19 Dec 2025, 11:24 AM
রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যালয়
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার রাত দেড়টা থেকে নগরের কুমারপাড়ায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়টি এস্কেভেটরের দিয়ে ভাঙা শুরু হয়। ভোর ৪টার দিকে সেটি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়।
জানতে চাইলে রাজশাহী মহানগর এনসিপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেন, “আমরা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছি। সিটি করপোরেশনকে বলা হয়েছে সেখান থেকে ধ্বসংস্তুপ সরিয়ে নিতে।”
প্রত্যক্ষদর্শীরা বলছে, বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর জুলাই-৩৬ মঞ্চ, এনএসিপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভকারীরা জড়ো হয়ে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেয়। পরে তারা মিছিল নিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরাও এ সময় তাদের সঙ্গে যোগ দেন। পরে রাস্তার ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।
এ সময় ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘হাদি ভাই মরলো কেন, ইন্টেরিম জবাব দে’, ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’- স্লোগান দেয় আন্দোলনকারীরা।
19 Dec 2025, 10:37 AM
যাত্রাবাড়ী ফ্লাইওভার বন্ধ ছিল সাড়ে ৪ ঘণ্টা
ওসমান হাদির মৃত্যুর খবরে যাত্রাবাড়ী চৌরাস্তায় অবরোধের মুখে সাড়ে চার ঘণ্টার মত বন্ধ ছিল সেখানকার ফ্লাইওভার।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভ্যাব্য সংসদ সদস্য পদ প্রার্থী হাদির মৃত্যুর খবর শুনে রাত সাড়ে ১১টার দিকে সড়কে নেমে আসেন শত শত মানুষ। এ সময় যাত্রাবাড়ী চৌরাস্তার চারদিকে ব্যারিকেড ও মাঝে আগুন ধরিয়ে চক্রাকারভাবে দাঁড়িয়ে স্লোগান দেওয়া হয়।
এসময় ঢাকা-চট্টগ্রাম পথে আটকা পড়ে দূর পাল্লার বাস, কভার্ড ভ্যান ও মাল বোঝাই ট্র্যাক। রাত ৪টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছাড়লে যান চলাচল শুরু হয়। অবশ্য ফ্লাইওভারের উপরে থাকা যানবাহনের একটি অংশ ডেমরা পয়েন্টের টোল প্লাজা দিয়ে নেমে যেতে পারে। এই সড়ক দিয়ে ঢাকা থেকে বের হতে সমস্যায় পড়তে হয়নি।
19 Dec 2025, 10:25 AM
হাদি ছিলেন লড়াকু তরুণ কণ্ঠস্বর: ইসি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
এক শোকবার্তায় সংস্থাটি বলেছে, শরীফ ওসমান হাদি ছিলেন দেশের একনিষ্ঠ ও লড়াকু তরুণ কণ্ঠস্বর।
প্রয়াতের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছে ইসি।
19 Dec 2025, 08:29 AM
ওসমান হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
বৃহস্পতিবার রাতে পাঠানো শোকবার্তায় প্রধান বিচারপতি বলেন, ওসমান হাদির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারাল।
প্রধান বিচারপতি ও বিচার বিভাগের তরফে প্রয়াতের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
19 Dec 2025, 06:29 AM
ছায়ানটে কক্ষে কক্ষে ঢুকে ভাঙচুর, তছনছ
ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে বাঙালি সংস্কৃতি চর্চার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা ও ব্যাপক ভাঙচুর করা হয়েছে; দেওয়া হয়েছে আগুন।
বৃহ্স্পতিবার মধ্যরাতের পর একদল বিক্ষোভকারী ধানমন্ডির সাততলা এ ভবনের বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর করেছে।
তাদের ক্ষোভের বলি হয়েছে বিভিন্ন তলায় থাকা বাদ্যযন্ত্র ও শিল্প কর্ম। এর পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে থাকা কাগজপত্র ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা গেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভের ভিডিওতে।
