বোল পাল্টালেন এরশাদ
আগামী জাতীয় নির্বাচনে ‘আওয়ামী লীগ ৬০ আসন পাবে’- এমন বক্তব্য থেকে সরে এসেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ।
শনিবার এক বিবৃতিতে দলটি দাবি করেছে, দলীয় চেয়ারম্যান এমন কোনো বক্তব্য দেননি। বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
দলের রাজনীতি ও প্রেস সচিব সুনীল শুভ রায় স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, “গত বৃহস্পতিবার জাতীয় যুব সংহতির সাথে এক মতবিনিময় সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ যে বক্তব্য রেখেছিলেন- তা কিছু কিছু পত্রিকায় বিকৃতভাবে প্রকাশিত হয়েছে।”
এর আগে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির যুব সংগঠন জাতীয় যুব সংহতির একটি কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে এরশাদ কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন-“এই মহূর্তে জনগণের কাছে সবচেয়ে ধিকৃত দল কোনটি?”
ফাইল ছবি
জবাবে দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের নাম উচ্চারণ করলে তিনি বলেন, “কোন দলের নাম না বলি। শুধু এইটুকু বলব, এবারের নির্বাচনে তারা পাবে ২০% ভোট, ৬০টি আসন। আর জাতীয় পার্টি পাবে ১২০টি আসন।”
বিবৃতিতে দাবি করা হয়, সাবেক রাষ্ট্রপতি এরশাদ ওই জনসভায় কোন নির্দিষ্ট দলকে ধিকৃত বলেননি। এ ছাড়া তিনি বলেননি যে আওয়ামীলীগ ৬০ আসন পাবে। তিনি বলেছিলেন আওয়ামীলীগ ৪০ শতাংশ ভোট পেয়েও একবার ৬০টির মত আসন পেয়েছিল।”
“অথচ আনুপাতিক ভোটের ভিত্তিতে সংসদ সদস্য নির্বাচনের পদ্ধতি প্রবর্তন করা হলে প্রতিটি ভোটের মূল্য থাকবে। সেবার ৪০ শতাংশ ভোট পাওয়ায় ঐ পদ্ধতিতে আওয়ামী লীগের আসনসংখ্যা দাঁড়াত ১২০।”
