এবার অবসর না নেওয়ার ইঙ্গিত মেসির
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Jul 2019 06:30 PM BdST Updated: 03 Jul 2019 06:30 PM BdST
কোপা আমেরিকার গত আসরের ফাইনালে হারের পর হতাশায় আর্জেন্টিনাকে বলে দিয়েছিলেন বিদায়। এবার সেমি-ফাইনাল থেকে ছিটকে যাওয়ায় জাতীয় দলের হয়ে সাফল্য অধরাই রয়ে গেল লিওনেল মেসির। কিন্তু এবার অতটা হতাশ নন অধিনায়ক। বরং আশাবাদী উন্নতি করতে থাকা নতুন দল নিয়ে। ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার সঙ্গে থেকে যাওয়ারও।
বাংলাদেশ সময় বুধবার সকালে বেলো হরিজন্তেতে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেয় প্রতিযোগিতাটির ১৪বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ১৯৯৩ সালে সর্বশেষ এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল দলটি।
পাঁচবারের বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট জিতেছেন মেসি। ক্লাব ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে পেয়েছেন ২৯টি শিরোপার স্বাদ। কিন্তু আর্জেন্টিনার হয়ে এখনও বড় কোনো টুর্নামেন্টের ট্রফি জেতেননি।
লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ আসর কোপা আমেরিকায় এর আগে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি মেসি। রানার্সআপ হতে হয়েছে ২০১৪ সালের বিশ্বকাপেও। এবারের কোপা আমেরিকা নিয়ে জাতীয় দলের হয়ে মোট নয়টি টুর্নামেন্টে খেলে বিজয়ীর পদক গলায় ঝোলাতে ব্যর্থ হলেন অনেকের কাছেই বর্তমানের বিশ্বসেরা এই ফুটবলার।
কোপা আমেরিকার ২০১৬ সালের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর ক্ষোভে, হতাশায় জাতীয় দলকে বিদায় বলেও ফিরেছিলেন অভিমান ভেঙে। কিন্তু এবারও আর্জেন্টিনাকে পথ দেখাতে পারেননি মেসি, যেমনটা দিয়াগো মারাদোনা পেরেছিলেন ১৯৮৬ বিশ্বকাপে। একক প্রচেষ্টায় দেশকে এনে দিয়েছিলেন দ্বিতীয় বিশ্বকাপের স্বাদ।
ব্রাজিলের কাছে সেমি-ফাইনালে হেরে খালি হাতে বিদায় নেওয়ার পর এবার অবশ্য মেসি জাতীয় দলের সঙ্গে থেকে যাওয়ার ইঙ্গিত দিলেন। বার্সেলোনার এই ফরোয়ার্ডের প্রত্যাশা সমর্থকরা টুর্নামেন্টে তাদের প্রচেষ্টার স্বীকৃতি দেবেন।
“দিগন্তে নতুন কিছু রেখা দেখা যাচ্ছে। আশা করি আমাদের সমালোচনা নয়, শ্রদ্ধা করা হবে। তাদের উচিত দলটাকে বেড়ে উঠতে দেওয়া।”
“সত্যিটা হচ্ছে, আমি এই দলের সঙ্গে খুবই ভালো খেলছি এবং যদি কোনোভাবে আমি সাহায্য করতে পারি, করব। এটা দারুণ একটা দল বেড়ে উঠছে। যদি আমি তাদের সঙ্গে যুক্ত থাকতে পারি, থাকব।”
ব্রাজিলের কাছে হেরে যাওয়া ম্যাচের দিনটি নিজেদের ছিল না বলেও জানান মেসি। কয়েকটি ক্ষেত্রে রেফারি ভিএআরের (ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি) প্রযুক্তির ব্যবহার না করায় ক্ষোভও প্রকাশ করেন দলটির সর্বোচ্চ গোলদাতা।
“আমরা সুযোগ পেয়েছিলাম। বল পোস্টে লাগল, কিছু পেনাল্টি ছিল কিন্তু সেগুলো দেওয়া হয়নি। আজ স্রেফ বিষয়গুলো হয়নি।”
দেশের হয়ে শিরোপা জিততে ৩২ বছর বয়সী মেসির সামনে রয়েছে ২০২০ সালের কোপা আমেরিকা, যা কলম্বিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে আর্জেন্টিনা। দেশের জন্য অন্তত আরও একটি বছর খেলে যেতে এটি মেসির জন্য একটি প্রেরণা। হয়তো এজন্যই থেকে যাচ্ছেন তিনি।
২০২২ সালের কাতার বিশ্বকাপ আসার আগে মেসির ৩৫তম জন্মদিন পার হয়ে যাবে।
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