মুখ কাপড় দিয়ে ঢেকে রেখে ও হেলমেট পরে আসা হামলাকারীরা বিভিন্ন তলায় ভাঙচুর শেষে চলে যাবার সময় ভবনের সামনে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিস কর্মীরা আসার আগেই সেই আগুন নিভে যাওয়ায় বড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় বাঙালির সাংস্কৃতিক জাগরণের নেতৃত্ব দেওয়া সংগঠনটি।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির মৃত্যুর খবর আসার পর শাহবাগসহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে ক্ষোভ বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে হামলার খবরের মধ্যে একদল বিক্ষোভকারী রাত ১টার পর জড়ো হতে থাকেন ধানমন্ডির শংকরে ছায়ানটের সামনে।
ঐতিহ্যবাহী এ ভবন ও সাংস্কৃতিক ইনস্টিটিউটে হামলার বিভিন্ন ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা দলে দলে সেখানে ঢুকে পড়ে ভাঙচুর চালাতে শুরু করে। তারা সংগঠনের নামফলক ভেঙে ফেলে। নিচ তলায় গিয়ে সব আসবাবপত্র ও বাদ্যযন্ত্র ভেঙে ফেলে।
চানেলে টোয়েন্টিফোরের লাইভ ভিডিওতে তিন তলা পর্যন্ত প্রায় প্রতিটি কক্ষ ভেঙে চুরমার করার চিত্র দেখা যায়। মিলনায়তনে হামলাকারীর যা পেয়েছেন সেটিই ভাঙচুর করেছেন। পুরো মনিটরিং সিস্টেম, লাইট ও ফ্যান ভেঙে ফেলা হয়েছে। সেখানে থাকা মাটির তৈরি চারুকর্ম ও শিল্প কর্ম ভেঙে ফেলা হয়েছে।
ভবনটিতে ঢুকে পড়া ব্যক্তিদের ক্ষোভের বলি হয়েছে প্রতিটি তলায় থাকা সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং সেখানে পরিচালিত বিদ্যালয়ের সবগুলো কক্ষ ও অফিস রুম। বেশির ভাগ আসবাব ভেঙে ফেলা হয়েছে। কাগজপত্র ও সরঞ্জাম তছনছ করা হয়েছে।
এ ঘটনার ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ভাঙচুরের সময় হামলাকারীদের বলতে শোনা যায় ‘ভারতীয় সংস্কৃতি চর্চার’ কোনো জায়গা নেই বাংলাদেশে।
ভিডিওতে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষও বাদ যায়নি। আলমারির গ্লাস ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। চেয়ার-টেবিল সব ওলট পালট করা হয়েছে। ফ্যান ও জানালাও ভাঙচুর করা হয়েছে।
ধানমন্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা মিথুন সিংহ বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও আগুন দেওয়ার কিছু পরেই ছায়ানটে হামলার ঘটনা ঘটে।
পুলিশের ধারণা বিক্ষোভকারীদের একই অংশ এ দুই হামলা চালিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ হামলার পর ছায়ানট ভবনে পরিচালিত ‘ছায়ানট সঙ্গীতবিদ্যায়তনের’ ক্লাসসহ সংগঠনের সব কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রাত সাড়ে ৩টার দিকে ছায়ানটের ফেইসবুকে পেইজে এ ঘোষণা দেওয়া হয়।
বাঙালিকে আপন সংস্কৃতি ও দেশীয় বৈশিষ্ট্যে স্বাধীনসত্তায় বিকশিত হতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ১৯৬১ সালে প্রতিষ্ঠিত ছায়ানট এর আগে প্রাণঘাতি হামলার মুখেও পড়েছে।
পাকিস্তানি শাসকদের বাধা উপেক্ষা করে ১৯৬১ সালে রবীন্দ্রজন্মশতবর্ষ উদযাপন এবং তার সূত্র ধরে পরে সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের জন্ম। প্রতি বছর বাংলা নববর্ষে রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠান করে এটি পরিচিতি পেয়েছে।
বর্ষবরণেই সেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটিই ২০০১ সালে ভয়াবহ এক বোমা হামলার শিকার হয়। এতে প্রাণ য়ায় ১০ জনের এবং আহত হন বেশ কয়েকজন।
এরপরও দমে যায়নি ছায়ানট; সাংস্কৃতিক অঙ্গন ও সংগীতের দুই পুরোধা ওয়াহিদুল হক ও সন্জীদা খাতুনের নেতৃত্বে এগিয়ে যায় সাংস্কৃতিক কর্মকাণ্ড।
এদিন রাতের হামলার পর সংগঠনটির সদস্য, ছাত্র ও শুভাকাঙ্খীরা সোশাল মিডিয়ায় সরব হয়ে বলেছেন, এ আঘাতেও তাদের কর্মকাণ্ড বন্ধ হবে না।
19 Dec 2025, 06:00 AM
ডেইলি স্টারের ছাদে একদল সংবাদকর্মীর রুদ্ধশ্বাস ৩ ঘণ্টা
ওসমান হাদির মৃত্যুর খবরে কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের পর ছাদে আটকা পড়া একজন সাংবাদিক তার রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন।
তিনি জানান, প্রথম আলো কার্যালয়ে হামলা অগ্নিসংযোগের পর উন্মুত্ত জনতার একাংশ যখন ডেইলি স্টার ভবনের দিকে অগ্রসর হয়, তখন বাইরে থেকে একজন ফোনে তাদের সেই খবর দেন।
