩ বার অন্তত পঞ্চাশ ছুঁয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। আরও একবার তাদের জুটিতেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ম‍্যাথু হামফ্রিজের ওভারে লিটনের চারে জুটির রান স্পর্শ করেছে একশ, ১৮৭ বলে।

টেস্টে এটি মুশফিক ও লিটনের সপ্তম শতরানের জুটি। সর্বোচ্চ ২৭২।

৯৫ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩০৫। ১৯৯ বলে মুশফিকের রান ১০১। ১০৪ বলে লিটনের রান ৫৮।

20 Nov 2025, 09:47 AM

শততম টেস্টে মুশফিকের সেঞ্চুরি, লিটনের পঞ্চাশ

বাঁহাতি স্পিনার ম‍্যাথু হামফ্রিজের করা দিনের প্রথম ওভার মেডেন খেললেন মুশফিকুর রহিম। জর্ডান নিলের পরের ওভারের প্রথম বলে লিটন দাস সিঙ্গেল নিয়ে স্ট্রাইক পান তিনি।

প্রথম বল ডট খেলেন মুশফিক। পরের বলে সিঙ্গেল নিয়ে পৌঁছান তিন অঙ্কে। টেস্টে এটি তার ত্রয়োদশ সেঞ্চুরি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় মুমিনুল হকের রেকর্ড স্পর্শ করলেন তিনি।

একাদশ ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন মুশফিক। ১৯৬৮ সালে প্রথম এই কীর্তি গড়েন ইংল‍্যান্ডের কলিন কাউড্রে। একমাত্র রিকি পন্টিং সেঞ্চুরি করেন দুই ইনিংসেই।

এই তালিকায় মুশফিকের আগের সবশেষ দুই জন জো রুট এবং ডেভিড ওয়ার্নার করেন ডাবল সেঞ্চুরি।

পরের বলে চার মেরে ক‍্যারিয়ারের ২০তম ফিফটিতে পৌঁছান লিটন দাস।

৯২ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২৯৯। ১৯৫ বলে পাঁচ চারে ১০০ রানে খেলছেন মুশফিক। ৯০ বলে তিন চারে ৫৩ রানে ব‍্যাট করছেন লিটন।

20 Nov 2025, 09:22 AM

মুশফিকের সেঞ্চুরির অপেক্ষায় বাংলাদেশ

নিজের শততম টেস্ট সেঞ্চুরি দিয়ে রাঙানোর দুয়ারে মুশফিকুর রহিম। তিন অঙ্ক ছুঁতে কেবল ১ রান চাই অভিজ্ঞ এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের। 

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ। 

১৮৭ বলে পাঁচ চারে ৯৯ রানে ব‍্যাট করছেন মুশফিক। ৮৬ বলে ২ চারে ৪৭ রানে ব‍্যাট করছেন লিটন দাস। তাদের জুটিতে ১৬০ বলে এসেছে ৯০ রান।

প্রথম তিন ব‍্যাটসম‍্যান সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক ভালো শুরু পেলেও কেউই ইনিংস বড় করতে পারেননি। দুই অঙ্ক ছুঁতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মুমিনুলের সঙ্গে শতরানের জুটিতে দলকে টানেন মুশফিক। পরে লিটনের সঙ্গে গড়েন আরেকটি চমৎকার জুটি। 

প্রথম দিন বাংলাদেশের চার উইকেটের সবকটি নেন অফ স্পিনার অ‍্যান্ডি ম‍্যাকব্রাইন।

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ২৯২/৪ (জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ৯৯*, লিটন ৪৭*; নিল ৮-০-৩৭-০, ক‍্যাম্ফার ৮-০-২৮-০, ম‍্যাকব্রাইন ২৬-২-৮২-৪, হামফ্রিজ ২৬-০-৮৩-০, হোয়ে ১৯-১-৪৮-০, টেক্টর ৩-০-১০-০)