০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

১৬ ঘণ্টায় ৭ সমাবেশ, ভোর রাতে বাসার পথে তারেক রহমান

  • ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার চলবে বৃহস্পতিবার থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
  • বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতে সিলেটে শাহজালালের (র.) মাজার জিয়ারতের পর্ব সারেন। বৃহস্পতিবার দুপুরে সেখানকার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তার নির্বাচনি যাত্রা শুরু হয়েছে।
  • দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে জনসভার মধ্য দিয়ে দলের প্রচার কার্যক্রম উদ্বোধন করেছেন।
  • এনসিপির নির্বাচনি প্রচার শুরু ঢাকায় তিন নেতার মাজার ও শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে। 
  • রংপুর থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 
  • ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন।
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সারাদেশে সফর করতে পারেন। নির্বাচনে তিনি প্রার্থী হননি।
  • গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জুলাই শহীদদের জন্য দোয়া আয়োজন ও বাবার কবর জিয়ারত করে মাথাল মার্কার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

23 Jan 2026, 04:54 AM

১৬ ঘণ্টায় ৭ সমাবেশ, ভোর রাতে বাসার পথে তারেক রহমান


নির্বাচনি প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে ভোর রাতে গুলশানের বাসার পথে রওনা  দিয়েছেন তারেক রহমান।
প্রচারের প্রথম দিন বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় শেষ নির্বাচনি সমাবেশটি করেন বিএনপি চেয়ারম্যান।
এদিন বেলা সাড়ে ১২টায় সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম সমাবেশ করেন তারেক রহমান।
এরপর তিনি পর্যায়ক্রমে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলা মাঠে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা মাঠে, ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে ও  নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন।
সিলেট থেকে রওনা দিয়ে টানা ১৬ ঘণ্টা সড়ক পথ ভ্রমণ করেন তারেক রহমান। পথে পথে অনুষ্ঠিত জনসমাবেশগুলোতে ব্যাপক মানুষের উপস্থিতি দেখা যায় গভীর রাত পর্যন্ত।
নারায়ণগঞ্জে তিনি দলের প্রার্থীদের পাশাপাশি জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে সবার জন্য ভোট চান।

23 Jan 2026, 01:32 AM

তারা কী ‘জিনিস’, দেশের মানুষ দেখে নিয়েছে: তারেক রহমান

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মতো এখনও একটি দল ভোট নিয়ে ‘ষড়যন্ত্র করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 
বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জে জেলা বিএনপির নির্বাচনি সমাবেশ তিনি বলেন, “পত্রিকার খবরে এসেছে, প্রবাসে আমাদের যে ভাইয়েরা থাকেন, তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা বলেছিলাম বহু বছর আগে থেকে। এই সরকার সেটা পূরণ করেছে, সব না হলেও অনেকটা করেছে। কিন্তু পত্রিকায় দেখলাম, পোস্টাল ব্যালটটা সরিয়ে ফেলা হচ্ছে।”
কোন দলের নাম উচ্চারণ না করে তারেক রহমান বলেন, “আবার কী ষড়যন্ত্র হচ্ছে? নিরীহ মা-বোন, যারা ভোটার, তাদের এনআইডি নম্বর নিচ্ছে, তাদের ফোন নম্বর নিচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে। 
“যারা এগুলো নিচ্ছে, তারা কারা, জানেন? এরা একাত্তর সালে আমরা যে দেশ স্বাধীন করেছিলাম, তখন তাদের একটা ভূমিকা ছিল। কী ভূমিকা ছিল? এরা তখন দেশের বিপক্ষে, দেশের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাদের কারণে দেশের লাখ লাখ মানুষ শহীদ হয়েছিল, লাখ লাখ মা-বোনের সম্মানহানি হয়েছিল।”
তারেক বলেন, “তাদেরকে বাংলাদেশের মানুষ ৫০ বছর আগেই দেখে নিয়েছে যে, তারা কী জিনিস; তারা কী জিনিস, বাংলাদেশের মানুষ দেখে নিয়েছে। ফলে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।” 
ভৈরব স্টেডিয়ামে বিকাল ৫টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার সমাবেশ শেষ করে তারেক রহমানের কিশোরগঞ্জে পৌঁছাতে রাত প্রায় ১২টা বেজে যায়।
 

23 Jan 2026, 12:35 AM

‘দেশ বাঁচাতে’ গণভোটের বিপক্ষে অবস্থান নিন: জিএম কাদের

‘দেশ বাঁচাতে হলে’ সবাইকে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। 
তিনি বলেছেন, “দেশের জনগণকে লোভ-লালসা দেখানো হচ্ছে, বলা হচ্ছে, ‘হ্যাঁ’ বললেই সব হয়ে যাবে; সব কিছু পেয়ে যাবেন, জীবনে আর কিছু লাগবে না। এভাবে দেশের জনগণকে বোকা বানিয়ে তারা একটি সরকার গঠন করতে চাচ্ছে।” 
বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেন তিনি।



রংপুর-৩ আসনের এ প্রার্থী বলেন, “জাতীয় নির্বাচনের মধ্যে গণভোটের আয়োজন করা হচ্ছে। গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে একটি প্যারালাল ফোর্স কার্যকর করা হবে। তখন তারা বিপ্লবী সরকার গঠন করবে, জনগণের সংসদ আর থাকবে না। 
“এটি হবে শক্তি প্রয়োগের মাধ্যমে চাপিয়ে দেওয়া সংস্কার। এর মাধ্যমে তারা সংসদ সদস্য ও সংসদকে নিয়ন্ত্রণ করবে। এভাবে তারা চাইলে বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারবে। কেননা নির্বাচনের পর তারা যে ক্ষমতা হস্তান্তর করবেন, সেটা তো বলছে না। তাই সঠিকভাবে নির্বাচন দিয়ে স্বাভাবিক সরকার গঠন করতে হলে এই গণভোট বাতিল করতে হবে।”
জিএম কাদের বলেন, “আমি সংস্কারের বিপক্ষে নই। কিছু সংস্কারের পক্ষে, কিছু সংস্কার মানি না।”

23 Jan 2026, 12:19 AM

ফজর পড়বেন ভোটকেন্দ্রের সামনে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায় করতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 
ভোট নিয়ে ‘ষড়যন্ত্র হচ্ছে’, এমন আশঙ্কা থেকে এ আহ্বান জানান তিনি। 
বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেলা বিএনপির নির্বাচনি সমাবেশ কথা বলছিলেন তারেক রহমান। 
তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন, সেখানে আপনারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যে অধিকার গত ১৫ বছর আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধু ভোটের অধিকারই নয়, কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়েছিল।
“একাত্তর সালে বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এরপর ৫ অগাস্ট এ দেশের মানুষ সেই অধিকার রক্ষা করেছে।” 
এরপর তারেক রহমান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, “ভোট তো দিবেন ১২ তারিখে, যাবেন না?”
তখন সবাই বলেন, ‘হ্যাঁ’।
তারেক রহমান জিজ্ঞাসা করেন, “কখন যাবেন ভোট দিতে?”
সবাই উত্তর দেন, “সকালে।”
তখন বিএনপি চেয়ারম্যান বলেন, “সকালে গেলে হবে না। যার যার এলাকায় ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়বেন। পারবেন না?”
তখন সবাই একসঙ্গে ‘হ্যাঁ’ জবাব দেন। 



ভোটকেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ আদায়ের কারণ হিসেবে তিনি বলেন, “এবারও ভোট নিয়ে কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। পত্রিকায় খবর এসেছে, বিভিন্ন সোশাল মিডিয়ায় খবর এসেছে, দেখেছেন না? বিদেশে আমাদের যে ভাইরা আছেন, যেসব প্রবাসী আছেন, তাদের জন্য ব্যালট পাঠানো হয়েছে, সেগুলো একটা দল কীভাবে দখল করেছে, দেখেছেন না সংবাদে?” 

22 Jan 2026, 10:06 PM

সরকার জনগণের ‘ঈমান নষ্ট করছে’

অন্তর্বর্তী সরকার সমস্ত জনগণকে ‘মিথ্যাচারের ফাঁদে’ ফেলে তাদের ‘ঈমান নষ্ট করছে’ বলে মন্তব্য করেছেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
বৃহস্পতিবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রচার কার্যক্রম উদ্বোধন করে তিনি সাংবাদিকদের সামনে বলেন, “দুইটা ভোট হবে, একটা হলো এমপি ভোট, আরেকটা  গণভোট। হওয়ার কথা নিরপেক্ষ ভোট। সেখানে তিনটা পক্ষ হতে পারে। একটা পক্ষ ‘হ্যাঁ’ বলবে, একটা পক্ষ ‘না’ বলবে একটা পক্ষ বিরত থাকবে। 
“সরকার যদি বলে ধানের শীষে ভোট দাও বা এই মার্কায় ভোট দাও, কিংবা দাঁড়িপাল্লায় ভোট দাও, সরকার কি দাবি করতে পারে যে ‘আমরা নিরপেক্ষ’? তাহলে মানুষ এত রক্ত দিল কেন?”



সিপিবির সাবেক এই সভাপতি বলেন, “আমি অভিযোগ করতে চাই, সরকার সমস্ত জনগণকে মিথ্যাচারের ফাঁদে ফেলে তাদের ঈমান নষ্ট করার ব্যবস্থা করেছে। এই গণভোট শুধু অপ্রয়োজনীয় নয়, এটা একটা প্রতারণামূলক ভোট।
“আমরা জনগণের কাছে আহ্বান জানাব, এইটা আমাদের ভোট না, আপনার নির্বাচিত প্রতিনিধি সঠিকভাবে নির্বাচিত করেন এবং তারা পার্লামেন্টে গিয়ে এই দেশ কীভাবে চলবে না চলবে সেটা নির্ধারণ করবে।”
অভ্যুত্থানের সামনের সারির ছাত্রনেতাদের দল এনসিপিরও কঠোর সমালোচনা করেন সিপিবি নেতা সেলিম।
তিনি বলেন, “২৪ সালে গণভুত্থানের সময় আমরা স্বপ্ন দেখেছিলাম, স্বাধীনতা এনেছি এখন সংস্কার হবে। ধর্ম যার যার রাষ্ট্র সবার, এটাই তো গ্রাফিতিতে লেখা ছিল। এখন সে জাতিকে আজ উল্টা দিকে নিয়ে যেতে চাচ্ছে।
“একটা প্রশ্ন না করে পারছি না, তরুণ সমাজ হল নতুনের দিকে যাবে। তারা বলল, আমরা সমন্বয়কারী। এনসিপি করল। করে গিয়ে এখন জামাতের সাথে হাত মিলিয়েছে। এইটা সামনের দিকে আগানো না পেছন দিকে আগানো?”

22 Jan 2026, 09:37 PM

আমরা কার্ডের ওয়াদা দিচ্ছি না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। ২০০০ টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছুর সমাধান হবে? 
“আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে, তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে; ‘খাজনা আগে, তারপর অন্যটা’, ‘২০০০ এর মধ্যে ১০০০ আমার খাজনা; আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও’।”
বৃহস্পতিবার মিরপুর-১০ এ নিজের প্রথম নির্বাচনি সমাবেশ এসব কথা বলেন জামায়াত আমির।
দুদিন আগের ঢাকায় এক অনুষ্ঠানে দরিদ্র জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, মূলত সে বিষয়ে ইঙ্গিত করে এসব কথা বলেন শফিকুর রহমান। 


ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) জামায়াতের এ প্রার্থী বলেন, তিনি বলেন, এই এলাকায় ১০ লক্ষাধিক মানুষের বসবাস। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই এলাকায় একটি সরকারি হাসপাতাল নেই। এমনকি উন্নতমানের একটি বেসরকারি হাসপাতালও নেই। এখানে নেই একটি আন্ডারগ্যাজুয়েট কলেজ বা কোনো বিশ্ববিদ্যালয়। এই এলাকার প্রতিটি অলি-গলিতে ড্রেনের ময়লার গন্ধে বসবাস করা অত্যন্ত কঠিন। গ্যাস সংকট নিত্যদিনের সঙ্গী।” 
তিনি বলেন, “জামায়াতে ইসলামী এই আসনে নির্বাচিত হলে জনগণের মৌলিক এসব সমস্যা সমাধান করে জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।”
জামায়াতের আমির বলেন, “ফ্যাসিবাদের নতুন জামা পরে কেউ এলে ৫ অগাস্টের মতো তাদেওও একই পরিণতি ভোগ করতে হবে।"

22 Jan 2026, 08:03 PM

‘কেবল বিএনপিই পালায় না’

বৈরী পরিবেশে কেবল বিএনপিই মানুষের পাশে থাকে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “আমরা অতীতে কি দেখেছি? কিছু হলেই পাশের এক দেশে চলে যায় কেউ কেউ, চলে যায় না? এখনও চলে গিয়েছেন। আবার গতকালকে আমরা দেখেছি যে, এক লোক পালিয়ে গিয়েছিল? কোথায় পালিয়ে গিয়েছিল জানেন? পিন্ডি পালিয়ে গিয়েছিল। 

“এই যাদের কথা ষড়যন্ত্র করছে বললাম; এই বিকাশ নম্বর নিচ্ছে, এনআইডি নম্বর নিচ্ছে, মা-বোনদের বিভ্রান্ত করছে বিভিন্ন কথা বলে- তাদের এক লোক পালিয়ে গিয়েছিল পিন্ডিতে। পিন্ডি পালিয়ে গিয়েছিল। কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি। কিন্তু বিএনপি রয়ে গিয়েছে এই দেশে, এই দেশের মানুষের পাশে।”

বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জের শায়েতাগঞ্জে প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান।

তিনি বলেন, “খালেদা জিয়া কোথাও গিয়েছে? খালেদা জিয়া এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যায়নি। মৃত্যুকে মেনে নিয়েছে, যুদ্ধ করেছে, প্রতিবাদ করেছে; কিন্তু এই দেশের মানুষকে ছেড়ে খালেদা জিয়া কোনোদিন যায়নি, কোথাও কোনো দেশে যায়নি। 

“খালেদা জিয়া নিজেই বলে গিয়েছেন যে, এই দেশই হচ্ছে খালেদা জিয়ার প্রথম এবং শেষ ঠিকানা। কাজেই বিএনপিও সেই জন্যই বলে থাকে, ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ আমার’।”

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান বলেন, “আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে ষড়যন্ত্র করছে, তার আরেকটা খবর দেই আপনাদেরকে। এদের লোকজন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর নিচ্ছে, জোগাড় করছে। খবর পেয়েছেন? 