খবর পেয়ে ডেইলি স্টারের বার্তা কক্ষে থাকা কর্মীরা নেমে আসার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে ভবনের নিচে ‘মব’ এসে ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে আগুন দেয়।
ওই অবস্থায় ধোঁয়ার মধ্যে নিচে নামার চেষ্টা বাদ দিয়ে সংবাদকর্মীদের একটি অংশ উঠে যান দশ তলার ছাদে।
ওই সাংবাদিক বলেন, সব মিলিয়ে তারা মোট ২৮ জন ছিলেন। ভীষণ উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্যে ছিলেন সবাই।
কিছুক্ষণ পর ভবনের ক্যান্টিন বয় সাহস করে ছাদ থেকে ভবনের বাইরের ফায়ার এক্সিটের মই বেয়ে নেমে যান। কিন্তু নামার পর তিনি মবের কবলে পড়েন এং মারধরের শিকার হন। ওই ঘটনা দেখে অন্যরা আর কেউ মই বেয়ে নামার সাহস করেননি।
এক পর্যায়ে ফায়ার সার্ভিস এসে নিচতলার আগুন নেভায় এবং চারজন ফায়ারম্যান ছাদে উঠে আসেন আটকা পড়া কর্মীদের নামিয়ে নেওয়ার জন্য। কিন্তু নিচে উন্মুত্ত জনতার ভাঙচুর চলতে থাকায় কেউ নামার সাহস পাচ্ছিলেন না। তারা ছাদের দরজা বন্ধ করে দেন।
ফায়ার সর্ভিসের কর্মীরা সাহস দিয়ে বলছিলেন, নিচে সেনাবাহিনী আছে, ভয়ের কিছু নেই। কিন্তু কিছুক্ষণ পর হামাকারীদের কয়েকজন ছাদে উঠে এসে দরজায় ধাক্কা দেওয়া শুরু করলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখন ছাদে থাকা ফায়ার সার্ভিসের চার কর্মীও ভড়কে যান।
আটকা পড়া সংবাদকর্মীরা ছাদে থাকা টব জড়ো করে দরজা আটকে রাখার চেষ্টা করেন। তাদের সময় কাটতে থাকে আতঙ্কের মধ্যে।
এক পর্যায়ে সম্পাদক পরিষদের সভাপতি, নিউ এইজ সম্পাদক নূরুল কবীর এবং আলোকচিত্রী শহিদুল আলম ডেইলিস্টার ভবনের নিচে এসে হামলাকারীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু সেখানে নূরুল কবীর উল্টো হেনস্তার শিকার হন।
পরে ভবনের নিচে থাকা সেনা সদস্যরা কৌশল করে এক পাশের সিঁড়ি ছেড়ে দেন। হামলাকারীরা তখন ওই পাশ দিয়ে উপরে উঠে ভাঙচুর-লুটপাট শুরু করে।
এই ফাঁকে ছাদে এবং ভবনে আটকা পড়া ডেইলি স্টার কর্মীদের ফায়ার এক্সিটের সিঁড়ি দিয়ে নামিয়ে এনে পেছন দিক দিয়ে বের করে দেওয়া হয়। ততক্ষণে ভোর পৌনে ৪টা বেজে গেছে।
ডেইলি স্টারের ওই সাংবাদিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কপাল ভালো, আজ বড় বিপদ থেকে বেঁচে গেছি। জানি না দেশ কোন দিকে যাচ্ছে।”
19 Dec 2025, 05:28 AM
শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ও ডেইলি স্টার: বিবিসি বাংলার খবর
হামলার কারণে কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা শুক্রবার প্রকাশ হচ্ছে না বলে খবর দিয়েছে বিবিসি বাংলা।
পত্রিকা দুটির শীর্ষ কর্মকর্তাদের বরাতে বিবিসি বাংলা লিখেছে, সংবাদমাধ্যম দুটির অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ হয়ে গেছে।
“তারা জানিয়েছেন, রাতে আকস্মিকভাবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর কর্মীদের সবাইকে দ্রুত অফিস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ অবস্থায় পত্রিকা অফিসের যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
“ফলে শুক্রবার ছাপা পত্রিকা বের করা সম্ভব হচ্ছে না। এছাড়া আপাতত অনলাইন স্থবির হয়ে পড়েছে,” লিখেছে বিবিসি বাংলা।
19 Dec 2025, 05:21 AM
ডেইলি স্টারে আগুন, ছাদে আটকা পড়েন অনেক সাংবাদিক
রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের পর অনেক কর্মী ছাদে আটকা পড়েন।
পত্রিকাটির সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম এক ফেইসবুক পোস্টে বলেন, "আমি আর শ্বাস নিতে পারছি না। অনেক ধোঁয়া। আমি ভেতরে। তোমরা আমাকে মেরে ফেলছো।"
ধোঁয়ার মধ্যে ছাদে উঠে আটকা পড়া একজন সংবাদকর্মী বলেন, চারজন ফায়ারম্রান তাদের নামানোর জন্র উপ উঠতে পারলেও পর তারাও আটকা পড়েন।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাইরে উপস্থিত থাকলেও তারা সক্রিয় ভূমিকা পালন করেননি বলে অভিযোগ করেন পত্রিকার সংবাদকর্মীরা।
