Published : 23 May 2013, 11:16 AM
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালানোর সময় আসামিরা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করলে পুলিশের উপর হামলা চালায় ছাপড়হাটি ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটি হাউজেরভিটা গ্রামের বাসিন্দারা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোঁড়ে। আটক করা হয় দুজনকে।
এ সময় এক পুলিশ সদস্যসহ তিনজন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ সুপার (এসপি) এ কে এম নাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ১ মার্চ সুন্দরগঞ্জের গংসারহাটে জামায়াতের তা-বের ঘটনায় জড়িত সন্দেহে হাউজেরভিটা গ্রামের মোসলেম উদ্দিনকে (৫০) ভোর সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার করতে যায় পুলিশ।
এ সময় আসামির বাড়ির লোকজন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে গ্রামবাসী পুলিশের উপর হামলা করে। এতে গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন আহত হন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশও পাল্টা ৩ রাউন্ড শটগানের গুলি ছোঁড়ে। এতে মোসলেম উদ্দিন আহত ও তার ছেলে জাহাঙ্গীর আলম গুলিবিদ্ধ হয়। পরে গাইবান্ধা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান এসপি।
তিনি জানান, পুলিশ মোসলেম উদ্দিন ও জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেপ্তার করেছে। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে।
আহতদের গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।