“তারপরে গিয়ে মোবাইল নম্বর নিচ্ছে বিশেষ করে নিরীহ মা-বোনদের মোবাইল নম্বর নিচ্ছে খবর পেয়েছেন? তারা বলে, সৎ মানুষের শাসন কায়েম করবে। বিকাশ নম্বর নিচ্ছে, ফোন নম্বর নিচ্ছে; বিকাশ করে টাকা পাঠাচ্ছে- এই বলে তাদের পরিকল্পনা।”

তিনি বলেন, “অনেকে ধরাও পড়েছে, এগুলাও পত্র-পত্রিকায় খবর এসেছে, শুনেছেন এসব খবর? তাহলে নির্বাচনের আগে যারা মানুষকে এইভাবে অর্থ প্রদান করে, আগেই যারা অসৎ কাজ করে, তারা কেমন করে সৎ মানুষের শাসন কায়েম করবে? করতে পারে তারা? করতে পারে না তারা। 

“যারা নির্বাচনের আগেই অসৎ কাজ করে, কোনোভাবেই তাদের পক্ষে সৎ কাজ করা সম্ভব নয়-তারা যদি ক্ষমতায়ও যায়। পারবে? পারবে না তারা।”


তারেক বলেন, “এই দেশে একমাত্র শহীদ জিয়া এবং খালেদা জিয়া প্রমাণ করে দিয়েছে যে, কীভাবে দুর্নীতিকে দমন করতে হয়। এটা আমাদের কথা না এটি আন্তর্জাতিক সংস্থার কথা, যারা পৃথিবীর বিভিন্ন দেশে দুর্নীতি কত বেশি হচ্ছে না কম হচ্ছে- এটি বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করে।

“সেই আন্তর্জাতিক সংস্থা দেখিয়েছে যে ’৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, ওই যে যারা পালিয়ে গেছে ৫ অগাস্ট; ওরা যখন তখন ক্ষমতায় ছিল- দুর্নীতি কীভাবে দেশকে গ্রাস করেছিল।”

22 Jan 2026, 07:25 PM

মানুষ ইসলামি আইন চায়: ফয়জুল করীম

শরীয়াহভিত্তিক দেশ গড়তে হাতপাখায় ভোট চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি বলেছেন, “মানুষ ইসলামি আইন চায়। শরীয়াহভিত্তিক দেশ গড়তে চায়। কোরআন-সুন্নাহর ভিত্তিতে যদি দেশ গড়তে পারি; তাহলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।” 

বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবের সামনে থেকে নির্বাচনি প্রচার শুরুর আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বরিশাল-৫ আসনের প্রার্থী ফয়জুল করীম বলেন, “গত ৫৪ বছরে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে ব্যর্থ হয়েছে। 

“আমরা বিশ্বাস করি, সব ধর্মসহ সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে; দেশে সাম্যতার সৃষ্টি হবে। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ হবে যদি হাতপাখা বিজয়ী হয়।” 

সরকার গঠন করতে পারলে কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “অন্যায়-অবিচার ও দুর্নীতির মূলোৎপাটন করব।”

দুর্নীতির কারণে দেশের উন্নতি হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, “আমরা দুর্নীতিকে একেবারে নিমূল করে ফেলব।” 

ফয়জুল করীম বলেন, “গত ৫৪ বছর বিভিন্ন দলকে নির্বাচিত করা হয়েছে; সবাই দেখেছেন দেশের অবস্থা।”

একবারের জন্য হলেও ইসলামী আন্দোলনকে সরকারের গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,  “দেশটাকে বির্নিমাণে সহযোগিতা করুন। ইসলামী হুকুমত কায়েম করার জন্য সহায়তা করুন।”
 

22 Jan 2026, 07:06 PM

‘২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ লাগবে না তো?’

বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে যে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন তরুণদের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেছেন, “আমরা শুনছি বিভিন্ন কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, কৃষক কার্ড দেওয়া হবে। আমরা চাই কার্ড দেওয়া হোক, জনগণ সুবিধা পাক। কিন্তু এই কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? 

“২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ-চাঁদাবাজি, সেটা যদি আমরা নির্মূল না করতে পারি—এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছে পর্যন্ত পৌঁছাবে?”

বৃহস্পতিবার বিকালে ঢাকার মিরপুরে জামায়াতের নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শরিক দলের নেতা নাহিদ।

তিনি বলেন, “একদিকে বলা হচ্ছে কার্ড দেবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। ফলে এ কেমন দ্বিচারিতা; যদি প্রকৃতপক্ষেই জনগণকে সুবিধা দেওয়ার নিয়ত থাকে, তাহলে কেউ ঋণ খেলাপিকে নমিনেশন দিতে পারে না। 

“যারা ঋণ পরিশোধ করে নাই তারা সংসদে গেলে আপনার মনে হয়- তারা ঋণ পরিশোধ করবে আর? এরা আবারও ঋণ নিবে, এরা আবারও টাকা লুট করবে, এরা আবারও টাকা পাচার করবে বিদেশে। 

“আমরা তো এই বাংলাদেশ চাই নাই। আমরা তো সেই লুটেরাদের বিরুদ্ধেই গণঅভ্যুত্থান করেছি। ফলে নতুন কোনো লুটেরাদের আমরা ক্ষমতায় যেতে দেব না, বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতায় যেতে দিবে না।”

নাহিদ ইসলাম বলেন, “সংগ্রামী বন্ধুগণ, বলা হচ্ছে বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়া হবে। বস্তিবাসী ফ্ল্যাট চায় নাই- আমাদের কাছে, আপনাদের কাছে। বস্তিবাসী চায় নিরাপদ জীবনের নিশ্চয়তা। বস্তিবাসী চায় মর্যাদাপূর্ণ কর্মসংস্থান। 

“বস্তিবাসীকে ঢাকা শহরে আজ পর্যন্ত যারা ফ্ল্যাট দেওয়ার অঙ্গীকার করেছে, তারা বস্তি উচ্ছেদের পরিকল্পনা করেছে। তারা বস্তিতে আগুন লাগিয়েছে। বলা হয়েছে, ‘আপনাদেরকে ফ্ল্যাট দিব, আপনারা বস্তি থেকে উচ্ছেদ হন’। আমরা আল্লাহ না করুক, হয়তো এই ধরনের কোনো প্ল্যান নাই।”

এনসিপির আহ্বায়ক বলেন, “জান্নাতের মালিক আল্লাহ, অবশ্যই মহান সৃষ্টিকর্তা; আর ভোটের মালিক জনগণ। 

“ভোটের মালিক নাগরিক দেশের মানুষ বুঝে গেছে, বুঝে যাবে আরও দ্রুতই যে- কারা নির্বাচনের আগে প্রতারণা করছে; কারা দেশের মানুষকে ঠকাচ্ছে, কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।”

22 Jan 2026, 06:29 PM

‘চাঁদা নেব না, নিতেও দেব না’

দেশে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বিএনপি সরকার গঠন করলে যে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেই প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। ২০০০ টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? 

“আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে, তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে; ‘খাজনা আগে, তারপর অন্যটা’, ‘২০০০ এর ১০০০ আমার খাজনা- আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও’। তাও না কাল্পনিক কিছু মানুষের চরিত্র এঁকে তাদের হাতে তুলে দেওয়া হবে। সরকারের হাতে তুলে দেওয়া হবে, বেকারের হাতে নয়।”

বৃহস্পতিবার বিকালে মিরপুর-১০ এ আদর্শ স্কুল মাঠে জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শফিকুর রহমান। তিনিই এ আসনের জামায়াত মনোনীত প্রার্থী। এ জনসভার মধ্য দিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়।

শফিকুর রহমান বলেন, “এই বৈষম্যগুলোকে আমরা দেখতে পাইনি? টাকা কোত্থেকে আসবে? টাকার সোর্স তো জনগণ। এটা তো আমাদের কারো টাকা না। জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে। 

“প্রত্যেকটা মুদির দোকানে রাস্তাঘাটে হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই-বোনটি ভিক্ষা করে, তার কাছ থেকেও একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না, শুধু তাই না; ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ,ইনশাআল্লাহ।”

জামায়াত আমির বলেন, “ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। আমরা বাস্তব চিত্র দেখি, গাড়ি থেকে টাকা নিচ্ছে, বলে এটা কী? বলে, ‘এটা রাজনৈতিক ইজারা’। আপনি কোন দলের? একটা বলেন নাম, ধপাস করে বলে দেয়। 

“আবার কেউ নাম বলার আগে কয়, ‘দেন মিয়া টাকা, নামের কী দরকার আপনার’। কইছে, ‘আমি কারে টাকা দিচ্ছি, এটা আমার জানতে হবে না’। ভাবটা এমন যে আজকে জানার দরকার নাই হাশরের দিন জানবেন। 

“সম্মানিত ভায়েরা, আমরা ঘোষণা করেছি- চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না, ইনশাআল্লাহ। আমরা বলেছি, দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব না।”

শফিকুর বলেন, “আমরা বলেছি ইনসাফ, প্রত্যেকের জন্য জাতি-ধর্ম-দল নির্বিশেষে নিশ্চিত করা হবে ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। 

“সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাচ্ছি, যে বাংলাদেশ হবে শিশুর, যে বাংলাদেশ হবে তরুণ-তরুণীর, যে বাংলাদেশ হবে যুবক-যুবতীর, যে বাংলাদেশ হবে একজন মুসলমানের, একজন হিন্দুর, একজন বৌদ্ধর, একজন খ্রিষ্টানের, যে বাংলাদেশ হবে আপামর জনগণের, যে বাংলাদেশ হবে শ্রমিকদের, যে বাংলাদেশ হবে কৃষকদের, যে বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবীদের।”
 

22 Jan 2026, 05:03 PM

হবিগঞ্জের পথে তারেক রহমান

নির্বাচনি প্রচার যাত্রার প্রথম দিনে সিলেট ও মৌলভীবাজারের জনসভা শেষে হবিগঞ্জের পথে রওনা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বিকাল ৪টার পর তাকে বহনকারী গাড়ি হবিগঞ্জের শায়েতাগঞ্জের প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

এর আগে তিনি মৌলভীবাজার সদরে আইনপুর খেলার মাঠে জনসভায় অংশ নেন। এদিন দুপুরে সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান।

আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে বুধবার রাতে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে ঢাকা থেকে সিলেট যান তারেক রহমান। সিলেট পৌঁছে রাতেই হজরত শাহ জালাল (র.) ও হজরত শাহ পরাণের মাজার জিয়ারত করেন তিনি। 

পাশাপাশি শাহ জালালের মাজারের কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। পরে সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে নৈশভোজে অংশগ্রহণের পাশাপাশি ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দেন তারেক রহমান।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।

22 Jan 2026, 04:38 PM

‘ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে’

দেশে ফের ভোট চুরির ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেছেন, “পত্রপত্রিকা তো কমবেশি সবাই পড়েন পড়েন না? ফেসবুক তো কমবেশি সবাই দেখেন দেখেন না? এই ফেসবুকে দেখেন, পত্রপত্রিকায় এসেছে একটি সংবাদ; কী সেই সংবাদ? মধ্যপ্রাচ্যসহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড নিয়ে মোবাইল নম্বর নিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে একটি দল; দেখেছেন? একটি দল বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে। 

“আমরা দেখেছি গত ১৫ বছর ১৬ বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে, এখন এই দেশে এখন বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এখানে আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে এই পুরো জেলার চারটি নির্বাচনি এলাকার যত ভাই-বোন, মুরুব্ব আছেন, যারা দাঁড়িয়ে আছেন- সকলকে আমি অনুরোধ করব, অত্যন্ত সতর্কতার সাথে সজাগ থাকার জন্য। 

“কারণ এরা মানুষকে বিভ্রান্ত করছে এবং এরা ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকায় পড়েছি আমরা, সোশাল মিডিয়াতে দেখেছি যে ব্যালট পেপার তারা গায়েব করে দিচ্ছে; সব ব্যালট পেপার নিজেদের পক্ষ নিয়ে নিয়েছে অর্থাৎ আবার ভোট চুরির প্রক্রিয়া তারা শুরু করেছে।”

বিকাল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের আইনপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনি সভায় বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান।

বিএনপির চেয়ারম্যান বলেন, “এখন ভাই এই যে দলটি সম্পর্কে সজাগ থাকতে বললাম; এই দল সম্পর্কে আরেকটি কথা বলি আপনাদের সামনে। কয়েকদিন যাবৎ আমরা কী দেখছি? আমরা দেখতে পাচ্ছি, তারা বিভিন্নভাবে মানুষকে কতগুলো কথা বলছে- যা সম্পূর্ণ মিথ্যা কথা এবং শুধু মিথ্যা কথাই নয়, গুনাহের কথা তারা বলছে। আসুন প্রথমে তাদের মিথ্যা কথা কী বলছে, সেটি আমরা দেখি- কী সেই মিথ্যা কথা? 

“...১৯৭১ সালে এই মাটিকে এই মাটির সাথে রক্ত মিশিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের বুকের রক্ত তাজা রক্ত ঢেলে দিয়ে মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছেন। এই যে দলটি সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে বলছি, আমরা দেখেছি তখন কী ভূমিকা ছিল তাদের। যদি তাদের ভূমিকা সেই সময় দেশের পক্ষে থাকত, যদি তাদের ভূমিকা সেই সময় দেশের জনগণের পক্ষে থাকত; তাহলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হতে হতো না।”

জামায়াতের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, “আরে ভাই, আপনাদেরকে তো মানুষ ’৭১ সালেই দেখেছে; ইতিহাস মুছে ফেলা যায় না। ’৭১ সালে মানুষ দেখেছে আপনারা কীভাবে দেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারপরে লক্ষ লক্ষ মা বোনের সম্মানহানি হয়েছে ’৭১ সালে। দেশের মানুষ দেখেছে- আপনাদের ভূমিকার কারণে এদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন; অনেক মানুষ পঙ্গু হয়েছে। কাজেই আপনাদেরকে আরও ৫০ বছর আগে দেখে ফেলেছে আপনাদের ভূমিকা কী।”

বিএনপির প্রধান বলেন, “আমরা দেখছি এই কথাগুলো যখন তাদের বের হয়ে যাচ্ছে, মানুষ যখন বুঝতে পারছে যে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে, তারা দেশের মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে- এইটা যখন মানুষ বুঝতে পারছে এবং এইটা যখন তারাও বুঝতে পারছে যে মানুষ তাদের চালাকি, তাদের ষড়যন্ত্র ধরে ফেলেছে; তখন তারা সরকারকে গিয়ে বলছে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে; প্রটোকল দিতে হবে, প্রটোকল দিতে হবে।”

তারেক বলেন, “…অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান আছেন, ডক্টর ইউনূসসহ সকলকে অনুরোধ করব- তাদেরকে যে প্রটোকল দিয়েছেন, আমাদেরকে যে নিরাপত্তা দিয়েছেন; আমরা আপনাদের অনুরোধ জানাচ্ছি- সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে, এই লাখো জনতার পক্ষ থেকে, তাদের প্রটোকল দরকারের তিন ডাবল করে দেন। 