19 Dec 2025, 05:13 AM
ছায়ানটের সকল কার্যক্রম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত
19 Dec 2025, 05:07 AM
সহিংসতা পরিহার করার আহ্বান ইনকিলাব মঞ্চের
ওসমান হাদির মৃত্যুর পর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের মধ্যে সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার গভীর রাতে এক ফেইসবুক পোস্টে ইনকিলাব মঞ্চ বলেছে, “ভাঙচুর আর আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে তারা মূলত বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করতে চায়। ৩২ আর ৩৬ এক জিনিস না এইটা আপনাদের বুঝতে হবে।
“আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে পারলে কার কার লাভ সেটা একবার ভেবে দেখুন!”
ফেইসবুক পোস্টে বলা হয়, “বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করুন। সহিংসতা পরিহার করুন।”
19 Dec 2025, 05:03 AM
রাজশাহীতে ‘গুঁড়িয়ে দেওয়া হয়েছে’ আওয়ামী লীগের পার্টি অফিস
ওসমান হাদির মৃত্যুর খবরে বিক্ষোভের মধ্যে রাজশাহীতে আওয়ামী লীগের পার্টি অফিস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার খবর দিয়েছে সময় টিভি।
19 Dec 2025, 04:56 AM
শাহবাগ মোড়ে ডাকসু নেতাদের অবস্থান
শরীফ বিন ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
হাদির মৃত্যুর খবরের পর বিক্ষোভ মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্র ইউনিয়নের নেতাকর্মীও বিক্ষোভ করেন।
এক পর্যায়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ ইসলামসহ অনেকে সেখানে যোগ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি সাদিক কায়েম ছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শাহবাগে সমবেত হন।
19 Dec 2025, 04:55 AM
ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ বিন ওসমান হাদি হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একদল মানুষ।
বৃহস্পতিবার রাত ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের কলেজ মোড় এলাকায় গিয়ে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে আটকে দেয়। মধ্যরাতের পরও মহাসড়কে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা।
আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্মআহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি, সদস্য সচিব রাইয়ান বিন কামাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হাসান, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও অফিস সম্পাদক মাহমুদুল হাসান বুলবুলকেও দেখা গেছে।
19 Dec 2025, 04:55 AM
জামালপুরে বিক্ষোভ মিছিল
শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার রাতে স্থানীয় দয়াময়ী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়; শেষ হয় বকুলতলা চত্বরে গিয়ে।
পরে বকুলতলা চত্বরে জেলা আওয়ামী লীগের কার্ালয়ের সামনে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়ক মীর ইসহাক হাসান ইখলাস, যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরনবী ইসলাম নুর, ছাত্র অধিকার পরিষদ জামালপুর শহর শাখার আহ্বায়ক শাকিল হাসান ও শহর শাখার সদস্য সচিব মো. রাকিব বক্তব্য দেন।
এদিন রাতে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহরের ফৌজদারি চত্বরে সড়কের উপর টায়ার জালিয়ে বিক্ষোভ মিছিল করেন।
19 Dec 2025, 04:54 AM
তিন স্থানে অবরোধ বরিশালে
শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের তিন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে, হাতেম আলী কলেজ চৌমাথা ও বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এ অবরোধ শুরু হয়। এ সময় তারা ভারত ও আওয়ামী লীগ বিরোধী স্লোগান দেয়। পৌনে এক ঘণ্টার মতো সড়ক অবরোধ করায় তিন এলাকাতেই শত শত যানবাহন আটকা পড়ে।
19 Dec 2025, 04:54 AM
শাবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়; শেষ হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা 'ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ', 'উই আর হাদি’, 'দিল্লি না হাদি, হাদি হাদি', ‘তুমি কে আমি কে, হাদি-হাদি', 'আমার ভাই কবরে, খুনি কেন ভারতে', 'হাদি ভাইকে হামলা করে, ইন্টেরিম কী করে’, 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাদ দে’ বলে স্লোগান দেয়।
19 Dec 2025, 04:53 AM
পুরান ঢাকার তাঁতিবাজারে অবরোধ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর প্রতিবাদে পুরান ঢাকার তাঁতীবাজার অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাত ১১টায় এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে মিছিল নিয়ে রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতিবাজার মোড়ে অবস্থান নেন।
নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের অনেক ছাত্রীও মিছিলে যোগ দেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক নুর মোহাম্মদ বলেন, “এ বাংলার ভুখণ্ডে যারাই আধিপত্যবাদবিরোধী আন্দোলন করেছে, প্রত্যেকটা মুখ বন্ধ করে দেওয়া হয়েছে।”
19 Dec 2025, 04:51 AM
ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর-আগুন
ওসমান হাদির মৃত্যুর খবরে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে ঢাকার ধানমন্ডিতে ছায়ানট ভবনেও হামলা হয়েছে।
রাত ১টার পর একদল লোক পেছনের দরজা ভেঙে ঢুকে সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরে ভবনে আগুন দেওয়া হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
19 Dec 2025, 04:45 AM
ধানমন্ডি ৩২ এ আগুন, ভাঙচুর
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের পর একদল লোক ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে আবারও হামলা চালিয়েছে।
আনুমানিক রাত দেড়টার দিকে একদল লোক বিভিন্ন স্লোগান দিতে দিতে সেখানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এর আগে ২০২৪ সালের ৫ অগাস্ট সরকার পতনের পর ৩২ নম্বরে একদফা ভাঙচুর-অগ্নিসযোগ করা হয়।
এরপর আওয়ামী লীগের সরকার পতনের ছয়মাস পূর্তির দিন ৫ ফেব্রুয়ারি ভেকু নিয়ে গিয়ে বঙ্গবন্ধুর বাড়ির বড় একটি অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।
19 Dec 2025, 04:39 AM
ডেইলি স্টারের সামনে নিউ এইজ সম্পাদক নূরুল কবীর নাজেহাল
রাজধানীর ফার্মগেটে ইংরেজি দৈনিক ডেইলি স্টার ভবনের সামনে একদল ব্যক্তির হাতে নাজেহাল হয়েছেন নিউ এইজ সম্পাদক নূরুল কবীর।
বৃহস্পতিবার রাতে একদল বিক্ষোভকারী ডেইলি স্টারে ভাংচুর ও আগুন দিলে সেখানে যান সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের নির্বাহী কমিটির সভাপতি নূরল কবীর। সেখানে হামলাকারীদের থামাতে গিয়ে তাদের তোপের মুখে পড়েন তিনি।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেগুলোতে দেখা যায়, তাকে ভিড়ের মধ্যে ধাক্কা দিচ্ছেন এক যুবক। ‘আওয়ামী লীগের দালাল’ বলে গালিও দেওয়া হয়। তাকে ধাক্কা দেওয়ার সময় একজনকে তার চুল টানতেও দেখা যায়।
19 Dec 2025, 04:37 AM
চট্টগ্রামে সাবেক মেয়র মহিউদ্দিনের বাসায় আগুন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ থেকে সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসায় আগুন দিয়েছে একদল মানুষ।
বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে নগরীর ষোলশহর এলাকায় চশমা হিলের মেয়র গলিতে যান তারা।
বাড়িটিতে থাকতেন প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, হাদির মৃত্যুর খবর আসার পর ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। সেখান থেকে এক দল লোক গিয়ে চশমা হিলের বাসায় ভাংচুর চালায়।
পরে তারা ভবনের সামনে খালি জায়গায় রাখা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, বাসার সামনে একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার খবর পেয়ে বায়েজিদ স্টেশনের একটি গাড়ি রওনা করে। বিক্ষোভের কারণে সেটা পৌঁছাতে পারছে না।
হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ষোলশহর দুই নম্বর গেইট মোড়ো জড়ো হতে থাকে বিক্ষুব্ধরা।
সেখান থেকে একদল খুলশীতে ভারতীয় সহকারি হাই কমিশন অফিসের দিকে রওনা করে। অপর একটি দল নগরীর ষোলশহর চশমা হিলের মেয়র গলিতে বিক্ষোভ দেখায়।
19 Dec 2025, 04:35 AM
প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগ
হামলা-ভাঙচুরের পর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের দুটো ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
পরে ডেইলি স্টার কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেওয় হয়।
বর্তমানে ঘটনাস্থলে সেনাসদস্যরা উপস্থিত রয়েছেন। তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। রাত পৌনে ২টার দিকে ডেইলি স্টারের আগুন নিয়ন্ত্রণে এলেও নিচে আগুন জ্বলতে দেখা যাচ্ছিল।
19 Dec 2025, 04:31 AM
প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর
হাদির মৃত্যুর খবরে শাহবাগ অবরোধের পর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে প্রথমে প্রথম আলো কার্যালয়ে হামলা হয়। সেখানে ব্যাপক ভাঙপুর চলে।
পরে হামলাকারীদের একটি অংশ যায় রাস্তার উল্টো দিকে ডেইলিস্টার কার্যালয়ে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া লাইভ ভিডিওতে লাঠিসোঁটা নিয়ে হামলা, ভাঙচুর করতে দেখা যায়।
19 Dec 2025, 04:28 AM
হাদির মৃত্যুতে তারেক: ‘সুদূরপ্রসারী নীলনকশা বাস্তবায়ন করতেই এ রক্তপাত’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার এক শোকবার্তায় হাদির আত্মার মাগফেরাত এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু দুর্বৃত্ত চক্র পরিকল্পিতভাবে দেশব্যাপী খুন, জখম চালাচ্ছে। কোনো সুদুরপ্রসারী নীলনকশা বাস্তবায়নের জন্যই এই রক্তপাত। গণতন্ত্র ও দেশের যারা শত্রু, তারাই শরিফ ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করার পর আজ সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।“
এই ‘নিবেদিত তরুণ’ রাজনীতিকের হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
19 Dec 2025, 04:27 AM
ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম বদলে হাদির নাম দিলেন হল সংসদ নেতারা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পাল্টে ‘শহীদ ওসমান হাদি হল’ নামে পোস্টার লাগিয়ে দিয়েছেন হল সংসদ নেতারা।
বৃহস্পতিবার রাতে শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর ক্যাম্পাসে ব্যাপক বিক্ষোভের মধ্যে হল সংসদের নেতারা হলের নতুন এ নাম দেন।
মধ্যরাতেই তারা হাদির নামে হলের নামকরণের পোস্টার হলের সামনে লাগিয়ে দেন।
19 Dec 2025, 04:26 AM
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ভারতীয় সহকারি হাই কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শেষ হওয়ার পর আরেকটি পক্ষ গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।
পরে পুলিশ কাঁদুনে গ্যাস ও লাঠিপেটা করে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে রাত ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি শেষ করে ফিরে যায়।
এর কিছুক্ষণ পর আরেকটি মিছিল নিয়ে লোকজন ভারতীয় সহকারি হাইকমিশনের সামনে জড়ো হয়। এক পর্যায়ে পুলিশ তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা যায়নি।
প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, এর ৫ থেকে ৭ মিনিট পর অবস্থানকারীরা ভারতীয় সহকারি হাইকমিশন কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করে।
একপর্যায়ে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। পরে পুলিশ তাদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে তারা আশপাশের গলিতে ঢুকে পড়ে।
এসময় পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিলে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর খুলশী এলাকায় কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা।
