মাঠে মেসির অবদান গুরুত্বপূর্ণ: আর্জেন্টিনা কোচ
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2019 01:34 PM BdST Updated: 29 Jun 2019 01:34 PM BdST
লিওনেল মেসি নিজেও স্বীকার করেছেন মাঠে সেরাটা দিতে পারছেন না। তবে শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে এই তারকা ফরোয়ার্ডকে যাচাই করতে রাজি নন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ভেনেজুয়েলাকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর মনে করিয়ে দিলেন মেসির গুরুত্বপূর্ণ অবদানের কথা।
রিও দে জেনেইরোতে কোপা শুক্রবার আমেরিকার কোয়ার্টার-ফাইনালে ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারায় প্রতিযোগিতার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি লো সেলসো।
এ ম্যাচেও জাল খুঁজে পাননি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা মেসি। গ্রুপ পর্ব ও কোয়ার্টার-ফাইনাল মিলিয়ে এ পর্যন্ত খেলা চার ম্যাচে মাত্র এক গোল করেছেন তিনি। সেটিও প্যারাগুয়ের সঙ্গে গ্রুপ পর্বে ১-১ ড্র করা ম্যাচে পেনাল্টি থেকে।
ভেনেজুয়েলা ম্যাচের পর তাই মেসির পারফরম্যান্স নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো স্কালোনিকে। ৩২ বছর বয়সী ফরোয়ার্ডকে বরাবরের মতোই বিশ্বসেরা মনে করছেন কোচ।
“মাঠে মেসির অবদান গুরুত্বপূর্ণ। সে ড্রেসিংরুমে কি দেয়, সেটা যদি আপনারা দেখতেন, তাহলে অন্যভাবে ভাবতেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি…মেসিকে দলে পাওয়া দারুণ ব্যাপার।”
“লিওকে নিয়ে সব মিলিয়ে যে কথাটি বলা যায়, তা হচ্ছে সে বিশ্বসেরা।”
ব্রাজিলের মাঠের সমালোচনা চলছেই। স্বাগতিক দলের কোচ তিতে সমালোচনা করেছেন পোর্তো আলেগ্রের মাঠের। মেসি সমালোচনা করলেন রিও দে জেনেইরোর মারাকানার মাঠের। আর্জেন্টিনা কোচও সুর মেলালেন শিষ্যের সঙ্গে।
“এখানকার মাঠ বাজে। বল যেন খরগোশের মতো, যেকোনো জায়গায় যেতে পারে।”
“(মাঠের) কন্ডিশন খুবই কঠিন এবং এখানে ঠিকঠাক ড্রিবলিং করা খুবই কঠিন। এভাবে চলতে পারে না।”
আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় বেলো হরিজন্তেয় ব্রাজিলের মুখোমুখি হবে ১৯৯৩ সালে সর্বশেষ কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনা।
সর্বাধিক পঠিত
- অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে জিতল বাংলাদেশ
- রেকর্ড রাঙা জয়ে শেষ স্মরণীয় সিরিজ
- বিশ্বকাপ দলের কেউ নেই নিউ জিল্যান্ডের বাংলাদেশ সফরে
- ১০০ ছুঁয়ে সাকিবের অনন্য ‘ডাবল’
- বানরের উপর বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষায় ‘ফল মিলছে’
- মেসির দলবদলের প্রভাব শেয়ার বাজারে
- চাইলেই আমাকে ছাড়িয়ে যেতে পারো: মেসিকে আলভেস
- আবারও পদ্মা সেতুতে ফেরির ধাক্কা, দুমড়ে গেল কার
- নামিদামি কারও গাড়ি আর `চালাবেন না’ পরীমনির ড্রাইভার
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসি বা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে





