Published : 24 May 2013, 04:32 AM

ঢাকা মহানগর পুলিশের (গোয়েন্দা শাখা) অতিরিক্ত উপ-কমিশনার সানোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পযর্ন্ত উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে ছয়টি পিস্তল, ৭০ রাউন্ড গুলি ও ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার মুনীরুল ইসলাম।
গ্রেপ্তার সাতজন হলেন- মোবারক হোসেন মাসুদ, শহীদুল ইসলাম খোকন, ফখরুল ইসলাম অপু, সুমন হোসেন, কামরুজ্জামান ইমরান, হালিমা আক্তার লিজা ও সুচন্দা মান্না রাবেয়া।
এদের মধ্যে অপু কুমিল্লা বিএনপির স্থানীয় নেতা। ইমরান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শাহাদতের সহযোগী। আর ভারতীয় নাগরিক সুচন্দা ইমরানের স্ত্রী।
মুনীরুল ইসলাম বলেন, একটি চক্রটি ট্রাকে করে ২২টি অস্ত্র আনছে-এমন খবর পেয়ে পুলিশ প্রথমে আবদুল্লাহপুরে অভিযান চালায়। পরে সেখান থেকে মিরপুরে অভিযান চালিয়ে মাসুদ ও খোকনকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
তাদের দেয়া তথ্য অনুযায়ী পরে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে পাওয়া যায় অপু ও সুমনকে আটক করা হয়। তাদের গ্রেপ্তারের সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলিও হয় বলে যুগ্ম কমিশনার জানান।
তিনি বলেন, বাকি তিনজনকে মোহাম্মদপুরের আজিজ মহল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
অপুকে উদ্ধৃত করে মুনীরুল ইসলাম বলেন, তারা অস্ত্র বিক্রির পাশাপাশি সন্ত্রাসীদের কাছে ভাড়াও দিত। এছাড়া নির্বাচন সামনে রেখেও কোনো কোনো রাজনৈতিক দলের লোকজন তাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করছে।
ঢাকা মহানগর পুলিশের এই মুখপাত্র বলেন, “যেসব রাজনৈতিক দল বা নেতা তাদের কাছ থেকে অস্ত্র নেয়, তাদের একটি তালিকা পাওয়া গেছে। কয়েকটি সন্ত্রাসী গ্রুপের নামও রয়েছে।”
এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান তিনি।