এই কর্মসূচির খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নিয়েছিল। শুরুতে একবার বিক্ষোভকারীদের সরিয়ে দিলেও পরে তারা আবার জড়ো হয়।
হাদির মৃত্যু খবর প্রকাশের পরপরই রাত পৌনে ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। অন্যদিকে বিক্ষুব্ধ ছাত্র জনতার আরেকটি পক্ষ নগরীর ২ নম্বর গেটে অবস্থান নিয়েছিল।
খুলশীতে ভারতীয় সহকারি হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেয়ারা হাদির মৃত্যুর প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দিতে থাকে। পরে সেখানে পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে তাদের কিছুটা দূরে সরিয়ে দেয়।
নগরীর খুলশী থানার ওসি শাহিন আলম তখন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, যারা হাইকমিশনের সামনে অবস্থান নিয়েছিলেন তাদের সরিয়ে দেয়া হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা সেখানে আছে।
পরে বিক্ষুব্ধরা আবার জড়ো হয়। এসময় তারা ভারতীয় সহকারি হাইকমিশনের সামনের সড়কে অবস্থান নেয়।
বিক্ষোভকারীদের অবস্থানের কারণে এক পর্যায়ে উভয়মুখী সড়কটির জিইসিমুখী অংশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন বিপরতীমুখী সড়কটি দিয়ে দুই দিকের গাড়িই চলছিল।
এসময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকে- 'ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও', 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর', 'আমরা সবাই হাদি হবো, গুলির মুখে লড়ে যাবো', 'আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না', 'ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ', 'হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দিবো না', 'নায়ারে তাকবির আল্লাহু আকবর'।
বিক্ষোভকারীরা বারবার ওই সড়কে মিছিল করছিল। কাছেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে ছিল।
রাত সাড়ে ১২টায় খুলশী থানার ওসি শাহিন আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুরুতে যারা জড়ো হয়েছিলেন তাদের সরিয়ে দেয়ার পরও আরো লোকজন এসে এখানে অবস্থান নেন। আমরা আছি।"
পরে রাত ঠিক ১২টা ৫৫ মিনিটে বিক্ষোভকারীরা ভারতীয় সহকারি হাইকমিশনের সামনের সড়ক থেকে অবস্থান কর্মসূচি শেষ করে চলে যান। এরপর সেখানে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর কিছুক্ষণ পর আবার মিছিল নিয়ে আসে বিক্ষোভকারীরা।
19 Dec 2025, 04:24 AM
মৃত্যুর খবরে প্রতিবেশী-স্বজনরা ছুটে এলেন হাদির বাড়িতে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা তার ঝালকাঠির নলছিটি উপজেলার গ্রামের বাড়িতে ছুটে এসেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার খাসমহল এলাকার বাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে শোকার্ত মানুষের ভিড়। তাদের অনেকেই কাঁদছিলেন।
স্বজন ও প্রতিবেশীদের কেউ কেউ, এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্বজনরা জানান, বৃহস্পতিবার বাড়িতে হাদির এক বোন ছিলেন। সেখানে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তবে পরিবারের সদস্যরা কেউ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
খাসমহল এলাকার বাসিন্দা এক নারী (৩০) বলছিলেন, “হাদির মৃত্যুর খবরে এখানে সবাই শোকাহত। কথা বলার ভাষা নেই। এমন প্রতিবাদী কণ্ঠ নলছিটির গর্ব। এ ঘটনার বিচার না হলে ভবিষ্যতে আর কোনো হাদি জন্ম নেবে না। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সবাইকে জুলাই অভ্যুত্থানের মত ঐক্যবদ্ধ হতে হবে।”
আরেক প্রতিবেশী (৫০) বলছিলেন, “হাদি দ্বীনের কথা বলতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার পরিবার খুব ভাল। এই বাংলার জমিনে হত্যাকারীদের অবশ্যই বিচার হতে হবে। এটাই আমাদের চাওয়া।”
আরেক নারী (৪৫) বলেন, “হাদি আমাদের খাসমহলের সন্তান। সে খুব ভাল ছিল, তার বাবাও ভাল ছিল। আজকে সত্য কথা বলতে গিয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যে তাকে হত্যা করেছে আমরা তার কঠোর বিচার চাই।”
