২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

১৬ সিনেমা হলে ‘নবাব এলএলবি’

স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাসসহ দেশজুড়ে ১৬ সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে চিত্রনায়ক শাকিব খানের আলোচিত চলচ্চিত্র ‘নবাব এলএলবি’।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2021, 12:15 AM

Updated : 07 Apr 2022, 11:16 PM

ছবির পরিচালক অনন্য মামুন জানান, আরও বেশি সংখ্যক সিনেমা হলে ছবিটি মুক্তির কথা থাকলেও সিনেমা হল খোলা না থাকায় তা সম্ভবপর হচ্ছে না।

এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দেড় বছর পর বড়পর্দায় ফিরছেন শাকিব খান।

সবশেষ ২০২০ সালের ৬ মার্চ ‍মুক্তি পেয়েছে শাকিব খানের ‘শাহেন শাহ’। মাঝে আরও কয়েকটি শাকিবের পুরানো ছবি প্রদর্শন করা হলেও নতুন কোনো ছবি মুক্তি পায়নি।

নবাব এলএলবি’ এর আগে ২০২০ সালের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছিল। এ ছবির সংলাপে পুলিশকে ‘হেয় করার’ অভিযোগে পর্নোগ্রাফি আইনে এক মামলায় ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

সেই মামলায় ১৮ দিন কারাবাসের পর চলতি বছরের জানুয়ারিতে জামিনে মুক্তি পেয়েছেন তারা।

পরবর্তীতে ‘নবাব এলএলবি’ সিনেমা হলে মুক্তির জন্য ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হলে ১১টি সংলাপে আপত্তির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দৃশ্যগুলো বাদ দিয়ে ছবিটি সেন্সর বোর্ডে পুনরায় জমা দেওয়ার পর মুক্তির অনুমতি পেয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রেটি প্রোডাকশন।

এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মাহিয়া মাহি. অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।