“তাদের প্রটোকল তিন ডাবল করে দেন, কারণ তারা মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষ এইটা জানতে পেরে মানুষ তাদের ওপর ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না, মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক।”

22 Jan 2026, 04:14 PM

‘প্ল্যান’ তুলে ধরলেন তারেক রহমান

দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে পরিকল্পনার কথা বলেছিলেন, তার বিস্তারিত তুলে ধরলেন মৌলভীবাজারের জনসভায়।

তিনি বলেছেন, “আমি একটানা ১৭ বছর পর যখন বিদেশ থেকে ফিরে এসেছি, একটি কথা বলেছিলাম- মনে আছে আপনাদের, আই হ্যাভ এ প্ল্যান বলেছিলাম না? সেই প্ল্যানের অর্থ একটি অংশ হচ্ছে আমরা এদেশের বেকার যারা যুবক আছে; শিক্ষিত হোক, অল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত- সকল মানুষের জন্য আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে, শক্ত ভিত্তির ওপর যাতে এই মানুষগুলো দাঁড়াতে পারে।”

বিকাল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের আইনপুর খেলার মাঠে আয়োজিত নির্বাচনি সভায় বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান।

তিনি বলেন, “যুব সমাজের যারা সদস্য, তরুণ সমাজের যারা সদস্য- তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা নয়; আমরা তাদেরকে অর্থনৈতিকভাবেও সক্ষম গড়ে তুলতে চাই। যেন আপনারা লন্ডনে যান, অথবা এখান থেকে মধ্যপ্রাচ্যে যান, অথবা পৃথিবীর অন্য কোনো দেশে যান; আমরা আপনাদেরকে ট্রেনিং দিয়ে পাঠাব; আপনাদেরকে সেই দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠাব, যাতে ওই দেশে গিয়ে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা দ্রুত করতে পারেন। 

“যাতে করে আপনাদের আয়-রোজগার যদি আপনারা কোনো রকম দক্ষ না হয়ে সে দেশে যান, আয় রোজগার কম হবে; কিন্তু যদি কোনো ট্রেনিং নিয়ে যান তাহলে কী হবে? রোজগার বেশি হবে না? আমরা সেই ব্যবস্থা এদেশের মানুষের জন্য করতে চাই।”

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, “এই এলাকায় তো ১৩০টির মতন চা বাগান রয়েছে, আছে না? এই চা বাগানের শ্রমিকরা বিশেষ করে নারী শ্রমিক যারা, তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করতে হয়। তাদের যে আয় রোজগার হয়, সেটি তাদের জন্য যথেষ্ট নয়। 

“সেই সকল পরিবারকে, সেই সকল নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা হয় খাদ্য সহায়তা দেব অথবা তাদেরকে আমরা নগদ সহায়তা দেব যাতে করে তারা তাদের সংসার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে সুন্দর ভাবে চালিয়া নিতে পারে।

“প্রিয় ভাই-বোনেরা চা শ্রমিকরা যেমন পাবে, একইভাবে একজন দিনমজুর- তার স্ত্রীও সেই ফ্যামিলি কার্ড পাবে। একজন শ্রমিক, একজন কৃষক ভাই- তার স্ত্রীও এই ফ্যামিলি কার্ড পাবে।”

কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও বলেন তারেক রহমান। সেই সঙ্গে ইমাম-মুয়াজিনদের সম্মানী দেওয়ার ভাবনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান।

তিনি বলেন, “আমরা যেমন কৃষকদের পাশে দাঁড়াতে চাইছি। আমরা যেমন আমাদের মা বোনদের পাশে দাঁড়াতে চাইছি, আমরা যেমন আমাদের তরুণ সমাজ যুব সমাজের যারা বেকার, তাদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে, ভাষা শিক্ষা দেওয়ার মাধ্যমে যেমন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে যেমন চাচ্ছি; একইভাবে আরেক শ্রেণির মানুষের পাশে আমরা দাঁড়াতে চাচ্ছি, তারা কারা? 

“তারা আমাদেরই আপনজন, আমাদেরই নিকটজন। এই মানুষগুলো আমাদের দুঃখের সময় আমাদের সাথে থাকেন, সুখের সময়ও আমাদের সাথে থাকেন; জীবনেও আমাদের সাথে থাকেন, মৃত্যুর সময়ও আমাদের সাথে থাকেন। অর্থাৎ আমাদের বিভিন্ন সারা দেশে যে মসজিদ আছে, মাদ্রাসা আছে; সেখানকার খতিব সাহেবরা, সেখানকার ইমাম সাহেবরা- মোয়াজ্জেম সাহেবরা। 

“আমরা এই মানুষগুলোর জন্য সরকারের পক্ষ থেকে সম্মানির ব্যবস্থা করতে চাই। যেন মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মোয়াজ্জেম সাহেবরা আত্মসম্মান নিয়ে সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারেন।”

22 Jan 2026, 03:42 PM

মৌলভীবাজারে তারেক রহমান

সিলেট থেকে সড়ক পথে পাড়ি দিয়ে মৌলভীবাজারে পৌঁছে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শেরপুরের আইনপুর খেলার মাঠে এ নির্বাচনি জনসভায় বিকাল সাড়ে ৩টার দিকে তিনি বক্তব্য শুরু করেন।

22 Jan 2026, 03:13 PM

দোয়া দিয়ে প্রচার শুরু সাকির

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জুলাই শহীদদের জন্য দোয়া আয়োজন ও বাবার কবর জিয়ারত করে মাথাল মার্কার নির্বাচনি প্রচারণা শুরু করেছেন।

বৃহস্পতিবার তার নিজ গ্রাম চরলহনিয়ার বাড়িতে জুলাই গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদের জন্য দোয়ার আয়োজন করা হয়।

এ আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের নিহত তুহিন, ইসমাইল, আশিক, ইমরান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদল নেতা নয়নের জন্য দোয়া করা হয়। সেই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। 

এ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাকি চরলহনিয়া কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবর জিয়ারত করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের মাথাল মার্কার প্রার্থী জোনায়েদ সাকি। 


 

22 Jan 2026, 03:07 PM

জামায়াতের প্রচার শুরু

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে জনসভার মধ্য দিয়ে দলের প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। এদিন তিনি গণসংযোগও করবেন।

বৃহস্পতিবার বিকাল ৩টায় মিরপুর দশে আদর্শ স্কুল মাঠে এ জনসভা আয়োজন করা হয়েছে। 

22 Jan 2026, 02:21 PM

‘একাত্তরেই বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে’

সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি যাত্রা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যেখানে জামায়াতকে ইঙ্গিত করে তিনি দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন।

জনসভায় শ্রোতা হিসেবে দাঁড়িয়ে থাকা একজনকে মঞ্চে ডেকে নিয়ে তিনি প্রশ্ন করেন, “আপনি কাবা শরিফে গেছেন, কাবা শরিফের মালিক কে?’ ওই ব্যক্তি উত্ত দেন, ‘আল্লাহ’। 

বিএনপি চেয়ারম্যান জানতে চান, “আমরা মুসলমান সবাই, এই দিন-দুনিয়ার আমরা যে এই পৃথিবী দেখি, এই পৃথিবীর মালিক কে?’। উত্তর আসে, ‘আল্লাহ’। 

তারেক রহমান আবার প্রশ্ন করেন, “এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিক কে?” উত্তর আসে, ‘আল্লাহ’। বিএনপি চেয়ারম্যান প্রশ্ন করেন, “বেহেস্তের মালিক কে?” জবাবে ওই ব্যক্তি বলেন, ‘আল্লাহ’। তারেক এবার জানতে চান, ‘দোজখের মালিক কে?’ উত্তর আসে, ‘আল্লাহ’।

এসময় উপস্থিত জনতাও সমস্বরে ‘আল্লাহ, আল্লাহ’ উত্তর দিচ্ছিলেন। 

এরপর তারেক রহমান বলেন, “আপনারা সকলেই সাক্ষী দিলেন, দোজখের মালিক আল্লাহ; বেহেস্তের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে নির্বাচনের আগেই একটি দল ‘এই দেব, ওই দেব বলছে’; টিকেট দেব বলছে না? 

“যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে,  শেরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর, একমাত্র সবকিছুর অধিকার- উপরে আল্লাহর অধিকার। 

“কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে- বোঝেন এবার।”

বিএনপি চেয়ারম্যান বলেন, “শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শেরকি করাচ্ছে তারা; নাউজুবিল্লাহ। প্রিয় ভাই-বোনেরা, কেউ কেউ বলে অমুককে দেখেছি, তমুককে দেখেছি- এবার একে দেখেন। 

“প্রিয় ভাই-বোনেরা, ১৯৭১ সালের যুদ্ধ, যে যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেই মাতৃভূমিকে স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে এই দেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে। এই দেশের লক্ষ লক্ষ মা বোনেরা- তাদের সম্মানহানি হয়েছে; কাজেই তাদেরকে তো বাংলাদেশের মানুষ ইতোমধ্যেই দেখেই নিয়েছে।”

তারেক বলেন, “এই কুফরির বিরুদ্ধে, এই হটকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ঐ যে টেক ব্যাক বাংলাদেশে থাকতে হবে। 

“আমরা দেশকে স্বৈরাচার থেকে মুক্ত করেছি, এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। শুধু ভোট, শুধু কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করলে হবে না; মানুষকে সাবলম্বী করে নিজের পায়ে গড়ে তোলার ব্যবস্থা করতে হবে। প্রত্যেকটি মানুষ বাংলাদেশের মানুষ যাতে ঠিকভাবে ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে। প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে রাস্তায় চলতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। সেটিই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ।”

22 Jan 2026, 02:01 PM

মৌলভীবাজারের পথে তারেক রহমান

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দিয়ে মৌলভীবাজারের পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী গাড়ি শেরপুরের আইনপুর খেলার মাঠের উদ্দেশে রওনা হয়েছে। সেখানে নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

এর আগে সকালে গ্র্যান্ড সিলেট হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য দেন তারেক রহমান।

আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে বুধবার রাতে স্ত্রী জুবাইদা রহমানকে নিয়ে ঢাকা থেকে সিলেট যান তারেক রহমান। সিলেট পৌঁছে রাতেই হজরত শাহ জালাল (র.) ও হজরত শাহ পরাণের মাজার জিয়ারত করেন তিনি। 

পাশাপাশি শাহ জালালের মাজারের কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। পরে সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে নৈশভোজে অংশগ্রহণের পাশাপাশি ধানের শীষে ভোট চেয়ে বক্তব্য দেন তারেক রহমান।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।

22 Jan 2026, 01:43 PM

‘উন্নয়নের নামে দেশের অর্থ লুটপাট করা হয়েছে’

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় গিয়ে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা দেখেছি বিগত ১৫-১৬ বছরে উন্নয়নের নাম করে কীভাবে দেশের মানুষের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। আজকে এই যে ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকার যে মহাসড়ক; ২০০৫ সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে, বন্যা হয়েছিল। আমার আসতে লেগেছিল সাড়ে ৪ ঘণ্টার মতন। 

“কিন্তু আজ আজ আমরা দেখি ১০ ঘণ্টার মতন সময় লাগে। সিলেটের এই পূণ্যভূমির মানুষ বহু মানুষ আছেন, যারা লন্ডনে যাতায়াত করেন; লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে করে যেতেও-এই হচ্ছে আজকে উন্নয়নের ফিরিস্তি।”

বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। 

তিনি বলেন, “গত ১৫-১৬ বছরে আমরা দেখেছি, কীভাবে একের পর এক নির্বাচনে ব্যালট বক্স ছিনতাই হয়েছে; কীভাবে আমি-ডামির নির্বাচন হয়েছে; কীভাবে নিশি রাতের নির্বাচন হয়েছে। এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময়ে, যারা আমাদের সকলের জন্য রাজপথে নেমে এসেছিল। 

“আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময়ে- যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে। বাংলাদেশের সেই মানুষগুলোর জীবনের বিনিময়ে আজ আমরা আবার এই রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার অধিকার আদায়ের পথে নেমেছি।”

এ জনসভার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিক যাত্রা করলেন তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।

বিএনপি চেয়ারম্যান বলেন, “প্রিয় ভাই-বোনেরা, সেজন্যই আমরা বলতে চাই- টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশের লক্ষ্যই হচ্ছে বাংলাদেশের মানুষের অধিকার আদায় করা। সেজন্যই আমরা ২১ দফার কর্মসূচি দিয়েছি। এই ২১ দফার কর্মসূচির মাধ্যমে ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা এই ২১ দফার মাধ্যমে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই। 

“...আমরা ফ্যামিলি কার্ড করতে চাই। প্রতিটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই- তাদেরকে সাবলম্বী করে গড়ে তোলার জন্য।” 

তিনি বলেন, “এখানে আপনাদের যাদের সংসার আছে, জানেন- স্বামী-স্ত্রী দুজনে মিলে সংসার সুন্দর হয়। যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে সচ্ছলভাবে গড়ে তুলতে পারে। আমরা গ্রামে গ্রামে, শহরে শহরে সকল দুস্থ পরিবার যারা আছে; মধ্যবিত্ত-নিম্নবিত্ত সকল পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। 

“এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার, আপনার মা বা আপনার স্ত্রী আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে। কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে কী করতে হবে? কী করতে হবে? ধানের শীষকে জয় যুক্ত করতে হবে, পারবেন? ইনশাআল্লাহ।”

22 Jan 2026, 12:29 PM

মঞ্চে তারেক রহমান

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ মঞ্চে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কঠোর নিরাপত্তার মধ্যে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

বিএনপির চেয়ারম্যান হাস্যোজ্জ্বল মুখে হাত নেড়ে নেতা-কর্মীদের শুভেচ্ছার জবাব দেন।

মঞ্চে তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আছেন।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

সকাল থেকে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশে—চৌহাট্টা এলাকা, জিন্দাবাজার, আম্বরখানা, মেডিকেল সড়ক, দরগা সড়কে হাজার হাজার নেতা-কর্মী-সমর্থকদের উপস্থিতিতে জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়।

সিলেটের ছয়টি নির্বাচনি আসন এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন।
 

22 Jan 2026, 12:25 PM

আলিয়া মাঠে পৌঁছেছেন তারেক রহমান

নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানি যাত্রা শুরু করতে সিলেটের সরকারি আলিয়া মাদ্রসা মাঠে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে বহনকারী বাস জনসমাবেশস্থলে পৌঁছায়।

এর আগে গ্র্যান্ড সিলেট হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। এতে সিলেটের ১৯টি কলেজ, বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।