19 Dec 2025, 04:21 AM
হাদির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার তার দপ্তরের দেওয়া এক শোকবার্তায় তিনি হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
19 Dec 2025, 04:19 AM
শুক্রবার দেশে আনা হবে ওসমান হাদির মরদেহ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মরদেহ শুক্রবার সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।
ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে এক বার্তায় জানানো হয়, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে কফিন দেশে আনা হবে। স্থানীয় সময় বিকাল সাড়ে ৩ টা ৫০ মিনিটে ফ্লাইট ছাড়বে, ঢাকায় নামবে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।
সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় ওসমান হাদির জানাজা হবে। মরদেহ দেশে আনার পর শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা হবে।
19 Dec 2025, 04:17 AM
সংযমের আহ্বান ইউনূসের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর সবাইকে ধৈর্য ধারণ ও সংযমের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন, , “দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি–আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।”
অপপ্রচার ও গুজবে কান না দিয়ে যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
19 Dec 2025, 04:16 AM
শনিবার রাষ্ট্রীয় শোক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃতুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর খবর আসার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।
তিনি বলেছেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে নেবে রাষ্ট্র।
19 Dec 2025, 04:16 AM
জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ
19 Dec 2025, 04:15 AM
হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ, ঢাবি ক্যাম্পাসেও বিক্ষোভ
বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর থেকে হাদির মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জুলাই মঞ্চের কর্মী-সমর্থকরা শাহবাগ অবরোধ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা তখন আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে টিএসসির সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও’; ‘হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে’; ‘রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন’–ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন তারা।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সেখানে বলেন, “আজকে আমার কথা বলার মত অবস্থা নেই। দুহাজার মানুষের জীবনের পর আজকেও কেন আমাদের তাকে হারাতে হলো। এ ব্যর্থ ইন্টেরিমের কারণে আজকে হাদীকে শহীদ হতে হয়েছে।”
তিনি বলেন, “পুলিশ জানারও তার হাদির হত্যাকারীরা তার পাশে অবস্থান করছে। রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সব জানত। তারা জানত সবই। তাদের জানার মধ্যেই আজকে আমাদের হাদির শহীদ হতে হল।
“আর যদি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা না জানে, তাহলে তাদের কেন বেতন দেয়া হচ্ছে। আজকে সুশীলরা টকশোতে কথা বলতে বলতে আমাদেরকে হত্যাযজ্ঞ করে তুলেছে।”
বক্তব্য শেষে সবাইকে শপথ করান এবি জুবায়ের। শপথবাক্যে তিনি বলেন, “আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব।”
এদিকে টিএসসি থেকে মিছিল বের করে জাতীয় ছাত্রশক্তি। ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’; ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও, রুখে দাও’; ‘এক হাদি লোকান্তরে, লক্ষ হাদি ঘরে ঘরে’–ইত্যাদি স্লোগান দেন তারা।
19 Dec 2025, 04:14 AM
হাদির মৃত্যু
এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।