কোপা আমেরিকার সেরা একাদশে ব্রাজিলের ৫ জন, নেই মেসি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2019 05:10 PM BdST Updated: 11 Jul 2019 05:16 PM BdST
এবারের কোপা আমেরিকার সেরা একাদশে পাঁচ জন জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন ব্রাজিল দল থেকে। জায়গা হয়নি প্রতিযোগিতাটিতে রেফারিংয়ের মান নিয়ে অভিযোগ তোলা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির।
দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনের (কনমেবল) দেশগুলোর কোচদের গড়া এই একাদশ বৃহস্পতিবার প্রকাশ করা হয়। ব্রাজিলের পাঁচ জন ছাড়া রানার্সআপ পেরুর আছেন দুই জন। আর এক জন করে আছেন আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে ও চিলির।
গত রোববার রিও দে জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে নবমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতে ব্রাজিল। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।
ওই ম্যাচে বল দখলের এক পর্যায়ে চিলির গারি মেদেলের সঙ্গে ধাক্কাধাক্কি হয় মেসির। তিনি তেমন কোনো প্রতিক্রিয়া না দেখালেও প্যারাগুয়ের রেফারি দুজনকেই সরাসরি লালকার্ড দেখান। ব্রাজিলের কাছে ২-০ গোলে সেমি-ফাইনালে হারের পর আর্জেন্টিনার দুটি পেনাল্টির আবেদনের ক্ষেত্রে রেফারি ভিএআর প্রযুক্তির সহায়তা না নেওয়ায় সমালোচনা করেছিলেন মেসি।
২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার আসরের সেরা একাদশে ছিলেন পাঁচ বারের বর্ষসেরা ফুটবলার মেসি।
২০১৯ কোপা আমেরিকা সেরা একাদশ: আলিসন (ব্রাজিল), দানি আলভেস (ব্রাজিল) হোসে মারিয়া হিমেনেস (উরুগুয়ে), চিয়াগো সিলভা (ব্রাজিল), মিগেল ত্রাওকো (পেরু), আর্থার (ব্রাজিল), লেয়ান্দ্রো পারেদেস (আর্জেন্টিনা), আর্তুরো ভিদাল (চিলি), হামেস রদ্রিগেস (কলম্বিয়া), পাওলো গেররেরো (পেরু), এভেরতন (ব্রাজিল)
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