22 Jan 2026, 12:07 PM

এনসিপির আনুষ্ঠানিক প্রচার শুরু

তিন নেতার মাজার এবং ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদীর কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের পাশে প্রয়াত জাতীয় তিন নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের সমাধি অবস্থিত। আর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে রয়েছে ইনকিলাব মঞ্চের ওসমান হাদির কবর।

এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আজকের এই নির্বাচনি যাত্রার আমাদের শুরুর দুইটা বক্তব্য হচ্ছে। প্রথমত গণভোটে সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি, গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিন। গণভোটে ‘হ্যাঁ’-এর মাধ্যমে সংস্কারের যাত্রাকে অব্যাহত রাখুন। 

“দুই, শরীফ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছেন, সেই হত্যাকারীদের বিচার আমাদের আজকের এই নির্বাচনি যাত্রার অন্যতম প্রধান দাবি, অন্যতম প্রধান এজেন্ডা। আমরা নির্বাচনের আগেই তার চার্জশিট থেকে শুরু করে সকল কার্যক্রম যাতে সম্পন্ন হয় এবং আমরা অবশ্যই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই বাংলার মাটিতে আদায় করে ছাড়ব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, “আমরা যেকোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক, এটা চাই। সেই নির্বাচনে জয়লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা। 

“সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না- এটা আমরা বিভিন্ন সময় বলে আসতেছি। তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে।”
 

22 Jan 2026, 11:53 AM

আলিয়া মাদ্রাসা মাঠের পথে তারেক

সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল থেকে সরকারি আলিয়া মাদ্রাসার পথে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সেখানে সিলেট ও সুনামগঞ্জ জেলার নির্বাচনি জনসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবেন বিএনপি নেতা।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।

এর আগে গ্র্যান্ড সিলেট হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান। এতে সিলেটের ১৯টি কলেজ, বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

22 Jan 2026, 11:09 AM

আলিয়া মাদ্রাসা মাঠে জনস্রোত

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে একের পর এক মিছিল আসছে। সেখান থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারের যাত্রা শুরু হবে। 

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।

জনসভাস্থলে সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল তাহিরপুর থেকে আসা ষাটোর্ধ্ব সোনা মিয়া বলেন, “জিয়াউর রহমান সাহেব প্রেসিডেন্ট ইলেকশন করবেন—এই মাঠে এসেছিলেন, বেগম খালেদা জিয়া সেই ’৯১ সাল থেকে যে কয়টা নির্বাচন হইছে, এই মাঠে বক্ততা দিছেন। সবগুলা জনসভায় আমি আইছি।

“আজকে তাদের পুয়া (ছেলে) তারেক রহমান আইসন। দেখন কত মানুষ, কত মিছিল… গুনবার পারবেন না। আমাদের সিলেটের জামাই তারেক রহমান, আমাদের অহংকারই অন্য রকম।”

গোয়াইনঘাটের জাফলং থেকে আসা যুবদল কর্মী জোনায়েদ রহমান বলেন, জুবাইদা রহমান তাদের দেশের মেয়ে। সেই সুবাদে তারেক রহমানও সিলেটের সন্তান।

লন্ডনে বসবাসরতদের মধ্যে সিলেটিরে সংখ্যাই বেশি দাবি করে জোনায়েদ বলেন, “সেখান থেকে তারেক ভাই অনেক কিছু রপ্ত করে বাংলাদেশের মানুষের উন্নয়নে পরিকল্পনা নিয়ে দেশে ফিরেছেন। আমরা সিলেটিরা আশাবাদী তিনি তার ‘প্ল্যান’ বাস্তবায়নে সফল হবেন।”
আলিয়া মাদ্রাসা মাঠের সব ধরনের প্রস্তুতি শেষে হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সব আয়োজন শেষ হয়েছে। এখন অপেক্ষায় আছি আমাদের নেতা সিলেটবাসীর পরম আত্মীয় তারেক রহমান সাহেবকে স্বাগত জানাতে।”

মঞ্চে থাকবেন সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদীর, সিলেট-২ আসনের তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের এমরান আহমদ চৌধুরী এবং সিলেট-৫ আসনের জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক। তিনি বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী। 

প্রার্থীদের মধ্যে মঞ্চে থাকবেন সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-২ আসনে নাছির চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে নূরুল ইসলাম, সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমেদ।

22 Jan 2026, 10:53 AM

তারেককে কেক খাওয়ালেন জুবাইদা

দীর্ঘ ২১ বছর পর শ্বশুড়বাড়িতে যাওয়া তারেক রহমানকে কেক খাইয়েছেন তার সহধর্মিণী জুবাইদা রহমান।

সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান সেখানে বলেছেন, “ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেল—যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।”


 

22 Jan 2026, 10:40 AM

‘দ্য প্ল্যান’: তরুণদের সঙ্গে আলোচনায় তারেক রহমান

সিলেট নগরীতে বৃহস্পতিবার সকালে তরুণদের এক আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে ভোটের প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দেশে ফিরে তিনি বলেছিলেন, “আই হ্যাভ আ প্ল্যান।”

কী সেই প্ল্যান, এ অনুষ্ঠানে ব্যাখ্যা করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে গ্র্যান্ড সিলেট হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আলোচনাসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে সিলেটের ১৯টি কলেজ, বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

 

22 Jan 2026, 10:18 AM

প্রস্তুত সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচার শুরুর জন্য প্রস্তুত সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ।

বৃহস্পতিবার বেলা ১১টায় এ মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণ শুরু করবেন বিএনপি নেতা।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনি জনসভা করতেন।

সকাল ৮টায় সরেজমিনে দেখা গেছে, কয়েকশ নেতা-কর্মী হলুদ ক্যাপ পরে আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান করছে। মঞ্চ প্রস্তুত হয়ে আছে। স্থাপন করা হয়েছে ডিজিটাল ব্যানার। 

মঞ্চের চারপাশে বাঁশের ব্যারিকেড দিয়ে সংরক্ষিত এলাকায় নেতাদের জন্য আসনও রাখা হয়েছে। মাঠের চারপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। চৌহাট্টা, সড়ক, দাড়িয়াপাড়া সড়ক, দরগাঁ গেট সড়ক, মেডিকেল সড়ক, স্টেডিয়াম সড়ক, আম্বর খানা রোড়, জিন্দাবাজার সড়ক সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। আলিয়া মাদ্রাসা মাঠের পাশাপাশি এসব সড়কে লোকজন সমবেত হবে।

আয়োজকরা জানান, মাঠ প্রাঙ্গণসহ আশপাশের সড়কগুলোতে দুই শতাধিক মাইক লাগানো হয়েছে। এছাড়া মাঠের এক কোণায় বড় পর্দা বসানো হয়েছে, সেখানে মঞ্চে মঞ্চের দৃশ্য দেখানো হবে।

আলিয়া মাদ্রাসা মাঠের সব ধরনের প্রস্তুতি শেষে হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী। সিলেটের ছয়টি আসন এবং সুনামগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীরা এ নির্বাচনি সমাবেশে থাকবেন বলে জানান তিনি।

আলিয়া মাদ্রাসা মাঠে মঞ্চের চারপাশে রয়েছে চেয়ারম্যানের নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) সদস্যরা।

সিএসএফের এক সদস্য জানান, বুধবার রাতে থেকে তারা এখানে অবস্থান করছেন। মঞ্চে আশপাশে নির্ধারিত নেতারা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।

