লাটভিয়া-বেলারুশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2021 11:09 PM BdST Updated: 25 May 2021 01:32 AM BdST
সরকার সমালোচক এক সাংবাদিককে গ্রেপ্তারের জন্য উড়োজাহাজের গতিপথ ঘুরিয়ে মিনস্কে নামানো নিয়ে তোলপাড় ও উত্তেজনার মধ্যে বেলারুশ এবং লাটভিয়া একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে।
বিবিসি জানায়, লাটভিয়া কর্তৃপক্ষ বেলারুশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকদেরকে সেদেশ থেকে বহিষ্কার করছে বলে জানিয়েছে। এর আগে বেলারুশও তাদের দেশ থেকে লাটভিয়ার কুটনীতিকদেরকে বহিষ্কার করে।
লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়েছে, বেলারুশ সেদেশে নিযুক্ত লাটভিয়ার রাষ্ট্রদূতকে মিনস্কে ডেকে পাঠায় এবং দেশ ছাড়ার জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। আর অন্যান্য কূটনীতিকদেরকে তলপিতলপা গুটিয়ে চলে যাওয়ার জন্য ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়।
লাটভিয়াও এখন একই কাজই করছে বলে জানানো হয়েছে বিবৃতিতে।
লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় বেলারুশের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে ডেকে পাঠিয়ে জানিয়ে দিয়েছে যে, দুই দেশের সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত বেলারুশের কূটনীতিকদেরকে বহিষ্কার করা হচ্ছে।
দুই দেশের একে অপরের সঙ্গে সীমান্ত আছে। লাটভিয়ার মাত্র একজন কূটনীতিককে বেলারুশে থাকতে দেওয়া হচ্ছে।
রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, লাটভিয়ায় আইস হকি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের আসরে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকার সঙ্গে ডিসপ্লেতে থাকা বেলারুশের একটি পতাকা প্রকাশ্যেই সরিয়ে নেওয়ার জেরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের এই ঘটনা ঘটেছে।
সোমবার লাটভিয়ার রাজধানী রিগার মেয়র মার্টিন্স স্টাকিজ এবং লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইগারস রিঙ্কেভিক্স বেলারুশের পতাকা সরান। লাটভিয়ার এলইটিএ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
সরকার সমালোচক সাংবাদিক প্রোতেসেভিচকে গ্রেপ্তার করতে বেলারুশের জোর করে উড়োজাহাজ মিনস্কে অবতরণ করানোর ঘটনার প্রতিবাদ জানাতেই লাটভিয়ার মেয়র ও মন্ত্রী ডিসপ্লে থেকে পতাকা সরিয়ে সেই জায়গায় বেলারুশের সরকার-বিরোধী আন্দোলনের প্রতিনিধিত্বকারী পতাকা বসিয়ে দেন।
টুইটারে রিগার মেয়র লেখেন, “হকি চ্যাম্পিয়নশিপের পতাকাগুলোর মধ্যে আমরা মুক্ত বেলারুশের পতাকা উড়িয়েছি। রাষ্ট্রীয় সন্ত্রাসে লিপ্ত শাসকদের প্রতীক হিসাবে কোনও পতাকা রিগায় থাকতে পারে না। সেকারণেই আমরা এটি নামিয়ে ফেলেছি।”
Together with Mayor of Riga @MStakis we raised ⬜️ ⬜️ flag in the center of Riga, we stand with the people of #Belarus #FreePratasevich #StandWithBelarus #ЖывеБеларусь pic.twitter.com/0vQntXWmvQ
— Edgars Rinkēvičs (@edgarsrinkevics) May 24, 2021
ওদিকে, লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রীও টুইটারে একই ধরনের বার্তা দিয়ে লিখেছেন, “প্রোতেসেভিচ মুক্তি পাক। রিগার মেয়রের সঙ্গে আমরা এই সাদা-লাল-সাদা পতাকা উড়িয়েছি। আমরা বেলারুশের জনগণের পাশে আছি।”
রোববার বেলারুশে উড়োজাহাজ জোর করে নামানোর ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, বেলারুশের টেলিগ্রাম চ্যানেল নেক্সটা মেডিয়া নেটওয়ার্কের ভিন্নমতাবলম্বী সাবেক সম্পাদক রোমান প্রোতেসেভিচকে আটক করার জন্যই মিথ্যা বোমা সতর্কতা জানিয়ে আন্তর্জাতিক আকাশপথে থাকা উড়োহাজাটিকে মিনস্কে নামানো হয়। উড়োজাহাজটিতে করে প্রোটাসেভিচ গ্রিস থেকে লিথুনিয়া যাচ্ছিলেন।
এরপরই ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বেলারুশের তীব্র নিন্দা করেছে ইউরোপীয় দেশগুলো। সেইসঙ্গে দাবি করেছে কঠোর শাস্তি।
-
লাটভিয়া-বেলারুশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
-
গাজায় যুদ্ধ থামল, জিতল কে?
-
উড়োজাহাজ ভাড়া করে আকাশে বিয়ে
-
৬০ সেকেন্ডেই জানা যাবে করোনাভাইরাস আক্রান্ত কিনা
-
লন্ডনের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলন কর্মী মাথায় গুলিবিদ্ধ
-
বেলারুশের আকাশসীমা বর্জনের কথা ভাবছে ইইউ
-
কোভিড-১৯: ভারতে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল
-
পার্লামেন্টে তালা, বাইরেই শপথ নিলেন সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
- আমি তো পোলার্ড বা রাসেল নই: মুশফিক
- মধ্য আকাশে বেলারুশের সাংবাদিক যখন বুঝলেন, তার সময় ফুরিয়ে আসছে
- মুকুট হারাল পিএসজি
- লিটনকে ওপেনিংয়ে চান না বিসিবি সভাপতি
- ৩৩৩ নম্বরে ফোন করায় ‘ভুল’ দণ্ড: টাকা ফেরত পাচ্ছেন সেই ফরিদ
- লঘুচাপ পরিণত নিম্নচাপে, বৃষ্টির আভাস
- বিতর্কিত বক্তা আমির হামজা গ্রেপ্তার
- মাহির সঙ্গে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে: অপু
- সাগরে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, বেড়েছে সংকেত
- শ্রীলঙ্কাকে হারিয়ে চারে বাংলাদেশ