তারেক রহমানের আগমন উপলক্ষে পুরো সিলেট শহরে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে সিলেট জেলার বিভিন্ন আসনের প্রার্থী ও জেলা-মহানগর নেতারা ব্যানার টানিয়েছেন।

রিকশা চালক মিরানুল আলম বলেন, “আলিয়া মাদ্রাসা মাঠে লোকজন আটবিনে (জায়গা হবে না)। এতো লোকজন হইব দেখবে রাস্তার মধ্যে থাকা লাগব।”


 

22 Jan 2026, 10:15 AM

গভীর রাতে স্লোগানে মুখরিত আলিয়া মাঠ

একযুগ আগে সিলেটে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ জনসভা হয়েছিল  আলিয়া মাদ্রাসা মাঠেই। সেই আয়োজনে অংশগ্রহণ করেছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার শামীম মিয়া (৬৫)। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাতে অংশ নিতে তিনি এসেছেন আগের দিনই।

শামীম মিয়া বুধবার গভীর রাতে জনসভাস্থলে বলেন, “বেগম জিয়া মারা গেছেন, দলের দায়িত্বে তারেক রহমান। তাই নেতাকে দেখতে এসেছি। এই বয়সে তারেক রহমানকে সরাসরি দেখতে সিলেটে আসা। 

“সকালে আসতে দেরি হতে পারে, তাই এলাকার ৪০ জনের বহরের সঙ্গে বুধবার বিকালে রওনা দিই। আসতে রাত ১০টা হয়েছে। তাই এসে দরগাতে যাইনি, আগে আসলে মাজারে যেতাম লিডারকে দেখতে।”

আলিয়া মাঠে থাকা ধর্মপাশা উপজেলা সদরের বাসিন্দা হামিদ মিয়া (৫০) রাতে বলেন, “ধর্মপাশার নেতাকর্মীরা বুধবারই চলে এসেছেন। আমরা রাতে মাঠেই থাকছি। 

“আমাদের নেত্রী মারা যাওয়ার পর দলের চেয়ারম্যানের প্রথম সিলেট সফর, তাই দলের চেয়ারম্যানকে দেখতে এসেছি। এর আগে তারেক রহমানকে সরাসরি দেখিনি, কালকে সকালে মাঠে দেখা পাবে। দোয়া করবেন আমাদের চেয়ারম্যানের জন্য।”

বৃহস্পতিবার রাত একটার দিকে জনসভা মাঠে গিয়ে দেখা যায়, নেতাকর্মীদের পদচারণায় মুখরিত মাঠ প্রাঙ্গণ। মাঠে আসা নেতাকর্মীদের কেউ গল্প করছেন, কেউ চা খাচ্ছেন; কেউবা দাঁড়িয়ে আছেন বিএনপির লোগো সম্বলিত কোট-পিন কেনার জন্য। কেউ কেউ আবার তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছেন। হই-হুল্লুরে মুখরিত চারপাশ। মাঠে থাকা নেতাকর্মীরা নিজ মোবাইল দিয়ে মঞ্চের পাশে ছবি তুলেও ব্যস্ত সময় পার করছেন। জনসভার জন্য প্রস্তুত রয়েছে মঞ্চটি।

22 Jan 2026, 10:13 AM

শ্বশুরবাড়ি গিয়ে ভোট চাইলেন তারেক রহমান

সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়িতে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাত ১টার দিকে সেখানে তিনি বলেছেন, “ডা. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেল—যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।”

স্থানীয় মুরুব্বি ও এলাকাবাসীর দোয়া চেয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “আমরা জনগণের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে রাজনীতি করি। ধানের শীষ জয়যুক্ত হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের সহায়তার জন্য কৃষক কার্ড প্রবর্তন করব।”

সিলেটের বহু মানুষ প্রবাসে থাকেন উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা প্রতিটি জেলায় উন্নত ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করব—যাতে আমাদের যুবকরা দক্ষ হয়ে বিদেশে যেতে পারে। 

“তারা দক্ষ হিসেবে ভালো বেতনে চাকরি করলে দেশে বেশি রেমিটেন্স আসবে, দেশের অর্থনীতির বিকাশ হবে।”

এর আগে বুধবার রাত ৮টার দিকে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহ পরাণ (র.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান। পরে তিনি শ্বশুরবাড়িতে হাজারো মানুষের উপস্থিতিতে বক্তৃতা করেন।
 

22 Jan 2026, 09:59 AM

নেতাদের কার কোথায় প্রচার শুরু

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাতেই শাহজালালের (র.) মাজার জিয়ারতের পর্ব সেরে রেখেছেন। বৃহস্পতিবার সেখানকার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তার নির্বাচনি যাত্রা শুরু হবে।

এদিন দুপুরে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে জনসভার মধ্য দিয়ে প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন। একই দিনে তিনি আনুষ্ঠানিক গণসংযোগও করবেন।

পরদিন শুক্রবার সারাদেশে নির্বাচনি প্রচারাভিযানে অংশ নেবেন জামায়াত আমির।

জুলাই অভ্যুত্থানের সংগঠকদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপির নির্বাচনি প্রচার শুরু হবে ঢাকায় তিন নেতার মাজার ও শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দলটির নেতারা তিন নেতার মাজার জিয়ারত করবেন। পরে হাদীর কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবেন। 

রংপুর থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি রংপুরে মাওলানা কেরামত আলী জৈনপুরীর কবর জিয়ারত করব। আমার আম্মা, আব্বা এবং ভাই হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করব।”

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাব এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে বরিশাল ৫ এর আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

ঢাকা-১২ আসনে বিএনপি জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল মার্কার প্রচার শুরু করবেন। 

বৃহস্পতিবার দুপুর ২টায় কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে জমায়েত হয়ে তিনি গণসংযোগ শুরু করবেন বলে জানিয়েছেন সাইফুল হকের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়কারী আকবর খান।

গণসংহতি আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সমন্বয়ক তাহসিন মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নির্বাচনি গণসংযোগের তথ্য দিয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী সাকি বৃহস্পতিবার সকাল ৯টায় বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়াতে তার বাবার কবর জিয়ারত করে মাথাল মার্কার নির্বাচনি প্রচারণা শুরু করবেন।

গণসংহতি আন্দোলনের ১৭ জন প্রার্থী এবার মাথাল মার্কা নিয়ে নির্বাচনের মাঠে আছেন। সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের বিভিন্ন ইউনিয়নে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচার চালাবেন বলে তাহসিন মাহমুদ জানিয়েছেন। 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩ নির্বাচনি এলাকা থেকে প্রচার শুরু করবেন বলে দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফের ভাষ্য। বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাকি প্রার্থীরা যে যার মত শুরু করবেন।”

নীলফামারী-১ আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি প্রার্থী। তিনি নির্বাচনি এলাকা থেকে প্রচারভিযান উদ্বোধন করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম সারাদেশে সফর করতে পারেন। নির্বাচনে তিনি প্রার্থী হননি।

22 Jan 2026, 09:59 AM

লাইভ শুরু

আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটকে বাইরে রেখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করছে বিএনপি-জামায়াতে ইসলামীসহ অর্ধশত রাজনৈতিক দল।

বৃহস্পতিবার শুরু হওয়া নির্বাচনি প্রচার চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটগ্রহণ হবে। 

ভোটের প্রচার শুরুর কর্মসূচি নিয়ে লাইভ ব্লগে আছি রোকন রাকিবজাহিদুল কবির